বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

চট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন

train ctggচট্টগ্রাম স্টেশনের প্ল্যাটফর্মে উঠে গেল ঢাকাগামী আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী। এ সময় ট্রেন ও প্ল্যাটফর্মে যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বুধবার ভোর ৫টার দিকে ঢাকা যাত্রা করার আগে ট্রেনটি প্ল্যাটফর্মে ওঠে যায়। এই দুর্ঘটনার পর ট্রেনটির যাত্রা আধাঘণ্টা বিলম্বিত হয়।

জানা যায়, ভোরে ওয়াশশেড থেকে প্ল্যাটফর্মে আসার পর নির্ধারিত জায়গায় না থেমে শেষ সীমা পেরিয়ে যায় এবং ট্রেনের ইঞ্জিন ও ২টি বগি প্ল্যাটফর্মে ঢুকে পড়ে। চালক ট্রেনটি থামাতে ব্যর্থ হওয়ায় ইস্পাতের চাকায় প্ল্যাটফর্মের মেঝে ভেঙ্গে ট্রেনটি যাত্রীদের ঢোকার প্রবেশ পথ পর্যন্ত চলে যায়। এতে ইঞ্জিনের ধাক্কায় প্ল্যাটফর্মের প্রবেশ পথও ক্ষতিগ্রস্ত হয়।

পরে সকাল ৭টার দিকে ইঞ্জিন বদল ও লাইনচ্যুত বগিগুলো বাদ দিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

সশস্ত্র বাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী

hasina10প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়।

বুধবার সকালে রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনীর বহরে অত্যাধুনিক প্রশিক্ষণ বিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০৩০ সালের ফোর্সেস গোলকে বাস্তবায়ন করতে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিমান বাহিনীসহ সশস্ত্র বাহিনীকে কৌশলগতভাবে ও দক্ষতার ভিত্তিতে গড়ে তুলতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার।

তিনি বলেন, ‘শুধু বিমান বাহিনী নয়, সেনা ও নৌবাহিনীর উন্নয়ন এবং আধুনিকায়নের জন্য আমরা বহু পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের সরকার সশস্ত্র বাহিনীকে একটি দক্ষ, সুসজ্জিত এবং আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চায়। তাই এই ধারাবাহিকতায় বিমান বাহিনী বহরে আজ যুক্ত হতে যাচ্ছে ডিজিটাল ককপিট সম্বলিত আধুনিক কে-এইট ডব্লিউ জেট ট্রেইনার বিমান।

প্রধানমন্ত্রী বলেন, জেট ট্রেনিংয়ে বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে এবং এল-থার্টি নাইন(খ-৩৯) জেট ট্রেইনার বিমানের প্রতিস্থাপক হিসেবে কাজ করবে এই বিমান।

তিনি বলেন, বাংলাদেশে এই প্রথম কোনো জেট ট্রেইনার বিমান ১ হাজার ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে চীন থেকে মায়ানমার হয়ে বাংলাদেশে এসেছে। মাত্র ১০ ঘণ্টার স্বল্প-মেয়াদী প্রশিক্ষণ নিয়ে আমাদের বৈমানিকরা অত্যন্ত দক্ষতার সঙ্গে এই কাজটি সম্পন্ন করেছেন।

প্রধানমন্ত্রী তাদের আন্তরিক অভিনন্দন এবং মায়ানমার সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, আপনারা জেনে খুশি হবেন কে-এইট ডব্লিউ(ক-৮ড) একটি অত্যাধুনিক ডিজিটাল ককপিট বিশিষ্ট জেট ট্রেইনার বিমান। বিশ্বের বিভিন্ন পরাশক্তি তাদের যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে এটি ব্যবহার করেন। এই বিমানের অন্তর্ভুক্তি যুদ্ধ বৈমানিক প্রশিক্ষণে আমাদের সক্ষমতাকে বিশ্বমানে নিয়ে যাবে এবং একইসঙ্গে প্রশিক্ষণকে করবে আরো নিরাপদ এবং দ্রুততর।

