বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় টমটম চালক নিহত

পিরোজপুরে শ্রীরামকাঠী-পিরোজপুর সড়কে পৃথক সড়ক  দূর্ঘটনায় একজন টমটম চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই জন।image_97703_0

বুধবার সকালে শহরের কুমারখালী এলাকায় চলিশা থেকে পিরোজপুর শহরের আসার পথে পেছন থেকে বাসের ধাক্কায় রাস্তার পাশে বৈদ্যুতিক পোস্টের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই টমটম চালক আবুল কালাম মোল্লা নিহত হন। টমটমে থাকা আরো দুই জন যাত্রী আহত হয়।

অপর দিকে একই সড়কের একটু দূরে অটো উল্টে দুই জন শিশুসহ মহিলা আহত হয়েছে। তাদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজহারের পক্ষে আইনি পয়েন্টে যুক্তি উপস্থাপন রোববার

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ করতে আগামী ১৪ সেপ্টেম্বর দিন সময় সীমা বেঁধে দিয়েছে ট্রাইব্যুনাল।

আসামিপক্ষের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন।

এটিএম আজহারের পক্ষে আজ সময় আবেদন করেন তার আইনজীবী শিশির মো. মুনির।image_97700_0

এর আগে গতকাল আজহারের আরেক আইনজীবী আব্দুস সোবহান তরফদার মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিতে যুক্তি উপস্থপন শেষ করেন।  এ সময় চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুসহ প্রসিকিউশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ৪ আগস্ট আজহারের বিরুদ্ধে যুক্তি উপস্থাপনের জন্য এই দিন ঠিক করে আদেশ দেন। গত বছরের ২৬ ডিসেম্বর থেকে আজহারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তার বিরুদ্ধে সর্বমোট ১৯ জন প্রসিকিউশনের সাক্ষী তাদের জবানবন্দি পেশ করেন।
একই বছরের ১২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের ছয়টি অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল-১।

এসব অভিযোগে তদন্তকালে ৬০ জনেরও বেশি ব্যক্তির সাক্ষ্যগ্রহণ করা হয়। এ মামলাটি তদন্ত করেন তদন্ত সংস্থার কর্মকর্তা (আইও) এসএম ইদ্রিস আলী।

প্রসিকিউশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্তের স্বার্থে ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি আজহারকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

২০১৩ সালের ১৮ জুলাই আজহারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

ছয়টি অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে। মোট চারটি ভলিয়মে ৩০০ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়।

এর আগে গত বছরের ৪ জুলাই মানবতাবিরোধী অপরাধের ৯ ধরনের অভিযোগে তদন্ত শেষ করে তদন্ত সংস্থা প্রসিকিউশন বরাবর তদন্ত রিপোর্ট দাখিল করে।

জামায়াত নেতা এটিএম আজহারের বিরুদ্ধে রংপুর অঞ্চলে ১২২৫ ব্যক্তিকে গণহত্যা, চারজনকে হত্যা, ১৭ জনকে অপহরণ, একজনকে ধর্ষণ, ১৩ জনকে আটক ও ১৩ জনকে নির্যাতন করা এবং শতশত বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে এ আসামি জড়িত ছিলেন বলে অভিযোগে বলা হয়।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের আদেশে রাজধানীর মগবাজারস্থ নিজ বাসা থেকে ২০১২ সালের ২২ আগস্ট আজহারকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির পদত্যাগের ইঙ্গিত রওশনের

আলোচনার ভিত্তিতে জাতীয় পার্টির সদস্যরা মন্ত্রিসভা থেকে আগামীতে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।

দলের চেয়ারম্যান এরশাদের সঙ্গে কোনো মতোবিরোধ নেই উল্লেখ করে রওশন  বলেন, আলাপ-আলোচনা ও সম্মতিক্রমেই তারা পরস্পরবিরোধী অবস্থান নেন।
image_97696_0
বেসরকারি টেলিভিশন ইনডিপেনডেন্টকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা রওশন এরশাদ।

রওশন জানান, জাতীয় পার্টি সরকারের অংশ থাকায় অনেকে যেহেতু সমালোচনা করেন এজন্য তারা মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন।

