মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

উত্তর মেসিডোনিয়ায় নৈশক্লাবে আগুন, নিহত ৫১

উত্তর মেসিডোনিয়ায় একটি নৈশক্লাবে হিপহপ কনসার্ট চলাকালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে এখন পর্যন্ত ৫১ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছে। দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত বলকান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রবিবার এ তথ্য জানান।

পূর্বাঞ্চলীয় শহর কোকানিতে পালস নামের ওই নৈশক্লাবে শনিবার রাতের কনসার্টে এক হাজারের বেশি তরুণ দর্শক উপস্থিত ছিল।
সেখানে উত্তর মেসিডোনিয়ার জনপ্রিয় হিপহপ জুটি ডিএনকে পারফরম করছিলেন। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর স্বরাষ্ট্রমন্ত্রী পান্সে তস্কোভস্কি জানান, ‘আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, তাতে ৫১ জন প্রাণ হারিয়েছে ও ১০০ জনের বেশি আহত হয়েছে।’

তস্কোভস্কি আরো জানান, আহতদের কোকানি শহরের স্থানীয় হাসপাতাল, রাজধানী স্কোপিয়ে ও দক্ষিণে প্রায় ৩০ কিলোমিটার দূরের শ্তিপ শহরের হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের রাজধানী স্কোপিয়ের হাসপাতালে নেওয়ার জন্য হেলিকপ্টার ব্যবহার করা হয়।

কনসার্টটি মধ্যরাতে শুরু হয়। তবে স্থানীয় সংবাদমাধ্যম এসডিকে জানায়, আগুন লাগে স্থানীয় সময় রাত ৩টার দিকে। সম্ভবত কনসার্টে ব্যবহৃত আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত বলে জানিয়েছেন তস্কোভস্কি। তিনি বলেন, ‘যখন তথাকথিত স্প্রিংকলার চালু করা হয়, তখন স্ফুলিঙ্গগুলো ক্লাবের ছাদে লেগে যায়, যা সহজেই দাহ্য—এমন উপাদানে তৈরি ছিল।
ফলে খুব দ্রুত পুরো নৈশক্লাবজুড়ে আগুন ছড়িয়ে পড়ে এবং ঘন ধোঁয়া সৃষ্টি হয়।’

আগুন লাগার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মঞ্চে বিশেষ ধরনের ইনডোর আতশবাজি ব্যবহৃত হচ্ছিল। বলকান অঞ্চলের সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত অন্যান্য ভিডিওতে দেখা গেছে, ভবনের প্রবেশপথ আগুনে পুড়ে কালো হয়ে গেছে।

এর আগে ২০২১ সালের সেপ্টেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় তেতোভো শহরের কভিড-১৯ রোগীদের জন্য নির্ধারিত একটি ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জন প্রাণ হারিয়েছিল।

সূত্র : এএফপি

পুলিশের ১২৭ ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এতে পুলিশের ১২৭ জন উচ্চপদস্থ কর্মকর্তা উপস্থিত থাকবেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। রবিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তিনি জানান, বৈঠকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার কার্যালয়ে ওই অনুষ্ঠানে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক), মহানগর পুলিশ কমিশনার, সব ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি ও সব অতিরিক্ত আইজিপি এবং আইজিপি উপস্থিত থাকবেন। এদিন প্রধান উপদেষ্টা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন।

অবশেষে ব্যবসায়ী লিপি খান ভরসা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলা থেকে নানা কায়দায় নিজেকে আড়াল রাখা ব্যবসায়ী লিপি খান ভরসাকে অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ মার্চ) রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন।
এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। লিপি খান এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।

এর আগে মহানগর পুলিশের সাবেক উপকমিশনার মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ তোলেন লিপি খান। তার দাবি, গত ১৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় আসামি হন তিনি। এ মামলা থেকে নাম বাদ দিয়ে তাকে সুরক্ষা দিতে মেট্রোপলিটন চেম্বারের পরিচালক অমিত বণিকের মাধ্যমে তার কাছে ১০ লাখ টাকা ঘুষ চান উপকমিশনার শিবলী কায়সার। এ ঘটনায় গত ১১ মার্চ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান লিখিত অভিযোগ করেন।

গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে লিপি খান ভরসা তার ম্যানেজার পলাশ হাসানকে কোতোয়ালি থানায় পাঠান। এ সময় শিবলী কায়সার মামলার বাদী ম্যানেজার পলাশকে থানার ভেতরেই বেধড়ক পেটান। এক পর্যায়ে তাকে গুলি করতে সহকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন। এ ঘটনায় শনিবার দুপুরে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে ফেরানো হয়েছে।

চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ

আগামী ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রবিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

এ ছাড়া দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে বলে জানান তিনি।

প্রধান উপদেষ্টার চীন সফরের আগে চীনা রাষ্ট্রদূত আজ অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলেও জানান শফিকুল আলম।