শাহজালাল বিমানবন্দরে ৪৩ কেজি স্বর্ণ উদ্ধার

goldঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৪টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্রেইট ইউনিট থেকে এই স্বর্ণ উদ্ধার করে শুল্ক ও গোয়েন্দা বিভাগ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্রেইট ইউনিট (আমদানি কার্গো) থেকে ৪৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১ কেজি।

এসকিউ৪৪৬ সিঙ্গাপুর এয়ার লাইন্সের ওই ফ্লাইটে গার্মেন্টস এঙেসরিজের আড়ালে এই স্বর্ণ আনা হয়েছিল। তবে এই ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আইন প্রয়োগের আগে ফুটপাতকে করতে হবে হাঁটার উপযোগী

cityyবেপরোয়া পথচারীদের বিষয়ে কঠিন হওয়ার পূর্বে ঢাকা নগর কর্তৃপক্ষের উচিত ফুটপাতকে হাঁটার উপযোগী করা। বিশেষজ্ঞদের মতে, এর পাশাপাশি জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ ও আন্ডারপাসকেও পথচারীদের চলাচলের জন্য নির্বিঘ্ন করার ব্যবস্থা করা উচিত।

ফুটপাতকে হাঁটার উপযোগী করার জন্য সেখানাকার সব সুযোগ-সুবিধা নিশ্চত করতে হবে। বিশেষ করে স্বাস্থ্য ও পরিবেশগত নিরাপত্তা বজায় রাখা, চলাচলের জন্য সচল করে দিতে হবে।

বিশেষজ্ঞরা জানান, যে সব পথচারীরা শহরের গুরুত্বপুর্ণ সড়ক, ট্রাফিক কন্ট্রোল কিংবা আবাসিক এলাকার ফুটপাতে বেপরোয়া চলাচল করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে।

নগর পরিকল্পনাবিদ প্রফেসর নজরুল ইসলাম বলেন, “আমাদের প্রথম কাজ হওয়া উচিত ফুটপাতকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা। রাস্তা পারাপারে পথচারীকে সহযোগিতা করা ট্রাফিক পুলিশের দায়িত্ব। যদি তারা প্রতিটি জেব্রা ক্রসিং এ নিরাপদ পারাপারের ব্যবস্থা রাখেন তাহলে কাউকে কোনো সাজা দেবার প্রয়োজন পড়বে না।”

অপর নগর পরিকল্পনাবিদ ও এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর জামিলুর রেজা চৌধুরী বলেন, “যে সমস্ত হকার ও ক্ষুদে ব্যবসায়ীরা নগরীর ফুটপাত দখল করে ব্যবসা করছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। ফুটপাতকে হাঁটার জন্য পরিষ্কার রাখতে হবে। পুলিশকে ঘুষ দিয়ে ফুটপাতগুলো বন্ধ করে অবৈধভাবে চলছে ব্যবসা।”

গত ২৫ নভেম্বর রাজপথে হাঁটা বেপরোয়া পথচারীদের ধরতে অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোবাইল কোর্ট। ফুটওভার ব্রিজ, জেব্রা ক্রসিং কিংবা আন্ডারপাস ব্যবহার না করে পথ অতিক্রম করার জন্য ছয় মাসের জেলা কিংবা ২০০ টাকা জরিমানা করা হয়।

সাম্প্রতিক সময়ের সড়ক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়। ওয়ার্ক ফর বেটার বাংলাদেশের ২০১১ সালের এক প্রতিবেদনে দেখা যায়, রাজধানীতে সড়ক দুর্ঘটনার শিকার লোকদের মধ্যে ৭২ শতাংশই হচ্ছে পথচারী। প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর ফুটপাতগুলোর মধ্যে শতকরা ১৮ শতাংশ হচ্ছে চলাচলের উপযোগী। আর বাকিগুলোতে গাড়ি পার্কিং, বিক্রেতা ও হকারদের ব্যবসা, ময়লা-আবর্জনার স্তূপাকার এবং নির্মাণ সামগ্রী ফেলে রাখার জন্য চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।”

২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি হাইকোর্টের এক রায়ে নগরীরর ফুটপাতগুলোকে হকার ও বিক্রেতাদের দখলমুক্ত করে পথচারীদের চলাচলের উপযোগী করার নির্দেশ দেয়া হয়। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও ফুটপাত দখলমুক্ত করার কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আর এর ফলে ফুটপাতগুলো পথচারী ও বাসে চলাচলকারীদের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে।

