মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

কানাডা-মেক্সিকোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ বিলম্বিত করলেন ট্রাম্প

কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক এক মাসের জন্য পিছিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (৬ মার্চ) ওভাল অফিসে এক সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগামী ২ এপ্রিল পর্যন্ত মেক্সিকোর পাশাপাশি কানাডার পণ্যের ওপর থেকেও অতিরিক্ত শুল্ক নেওয়া হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে উত্তর আমেরিকান বাণিজ্যিক চুক্তির আওতায় যেসকল পণ্য পড়বে, শুধুমাত্র সেগুলোর ওপরই কার্যকর হবে এ সিদ্ধান্ত।
আগামী ২ এপ্রিল পর্যন্ত চলবে এই শুল্কছাড়। কিন্তু আমদানিকৃত অন্যান্য পণ্যের ওপর দিতে হবে ২৫ শতাংশ শুল্ক।

ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে বলেন, শুল্কের ওপর এই ছাড় আগামী ২ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে এবং ২০১৮ সালে হোয়াইট হাউসে তার প্রথম মেয়াদের সময়ে মেক্সিকো ও কানাডার সঙ্গে যে বানিজ্য চুক্তি হয়েছিল তার আওতায় যুক্তরাষ্ট্রের যেসব কম্পানি মেক্সিকোর পণ্য আমদানি করবে সেগুলোর ওপরও শুল্ক আরোপ করা হবে না।

এর কয়েক ঘণ্টা পরে তিনি কানাডার ওপরও নতুন শুল্ক আরোপ পিছিয়ে দেন।
এর আগে, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে চীনের ওপর দুই দফায় আরোপিত ২০ শতাংশ শুল্ক বহাল থাকবে। মার্কিন পণ্যের ওপর আরোপিত শুল্ক কার্যকরই থাকবে বলে জানিয়েছে কানাডা।

সূত্র: রয়টার্স

জেলেনস্কির রাজনৈতিক বিরোধীদের সঙ্গে ট্রাম্প মিত্রদের গোপন বৈঠক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির রাজনৈতিক প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে কিয়েভে গোপনে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চারজন শীর্ষ সহযোগী। ওই আলোচনার মূল বিষয় ছিল ইউক্রেন দ্রুত প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করতে পারবে কি না।

পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের তিনজন আইন প্রণেতা এবং মার্কিন রিপাবলিকান পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, ট্রাম্পের জ্যেষ্ঠ মিত্ররা ইউক্রেনের বিরোধীদলীয় নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমোশেঙ্কো এবং জেলেনস্কির পূর্বসূরি পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করেছেন।

খবরটি এমন সময় প্রকাশ্যে এলো যখন ওয়াশিংটন মস্কোর সঙ্গে মিলে জেলেনস্কিকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর চেষ্টা করছে।
ইউক্রেন সামরিক আইনের অধীনে থাকায় সংবিধান অনুযায়ী নির্বাচন বিলম্বিত হচ্ছে।

নির্বাচনবিরোধীরা বলছেন, নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে এবং রাশিয়া এতে কলকাঠি নাড়তে পারে। কারণ অনেক সম্ভাব্য ভোটার সম্মুখসারিতে লড়াই করছেন অথবা বিদেশে শরণার্থী হিসেবে অবস্থান করছেন।
ট্রাম্পের সহযোগীরা আত্মবিশ্বাসী যে, যুদ্ধের ক্লান্তি এবং ব্যাপক দুর্নীতির ফলে জনগণ হতাশ, তাই যেকোনো নির্বাচন হলে পরাজিত হবেন জেলেনস্কি।

জরিপে তার জনপ্রিয়তা বছরের পর বছর ধরে হ্রাস পাচ্ছে। যদিও সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট পদের লড়াইয়ে বেশ এগিয়ে আছেন জেলেনস্কি। এদিকে মার্কিন প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান হলো ট্রাম্প ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছেন না। ইউক্রেনের রাজনীতিতে ট্রাম্পের হস্তক্ষেপের অভিযোগ সম্প্রতি নাকচ করে দিয়েছেন মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিক।
তিনি বলেছেন, ট্রাম্প শান্তির অংশীদার চান।

