মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

আইফা ২০২৫: ‘লাপাতা লেডিস’ এর জয়জয়কার

অনুষ্ঠিত হয়ে গেল আইফা অ্যাওয়ার্ডসের ২৫তম আসর। ডিজিটাল অ্যাওয়ার্ডের পর গতকাল সিনেমাসহ একাধিক বিভাগে সেরাদের পুরস্কার ঘোষণা করা হয়। এই আসরে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘লাপাতা লেডিস’। আইফার মঞ্চে বাজিমাত করেছে সিনেমাটি, জিতে নিয়েছে দশটি পুরস্কার।

একনজরে দেখে নেওয়া যাক পুরস্কারের তালিকা:

সেরা ছবি: লাপাতা লেডিস
সেরা মুখ্য চরিত্র (অভিনেতা): কার্তিক আরিয়ান (ভুল ভুলাইয়া ৩)
সেরা মুখ্য চরিত্র (অভিনেত্রী): নীতাংশী গোয়েল (লাপাতা লেডিস)
সেরা পরিচালক: কিরণ রাও (লাপাতা লেডিস)
সেরা নেগেটিভ চরিত্র: রাঘব জুয়েল (কিল)
সেরা সহযোগী চরিত্র (অভিনেত্রী): জানকী বড়িওয়ালা (শয়তান)
সেরা সহযোগী চরিত্র (অভিনেতা): রবি কিষাণ (লাপাতা লেডিস)
সেরা গল্প (অরিজিনাল) পপুলার ক্যাটাগরি: বিপ্লব গোস্বামী (লাপাতা লেডিস)
সেরা গল্প (আডাপ্টেড): শ্রীরাম রাঘবন, অরিজিৎ বিশ্বাস, পূজা লাধা সূর্তি, অনুকৃতী পাণ্ডে (মেরি ক্রিসমাস)
সেরা পরিচালক (ডেবিউ): কুণাল খেমু (মাদগাঁও এক্সপ্রেস)
সেরা অভিনেতা (ডেবিউ): লক্ষ্য লালওয়ানি (কিল)
সেরা অভিনেত্রী (ডেবিউ): প্রতিভা রান্তা (লাপাতা লেডিজ)
সেরা সঙ্গীত পরিচালক: রাম শপথ (লাপাতা লেডিজ)
সেরা গানের কথা: প্রশান্ত পাণ্ডে (লাপাতা লেডিজ)
সেরা গায়ক: জুবিন নতিয়াল (দুয়া – আর্টিকেল ৩৭০)
সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (আমি যে তোমার – ভুলভুলাইয়া ৩)
সেরা সাউন্ড ডিজাইন: সুভাষ সাহু, বলয় কুমার দলুই, রাহুল কারপে (কিল)
সেরা চিত্রায়ণ: স্নেহা দেশাই (লাপাতা লেডিজ)
সেরা সংলাপ: অর্জুন ধাওয়ান, আদিত্য ধর, আদিত্য সুভাষ জামভালে, মোনাল ঠাকর (আর্টিকেল ৩৭০)
সেরা এডিটিং: জুবিন মার্চেন্ট (লাপাতা লেডিজ)
সেরা সিনেমাটোগ্রাফি: রাফে মহম্মদ (কিল)
সেরা কোরিওগ্রাফি: বসকো সিজার (তবা তবা – ব্যাড নিউজ)
সেরা স্পেশাল এফেক্টস: রেড চিলিস ভিএফএক্স (ভুলভুলাইয়া ৩)
আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট ইন ইন্ডিয়ান সিনেমা: রাকেশ রোশন

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয় এবং হত্যার চেষ্টা করা হয়’

সুনীতা আহুজার সঙ্গে বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের খবরে বেশ আলোচনায় বলিউডের ‘হিরো নম্বর ১’ গোবিন্দা। এবার ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন অভিনেতা।

গোবিন্দা জানান, বলিউডে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়। সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে এমনটা জানান গোবিন্দা।
ইন্ডাস্ট্রি নিয়ে মজার গল্প শেয়ার করলেও, অনেক বিস্ফোরক দাবিও করেন তিনি।

