বুধবার, অক্টোবর ৭, ২০২৬

কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা

কক্সবাজার বিমান বাহিনী ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত এ হামলা চালিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

পাকিস্তানের চ্যাম্পিয়নস ট্রফির স্বপ্ন শেষ : রিজওয়ান

চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান এখনো টিকে আছে যদি-কিন্তুর সমীকরণে। কিন্তু প্রথম দুই ম্যাচে হেরে এই স্বপ্ন শেষ হয়ে গেছে বলে স্বীকারুক্তি দলটির অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের। তার মতে, টুর্নামেন্টে পাকিস্তানের যাত্রা শেষ হয়েছে ভারতের কাছে হেরে।

চ্যাম্পিয়নস ট্রফিতে টিকে থাকতে হলে ভারতকে হারতে হতো রিজওয়ানদের।
এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে জয় তো দূরে থাক কোনো প্রতিদ্বন্ধিতাই গড়ে তুলতে পারেনি তারা। ৬ উইকেট হেরে দলের বিদায় আরেকটু কাছে নিয়ে গেছে বাবর-রিজওয়ানরা। যদিও নিশ্চিত বিদায়টা ঝুলে আছে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচের ওপর। যদি নিউজিল্যান্ড শেষ দুটি ম্যাচ হারে, আর পাকিস্তান বাংলাদেশকে হারাতে পারে তাহলে রান রেট হিসেবে ভারত ছাড়া বাকি তিন দলের যে কেউ সেমিতে যেতে পারে।

তাই স্বাভাবিকভাবে এসব সমীকরণের হিসেব ভালো লাগছে না পাকিস্তান অধিনায়কের। তিনি বলেছেন, ‘হ্যাঁ, আমি বলব (চ্যাম্পিয়নস ট্রফিতে) আমাদের যাত্রা শেষ, এটাই সত্য। আমাদের পরবর্তী ম্যাচ, বাংলাদেশ কী করে নিউজিল্যান্ডের বিপক্ষে, নিউজিল্যান্ড কী করে ভারতের বিপক্ষে—সব কিছু অন্যদের ওপর নির্ভর করছে। একজন অধিনায়ক হিসেবে এটি আমার ভালো লাগছে না।
’

‘যদি আমাদের নিজেদের হাতে কিছু থাকত, তাহলে ব্যাপারটা ভিন্ন হতো। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হারের দায় আমরা নিচ্ছি, কিন্তু অন্য দলের ফলাফলের দিকে তাকিয়ে বসে থাকতে চাই না’।— যোগ করেন রিজওয়ান।

গতকাল ভারতের কাছে হেরেছে পাকিস্তান। এই তিন বিভাগেই নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে অধিনায়ক বলেন, ‘আমরা হতাশ, কারণ হার মানেই কঠিন দিন, কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া।
আবরারের বোলিং ছিল ইতিবাচক, কিন্তু আমরা তিন বিভাগেই ভুল করেছি।’

মিডল-অর্ডারের ব্যর্থতা নিয়ে রিজওয়ান বলেন, ‘আমাদের মিডল-অর্ডার এর আগেও পারফর্ম করেছে, আর ২৭০-২৮০ রান হলে ভালো হতো। আমি ইনিংস গড়তে চেয়েছিলাম, সময় নিয়েছি, কিন্তু পরে উইকেট হারিয়ে ফেলেছি, শট নির্বাচনও ভালো ছিল না। ফলস্বরূপ, আমাদের মিডল-অর্ডার ভেঙে পড়ে।’

‘সত্যি বলতে, আমরা সেই একই ভুল করছি, যা গত তিন-চার ম্যাচ ধরে করে আসছি। আমরা কাজ করছি, কিন্তু আমরা মানুষ, ত্রুটি থাকবেই। ভারত আমাদের চেয়ে কঠোর পরিশ্রম করেছে এবং সাহসী ক্রিকেট খেলেছে। আমরা সেই সাহস দেখাতে পারিনি, যার কারণে মাঠেও পিছিয়ে পড়েছি,’ যোগ করেন তিনি।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাজয়ী পাকিস্তান।

হঠাৎ বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ঘর ঢেকে যায় : কুণাল খেমু

বলিউড অভিনেতা কুণাল খেমু। যিনি শিশুশিল্পী হিসেবে বলিউডে যাত্রা শুরু করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেনে। ভারতের কাশ্মীরে পণ্ডিত পরিবারে জন্মগ্রহণ করেন এ অভিনেতা।

ছোটবেলার অনেকটা সময় তার কেটেছে শ্রীনগরে। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে শৈশবের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন।

কুণালের তখন বয়স মাত্র ৬। অভিনেতার কথায়, ‘আমার শ্রীনগরের ভালো জিনিসগুলোও মনে আছে। আমার স্কুল, ডাল লেকে পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়া, সবই মনে রয়েছে। কিন্তু তার সঙ্গে থমথমে পরিবেশের কথাও মনে রয়ে গিয়েছে।