সেন্টার ফর আরবান স্টাডিজের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম বলেন, “২০০৫ সালে যোগাযোগ মন্ত্রণালয় প্রস্তাবিত পরিবহন পরিকল্পনায় ফুটপাতে পথচারীদের অবাধে চলাচলের বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়। নগরীরর ৮০ শতাংশ লোক পায়ে হেঁটে চলাচল করে।”

তিনি বলেন, “ফুটপাতে হাঁটার অধিকার পথচারীদের। আর নগর কর্তৃপক্ষকে তা নিশ্চিত করা দরকার। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কর্তৃপক্ষ নিরাপদ ফুটপাতে চলাচল ব্যবস্থা নিশ্চিত করা। আর তাই পুলিশের উচিত পথচারী নয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।”

প্রফেসর নজরুল ইসলাম বলেন, “প্রতিটি জেব্রা ক্রসিংয়ে সিগন্যালিং ব্যবস্থা নিশ্চিত করা দরকার। যাতে করে রাজধানীর প্রতিটি পয়েন্টে নিরাপদে রাস্তা পারাপার করতে পারেন পথচারীরা। নগরীর ফুটওভার ব্রিজ এবং আন্ডারপাস হকারদের দখলমুক্ত করতে হবে।”

প্রাইভেটকারগুলোর ট্রাফিক নিয়ম না মানা প্রসঙ্গে তিনি বলেন, “যখন ট্রাফিক পুলিশ গাড়ি থামার সংকেত দেয় তখন প্রাইভেট গাড়িগুলোকে জেব্রা ক্রসিংয়ের ওপর অবস্থান নিতে দেখা যায়। আর এটি পথ পারাপারে বিঘ্নতা তৈরি করে। যেসব গাড়ি নিয়ম মানছে না আগে তাদের সাজা দিতে হবে।”

সরকারি সূত্র অনুযায়ী, ঢাকা শহরের ১৬৩ কিলোমিটার ফুটপাতের মধ্যে ১০৮ কিলোমিটারই হকার, বিক্রেতা কিংবা দোকানদের দখলে চলে গেছে। এছাড়া দুই হাজার ৩০০ কিলোমিটার রাস্তার মধ্যে ৬০০ কিলোমিটার রাস্তা সরকারি দলের প্রভাবশালী বিভিন্ন নেতাদের সহযোগিতায় অবৈধ দখলে চলে গেছে।

পথচারীদের অধিকার নিয়ে কাজ করা ডব্লিউবিবি পরিচালক সৈয়দ মাহবুবুল আলম বলেন, “রাজধানীর ৩৭ শতাংশ লোক ফুটপাতে চলাচল করেন। এছাড়া ৯৫ ভাগ লোক নিয়মিত ফুটপাতে চলা-ফেরা করেন।–ইউএনবি।

মিথ্যা কথা ছড়ানো হয়েছে: শ্বেতা

shetaযৌন ব্যবসায় জড়িত থাকার অভিযোগ আগেও অস্বীকার করেছিলেন তিনি। জোর দিয়ে বলেছিলেন, তাকে ফাঁসানো হয়েছে। হায়দরাবাদের আদালত ক্লিন চিট দেওয়ার পর সোমবার সংবাদমাধ্যমকে খোলা চিঠি লিখলেন জাতীয় পুরস্কারজয়ী ভারতীয় অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। চিঠিতে তিনি দাবি করেছেন, ধরা পড়ার পরে তার যে ‘স্বীকারোক্তি’র কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, তা ভুয়া।

সেপ্টেম্বরের গোড়ায় হায়দরাবাদের একটি হোটেল থেকে শ্বেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। সে সময় সংবাদমাধ্যমে হায়দরাবাদ পুলিশের তরফেই শ্বেতার একটি বিবৃতি পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছিল। সেই বিবৃতি বলছিল, অভাবে পড়েই যৌনপেশায় জড়িয়ে যেতে হয়েছে বলে স্বীকার করেছেন শ্বেতা নিজেই।