সরকার ও বিরোধী দলে একই সঙ্গে থাকার পেছনে তিনি যুক্তি দেন, এটা অনেক দেশেই আছে। সরকারের সঙ্গে মিলেমিশে কাজ করতে গেলে অনেক কিছু করতে হয়। আমরা দেখিয়ে দিয়েছি, সরকারে থাকার পরও বিরোধী দলের ভূমিকা পালন করে যাচ্ছি।

মন্ত্রিত্বের সংখ্যা বাড়ানোর জন্যই কি এই জাতীয় পার্টি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এমন প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা বলেন, না, আমাদের সিদ্ধান্তের পেছনে এমন কোনো উদ্দেশ্য নেই।

আপনি বরাবরই বিএনপিপন্থি হিসেবে পরিচিত, এবার কিভাবে আওয়ামীপন্থি হলেন-এমন প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, খালেদা জিয়া ছিলেন আর্মি চিফের ওয়াইফ, পরবর্তী সময়ে প্রেসিডেন্টের ওয়াইফ। আর আমার স্বামীও আর্মিতে ছিলেন। সে হিসেবে তার সঙ্গে আমার পরিচয়। এর বাইরে কিছু নয়।

রওশন বলেন, “আমি বিএনপি বা আওয়ামী লীগপন্থি নই, আমি জাতীয় পার্টিপন্থি।”

এরশাদের বিরোধিতা সত্ত্বেও ৫ জানুয়ারির নির্বাচনে যাওয়ার পেছনে যক্তি দেখিয়ে রওশন বলেন, “এ ব্যাপারে আমি অনেক ভেবেছি। আমরা নির্বাচনে না গেলে আবার ওয়ান ইলেভেন আসতো। এটা কারো জন্যই ভালো হতো না। তাই সাহস করে নির্বাচনে গিয়েছি। আমাকে সেই সাহস দিয়েছেন আল্লাহ।” জনগণের কথা চিন্তা করে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও দাবি করেন তিনি।

রওশন জানান, এরশাদের নীরব সম্মতি ছিল নির্বাচনে যাওয়ার ব্যাপারে। তার সঙ্গে আলাপ-আলোচনা করেই জাতীয় পার্টি নির্বাচনে যায়।

এরশাদ-রওশন বিরোধ মিডিয়ার বানানো দাবি করে রওশন বলেন, “আমাদের মধ্যে কোনো বিরোধ নেই। পত্রপত্রিকা এটা বেশি প্রচার করে। আমাদের সম্পর্ক স্বাভাবিক। এসব মিডিয়া মনগড়া পরিস্থিতি সৃষ্টি করে।”

জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল এমন অভিযোগের জবাবে রওশন বলেন, যারা কাজ করে তাদের বিরুদ্ধে সমালোচনা হবেই।

রওশন মনে করেন, আগামী নির্বাচন কিভাবে হবে তা আলাপ-আলোচনার মাধ্যমে হবে। এ ক্ষেত্রে বিএনপির সঙ্গেও আলোচনা হতে পারে বলে মনে করেন তিনি।

গত সাত মাসে বিরোধী দলীয় নেতা হিসেবে কী ভূমিকা পালন করেছেন এমন প্রশ্নের জবাবে রওশন এরশাদ বলেন, সাত মাস কম সময়। তবে এই সময়ের মধ্যে জনগণের অনেক কথাই বলেছি, ভবিষ্যতে আরো বলবো। তিনি জানান, নদী কমিশন গঠন, লঞ্চ দুর্ঘটনা প্রতিরোধে ব্যবস্থা এবং ফরমালিনবিরোধী অভিযানে সরকার তার পরামর্শ গ্রহণ করেছে।

জাপা চেয়ারম্যান সম্পর্কে মূল্যায়ন কী? এমন প্রশ্নের জবাবে রওশন বলেন, একজন মানুষের অনেকগুলো দিক থাকে। সব দিক থেকেই এরশাদ সাহেব ভালো। তিনি স্বামী হিসেবেও ভালো।

বাগেরহাটে ২০ দলের বিক্ষোভ

বিচারপতিদের অভিশংসনের  বিল সংসদে উত্থাপনের প্রতিবাদে বাগেরহাট ২০ দলীয় জোট বিক্ষোভ ও সমাবেশ করেছে।

