দশ মাসে হিলি স্থলবন্দরে রফতানি আয় ১৯ লাখ ডলার
গত দশ মাসে হিলি স্থলবন্দরে রফতানি খাতে আয় হয়েছে ১৮ লাখ ৭১ হাজার ৭৭৯ মার্কিন ডলার। যা বাংলাদেশী টাকায় ১৪ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার টাকার সমান। চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১০ মাসে এই বৈদেশিক মুদ্রা আয় হয়েছে বলে হিলি কাস্টমস সুত্রে জানা গেছে।
ভারতে পণ্য রফতানির ক্ষেত্রে পণ্য বোঝাই ট্রাক ভারতে প্রবেশের সময়-সীমা বাড়ানোসহ রাস্তাঘাট সম্প্রসারণ ও বন্দরের সুযোগ সুবিধা বাড়ানো গেলে রফতানির পরিমাণ আরো বাড়বে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা।
কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, হিলি স্থলবন্দর মূলত আমদানি নির্ভর হলেও এ বন্দর দিয়ে কিছু পণ্য রফতানিও হয়ে থাকে। আগের তুলনায় এখানে দিনদিন বাড়ছে ভারতে পণ্য রফতানির পরিমাণ।
এ বন্দর দিয়ে যে পরিমাণ পণ্য রফতানি হয় তার বিপরীতে প্রায় ৭০ শতাংশ পণ্যই ভারত থেকে আমদানি হয়ে থাকে। বর্তমানে বন্দরটি দিয়ে চিটাগুড়, তুষের তেল বা রাইস ব্রান ওয়েল, ঝুট কাপর এবং প্লাস্টিকের ঝুড়ি ভারতে রফতানি হচ্ছে।
হিলি স্থলবন্দরের কাস্টমস সহকারী কমিশনার শাকিল খন্দকার বলেন, বন্দরের রাস্তা-ঘাট সম্প্রসাণসহ বন্দরের অবকাঠামোর উন্নয়ন করা হলে এই বন্দরে রফতানির পরিমাণ আরো বাড়তে পারে।
বন্দরের রফতানিকারক শ্যামল কুমার দাস বলেন, পণ্য রফতানির ক্ষেত্রে পণ্য বোঝাই ট্রাক ভারতে প্রবেশের যে সময় সীমা রয়েছে তা আরো বাড়ানো দরকার।
তিনি জানান, রাস্তা সম্প্রসারণ না হওয়ায় প্রায় যানজটের কবলে পড়তে হয় রফতানিকৃত পণ্য বোঝাই ট্রাক গুলোকে। ফলে ট্রাক প্রতি দিনে দুই হাজার টাকা বিলম্ব ফি দিতে হয়। এতে সময় ও খরচ বাড়ছে।
রফতানির ক্ষেত্রে পণ্য বোঝাই ট্রাক ভারতে প্রবেশের সময় সীমা বাড়ানো, রাস্তাঘাট সম্প্রসারণ ও বন্দরের সুযোগ-সুবিধা বাড়ানো গেলে এই বন্দর দিয়ে রফতানির পরিমাণ আরো বাড়বে বলে মনে করেন বন্দর সংশ্লিষ্টরা।
সাবেক মন্ত্রীসহ ১২ জন অভিযুক্ত ,ক্রেস্ট জালিয়াতিতে সরকারের ক্ষতি ৭ কোটি টাকা
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বন্ধুপ্রতিম বিদেশী ব্যক্তিত্ব এবং সংগঠনকে সম্মানিত করতে তাদের উপহার দিয়েছে সরকার। এই উপহার তৈরির জন্য যেসব ধাতব পাত কেনা হয়েছিল, সেগুলো কেনার সময় প্রায় ৭.০৪ কোটি টাকা ঠকানো হয়েছে সরকারকে। সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদনেই এই তথ্য তুলে ধরা হয়েছে।
উপহার তৈরির জন্য নিম্নমানের ধাতব পাত কেনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দায়ী হিসেবে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আরো ১২ ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে।
