বুধবার, অক্টোবর ৭, ২০২৬

হিটের থেকে আমার ফ্লপ সিনেমার সংখ্যা বেশি: যিশু

নিজেকে স্টার ভাবতে নারাজ যিশু সেনগুপ্ত। অভিনেতা বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। জানালেন, তিনি সুপারস্টার নন। তিনি এও বিশ্বাস করেন না যে তিনি একজন তারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি একজন অভিনেতা। সে ভালো অভিনেতা হতে পারি, খারাপ অভিনেতা হতে পারি, কিন্তু একজন অভিনেতা। স্টার নই। বিশেষ করে অন্য ইন্ডাস্ট্রিতে।
নিজেকে প্রতিদিন প্রমাণ করতে হয়, লড়াই করতে হয়। কিছুই সহজে হয় না। অনেকে ভাবেন আমার কাজটা সহজ। সেটা নয়।
খেটে আগে ওই জায়গাটা তৈরি করতে হয়।

এর পর যিশু জানান, আগে অনেক কিছু না ভেবেই কাজ করতেন। সব ছবি করতেন। কোন ছবি চলবে, কোনটা চলবে না এসব ভাবেন নি। কিন্তু এখন গল্প শুনে ঠিক করেন, গল্প ভালো লাগলে সেই কাজ করেন।
নাহলে না।

তার কথায়, আজ অবধি স্ট্র্যাটেজি করতে পারিনি। আগে প্লেটে যা আসত সব খেতাম। এখন এটা খাব এটা খাব না বলি। আগে তার জন্য বদহজম হতো। কিন্তু তাই বলে যে ছবিগুলো চলেনি সেগুলো আমার ছবি নয়, এটা মানি না। আমি আজ যে জায়গায় গেছি সেটার জন্য ওই ছবিগুলোরও অবদান আছে। আমার হিটের থেকে ফ্লপের সংখ্যা বেশি। তবে আমি মনের কথা শুনি। মন কিছু করতে বললে করি।

উল্লেখ্য, যিশু সেনগুপ্তকে সর্বশেষ দেখা গেছে ‘খাদান’ সিনেমাতে। আগামীতে তাকে দেখা যাবে শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমাতে। এর পর শাহরুখের সঙ্গে ‘কিং’ ছবিতেও দেখা যাবে তাকে।

ক্লাসেনের টানা পাঁচ ফিফটি, বললেন— ‘বিশ্বের সেরা হতে চাই’

এবারের চ্যাম্পিয়নস ট্রফির প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ফিফটি তুলে নিয়েছে এই উইকেটকিপার ব্যাটার। এ নিয়ে ওয়ানডেতে টানা পাঁচ ম্যাচে ফিফটি করলেন বিধ্বংসী এই ব্যাটার। তবে এখনই থামতে চান না তিনি।
নিজেকে ‘বিশ্বের সেরা ক্রিকেটার’ প্রমাণ করতে চান তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের জয়ে ৫৬ বলে ৬৪ রানের চমৎকার ইনিংস খেলেন ক্লাসেন। ম্যাচ শেষে স্কাই স্পোর্টসে আলাপে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান বললেন, প্রধান কোচ রব ওয়াল্টারের সঙ্গে আলোচনায় চ্যাম্পিয়নস ট্রফির সময় নিজেকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে প্রমাণ করার লক্ষ্যের কথা বলেছিলেন তিনি। ‘এই সফরে রব ওয়াল্টারের সঙ্গে আলোচনায় নিজেকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম।
আমি বিশ্বের সেরা হতে চাই। আমি ম্যাচ পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারি এবং যতক্ষণ সম্ভব মাটি দিয়ে শট খেলতে পারি, যেমনটি আজ (শনিবার) রাতে করেছি। আমার ইনিংসে আমি সন্তুষ্ট। আমার কৌশলের ওপর আস্থা রেখে রান করেছি আমি।
’
আসরের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ক্লসেন খেলতে পারেননি কনুইয়ের চোটে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরার সম্ভাবনা ছিল তার। কিন্তু ম্যাচটি ভেসে যায় বৃষ্টির কারণে। আর ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে টানা পাঁচ ওয়ানডে হাফসেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা পাঁচ ওয়ানডে ইনিংসে পঞ্চাশ স্পর্শ করলেন ক্লসেন।
দুবার এই কীর্তি আছে কুইন্টন ডি ককের, একবার জন্টি রোডসের।