কিন্তু আদালতের রায়ে মুক্তি পাওয়ার পরে এ দিন তার চিঠিতে শ্বেতা দাবি করেছেন, এমন কোনো মন্তব্য তিনি করেননি। বরং তার প্রশ্ন, “এ সব কার কল্পনা? মনে হচ্ছে আশির দশকের কোনো ফিল্মের সংলাপ!” সংসারে অভাবের কথা উড়িয়ে দিয়ে হাতে কাজ না থাকার খবরটিও পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন শ্বেতা। জানিয়েছেন, পড়াশোনার জন্য ‘ইকবাল’-এর পর বাবা-মা আর ছবি করতে দেননি। পরে কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেন। গত সাড়ে তিন বছর একটা তথ্যচিত্র বানাতে ব্যস্ত ছিলেন। এ বছরই এক বন্ধুর সঙ্গে একটা স্বল্প দৈর্ঘ্যের ফিল্মও বানিয়েছেন। নাসিরুদ্দিন শাহের সঙ্গে তাতে অভিনয়ও করেছেন। “তা হলে কোথায় সব পথ বন্ধ?” প্রশ্ন শ্বেতার।

তা হলে কোথা থেকে এল ওই বিবৃতি? শ্বেতার দাবি, তিনি হায়দরাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু পুলিশ তাকে জানিয়েছে, শ্বেতার ওই মন্তব্য-সহ কোনো প্রেস বিজ্ঞপ্তি তারা প্রকাশ করেনি। সংবাদমাধ্যম ওই খবর কোথা থেকে পেল, তা পুলিশ জানে না। তা হলে? শ্বেতার অভিযোগ, সংবাদমাধ্যমের একাংশই এই ভুয়া বিবৃতি ছড়ানোর জন্য দায়ী। শ্বেতা জানিয়েছেন, ঘটনার দিন একটি পুরস্কার নিতে তিনি হায়দরাবাদ গিয়েছিলেন। অনুষ্ঠানের পর একটি হোটেলে থাকার ব্যবস্থা করেছিলেন উদ্যোক্তারা। সেই সংক্রান্ত তথ্য এখনও তার ইমেল ইনবক্সে রয়েছে।

তার বক্তব্য, আটক করার পর তাকে হোমে পাঠানো হয়েছিল। ৫৯ দিন ছিলেন সেখানে। বাইরে কী ঘটেছে, কিছুই জানতেন না। বাড়ি ফিরে দেখেন কী কী লেখা হয়েছে সংবাদপত্রে। বছর তেইশের এই অভিনেত্রীর দাবি, “এ ধরনের খবর হলে পাড়াপড়শি-বন্ধুবান্ধব প্রথমে সহানুভূতি দেখাতে শুরু করে। পরে যখন দেখা যায় ভুল খবর, তখন তারা ভাবে মিথ্যে কথা।” সংবাদমাধ্যমের ভূমিকায় ক্ষুব্ধ এই অভিনেত্রী বলেছেন, “আপনারা আমার জীবনে যথেষ্ট বিপদ ডেকে এনেছিলেন! ওয়েল ডান!”

‘আন্দোলন ঠেকাতেই ডিসিসি নির্বাচন দিতে চায় সরকার’

fakrul1‘অনৈতিক অবৈধ’ সরকার নিজেদের বৈধতার জন্য সব ধরনের অপকৌশল গ্রহণ করেছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করতেই সরকার ঢাকা সিটি করপোরেশন  (ডিসিসি) নির্বাচনের কথা বলছে।”

মঙ্গলবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামকে দেখতে গিয়ে ফখরুল এসব কথা বলেন।

ফখরুল বলেন, “বরেণ্য চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম অনেক দিন ধরে অসুস্থ। বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তাকে দেখতে এসেছি। আমরা আশা করি তিনি শিগগিরই সুস্থ হবেন। এজন্য দেশবাসীর কাছে দোয়া চাই।”

সোমবার মন্ত্রিসভার বৈঠকে ডিসিসি নির্বাচনের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশের বিষয়ে  প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, “অবৈধ সরকার নিজেদের বৈধতার জন্য এবং বিরোধী দলের আন্দোলনকে দমন করতে সব ধরনের অপকৌশল করছে। এখন জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করতে এতদিন পর ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের কথা বলছে।”