কেন রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে গোবিন্দা দাবি করেন, বলিউডের লোকেরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।

তিনি বলেন, ‘আমি সম্মানহানির একটা লম্বা সময়ের মধ্য দিয়ে গিয়েছিলাম এবং এটা ছিল পূর্বপরিকল্পিত। ওরা আমাকে ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল।
বুঝলাম এরা সবাই শিক্ষিত মানুষ, আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, ওদের জায়গায় ঢুকে পড়েছি। তাই তারা আমার সঙ্গে খেলা শুরু করেছে। আমি তাদের নাম নিতে পারি না, কারণ এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যই তো, আমি এখনও বেঁচে আছি। যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়, তখন আমার প্রাণনাশের চেষ্টাও শুরু হয়।
অনেকে আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে ধরা পড়েছিল এবং আমাকে হত্যা করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করা হচ্ছিল। এসব ষড়যন্ত্রের পর আমার স্বভাব বদলে গেল। ভাবলাম, রাজনীতি করি বা না করি, বর্তমানে এরকমই অবস্থা চারদিকের।’

এদিকে চলতি মাসের শুরুতে স্ত্রী সুনীতার সঙ্গে বিচ্ছেদ নিয়ে জোর চর্চায় ছিলেন গোবিন্দা। তবে পরবর্তীতে দু’জনেই এটিকে মিথ্যা বলে জানান।

গোবিন্দাকে শেষ দেখা গেছে ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ ছবিতে। পাইপলাইনে রয়েছে তার ৩টি নতুন কাজ।

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহায়তা ঘোষণা কানাডার

বাংলাদেশসহ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে কানাডা। স্থানীয় সময় রবিবার (৯ মার্চ) দেশটির আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন এই অর্থায়নের ঘোষণা দেন। কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক বিবৃতিতে আহমেদ হুসেন বলেন, বাংলাদেশসহ বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জনগণের সঙ্গে কানাডার জনগণের দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক আরো শক্তিশালী করছি আমরা।
ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, নারীর ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহায়তা প্রদানের মাধ্যমে আমরা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলছি।

তিনি বলেন, অন্যান্য বিদেশি অংশীদার ও দাতাদের অর্থায়নের পাশাপাশি এই তহবিল বাংলাদেশ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশে ১৪টি প্রকল্পে ব্যয় করা হবে।

কানাডার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে— লিঙ্গ সমতা, নারীদের ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, দক্ষতা প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি ইত্যাদি। এ ছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সম্পৃক্ততা জোরদার এবং দারিদ্র্য হ্রাসের লক্ষ্যে অন্যান্য প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এই পদক্ষেপের মাধ্যমে কানাডার ফেডারেল লিবারেল সরকার বৈদেশিক উন্নয়ন সহায়তার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের তুলনায় সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে। দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইউএসএআইডির মাধ্যমে বৈদেশিক সহায়তা বন্ধ করে দেয়। ওয়াশিংটনের এমন বিমাতাসুলভ আচরণের মধ্যে বৈদেশিক সহায়তার ঘোষণা দিয়ে সম্পর্ক জোরদার করছে কানাডা।

সন্দেহজনক গতিবিধি, ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ বিসিবির

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে সন্দেহজনক গতিবিধির কারণে এক ব্রিটিশ নাগরিককে জিজ্ঞাসাবাদ করেছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (এসি‌ইউ)।

ঘটনাটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রবিবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ চলার সময়ের বলে এক খবরে জানিয়েছে ডেইলি সান।

খেলা চলাকালীন ডমিনিক লুক উড নামে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয় এসিইউর। পরে সেই ব্রিটিশ নাগরিককে গ্যালারি থেকে ডেকে নেওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য।

