বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

মেসির হ্যাটট্রিকে বার্সেলোনার বিশাল জয়

messi26আবারো হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। গত চার ম্যাচে এটা ছিল তার তৃতীয় হ্যাটট্রিক। আর এই হ্যাটট্রিকের সুবাদে স্প্যানিশ লিগে তার দল বার্সেলোনা ৫-১ গোলে হারিয়েছে এসপানিয়লকে।

রবিবার দিনের অন্যান্য খেলায় ভিলা রিয়াল ৪-০ গোলে রিয়াল সোসিয়েদাদকে, সেভিয়া ১-০ গোলে রায়ো ভ্যালেন্সিয়াকে পরাজিত করেছে। এছাড়া গ্রানডা আর ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

মেসি ৪৫, ৫০, ৮১ মিনিটে গোল তিনটি করেন। বাকি দুটি করেন পিকু ও পেড্রো। তবে ম্যাচটি কিন্তু প্রথমার্ধে একতরফা হয়নি। বরং এসপানিয়লই এগিয়ে গিয়েলি সার্জিও গার্সিয়ার গোলে। তবে মেসি ছিলেন। তিনিই হাল ধরেন, আবার হ্যাটট্রিক করে দলকে বিশাল ব্যবধানে জয়ী হতে সহায়তা করেন।

একুশে টিভির বিরুদ্ধে মানহানি মামলা

etvবেসরকারি স্যাটেলাইট টেলিভিশন একুশে’র চেয়ারম্যান আব্দুস সালামসহ ৪ জনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার ঢাকা মহানগর হাকিম অশোক কুমার দত্তের আদালতে বাংলাদেশ ব্যাংকের সিনিয়র ডাটা এন্টি (কন্ট্রোল) অপারেটর মোহাম্মাদ আবু তাহের ভুঁইয়া বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার অন্য আসামিরা হলেন- প্রধান বার্তা সম্পাদক ইব্রাহিম আজাদ, রিপোর্টার ফারুক হোসেন ও ক্যামেরাম্যান আব্দুর রাজ্জাক।

গত ২২ ও ২৩ নভেম্বর তারিখে একুশে টিভিতে ‘রীতিমত তেলেসমাতি কারবার করে আবু তাহের এখন কোম্পানির মালিক’ শিরোনামে একটি সংবাদ প্রচারিত হয়। এতে ওই কর্মকর্তার বিরুদ্ধে নিউট্যাক্স কেম্পানির মাধ্যমে ২৪ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ করা হয়।

এ প্রতিবেদনের প্রেক্ষিতে মানহানি মামলা করলেন বাংলাদেশ ব্যাংকের ওই কর্মকর্তা।

মির্জা আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন ২৪ ডিসেম্বর

bnp leaderগাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানীর জন্য ২৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া সোমবার আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠন শুনানীর দিন ধার্য ছিল। আসামি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানী পিছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ১৬ জন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত বছর ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম গত বছর ২৬ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এদিকে পল্টন থানায় অপর একটি মামলায় ব্যারিস্টার মওদুদসহ ৪১ জনের বিরুদ্ধে সাক্ষগ্রহণের জন্য একই দিন ধার‌্য করেছেন আদালত।

রাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে ছাত্রদল

ruআটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। গত রাত ১২টায় এ ধর্মঘটের কথা জানান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আহসানুজ্জামান অলিন।

তিনি বলেন, আইনবহির্ভূতভাবে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ক্যাম্পাসে ধর্মঘট পালন করবে ছাত্রদল। সোমবারের মধ্যে আটক নেতাকর্মীদের ছেড়ে না দেয়া হলে মঙ্গলবার থেকে এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর স্বাধীনতা দিবসের কর্মসূচি উদযাপন উপলক্ষে গতকাল রবিবার বিকালে ছাত্রদলের নেতাকর্মীরা প্রস্তুতিমূলক বৈঠক করতে গেলে রাত ৯টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীরা তাদের ঘিরে ফেলে। এ সময় ছাত্রদলের কয়েক নেতাকর্মীকে লাঞ্ছিত করে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রদলের ১৯ নেতাকর্মী ও এক বিএনপি নেতাকে আটক করে থানায় নিয়ে যায়।

হজ প্যাকেজের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন

hajআগামী বছরও সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের বিধান রেখে ‘হজ প্যাকেজ, ২০১৫’ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। গত বছরের তুলনায় প্যাকেজ-১ এ খরচ বেড়েছে ৪২৯ ও প্যাকেজ-২ এ বেড়েছে ৪৩০ টাকা এবার সরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে লাগবে তিন লাখ ৫৪ হাজার ৭৪৫ টাকা।

অপরদিকে সাশ্রয়ী প্যাকেজ-২ এর মাধ্যমে দুই লাখ ৯৬ হাজার ২০৬ টাকা লাগবে। তবে দুটি প্যাকেজেই কোরবানীর জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) নিতে হবে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে হজ প্যাকেজ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এক প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। তিনি বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন প্যাকেজ হবে দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা।

এবার সমাপ্ত হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ-১ এর মাধ্যমে হজ পালনে খরচ হয় তিন লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা। অপরদিকে প্যাকেজ-২ এর মাধ্যমে খরচ হয় দুই লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। দুটি প্যাকেজেই কোরবানীর জন্য আলাদা ১০ হাজার ৫০০ টাকা (৫০০ রিয়াল) নিতে হয়েছে।