চীনের ব্যবসায়ীরা যেন বাংলাদেশে তাদের কম্পানির বিনিয়োগ করতে আগ্রহী হয়, সেই প্রচেষ্টা থাকবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেসসচিব।

স্বীকারোক্তি দিয়েছেন হিটু শেখ, বাকিদের জিজ্ঞাসাবাদ চলছে : পুলিশ সুপার

মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ শনিবার (১৫ মার্চ) আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া মামলায় এ পর্যন্ত পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা।

রবিবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মাগুরা সদর থানায় ওসির কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, ৮ বছরের শিশু ধর্ষণের মামলার অন্যতম আসামি হিটু শেখ ছাড়াও বাকি তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার সংশ্লিষ্ট আলামত সংগ্রহ করে ফরেনসিকের জন্য সিআইডিকে পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. মিরাজুল ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বোনের বাড়িতে বেড়াতে এসে শহরের নিজনান্দুয়ালী এলাকায় ৫ মার্চ রাতে ৮ বছরের ওই শিশু ধর্ষিত হয়। সে শ্রীপুর উপজেলার সব্দালপুর এলাকায় বাড়ির নিকটবর্তি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
রমজানের ছুটিতে শনিবার মায়ের সঙ্গে সে বোনের বাড়িতে বেড়াতে আসে। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় ফদিরপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পাঠানো হয় ঢাকায়।
ঢাকার সম্মিলিত সামরিক হাপাতালে বৃহস্পতিবার সে মারা যায়। এ ঘটনায় হিটু শেখকে প্রধান করে মামলা করেছিলেন আছিয়ার মা আয়েশা আক্তার।

এবার স্বাধীনতা দিবসেও হবে না কুচকাওয়াজ

এ বছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার দেশের অন্তর্বর্তী দায়িত্ব পালন করছে, একটা যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালনা করছে।

রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস এবং ঈদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা শেষে এ কথা বলেন তিনি।
এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও কুচকাওয়াজ করা হয়নি।

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয় সে জন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র সচিব। এ ছাড়া ঈদে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো।

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই বলেও জানিয়েছেন সচিব।

শেখ হাসিনা কোনো ধর্ষণের বিচার করেনি : আফরোজা আব্বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, খুনী হাসিনা সরকার যতদিন ক্ষমতায় ছিল কোনো গণধর্ষণের বিচার করেনি। বরং যারা গণধর্ষণ করেছে তাদের পুরস্কৃত করেছিলেন তিনি। যার ফলে দেশে ধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গেছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটিগ্রাম এলাকায় আট বছরের এক শিশু লম্পট সেলিমের ধর্ষণচেষ্টার ঘটনায় গুরুতর আহত হয়।
আজ রবিবার ভুক্তভোগী ওই শিশুর খোঁজ নিতে এসে আফরোজা আব্বাস এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘ধর্ষণকারীদের জেলখানায় না নিয়ে, ফাঁসি না দিয়ে প্রকাশ্যে জনসম্মুখে পাথর ছুড়ে হত্যা করে ন্যায়বিচার নিশ্চত করা দরকার। যাতে এ ধরনের কর্মকাণ্ড করার কেও সাহস না পায়। বিএনপির আমলে শারমিন রিমার হত্যাকাণ্ডে ঘাতক মনিরের ফাঁসি বিএনপি সরকারের সময়ে হয়েছে।
‘
তিনি আরো বলেন, ‘বেশ কিছু দিন ধরে চকলেটের লোভ দেখিয়ে শেরপুর, ময়মনসিংহ ও কুমিল্লায় একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। কুমিল্লায় একজন মারাও গেছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ধর্ষণ ঘটনার বিচার না হওয়ায় এর বিস্তার ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এখানে ছুটে এসেছি শিশুটিকে দেখতে।
‘
আফরোজা আব্বাস শিশুটির বাসায় এসে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি শিশুটির খোঁজ-খবর নেন এবং আর্থিক সহায়তা তার মায়ের হাতে তুলে দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়া, মাশুকুল ইসলাম রাজীব, সদস্য ও সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ গিয়াস উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

চিন্তা করবেন না, এখনই অবসর নিচ্ছি না : কোহলি

অবসর নেওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন বিরাট কোহলির। জানিয়েছেন, খুব শিগগিরই অবসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই তার।

শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলার সময় এক প্রসঙ্গে এই ক্রিকেটার বলেন, ‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আমি কোনো ঘোষণা দিচ্ছি না। আপাতত সব ঠিক আছে।
‘

টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে খেলছেন কোহলি। তবে এখনই বাকি দুই ফরম্যাট থেকে অবসর নেওয়ার ব্যাপারে কিছু ভাবেননি কোহলি। বলছেন, ‘চিন্তা করবেন না। আমি কোনও ঘোষণা করব না।
এখনও পর্যন্ত সব ঠিকঠাক আছে। এখনও খেলাটাকে ভালোবাসি। খেলার আনন্দ, জয়ের খিদে এবং ভালোবাসা এখনও আমাকে তাড়িয়ে বেড়ায়। যত দিন সেটা উপভোগ করব তত দিন খেলে যাব।
এখন কোনো কীর্তি স্থাপনের জন্য খেলি না।’

