মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ইউক্রেন সেনাবাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ পুতিনের

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেই রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেন বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সিএনএনের খবরে বলা হয়, শুক্রবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে এক বৈঠক করেন। বৈঠকে পুতিন ওই অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতনের অভিযোগ এনে এই নির্দেশ দেন। পুতিন বলেন, আত্মসমর্পণকারী সৈন্যদের বেঁচে থাকা নিশ্চিত করা হবে।

ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে রুশ প্রতিনিধিদের সঙ্গে মার্কিন আধিকারিকদের আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে ৩০ দিনের যুদ্ধবিরতির আলোচনা চলছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, যুদ্ধবিরতির এই উদ্যোগ ব্যর্থ করে দিতে চান পুতিন। তিনি সেই চেষ্টাই চালাচ্ছেন।
ট্রাম্প অবশ্য পুতিনের ওপর আস্থা রেখেছেন। কুরস্ক ইউক্রেন সেনাদের যাতে হত্যা না-করা হয়, সেই অনুরোধও জানিয়েছেন।

দেশের পশ্চিম সীমান্ত নিয়ে গত আগস্টে রাশিয়ায় ঢুকে পড়েছিল ইউক্রেন বাহিনী। কুরস্কসহ বেশ কিছুটা অংশ তারা দখলও করে নিয়েছিল।
তবে গত সপ্তাহ থেকে কুরস্কে প্রত্যাঘাত করেছে রাশিয়া। আক্রমণের ঝাঁজ বাড়িয়ে দিয়েছেন পুতিন। ওই শহরে ইউক্রেন সেনাদের ঘিরে ফেলেছে রুশ বাহিনী।

কুরস্কের পরিস্থিতি নিয়ে জেলেনস্কি এবং ট্রাম্প উভয়েই উদ্বেগ প্রকাশ করেছেন। ট্রাম্প বলেছেন, ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনা কুরস্কে আটকে পড়েছেন।
আমি পুতিনকে অনুরোধ করেছি, ওদের যেন প্রাণে মেরে না-ফেলা হয়। যদি হয়, তবে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় গণহত্যা হবে।’

পুতিন জানান, ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনায় তিনি আগ্রহী। কিন্তু কুরস্কে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে হবে। এখন পর্যন্ত জেলেনস্কি তাতে নারাজ।

ইসলামী ব্যাংকিং সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে : ধর্ম উপদেষ্টা

ধর্মবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামী ব্যাংকিং জাকাত, সাদাকাহ ও ওয়াকফর মতো ব্যবস্থার মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করে। এটি দারিদ্র্য দূরীকরণ ও আয়বৈষম্য কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শনিবার সকালে রাজধানীর বাড্ডায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফিন্যান্স অ্যান্ড ইকোনমিকস উদ্বোধনকালে এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমানে ইসলামী ব্যাংকিং শুধু মুসলিম দেশেই নয়, বরং যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশেও জনপ্রিয় হচ্ছে।
আন্তর্জাতিক বাজারেও এটি একটি নির্ভরযোগ্য ও লাভজনক ব্যাংকিং ব্যবস্থা হিসেবে বিবেচিত। সারা দুনিয়ায় ১.৮ ট্রিলিয়ন ডলার ব্যবস্থাপিত হয়।

ড. খালিদ হোসেন বলেন, ইসলামিক ফিন্যান্স একটি ন্যায়সংগত ও নৈতিক অর্থনৈতিক ব্যবস্থা, যা সুদের পরিবর্তে লাভ-ক্ষতির ভিত্তিতে লেনদেন করে। এটি শুধু মুসলমানদের জন্য নয়, বরং যে কেউ ন্যায়সংগত ও স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থার অংশ হতে পারে।

এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া। স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ ওমর ফারুক। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রফেসর ড. গিয়াস উদ্দীন তালুকদার, সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফেলোস ফোরামের সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ শরীফ।

এর আগে ধর্ম উপদেষ্টা ইনস্টিটিউট অব ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইকোনমিকস ভবনের ফলক উন্মোচন করেন।

৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের ৪৩টি দেশের নাগরিকদের ওপর নানা মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই তৎপরতার সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা এ সংক্রান্ত একটি খসড়া তালিকা তৈরি করেছেন। তবে চূড়ান্ত প্রস্তাবে আরো কিছু পরিবর্তন আসতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কূটনীতিক ও নিরাপত্তা কর্মকর্তারা একটি লাল তালিকা প্রস্তাব করেছেন। এই তালিকায় থাকা ১১টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। এই দেশগুলো হলো—আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

