বুধবার, অক্টোবর ৭, ২০২৬

পদত্যাগপত্র জমা দিলেন শিল্পকলার ডিজি

পদত্যাগপত্র জমা দিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ।

আজ শুক্রবার শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

এ সময় তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর পদত্যাগপত্র দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর অনেকে সৈয়দ জামিল আহমেদকে মহাপরিচালকের দায়িত্বে আনার দাবি তুলেছিলেন।

তবে দায়িত্ব নেওয়ার প্রশ্নে আগ্রহী ছিলেন না তিনি। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুলের পরামর্শে এবং জুলাইয়ের শহীদদের প্রতি দায়বদ্ধতা থেকে পদটির দায়িত্ব নেন বলে জানান।

এর আগে, গত ১২ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদ ছাড়েন লিয়াকত আলী লাকী। টানা ১৩ বছর পর এই দায়িত্বে ছিলেন তিনি।

জাতীয় নাগরিক পার্টির ১৫১ সদস্যের কমিটি ঘোষণা

‘নতুন রাজনৈতিক বন্দোবস্তের’ প্রতিশ্রুতি নিয়ে ‘জাতীয় নাগরিক পার্টি’র ১৫১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আর সদস্য সচিব আখতার হোসেনের নাম ঘোষণা করেন জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ইসমাঈল হোসেন রাব্বির বোন মীম আক্তার। পরে দলের আংশিক অর্গ্যানোগ্রাম পড়ে শোনান আখতার হোসেন। কমিটিতে মোট ১৫১টি পদ রয়েছে।

নতুন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম-সদস্যসচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ।

যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, মনিরা শারমিন, মাহবুব আলম, সরোয়ার তুষার, মুজাহিদুল ইসলাম শাহীন, তাসনুভা জেবিন, সুলতান মো. জাকারিয়া, আতিক মুজাহিদ, আশরাফ উদ্দিন মাহাদী, অর্পিতা শ্যামা দেব, তানজিল মাহমুদ, অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, জাবেদ নাসিম, এহতেশাম হক এবং হাসান আলী।

যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন, আরিফ সোহেল, রশিদুল ইসলাম রিফাত, মাহিন সরকার, নিজাম উদ্দিন, আকরাম হোসেন সিএফ, এস এম সাইফ মোস্তাফিজ, সালেহ উদ্দিন সিফাত।

দপ্তরে সংযুক্ত আলাউদ্দিন মোহাম্মদ, ফরিদ উদ্দিন, ফরহাদ আলম ভূঁইয়া, মিরাজ মিয়া, লুৎফর রহমান, মঈনুল ইসলাম তুহিন, মুশফিক-উস সালেহীন, জাহিদুল ইসলাম, তৌহিদুল ইসলাম মুসা, হুমায়ুরা নূর, মুশফিকুর রহমান জোভান, মোল্লা মোহাম্মদ ফারুক এহসান, সাগুফতা বুশরা মিশমা, আহনাফ সাঈদ খান, আবু সাঈদ মো. সুজাউদ্দিন, মীর আরশাদুল হক, ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, মশিউর রহমান, জয়নাল আবেদীন শিশির, মুনতাসির রহমান, গাজী সালাহউদ্দিন তানভীর, তামিম আহমেদ এবং তাহসিন রিয়াজ।

দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, ডা. মাহমুদা মিতু, মোল্লা রহমতউল্লাহ, এসএম শাহরিয়ার, জোবায়ের আরিফ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আলী নাসের খান, সাকিব মাহাদী, মেজর (অবঃ) আব্দুল্লাহ আল মাহমুদ, সাদিয়া ফারজানা দিনা, অলিক মৃ, হানিফ খান সজীব।