কাঠ, স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি হওয়ার কথা থাকলেও সেগুলোতে কোনো মূল্যবান ধাতু খুঁজে পাওয়া যায়নি বললেই চলে। উপহার রাখার জন্য তৈরি করা বাক্সগুলোতে আমেরিকার ওক গাছের কাঠ ব্যবহার করা হলেও সেগুলোও ছিল অত্যন্ত নিম্নমানের এবং এরই মধ্যে অনেকগুলো বাক্সই বেঁকে গেছে।
ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানের নেতৃত্বাধীন তদন্ত কমিটি বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।
জিল্লার রহমান বলেন, “এই প্রতারণার বিষয়ে সংবাদমাধ্যমগুলোতে যেসব প্রতিবেদন প্রকাশিত হচ্ছিল সেগুলোর স্বপক্ষে কোনো প্রমাণ আছে কি-না এবং বিষয়টি সত্য প্রমাণিত হয় সেক্ষেত্রে এর সঙ্গে কারা জড়িত সেটাই খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছিল আমাকে। আমার কাজ আমি করে দিয়েছি।”
কিন্তু দোষী ব্যক্তিদের কী শাস্তি দেয়া যেতে পারে সে ব্যাপারে কমিটি কোনো সুপারিশ করেনি কেন-এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, এই দায়িত্ব কমিটিকে দেয়া হয়নি।
সরকারি সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) উপহারগুলো নিয়ে একটি পরীক্ষা চালিয়েছিল যার ফলাফল নিয়ে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে নানা আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। প্রতিবেদনগুলোতে বলা হয়, ২০১২ সালে করা বিএসটিআই’র এক পরীক্ষায় বেরিয়ে এসেছে প্রতিটি উপহারে মাত্র ২.৩৬৩ গ্রাম স্বর্ণ এবং ৪৬৬.২৩৭ গ্রাম পিতল ব্যবহার করা হয়েছে।
কিন্তু ২০১২ সালের ৯ সেপ্টেম্বর সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এবিএম তাজুল ইসলাম স্বাক্ষরিত উপহার তৈরির চুক্তিপত্রে শর্ত ছিল প্রতিটি উপহার ২২.৫ গ্রাম স্বর্ণ এবং ৩৩৯ গ্রাম রূপা দিয়ে তৈরি করা হবে।
উপহারগুলোতে উন্নতমানের মূল্যবান ধাতু ব্যবহারের জন্য উচ্চমূল্য পরিশোধ করার পরেও বিদেশী বন্ধুদের হাতে শেষ পর্যন্ত নিম্নমানের উপহারই তুলে দিয়েছিল সরকার।
তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে তদন্ত কমিটির একটি সূত্র জানিয়েছেন, পুরো বিষয়টিতে সরকারের ক্ষতি হয়েছে প্রায় ৭.০৪ কোটি টাকা। বিদেশী বন্ধুদের জন্য তৈরি করা ৩৩৮টি উপহারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ১১.২ কোটি টাকা খরচ করেছে।
এই উপহারগুলোর মধ্যে মাত্র একটিতে শর্ত মোতাবেক সব ধরনের মূল্যবান পদার্থ পাওয়া গিয়েছে। ওই উপহারটি ছিল ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর।
এই বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলে সাবেক মন্ত্রী এবিএম তাজুল ইসলাম জানান, উপহারগুলো তৈরি ও কেনার পুরো বিষয়টি দেখভাল করেছে মন্ত্রণালয়ের ক্রয় কমিটি।
তিনি বলেন, “আমি ওই ক্রয় কমিটির সদস্য ছিলাম না। তাই এই বিষয়ে আমাকে দায়ী করার কোনো কারণই নেই।”
সাবেক এই মন্ত্রী জানান, তার নিজস্ব তত্ত্বাবধানেই ইন্দিরা গান্ধীকে দেয়া উপহারটি পরীক্ষা করা হয়েছিল। তিনি বলেন, “আমিই মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম বাকি উপহারগুলোও পরীক্ষা করার জন্য। ওই পরীক্ষাগুলোর ওপরে কোনো প্রতিবেদ আমি এখনো পাইনি।”