এ ছাড়া, একটি ‘কমলা’ তালিকাও আছে।

এই তালিকায় থাকা ১০টি দেশের নাগরিকদের আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ করা হবে। এ ক্ষেত্রে দেশগুলোর ধনী ব্যবসায়ীরা প্রবেশ করতে পারলেও অভিবাসী বা পর্যটন ভিসায় আসা ব্যক্তিরা পারবেন না। এই তালিকার অন্তর্ভুক্ত দেশগুলো হলো—বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান এবং তুর্কমিনিস্তান।

প্রস্তাবে একটি খসড়া ‘হলুদ’ তালিকাও অন্তর্ভুক্ত আছে।
যেখানে ২২টি দেশকে ৬০ দিনের মধ্যে প্রাপ্ত তথ্যগত ঘাটতি দূর করার জন্য বলা হয়েছে, যদি তারা তা না করতে পারে তবে তারা অন্য কোনো তালিকায় স্থানান্তরিত হতে পারে। এই তালিকায় অন্তর্ভুক্ত দেশগুলো হলো—অ্যাঙ্গোলা, অ্যান্টিগুয়া ও বারবুডা, বেনিন, বুরকিনা ফাসো, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ডোমিনিকা, ইকুয়াটোরিয়াল গিনি, গাম্বিয়া, লাইবেরিয়া, মালি, মৌরিতানিয়া, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সাও টোমে ও প্রিন্সিপে, ভানুয়াতু এবং জিম্বাবুয়ে।

এর আগে, ডোনাল্ড ট্রাম্প ২০ জানুয়ারি দায়িত্ব গ্রহণ করেই একটি নির্বাহী আদেশ জারি করে। সেই আদেশে মার্কিন পররাষ্ট্র দপ্তরকে কোন কোন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ করা প্রয়োজন বা সীমিত করা প্রয়োজন তা চিহ্নিত করতে বলা হয়। তিনি ৬০ দিনের মধ্যে হোয়াইট হাউসে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেছিলেন।
অর্থাৎ, আগামী সপ্তাহেই জমা দিতে হবে এই প্রতিবেদন।

অবশেষে আটকে পড়া মহাকাশচারীদের ফেরাতে রওনা দিল মহাকাশযান

দীর্ঘ ৯ মাস পর অবশেষে মহাকাশে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং তার সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে ফিরিয়ে আনতে পৃথিবী থেকে রওনা দিয়েছে মহাকাশযান। নাসা এবং স্পেসএক্স আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ প্রতীক্ষিত রকেটটি উৎক্ষেপণ করেছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রওনা দিয়েছে রকেটটি। এই ক্রু-১০ মিশনটি মহাকাশচারী জুটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য দীর্ঘ প্রতীক্ষিত প্রথম পদক্ষেপ।

স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেটটি সন্ধ্যা ৭টা ০৩ মিনিটে ফ্লোরিডার নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে চারজন নভোচারীকে নিয়ে উড্ডয়ন করে। উইলমোর এবং উইলিয়ামসের স্থলাভিষিক্ত হবেন তারা। দুইজনেই নাসার অভিজ্ঞ নভোচারী এবং অবসরপ্রাপ্ত মার্কিন নৌবাহিনীর পরীক্ষামূলক পাইলট এবং বোয়িং (বিএডটিএন)-এর প্রথম বিমান উড়িয়েছিলেন।

উৎক্ষেপণের পর সাংবাদিকদের নাসার আইএসএস প্রগ্রামের ডেপুটি ম্যানেজার ডিনা কনটেলাম বলেন, উইলমোর এবং উইলিয়ামস স্টেশনে তাদের দৈনন্দিন সময়সূচিতে ঘুমিয়ে ছিলেন, তখন ক্রু-১০ উৎক্ষেপণ হয়েছে।

শনিবার রাত ১১টা ৩০ মিনিটে ১০ মহাকাশচারীর আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস)-এ পৌঁছানোর কথা রয়েছে মহাকাশযানটি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বুধবার পৃথিবীতে ফিরে আসতে পারেন সুনীতা ও ব্যারি। বুধবার ভোর ৪টায় (০৮০০ জিএমটি) নাসা মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ান মহাকাশচারী আলেকজান্ডার গর্বুনভের সঙ্গে রওনা হওয়ার কথা রয়েছে তাদের।

এই মহাকাশযানটিতে এতে আরো চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের (আইএসএস) উদ্দেশে পাড়ি দিয়েছেন।
তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন।

