মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

প্রতি মুহূর্ত আতঙ্কে থাকেন ‘কেরালা স্টোরি’ অভিনেত্রী!

একটি সিনেমা রাতারাতি তার ভাগ্য বদলে দিয়েছে। সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ মাত্র নয় দিনে ১১২.৯৯ কোটি রুপি আয় করেছিল। ব্যবসাসফল হবার পরেও সারাক্ষণ আতঙ্কে থাকেন আদা শর্মা। মনে ভয়, আর যদি কাজ না পান।

এই আতঙ্কেই নাকি প্রত্যেক ছবির কাজ শেষ হওয়ার পর তার মনে হতে থাকে, এটাই তার শেষ ছবি। তার ভাগ্যে আর অভিনয়ের সুযোগ মিলবে না। সেই কারণেই কি ছবিতে অভিনয় ছেড়ে দিচ্ছেন আদা?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অকপট অভিনেত্রী। আদা শর্মা বলেছেন, ‘অভিনেতাদের জীবন এমনিতেই অনিশ্চিত।
আমি আরও বেশি অনিশ্চয়তায় ভুগি। একটা ছবি শেষ হয়। আমার মনে হয়, আর আমাকে কেউ ডাকবেন না। আমি আর ছবির কাজ পাব না।
এটাই আমার শেষ ছবি।’

যদিও তার সঙ্গে এখন পর্যন্ত এমন কিছু ঘটেনি। তিনি একের পর এক কাজ করছেন।

তিনি ছবিতে আর কাজ পাবেন কি না, এই দুশ্চিন্তার পাশাপাশি তার অভিনয় নিয়ে দর্শক কী ভাবছেন কিংবা দর্শকেরা তাকে আদৌ পছন্দ করেন কি না— তা নিয়েও আদা যথেষ্ট সচেতন। সে কথাও তিনি গোপন রাখেননি।

জানিয়েছেন, অভিনেত্রী ছোট ছোট স্বপ্ন দেখে বড় হয়েছেন। ফলে, সেগুলো পূরণ হতেই তিনি খুশি। কিন্তু ছবি মুক্তির পর দেখেছেন, দর্শকেরা তাকে নিয়ে বড় স্বপ্ন দেখেন! ছবি মুক্তির পর অনেকে সমাজমাধ্যমে জানান, এই চরিত্রটি আদার জন্য নয়। অমুক চরিত্রে তারা আদাকে দেখতে চেয়েছিলেন।

অনুরাগীদের এই উচ্চাকাঙ্ক্ষাও একেক সময় তাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়, এমনটাই মত তার।

অভিনেত্রীর কথায়, ‘আমি যদি দর্শক-অনুরাগীদের চাহিদা পূরণ করতে না পারি, তা হলে তারা আমাকে দেখবেন কেন?’

এই সময় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবির কথা মনে পড়ে তার। মনে হয়, এক জন্মে তিনি বোধ হয় সব পূরণ করতে পারবেন না। তাকে হয়তো আবার জন্ম নিতে হবে!

মৃত্যু রহস্য উন্মোচিত হলো অস্কারজয়ী অভিনেতার

অস্কারজয়ী অভিনেতা জিন হ্যাকম্যানের মৃত্যুর কারণে সম্পর্কে শুক্রবার (৭ মার্চ) এক হৃদয়বিদারক সিদ্ধান্তে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা জানিয়েছেন, হৃদরোগ এবং আলঝেইমার জটিলতায় আক্রান্ত হয়ে পেটে খাবার না থাকায় মৃত্যুবরণ করেছেন হ্যাকম্যান। তার মৃত্যুর এক সপ্তাহ আগে বিরল হান্টাভাইরাস রোগ আক্রান্ত হয়ে তার স্ত্রী বেটসি আরাকাওয়া সান্তা ফে-তে তাদের বাড়িতে মারা যান।

শুক্রবার (৭ মার্চ) দুজনের দেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেয়েছে নিউ মেক্সিকো পুলিশ।
তাতে প্রকাশ, হৃদ্‌রোগেই মৃত্যু হয়েছে বর্ষীয়াণ অভিনেতার। তাঁর মস্তিষ্কে থাবা বসিয়েছিল অ্যালঝাইমার্সও। তাঁর স্ত্রী বেটসির মৃত্যু হয়েছে হান্টাভাইরাস সংক্রমণে। বিরল এই ভাইরাসটি ইঁদুরের মল থেকে ছড়ায়।
কী ভাবে তাঁদের বাড়িতে ছড়াল হান্টাভাইরাস, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, জিনের মৃত্যুর ঠিক এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছিল বেটসির। অ্যালঝাইমার্সের কারণে জিন সম্ভবত সেটি অনুধাবন করতে পারেননি। তদন্তে এ-ও প্রকাশ পেয়েছে, দীর্ঘদিন পেটে খাবর পড়েনি জিনের।

