মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা ছাড়াল ২০০

ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২৩২ জন। গাজার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে। এ ছাড়া বহু মানুষ আহত হয়েছে।
হতাহতের সংখ্যা বাড়তে পারে।

হামলা হচ্ছে পুরো গাজাজুড়ে। দক্ষিণ গাজায় ইসরায়েলি ট্যাংকগুলো থেকে হামলা হচ্ছে। গাজা থেকে আল জাজিরার আরবি সংবাদদাতা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্কগুলো খান ইউনিসের আবাসান শহরের পূর্বাঞ্চলে গোলাবর্ষণ করছে, একই সঙ্গে তীব্র গোলাগুলির ঘটনা ঘটছে।

অবরুদ্ধ এই উপত্যকার স্কুল, হাসপাতাল, মসজিদ, আবাসিক ভবনসহ বেশির ভাগ স্থাপনাই ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

আল জাজিরা লাইভে বলা হয়েছে, মঙ্গলবার সকালে আধা ঘণ্টায় গাজায় ৩৫টিরও বেশি ইসরায়েলি বিমান হামলা হয়েছে। অ্যাম্বুলেন্স এবং বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা মৃত ও আহতদের সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও হামলা শুরু হয়েছে। হামাস যুদ্ধবিরতি বাড়ানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান পুনরায় শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। গাজা উপত্যকায় গতকাল সোমবার থেকে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

সূত্র : আলজাজিরা

ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই গাজায় ইসরায়েলের হামলা : হোয়াইট হাউস

গাজা উপত্যকায় গতকাল সোমবার থেকে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেই এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট। খবর রয়টার্স ও আল জাজিরার।

ফক্স নিউজের ‘হ্যানিটি’ শো কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন লিভিট বছেন, ‘আজ (সোমবার) রাতে গাজায় তাদের হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউসের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েলিরা।
’

মূলত যুদ্ধবিরতির অবসান ঘটিয়ে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডজুড়ে ফের ব্যাপক আকারে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ভয়াবহ এই হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে পৌঁছেছে কমপক্ষে ২০0 জনে। নিহতদের মধ্যে শিশুরাও রয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট ফক্স নিউজকে বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যেমন স্পষ্ট করে বলেছেন, হামাস, হুথি, ইরান — যারা কেবল ইসরায়েলকে নয়, বরং যুক্তরাষ্ট্রকে আতঙ্কিত করতে চায় — তাদের মূল্য দিতে হবে এবং তাদের ওপর সমগ্র নরক ভেঙে পড়বে।
’

তিনি আরো বলেন, ‘হুতি, হিজবুল্লাহ, হামাস, ইরান এবং ইরান-সমর্থিত সন্ত্রাসী প্রতিনিধিদের উচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুব গুরুত্ব সহকারে নেওয়া। কারণ তিনি (ট্রাম্প) বলেন যে— তিনি আইন মেনে চলা মানুষের পক্ষে দাঁড়াতে এবং যুক্তরাষ্ট্র এবং আমাদের বন্ধু ও মিত্র ইসরায়েলের পক্ষে দাঁড়াতে ভয় পান না।’

এদিকে আল জাজিরা জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির অবসান ঘটিয়েছে ইসরায়েল এবং এরপর অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে বিমান হামলা শুরু করেছে। বর্বর এই হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যা চলতি বছরের ১৯ জানুয়ারি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় হামলা।

উড্ডয়নের পরপরই হন্ডুরাস উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৬

গতকাল সোমবার রাতে হন্ডুরাস উপকূলের কাছে রোয়াটান দ্বীপে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনার পরে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দেশটির অগ্নিনির্বাপণ প্রধান স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

রোয়াটানের অগ্নিনির্বাপণ প্রধান উইলমার গুয়েরেরো স্থানীয় সম্প্রচারক এইচসিএইচকে জানিয়েছেন, উড়োজাহাজের ভেতরে এখনও আটজন যাত্রী রয়েছেন।

স্থানীয় সম্প্রচারক নোটিসিয়েরো হোয় মিসমোকে দেওয়া এক মন্তব্যে দ্বীপের পুলিশ প্রধান লিসান্দ্রো মুনোজ বলেছেন, উড়োজাহাজটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই পানিতে বিধ্বস্ত হয়।

তিনি আরো বলেন, ‘এই উদ্ধার প্রচেষ্টা কঠিন, কারণ উড়োজাহাজটি সমুদ্রে পড়ে গেছে।’ হন্ডুরাসের পরিবহন সংস্থা ল্যানহসা পরিচালিত জেটস্ট্রিম উড়োজাহাজটিতে ১৭ জন যাত্রী ছিলেন, যার মধ্যে তিনজন ক্রু সদস্য ছিলেন। দেশটির পরিবহনমন্ত্রী স্থানীয় রেডিওকে এই তথ্য নিশ্চি করলেও নিহতের সংখ্যা বিস্তারিত জানাননি।

