মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

রিয়াল না অ্যাতলেতিকো, কারা যাবে শেষ আটে

সপ্তাহ ঘুরে আবার মাদ্রিদ ডার্বির রোমাঞ্চ। চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি পর্বে আজ রাতে মেট্রোপলিটানো স্টেডিয়ামে মুখোমুখি হবে রিয়াল ও অ্যাতলেতিকো। সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-১ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার সমীকরণে খানিকটা এগিয়ে আছে লসব্লাংকোরা। অ্যাতলেতিকোর মাঠে ড্র করলেও কার্লো আনচেলোত্তির দল পৌঁছে যাবে শেষ আটে।
বিপরীতে অতিরিক্ত সময়ে ম্যাচ টেনে নিতেও অন্তত এক গোলের ব্যবধানে জিততে হবে রোজিব্লাংকোসদের।

ইতিহাস, ঐতিহ্য, রেকর্ড—সব কিছু পক্ষে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফলতম দল রিয়ালের। ইউরোপের অভিজাত এই ক্লাব আসরে মাদ্রিদ ডার্বি মানেই তো লস ব্লাংকোদের জয়োৎসব। পাঁচবার নগর প্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হয়ে তারা জিতে মাঠ ছেড়েছে প্রতিবার।

এর মধ্যে ২০১৪ সালে লিসবনে এবং দুই বছর পর মিলানের ফাইনালে অ্যাতলেতিকোকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালে সেমিফাইনাল থেকে অ্যাতলেতিকোকে বিদায় করেছিল লস ব্লাংকোরা। শেষ আটের টিকিট কাটতে হলে এই বিবর্ণ অতীত বদলে দিয়ে সাফল্যের নতুন গল্প লিখতে হবে অ্যাতলেতিকোকে।

অ্যাতলেতিকো কি পারবে ইউরোপে রিয়ালের রাজত্বের অবসান ঘটিয়ে শেষ আটের টিকিট কাটতে? ফিরতি পর্বের লড়াই নিজেদের সমর্থকদের সামনে খেলবে বলে দারুণ আশাবাদী দলের আর্জেন্টাইন কোচ ডিয়েগো সিমিওনে, ‘আমাদের সমর্থকরা আমাদের সামনে এগিয়ে দেয়, তারা শক্তি জোগায়, তাদের সমর্থনে প্রচেষ্টাগুলো সহজ হয়ে যায়।

তাদের সমর্থন আমাদের আবার দরকার। আমরা এখনো টিকে আছি। সম্ভবত বুধবার (আজ) ভালো একটি রাত কাটবে আমাদের।’ কিন্তু অতীত রেকর্ডের পাশাপাশি সাম্প্রতিক ফর্ম তাদের হয়ে একদম কথা বলছে না। লা লিগার সর্বশেষ ম্যাচে গেতাফের মাঠে হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে আজ তারা মুখোমুখি হচ্ছে রিয়ালের।

আর্সেনালের কাজ অপেক্ষাকৃত অনেক সহজ। পিএসভির মাঠ থেকে ৭-১ গোলের জয় নিয়ে ফিরেছিল গানাররা। ফিরতি পর্বে তারা আবার খেলবে নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে। আর্সেনালের বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ আটে উঠতে হলে তাই অলৌকিক কিছু করতে হবে পিএসভিকে। সুবিধেজনক অবস্থানে থেকে ক্লাব ব্রুজর মুখোমুখি হবে আরেক ইংলিশ জায়ান্ট অ্যাস্টন ভিলাও। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠ থেকে ৩-১ গোলের জয় নিয়ে ফিরেছিল তারা। নিজ মাঠ ভিলা পার্কে আজ রাতে ন্যূনতম ব্যবধানে হারও তাদের পৌঁছে দেবে পরের রাউন্ডে।

পলকের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়াম রহমান ও আনোয়ার হোসেন নাঈমের চার দিনের রিমান্ড দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এদিন তাদের আদালতে হাজির করা হয়।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তার পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ধানমন্ডি থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন ভুক্তভোগী রিয়াজ।
এসময় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ধানমন্ডি থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতের মা শাফিয়া বেগম।

‘অর্থনৈতিক কারণ’ দেখিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আগেই আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। এবার আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করল আয়ারল্যান্ড। আইসিসির সফরসূচি অনুযায়ী, চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল আইরিশদের।