বুধবার সকালে শহরের মুনিগঞ্জ বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাজার মোড় এলাকায় এসে প্রতিবাদ সমাবেশ করে।image_97692_0

পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি’র সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, সাংগঠনিক সম্পাদক মোজাফফর রহমান আলম, শমসের আলী মোহন, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদল সভাপতি মেহেবুবুল হক কিশোর,ছাত্রদল সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন, জেলা শ্রমিক দলের সভাপতি সরদার লিয়াকত হোসেন, আবুল কালাম আজাদ বুলু, সাজ্জাদ হোসেন, মো. রুবেলসহ দলীয় নেতারা।

বক্তারা বলেন, সংসদে উত্থাপিত আইন পাস হলে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে না।এটি সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হবে। তাই আন্দোলনের মাধ্যমে সরকারকে এই আইন পাস করা থেকে বিরত থাকতে হবে।

হাইকোর্টে ডিএমপি কমিশনারের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

রাজধানীর আজিমপুর কবরস্থানের সীমানা প্রাচীর পুনঃনির্মাণে সহায়তা না করার বিষয়ে হাইকোর্টে ব্যাখ্যা দিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ।

বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বেনজিরসহ তিন পুলিশ কর্মকর্তা হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দেন।
image_97691_0
আদালতে ডিএমপির পক্ষে শুনানি করেন তানজিবুল আলম। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম। অপরদিকে আবেদনের পক্ষে ছিলেন আসাদ উল্লাহ।

মামলার শুনানির শুরুতে আইনজীবী তানজিবুল আলম দাঁড়ালে তাকে বসিয়ে দিয়ে আদালত ডিএমপি কমিশনারকে সামনে আসতে বলেন। তখন আদালত তাকে বলেন, আপনি তো বিখ্যাত ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। আপনাকে প্রায়ই টিভিতে দেখি। আপনি জানেন এ মামলার বিষয়বস্তু কী ছিল। এরপর আদালত মামলার সম্পূর্ণ মামলার ঘটনা বর্ণনা করেন।

আদালত বলেন, কবরের সীমানা পুনঃনির্মানের কী সমস্যা ছিল, তা জানতে আমরা আদেশ দিয়েছিলাম।

তখন বেনজির আহমদ বলেন, মামলার পুরো বিষয়টাকে আমরা স্টাডি করেছি। আদালতের আদেশ সবাইকে মানতে হবে। সিটি করপোরেশন এ বিষয়ে আমাদেরকে ১৬টি চিঠি দিয়েছিল। এর মধ্যে কয়েকটিতে বলা হয়েছে, সহায়তা করার জন্য, কয়েকটিতে বলা হয়েছে ফোর্স দেয়ার জন্য। তবে কবে কখন করতে হবে তার দিনক্ষণ ঠিক করে বলা হয়নি।

বেনজির বলেন, গত বছর দেশে ক্রান্তিকাল ছিল। প্রায় দিনই হত্যা, অবরোধের মধ্য দিয়ে গেছে। আমরা এগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। এর মধ্যেও গত ২৯ নভেম্বরের আগে ৯০ শতাংশ দেয়াল ভাঙা হয়েছিল। তারপর গত ১ সেপ্টেম্বর পর্যন্ত কোনো চিঠি দেয়া হয়নি।

এরপর আদালতের আদেশ যাওয়ার পর গত ২ সেপ্টেম্বর থেকে দেয়াল পুনঃনির্মাণের কাজ শুরু হয়েছে। কাজের কিছু ছবি আদালতকে দেখান বেনজির আহমেদ।

“এতকিছুর পরও যদি আমাদের কোনো ক্রটি থাকে, তাহলে আমরা নিঃশর্ত ক্ষমা চাচ্ছি” বলেন ডিএমপি কমিশনার।

আদালত বলেন, কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনি নিয়মিত তদারকি করবেন। আপনি খেয়াল রাখবেন যেন কেউ কবরস্থানের পবিত্রতা নষ্ট না করতে পারে। আপনার প্রতি এটাই আমাদের আদেশ।