ইন্দিরা গান্ধীকে দেয়া ১.৪২ কোটি টাকার উপহারটি পরীক্ষা করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন।
৩৩৮টি উপহারের মধ্যে ২৭৮টি অ্যামেকন থেকে এবং বাকি ৬০টি এম/এস মোহাসিনুল হাসান তৈরি করেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অ্যামেকনের তৈরি করা বিলে দেখা গেছে প্রতিটি ক্রেস্টের জন্য প্রতিষ্ঠানটি প্রায় ২.৯৪ লাখ টাকা করে পেয়েছে এবং ৬০টি ক্রেস্টের জন্য এম/এস মোহাসিনুল হাসান পেয়েছে ১.৭৯ কোটি টাকা।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বন্ধুপ্রতিম বিদেশী ব্যক্তি ও সংগঠনগুলোকে এবং বিশেষ করে ইন্দিরা গান্ধীকে সম্মানিত করতে ২০০৯ সালে ক্ষমতাগ্রহণের পর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে সরকার। সাত দফায় সরকার ৩৩৭-এরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এখন পর্যন্ত সম্মানিত করেছে সরকার।
এই ব্যাপারে কথা বলতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান, সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, অতিরিক্ত সচিব গোলাম মুস্তাফা, যুগ্ম-সচিব আব্দুল কাশেম তালুকদার, উপ-সচিব এনামুল কাদের খান এবং জ্যেষ্ঠ সহকারী সচিব বাবুল মিয়াসহ আরো ১২জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
তদন্ত প্রতিবেদন জমা দেয়ার আগেই গোলাম মুস্তাফা এবং বাবুল মিয়াকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিযুক্ত করা হয়। এছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নেয়ার জন্য আবুল কাশেম তালুকদারও ওএসডি হিসেবে নিযুক্ত হয়েছেন।
ওএসডি পদে কাউকে নিযুক্ত করাকে শাস্তি হিসেবে বিবেচনা করা হয়।
সেরা হতে বিশ্বকাপ দরকার নেই: মেসি
লিও মেসি মনে করেন, সর্বকালের সেরা ফুটবলার হওয়ার জন্য বিশ্বকাপ জেতার নেই৷ তার সাফ কথা, ‘বিশ্বকাপ জেতা একটা বড় ব্যাপার৷ দারুণ স্পেশাল৷ আমিও স্বপ্ন দেখি, রিওতে ফাইনাল খেলছি৷ আশা করি, ফাইনালের পরে কাপ স্পর্শ করতে পারব৷ কিন্ত্ত কাপ না জিতলে সর্বকালের সেরা হওয়া যায় না, বিশ্বাস করি না৷ আমার মনে হয়, বিশ্বকাপ না জেতা অনেক ফুটবলার সর্বকালের সেরার মধ্যে রয়েছে৷’
মেসি নিজে মনে করছেন, তার বার্সেলোনা আগের থেকে ভালো জায়গায় রয়েছে৷ ‘আমাদের উপরই নির্ভর করছে, আমরা চ্যাম্পিয়ন হব কিনা৷ আমাদের ওই সুযোগটা কাজে লাগাতে হবে৷’
চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ায় লা লিগা কি অনেক গুরুত্বপূর্ণ এখন? বার্সেলোনার এক নম্বর তারকার সোজা কথা, ‘লা লিগার খেতাব আমাদের কাছে সব সময়ই গুরুত্বপূর্ণ৷’