আফগানিস্তান আইসিসির পূর্ণ সদস্য, আর এই সদস্যপদ পাওয়ার একটি শর্ত হলো মেয়েদের দল থাকতে হবে।
কিন্তু ২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর দেশটিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ। এসব জটিলতায় আন্তর্জাতিকভাবে চাপে আছে দেশটি। এমনকি সম্প্রতি আফগানিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াচ।

যদিও ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রমের দাবি, এটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং অর্থনৈতিক কারণে নেওয়া হয়েছে।
ডিউট্রম বলেছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি আর্থিক কারণে করা সম্ভব হচ্ছে না। আমাদের স্বল্পমেয়াদি বাজেট–সংকট মোকাবিলা করতে হচ্ছে এবং বোর্ডের কৌশলগত লক্ষ্য অনুযায়ী বিনিয়োগের ভারসাম্য বজায় রাখতে হবে।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজটি না হলেও আয়ারল্যান্ডে পুরুষ ক্রিকেট দল মে ও জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে। সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড।
ক্রিকেট আয়ারল্যান্ড গতকাল তাদের আন্তর্জাতিক সূচি প্রকাশ করেছে। সেখানে এই দুটি সিরিজের কথা উল্লেখ আছে।

অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহীর ইন্তেকাল

বিশিষ্ট ব্যবসায়ী, অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় সকাল ৭টা ৩১ মিনিটে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে জানা গেছে।

মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজই বাবার মরদেহ দেশে নিয়ে আসার চেষ্টা চলছে।

১৯৭২ সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে একটি কম্পানি প্রতিষ্ঠা করে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন তিনি। চার বছর পর ১২ লাখ ২২ হাজার টাকায় রাষ্ট্রমালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে অ্যাপেক্স ট্যানারি প্রতিষ্ঠা করেন।
১৪ বছর পর তার হাত ধরে যাত্রা শুরু করে অ্যাপেক্স ফুটওয়্যার। বর্তমানে এটি দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান।

তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অবদানের জন্য বিভিন্ন পুরস্কার পেয়েছেন তিনি।

সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৯৬ সালে যোগাযোগ, নৌপরিবহন, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

২০০১ সালে কৃষি, নৌপরিবহন, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন।

গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলা, নিহত ৪

ইসরায়েলি বিমান হামলায় মঙ্গলবার গাজা সিটিতে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি ভূখণ্ডের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা এমন ‘সন্ত্রাসীদের’ লক্ষ্যবস্তু করেছে, যারা সেনাদের জন্য হুমকি তৈরি করছিল। এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংস্থাটির মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেন, গাজা সিটির দক্ষিণে নেটসারিম এলাকায় একদল নাগরিকের ওপর ইসরায়েলি হামলা চালানো হয়।
এতে চারজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন সম্পর্কে ভাই। সবাই ছিলেন বিশোর্ধ্ব পুরুষ।

অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তাদের বিমানবাহিনী ‘সন্দেহজনক তৎপরতায় লিপ্ত কয়েকজন সন্ত্রাসীকে’ হামলার লক্ষ্যবস্তু করেছে, যারা আইডিএফ সেনাদের জন্য হুমকি তৈরি করছিল। পরে এক পৃথক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দক্ষিণ গাজার আরেকটি বিমান হামলায় তারা এক যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘আজকের আগে দক্ষিণ গাজায় এক সন্ত্রাসীকে আইডিএফ সেনাদের ওপর নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করতে দেখা যায়। হুমকি দূর করতে আইএএফ (বিমানবাহিনী) সন্ত্রাসীকে লক্ষ্য করে হামলা চালায়।’ তবে ওই যোদ্ধা নিহত হয়েছেন কি না, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এএফপি বলছে ইসরায়েল মার্চের শুরু থেকে গাজায় প্রায় প্রতিদিন বিমান হামলা চালিয়ে আসছে।
সেনাবাহিনী বলছে, তারা বিস্ফোরক স্থাপন করা যোদ্ধাদের লক্ষ্যবস্তু করছে।

হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধে ১৯ জানুয়ারি থেকে কার্যকর থাকা এক নাজুক যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের হামলাও অব্যাহত রয়েছে এবং যুদ্ধবিরতি বাড়ানো নিয়ে এখনো কোনো চুক্তি হয়নি। যুদ্ধবিরতির প্রথম পর্যায় মার্চের শুরুতে শেষ হলেও ইসরায়েল ও হামাস—দুই পক্ষই সর্বাত্মক যুদ্ধে ফেরার পথ থেকে বিরত রয়েছে।

হামাস বারবার যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে, যা স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে ইসরায়েলের সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও জিম্মি-বন্দি বিনিময়ের মাধ্যমে আরো ফিলিস্তিনি বন্দির মুক্তির পথ প্রশস্ত করবে।
তবে ইসরায়েল বলছে, তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায় আগামী এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানোর পক্ষে।

পররাষ্ট্র উপদেষ্টাকে নেপাল সফরের আমন্ত্রণ

নেপালের পররাষ্ট্রমন্ত্রী ড. আরজু রানা দেউবা ১৬-১৮ মে কাঠমাণ্ডুতে অনুষ্ঠেয় ‘সাগরমাথা সম্বাদ’ সংলাপে যোগদানের জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে নেপাল সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

এ সময় তারা দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা জোরদার বিশেষ করে বাণিজ্য, জ্বালানি, সংযোগ, জলবায়ু পরিবর্তন ও পর্যটন বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়া তারা সার্ক, বিমসটেক, বিবিআইএনসহ আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক জোট থেকে পারস্পরিক সুবিধা পাওয়ার বিষয়েও আলোচনা হয়।

‘সাগরমাথা সম্বাদ’ হচ্ছে নেপাল সরকার কর্তৃক বহুপক্ষীয় একটি বৈশ্বিক সংলাপ ফোরাম। নেপালে প্রথমবারের মতো এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

কুমিল্লায় ঈদ ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে : পুলিশ সুপার

কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেছেন, রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লায় অপরাধ প্রতিরোধে মাঠে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী। নগরীর অভিজাত শপিংমল, ব্যাংক-বীমাসহ বিভিন্ন মার্কেট এলাকা সিসি ক্যামেরার আওতায় এনে মনিটর করা হচ্ছে।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, এরই মধ্যে মার্কেটগুলোর সামনে পোশাকধারী পুলিশ সদস্যদের অবস্থান ও টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত ডাকাতি বন্ধে পুলিশ ২৪ ঘণ্টা টহল দিচ্ছে এবং এটি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদারকি করছেন।

তিনি বলেন, নগরবাসীর নিরাপত্তার স্বার্থে রমজানের সময় পুলিশি নিরাপত্তা ঢেলে সাজানো হয়েছে। রমজান ঘিরে আর্থিক লেনদেন বেড়ে যায়, তাই প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক, বিপণিবিতানসহ গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ মোতায়েন থাকবে। ঈদের কেনাকাটায় শপিংমল ও মার্কেটগুলোতে নারী হয়রানি ও ইভটিজিং রোধে বিপুলসংখ্যক মহিলা পুলিশ মোতায়েন থাকবে।

এ ছাড়াও চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধে গোয়েন্দা পুলিশের নজরদারি ও টহল অব্যাহত থাকবে। রমজানের প্রতিটি ধাপে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে বলে জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে যেসব বিদেশফেরত যাত্রীরা যাতায়াত করবেন তাদের মেঘনা অথবা দাউদকান্দি এলাকায় ৩০-৪০টা মাইক্রো গাড়ি জড়ো করে পুলিশি টহলের মাধ্যমে নিরাপদ গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো বলেন, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য মাইকিং করেছি।
নগরীর ৮টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যানজট নিরসনে তিনি বলেছেন, গত ৫ আগস্টের পর নগরীতে প্রায় ৩৬ হাজার অটোরিক্সা ছিল তা এখন কমিয়ে প্রায় ২৫ হাজার করা হয়েছে। শহরের যানজট নিরসনে আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে। ১৫ রমজানের পর নগরীর কান্দিপাড় এলাকায় যানবাহনের ওয়ানওয়ে করা হবে। বিভিন্ন মার্কেট মালিকরাও আমাদের সহযোগিতা করছেন।