প্রায় ছয় মাস স্টেশনে অবস্থানকারী ক্রু-১০ ক্রুদের মধ্যে রয়েছেন, নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।

প্রঙ্গত, গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনীতা এবং বুচ। আট দিন পরেই তাদের পৃথিবীতে ফেরার কথা ছিল। কিন্তু যে যানে চড়ে তারা গিয়েছিলেন, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ফলে তাতে সুনীতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হওয়ায় নাসার সিদ্ধান্তে তাদের ছাড়াই সেটি খালি অবস্থায়ই পৃথিবীতে ফেরানো হয়।

সূত্র : রয়টার্স

বিচারে বিলম্ব দূর করার চেষ্টা করছে সরকার : আইন উপদেষ্টা

বিচারের ক্ষেত্রে বিলম্বের যে কারণগুলো, সেগুলো দূর করার চেষ্টা করছে সরকার বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। শুক্রবার (১৪ মার্চ) দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

সাক্ষাৎকারে তিনি মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা আট বছরের শিশু আছিয়ার বিচারের প্রসঙ্গেও কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, তাড়াহুড়া করে মামলা নিষ্পত্তি হলে অবিচার হতে পারে, অপপ্রয়োগ হতে পারে, এই আশঙ্কা তো সব সময়ই থাকে।
আমাদের বিদ্যমান আইনে থাকা ১৮০ দিনকে কমিয়ে আমি ৯০ দিন করার কথা বলেছি। ১৮০ দিনও অনেকের কাছে মনে হবে তাড়াহুড়া।

এটা করার সঙ্গে সঙ্গে আমরা আরো কিছু পদক্ষেপ নিচ্ছি। শুধু বিচারের সময় কমিয়ে দিলাম, সেটা নয়; বিচারের ক্ষেত্রে বিলম্বের যে কারণগুলো, সেগুলো আমরা দূর করার চেষ্টা করছি।
আইনে এ ধরনের কিছু বিধানও রাখা হয়েছে। এরপর যদি দেখা যায় অসুবিধা হচ্ছে, তখন আমরা অন্য চিন্তা করব।

মাগুরার শিশুটিকে ধর্ষণ ও হত্যার বিষয়ে তিনি বলেন, মাগুরায় যে ঘটনা ঘটেছে, সেটার কী ব্যাখ্যা আছে, আমি জানি না। কিভাবে মানুষ এত পাশবিক, নির্মম, অমানবিক, উন্মত্ত হয়ে যায়, এটার কোনো ব্যাখ্যা আমার জানা নেই।
তবে কয়েক বছর ধরে আমার মনে হচ্ছে যে আমাদের সমাজে পর্নোগ্রাফির ব্যাপক বিস্তার ঘটছে। বিশেষ করে অনলাইনে এটা খুব সহজলভ্য হয়ে গেছে।

দ্বিতীয়ত, বিভিন্ন টেলিভিশনে যে সিরিয়াল দেখানো হয়, বিশেষ করে ভারতীয় সিরিয়াল, সেখানে অত্যন্ত অনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করে অনেক গল্প দেখানো হয়। এগুলোর একটা প্রভাব থাকতে পারে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা আছে।
সেটারও প্রভাব থাকতে পারে।

সব কিছু মিলিয়ে একটা ভয়াবহ অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে যত পর্নোগ্রাফিক ওয়েবসাইট আছে, সেগুলো বন্ধ করার জোর পদক্ষেপ নেওয়া হচ্ছে শুক্রবার (আজ) থেকে।

আরেকটি প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ডিএনএ পরীক্ষা বাধ্যতামূলক তো থাকবেই। কিন্তু আমরা আইনে বলছি, যদি পারিপার্শ্বিক সাক্ষ্য, ভুক্তভোগীর সাক্ষ্য বা মেডিক্যাল সার্টিফিকেটের ভিত্তিতে বিচারের যথেষ্ট পরিমাণ উপাদান থাকলে বিচারক যদি মনে করেন এটা অ্যাপ্রোপ্রিয়েট (যথাযথ), বিচারক সিদ্ধান্ত নিতে পারবেন। সাধারণভাবে ডিএনএ পরীক্ষা লাগবে।