তিনি ফুটবল নিয়ে আবেগ হারিয়েছেন, কাম্প নৌ ছেড়ে অন্য ক্লাবে নাম লেখাতে চান, এমন মন্তব্য উড়িয়ে দেন মেসি৷ আপনার বাবাকে নাকি বার্সেলোনা বাড়তি দশ শতাংশ অর্থ দিতে চায় আপনি ছেড়ে যেতে পারেন শুনে? ক্লাব ছাড়ার প্রশ্নই নেই জানিয়ে মেসি বলেন, ‘আপনার সম্পর্কে নানা ভয়ঙ্কর সব খবর বেরিয়েছে এ বার৷ অধিকাংশ খবরই মিথ্যে৷ আমি ঠিকই আছি৷’
বাংলাদেশ-ভারত বাণিজ্যিক সম্পর্ক জোরদারের সুপারিশ
ধানের বীজ আমদানি-রফতানির জন্য বাংলাদেশ ও ভারতকে নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরো এগিয়ে নিতে হবে বলে সুপারিশ করা হয়েছে একটি গবেষণা প্রতিবেদনে। এর কারণ হিসেবে প্রতিবেদনটিতে বলা হয়- দুই দেশের কৃষকরা বর্তমানে অবৈধ উপায়ে ধানের বীজ কেনা-বেচা ও আনা-নেয়ার জন্য যেভাবে সীমান্ত ব্যবহার করছে, দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কোন্নয়নের মাধ্যমে তা বন্ধ হয়ে যাবে।
কাটস্ ইন্টারন্যাশনাল স্টাডি নামের এক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়, “ধানের বীজ আমদানি-রফতানির ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশ-ভারত সম্পর্ক প্রায় অবহেলিত বলেই বলা যায়। সীমান্তে উচ্চ ফলনশীল জাতের বিভিন্ন ধানের বীজ (এইচওয়াইভি) নিয়ে বেশ কয়েকবার কিছু অনানুষ্ঠানিক পদক্ষেপ গ্রহণ করা হলেও এই পণ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যের বিষয়টির অনুপস্থিতি লক্ষ্যণীয়।”
প্রতিবেদনে আরো বলা হয়, দুই দেশের মধ্যে সহযোগিতার মাধ্যমে ধানের বীজের সহজলভ্যতা এবং বৈধভাবে প্রবেশ- দুইই তাৎপর্যপূর্ণভাবে নিশ্চিত করা যেতে পারে।
বর্তমানে দুই দেশের মধ্যে উচ্চ ফলনশীল জাতের বা এইচওয়াইভি ধানের বীজ শুধু পরীক্ষামূলকভাবে আদান-প্রদানের সুযোগ রয়েছে এবং এক্ষেত্রে আমদানির পরিমাণও অত্যন্ত সীমিত। ধানের বীজসংক্রান্ত প্রয়োজনীয় আইন, নীতি, বিধিমালা ও মানের মধ্যে সমন্বয়ের অভাবের পাশাপাশি মেধাসম্পদ অধিকারসংক্রান্ত বিষয়গুলোই দুই দেশের বাণিজ্যের মধ্যে মূল প্রতিবন্ধকতা।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, “সঠিক সময়ে এইচওয়াইভি ধানের বীজের প্রবেশাধিকার ও সহজলভ্যতার বিষয়টি নিয়ে কোনো না কোনো বাধা থেকেই যাচ্ছে। ফলে চাহিদা অনুযায়ী প্রচুর পরিমাণ এইচওয়াইভি ধানের বীজ পেতে হলে অবৈধ পথই বেছে নিতে হচ্ছে সংশ্লিষ্টদের।”
ভারতে জনপ্রিয় কিছু বাংলাদেশী উচ্চ ফলনশীল জাতের ধান হলো বিআর-১১, বিআরআরআই ধান-২৮ এবং বিআরআরআই ধান-২৯। আর বাংলাদেশে জনপ্রিয় ভারতের কিছু উচ্চ ফলনশীল জাতের ধান হলো স্বর্ণ (গুটি এবং সাদাসহ), পারিজাত, সমসর, স্বাম্পা এবং মামুম ইত্যাদি।
প্রতিবেদনটিতে বলা হয়- সনদপ্রাপ্ত স্বর্ণা এবং মিনিকেট জাতের ভারতীয় ধানের বীজ বাংলাদেশী মুদ্রায় প্রতি কেজি ৬০ টাকা দরে চোরাই বাজারে বিক্রি হয়, যেখানে ভারত থেকে যদি এই বীজ বাংলাদেশ কিনে নিত তাহলে অর্ধেক দামে অর্থাৎ প্রতি কেজি মাত্র ৩০ টাকা দরেই কিনে নিতে পারতেন বাংলাদেশী কৃষকরা।