যুগ্ম মুখ্য সমন্বয়কারী তারিকুল ইসলাম, যুব উইং ডা. আবদুল আহাদ, দিলশানা পারুল, আবু হানিফ, আবদুস জাহির, মাজহারুল ইসলাম ফকির, গোলাম মুর্তুজা সেলিম, আশেকীন আলম, ডা. জাহিদুল বারী, কৈলাশ চন্দ্র দাস, ডিম্পালী ডেভিড রাজু, শাহ মঈনুদ্দিন, সাদ্দাম হোসেন। জাতীয় নাগরিক পার্টির আংশিক কমিটি ঘোষণার কথা জানিয়ে আখতার হোসেন বলেন, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি প্রকাশ করব।

আখতার হোসেন বলেন, সারা দেশের মানুষের কাছে আহ্বান থাকবে, আজকের তরুণরা যে দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, আপনারা সবাই দোয়া করবেন।
যেন, সৃষ্টিকর্তা তরুণদের স্বপ্নকে বাংলাদেশে বাস্তবায়ন করতে পারে। বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, তরুণরা যাতে এই খুনী, গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোসরদের বিচার করতে সক্ষম হয়। ৫৪ বছর পরে আমরা যে সুযোগ পেয়েছি। একটি নতুন সংবিধানের বাস্তবতা তৈরি হয়েছে। তরুণরা স্বপ্ন দেখে আগামীর বাংলাদেশ নতুন সংবিধানের মাধ্যমে পরিচালিত হবে।
সেই স্বপ্ন বাস্তবায়নে গণপরিষদ নির্বাচনের দাবি জানান আখতার।

রিয়াল-লিভারপুলের লেসকানো এখন বসুন্ধরা কিংসে

হুয়ান লেসকানোর জন্ম আর্জেন্টিনায়। কিন্তু এই ফরোয়ার্ডের বেড়ে ওঠা স্প্যানিশ ক্লাব ইন্টার ডি মাদ্রিদে। এরপর লিভারপুলের যুব দল ঘুরে আবার ফিরে যান স্পেনে, যোগ দেন রিয়াল মাদ্রিদে। ২০১০-১১ মৌসুমে ইউরোপের সবচেয়ে সফলতম ক্লাবের যুব দলে খেলা এই ফুটবলারকে উড়িয়ে আনছে বসুন্ধরা কিংস।
মৌসুমের দ্বিতীয় পর্বের বাকি ম্যাচগুলোতে দেখা যাবে ৩২ বছরের এই ফুটবলারকে।

মধ্যবর্তী দলবদলের শেষ দিনে আজ লেসকানোর নাম বাফুফেতে জমা দিয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছেন কিংসের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার আহমেদ শায়েক। তার সঙ্গে কিংসে আবারও ফিরছেন উজবেকিস্তানের মিডফিল্ডার আসরোর গফুরভ।
এছাড়াও দলে যোগ হচ্ছে ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক ও ঘানার একজন উইঙ্গার।

লেসকানোর পেশাদার ক্যারিয়ার শুরু সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আহলিতে। সুইজারল্যান্ডের ক্লাব এফসি লুগানোসহ আরও ৮টি ক্লাবে খেলেছেন এই স্ট্রাইকার। সর্বশেষ খেলেছেন চীনের ক্লাব চংকিং টংলিয়াংলং এফসিতে।
আক্রমণভাগে গোল খরা কাটাতেই লেসকানোকে দলে ভিড়িয়েছে কিংস। শিগগিরই ঢাকায় আসার কথা র‍য়েছে তার।

বাজারে অহেতুক দাম বাড়ানোদের ছাড় দেওয়া যাবে না : প্রাণিসম্পদ উপদেষ্টা

বাজারে যারা অহেতুক দাম বাড়ায়, তাদের ছাড় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি জুলাই গণ-অভুত্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে বলেন, বাজারে যারা অন্যায়ভাবে খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আপনারাও সোচ্চার হবেন। তারা এটা করতে পারেন না। তাদের ছাড় দেওয়া যাবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মেরুল বাড্ডা এলাকার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে ’রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ উপদেষ্টা এসব কথা বলেন।