কিশোর গ্যাং সম্পর্কে এক প্রশ্নের উত্তরে পুলিশ সুপার বলেন, কিছু কিছু কনটেন্ট ক্রিয়েটর রাস্তা ব্লক করে ভিডিও স্যুট করে মানুষকে ভোগান্তি ও আতঙ্কে সৃষ্টি করছে। আমরা গত কয়েক মাসে এমন চক্রের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করেছি।

দেবীদ্বারে ডাকাতির গুজব সম্পর্কে বলেন, ‘গত রাতে দেবীদ্বারের বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে যে মাইকিং করা হয়েছে, তা শোনার পর আমরা সেখানে ফোর্স পাঠিয়েছি। তবে এটি ছিল একটি গুজব। এসব গুজব থেকে আমাদের দূরে থাকতে হবে।’

আমরা জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি : জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, ‘আমরা পুলিশ মানবতার সেবা করে থাকি। আমরা জনগণের সেবা করে থাকি। আমরা শান্তিপ্রিয় জনগণকে শান্তিতে রাখার জন্য কাজ করি।’

মঙ্গলবার (১১ মার্চ) টঙ্গীতে স্থানীয় আমজাদ আলী সরকার গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত গণইফতারের তৃতীয় দিনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের গণইফতার একটি মানবতার ও সেবামূলক কাজ। সমাজের বিত্তবানদের এই কাজে এগিয়ে আসতে হবে। আমরা সেবামূলক কাজে সব সময় পাশে থাকব।’

গাজীপুরের প্রয়াত মেয়র অধ্যাপক এম এ মান্নানের ছেলে ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জরুল করিম রনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য গাজীপুর মহানগরের চারটি পয়েন্টে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে।
গাজীপুর শহরের পর এবার দ্বিতীয় ধাপে টঙ্গীতে গণইফতার চলছে।’

এই ধাপের গণইফতার চলবে আগামী শনিবার পর্যন্ত। এর আগে ২ মার্চ গাজীপুরে ভাওয়াল রাজবাড়ী মাঠে প্রথম দিনের কার্যক্রম শুরু হয়, যা ৮ মার্চ পর্যন্ত চলে। এরপর কোনাবাড়ী ও কাশিমপুরেও অনুরূপ গণইফতার চলবে।
সারা মাসে চারটি পয়েন্টে লক্ষাধিক মানুষ গণইফতারে শরিক হবেন বলে আশা করছেন আয়োজকরা।

রনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই প্রথম গাজীপুরে মাসব্যাপী গণইফতারের ব্যবস্থা করেছি।’ গণইফতারের আগে বেগম জিয়ার আশু রোগ মুক্তি কামনা ও শহীদ জিয়াসহ সব শহীদ ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরা যাবে না : তারেক রহমান

সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘এমনটা ঘটলে দেশের সব সম্ভাবনা বিনষ্ট হয়ে যেতে পারে। এখানে যেসব দল এসছে, সব দলের আদর্শ এক হবে না। তবে মূল বিষয়টি এক জায়গায়।
সেটা হলো গণতান্ত্রিক মানবিক বাংলাদেশে। যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে।’

মঙ্গলবার (১১ মার্চ) জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) আয়োজিত ইফতার অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘সংস্কারের প্রয়োজন রয়েছে।
বিএনপি দায়িত্ব পেলে জনগণের চাহিদা অনুযায়ী তা বাস্তবায়ন করবে। এ সময় নির্বাচন ও সংস্কারের পাশাপাশি স্বাস্থ্য, বাজারব্যবস্থা এবং নিত্যপণ্যের দাম নিয়ে ডিবেট হওয়া উচিত।
নিত্যপণ্যের দাম নাগালে আনতে রাজনৈতিক দলগুলো কেন বির্তক করছে না। ক্ষমতায় এলে মানুষের সমস্যা কিভাবে সমাধান করা হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনা করতে হবে।

তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেটা আলোচিত- সেটা হলো সংস্কার। আমরা এখানে যারা আছি, বিগত ১৫ বছর ধরে আন্দালন-সংগ্রাম করেছি আমাদের হারিয়ে যাওয়া ও ডাকাতি করে নেওয়া সেই অধিকারের জন্য। এখন বিভিন্ন আলোচনা চলছে। আমরা যেসব রাজনৈতিক দল এখানে আছি- দেশের মানুষকে মুক্ত করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি- একটি পরিবর্তনের জন্য, ভালো একটি পরিবর্তনের জন্য, মানুষের অধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য।’