ডিএমপি কমিশনার বলেন, আদালতের আদেশ অবশ্যই পালন করা হবে।

আজিমপুর কবরস্থানের সীমানা প্রাচীর পুনঃনির্মাণে সহায়তা না করার বিষয়ে গত ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, লালবাগ জোনের উপ-কমিশনার (ডিসি) ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করে হাইকোর্ট।

আদালত সূত্র জানায়, ২০১২ সালে কবরস্থানটির সীমানা প্রাচীর ভেঙে ফেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নেয়। কিন্তু রাস্তাটি জাকির হোসেন নামের এক ব্যক্তির বাবার কবরের ওপর দিয়ে তৈরি হওয়ায়, প্রাচীর ভেঙে রাস্তা নির্মাণের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়।

জাকির হোসেনের এই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের জুলাই মাসে হাইকোর্ট কবরস্থানের ভেতর দিয়ে রাস্তা নির্মাণকে অবৈধ ঘোষণা করেন। পাশাপাশি রায়ে অতিদ্রুত ওই সীমনা প্রাচীর পুনঃনির্মাণের আদেশ দেন। কিন্তু রায় বাস্তবায়ন না হওয়ায় পরবর্তী সময়ে রিটকারী আদালত অবমাননার মামলা দায়ের করেন। এরপর সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিলে ডিসিসির কর্মকর্তা-কর্মচারীরা এলাকাবাসীর তোপের মুখে পড়ে। এ অবস্থায় ডিসিসির পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা দেয়ার নির্দেশনা চাওয়া হয় আদালতের কাছে।

হাইকোর্ট গত বছরের ১ আগস্ট যাতে কোনো ধরনের বাধা-বিপত্তি ছাড়াই ওই সীমানা প্রাচীর নির্মাণ করা যায় সে জন্য ডিএমপি কমিশনারকে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্যকে নিয়োজিত রাখার নির্দেশ দেন। একই সঙ্গে সীমানা প্রাচীর নির্মাণের পরেও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিন মাস পুলিশ সদস্যদের সেখানে নিয়োজিত রাখার নির্দেশ দেন।

এই নির্দেশের পরও ডিএমপির পক্ষ থেকে ডিসিসিকে কোনো ধরনের সহযোগিতা না করায় বিষয়টি হাইকোর্টকে অবহিত করা হয়। তারপর আবেদনের পরিপ্রেক্ষিতে তাদেরকে ব্যাখ্যা দেয়ার জন্য তলব করা হয়।

দারিদ্র্যের হার ৪০ থেকে ২৫ শতাংশে নেমেছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আমরা নিম্নআয়ের জনগণের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করেছি। ফলে দারিদ্র্যের হার ২০০৫ সালের ৪০ শতাংশ থেকে ২৫ শতাংশে নেমে এসেছে।”

মঙ্গলবার সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। একই স্থানে ডব্লিউএইচও’র আঞ্চলিক কমিটির ৬৭তম সম্মেলনও শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডব্লিউএইচও’র মহাপরিচালক ড. মার্গারেট চ্যান।image_97550_0

চার দিনব্যাপী এ সম্মেলনে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীরা অংশ নিচ্ছেন। মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে বুধবার ১০ সেপ্টেম্বর থেকে শুক্রবার ১২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক কমিটির ৬৭তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন দেশগুলোর স্বাস্থ্যমন্ত্রী ও কর্মকর্তারা।

সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারের স্বাস্থ্য খাতের উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপের বর্ণনা দিয়ে বলেন, আমরা ২০১২ সালেই এমডিজি-৪ অর্জন করেছি। এমডিজি-৫ অর্জনের ক্ষেত্রেও আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি।