গবেষণার সময়ে দেখা গেছে, এইচওয়াইভি ধানের বীজের যোগান দেয়ার ক্ষেত্রে বাংলাদেশ ও ভারত- দুই দেশের সরকারপর্যায়ে কর্তৃত্বপূর্ণ মনোভাব এবং সরকারি সংস্থাগুলোর অকার্যকর নীতির কারণেই মোট চাহিদার তুলনায় যোগানের পরিমাণ হয় খুবই কম। ফলে কৃষকরা হয় আগের জমানো বীজ ব্যবহার করেন নতুবা সীমান্ত দিয়ে অবৈধ বীজের চালান কিনতে বাধ্য হন।
এইচওয়াইভি ধানের বীজের সহজলভ্য ও বৈধ যোগানের নিশ্চিত করতে দুই দেশকেই এইচওয়াইভি ধানের বীজ চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করার জন্য পরামর্শ দেয়া হয় গবেষণায় যেন এর ফলাফল উভয় দেশেই গ্রহণযোগ্য হয়। যদি কোনো নির্দিষ্ট প্রজাতির ধান ব্যবহারোপযোগী বলে মনে করা হয় তাহলে দুই দেশেই সেটি বাণিজ্যিকভাবে চাষের জন্য প্রয়োজনীয় অনুমোদন দেয়ার জন্যও সুপারিশ করা হয় প্রতিবেদনে।
এছাড়াও দুই দেশের সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম, বীজসংক্রান্ত নীতি ও বিধিমালার সমন্বয় থাকা দরকার বলেও জানানো হয় প্রতিবেদনটিতে।
সিরাজগঞ্জের শিক্ষককে বদলি করায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ
প্রধান শিক্ষককে বদলি করার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়ক অবরোধ করে। এ সময় তারা সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
মঙ্গলবার সকাল ৯ টা থেকে ১০টা পর্যন্ত অবরোধ চলাকালে উভয় পাশে বিপুল সংখ্য যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, মাইঝাইল গ্রামের রঞ্জিত কুমার সূত্রধর পার্শ্ববর্তী সমেশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। অপর দিকে সমেশপুর গ্রামের সাইফুজ্জামান শিফন মাইঝাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিযুক্ত ছিলেন।
উক্ত দুই প্রধান শিক্ষক নিজেদের মধ্যে আলোচনা করে নিজ নিজ গ্রামের স্কুলে বদলি হন। কিন্তু স্কুল দুটির শিক্ষার্থীরা তাদের এই বদলি মেনে নিতে পারেনি।
মঙ্গলবার সকালে মাইঝাইল স্কুলের শিক্ষার্থীরা তাদের প্রধান শিক্ষককে ফিরে পেতে মিছিল সহকারে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের অবস্থান নেয়। এ সময় সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
ছাত্রলীগের মারামারিতে ঢামেকে এলেন না ফখরুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের মধ্যে সংঘর্ষে কারণে ঢাকা মেডিকেলে রোগী দেখতে না আসার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেল তিনটায় অসুস্থ এক ছাত্রনেতাকে হাসপাতালটিতে আসার কথা ছিল ফখরুলের। কিন্তু এর আগে ঢাবি শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকদের ছাত্রলীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হওয়ায় তিনি না আসার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
বিশ্ব গণিত প্রতিযোগিতায় বাংলাদেশী শিক্ষার্থীর কৃতিত্ব
বাংলাদেশে তুর্কি স্কুলের শিক্ষার্থী রাগিব মোস্তফা বিশ্ব গণিত প্রতিযোগিতায় প্রথম হয়েছে।
