মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ভারতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ইসরায়েলি পর্যটক

ভারতের কর্ণাটক রাজ্যে রাতে ঘুরতে বেরিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক ইসরায়েলি নারী পর্যটক। একই সময় ইসরায়েলি নারীকে আশ্রয় দেওয়া বাড়ির মালিকও ধর্ষণের শিকার হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কর্ণাটকের কোপ্পালের একটি খালের কাছে এই ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ২৭ বছর বয়সী ইসরায়েলি নারী পর্যটক ও ২৯ বছর বয়সী স্থানীয় নারী তুঙ্গভদ্রা খালের পাশে বসে আকাশে তারা দেখছিলেন।
এ সময় তিন পুরুষ এসে তাদের ধর্ষণ করেন।

জানা গেছে, ওই বাড়ির মালিক ও তার চার অতিথি রাতের খাবারের পর খালের পাড়ে তারা দেখতে গিয়েছিলেন। এমন সময় তিন অভিযুক্ত একটি মোটরসাইকেলে করে সেখানে আসেন। প্রথমে তারা পেট্রল কোথায় পাওয়া যাবে জানতে চান এবং পরে ইসরায়েলি নারীর কাছে ১০০ রুপি দাবি করেন।

ইসরায়েলি পর্যটক টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এরপর অভিযুক্তরা ভ্রমণকারীদের ওপর হামলা চালায় এবং তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে ধাক্কা দিয়ে খালে ফেলে দেয়। পরে তারা দুই নারীকে ধর্ষণ করে মোটরসাইকেলে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার হওয়া নারীদের সঙ্গে থাকা তিনজন পর্যটকের একজন ড্যানিয়েল যুক্তরাষ্ট্রের নাগরিক, বাকি দুজন যথাক্রমে মহারাষ্ট্র ও ওড়িশার বাসিন্দা।

স্থানীয় ওই নারীর মালিকের দেওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণ ও ডাকাতির অভিযোগে একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় স্থানীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। অনেকেই নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

অদম্য নারীদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক নারী দিবসে দেশের অদম্য নারীদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান তিনি এ পুরস্কার তুলে দেন।

সম্মাননা পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন— অর্থনীতিতে অবদানে শরিফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মো. মুহিন (মোহনা) ও বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

দেশের সব পুরুষকে সামরিক প্রশিক্ষণ দেবে পোল্যান্ড

ইউক্রেনের মিত্র দেশ পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। এ লক্ষে কাজ শুরু হয়ে গেছে বলেও জানান তিনি। খবর বিবিসির।

পোল্যান্ডের পার্লামেন্টে এক বক্তব্যে টাস্ক বলেন, সরকারের লক্ষ্য আগামী কয়েক মাসেই বিস্তারিত তথ্য জানানো।
পোল্যান্ডে প্রাপ্তবয়স্ক সব পুরুষের জন্য ব্যাপক মাত্রায় সামরিক প্রশিক্ষণের প্রস্তুতি নেওয়ার চেষ্টা চলছে।

ডোনাল্ড টাস্ক বলেন, আমরা এই বছরের শেষ নাগাদ এমন একটি মডেল তৈরি করতে চাই, যাতে পোল্যান্ডের প্রতিটি প্রাপ্তবয়স্ক পুরুষ যুদ্ধকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে এবং আমাদের রিজার্ভ বাহিনী সম্ভাব্য হুমকির মোকাবিলায় যথেষ্ট সক্ষম হয়।

টাস্ক উল্লেখ করেন, ইউক্রেনের সেনাবাহিনীর ৮ লাখ সেনা আছে। রাশিয়ার আছে ১৩ লাখ সেনা।
আর তিনি রিজার্ভ সেনাসহ পোলিশ সেনাবাহিনীর আকার বাড়াতে চান, যে সংখ্যা দাঁড়াবে এখনকার প্রায় ২ লাখ থেকে ৫ লাখে।