ক্লসেনের এই যাত্রা শুরু হয়েছিল গত ডিসেম্বরে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি করেন ৯৭ বলে ৮৬, ৭৪ বলে ৯৭ ও ৪৩ বলে ৮১। এই মাসের শুরুতে পাকিস্তানের বিপক্ষেই করাচিতে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ৫৬ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি। সেই মাঠেই এবার ইংল্যান্ডের বিপক্ষে খেললেন আরেকটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস।

জেলেনস্কিকে জড়িয়ে ধরলেন স্টারমার, দিলেন ২.৮৪ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গত শুক্রবার তীব্র বাগবিতণ্ডা হয়। এর এক দিনের মাথায় লন্ডনে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন জেলেনস্কি। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জেলেনস্কিকে দেখেই বুকে জড়িয়ে ধরেন।

এ সময় ইউক্রেনকে ২.৮৪ (২.২৬ বিলিয়ন পাউন্ড) বিলিয়ন ডলার ঋণ দেয় ব্রিটেন।
শনিবার ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বাসভবনে এই ঋণ চুক্তি হয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা খাতে এই অর্থ ব্যয় করা হবে। খবর বিবিসির।

শনিবার জেলেনস্কির গাড়িবহর ডাউনিং স্ট্রিটে পৌঁছলে তার সমর্থকরা উল্লাস প্রকাশ করেন এবং সেখানে স্টারমার তার সঙ্গে আলিঙ্গন করেন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি আবাসস্থলে প্রবেশের আগে তারা ছবি তোলেন।
সেখানে স্টারমার প্রেসিডেন্ট জেলেনস্কিকে বলেন, ‘আপনাকে এখানে, এই ডাউনিং স্ট্রিটে অনেক অনেক স্বাগতম।’

তিনি আরো বলেন, ‘যেমনটি আপনি বাইরে রাস্তায় উল্লাসধ্বনি শুনছেন, গোটা যুক্তরাজ্যজুড়ে আপনার প্রতি পূর্ণ সমর্থন রয়েছে এবং যত দিনই লাগুক আমরা আপনার সঙ্গে, ইউক্রেনের সঙ্গে রয়েছি।’

এ সময় স্টারমার এবং ব্রিটেনের মানুষকে ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এই ঋণ ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। ঋণের অর্থ দিয়ে অস্ত্র তৈরি করা হবে।
রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ দিয়ে আমরা এই ঋণ পরিশোধ করব। এটাই ন্যায়বিচার। যারা আক্রমণ করেছে, যারা আগ্রাসী, খরচও করতে হবে তাদেরই।’

জেলেনস্কি আরো বলেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর সময় থেকেই ব্রিটেন আমাদের পাশে দাঁড়িয়েছে। প্রথম দিন থেকে সঙ্গে থাকার জন্য ব্রিটেনের মানুষ এবং সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
এমন কৌশলী বন্ধু পেয়ে আমরা খুশি। আমরা ব্রিটেনের ওপর অনেক ভরসা করি।’