‘৬ বছরের একটা বাচ্চা তো, বোঝে না ঠিক কী ঘটছে। জোরালো কোনও শব্দ শুনলেই আমাদের সংশয় হত। কোনও সিলিন্ডার বিস্ফোরণ হল না কি বোমা বিস্ফোরণ হল।’

তিনি বলেন, ‘এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছিল, মনে আছে। আমাদের বাড়ির ঠিক নিচে বোমা বিস্ফোরণ হয়েছিল। এ সময় আমার চাচাতো ভাইয়ের সঙ্গে বসে খেলছিলাম। মনে পড়ে, হঠাৎ আমাকে সেখান থেকে কেউ ছুড়ে ফেলে দিল। কিচ্ছু শুনতে পাইনি। শুধু মনে আছে, সারা ঘর কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। বাড়ির কাচের জানলা ভেঙে পড়েছিল। অন্ধকার হয়ে গিয়েছিল পুরো বাড়ি। তারপর আর কিছু মনে নেই আমার।’

কুণালের ভাষ্য, ‘জঙ্গি বিস্ফোরণই হয়েছিল কি না বলতে পারব না। কিন্তু লোকজন ছুটাছুটি করছিল বিস্ফোরণের পরে।’ জ্ঞান ফেরার পরে কুণাল নাকি টেলিভিশনের সামনে অপেক্ষা করছিলেন, নিজের এলাকার খবর দেখার জন্য। এই সব ঘটনাই রয়ে গিয়েছে কুণালের স্মৃতিতে।

নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টাইগারদের হারতে হয়েছিল ৬ উইকেটের ব্যবধানে। ভারত নিজেদের পরের ম্যাচটায়ও জয় পেয়েছে গতকাল পাকিস্তানের বিপক্ষে। এমন অবস্থায় আজ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নামছে ডু অর ডাই ম্যাচে।

পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় ম্যাচে আজ সোমবার নাজমুল হোসেন শান্তরা মুখোমুখি হবেন নিউজিল্যান্ডের। মিচেল স্যান্টনারের দল বর্তমানে আছে দুর্দান্ত ছন্দে। এমন বড় ম্যাচের আগে অবশ্য শঙ্কা আছে মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে।

ম্যাচের আগের দিন গতকাল রোববার সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স। জানিয়েছিলেন ফিটনেসের উপরে নির্ভর করবে খেলার কথা। যদি মাহমুদউল্লাহ দলে ফেরেন সেক্ষেত্রে বাদ পড়তে পারেন মুশফিকুর রহিম। যেহেতু সবশেষ ম্যাচে করেছিলেন গোল্ডেন ডাক।

এছাড়া পিন্ডি স্টেডিয়ামের চরিত্র অনুযায়ী তানজিম সাকিবের পরিবর্তে এদিন দলে ফিরতে পারেন নাহিদ রানা। এছাড়া বাকি সবক্ষেত্রেই খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।

সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবং মুস্তাফিজুর রহমান।

গাজায় বেড়েই চলেছে প্রাণহানি, ধ্বংসস্তূপে মিলল আরও ১০ লাশ

দীর্ঘ ১৫ মাসের বেশি সময় পর গত মাসেই ফিলিস্তিনের গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এরপর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। আর এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিনি স্বাস্থ্যকর্মী ও উদ্ধারকর্মীরা গাজার ধ্বংসস্তূপের নিচে থেকে আরও ১০ জনের লাশ উদ্ধার করেছেন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৪৮ হাজার ৩৩৯ জনে পৌঁছেছে বলে রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে করে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৭৫৩ জনে পৌঁছৈছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তিন-পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে।

মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েল দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আ. লীগের দোসররা : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারার ডিওএইচএসে নিজ বাসায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদেরকে কঠোর হস্তে দমন করা হবে।
সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করব। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইন-শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসরদেরকে প্রতিহত করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। সোমবার থেকে পরিস্থিতি ভালো হবে আশা করছি।

ডিসেম্বর টার্গেট করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন

চলতি বছরের ডিসেম্বর মাস টার্গেট করে নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সরকারের তরফ থেকে আগামী ডিসেম্বর ও ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। আমরা ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।

নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষণা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারাই হিসাব করেন।

সংসদ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫ দিন সময় ধরে তফসিল ঘোষণা করে ইসি। বিষয়টি উপস্থাপন করা হলে তিনি বলেন, তেমনই করতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আবারও আমি রিপিট করছি।
এটা হলো ঐকমত্যের প্রশ্ন। এ ক্ষেত্রে তো প্রত্যেকটা আইন সংস্কারের বিষয়েও হয়তো ওনারা ঐকমত্য হবেন। পরে আমাদের যে প্রস্তুতি, সে প্রস্তুতির জন্য সময় লাগবে। এখন ধরেন, যদি আমি কালকেই ঐকমত্যের রেজাল্টটা পেয়ে যাই, তাইলে এক ধরনের টাইম আমি পাচ্ছি।
আর যদি এটা বিলম্বিত হয়, তাহলে আবার একটু কমে আসবে। তো সব কিছু মিলে আশা করি যে আমরা একটা যৌক্তিক সময়ের ভেতরেই তফসিল ঘোষণা করতে পারব।