তিনি বলেন, আমরা পোল্যান্ডে ৫ লাখ সদস্যের সেনাবাহিনী গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছি, যার মধ্যে থাকবে রিজার্ভ সেনাও। এর মানে রিজার্ভ সেনাদের পাশাপাশি যারা কখনো পুরোপুরিভাবে সেনাবাহিনীতে যায়নি এবং যুদ্ধের সময় দক্ষ সেনা ছিল না তাদেরকেও নিবিড় প্রশিক্ষণ দিতে হবে।

এ ছাড়া নারীদেরও সামরিক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানান প্রধানমন্ত্রী।
যদিও এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘যুদ্ধ এখনো অনেকাংশেই পুরুষদের বিষয়।

টাস্ক জানান, পোল্যান্ড বর্তমানে জিডিপির ৪.৭ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করার পরিকল্পনা করছে, যা ন্যাটোর সদস্য দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। এই ব্যয় বাড়িয়ে পাঁচ শতাংশে নিয়ে যেতে হবে বলেও মত দেন তিনি।

পাকিস্তানকে নিয়ে গাভাস্কারের মন্তব্য ‘ফালতু কথা’, বলছেন গিলেস্পি

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে ভারতের কাছে পাকিস্তানের হারের পর সুনীল গাভাস্কার বলেছিলেন, এই পাকিস্তানের ভারতের ‘বি’ দলকেও হারাতেও কষ্ট হবে। পাকিস্তান দলের সামর্থ্য নিয়ে গাভাস্কারেরে এমন মন্তব্য মোটেও ভালো লাগেনি পাকিস্তানের টেস্ট দলের সাবেক কোচ জেসন গিলেস্পির। গাভাস্কারের এ কথাকে ফালতু বলে কড়া জবাব দিয়েছেন গিলেস্পি।

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় স্বাগতিক পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচে দুবাইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি তারা। ওই ম্যাচের পর স্পোর্টস টুডের সঙ্গে আলাপে গাভাস্কার বলেন, পাকিস্তানের এখনকার দলের যে শক্তি, তাতে ভারতের ‘বি’ দলকে হারাতেও কষ্ট হবে তাদের।‘আমার মনে হয়, ভারতের ‘বি’ দল অবশ্যই (পাকিস্তানের ঘাম ছুটিয়ে ছেড়ে দেবে)… ‘সি’ দল পারবে কি না, খুব একটা নিশ্চিত নই। তবে পাকিস্তানের এই দলের এমন ফর্মে ভারতের ‘বি’ দলকে হারাতে খুব, খুবই কষ্ট হবে।

গাভাস্কারের কথাকে উড়িয়ে দিয়ে পাকপ্যাশন পডকাস্টকে গিলেস্পি বলেছেন, ‘আমি এসব অতিকথন পছন্দ করি না। সুনীল গাভাস্কারের মন্তব্য দেখেছি যে, ভারতের ‘বি’ দল বা ভারতের ‘সি’ দল পাকিস্তানের মূল দলকে হারিয়ে দিতে পারে। এটা ফালতু কথা। একদম ফালতু কথা।

সঠিক খেলোয়াড়দের দলে নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিতে পারলে পাকিস্তান যে কোনো দলকে হারাতে পারবে বলে মনে করেন গিলেস্পি। ‘তাদের প্রতিভা অনেক বেশি। স্রেফ সত্যিকারের প্রতিভা বেছে নিতে হবে। তাদের পাশে থাকতে হবে এবং তাদের নিয়ে ধৈর্য ধরতে হবে। আমার মতে, পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা অনেক বেশি।

গত বছরের এপ্রিলে দুই বছরের চুক্তিতে গিলেস্পিকে টেস্ট দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের আগে গত ডিসেম্বরে দায়িত্ব ছেড়ে দেন সাবেক এই পেসার। গিলেস্পির সঙ্গে একই সময়ে পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল গ্যারি কার্স্টেনকে। কিন্তু গিলেস্পির আগেই অক্টোবরে পদত্যাগ করেন তিনি। এসব অস্থিরতার প্রসঙ্গও টেনেছেন গিলেস্পি।