স্থানীয় গণমাধ্যমে দেখানো ফ্লাইট ম্যানিফেস্ট অনুসারে, যাত্রীদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন ফরাসি নাগরিক এবং দুইজন নাবালকও ছিলেন। উড়োজাহাজটি হন্ডুরাসের মূল ভূখণ্ডের লা সেইবা উড়োজাহাজবন্দরে যাওয়ার কথা ছিল।

সূত্র: রয়টার্স

ইউক্রেনের ভূমি ও বিদ্যুৎকেন্দ্র নিয়ে ট্রাম্প-পুতিন ফোনালাপ আজ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে যুদ্ধ বন্ধের পাশাপাশি ইউক্রেইনের কিছু ভূখণ্ড ছাড় এবং জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ন্ত্রণের বিষয়টি নিয়েই মূলত কথা বলতে পারেন। খবর আল জাজিরার।

পুতিন ও ট্রাম্পের আলোচনার বিষয়টি ক্রেমলিনের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে এই দুই নেতা যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হতে পারেন বলেন আশা প্রকাশ করেছেন এক মার্কিন কর্মকর্তা।

ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে ফেরার সময় এয়ার ফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা এই যুদ্ধের অবসান ঘটাতে পারি কি না, তা দেখতে চাই। গত সপ্তাহে অনেক কাজ শেষ হয়েছে। হয়তো আমরা পারব, হয়তো পারব না। কিন্তু আমার মনে হয়, খুব ভালো সুযোগ আছে।
’

যুদ্ধবিরতির আলোচনায় কোন কোন বিষয়ে ছাড় দেওয়ার আলোচনা করা হবে, জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমরা ভূমি নিয়ে কথা বলব, বিদ্যুৎকেন্দ্র নিয়ে আলোচনা করব। আমার মনে হয়, আমরা (রাশিয়া ও ইউক্রেন) এরই মধ্যে এমন অনেক বিষয় নিয়ে আলাপ করেছি। নির্দিষ্ট সম্পদ বণ্টন নিয়ে আমরা এরই মধ্যে আলোচনা করেছি।’

গত সপ্তাহে পুতিন বলেছেন, তিনি যুদ্ধবিরতির সঙ্গে একমত।
তবে শান্তিচুক্তির ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করতে চান তিনি। ইউক্রেন আগেই যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে। তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাবে সায় না দেওয়ায় পুতিনের সমালোচনা করেছে কিয়েভের ইউরোপীয় মিত্ররা।

পুতিন ও ট্রাম্পের ফোনালাপের আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মঙ্গলবার এমন একটি কথোপকথনের প্রস্তুতি চলছে। তবে দুই নেতা কী নিয়ে আলোচনা করবেন, তা জানাননি তিনি।

ট্রাম্প গত মাসে পুতিনের সঙ্গে ফোনালাপ করেছিলেন। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গত বৃহস্পতিবার মস্কোয় পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং যুদ্ধবিরতির পরিকল্পনার বিশদ উপস্থাপন করেন। তিনি সিএনএনকে বলেন, কয়েক সপ্তাহের মধ্যে চুক্তি সম্পন্নের আশা করা যাচ্ছে।

তবে পুতিনের বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, পুতিন যুদ্ধ দীর্ঘায়িত করতে চাইছেন।

এদিকে গতকাল সোমবার ইউক্রেনের দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলের স্টেপোভ নামের একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। এ ছাড়া গত রবিবার রাতে ইউক্রেনে ১৭৪টি ড্রোন ছুড়েছে মস্কো। আর ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার আস্ত্রাখানে একজন আহত হয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধরত উত্তর কোরীয় আটক সেনাদের গ্রহণের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। আর ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল ইউক্রেনকে ৩৮০ কোটি ডলার আর্থিক সহায়তা অনুমোদন করেছে।

গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল, নিহত শতাধিক

গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সি (এই উপত্যকার প্রধান জরুরি প্রতিক্রিয়া পরিষেবা)-এর একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, হামলায় কমপক্ষে ১০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। এদিকে এএফপির প্রতিবেদনে নিহতের সংখ্যা ১২১ বলা হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা হামাসের সন্ত্রাসী লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে।
১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই গাজায় সবচেয়ে বড় বিমান হামলা। চিকিৎসক ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহতে তিনটি বাড়ি, গাজা শহরের একটি ভবন এবং খান ইউনিস ও রাফাহতে লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, মঙ্গলবার সকালে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার নির্দেশ দিয়েছেন। এতে বলা হয়েছে, ‘হামাস আমাদের জিম্মিদের মুক্তি দিতে বারবার অস্বীকৃতি জানানোর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট দূত স্টিভ উইটকফ এবং মধ্যস্থতাকারীদের কাছ থেকে প্রাপ্ত সকল প্রস্তাব প্রত্যাখ্যান করার পর এটি করা হয়েছে।
’