তবে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের আচরণ সম্পূর্ণ বিপরীত ইঙ্গিত দিচ্ছে। জেলেনস্কিকে নির্বাচন ছাড়া স্বৈরশাসক আখ্যা দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড কিয়েভের বিরুদ্ধে নির্বাচন বাতিলের মিথ্যা অভিযোগ তুলেছেন। ট্রাম্প শিবির আশা করছে, একটি নির্বাচন জেলেনস্কির ভরাডুবির জন্য যথেষ্ট।

তবে জেলেনস্কি এখনো তিমোশেঙ্কো ও পোরোশেঙ্কোর চেয়ে অনেক জনপ্রিয়। চলতি সপ্তাহে ব্রিটিশ জরিপ সংস্থা সারভেশনের জরিপে দেখা গেছে, ৪৪ শতাংশ মানুষ জেলেনস্কিকে ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্যে নিযুক্ত ইউক্রেনীয় রাষ্ট্রদূত ভালেরি জালুঝনি তার চেয়ে ২০ পয়েন্ট পেছনে আছেন। এ ছাড়া পোরোশেঙ্কোর প্রতি ১০ শতাংশ এবং তিমোশেঙ্কোর প্রতি মাত্র ৫.৭ শতাংশ মানুষের সমর্থন আছে।

ওই বৈঠকের মূল বিষয় হলো ইউক্রেন অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা হবে। দ্রুত নির্বাচনের বিষয়টি চাপিয়ে দিতে চাইছে ক্রেমলিন। কারণ দীর্ঘ দিন ধরে তাকে সরাতে চাইছে রাশিয়া। যদিও যুদ্ধ শেষ হওয়ার আগে নির্বাচন আয়োজনের বিপক্ষে জনসমক্ষে অবস্থান নিয়েছেন তিমোশেঙ্কো ও পোরোশেঙ্কো।

সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব

রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকায় প্রধান বিচারপতিসসহ বিচার বিভাগকে হেয় ও অসম্মান করায় সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ১৮ মার্চ আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে গত ২ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা রাষ্ট্রীয় নিরাপত্তা নির্দেশিকার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।
পাশাপাশি রুল জারি করেছেন আদালত।

ভারতের লক্ষ্য পাকিস্তানের অন্তর্ভুক্ত কাশ্মীরের নিয়ন্ত্রণ : জয়শঙ্কর

পাকিস্তানের অন্তর্ভুক্ত কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হলেই সব সমস্যা মিটে যাবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিংকট্যাংক সংস্থা চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

জয়শঙ্কর বলেন, ভারত সরকার এখন পাকিস্তানের চুরি করা অংশটুকু ফেরত আনার অপেক্ষায় রয়েছে।
৩৭০ ধারা বাতিল করা এবং জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোটের আয়োজন সেই প্রক্রিয়ারই অংশ।

কাশ্মীর ইস্যু সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, এ ইস্যুতে আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমি মনে করি, ইতিমধ্যে অনেকাংশে আমরা এটিকে গুছিয়ে এনেছি। প্রথম ধাপে আমরা (সংবিধানের) ৩৭০ নম্বর ধারা বাতিল করেছি, দ্বিতীয় ধাপে জম্মু-কাশ্মীরের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যকলাপকে গতিশীল করা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দিকে মনোযোগ দিয়েছি, তৃতীয় ধাপে আমরা সেখানে বিধানসভা নির্বাচন দিয়েছি এবং সেই নির্বাচনে প্রচুর ভোটার ভোট দিয়েছেন।

তিনি বলেন, এখন আমাদের সামনে আছে চতুর্থ ধাপ।
এই ধাপে আমাদের লক্ষ্য হলো জম্মু-কাশ্মীরের চুরি যাওয়া অংশ উদ্ধার করা। আরো স্পষ্টভাবে বললে, জম্মু-কাশ্মীরের যে অংশটি পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে, সেটিকে ভারতের মানচিত্রভুক্ত করা। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই লক্ষ্য আমরা সফলভাবে অর্জন করতে পারি, সে ক্ষেত্রে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। এটিই এ সংকটের চূড়ান্ত সমাধান।