ক্রিকেটে পরিবর্তন চাইলে সবাইকে সময় দিতে হবে বলে মনে করেন এই অস্ট্রেলিয়ান, ‘বোর্ড হিসেবে পিসিবি যদি পরিবর্তন আনতে এবং সঠিক ফলাফল পেতে চায়, তাহলে তাদের সঠিক লোক, সঠিক নির্বাচক প্যানেল, খেলোয়াড়দের উন্নতি এবং তাদের কাজ করার জন্য সময় দিতে হবে। যদি একজন নতুন কোচ নিয়োগ করেন, তাহলে তাকে উল্লেখযোগ্য কিছু করার সুযোগ দিন, তাকে সময় দিন। অন্যথায় ফলাফল একই রকম হবে।’

বনশ্রীতে লুট হওয়া স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ৬

রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে লুট হওয়া উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপির ডিসি (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
এই ঘটনায় লুট হওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আজ শনিবার দুপুর সোয়া ১২টর দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

গত ২৪ ফেব্রুয়ারি বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ এক লাখ টাকা নিয়ে যাওয়ার ঘটনা ঘটে।

মুক্তির আগেই সিকান্দারের আয় ১৬৫ কোটি

বিগত কয়েক ঈদে বক্স অফিসে সালমান ঝড় দেখা যায়নি। তবে এ বছর ঈদের বক্স অফিসে জমাতে প্রস্তুত সালমান খান। মুক্তির অপেক্ষায় তার আসন্ন চলচ্চিত্র ‘সিকান্দার’। সিনেমাটির পোস্টারেও বলিউডের সুলতান ধরা দিয়েছেন দুর্দান্ত অ্যাকশন লুকে।
তাই এর মুক্তির অপেক্ষায় সালমান ভক্তরা।

এদিকে, মুক্তির আগেই বড়সড় আয় করে নিয়েছে সিকান্দার। সিনেমার বাজেটের প্রায় ৮০ শতাংশ আয় ইতোমধ্যেই ঘরে তুলে নিয়েছে সালমান খানের সিনেমাটি। পিঙ্কভিলার প্রতিবেদন অনুসারে, প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ‘সিকন্দর’-এর ডিজিটাল রাইটস (ওটিটি রিলিজ়), স্যাটেলাইট রাইটস (টিভি প্রিমিয়ার) এবং গানের রাইটসের জন্য প্রায় ১৬৫ কোটি টাকার একটি চুক্তি করেছেন।
যদিও এটির বক্স অফিসে বাম্পার কালেকশনের উপরই নির্ভর করবে এর ওঠানামা।

সূত্রের খবর অনুসারে, ‘সিকান্দার’ সিনেমা হলে মুক্তির পর নেটফ্লিক্সে মুক্তি পেতে পারে। এর জন্য প্রায় ৮৫ কোটি টাকার চুক্তি হয়েছে। তবে যদি সিনেমাটি বক্স অফিসে ৩৫০ কোটি টাকার বেশি আয় করে, তা হলে ওটিটিতে মুক্তির জন্য এই চুক্তি ১০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানা গেছে।
একই ভাবে, নির্মাতারা ‘সিকান্দার’-এর স্যাটেলাইট রাইটসের জন্য একটি সর্বভারতীয় চ্যানেলের সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার চুক্তি করেছে। গানের রাইটসের জন্য ‘জি মিউজিক’-এর সঙ্গে ৩০ কোটি টাকার চুক্তি হয়েছে।

যার ফলে মুক্তির আগেই সালমান খানের ‘সিকান্দার’ সিনেমাটি সিনেমার রাইটস-এর বাইরে ১৬৫ কোটি টাকা আয় করেছে। মুক্তির পর এই সংখ্যা ১৮০ কোটি টাকায় পৌঁছাতে পারে যা সিনেমাটির বক্স অফিস আয়ের উপর নির্ভর করবে।

প্রায় ১৮০ কোটি টাকা বাজেটে নির্মিত সিকান্দারের প্রচার ও বিজ্ঞাপনের বাজেটই ছিল প্রায় ২০ কোটি টাকা।
সালমান খানের পারিশ্রমিক যদিও এর মধ্যে অন্তর্ভুক্ত নয় বলে জানা যাচ্ছে।