তিনি বলেন, আমরা ২০০৯ সালে সরকার গঠন করার পরই স্বাস্থ্যখাতের উন্নয়নকে অগ্রাধিকার দিই। জনগণের চিকিৎসা সেবা পাওয়ার পথ সুগম করি। যুগোপযোগী স্বাস্থ্যনীতি প্রণয়ন করি। এ পর্যন্ত ১৩ হাজারের বেশি কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। এসব ক্লিনিকে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হয়েছে। তাদেরকে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ দেয়া হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ দেয়া হচ্ছে। আমরা ই-হেলথ ও টেলিমেডিসিন সেবা চালু করেছি। এর মধ্য দিয়ে আমরা দেশব্যাপী একটি ব্যাপক-ভিত্তিক স্বাস্থ্যসেবা নেটওয়ার্ক গড়ে তুলেছি। স্বাস্থ্যকর্মী, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি, বিশেষায়িত হাসপাতাল এবং উভয়মুখী রেফারেল পদ্ধতি প্রবর্তন করেছি। যা বিশ্বে অনন্য। এজন্য বাংলাদেশ ২০১১ সালে সাউথ সাউথ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের সকল পর্যায়ের হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়েছি। আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। নতুন নতুন জেনারেল হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হয়েছে। সরকার নতুন নতুন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, হেলথ টেকনোলজি ইনস্টিটিউট, নার্সিং কলেজ এবং নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট স্থাপন করেছে। ডাক্তার, নার্সসহ এ খাতের প্রতিটি বিভাগেই জনবল বাড়ানো হয়েছে।

জনগণের সার্বিক সুখ নিশ্চিতে স্বাস্থ্য অন্যতম গুরুত্বপূর্ণ নির্ণায়ক বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এজন্য আমরা নারী ও শিশু স্বাস্থ্য উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছি। নারী ও শিশুর স্বাস্থ্য ও জীবনমান সহায়ক নানামুখী সেবা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছি।

তিনি বলেন, একটি সুস্থ জাতি গড়ে তোলার লক্ষ্যে আমরা সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি। এজন্য আমরা দারিদ্র্য বিমোচন, শিক্ষা, জেন্ডার সমতা, নারীর ক্ষমতায়ন এবং পরিকল্পিত পরিবার নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছি।

শেখ হাসিনা বলেন, আমরা আন্তর্জাতিক মানের মিডওয়াইফারি ট্রেনিং কোর্স চালু করেছি। তিন হাজার মিডওয়াইফের পদ সৃষ্টি করা হয়েছে। শিগগিরই নিয়োগ কার্যক্রম শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, ভূটান, দক্ষিণ  কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও পূর্ব তিমুর এ সম্মেলনে অংশ নিচ্ছে। সম্মেলনে এ অঞ্চলের গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা ছাড়াও স্বাস্থ্যমন্ত্রীদের বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত বিনিময় করা হবে। এ বৈঠক সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রকে আরো প্রসারিত করবে এবং স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা গঠনে ভূমিকা রাখবে। স্বাস্থ্যমন্ত্রীদের সভা পরিচালনা করবেন বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রীরা ভেক্টরবাহিত রোগ মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন এবং এ বিষয়ে ‘ঢাকা ঘোষণা’ দেবেন। সূত্র: আইআরআইবি

বন্যায় ভারত ও পাকিস্তানে ৪৫০ জনের প্রাণহানি

ভারত ও পাকিস্তানের ভয়াবহ বন্যায় গত কয়েক দিনে প্রায় ৪৫০ জনের মৃত্যু হয়েছে। ভারতের কাশ্মিরে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে মৃত্যুর সংখ্যা সোয়া ২২৫ জনের বেশি।

মঙ্গলবার ভারতের হিন্দি দৈনিক জাগরণ ও টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্ককরণের প্রতিবেদনে জানানো হয়, ৬০ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যায় জম্মু-কাশ্মীরে প্রানহানি হয়েছে ২১৪ জন। প্রলয়ংকরী বন্যায় ভেঙে পড়েছে টেলি যোগাযোগ ব্যবস্থা।  ভেসে গেছে শতাধিক গ্রাম। উদ্ধার করা গেছে ২৩ হাজার মানুষকে। এখনো বন্যায় আটক হয়ে আছেন লক্ষাধিক মানুষ। ভারতের নৌ, বিমান ও সেনা বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।image_97547_0

কাশ্মিরে ঝিলাম নদীর পানি প্লাবিত হয়ে গেছে রাজধানী শ্রীনগরেরও বহু বাড়ি, মিলিটারি ঝাউনি এমনকি হাসপাতালও। বাদামি বাগ ক্যানটনমেন্ট থেকে এক ৪০০ জন সেনা ও তাদের পরিবারের লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কাজের সঙ্গে চলছে ত্রাণ বিতরণও। বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসনে করণীয় সবকিছু করার ঘোষণা দিয়েছেন তিনি।