সাংবাদিক বৈঠকে নিউ মেক্সিকো পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বেটসি সম্ভবত ১১ ফেব্রুয়ারি মারা যান। তবে ময়না তদন্তে প্রকাশ তথ্য অনুসারে জিন মারা গিয়েছেন ১৮ ফেব্রুয়ারি।

ফেব্রুয়ারি মাসের শেষের দিকে নিউ মেক্সিকোর সান্টা ফে এলাকার একটি আবাসনের কটেজে পোষা কুকুরের সঙ্গে দুজনের দেহ মেলে। শেরিফের অফিস থেকে ঘটনাস্থলে যান অফিসারেরা। পরে জানা যায়, দেহ দুটি অভিনেতা জিন এবং তার পিয়ানোবাদিকা স্ত্রী বেটসি আরাকাওয়ার।
জিনের বয়স হয়েছিল ৯৫ বছর এবং বেটসির ৬৩ বছর।

হ্যাকম্যানকে গত শতকের সেরা অভিনেতাদের একজন মনে করা হয়। রবার্ট ডি নিরো, আল পাচিনো, ডাস্টিন হফম্যানের সঙ্গে তিনি হলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া তারকার একজন ছিলেন। হ্যাকম্যানের প্রথম চলচ্চিত্র ছিল ওয়ারেন বেটির ‘লিলিথ’। ১৯৬৭ সালে আর্থার পেনের ‘বনি অ্যান ক্লাইড’ দিয়ে পার্শ্বচরিত্রে প্রথমবার অস্কার মনোনয়ন পান। ১৯৭০ সালে ‘আই নেভার স্যাং ফর মাই ফাদার’ চলচ্চিত্রের জন্য পার্শ্ব–অভিনেতা হিসেবে দ্বিতীয়বার অস্কার মনোনয়ন পান। এরপরই আসে সেই বিখ্যাত সিনেমা ‘দ্য ফ্রেঞ্চ কানেকশন’। ১৯৭১ সালে মুক্তি পাওয়া জিমি পপাই ডয়েল চরিত্রে অভিনয় করে দুনিয়াজুড়ে খ্যাতি পান। উইলিয়াম ফ্রিডকিনের সিনেমাটির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার পান।

ভারতের বাড়তি সুবিধা নয়, বরং ক্ষতিই দেখছেন সৌরভ গাঙ্গুলি

চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত একটি ভেন্যুতে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে বলে মত বিভিন্ন দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের। এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা যুক্তি-তর্কও চলছে। বিয়ষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে, তখন সৌরভ গাঙ্গুলি বইয়ে দিলেন উল্টো হাওয়া। সাবেক ভারতীয় অধিনায়কের মতে, পাকিস্তান সফরে গিয়ে ব্যাটিং স্বর্গ উইকেটগুলোয় খেলতে পারলে ভারতীয় ব্যাটসম্যানরা খুশিই থাকত।

ট্রেইলব্লেজার্স স্পোর্টস কনক্লেভকে সৌরভ গাঙ্গুলি বললেন, ভারত বাধ্য হচ্ছে দুবাইয়ে খেলতে। পাকিস্তানে যেতে পারলে বরং সুবিধা পেত ভারত। আইসিসি র‍্যাঙ্কিংয়ের বেশিরভাগ সেরা ব্যাটার তাদের দলেই। এই ব্যাটাররা লাহোর, করাচির মতন পিচে খেলতে পারলে রান বন্যা বইয়ে দিতেন।

তিনি জানান, ভেন্যু বেছে নেওয়ার পেছনে ভারতীয় দলের করার কিছু ছিলো না। ভারত সরকার রোহিত শর্মাদের পাকিস্তান সফরে পাঠাতে রাজী না হওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব খেলা রাখা হয় দুবাইতে। সব ধাপ পেরিয়ে ভারত ফাইনালে উঠে যাওয়ায় ফাইনালও হচ্ছে এই ভেন্যুতে।
সাবেক ক্রিকেটাররা এতে ভারতের সুবিধা দেখছেন। সৌরভ বলেন, ‘কিসের পছন্দ? ভারত তো নিজেদের ইচ্ছায় সব ম্যাচ দুবাইয়ে খেলতে রাজি হয়নি! তারা পাকিস্তানে যেতে পারছে না, ভারতের সরকার অনুমতি দিচ্ছে না। এজন্য খেলতে হচ্ছে (দুবাইয়ে)। এটা তো ভারতীয় দলের হাতে নেই। ব্যাপারটি তো এমনই।
’