‘সিকান্দার’ পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এখানে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিনী অভিনেত্রী রাশমিকা মান্দানা। এছাড়াও আছেন কাজল আগরওয়াল, শারমান যোশী প্রমুখ। সিনেমাটি মুক্তি পাবে ঈদ-উল-ফিতরে।

খামেনিকে চিঠি দিয়ে যে প্রস্তাব ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় আগ্রহী। এ কারণে তিনি ইসলামী প্রজাতন্ত্রটির নেতাদের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আহ্বান জানিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি পাঠিয়েছেন ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার (৭ মার্চ) ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ইরানের নেতার উদ্দেশে চিঠি পাঠিয়েছেন।

তিনি বলেন, ‘আমি বলেছি, আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। ইরানের সঙ্গে এখন আমাদের এমন এক পরিস্থিতি, তাতে খুব শিগগিরই কিছু একটা হতে যাচ্ছে। একটা শান্তি চুক্তি করতে পারবো বলে আমি আশাবাদী। আপনারা জানেন, আমি শক্তি বা দুর্বলতার কথা বলছি না।
আমি কেবল বলছি, অন্য কিছুর চেয়ে আমি বরং একটি শান্তি চুক্তি দেখতে চাই, কিন্তু অন্যভাবেও সমস্যার সমাধান হতে পারে।

একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আলোচনায় বসতে অস্বীকৃতি জানালে বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করতে বাধ্য হবে যুক্তরাষ্ট্র। এ অবস্থায়, তেহরানের কল্যাণে সমঝোতাই যুক্তিসঙ্গত হবে বলে উল্লেখ করেছেন তিনি।

ফক্স বিজনেসের সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় তিনি চিঠিটি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে পাঠিয়েছেন কিনা, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘হ্যাঁ।

বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি ‘গতকাল’ চিঠিটি পাঠিয়েছেন, যার অর্থ দাঁড়ায় চিঠিটি বুধবার পাঠানো হয়েছে।

তবে ট্রাম্পের এই দাবি অস্বীকার করেছে জাতিসংঘে ইরানের স্থায়ী মিশন। তারা জানায়, এমন কোনো চিঠির বিষয়ে অবগত নন তারা।

আমার জীবনে গুরুত্বপূর্ণ তিন মানুষ মা, স্ত্রী ও কন্যা : তারেক রহমান

আন্তর্জাতিক নারী দিবস আজ ৮ মার্চ। বাংলাদেশসহ সারা বিশ্বে সমাজ ও পরিবারে নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে প্রতিবছর এই দিনটি পালন করা হয়। এই বিশেষ দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ তিন নারীকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই স্ট্যাটাস দেন।

তারেক রহমান লিখেছেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তিন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা— তিনজন অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যে, আপনারা যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন।

তিনি আরো লিখেছেন, বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে।
প্রতিটি নারীরই যেকোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত।

বিএনপি সবাইকে নিয়ে নারীবান্ধব একটি সুন্দর সমাজ গড়তে চায় উল্লেখ করে দলের এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিখেছেন, আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারো নিশ্চিত করছি যে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব। যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না।

তিনি লিখেছেন, আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত।
তাদের ঘর ছেড়ে বাইরে আসতে হবে, তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়-ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে।

সবশেষে তারেক রহমান লিখেছেন, একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রোথিত। আমাদের ‘পরিবার কার্ড’ কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ, তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা এবং বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

ইউক্রেনের চেয়ে রাশিয়াকে ‘সামলানো’ সহজ : ট্রাম্প

শান্তি আলোচনায় মধ্যস্থতার ক্ষেত্রে ইউক্রেনের চেয়ে রাশিয়াকে সামলানো সহজ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, কিয়েভের চেয়ে মস্কোকে সামলানোই বেশি সহজ এবং যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গেই ভালো কাজ করছে।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর আগ পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের বিষয়টি শক্তভাবে বিবেচনা করছেন তিনি।