এবার রমজান ভিন্নতর হবে জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমরা স্বাধীন দেশে নতুন করে পবিত্র রমজান পালন করবো। সেই ক্ষেত্রে আমাদের দায়িত্ব অনেক বেশি। অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শুধু কিছু সংস্কার করবো তা নয়, আমাদের কাজ হচ্ছে সাধারণ মানুষ যেসব কারণে কষ্ট পাচ্ছিল, বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমিয়ে আনা।
এখন দ্রব্যমূল্য পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সেজন্য আমরা চেষ্টা করছি রমজান মাসকে কেন্দ্রে করে হলেও অতি প্রয়োজনীয় কিছু পণ্য সাশ্রয় মূল্যে বিক্রি করতে।

ঢাকা শহরের ২৫টি স্থানে ১ রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয় করা হবে। সুলভ মূল্যে প্রাণিজাত পণ্য বিক্রয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের সময় যে সব স্থানে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বেশি ছিল সে সকল স্থানকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে এবং বস্তি এলাকায় বিক্রির ব্যবস্থা করা হবে।
এলাকাগুলো হচ্ছে- সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), খামারবাড়ী (ফার্মগেট), ষাটফুট রোড (মিরপুর), আজিমপুর মাতৃসদন (আজিমপুর), নয়াবাজার (পুরান ঢাকা), বনশ্রী, হাজারীবাগ (সেকশন), আরামবাগ (মতিঝিল), মোহাম্মদপুর (বাবর রোড), কালশী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), শাহাজাদপুর (বাড্ডা), কড়াইল বস্তি- বনানী, কামরাঙ্গীর চর, খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে), নাখাল পাড়া (লুকাস মোড়), সেগুন বাগিচা (কাঁচা বাজার), বসিলা (মোহাম্মদপুর), উত্তরা (হাউজ বিল্ডিং), রামপুরা (বাজার), মিরপুর ১০, কল্যাণপুর (ঝিলপাড়), তেজগাঁও, পুরান ঢাকা (বঙ্গবাজার) ও কাকরাইল।

উল্লেখ্য, উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সুলভমূল্যে বিক্রয় কার্যক্রমে ড্রেসড ব্রয়লার মাংস (প্রতি কেজি) ২৫০ টাকা, দুধ পাস্তুরিত (প্রতি লিটার) ৮০ টাকা, ডিম (প্রতি ডজন) ১১৪ টাকা এবং গরুর মাংস (প্রতি কেজি) ৬৫০ টাকা মূল্যে বিক্রয় করা হবে। এতে সহযোগিতা করছে প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্ন্সিল (বিপিআইসিসি), বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফারমার্স এসোসিয়েশন (বিডিএফএফএ) এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠানসহ অন্যান্য অংশীজন এবং প্রান্তিক খামারিগণ।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সভাপতিত্বে এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. তোফাজ্জেল হোসেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্ক ভিটা) চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলিম, এলডিডিপির প্রকল্প পরিচালক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) সভাপতি শামসুল আরেফিন খালেদ, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ভাইরাল ভিডিওটি শুটিংয়ের দৃশ্য

রাজধানীর হাতিরঝিলে দিনে-দুপুরে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ছিনতাই, এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকে ভিডিওটি শেয়ার করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছেন। তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এটি মূলত একটি শুটিংয়ের দৃশ্য। এটি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়েছে ডিএমপি।

আজ শুক্রবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাতিরঝিলে ওভারপাসের নিচে ‘অস্ত্র ঠেকিয়ে’ চার যুবকের মোটরসাইকেল ছিনতাইয়ের যে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়েছে সেটি আসলে প্রকৃত কোনো ছিনতাইয়ের ঘটনা নয়। এটি একটি সতর্কতামূলক ভিডিও তৈরির শুটিংয়ের দৃশ্য। কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর কর্তৃক রাজধানীতে পাঠাও চালকদের নির্জন স্থানে অবস্থানকালে ছিনতাইয়ের ব্যাপারে সতর্ক করার উদ্দেশে সচেতনতামূলক ভিডিও ছিল এটি।
গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় দৃশ্যটি ধারণ করা হয়।