তিনি আরো বলেন, ‘সংস্কার আপনারা যদি খেয়াল করে দেখেন, এই মুহূর্তে যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, অবশ্যই সেটির দরকার আছে।
বাংলাদেশের যে পার্লামেন্ট ব্যবস্থা আছে, এটা দ্বিকক্ষ হলে কী কী ভালো হতে পারে। এটি নিয়ে আলোচনা হচ্ছে, এর পক্ষে-বিপক্ষে মতামত হতে পারে। একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না; তাহলে স্বৈরাচারের যে প্রবৃত্তি সেটা দূর করা সম্ভব হবে। এই প্রস্তাবগুলো বিএনপির দিক থেকে আগে দেওয়া হয়। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের বিষয়ে আলোচনায় এসেছে।’

তারেক রহমান বলেন, ‘আমরা রাজনীতি করি কাকে ঘিরে? এই দেশের জনগণকে ঘিরে। আমাদের রাজনৈতিক দলগুলোকে সেভাবেই সংস্কার প্রস্তাবনা দিতে হবে। আমরা সেভাবেই দিচ্ছি। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলো আরো কিছু প্রস্তাব উপস্থাপনা করছি না। আমি তো মনে করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, এ ক্ষেত্রগুলো আরো গুরুত্বপূর্ণ।’

পাকিস্তানে ট্রেনে হামলা, ৪৫০ যাত্রী জিম্মি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার সশস্ত্র জঙ্গিরা একটি ট্রেনে হামলা চালিয়ে ৪৫০ জনের বেশি যাত্রীকে জিম্মি করেছে। এ ঘটনা ট্রেনটির চালক আহত হয়েছেন।

স্থানীয় সময় দুপুর ১টার দিকে প্রত্যন্ত সিবি জেলায় এ ঘটনা ঘটে, যেখানে ট্রেনটির নির্ধারিত স্টপেজ ছিল। ট্রেনটি সকাল ৯টার দিকে কোয়েটা থেকে যাত্রা শুরু করে উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশাওয়ারের উদ্দেশে রওনা হয়েছিল, যা ৩০ ঘণ্টারও বেশি সময়ের যাত্রাপথ।

এদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, বন্দুকধারীরা রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটির নিয়ন্ত্রণ নেয় এবং প্রত্যন্ত সিবি জেলায় ট্রেনটি থামিয়ে দেয়।

বিএলএ হুঁশিয়ারি দিয়েছে, জিম্মিদের উদ্ধারে কোনো চেষ্টা করা হলে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে।

প্রাদেশিক রাজধানী কোয়েটার জ্যেষ্ঠ রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ এএফপিকে জানান, ‘ট্রেনের ভেতরে থাকা ৪৫০ জনের বেশি যাত্রীকে বন্দুকধারীরা জিম্মি করে রেখেছে। যাত্রীদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
’

এ ছাড়া সিবির পার্শ্ববর্তী এলাকা থেকে নাম না প্রকাশের শর্তে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, ‘জাফর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনকে জঙ্গিরা থামিয়ে দেয়। যাত্রীদের জিম্মি করে রাখা হয়েছে এবং ট্রেনচালক আহত হয়েছেন।’

ট্রেনটি যেখানে আটকে আছে, সেই অঞ্চলটি পাহাড়বেষ্টিত হওয়ায় জঙ্গিদের জন্য আশ্রয়স্থল তৈরি করা ও হামলার পরিকল্পনা করা সহজ হয়। একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, আশপাশের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

দারিদ্র্যপীড়িত বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনী কয়েক দশক ধরে বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে। এই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ থেকে বাইরের লোকজন মুনাফা লুটে নিচ্ছে বলে অভিযোগ তুলেছে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী, অথচ স্থানীয় জনগণ এর কোনো সুফল পাচ্ছে না। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত পশ্চিম সীমান্ত অঞ্চলে সহিংসতা বেড়েছে।

ইসলামাবাদভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে পাকিস্তানে হামলায় এক হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়, যা প্রায় এক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী বছর।

সূত্র : এএফপি