কিন্তু বিচারক যদি মনে করেন যে ডিএনএ পরীক্ষা ছাড়াই সম্ভব, তাহলে আমরা এটা বিচারিক বিবেচনার ওপর ছেড়ে দিচ্ছি। মনে রাখতে হবে, ধর্ষণ অপরাধটা বাংলাদেশে বা পৃথিবীর বিভিন্ন জায়গায় দুই শ-আড়াই শ বছর আগে সংজ্ঞায়িত হয়েছে। সে সময় কি ডিএনএ পরীক্ষা ছিল? তাহলে ওই সময় বিচার হতো কিভাবে? তারপরও আমরা দেখব, যদি এটার অপপ্রয়োগ হয়, আপিল আদালত তো রইলই।

ধর্ষণ মামলায় অভিযুক্তের জামিন প্রসঙ্গে তিনি বলেন, দিনাজপুরে যে জামিনের কথা বলছেন, সেই জামিন হাইকোর্ট থেকে হয়েছিল। আমরা রাষ্ট্রপক্ষ আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের মাধ্যমে এর বিরুদ্ধে আপিল করেছি। আপিল বিভাগে এই জামিনটা বাতিল হয়েছে। আমাদের প্রস্তাবিত আইনে জামিনের বিধান দেওয়া হচ্ছে না।

খসড়ায় বলা আছে, জামিন দেওয়া হবে, কিন্তু একটা নির্দিষ্ট সময় পর পর বিচারক বিবেচনা করে দেখবেন, যিনি জামিন পাচ্ছেন, তিনি বিচারকার্যে কোনো ব্যাঘাত সৃষ্টি করছেন কি না বা ভুক্তভোগীর প্রতি কোনো ভীতিপ্রদ আচরণ করছেন কি না। যদি দেখেন, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর বাধ্যতামূলকভাবে এটা পরীক্ষা করে দেখে জামিন বাতিল করে দিতে পারবেন।

সম্প্রতি আছিয়ার ধর্ষণ ও মৃত্যুকে ঘিরে সারা দেশ ধর্ষণবিরোধী আন্দোলন-বিক্ষোভ বেশ সোচ্চার হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ধর্ষণ ও নিপীড়নের বিচার চেয়ে যাঁরা মাঠে নেমেছেন, তাঁদের ক্ষোভ, কষ্ট ও বেদনা আমরা বুঝতে পারি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ধর্ষণ কিন্তু ব্যক্তি ও পারিবারিক ক্ষেত্রের একটা অপরাধ। ধর্ষণের ক্ষেত্রে রাষ্ট্রের একটাই দায় হতে পারে, রাষ্ট্র যদি গ্রেপ্তার ও বিচার না করে।

গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে সাম্প্রতিক ঘটনাবলিতে সরকার তৎপর আছে। মাগুরার ঘটনায় সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। অত্যন্ত বেদনা ভারাক্রান্ত হৃদয়ে আমরা দেখলাম, আজকে (বৃহস্পতিবার) মাগুরার শিশুটি মারা গেছে। আজকেই আমরা ময়নাতদন্ত প্রতিবেদন করেছি।

গ্রেপ্তারকৃতদের পরের দিনই ডিএনএ নমুনা নেওয়া হয়েছে। আমি তো কোথাও গাফিলতি দেখছি না। সে ক্ষেত্রে যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের একটু বুঝতে হবে যে দাবিটা কী। দাবিটা হচ্ছে গ্রেপ্তার, বিচার ও আইনের উপযুক্ত সংশোধন। সবগুলোই তো আমরা করছি। তাঁরা যদি সচেতনতা সৃষ্টির জন্য আন্দোলন করে থাকেন, ফাইন। তাঁদের যৌক্তিক আরো কোনো দাবি থাকলে সেগুলো আমরা অবশ্যই শুনব।

কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনের উদ্দেশ্যে কক্সবাজারে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

শুক্রবার (১৪ মার্চ) দুপুরে একটি বিশেষ বিমানে চেপে তারা কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন যান। এ সময় তাদের স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম।

এর আগে চার দিনের সফরের দ্বিতীয় দিনের সকালে শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘ মহাসচিব।
এ সময় সেখানে প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানও ছিলেন।

এরপর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কার্যালয়ে যান গুতেরেস। সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে বৈঠক করেন। সেখানে অ্যান্টোনিও গুতেরেস বলেন, বাংলাদেশের চলমান গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনে পাশে থাকবে জাতিসংঘ।

সন্ধ্যায় যোগ দেবেন ইফতার আয়োজনে, যেখানে অংশ নেবেন লাখো রোহিঙ্গা। বলা হচ্ছে, এই আয়োজনের মাধ্যমে, রোহিঙ্গাদের সঙ্গে সংহতি প্রকাশ করবেন জাতিসংঘ মহাসচিব।