নতুন ভোটার তালিকা প্রকাশ আগামী ৩০ জুনের মধ্যে : ইসি সানাউল্লাহ

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, নতুন করে আগামী ৩০ জুনের মধ্যে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে। আজ রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ভোটার দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে গণতন্ত্র উত্তরণের বাস্তব সম্ভাবনা তৈরি হয়েছে। ভঙ্গুর নির্বাচন পরিস্থিতিতে ভোটবিমুখ জনগোষ্ঠির এই মুহূর্তে ভোটে ফেরার আগ্রহ সৃষ্টি হয়েছে।
তাই এবারের ভোটার দিবস তাৎপর্যপূর্ণ, যাতে করে কেউ ভুয়া কিংবা অস্বচ্ছ ভোটার তালিকা না বলতে পারে। এমনকি তরুণ ভোটারদের ভোটে অন্তভুর্ক্ত করা এবং নারী ভোটাররা যাতে বাদ না পড়ে। আগামী ৩০ জুনের মধ্যে নতুন করে আবারও ভোটার তালিকা প্রকাশ করা হবে। রাতের ভোট দেখতে চায় না নির্বাচন কমিশন।
‘ ভোটে কারো কর্তৃত্ব দেখতে চাই না বলেও মন্তব্য করেন তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, বিগত সময়ে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ভালো হয়নি। এর দায় নির্বাচন কমিশন কোনোভাবেই এড়াতে পারে না। সেটা প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে একজন ইসির কর্মচারী পর্যন্ত।

তিনি আরো বলেন, ইসি কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সুষ্ঠু ভোটের জন্য ইস্পাতের মধ্যে কঠিন অবস্থায় থাকবে কমিশন। কমিশন ভেঙ্গে যাবে কিন্তু মচকাবে না। জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবে না নির্বাচন কমিশন।

এদিকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে আবদ্ধ ঘরে নয়, খোলা মাঠে ভোট করার পরামর্শ দিয়েছেন ইসি তাহমিদা আহমদ।
এ ছাড়া ইসি আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, মুখের কথায় নয়, কাজেই প্রমাণ করতে চায় ইসি।

শ্রেয়া ঘোষালের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড

হ্যাকারদের কবলে শ্রেয়া ঘোষালের এক্স (টুইটার) অ্যাকাউন্ট। ১৬ দিন ধরে ‘সাইবার দস্যু’দের জালে গায়িকার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। শত চেষ্টা করেও এক্স হ্যান্ডেল টিমের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন শ্রেয়া।

শনিবার ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি শ্রেয়া অনুরাগীদেরও সতর্ক করে দিলেন, তারা যেন তার এক্স হ্যান্ডেল থেকে পাওয়া কোনও লিংকে ক্লিক না করেন।

গত ১৩ ফেব্রুয়ারি হ্যাকড হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট। গায়িকা জানিয়েছেন, সেদিন থেকেই প্রোফাইলে না ঢুকতে পারছেন না, ডিলিট করতে পারছেন না অ্যাকাউন্ট।

শ্রেয়া জানান, “শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল (টুইটার) গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি।
তবে কৃত্তিম বুদ্ধিমত্তা সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনও সাড়া পাইনি। এমনকী আমার অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারছি না। কারণ লগ ইন-ই তো হচ্ছে না।”

এরপরই অনুরাগীদের সতর্ক করে দিয়ে শ্রেয়ার মন্তব্য, “দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনও মেসেজ পেলে এড়িয়ে যাবেন।
কিংবা কোনও লিংক গেলে, সেটাতে ক্লিক করবেন না। ওগুলো সব স্প্যাম। অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব।”

গাজায় যুদ্ধবিরতি বাড়াতে সম্মত ইসরায়েল

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ গতকাল শনিবার শেষ হয়েছে। মুসলমানদের রমজান মাস এবং ইহুদিদের ‘পাসওভার পিরিয়ড’ বা পেসাখকে সামনে রেখে গাজায় চলমান যুদ্ধবিরতি সাময়িকভাবে বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে ইসরায়েলের সরকার।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, ইহুদি ধর্ম অনুসারে মিসরীয়দের দাসত্ব থেকে ইহুদিদের মুক্তি উদযাপনের সময়কে কেন্দ্র করে যে উৎসব পালন করা হয়, তাকে পাসওভার বা পেসাখ বলা হয়। হিব্রু ভাষায়, পেসাখ ইহুদি ক্যালেন্ডারের প্রথম মাস নিসানের ১৫তম দিনে শুরু হয়।
এটি শেষ হবে ১৯ এপ্রিল। আর গত শুক্রবার রাত থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু হয়েছে যেটি ২৯ মার্চ পর্যন্ত চলবে।