গত দুটি বৈশ্বিক আসরে ভারত প্রচুর ভ্রমণ করতে হয়েছে এবং তার পরও তারা একটি চ্যাম্পিয়ন হয়েছে, আরেকটিতে রানার্স আপ, সেটিও মনে করিয়ে দিলেন সৌরভ। তিনি বলেন, আইসিসি ইভেন্টে এর আগে বাকি সব দল থেকে অনেক বেশি ভ্রমণ করে খেলেছে ভারত, ‘দেখুন ২০২৩ বিশ্বকাপে ভারত ৯ ম্যাচ ৯টা ভেন্যুতে খেলেছে। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে ৫টা ভিন্ন শহরে।’

চ্যাম্পিয়নস ট্রফি যে এবার পাকিস্তানে হবে সেটা ঠিক করার কমিটিতে সৌরভ নিজেও ছিলেন। তিনি দুবাইতে খেলার বিষয় ভারত নিজে ঠিক করেনি, ‘মনে আছে আমি তখন বিসিসিআইর সভাপতি ছিলাম। ২০৩১ পর্যন্ত সব বৈশ্বিক আসরের ভেন্যু ঠিক করার গ্রুপের অংশ ছিলাম। আমরাই তো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক পাকিস্তানকে করেছিলাম। ভারতে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৯ চ্যাম্পিয়নস ট্রফি ও ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ হবে। এটা (দুবাইতে খেলতে হওয়া) ভারত নিজে করেনি। তাদের পাকিস্তানে যাওয়ার উপায় নেই।’

ভোটার তালিকা হালনাগাদ শেষে শুরু হবে স্মার্ট কার্ড বিতরণ: ইসি

বাড়ি বাড়ি গিয়ে চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর স্থগিত থাকা স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সম্প্রতি অনুষ্ঠিত ইসির এক মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেসের (আইডিইএ) দ্বিতীয় পর্যায়ের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী সভায় বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চলমান থাকায় মুদ্রিত স্মার্ট কার্ডসমূহ বিতরণের ক্ষেত্রে প্রয়োজনীয় যন্ত্রপাতির জোগাড় করা কষ্টসাধ্য হতে পারে।

এছাড়া অফিসের কারিগরি যন্ত্রপাতিগুলো বর্তমানে হালনাগাদ কার্যক্রমে ব্যবহার করা হচ্ছে।
এ কার্যক্রম আগামী ১১ এপ্রিল শেষ হওয়ার পর স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম জোরদার করা সম্ভব হবে।

ইসি সূত্র জানায়, চলমান হালনাগাদ কার্যক্রম শেষ হওয়ার পর ১২ এপ্রিল মুদ্রিত স্মার্ট কার্ডগুলো বিতরণের কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইসি সূত্র জানায়, সবশেষে হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। যার মধ্যে স্মার্ট কার্ড পেয়েছেন ছয় কোটি ৯১ লাখ ৪৯ হাজার ৩৪৯ জন আর এখনো এ সেবার বাইরে রয়েছেন পাঁচ কোটি ২৭ লাখ ৮১১ জন।

চলমান বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হলে জুনে আরো একটি ভোটার তালিকা প্রকাশ করবে ভোট আয়োজনকারী সাংবিধানিক এ সংস্থাটি। এতে দেশে আরো ৫০ লাখের বেশি ভোটার যুক্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ২০১৬ সালের ৩ অক্টোবর স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু করার পর ৮ বছরের বেশি সময় অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে দেশের সকল নাগরিকদের হাতে স্মার্ট কার্ড তুলে দিতে পারেনি সংস্থাটি।