৬ মাস পর ফ্রান্স দলে এমবাপ্পে

ফ্রান্স জাতীয় দলে ফিরলেন কিলিয়ান এমবাপ্পে। ৬ মাস স্কোয়াডের বাইরে থাকার পর উয়েফা নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আবার জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন রিয়াল মাদ্রিদ তারকা। ওই ম্যাচে অধিনায়কত্বের ভারও থাকবে তার কাঁধে। এমবাপ্পের অধিনায়কত্বের বিষয়টি নিশ্চিত করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।

সবশেষ উয়েফা নেশন্স লিগে বেলজিয়ামের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন কিলিয়ান এমবাপ্পে। সে ম্যাচে মাত্র ২৩ মিনিট খেলেন এই ফরাসি তারকা। এরপর টানা ৪ ম্যাচে স্কোয়াড রাখা হয়নি এর ফরোয়ার্ডকে।

নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

এদিকে ইনজুরিতে দলের বাইরে থাকা মাদ্রিদ মিডফিল্ডার চুয়োমেনিও ফিরেছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াডে। এ ছাড়া ডাক পেয়েছেন উসমান দেম্বেলে ও তরুণ ফরোয়ার্ড দিসায়ার দুয়ে।

ক্রোয়েশিয়ার স্পিট স্টেডিয়ামে ২১ মার্চ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামবে ফ্রান্স। দ্বিতীয় লেগের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ মার্চ।

ফ্রান্স স্কোয়াড

গোলরক্ষক : মাইক মাইগনান, লুকাস শেভালিয়ার, ব্রাইস সাম্বা

ডিফেন্ডার : জোনাথন ক্লস, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে, দায়োত উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, থিও হার্নান্দেজ, লুকাস দিগনে

মিডফিল্ডার : এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিয়েন চুয়োমেনি, মাতেও গুয়েন্দুজি, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, ওয়ারেন জাইরে-এমেরি

ফরোয়ার্ড : দিসায়ার দুয়ে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, কোলো মুয়ানি, মাইকেল ওলিসে, মার্কাস থুরাম।

টাকাসহ আটক গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী

গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের কাছ থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে টাকা বহনকাজে ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করে ওই প্রকৌশলীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশিকালে এ টাকাসহ গাড়ি জব্দ করা হয়। এরই মধ্যে নির্বাহী প্রকৌশলীকে আটক করে টাকার উৎস সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য সিংড়া থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, মো. ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভাটোপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধা জেলার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাত ১২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি কার্যক্রম চালায় পুলিশ। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী একটি সাদা রঙের প্রাইভেট কারকে থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয়।
পরে ওই গাড়িটি তল্লাশিকালে ওই গাড়ির ব্যাক ডালায় বিপুল টাকা পাওয়া যায়। পরে খবর পেয়ে পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে যান এবং অভিযান পরিচালনা করেন।

তিনি আরো বলেন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী পরিচয়দানকারী ছাবিউল ইসলাম পুলিশকে প্রথমদিকে জানিয়েছিল তার কাছে জমি বিক্রির ৩০ লাখ টাকা আছে। পরে গণনা করে আরো ছয় লাখ ৯৪ হাজার ৩০০ টাকা বেশি পাওয়া যায়।
বিষয়টি রহস্য উদ্ঘাটন করার চেষ্টা চলছে।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার একরামুল ইসলাম জানান, গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কার রাজশাহী যাচ্ছিল। এ সময় বালুয়া-বাসুয়া চলনবিল গেট এলাকা পুলিশের চেকপোস্টে যানবাহন তল্লাশির অংশ হিসেবে গাড়িটিও তল্লাশি করে পুলিশ।

এ সময় প্রাইভেট কারের ব্যাক ডালায় বিপুল পরিমাণ টাকা দেখতে পান তারা। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধার এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে পরিচয় দেন।
পরে স্থানীয় থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ৩৬ লাখ ৯৪ হাজার টাকাসহ প্রকৌশলীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে প্রকৌশলী টাকাগুলো জমি বিক্রির দাবি করায় সেগুলো যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

ঈদে ‘জিম্মি’ নিয়ে আসছেন জয়া

আসন্ন ঈদুল ফিতর ঘিরে ইতিমধ্যেই চাঙ্গা হয়ে উঠছে শোবিজ অঙ্গন। একে একে মুক্তির ঘোষণা আসছে সিনেমার, যা নিয়ে দর্শকেরাও বেশ আনন্দিত। এবার ঈদে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজ ‘জিম্মি’। মুখ্য চরিত্রে এটিই জয়া আহসানের প্রথম কোনো ওয়েব সিরিজ।
২৮ মার্চ সিরিজটি মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে হৈচৈ।