এই সময়ে, ইসরায়েল সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতির প্রথম দিনেই জীবিত এবং মৃত বন্দিদের অর্ধেক মুক্তি দেওয়া হবে। এরপর, একটি স্থায়ী যুদ্ধবিরতি সাপেক্ষে বাকি বন্দিরাও মুক্তি পাবে।

শনিবার মধ্যরাতে চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী গাজায় হামাসের কাছে এখনো জিম্মি থাকা জীবিত ও মৃত ইসরায়েলি নাগরিকের অর্ধেককে প্রথম দিনে মুক্তি দেওয়া হবে।

‘স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো গেলে’ বাকি বন্দিদের মুক্তি দেয়া হবে। তবে ইসরায়েলের সর্বশেষ এই পদক্ষেপ নিয়ে হামাস এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি।

ইংল্যান্ডের হারে লাভ বাংলাদেশের, বাড়তি পাচ্ছে ২ কোটি ৫৫ লাখ টাকা

চলমান চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আইসিসি থেকে জানানো হয়েছিল, ২০১৭ সালের সবশেষ আসরের তুলনায় এবার প্রাইজমানি বাড়ানো হয়েছে শতকরা ৫৩ ভাগ। সে হিসেবে পঞ্চম ও ষষ্ঠ স্থানে শেষ করা দুই দল পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। যা সপ্তম ও অষ্টম স্থানে থাকা দলগুলোর তুলনায় প্রায় ২ লাখ ১০ হাজার ডলার বেশি।

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের টানা তৃতীয় হারে বাংলাদেশের ষষ্ঠ স্থান নিশ্চিত হয়ে গেছে।
শুধু তাই নয়, মাঠের খেলায় ব্যর্থ হওয়া বাংলাদেশ দল লাভবান হলো আর্থিকভাবে। প্রাইজমানি হিসেবে অতিরিক্ত আরো ২ কোটি ৫৪ লাখ ৯৯ হাজার টাকার বেশি তাদের পকেটে ঢুকল।

এর আগে তিন ম্যাচে এক পয়েন্ট স্বাগতিক পাকিস্তানের উপরে ছিল বাংলাদেশ। আর গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের হারে টানা তৃতীয় হার নিয়ে অষ্টম হয়েছে জস বাটলারের দল।
আর তাতেই নিশ্চিত হয়েছে বাংলাদেশের ষষ্ঠ হয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ করা।

শনিবার করাচিতে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে দুই গ্রুপ মিলিয়ে টুর্নামেন্টের আট দলের মধ্যে সবার নিচে থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড। তাদের নামের পাশে কোনো পয়েন্ট নেই। এই ম্যাচে ইংল্যান্ড জিতলে, বাংলাদেশ হতো সপ্তম।
সেক্ষেত্রে আইসিসির পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণের সুবাদে ১ লাখ ২৫ হাজার ডলার ও সপ্তম হিসেবে ১ লাখ ৪০ হাজার ডলার পেত টাইগাররা। অর্থাৎ তাদের মিলত মোট ২ লাখ ৬৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াত ৩ কোটি ২১ লাখ ৭৮ হাজার টাকার বেশি।