ডিএমপি আরো জানিয়েছে, ভিডিও তৈরিতে যে পিস্তল ব্যবহার করা হয়েছে সেটিও একটি খেলনা পিস্তল। জনসচেতনতামূলক ভিডিওটি তৈরি করে ফেইসবুকে পোস্ট করলে পরবর্তীতে কেউ কেউ সেই ভিডিওর খণ্ডিতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছিনতাইয়ের ঘটনা হিসেবে ছড়িয়ে দেয়।

পূর্ণাঙ্গ ও প্রকৃত ঘটনা সম্পর্কে না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে জনমনে শঙ্কা ও নিরাপত্তাহীনতা সৃষ্টির সম্ভাবনা থাকে।
প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরণের খণ্ডিত ভিডিও বা সংবাদ প্রচারে সতর্ক থাকার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

মা হচ্ছেন কিয়ারা আদভানি

বিয়ের দুই বছর পার হতেই সুখবর দিলেন কিয়ারা আদভানি। মা হতে চলেছেন অভিনেত্রী। তাদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য, দুই থেকে তিন হতে চলেছেন তারকা দম্পতি সিদ্ধার্থ-কিয়ারা।

শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এমনটা জানিয়েছেন তারা নিজেরাই।
মা-বাবা হওয়ার সুখবর দিয়ে সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি লেখেন, ‘জীবনের সবচেয়ে দামি উপহার।’ সঙ্গে শেয়ার করেছেন ছোট্ট একজোড়া সাদা উলের মোজা। তারকা দম্পতির হাতে ধরা সেই মিষ্টি মোজা। আর সেই ছবি পোস্ট করেই খুব শিগগিরই সন্তান আসছে বলে জানালেন তারা।

সেই পোস্টের কমেন্ট বক্সে ভালোবাসা, শুভেচ্ছায় ভরিয়ে দিলেন বলিউডের সহকর্মীরা। ফারহান আখতার, সঞ্জয় কাপুর, ইশান খট্টর থেকে শুরু করে অনেকেই নতুন ইনিংসের জন্য সিদ্ধার্থ-কিয়ারাকে শুভেচ্ছা জানান।

এর আগে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজকীয়ভাবে সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। দেখতে দেখতে দাম্পত্যের দুই বছর কাটিয়ে ফেললেন তারা।

শাপলা চত্বরে হত্যাকাণ্ডের কারণ ও মৃত্যু সংখ্যা নিয়ে যা জানালেন প্রেসসচিব

ফ্যাস্টিস্ট আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতা চিরস্থায়ী করতেই শাপলা চত্বরের হত্যাকাণ্ড চালিয়েছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ঘটনার মধ্যে শাপলা চত্বরের ঘটনায় তৎকালীন সরকার বহির্বিশ্বের সঙ্গে আছে—এমনটি জাহির করতে চাওয়া হয়েছিল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত শাপলা চত্বরের হত্যাকাণ্ড নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন প্রেসসচিব।

তিনি বলেন, ‘শাপলা চত্বরে হামলার ঘটনায় হেফাজতের (হেফাজতে ইসলাম বাংলাদেশ) ঠিক কতজনের মৃত্যু হয়েছে সে সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ নিয়ে দলটির পক্ষ থেকেই রিসার্চ করে সঠিক তথ্য জানানোর কাজটি করতে পারে।’

এ সময় শাপলা চত্বরের ঘটনায় তদন্ত হওয়া জরুরি বলেও জানিয়েছেন প্রেসসচিব শফিকুল আলম।

আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড চালিয়ে বিশ্বের কাছে বন্ধু হিসেবে প্রমাণ করেছে বলে মন্তব্য করেন প্রেসসচিব। তিনি বলেন, ‘এতে করে একপেশে ভোটের পরও বাইরে থেকে সে অর্থে কেউ আওয়াজ তোলেনি।
’

প্রেসসচিব বলেন, চব্বিশের তরুণরা শেখ হাসিনাকে দেখিয়েছেন, যে সৈরাচারের সময় শেষ। শাপলা চত্বরসহ সকল হত্যাকাণ্ডের সঠিক তদন্ত করবে সরকার। তবে আপাতত গণ-অভ্যুত্থান প্রাধান্য পাবে। যারাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনা হবে।
তবে সুবিচারের জন্য সময় প্রয়োজন।