শাহরুখ-অজয়-টাইগারকে আইনি নোটিশ, হাজিরের নির্দেশ

আইনি নোটিশ গেল বলিউড তারকা শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফের কাছে। ভারতের জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে এই তিন তারকাকে। ১৯ মার্চের আগে কমিশনে হাজিরা দিতে হবে তাদের। পানমশলার বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার অভিযোগ তোলা হয়েছে তাদের বিরুদ্ধে।
বিজ্ঞাপনে পণ্যের প্রতিটি দানায় কেশর থাকার যে দাবি করা হয়েছে, সেটিকে প্রশ্নের মুখে ফেলে আদালত নোটিশ পাঠিয়েছে এই তিন অভিনেতাকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই মামলার সূত্রপাত জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়ালের অভিযোগের ভিত্তিতে। তাঁর বক্তব্য, বিজ্ঞাপনে কেশর থাকার দাবি করা হলেও বাস্তবে তা বিশ্বাসযোগ্য নয়। কারণ, ১ কেজি কেশরের দাম যেখানে ৪ লাখ টাকা, সেখানে মাত্র ৫ টাকার পান মসলার প্যাকেটে প্রতিটি দানায় আসল কেশর থাকা অসম্ভব।
এমনকি তার স্বাভাবিক গন্ধও পাওয়া যায় না।

এ ছাড়া অভিযোগে উল্লেখ করা হয়েছে, এ ধরনের পান মসলা ও গুটখা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তা সত্ত্বেও সেলিব্রিটিদের দিয়ে এই পণ্যের প্রচার চালিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করছে সংশ্লিষ্ট সংস্থা। তাই এ ধরনের বিভ্রান্তিকর বিজ্ঞাপন বন্ধের আবেদনও জানিয়েছেন অভিযোগকারী।

তবে এই প্রথম নয়, এই বিজ্ঞাপন ঘিরে আগেও বহুবার বিতর্ক তৈরি হয়েছে। শাহরুখ ও অজয়ের সমালোচনাও হয়েছে অনেক। এমনকি এই বিতর্কের কারণে বিজ্ঞাপন থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষয় কুমার। এবার ফের আদালতের নোটিসে চাপে পড়লেন বলিউডের জনপ্রিয় এই তারকারা।

ইউক্রেনে রুশ হামলায় ২৫ জন নিহত

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যস্থতায় যুদ্ধবিরতির তৎপরতার মধ্যে ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় গতকাল শুক্রবার ইউক্রেনে রুশ বাহিনীর হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ অবস্থায় ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, রাশিয়ার হামলায় সংঘাত প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। খবর বিবিসির।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শনিবার জানায়, গতকাল শুক্রবার রাতভর দেশটির উত্তরাঞ্চলীয় শহর দোব্রোপিলিয়া ও খারকিভ অঞ্চলের একটি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রুশ বাহিনী। হামলায় ছয় শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

প্রাণঘাতী এ হামলার প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে প্রথম হামলার পর উদ্ধারকর্মীদের লক্ষ্য করে দ্বিতীয় হামলা চালিয়েছে। এ ধরনের হামলা প্রমাণ করে যে রাশিয়ার লক্ষ্য অপরিবর্তিত রয়েছে।
তারা শান্তির সপক্ষে নয়।

যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা স্থগিত ও কিয়েভকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধের পর ইউক্রেনে রুশ বাহিনী প্রথমবারের মতো বড় পরিসরে এই ক্ষেপণাস্ত্র হামলা চালাল। গত সপ্তাহে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাগ্‌বিতণ্ডার পর ‘শাস্তিমূলক’ এসব পদক্ষেপ নেয় ওয়াশিংটন।

শুক্রবারের এই হামলার নিন্দা জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটের পররাষ্ট্রবিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে পুতিন দেখাচ্ছেন যে তাদের শান্তি প্রতিষ্ঠার প্রতি কোনো আগ্রহ নেই।

উল্লেখ্য, আগামী সপ্তাহে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ সৌদি আরবে ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, যেখানে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।

ঈদে বড় পর্দায় মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’

গত বছর ঈদেই মুক্তির জন্য প্রস্তুত ছিল শরাফ আহমেদ জীবনের ‘চক্কর ৩০২’। কাজ গুছিয়ে আনতে না পারায় সে সময় মুক্তি পায়নি সরকারি অনুদানে নির্মিত ছবিটি। এবার জানা গেল, রোজার ঈদে মুক্তি পাবে ছবিটি।

নির্মাতা জীবন বলেন, ‘শুরু থেকেই পরিকল্পনা ছিল বড় উৎসবে মুক্তি দেব।
তাই রোজার ঈদ বেছে নিয়েছি আমরা। শিগগিরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করব আমরা। ঈদের আগেই টিজার, ট্রেলার, গান প্রকাশসহ আরো অনেক পরিকল্পনা আছে আমাদের।’