বিসিবির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ৪৯ বছর বয়সী উড দীর্ঘ ১৫ বছর ধরে তুরস্কে বসবাস করছেন। জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেন, ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহ করাই তার শখ। সেই শখ পূরণের উদ্দেশ্যেই তিনি বাংলাদেশে এসেছেন বলে এসিইউকে জানিয়েছেন। তিনি আগামী ২৮ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে উড বলেন, ‘আমি শুধু ক্রিকেটারদের অটোগ্রাফ সংগ্রহের জন্যই এখানে এসেছি।’

এদিকে বিসিবির দুর্নীতি দমন ইউনিট উডের পরিচয় যাচাইয়ের জন্য তদন্ত করছে। এ ছাড়া তার অতীত কর্মকাণ্ড নিয়েও তদন্ত চালিয়ে যাচ্ছে।

বেড়েছে প্রবাহ, ৮ দিনে রেমিট্যান্স এলো ৮১ কোটি ডলার

চলতি মাসের প্রথম আট দিনে দেশে এসেছে ৮১ কোটি ৪৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৯ হাজার ৯৩৩ কোটি ৪৬ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ১৮ লাখ ডলার। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মার্চের প্রথম আট দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। গত ফেব্রুয়ারি ও জানুয়ারির একই সময়ে প্রবাসী আয় এসেছিল যথাক্রমে ৬৭ কোটি ১০ লাখ ডলার ও ৫৩ কোটি ৫২ লাখ ডলার। এ হিসাবে মার্চে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ।

মার্চের প্রথম আট দিনে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার।
এ ছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ছয় কোটি ৮৪ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৫১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ লাখ ৪০ হাজার ডলার।

বাংলাদেশ ব্যাংক আরো জানায়, ২ থেকে ৮ মার্চ দেশে এসেছে ৭৮ কোটি ৪২ লাখ ডলার রেমিট্যান্স। আর ১ মার্চ রেমিট্যান্স এসেছে তিন কোটি ৮০ হাজার ডলার।

এদিকে, গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ২৫২ কোটি ৭৬ লাখ ৪০ হাজার মার্কিন ডলার ও ২১৮ কোটি ৫২ লাখ মার্কিন ডলার।

‘অ্যাভাটার ৩’ হতে যাচ্ছে দীর্ঘ সময়ের সিনেমা

জেমস ক্যামেরুনের পরিচালনায় ‘অ্যাভাটার’ হলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। এ ফ্র্যাঞ্চাইজির এখন পর্যন্ত মুক্তি পাওয়া দুটি সিনেমাই আয়ের দিক থেকে বিশ্বরেকর্ড করেছে। এবার আসছে এর তৃতীয় কিস্তি। চলতি বছরের ১৯ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমাটি।
এটি ঘিরে ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

তবে আসন্ন এ সিনেমার শো টাইম পূর্বের সিনেমার থেকে দীর্ঘ হতে চলেছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া প্রথম ‘অ্যাভাটার’ ১৬২ মিনিট দীর্ঘ ছিল। তার সিক্যুয়েল ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ ১৯২ মিনিট দীর্ঘ ছিল।
তবে তৃতীয় কিস্তি আরেকটু বড় হতে যাচ্ছে বলেই জানিয়েছেন ক্যামেরন।

সম্প্রতি এম্পায়ার ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যামেরন বলেন, ‘তৃতীয় কিস্তির সময়কাল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কারণ তখন আমার মাথায় প্রচুর আইডিয়া জমা হয়েছিল। তবে সিনেমাটি একটা সময় বুলেট ট্রেনের মতো দ্রুত গতিতে এগোচ্ছিল এবং আমরা চরিত্রগুলো যথেষ্ট গভীরভাবে বিশ্লেষণ করতে পারছিলাম না। তাই আমি আমার সহকর্মীদের বলি, বন্ধুরা, আমাদের সিনেমার চরিত্রগুলোকে আলাদা করে ফুটিয়ে তুলতে হবে।
যার ফলস্বরূপ, তৃতীয় কিস্তির সিনেমাটির শো টাইম দ্বিতীয়টির চেয়ে একটু দীর্ঘ হবে।’