রমজান উপলক্ষে শত শত বন্দিকে মুক্তির নির্দেশ আমিরাতের প্রেসিডেন্টের

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান আজ ২৭শে ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) পবিত্র রমজান মাস উপলক্ষে ১ হাজার ২৯৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।

বিভিন্ন অপরাধের জন্য কারাদণ্ডপ্রাপ্ত বন্দিদের ওপর আরোপিত সকল জরিমানা শেখ মোহাম্মদ বহন করবেন।
গত বছরও পবিত্র মাসের ঠিক আগে ৭৩৫ জন বন্দিকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

সংযুক্ত আরব আমিরাতের নেতারা প্রায়ই বিভিন্ন উপলক্ষে এবং ধর্মীয় ছুটির দিনে বন্দিদের মুক্তির নির্দেশ দেন।
প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি চান যারা মুক্তি পাবে তারা যেন নতুন জীবন শুরু করতে পারে। তাদের পরিবার যে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি থেকে পরিত্রাণ পাবে।

সূত্র: গালফ নিউজ

বিকেলে এনসিপির আত্মপ্রকাশ, চলছে শেষ সময়ের প্রস্তুতি

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ আত্মপ্রকাশ করবে। দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন দলটিতে যোগদান করা নেতাকর্মীরা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে দলটির ঘোষণা দেওয়া হবে। এ কারণে সেখানে চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউতে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।

মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলতে দেখা গেছে। গতকাল সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হয়। এরপর শ্রমিকদের কাজ চলে গভীর রাত পর্যন্ত।
আজ সকালবেলায়ও ব্যস্ত সময় পার করছেন তারা।

এদিকে, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিকেল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে।
একইসাথে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

তরুণদের এই নতুন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। এর পাশাপাশি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে নতুন দলটিতে প্রধান সমন্বয়ক পদের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদকে দেওয়া হয়েছে যুগ্ম সমন্বয়ক পদের দায়িত্ব।
এ ছাড়া নতুন দলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক (দক্ষিণ) ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলমকে মুখ্য সংগঠকের (উত্তর) দায়িত্ব দেওয়া হয়েছে। আর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন ও দপ্তর সম্পাদক পদে সালেহ উদ্দিন সিফাতকে চূড়ান্ত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফায় দফায় বৈঠক শেষে নতুন দলের নাম ও কমিটির নেতৃত্বে কে কে থাকবেন সেসব সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে প্রতীক হিসেবে বৈঠকে জাতীয় মাছ ইলিশ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। আর নতুন দলে শীর্ষ ৯ পদসহ ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে।

নাগরিক কমিটির সূত্রে জানা যায়, আজ বিকেলে আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলের নাম ও শীর্ষ ৯ পদে মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে। বাকি ১৪২ পদে মনোনীত ব্যক্তিদের নাম পরে ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপিসহ অন্যান্য গণতান্ত্রিক সমমনা রাজনৈতিক দলকে।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে সব শহীদের পরিবার, আহত ব্যক্তিদের, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ও সব শ্রেণি-পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। নতুন দলের শীর্ষস্থানীয় নেতাদের ও বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের বক্তব্যের মধ্য দিয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ইউক্রেন: ট্রাম্প-স্টারমার আলোচনা ‘কঠিন ও ফলপ্রসূ’

গতকাল বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ট্রাম্পের। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা হওয়ার কথা। বৃহস্পতিবার বৈঠকের পর যুগ্ম সাংবাদিক বৈঠক করেছেন ট্রাম্প ও স্টারমার।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সেখানে বলেছেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে।
আলোচনায় যুদ্ধ বন্ধের কৌশল নিয়ে কথা হয়েছে। একটি ‘কঠিন ও ফলপ্রসূ’ রাস্তার কথা ভাবা হয়েছে।