রোজার ঈদে সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা মুক্তি পাচ্ছে, এ ছাড়া সিয়াম আহমেদের ‘জংলি’ এবং আফরান নিশোর ‘দাগি’ আসছে।
অন্য সিনেমার ভিড়ে এই সিনেমাটি নিয়ে কোনো চ্যালেঞ্জ দেখছেন না নির্মাতা জীবন। তিনি বলেন, ‘প্রতিযোগিতার জন্য তো সিনেমা বানাইনি, সিনেমা দর্শকের জন্য। গল্পটা আমাদের নিজেদের গল্প, দেশের গল্প। একটা মানুষের সম্পর্কের গল্প।
দর্শক যদি গল্পের সঙ্গে, চরিত্রের সঙ্গে নিজেদের কানেক্ট করতে পারে তাহলে সিনেমাটি পছন্দ করবে। এখানে কোনো চ্যালেঞ্জ দেখছি না।’

‘চক্কর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। তার বিপরীতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।

সিরিয়ায় নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াই, নিহত হাজার ছাড়াল

সিরিয়ায় গত দুই দিনে সরকারি নিরাপত্তা বাহিনী ও আসাদপন্থীদের লড়াইয়ে প্রায় ৭৪৫ বেসামরিক নাগরিকসহ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।

ব্রিটিশ-ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, শুক্রবার এবং শনিবার আলাউইতদের লক্ষ্য করে প্রায় ৩০টি ‘গণহত্যায়’ প্রায় ৭৪৫ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ ছাড়া ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের যোদ্ধাও নিহত হয়েছেন।

এই অঞ্চলের শত শত মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এটি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রাণকেন্দ্র, যিনি নিজেও আলাউইত সম্প্রদায়ের।

এসওএইচআর জানিয়েছে, গত দুই দিনে মোট ১,০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, যা গত ডিসেম্বরে আসাদ সরকার উৎখাতের পর থেকে সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ সহিংসতা। এদের মধ্যে ১২৫ জন সিরীয় নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৪৮ জন আসাদের অনুগত যোদ্ধাও রয়েছে।

নিহতের এই তালিকায় আসাদের অনুগত কয়েক ডজন সরকারি সেনা এবং বন্দুকধারীও রয়েছেন, যারা বৃহস্পতিবার থেকে উপকূলীয় লাতাকিয়া এবং তারতুস প্রদেশে সংঘর্ষে লিপ্ত হন।

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন। শুক্রবার (৭ মার্চ) ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

তিনি সেখানে লিখেছেন, মিশেল একজন অসাধারণ ব্যবসায়ী, অর্থনীতি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং অসাধারণ একজন নেতা। বর্তমানে নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন মিশেল।
তিনি লেবাননের রাজধানী বৈরুতে জন্মগ্রহণ করেন। অল্প বয়সে তার পরিবার ফ্রান্সের প্যারিসে চলে যায়। প্যারিস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করার পর তিনি প্যারিস ও নিউ ইয়র্কে ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে তিনি একটি অটোমোবাইল ডিলারশিপ কিনে তা বিক্রি করে নিউটন ইনভেস্টমেন্ট গ্রুপে যোগ দেন।
ব্যবসায়িক অভিজ্ঞতা থাকা সত্ত্বেও মিশেলের কূটনৈতিক কোনো অভিজ্ঞতা নেই।

আমেরিকা ২০২৩ সালে লেবাননে একটি নতুন দূতাবাস নির্মাণ করছে। যা বাগদাদের পরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দূতাবাস হিসেবে পরিচিত হবে।

সূত্র: রয়টার্স

দীঘিনালার লারমা স্কয়ারে ফের আগুন

খাগড়াছড়ি দীঘিনালায় বাস টার্মিনাল সংলগ্ন লারমা স্কয়ারে আগুন লেগেছে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস সদস্যরা। শুক্রবার (৭ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

আগুনে মুদি দোকান, কাপড়ের দোকান, ফার্মেসি, মোবাইল রিচার্জের দোকানসহ আনুমানিক ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে।
এতে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার পঙ্কজ কুমার বড়ুয়া জানান, দীঘিনালার লারমা স্কয়ার বাজারে রাত আনুমানিক ৩টার কিছু সময় আগে আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দীঘিনালা ইউনিট, সেনাবাহিনীর দীঘিনালা জোনের সেনা সদস্যরা, পুলিশ ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে ১২টি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানান।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্নেল ওমর ফারুক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুরো লারমা স্কয়ার বাজার পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়েছিল সব সম্প্রদায়ের শতাধিক পরিবার। ঘটনার ছয় মাসের মাথায় আবারও লারমা স্কয়ার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।