অতীতে এই ধরনের সিদ্ধান্ত নিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যায়নি এমন দাবি করে ডিসিসি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে তিনি বলেন, “যখন ওই নির্বাচন আসবে তখন দলীয় সিদ্ধান্ত জানানো হবে।”

বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগপত্র দাখিলের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “সাদেক হোসেন খোকা অসুস্থ হয়ে বিদেশে চিকিৎসাধীন আছেন। এই অবস্থায় তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দেয়া হয়েছে। আসলে সরকার বিএনপি, বিএনপি নেতা ও আন্দোলন নিয়ে এতো ভীতু যে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে মিথ্যা মামলা, নির্যাতন নিপীড়নের পথ বেছে নিয়েছে। এতে প্রমাণ হয় আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হয়ে গেছে।” জনগণের সতস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের আওয়ামী লীগের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, “৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে বর্তমান সংসদ গঠন করা হয়েছে। এতে জনগণের কোনো ম্যান্ডেট নাই। এখানে সত্যিকারের নয়, গৃহপালিত বিরোধী দল আছে যা দেশের সবাই জানে। তাই এই সংসদে বিরোধী দলের কোনো ভুমিকাই থাকতে পারে না। এটা একদলীয় ও অবৈধ সংসদ।”

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. এ জেড এম জাহিদ হোসেন, খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

জায়সালমির মাতাচ্ছেন পিয়া

piya9রুটসের গানের মিউজিক ভিডিওতে কাজ করে ইতোমধ্যে দিল্লি মাতিয়েছেন বাংলাদেশের মডেল জান্নাতুল ফেরদৌস পিয়া। এবার মাতাচ্ছেন রাজস্থানের জায়সালমির। থর মরুভূমির আশপাশের এ এলাকায় শ্যুটিং করছেন বিশ্ববিখ্যাত নাইকন ক্যামেরার একটি বিজ্ঞাপন চিত্রে।

দিল্লির মাসকট মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তির অংশ হিসেবে দুইমাস ভারতে অবস্থান করবেন পিয়া। এ বিজ্ঞাপন চিত্রের আগে নৈসগের্র লীলাভূমি দেরাদুনে শ্যুটিং হয়েছে রুটসের সেই ভিডিও গানের। স্যাটেলাইট চ্যানেলে প্রচারের অপেক্ষায় এ ভিডিও গানটি ইউটিউবে প্রচারিত হচ্ছে।

আগামী মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন বলে জানান পিয়া। দু’একদিন ঢাকায় অবস্থান করে ফের ছুটবেন ব্যাংককে। তবে কোনো প্রফেশনাল কাজে নয়, যাবেন পরিবারের সঙ্গে ছুটি কাটাতে।

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১

road accident2বঙ্গবন্ধু সেতুর ওপরে দুটি ট্রাক ও একটি বাসের সংঘর্ষে ১ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহত ট্রাক হেলাপারের নাম জানা যায়নি।

মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৩ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, ভোরে ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর উত্তর লেনে একটি ট্রক হঠাৎ ব্রেক করলে পেছনে থাকা মুরগী বোঝাই অপর একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এর পেছনে থাকা অপর একটি বাস ট্রাক দুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই হেলপার মারা যান এবং ১০ জন আহত হন।

দুর্ঘটনার পরপরই উত্তর লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

চীনের পাণ্ডা কূটনীতি এবার মধ্যপ্রাচ্যে

pandaপাণ্ডা কূটনীতি এখন মধ্যপ্রাচ্যেও গিয়ে পৌঁছাচ্ছে। চীন রাজি হয়েছে তার অত্যন্ত আদুরে দুটো পা-াকে ইসরায়েলকে উপহার দিতে। এই দুটো পাণ্ডার নতুন আশ্রয় হবে ইসরায়েলের হাইফা শহরের চিড়িয়াখানা। ইসরায়েল হায়ওম ওয়েবসাইটে এই খবর প্রকাশ করা হয়েছে।

হাইফা শহরের কর্তৃপক্ষ সমপ্রতি চীনের চেংদু শহরের সঙ্গে এ ধরনের একটি সমঝোতায় পৌঁছেছে। পাণ্ডার প্রজননের জন্য চীনের এই শহরটি খুবই বিখ্যাত।