স্টারমার বলেছেন, ইউক্রেন যাতে এই রাস্তা গ্রহণ করতে পারে, তার জন্য সহযোগিতা করা হবে। খেয়াল রাখা হবে যাতে রাশিয়া বড় কোনো দাবি করে না বসে।

ট্রাম্প জানিয়েছিলেন, শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করার জন্য অপেক্ষা করছেন তিনি। বস্তুত, ভলোদিমির জেলেনস্কির প্রশংসা করে তিনি বলেন, ‘আমরা ইউক্রেনকে প্রচুর অর্থ এবং প্রচুর অস্ত্র দিয়েছি। কিন্তু যেভাবে ইউক্রেন লড়াই করেছে, তা তারিফযোগ্য। আমরা ওকে সম্মান করি।
আমি ওকে সম্মান করি।’

তবে একইসঙ্গে ট্রাম্প জানিয়েছেন, তিনি থাকলে ইউক্রেন যুদ্ধ শুরুই হতো না। একটি শান্তি চুক্তির মাধ্যমে ইউরোপে যুদ্ধ বন্ধের প্রয়োজন বলে দাবি করেছেন তিনি। তার কথায়, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং জেলেনস্কি দুজনের সঙ্গেই সদর্থক কথা হয়েছে। শান্তিচুক্তি হয় দ্রুত ঘোষিত হবে নইলে কখনো হবেই না।
’

স্টারমার অবশ্য বলেছেন, শান্তি চুক্তি অত্যন্ত জরুরি। যেভাবেই হোক তা বাস্তবায়িত করতে হবে। তবে একইসঙ্গে তিনি জানিয়ে রেখেছেন, শান্তি প্রতিষ্ঠা করতে গিয়ে আগ্রাসনকারী যাতে অতিরিক্ত সুবিধা না পায়, সে দিকে খেয়াল রাখা হবে।
রাশিয়ার হুমকির পর দেশে বাঙ্কার তৈরির চিন্তা জার্মানির

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শান্তি চুক্তি নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন। একটি টেলিভিশন সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।

পুতিন জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে প্রথম আলোচনা ফলপ্রসূ হয়েছে। দুই তরফই সম্পর্ক উন্নতির প্রয়াস দেখিয়েছে। পুতিনের কথায়, ‘দুই পক্ষই সমস্যা মেটানোর বিষয়ে সদর্থক ভূমিকা পালন করেছে। পৃথিবীজুড়ে শক্তির ভারসাম্য নষ্ট হয়েছে। তা ফের সুনিশ্চিত করতে দুই পক্ষই সদর্থক আলোচনা করেছে। এভাবে পৃথিবাীর নিরাপত্তা ফের সুনিশ্চিত করা সম্ভব।’

কিন্তু একইসঙ্গে ইউরোপের নেতাদের সমালোচনা করেছেন পুতিন। জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সদর্থক সম্পর্ক ইউরোপের কিছু ব্যক্তি মেনে নিতে পারছেন না। এই সম্পর্ক যাতে দানা না বাঁধে তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। পুতিন মূলত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের নেতাদের দিকে আঙুল তুলেছেন বলেই মনে করছে কূটনৈতিক মহল।

যুক্তরাষ্ট্র-ইউক্রেন চুক্তি

এদিকে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার জেলেনস্কির সঙ্গে সদর্থক বৈঠকের বিষয়ে তিনি আশাবাদী। ইউক্রেন যুক্তরাষ্ট্রকে খনিজ সম্পদ দেবে বলেই মনে করেন তিনি।

উল্লেখ্য, জেলেনস্কি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সাহায্য করলেই একমাত্র ইউক্রেন তাদের খনিজ দেবে। কিন্তু ট্রাম্প জানিয়ে দিয়েছেন, তিনি এমন চুক্তি করবেন না। ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব ইউরোপকে নিতে হবে, যুক্তরাষ্ট্র আর খরচ বহন করবে না। জেলেনস্কি ট্রাম্পের এই বক্তব্য এখনো পুরোপুরি মেনে নেননি।