বাংলাদেশের ইন্টারন্যাশনাল হোপ টার্কিশ স্কুলের দশম শ্রেণীর ছাত্র মোস্তফা ১১০টি দেশের ৯০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এডেক্সেল আইজিসিএসই পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়ে বাংলাদেশে নিযুক্ত বৃটিশ রাষ্ট্রদূতের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছে।
বৃটিশ কাউন্সিল বাংলাদেশের আঞ্চলিক পরিচালক ব্রেডান ম্যাকশেরি জানান, জনবহুল দেশগুলোতে পরিচালিত টার্কিশ স্কুল বাংলাদেশে আন্তর্জাতিক স্কুলগুলোর মধ্যে অন্যতম সেরা স্কুল। বেসরকারি বার্তা সংস্থা চিহান নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি বলেন, “পরীক্ষায় এই স্কুলের শিক্ষার্থীরাই সবচেয়ে ভালো ফল করে।”
এডেক্সেল আইজিসিএসই পরীক্ষায় বাংলাদেশের টার্কিশ স্কুলের শিক্ষার্থীরা তাৎপর্যপূর্ণ ফলাফল করে বলে নিশ্চিত করেছেন এডেক্সেলের কান্ট্রি ডিরেক্টর সাইদুর রহমানও।
পরীক্ষায় প্রথম স্থান অধিকারী মোস্তফা জানায়, তার শিক্ষকরা যে শুধু পাঠ্যসূচির পড়াশোনা করান তাই নয় বরং যেকোনো প্রয়োজনেই শিক্ষার্থীদের সহায়তা করেন তারা। মোস্তফা বলে, “শৈশবে যখন আমি বাচ্চা অবস্থায় এই স্কুলে ভর্তি হয়েছিলাম, তখন থেকেই আমার জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে শুরু করেছিল। তাই আমার স্কুলের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ।”
ইন্টারন্যাশনাল হোপ টার্কিশ স্কুলের ডেপুটি জেনারেল ডিরেক্টর ইয়াভুজ কোচা জানান, বাংলাদেশে ১৯৯৬ সালে তারা স্কুলটি পরিচালনা শুরু করেন এবং শিক্ষার্থীদের সাফল্য দ্বারপ্রান্তে পৌঁছে দেয়ার মাধ্যমে বাংলাদেশে এই স্কুলটিকে একটি ব্র্যান্ডে পরিণত করেছেন তারা।
তাদেরই একজন শিক্ষার্থী রাগিব মোস্তফা সম্পর্কে ইয়াভুজ কোচা জানান, গণিত পরীক্ষাতেও প্রথম স্থান অর্জনের মাধ্যমে রাগিব তার স্কুল এবং দেশকে আন্তর্জাতিক অঙ্গনেও পরিচিত করেছে। তিনি বলেন, “এই ঘটনায় আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের শিক্ষার্থী রাগিবের প্রতি আমাদের শুভেচ্ছা রইল।”
এদিকে, একই পরীক্ষায় টার্কিশ স্কুলের আরো দুজন শিক্ষার্থী বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। বাণিজ্য বিভাগ থেকে জেরিন তাসনিম এবং বাংলাদেশে নিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূতের ছেলে মাসুদ অরাজ টার্কিশ ভাষায় পরীক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছে
হাল সিটির বিপক্ষে খেলতে পারছেন না রুনি
হাল সিটির বিপক্ষে বুধবার অনুষ্ঠিতব্য মৌসুমের শেষ হোম গেমে খেলতে পারছেন না ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা স্ট্রাইকার ওয়েন রুনি। শনিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ১-০ গোলের পরাজয়ের ম্যাচে কুঁচকির সমস্যার কারনে মাঠে নামতে পারেননি তিনি। এ কারণেই শেষ ম্যাচেও সাইডলাইনে বসে থাকতে হচ্ছে তাকে।