রাজধানীতে বেড়েছে অগ্নিদুর্ঘটনা, যে সতর্কবার্তা দিল সেনাবাহিনী

রাজধানীতে গত কয়েক দিন ধরে অগ্নিকাণ্ডের ঘটনা লেগেই আছে। গতকাল দিবাগত রাতে রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। সেই রেশ না কাটতেই আজ রাজধানীর ভাসানটেক এলাকার আবুলের বস্তিতে আগুন লাগে। শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে এ সময় অগ্নিদুর্ঘটনা লেগেই থাকে।
তাই বিষয়টি নিয়ে সতর্কতামূলক নির্দেশিকা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল বুধবার ‘বাংলাদেশ আর্মি’ ভেরিফায়েড ফেসবুকে পেজে এ নির্দেশিকা দেওয়া হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, বাংলাদেশে বর্তমান শুষ্ক ও উষ্ণ আবহাওয়ার কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে জনবহুল এলাকা, শিল্পাঞ্চল, বাজার এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন লাগার ঝুঁকি বেশি।
এ প্রেক্ষাপটে, বাংলাদেশ সেনাবাহিনী আগুন-সংক্রান্ত যেকোনো দুর্ঘটনা বা নাশকতা প্রতিরোধে নিম্নলিখিত সতর্কতামূলক নির্দেশনা অনুসরণ করতে অনুরোধ জানাচ্ছে।

সাধারণ নিরাপত্তাব্যবস্থার জন্য সিসিটিভি পর্যবেক্ষণ, জনবহুল এলাকা, শিল্প-কারখানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় কার্যকর সিসিটিভি সার্ভেইলেন্স নিশ্চিত করুন এবং ২৪/৭ মনিটরিং করুন। প্রবেশ নিয়ন্ত্রণ, উচ্চ-সংবেদনশীল এলাকাগুলোতে প্রবেশাধিকার সীমিত করুন এবং অনুমোদিত ব্যক্তিদের পরিচয় যাচাই করুন। সন্দেহজনক কার্যকলাপ শনাক্তকরণ, যেকোনো অস্বাভাবিক কর্মকাণ্ড (যেমন— অপ্রত্যাশিত দাহ্য পদার্থের উপস্থিতি, অননুমোদিত ব্যক্তি বা যানবাহন) সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন।

অগ্নি প্রতিরোধ ও নির্বাপণব্যবস্থার জন্য স্ট্যান্ডার্ড ফায়ার সেফটি গিয়ার, সরকারি-বেসরকারি স্থাপনায় অগ্নিনির্বাপক (ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার ব্ল্যাঙ্কেট, স্মোক ডিটেক্টর) পর্যাপ্ত পরিমাণে স্থাপন করুন। ইলেকট্রিক্যাল ওভারলোডিং রোধ, ইন্ডাস্ট্রিয়াল ও বাণিজ্যিক ভবনগুলোতে বৈদ্যুতিক লোড ব্যালান্সিং পরীক্ষা করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন। অগ্নিনির্বাপক সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, নিয়মিত ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার সিস্টেম ও ফায়ার অ্যালার্মের কার্যকারিতা পরীক্ষা করুন।

নাশকতা প্রতিরোধ ও প্রতিক্রিয়াব্যবস্থার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নজরদারি, সম্ভাব্য অগ্নিসংযোগমূলক কর্মকাণ্ড শনাক্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য উৎস মনিটর করুন। কুইক রেসপন্স টিম (QRT), শিল্প এলাকা, বাজার ও জনসমাগমস্থলে দ্রুত প্রতিক্রিয়াশীল নিরাপত্তা টিম প্রস্তুত রাখুন।
জরুরি যোগাযোগ ও সমন্বয়, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে দ্রুত তথ্য বিনিময়ের জন্য হটলাইন নম্বরগুলো জেনে রাখুন।