শুক্রবার ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন যে পুতিন যুদ্ধের অবসান চান।
কিন্তু ইউক্রেনের ক্ষেত্রে তিনি তা বলতে পারছেন না।

পুতিনের সাথে ট্রাম্পের সরাসরি কূটনীতি ন্যাটো সহযোগীদের বিস্মিত করেছে। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় রাশিয়ার আগ্রাসনের পর পশ্চিমারা কার্যত রাশিয়াকে পরিত্যাগ করেছিল।

আগামী সপ্তাহে ট্রাম্পের সিনিয়র কর্মকর্তাদের একটি দল সৌদি আরবে গিয়ে জেলেনস্কির টিমের সাথে সাক্ষাৎ করবেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, তিনি আশা করছেন আলোচনা অর্থবহ হবে। শুক্রবার তিনি বলেছেন, তার দেশ যত দ্রুত সম্ভব শান্তির জন্য প্রস্তুত। তিনি একই সঙ্গে এটি অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব করেছেন।

জেলেনস্কি ট্রাম্পের সাথে প্রকাশ্যে বাদানুবাদের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন যেখানে ‘দুঃখপ্রকাশ’ এবং ‘কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি’ রয়েছে।

সূত্র : বিবিসি।

একসঙ্গে পর্দায় আসছে আমির খানের পাঁচ সিনেমা

তিনি বলিউডের মি. পারফেকশনিস্ট হিসেবে খ্যাত। ক্যামেরায় তার কাজ সুনিপণ। তাই সাফল্যও তার পা ছুঁয়েছে বারবার। যেকোনো চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে তার জুড়ি মেলা ভার।
ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী চরিত্র। ১৪ মার্চ এ অভিনেতার ৬০তম জন্মদিন। এ উপলক্ষে বিশেষ সিনেমা উৎসবের আয়োজন করছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স।

১৪ মার্চ এ অভিনেতার ৬০তম জন্মদিন।
এ উপলক্ষে বিশেষ সিনেমা উৎসবের আয়োজন করছে ভারতের মাল্টিপ্লেক্স চেইন পিভিআর আইনক্স। আমিরের পাঁচটি দর্শকপ্রিয় ছবি ফের বড় পর্দায় হাজির করছে তাঁরা। বিষয়টি জানিয়েছেন পিভিআর আইনক্সের নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলি।

তিনি জানান, আমিরের জন্মদিন (১৪ মার্চ) থেকে তাঁদের প্রেক্ষাগৃহগুলোতে চলবে ‘লাগান’ (২০০১), ‘দিল চাহতা হ্যায়’ (২০০১), ‘রঙ দে বাসন্তী’ (২০০৬), ‘তারে জামিন পর’ (২০০৭) ও ‘পিকে’ (২০১৪)।
এর মধ্যে ‘তারে জামিন পার’ সিনেমায় আমিরের সঙ্গে সহপ্রযোজক ছিলেন সঞ্জীব কুমার।

তিনি বলেন, ‘আমির খানের সঙ্গে কাজ করা সৌভাগ্যের বিষয়। তিনি শুধু ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতাই নন, একজন বোধসম্পন্ন অভিভাবকও।’

বহুদিন ধরে নিজেকে বড় পর্দা থেকে দূরে রেখেছেন আমির খান। তাকে সর্বশেষ দেখা গেছে ‘লাল সিং চাড্ডা’তে।
তবে এই সিনেমা বক্স অফিসে ব্যর্থ হয়। এরপরই সিনেমা থেকে ব্রেক নেওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা। পরিবারকেই সময় দিচ্ছেন। সামনে ‘সিতারে জামিন পার’ সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন আমির খান। এটি তার প্রশংসিত সিনেমা ‘তারে জামিন পার’-এর সিক্যুয়াল। এ ছাড়া ‘লাহোর ১৯৪৭’ শিরোনামের একটি সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন আমির খান। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমায় সানি দেওল, প্রীতি জিনতা, আলি ফজলদের মতো তারকাদের দেখা যাবে।