এই নগরের মেয়র মনে করেন, পাণ্ডা যে দেখতে খুবই মিষ্টি আর আদরের তা নয়, বর্নবাদবিরোধী প্রতীক হয়ে ওঠারও সম্ভাবনা আছে এই প্রাণীটির।

মেয়র বলেছেন, এটা কালো, শাদা, এশীয় এবং সারা দুনিয়ার মানুষ এই পাণ্ডাকে পছন্দ করে। এই খবরে অনেকেই উত্তেজনা প্রকাশ করছে। তবে হারেৎস সংবাদপত্রে কিছুটা সতর্কতা প্রকাশ করা হয়েছে। তারা বলছে, এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

অত্যন্ত মূল্যবান আর বিরল এই প্রাণী দুটোর নতুন ঠিকানায় থাকার পরিবেশের ব্যাপারে চীনের কর্মকর্তারা যদি সন্তুষ্ট না হন তাহলে তাদেরকে আর ইসরায়েলে পাঠানো হবে না।

পাণ্ডাকে কিভাবে দেখাশোনা করতে হয়, যত্নআত্তি করতে হয় তা দেখার জন্য হাইফা চিড়িয়াখানার লোকজন এখন চেংডুতে যাবেন।

একই সঙ্গে চিড়িয়াখানার ভেতরে তাদের জন্যে উপযোগী একটি কম্পাউন্ড তৈরি করতে হবে এবং সেটা চীনা কর্মকর্তাদের অনুমোদন করতে হবে।

কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে চীন গত কয়েকশ বছর ধরে বিভিন্ন দেশে ভাল্লুক পাঠিয়ে আসছে। কিন্তু পাণ্ডা দেয়া হতো কিছুদিনের জন্য ধার হিসেবে। সাধারণত এই পাণ্ডা দেয়া হয় ১০ বছরের জন্য।

তবে তাদের ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে চীন সেটা সঙ্গে সঙ্গেই দেশে ফিরিয়ে আনতে পারে।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রে ঠিক একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই বাচ্চা পাণ্ডার নাম রাখা হয়েছিল তাই শান।

সিআইএর জিজ্ঞাসাবাদ নিয়ে রিপোর্ট উঠছে সিনেটে

senetযুক্তরাষ্ট্রের সিনেটে আজ গোয়েন্দা সংস্থা সিআইএর বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে একটি প্রতিবেদন পেশ হওয়ার কথা রয়েছে। তবে তার আগে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে রিপোর্ট প্রকাশ হওয়ার পর বিভিন্ন দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হতে পারে বলে আশা করছেন কর্মকর্তারা।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর বিতর্কিত জিজ্ঞাসাবাদ পদ্ধতি নিয়ে এই প্রথম একটি প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে।

নিরাপত্তার বিবেচনায় সিআইএর কর্মকা- বিষয়ে সব সময়েই চূড়ান্ত গোপনীয়তা অবলম্বন করা হয়।

আজ মঙ্গলবার সিনেটে প্রতিবেদন পেশ করা হবে। ধারণা করা হচ্ছে, নাইন-ইলেভেনের পর সিআইএ এজেন্টদের দ্বারা সন্দেহভাজন আল-কায়েদা বন্দীদের জিজ্ঞাসাবাদ ও নির্যাতনের বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে তাতে।

২০০১ সালে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশের চালু করা এক গোপন কার্যক্রমের আওতায় সিআইএ বিশ্বের যেকোনো দেশ থেকে সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গিদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে পারতো।

পরবর্তীতে সিআইএর জিজ্ঞাসাবাদের কিছু গোপন ভিডিও প্রকাশিত হওয়ার পর তা বিশ্বজুড়ে সমালোচিত হয়।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানান, গত কয়েক মাস ধরে এ রিপোর্ট প্রকাশের পরিকল্পনা করা হচ্ছিল।

এদিকে রিপোর্ট প্রকাশ হওয়ার পর তা নিয়ে বিভিন্ন দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া হতে পারে বলে আশঙ্কা করছেন কর্মকর্তারা।

সে কারণেই রিপোর্ট পেশ হওয়ার আগে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জস আর্নেস্ট।