তাৎক্ষণিক রিপোর্টিং ও সহায়তার জন্য যেকোনো অগ্নিকাণ্ড বা সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে দ্রুত যোগাযোগ করুন :
? জাতীয় জরুরি সেবা : ৯৯৯
? ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স : ১০২
? বাংলাদেশ সেনাবাহিনীর নিকটস্থ ক্যাম্প

আগুন প্রতিরোধে প্রযুক্তিগত ব্যবস্থা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবো।

যুক্তরাজ্যে জয়শঙ্করের ওপর হামলার চেষ্টা, ছেঁড়া হলো ভারতীয় পতাকা

যুক্তরাজ্য সফরে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ‘হামলার মুখে’ পড়েছেন। খালিস্তানি উগ্রপন্থীদের হামলার মুখে পড়েন তিনি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। আলোচনা শেষে জয়শঙ্কর যখন চ্যাথাম হাউস ভেন্যু থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন এক ব্যক্তি তার গাড়ির দিকে দৌড়ে যান এবং পুলিশ কর্মকর্তাদের সামনেই ভারতীয় জাতীয় পতাকা ছিঁড়ে ফেলেন।

অনলাইনে প্রচারিত এই ঘটনার একটি ভিডিওতে দেখা যাচ্ছে, লোকটি আক্রমণাত্মকভাবে মন্ত্রীর গাড়ির দিকে ছুটে যাচ্ছেন। প্রথমে কর্মকর্তারা পদক্ষেপ নিতে দ্বিধাগ্রস্ত ছিলেন। এদিকে অন্যরাও স্লোগান দিতে শুরু করে এবং তখন ওই ব্যক্তি পতাকা ছিঁড়ে ফেলে। তবে কিছুক্ষণ পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে এবং অন্য উগ্রপন্থীদের ধরে নিয়ে যায়।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, খালিস্তানি উগ্রপন্থীরা জয়শঙ্কর যেখানে একটি আলোচনায় অংশ নিচ্ছিলেন, সেই স্থানের বাইরে বিক্ষোভ করছে। ফুটেজে নিজেদের পতাকা উড়িয়ে খালিস্তানের পক্ষে স্লোগান দিতে দেখা যাচ্ছে।

এর আগে, জয়শঙ্কর চেভেনিং হাউসে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে আলোচনা করেন, যেখানে কৌশলগত সমন্বয়, রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য আলোচনা, শিক্ষা, প্রযুক্তি, গতিশীলতাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন।

নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, জয়শঙ্করের মতো ‘ভিভিআইপি’র নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক গাফিলতি স্পষ্ট হয়েছে এ ঘটনায়।
এর নেপথ্যে খলিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুনের সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সূত্র : ইন্ডিয়া টুডে

১১ কোটি নাগরিকের তথ্য বিক্রি, সেই সিনিয়র সচিব গ্রেপ্তার

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দিবাগত রাতে চট্টগ্রামের পাঁচলাইশ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ১১ কোটিরও বেশি নাগরিকের ৪৬ ধরনের ব্যক্তিগত তথ্য চুরি ও বিক্রির অভিযোগে মামলা রয়েছে তার বিরুদ্ধে।

সিএমপির পাঁচলাইশ থানার ওসি মো. সোলেয়মান জানিয়েছেন, ওই এলাকায় এক চিকিৎসকের বাসায় আত্মগোপনে ছিলেন জিয়াউল আলম।

মামলার অভিযোগপত্র থেকে জানা গেছে, অভিযোগে জানা গেছে, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেন আসামিরা। জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত না করে এনআইডির তথ্য দেশ-বিদেশের প্রায় ১৮২টি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে ডিজিকন। তথ্য বিক্রি করে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন

ঢাকা-বরিশাল মহাসড়কে চলন্ত বাসে অগ্নিকাণ্ড হয়েছে। আগুন লাগা গ্রিন লাইন পরিবহনের ওই বাসটিতে ২০ জন যাত্রী থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণ বামরাইল বাসস্ট্যান্ডের পাশে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ২৩ জন যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে বাসটি। পথে তিন যাত্রী নেমে যান। ঢাকা-বরিশাল মহাসড়কে দক্ষিণ বামরাইল এলাকায় পৌঁছালে বাসটিতে আগুন দেখা যায়।