অন্যদিকে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মিরে প্রলয়ংকরী বন্যায় প্রায়  ২২৫ জনের প্রাণহানি হয়েছে। আরো দুই শতাধিক মানুষ আহত হয়েছে। পানিতে ডুবে ও বাড়ির ছাদ ও দেয়াল ধসে এসব হতাহতের ঘটনা ঘটেছে বলে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার পাকিস্তানের ইংরেজি পত্রিকা ডনের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে বলা হয়েছে,পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে গত সপ্তাহে বন্যা শুরু হয়। এতে পাঞ্জাবে ১৫০, কাশ্মীরে ৬৪ ও উত্তরাঞ্চলে ১০ জন মারা গেছে।

বন্যায় ফসলি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাশ্মিরে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করে সবধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

এদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে বন্যা দুর্গত এলাকায় সহায়তার প্রস্তাব দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু এ প্রস্তাব নাকচ করে দিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জম্মু ও কাশ্মিরের বন্যা দুর্গত এলাকায় সহায়তার প্রস্তাব দিয়েছেন।

ফেনীতে শ্রমিক লীগ নেতাকে শ্বাসরোধ করে হত্যা

ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়ন শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক আজিজুল হক সাইফুলকে (৩০) শ্বাসরোধ হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতে পাশ্ববর্তী নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট পশ্চিম বাজারের সড়কের উপর থেকে লাশ উদ্ধার করা হয়।image_97548_0

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের করাহাজ্বী ভূঞা বাড়ির মমিনুল হকের ছেলে আজিজুল হক সাইফুলকে ওইদিন বিকালে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী সৈয়দ আহমদের ছেলে পেয়ার আহমদ।  এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে বিষয়টি থানায় অবহিত করা হয়।

রাত ৯টার দিকে সেবারহাট এলাকায় সড়কের উপর লাশ উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ। খবর পেয়ে সাইফুলের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।

মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য সাইফুলের লাশ নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সামির ও সায়মা নামের নিহতের দুই সন্তান রয়েছে।

নিহতের ভাই সামছুল হক রুবেল জানান, প্রতিবেশী পেয়ারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার ভাইয়ের বিরোধ চলে আসছে। ওই ঘটনার জের ধরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে তার দাবি।

দাগনভূঞা থানার ওসি আবুল ফয়সল নতুন বার্তা ডটকমকে সাইফুলের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

ইবি’র গ্যারেজে হামলা, ৫টি বাস ভাঙচুর

কুষ্টিয়া শহরের কাস্টম মোড়ে অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের গাড়ি রাখার গ্যারেজে হামলা চালিয়ে পাঁচটি বাস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সাড়ে দশটার দিকে এঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।image_97535_0

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শাহীনুর রহমান জানান, রাতে একদল দুর্বৃত্ত এসে আকস্মিক হামলা চালায়। তারা গ্যারেজে রাখা পাঁচটি বাসে কাচ ভাঙচুর করে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, কারা এঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত নয়। এখানকার দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীরা কাউকে চিনতে পারেনি।

তবে ধারণা করা হচ্ছে ইবি ছাত্রলীগের দুই নেতা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হওয়ায় তারা সমর্থকরা এ ভাঙচুরে ঘটনা ঘটাতে পারে।

ঢাবির ‘গ ’ইউনিটের ফল প্রকাশ আজ

ঢাকা বিশ্ববিদ্যালয় গ-ইউনিট ভর্তি পরীক্ষার ফল মঙ্গলবার সকাল ১১টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নং-২১৪) আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করবেন।  image_97486_0

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

শুক্রবার সকাল ১০টায় ‘গ’ ইউনিটের পরীক্ষা শুরু হয়। বেলা ১১টায় এ পরীক্ষা শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের অধীন ‘গ’ ইউনিটের এবার এক হাজার ১৭০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৪৯ হাজার ৯৭৬ জন। একটি আসনের বিপরীতে পরিক্ষার্থীর সংখ্যা ৫০ জন।