আশফাক নিপুন পরিচালিত সিরিজটিতে কেন অভিনয় করেছেন—এমন প্রশ্নে জয়া আহসান বলেন, ‘আমি নতুন কোনো কাজ করার আগে তিনটা বিষয় সব সময় খেয়াল করি, সেটা হলো গল্প, চরিত্র ও পরিচালক। ‘জিম্মি’র ক্ষেত্রে এগুলো সব মনমতো মিলে গিয়েছিল। সেই সঙ্গে আমার ওয়েব সিরিজের শুরুটা করছি হৈচৈ-এর সঙ্গে, মুক্তি পাবে ঈদে—সব মিলিয়ে আমার জন্য বিষয়টা বেশ রোমাঞ্চের।
’

‘জিম্মি’ সিরিজের শুটিংয়ে জয়া আহসান

‘মহানগর’ নির্মাণ করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন আশফাক নিপুন। মুক্তির অপেক্ষায় থাকা ‘জিম্মি’ বিষয়ে আশফাক নিপুণ বলেন, ‘আমি জিম্মি নির্মাণের মাধ্যমে নতুন রকমের গল্প বলার চেষ্টা করেছি। এই সিরিজে সামাজিক বাস্তবতা, মানবিক অনুভূতি ও বিনোদনের মেলবন্ধন রয়েছে। এইটুকু বলতে পারি, দর্শক অবশ্যই নতুন কিছু উপভোগ করবে।
’

জয়া আহসানের সঙ্গে প্রথম কাজ, সেই অভিজ্ঞতা কেমন ছিল জানতে চাইলে নিপুন বলেন, ‘জয়া আহসান দারুণ ও পরীক্ষিত একজন অভিনেত্রী। গল্পের প্রয়োজনে আমরা এমন একজন অভিনয়শিল্পী চেয়েছিলাম, যার অভিব্যক্তি ও অভিনয়গুণে চরিত্রটি জীবন্ত হয়ে উঠবে। তিনি আমাদের সেই প্রত্যাশা পূরণ করেছেন।’

হাসপাতালে ভাগ্যশ্রী, কপালে ১৩ সেলাই অভিনেত্রীর

পিকলবল খেলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ অভিনেত্রী ভাগ্যশ্রী। মারাত্মক চোট পেয়েছেন, যার জেরে অভিনেত্রীর কপালে মোট ১৩টি সেলাই পড়েছে। খবরটি অনুরাগীদের সঙ্গে নিজেই শেয়ার করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন।
সেখানেই দেখা গেল, গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছেন ভাগ্যশ্রী। ভ্রুয়ের কাছে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। কপালে ব্যান্ডেজ নিয়ে হাসিমুখে এক ছবিতে ধরা দিয়েছেন তিনি। সেটা দেখেই বোঝা গেল, তিনি আপাতত খানিক সুস্থ রয়েছেন।

পিকলবল শক্ত হওয়ার ফলে খেলার মাঝে অসতর্ক হলেই যে কারও বিপত্তি হতে পারে। শরীরের কোনও অংশে সজোরে পিকলবল লাগলে গুরুতর চোট পেতে পারেন কেউ। ভাগ্যশ্রীর ক্ষেত্রেও তাই হয়েছে। তবে, অল্পের জন্য রক্ষা পেয়েছে তার চোখ।
খবর প্রকাশ্যে আসতেই ভাগ্যশ্রীর অনুরাগীরা তার আরোগ্য কামনা করেছেন। অনেকের পরামর্শ, ‘ভবিষ্যতে খেলার সময়ে আরও সতর্ক থাকবেন।’

আজও যে ছবি বলিউডের প্রথম প্রেমের প্রতীক, সেই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয় করে রীতিমতো বাজিমাত করেন ভাগ্যশ্রী। এই ছবি করার পর দর্শকদের কাছ থেকে তিনি ‘ওয়ান ফিল্ম ওয়ান্ডার’ তকমা পেয়েছিলেন। পরবর্তীতেও অবশ্য অফারের কমতি ছিল না ভাগ্যশ্রীর কাছে।
বলিউডে তার ভবিষ্যৎ ছিল বেশ উজ্জ্বল। কিন্তু প্রযোজক-পরিচালকদের সব অফার ফিরিয়ে দেন সালমান খানের নায়িকা।