এদিকে সিনেমাটির বিষয়ে চিত্রনাট্যকার আমান্ডা সিলভার বলেন, “অ্যাভেটার: ফায়ার অ্যান্ড অ্যাশ, ‘দ্য ওয়ে অব ওয়াটার’ পর্বের থেকে আলাদা একটি সিনেমা হতে চলেছে, কারণ এর গল্প শুধু অ্যাকশন ও ভিজ্যুয়াল স্পেকট্যাকলের বাইরে গিয়ে চরিত্রগুলোর গভীর বিশ্লেষণ নিয়ে কাজ করবে। যা দর্শকদের দারুণ একটা অনুভূতি উপহার দেবে।”

২০২৪ সালের আগস্টে ডিজনির ডি ২৩ এক্সপোতে ক্যামেরন সিনেমার অফিসিয়াল টাইটেল ঘোষণা ও কনসেপ্ট আর্ট প্রদর্শন করেন। প্রকাশিত কনসেপ্ট আর্টে বিশাল আকাশযানে জো সালদানার চরিত্র নেইটিরিকে একটি ব্যানশিতে চড়ে থাকতে দেখা যায় এবং অ্যাশ পিপল নামে নাভি জনগোষ্ঠীকে একটি আগুনের চুলার চারপাশে জড়ো হয়ে থাকতে দেখা যায়।
সিনেমাটির বিষয়ে নির্মাতা জানান, চলচ্চিত্রটিতে প্যান্ডোরার এমন কিছু অংশ দেখা যাবে, যা আগে কখনো দেখা যায়নি পূর্বের সিনেমায়।

জেমস ক্যামেরুন পরিচালিত আসন্ন এ চলচ্চিত্রটিতে অভিনয় করছেন, জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ আরও অনেকে।

ভারতে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে নিহত ৭

ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ১৪ জন। স্থানীয় সময় গতকাল রবিবার দিবাগত রাতে একটি প্রাইভেট কার ও ট্রাকের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ঘটনার বর্ণনা দিয়ে ডেপুটি পুলিশ সুপার গায়ত্রী তিওয়ারি সংবাদমাধ্যমকে জানান, একটি পরিবারের সদস্যরা মিলে এসইউভি প্রাইভেট কারে (ট্যাক্সি সার্ভিস) মাইহারের দিকে যাচ্ছিল। আর সিধি থেকে বাহরি যাচ্ছিল একটি ট্রাক। এ সময় সিধি-বাহরি রোডের উপনি পেট্রল পাম্পের কাছে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, গতকাল রাত আড়াইটার দিকে এই দুর্ঘটনার খবর পেয়েছি।
এতে অন্তত সাতজন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে। আহতদের মধ্যে ৯ জনকে পার্শ্ববর্তী রেওয়ায় স্থানান্তর করা হয়েছে। আর বাকিদের সিধি জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দুর্ঘটনার পর ট্রাকচালককে আটক করা হয়েছে। কিভাবে এ দুর্ঘটনা, তার তদন্ত চলছে বলে জানিয়েছে সিধি জেলা পুলিশ।

প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না : রিজভী

আইনের প্রয়োগ সঠিকভাবে করলে দেশে বিশৃঙ্খলা হতো না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে। কোথাও নারীদের নিরাপত্তা নেই। প্রশাসন ঠিক থাকলে দেশে এমন বিশৃঙ্খলা হতো না।

রাজধানীর নয়াপল্টনে সোমবার মহিলা দলের বিক্ষোভ কর্মসূচিতে তিনি এ কথা বলেন। মাগুরাসহ দেশজুড়ে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমল থেকেই নারীরা নির্যাতিত হয়েছিলেন। এখন তো ছাত্রলীগ-যুবলীগ নেই, তাহলে কারা এই হিংস্রতার সঙ্গে জড়িত।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তা জানতে চাই।

তিনি বলেন, সরকারের কাছে বলতে চাই, দ্রুততম সময়ে আছিয়ার ধর্ষণকারীদের বিচার করতে হবে, যেন অন্য অপরাধীদের হৃৎকম্পন হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব সময় আছিয়ার বিষয়ে খোঁজ খবর রাখছেন।