তফসিল ঘোষণা বা ভোট করার ক্ষেত্রে কোনো চাপ অনুভব করছেন কি না- জবাবে তিনি বলেন, কোনো চাপ নেই আমাদের এবং আমরা চাপের কাছে নতি স্বীকার করব না। গতকাল আমাদের সিইসির স্টেটমেন্ট আপনারা দেখেছেন। যেকোনো চাপ, ইনফ্লুয়েন্স, কোনো নির্দেশনা নিয়ে নির্বাচন কমিশন কাজ করবে না।
আগেও আমরা বলেছিলাম, আমাদের একটাই কথা, যদি স্বাধীনভাবে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী নিরপেক্ষভাবে নির্বাচন করতে না পারি তাহলে হয়তো… এটা না করার কোনো সুযোগ নেই? করতেই হবে।

অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয় : ফারহানা মিলি

একটি সিনেমায় অভিনয় করেই যিনি এ দেশের সিনেমাপ্রেমী দর্শকের মনে নিজের নামটি গেঁথে রেখেছেন, তিনি হচ্ছেন অভিনেত্রী ফারহানা মিলি। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, ঢাকার নবাবগঞ্জের মেয়ে মিলি এখন অবশ্য অভিনয়ে নিয়মিত নন। তবে অসংখ্য ভক্ত অনুরাগীর পছন্দের তালিকায় আজও রয়েছেন তিনি। আজ সেই ফারহানা মিলির জন্মদিন।

জন্মদিনের বিশেষ দিনটি পরিবারের সঙ্গেই উদযাপন করবেন ফারহানা মিলি। তার একমাত্র ভাই বিপুল কিছুদিন আগে কানাডায় চলে গেছেন। এবারের জন্মদিনে ভাইকে মিস করবেন। স্বামী, একমাত্র সন্তান রুসলান ও মা-বাবাকে সঙ্গে নিয়েই জন্মদিন কেটে যাবে বলেই জানালেন অভিনেত্রী।

জন্মদিন ও অভিনয় জীবন প্রসঙ্গে ফারহানা মিলি বলেন, ‘জন্মদিন নিয়ে কিন্তু কখনই আমার বিশেষ কিছু করার কোনো পরিকল্পনা ছিল না। তবে ছোটবেলার জন্মদিনের কথা বিশেষভাবে তো মনে পড়েই। এখন এ দিনকে ঘিরে আমার একমাত্র সন্তান রুসলানের আগ্রহটা বেশি। খুব সাদাসিদেভাবেই কেটে যায় দিনটি।
শুধু দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ রাখেন, ভালো রাখেন। বেশ কিছুদিন ধরেই অভিনয় করছি না। হয়তো গল্প ভালো লাগলে চরিত্র মনের মতো হলে সেটা করতেও পারি। অভিনয় ছেড়ে দিয়েছি, এমনটা নয়।’

২০০৯ সালে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমায় ‘পরী’ চরিত্রে অনবদ্য অভিনয় করেন মিলি।
মনপুরা দিয়েই দর্শকের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে আর কোনো সিনেমাতে অভিনয় না করলেও এই এক ‘মনপুরা’ সিনেমার কারণেই দর্শক তাকে বিশেষভাবে মনে রেখেছে। সিনেমাটিতে ফারহানা মিলির বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে মনপুরার দুর্দান্ত সাফল্যের পর মিলিকে আর সিনেপর্দায় দেখা যায়নি।

এবার ৪ ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এবার বাংলাদেশ পুলিশের চার ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপন থেকে তাদের অবসরে পাঠানোর তথ্য জানা গেছে। এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।

অবসরে পাঠানো চার ডিআইজি হলেন- এন্টি টেররিজম ইউনিট কর্মরত ডিআইজি মো. নিশারুল আরিফ, নৌ পুলিশের কর্মরত ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশে কর্মরত ডিআইজি মো. আজাদ মিয়া, এনডিসি ও আমেনা বেগম।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তিন সচিব ও ২১ অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

সচিব পদে পদোন্নতি পাচ্ছেন আরো ৯ কর্মকর্তা

আরো ৯ কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান। আগামী দু-একদিনের মধ্যে তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি হবে।

আজ রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ কথা জানান।

তিনি বলেন, ‘আগামী এক-দুদিনের মধ্যে আরও ৯ জন কর্মকর্তাকে সচিব নিয়োগ দিয়ে ফাঁকা মন্ত্রণালয়ে পদায়ন করা হচ্ছে।
’

অবসরে পাঠানো ডিসিদের মধ্যে আর্থিক কেলেঙ্কারি থাকলে তাদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানিয়েছেন মো. মোখলেস উর রহমান। তিনি বলেন, যারা অর্থনৈতিক অপরাধ করেছেন বলে অভিযোগ আছে, সে ব্যাপারে বিভিন্ন সংস্থা এবং নিজস্ব ব্যবস্থায় যদি দেখা যায় ঘটনা সত্যি সত্যি ঘটেছে, শুধু সেই অভিযোগগুলো দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হবে।