ইংল্যান্ড হারায় বাংলাদেশ পেয়েছে ষষ্ঠ স্থান। তাই ক্রিকেটের শীর্ষ নিয়ন্ত্রক সংস্থার পূর্বনির্ধারিত ঘোষণা অনুসারে, অংশগ্রহণের জন্য ১ লাখ ২৫ হাজার ডলারের পাশাপাশি ষষ্ঠ হিসেবে আরও ৩ লাখ ৫০ হাজার ডলার পেয়েছে টাইগাররা।
অর্থাৎ তাদের পকেটে ঢুকেছে মোট ৪ লাখ ৭৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ৫ কোটি ৭৬ লাখ ৭৮ হাজার টাকার বেশি।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আর্থিক পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ২২ লাখ ৪০ হাজার ডলার। রানার্সআপদের মিলবে ১১ লাখ ২০ হাজার ডলার। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দলের পকেটে যাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে।

রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার মোবারকবাদ

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা পবিত্র রমজান উপলক্ষে দেওয়া এক বাণীতে এ কথা জানান।

বাণীতে প্রধান উপদেষ্টা বলেন, সিয়াম সাধনা ও সংযমের মাস মাহে রমজান আজ আমাদের মাঝে সমাগত। পবিত্র এ মাসে আত্মসংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে; সর্বশক্তিমান মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ ও ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়।

সিয়াম ধনী-গরিব সবার মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় আসুন পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কোরআন তিলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।

তিনি আরো বলেন, ‘মহান আল্লাহ আমাদের জাতীয় জীবনে পবিত্র মাহে রমজানের শিক্ষা কার্যকর করার তাওফিক দান করুন। মাহে রমজান আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি।
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে ক্ষমা ও হেফাজত করুন, আমিন।’

ইইউর কমিশনার লাহবিব ঢাকায়

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সমতা, প্রস্তুতি ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার হাদজা লাহবিব তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন।

শনিবার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান।

কমিশনার লাহবিব কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং স্থানীয় বাসিন্দাসহ স্থানীয় সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন।

আরো বলা হয়েছে, বাংলাদেশে অবস্থানকালে লাহবিব প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন।

ভারতীয় মিডিয়ায় সীমান্তে আইএসআই জড়ো হওয়া নিয়ে ভুয়া খবর প্রচার : প্রেস উইং

ভারতের নয়াদিল্লির ‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় প্রকাশিত সংবাদকে ‘খাঁটি কল্পকাহিনী’ বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার ফ্যাক্ট-চেকিং উইং ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’।

শনিবার (১ মার্চ) প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

‘দ্য ট্রিবিউন’ পত্রিকায় সেই খবরের শিরোনাম ছিল ‘আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প পুনরুজ্জীবিত করতে আইএসআই ও বাংলাদেশি সক্রিয় সংগঠনগুলো জড়ো হচ্ছে’। তবে প্রতিবেদনটি সংবাদমমাধ্যমটির একেবারেই কল্পনাপ্রসূত বলে পোস্টে উল্লেখ করা হয়েছে।

প্রেস উইং জানায়, শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত ও নৃশংস শাসনকে বাংলাদেশিরা উৎখাত করার পর থেকে এই ধরনের অন্যান্য গালগল্পের মতো এটিও আরেকটি গল্প, যেখানে কোনো প্রমাণ কিংবা কোনও নামধারী উৎসের কথা উল্লেখ করা হয়নি।

মূলত, খবরটিতে এক উৎস হিসেবে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার বক্তব্য ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে উলফা নেতা পরেশ বড়ুয়া তার আগের জঙ্গি কার্যক্রম পুনরায় শুরু করার কোনো ইচ্ছা রয়েছে।

ট্রিবিউনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ করছে যে, বড়ুয়াকে শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে’। তবে বাস্তবে তিনি পলাতক এবং চীনে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, পত্রিকাটি বাংলাদেশের ‘আরবি, উর্দু ও বাংলা’ মাধ্যমের যোগাযোগে আড়ি পেতেছে।

প্রেস উইং জানিয়েছে, এই গল্পটি খাঁটি কল্পকাহিনী এবং ট্রিবিউনের কাছে ‘বিশেষ’; কারণ এটির অস্তিত্ব কেবল তার কর্মীদের কল্পনায়।