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উদ্দেশ করে রিজভী বলেন, দেশের বিভিন্ন জেলায় ডিসি-এসপিদের কক্ষে গিয়ে তাদের কাজ তদারকি করছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা।
অথচ তাদের থাকার কথা ক্লাসে ও লাইব্রেরিতে। বিগত দিনে ফ্যাসিস্ট পতনের আন্দোলনে তাদেরও অনেক অবদান রয়েছে। তাই তাদের উচিত ক্যাম্পাসে ফিরে গিয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো।

জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহিনুর নার্গিসের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন মহিলা দলের সহ-সভাপতি নেওয়াজ হালিমা আর্নি, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাম্মি আক্তার, ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রুমা আক্তার ও ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব অ্যাডভোকেট রুনা লায়লা প্রমুখ।

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে কুয়েত

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণসহ বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওহাব হামাদাহ।

রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই প্রতিশ্রুতি দেন।

রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ও কুয়েতের মধ্যে দৃঢ় ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে বৃহত্তর সহযোগিতার ওপর জোর দেন। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, কুয়েত এবং বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু।
এখানে বিনিয়োগের অনেক সুযোগ রয়েছে এবং হালাল খাদ্যের জন্য বাংলাদেশ একটি দুর্দান্ত ক্ষেত্র হতে পারে। আমি আপনাকে এই উদ্যোগে তরুণদের অন্তর্ভুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি।

এ সময় প্রধান উপদেষ্টা কুয়েতি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) বিনিয়োগের পাশাপাশি ৭-৯ এপ্রিল ঢাকায় আসন্ন বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান। প্রধান উপদেষ্টা বলেন, শীর্ষ সম্মেলনে কুয়েত থেকে বিনিয়োগকারীদের আমাদের দেশে আনুন।
এটি উভয় দেশের জন্য একটি বড় সুযোগ হবে।

বৈঠকে কুয়েতের রাষ্ট্রদূত হামাদাহ দেশটির প্রধানমন্ত্রী শেখ আহমেদ আবদুল্লাহ আল-আহমদ আল-সাবাহ এবং কুয়েতের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন। তিনি বলেন, আমরাও বাংলাদেশের সঙ্গে কাজ করার জন্য আগ্রহী।

এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে কুয়েত থেকে অপরিশোধিত তেল আমদানি সম্প্রসারণের বিষয়ে উভয়পক্ষের আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা কুয়েতকে বাংলাদেশে যৌথ উদ্যোগে অপরিশোধিত তেল শোধনাগারে বিনিয়োগের আমন্ত্রণ জানান এবং তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশটিকে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে সহযোগিতার আহ্বান জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা কুয়েতে বাংলাদেশি কর্মীদের, বিশেষ করে নারী কর্মীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার বিষয়ে জোর দেন।

তিনি দুই দেশের মধ্যে শক্তিশালী প্রতিরক্ষা সহযোগিতার কথাও স্বীকার করেন এবং কুয়েতে কর্মরত বাংলাদেশি সামরিক কর্মীদের পেশাদারিত্বের প্রশংসা করেন। প্রধান উপদেষ্টা ও কুয়েতের রাষ্ট্রদূত অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরো গভীর করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল। রবিবার (৯ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের প্র্যাকটিস ম্যানেজার, অ্যাগ্রিকালচার প্র্যাকটিস গ্রুপ, সাউথ এশিয়া রিজিওন, তমাস রিকার্দো রসদ ভিয়ামার।

খাদ্য উপদেষ্টা তমাস রিকার্দো রসদ ভিয়ামারকে বাংলাদেশে স্বাগত জানান। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনার পাশাপাশি বিশ্বব্যাংকের অর্থায়নে এ দেশে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে খাদ্যসচিব মো. মাসুদুল হাসানসহ খাদ্য মন্ত্রণালয় এবং বিশ্বব্যাংকের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।