ওই সময় বাসে চালক, সহকারী ও সুপারভাইজারসহ ২০ জন আরোহী ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই তারা গাড়ি থেকে নেমে পড়েন।

ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়ায় টাইমড আউট পাকিস্তানি ব্যাটসম্যান

পরপর দুই বলে দুই উইকেট পড়ার পর যে ব্যাটসম্যানের নামার কথা ছিল, তিনি ডাগআউট থেকে বের হলেন দেরিতে। আর তাতেই প্রতিপক্ষ দলের অধিনায়ক আউটের আবেদন করে বসেন। কারণ ব্যাটসম্যান তিন মিনিটের মধ্যে গার্ড নিতে প্রস্তুত ছিলেন না। ফলস্বরূপ টাইমড আউট হলেন ব্যাটার।

পাকিস্তানের প্রেসিডেন্ট ট্রফির ফাইনালের দ্বিতীয় দিনে তিনি স্টেট ব্যাংক অব পাকিস্তানের হয়ে খেলতে নেমে এই কাণ্ড করেন সৌদ শাকিল। ইএসপিএনক্রিকইনফোর খবরে জানা যায়, দুইটি উইকেট দ্রুত পড়ে যাওয়ার কারণে শাকিলের মাঠে প্রবেশ করতে দেরি হয়। তিনি যখন ক্রিজে এসেছিলেন, প্রতিপক্ষ দলের অধিনায়ক আমাদ বাট টাইমড আউটের আবেদন করেন। আম্পায়াররা মেনে নেন যে তিনি তিন মিনিটের মধ্যে প্রস্তুত ছিলেন না।
আউট দিয়ে দেন।

গণমাধ্যমের খবর, ড্রেসিংরুমে ঘুমিয়েই পড়েছিলেন সৌদ শাকিল। সেই ঘুম না ভাঙার কারণেই হয়েছেন টাইমড আউট।

প্রথম শ্রেণির ক্রিকেটে টাইমড আউট হওয়া সপ্তম ব্যাটসম্যান পাকিস্তানের সৌদ শাকিল।
সর্বশেষ এমন অস্বাভাবিক আউটের ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কার অ্যাঙ্গেলো ম্যাথিউসের ক্ষেত্রে, ২০২৩ বিশ্বকাপে সাকিব আল হাসান তার বিপক্ষে টাইমড আউটের আবেদন করে সফল হয়েছিলেন।

এই ম্যাচে ঘটেছে আরো এক উদ্ভট কাণ্ড। তিন বলের ব্যবধানে স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) হারিয়েছে ৪ উইকেট। উমর আমিন এবং ফাওয়াদ আলম দুই বলের মধ্যে ফাস্ট বোলার মোহাম্মদ শাহজাদের হাতে আউট হয়ে যান, যা শাহজাদকে হ্যাটট্রিকের সুযোগ দেয়। শাকিলের অদ্ভুত আউটের পর ইরফান খান ব্যাট করতে এসে প্রথম বলেই স্টাম্পড হন, ফলে শাহজাদ তার হ্যাটট্রিক পূর্ণ করেন।
এর ফলে স্টেট ব্যাংক অব পাকিস্তান ১২৮ রান থেকে ১২৮ রান ৫ উইকেটে পরিণত হয় মাত্র তিন বলের মধ্যে।

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সিদ্ধান্ত তাদের

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আগামী বিবিসির সাংবাদিক সামিরা হুসেইনের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তাঁরা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না।
তিনি বলেন, কে নির্বাচনে অংশ নিবে সেটা ঠিক করে নির্বাচন কমিশন।

তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর অর্থনীতি। এটি একটি ভেঙে পড়া, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন যেন ১৬ বছর ধরে একটি ভয়াবহ টর্নেডো বয়ে গেছে, আমরা এখন সেই ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।

প্রধান উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা নির্ভর করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কত দ্রুত তাঁর সরকার সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী সময়ে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েকমাস লাগতে পারে।