প্রাথমিকভাবে আশা করা হয়েছিল ইংলিশ এই ফরোয়ার্ড ওল্ড ট্র্যাফোর্ডে শেষ ম্যাচটিতে খেলতে পারবেন। কিন্তু অন্তর্ববর্তীকালীন কোচ রায়ান গিগস জানিয়েছেন ২৮ বছর বয়সী এই স্ট্রাইকার এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। আমরা তাকে এখনো পর্যবেক্ষণে রেখেছি।
এদিকে গত সপ্তাহে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টে রুনি নিজের ফিটনেস নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বিশ্বকাপে এই ইনজুরি কোনো সমস্যা সৃষ্টি করবে না বলেও তিনি আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিলেন। আগামী সপ্তাহে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষনা করবেন ইংলিশ বস রয় হজসন। হাল সিটির বিপক্ষে রুনির অনুপস্থিতির অর্থ হচ্ছে ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি গত সাত সপ্তাহের মধ্যে প্রথমবারের মত মূল একাদশে খেলতে যাচ্ছেন। অবশ্য, এখনো তিনি হাঁটুর ইনজুরি কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।
গিগসের অস্থায়ী দায়িত্বের অধীনে বুধবারের ম্যাচটিই হচ্ছে ইউনাইটেডের শেষ হোম ম্যাচ। ডেভিড ময়েসের উত্তরসূরি হিসেবে হল্যান্ড কোচ লুইস ভ্যান গ্যলের নিয়োগও প্রায় নিশ্চিত। ঘরের মাঠে শেষ ম্যাচটি অবশ্য ইউনাইটেডের জন্য বাড়তি কিছু বয়ে আনবে না। তবুও ওল্ড ট্রাফোর্ডের দুঃসহ স্মৃতি কিছুটা হলেও শেষ ম্যাচের মাধ্যমে কাটাতে চায় ম্যান ইউ। সান্ডারল্যান্ডের বিপক্ষে হতাশাজনক পরাজয় ছিল ইউনাইটেডের ঘরের মাঠে সপ্তম লিগ পরাজয়। যা ইউনাইটেডের ইতিহাসে সবচেয়ে বাজে পারফরম্যান্সেরই উদাহরণ।
ওল্ড ট্রাফোর্ড ছেড়ে আগামী মৌসুমে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানে পাড়ি জমাচ্ছেন নেমানজা ভিডিচ। সে কারণে কালই শেষবারের মতো ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে নামতে যাচ্ছেন সার্বিয়ান এই ডিফেন্ডার। এছাড়া রিও ফার্দিনান্দ এবং প্যাট্রিচ ইভরার জন্য এটি ফেয়ারওয়েল ম্যাচ। উভয়েরই চুক্তি এই মৌসুমের সাথে সাথে শেষ হয়ে যাচ্ছে। একইসাথে গিগসকেও তার নতুন দায়িত্ব থেকে সড়ে দাঁড়াতে হচ্ছে। যদিও ইউনাইটেড ভক্তরা এখনো জানতে পারেনি নতুন কোচ ভ্যান গ্যলের অধীনে গিগস খেলোয়াড়, নাকি সহকারী কোচের দায়িত্ব পালন করবেন। এখনো অবশ্য ইউনাইটেডের তালিকাভুক্ত খেলোয়াড় হিসেবে গিগসের নাম রয়েছে।
জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তরীর মৃত্যুতে স্পীকারের শোক
জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ সচিবালয়ের দপ্তরী মো. ছামিউল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
আজ এক শোক বাণীতে স্পীকার বলেন, মো. ছামিউল হক একজন সরকারি কর্মচারী হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত জনকল্যাণে কাজ করে গেছেন। জনকল্যাণে তার অব্যাহত প্রয়াস দায়িত্ব পালনে এক উজ্জ্বল দৃষ্টান্ত।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