সাভারে বাস চাপায় পোশাক শ্রমিক নিহত: প্রতিবাদে বাসে আগুন

savarসাভারে বাসের নিচে চাপা পড়ে মুক্তা বেগম (৪০) নামে এক পোশাকশ্রমিক নিহত হয়েছে। এ সময় আরেক শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার সকাল সাড়ে সাতটার দিকে সাভারে বেপজা (বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ) গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহত আরেক শ্রমিক আকলিমা বেগমকে (২৫) সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) অলিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দিলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন এসে বাসের আগুন নিভিয়েছে।

আড়াইহাজারে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ: ৫ জন গুলিবিদ্ধ

narayonganj mapনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।  এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে ৫ জন।

গুলিবিদ্ধরা হলেন, লিয়াকত, সামসু, রব মিয়া, মোতাহার, রহিমা। এদের মধ্যে মোতাহার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গুলিবিদ্ধ অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপেলক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ২০ টি বসত ঘর ভাঙচুর ও ব্যাপক লুটপাট করা হয়েছে।

সোমবার সকাল ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত মেঘনা নদী বেষ্টিত দুর্গম চরাঞ্চল কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্ব কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পূর্ব শত্রুতার জের ধরে পূর্বকান্দি গ্রামের দক্ষ্মিণপাড়ায় কালাপাহাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী আাম্বর আলী প্রধান এর ছেলে সামছুল হকের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোস্তফা মিয়ার সাথে সোমবার সকালে বাকবিতন্ডা ঘটে।

এক পর্যায়ে সকাল সাড়ে ৮টার দিকে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা, দা, বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অন্যর উপর ঝাপিয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে লিয়াকত, সামসু, রব মিয়া, মোতাহার, রহিমা নামের ৫জন গুলিবিদ্ধ হয়েছেন যাদের মধ্যে মোতাহার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও গুলিবিদ্ধ অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময়ে উভয় পক্ষের অন্তত ২০টি বসত ঘর ভাংচুর ও ২০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আলমগীর হোসেন জানান, সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

যশোরে ছাত্রলীগের হামলায় যুবলীগ কর্মীর মৃত্যু, প্রতিবাদে অগ্নিসংযোগ

jashorযশোরের শার্শায় ছাত্রলীগের হামলায় আহত যুবলীগ কর্মীর মারা যাওয়ার পর উপজেলা ছাত্রলীগ সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ করেছে যুবলীগ। নিহত ওই যুবলীগ কর্মীর নাম মো: তোজাম (৩৫)।

সোমবার সকালে এ ঘটনা ঘটে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুর রহিম সরদারের বাড়ি ভাঙচুর করে ও পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় যশোর-বেনাপোল ও যশোর-সাতক্ষীরা সড়ক অবরোধ করা হয়।

শার্শা থানার ওসি শাহিদার রহমান জানান, ৪ ডিসেম্বর এক মহিলার কাছ থেকে মোবাইল ছিনতায়ের ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাত ১১ টার দিকে নাভারণ কামারবাড়ি মোড়ে এক শালিস বৈঠক হয়। সেখানে যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় যুবলীগের তোজাম ও আহসান অস্ত্রের আঘাতে আহত হয়।

আহতদেরকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কিন্তু তোজামের অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে রবিবার রাতে তিনি মারা যান। এ খবর ছড়িয়ে পড়লে যুবলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ছাত্রলীগ নেতা আবদুর রহিমের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ইয়েমেনে অভিবাসী যাত্রী বোঝাই নৌকা ডুবে ৭০ জন নিহত

boatইয়েমেনের পশ্চিম উপকূলে অভিবাসী যাত্রী বোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৭০ জনের প্রাণহানি ঘটেছে। প্রতিকূল আবহাওয়ার কারনে নৌকাটি ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। নৌকার যাত্রীদের বেশিরভাগই ছিল ইথিওপিয়ার নাগরিক।

উন্নত জীবনের আশায় প্রতি বছর আফ্রিকা অঞ্চলের হাজার হাজার অভিবাসী মধ্য প্রাচ্য ও ইউরোপে যাবার জন্য ইয়েমেনকে একটি প্রবেশপথ হিসেবে ব্যবহার করে থাকে। জাতিসংঘ বলছে গত এক বছরে এমন প্রায় দু’শো মানুষ নৌকাডুবিতে মারা গেছেন।

দেশটির নিরাপত্তা কর্মীরা জানায়, প্রবল বাতাস ও শক্তিশালী ঢেউয়ের কারণেই নৌকোডুবি হয়েছে। তবে স্থানীয় গণমাধ্যম জানায়, অপেক্ষাকৃত ছোটো নৌকায় করে সাগর পাড়ি দেবার সময় ৭০ জনের প্রাণহানি ঘটেছে। এইসব অভিবাসীরা ইয়েমেনের উত্তরে অবস্থিত সৌদি আরবে কাজের খোঁজে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য ও ইউরোপে প্রবেশ করার জন্য অভিবাসীরা সাধারণত ইয়েমেনকে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে এবং এই পথে মানব পাচার একটি নিয়মিত ঘটনা।

মাগুরায় বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত

road acciমাগুরা সদর উপজেলার কালিনগরে বাস-ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাচেরকোল এলাকার নজরুল ইসলাম (৩৫) ও মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চর কান্দোহল এলাকার চারু মাতব্বরের ছেলে জিল্লুর রহমান (৩৮)। নিহত অপর আরেকজনের পরিচয় জানা যায়নি। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। হতাহত সবাই বাসের যাত্রী।

জানা গেছে, এস আলম পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা থেকে বেনাপোল যাচ্ছিল। পথে কালিনগর এলাকায় পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই ২ জন মারা যান। এসময় আহত হন আরো ১০ যাত্রী।
সদর থানা পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বরত কনস্টেবল রশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।