আরো বলা হয়েছে, ‘ইসরায়েল এখন থেকে ক্রমবর্ধমান সামরিক শক্তি দিয়ে হামাসের বিরুদ্ধে লড়বে।’ হামলার পরিকল্পনা আইডিএফ সপ্তাহান্তে উপস্থাপন করেছে এবং রাজনৈতিক নেতৃত্ব কর্তৃক অনুমোদিত হয়েছে বলে এতে বলা হয়েছে।

হোয়াইট হাউসের একজন মুখপাত্র ফক্স নিউজকে জানিয়েছেন, হামলা চালানোর আগে ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে আলোচনা করেছিলেন।

গত ১ মার্চ অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের সমাপ্তির পর আলোচকরা এগিয়ে যাওয়ার পথ খুঁজে বের করার চেষ্টা করছেন।
আমেরিকা প্রথম ধাপের মেয়াদ এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছে, যার মধ্যে হামাস কর্তৃক বন্দি এবং ইসরায়েল কর্তৃক বন্দি ফিলিস্তিনি বন্দিদের বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।

কিন্তু আলোচনার সঙ্গে পরিচিত একজন ফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, পরোক্ষ আলোচনায় উইটকফ কর্তৃক নির্ধারিত চুক্তির মূল বিষয়গুলো নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে মতবিরোধ রয়েছে। ফলে গাজা যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

হামাস-পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলি সামরিক আক্রমণ শুরু হয় যার ফলে ৪৮ হাজার ৫২০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক। গাজার ২১ লাখ জনসংখ্যার বেশিরভাগই একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে।

আনুমানিক ৭০ শতাংশ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে, স্বাস্থ্যসেবা, পানি এবং স্যানিটেশন ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খাদ্য, জ্বালানি, ওষুধ এবং আশ্রয়ের ঘাটতি রয়েছে।

সূত্র : রয়টার্স

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৪৪৫ মামলা, ২২২ গাড়ি ডাম্পিং

রাজধানীর সড়কে সৃষ্ট দীর্ঘ দিনের যানজটে অতিষ্ঠ নগরবাসী। যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর বিভিন্ন এলাকায় একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৪৪৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এসব মামলায় আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২২২টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার (১৭ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ‘সড়কে শৃঙ্খলা ফেরাতে রাত-দিন কাজ করছে ট্রাফিক পুলিশ সদস্যরা। রবিবার (১৬ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির আটটি ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ১৪৪৫টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সংক্রান্ত মামলায় ২২২টি গাড়ি ডাম্পিং ও ৭১টি গাড়ি রেকার করা হয়েছে।
‘
সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এদিকে রাজধানী ঢাকার যানজট নিরসনের সমাধান খুঁজতে পুলিশ ও দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় যারা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং আইন অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ।

সাম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ট্রাফিক সিস্টেম বিশেষজ্ঞের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠকে রাজধানী ঢাকার যানজট নিরসনের সমাধান খুঁজতে পুলিশ ও দেশের অভিজাত বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নির্দেশ দেন তিনি।

পিএসএল ছেড়ে আইপিএলে যাওয়ায় প্রোটিয়া অলরাউন্ডারকে আইনি নোটিশ

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নাম লিখিয়েছিলেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বশ। ডায়মন্ড ক্যাটাগরিতে তাকে দলে ভিড়িয়েছিল পেশাওয়ার জালমি। কিন্তু গত ৮ মার্চে মুম্বাই ইন্ডিয়ান্স ঘোষণা দেয়, লিজার্ড উইলিয়ামস চোটে ছিটকে পড়ায় তার বদলি হিসেবে বশকে নিচ্ছে। এখন পিএসএল রেখে আইপিএলে যাওয়ায় দক্ষিণ আফ্রিকান বশকে আইনি নোটিশ পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
চুক্তির বাধ্যবাধকতা লঙ্ঘনের অভিযোগ উঠেছে এই অলরাউন্ডারের ওপর।