কোহলি আরো বলেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলার ক্ষিদে থাকলে অবসর নিয়ে ভাবার সময় পাওয়া যায় না। রাহুল দ্রাবিড়ের সঙ্গে এটা নিয়ে এক বার বেশ ভালো কথাবার্তা হয়েছিল। ও আমাকে বলেছিল, সব সময় নিজের সঙ্গে যোগাযোগ রাখতে। জীবনের কোন পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে বেশি করে ভাবতে।
কারণ অবসর কবে নেব, এই প্রশ্নের উত্তর পাওয়া সহজ কাজ নয়।’

গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ হেরে ফিরেছে ভারত। চার বছর পর আবার অজি সফর থাকবে না বলেই মনে করেন কোহলি। গত বছর পার্থে সিরিজের প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করলেও পুরো সিরিজ জুড়ে নিজের সেরা ছন্দে ছিলেন না কোহলি। তাই আগামীতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে সেই দুঃখ ভোলারও কোনো সুযোগ থাকছে না বলে জানান এই ভারতের সাবেক এই অধিনায়ক, ‘তবে আমি এটা নিয়ে ভাবতে পারি না। হয়তো চার বছর পর আমার আর অস্ট্রেলিয়া সফর করার সুযোগই থাকবে না। আমি জানি না। তাই জীবনে যা ঘটেছে, সেটার সঙ্গে মানিয়ে নিতে হবে।’

ইয়েমেনে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান রাশিয়ার

মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে হুতিদের ওপর মার্কিন বিমান হামলায় এখন পর্যন্ত নারী, শিশুসহ ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। এই হামলা বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। খবর আলজাজিরার।

খবরে বলা হয়, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে বৃহৎ পরিসরে সামরিক হামলার পর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন এবং তাকে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কো রুবিওর যুক্তির জবাবে সের্গেই ল্যাভরভ অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানান। তিনি আরো রক্তপাত বন্ধের জন্য সব পক্ষের সঙ্গে রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান খুঁজে বের করার গুরুত্বের ওপর জোর দেন।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুতিদের সন্ত্রাসী আখ্যায়িত করে বলেন, তোমাদের সময় শেষ, আজ থেকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে। যদি তোমরা এটা না করো তাহলে তোমাদের ওপর নরকের বৃষ্টি নেমে আসবে।
যা আগে কখনো দেখোনি।

এরপরই হামলা শুরু করে মার্কিন বাহিনী। ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর হুতিদের ওপর চালানো যুক্তরাষ্ট্রের এটাই সবচেয়ে বড় সামরিক অভিযান।

রোববার হুতি পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি বলেন, মার্কিন হামলায় কমপক্ষে ৩১ জন নিহত এবং ১০১ জন আহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশু।

হুতিদের রাজনৈতিক ব্যুরো এই হামলাগুলোকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন এই হামলার প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণ প্রস্তুত।

যুদ্ধবিরতি আলোচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ নেতানিয়াহুর

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য প্রতিনিধি দলকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শেষে কাতার থেকে ফিরে আসা একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

টাইমস অব ইসরায়েল ও আল জাজিরার খবরে বলা হয়, ওই বৈঠকে ইসরায়েলি মন্ত্রী এবং নিরাপত্তা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নেতানিয়াহু ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবের অধীনে আলোচনার প্রস্তুতির নির্দেশ দেন, যার মধ্যে ১১ জন ইসরায়েলি বন্দীর তাৎক্ষণিক মুক্তি এবং মৃত বন্দীদের অর্ধেকের দেহাবশেষ অন্তর্ভুক্ত রয়েছে।

ইসরায়েলি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম কেএএন জানিয়েছে যে, উইটকফ ১০ জন বন্দীর মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি ৬০ দিনের জন্য বাড়ানোর পরামর্শ দিয়েছেন।

এদিকে শুক্রবার হামাস যুদ্ধবিরতি বাড়ানো এবং আরো ফিলিস্তিনি নিরাপত্তা বন্দিদের মুক্তি দেওয়ার বিনিময়ে শেষ জীবিত ইসরায়েলি-মার্কিন জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া ইসরায়েলি-মার্কিন দ্বৈত নাগরিকত্বধারী আরো চারজন— ইতাই চেন, ওমর নিউট্রা, গাদি হাগাই এবং জুডি ওয়েইনস্টাইনের মৃতদেহ ফেরত দেওয়ার প্রস্তাব দিয়েছে। তবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র উভয়েই হামাসের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
উইটকফ এটিকে ‘ছলনাপূর্ণ’ প্রস্তাব বলে মন্তব্য করেছেন।