এই মৌসুমে প্রথমবার পাশাপাশি চলবে আইপিএল ও পিএসএল। ২২ মার্চ থেকে শুরু হয়ে বিশ্বের সবচেয়ে বড় ফ্র‍্যাঞ্চাইজি লিগ শেষ হবে ২৫ মে। অন্যদিকে এপ্রিলের ১১ তারিখ থেকে পিএসএল মাঠে গড়াবে ১৮ মে পর্যন্ত।
একই সঙ্গে দুটি ফ্রাঞ্জাইজি টুর্নামেন্ট হওয়ায় অনেক খেলোয়াড় পিএসএল বাদ দিয়ে আইপিএলে চলে যেতে পারেন, এই আশঙ্কা থেকে পিএসএল ফ্র‍্যাঞ্চাইজিগুলো বশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী।

গতকাল রবিবার এক বিবৃতিতে পিসিবি বলেছে, ‘ওই ক্রিকেটারের এজেন্টের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং পেশাগত ও চুক্তির প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্তের ন্যায্যতা দেখাতে বলা হয়েছে। লিগ থেকে তার সরে যাওয়ার প্রতিক্রিয়া কী হতে পারে, পিসিবি ম্যানেজমেন্টের পক্ষ থেকে তা জানিয়ে দিয়ে উত্তর দেওয়ার সময় বেধে দেওয়া হয়েছে। এই ব্যাপারে পিসিবি আর কোন মন্তব্য করবে না।
’ তবে কত দিনের ভেতর উত্তর দিতে হবে, তা জানানো হয়নি।

প্রথমবার আইপিএলে খেলার সুযোগ আসন্ন মৌসুমে পেয়ে যেতে পারেন বশ। এর আগে দক্ষিণ আফ্রিকার ফ্র‍্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাধীন এমআই ক্যাপটাউনে খেলেছেন। সবশেষ আসরের ফাইনালে ২৮ রানে ৪ উইকেট নিয়ে দলকে শিরোপা জেতাতে অবদান রেখেছেন।

পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।

সোমবার (১৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আইন না থাকলে সরকার, গণতন্ত্র, নাগরিক অধিকার কিছুই থাকবে না। আর পুলিশকে অবহেলা করে দেশ গড়া যাবে না। আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে সব যুদ্ধে জয়ী হওয়া সম্ভব।

অন্তর্বর্তী সরকারের হাতে বেশি সময় নেই জানিয়ে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা ইতিমধ্যে ৭ মাস পার করে এসেছি। আমরা বলেছি, ডিসেম্বরে নির্বাচন হবে। কাজেই এর মধ্যেই আমাদের যে সামর্থ্য রয়েছে, যা যা সংস্কারের প্রয়োজন সেগুলো করতে হবে। কারো জন্য অপেক্ষায় থাকলে আমাদের কোনো লাভ হবে না।
সংস্কারকাজ করতে হবে এবং সেটি প্রতিষ্ঠা করতে হবে।

নির্বাচনের সময়ে অনেক চাপ আসবে, সে সময়ে পুলিশ বাহিনীকে শক্ত থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনি এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ এবং রাজশাহী পুলিশ সুপার ফারজানা ইসলাম।

সাময়িক বরখাস্ত পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত (সাবেক জিএমপি কমিশনার) ডিআইজি মোল্যা নজরুল ইসলাম ও সিলেট জেলার সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ সোমবার (১৭ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ১৬ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব নাসিমুল গনি প্রজ্ঞাপন দুটিতে সই করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছর ৫ অক্টোবর গুলশান থানায় দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়।
এ কারণে ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ৮ জানুয়ারি গোপালগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলায় গত ৯ ফেব্রুয়ারি রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত (সাবেক সিলেট জেলা পুলিশ সুপার) আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে সিলেট কারাগারে পাঠানোর আদেশ দেন। এ কারণে পুলিশ সুপার আব্দুল মান্নানকে সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী গত ৯ ফেব্রুয়ারি সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, এই দুই কর্মকর্তা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাপ্য হবেন।

এবার শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধছেন ‘পুষ্পা’ নির্মাতা সুকুমার!

বলিউড সুপারস্টার শাহরুখ খানকে এবার নতুন আঙ্গিকে হাজির করতে যাচ্ছেন পুষ্পাখ্যাত পরিচালক সুকুমার। এমন গুঞ্জনে এখন সয়লাব মুম্বাই শোবিজ অঙ্গন। শোনা যাচ্ছে, শাহরুখ একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার জন্য আলোচনায় রয়েছেন। এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে।
যা পরিচালনা করবেন সুকুমার।

‘মিড ডে’-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা’খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ খান অভিনয় করবেন এক অ্যান্টি-হিরো চরিত্রে। গল্পে গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে।
সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয়, বরং জাতপাত ও শ্রেণিবৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোকেও তুলে ধরবে।

একটি ঘনিষ্ঠ সূত্র ‘মিড ডে’-কে জানায়, ‘কিং খান এখানে একজন অ্যান্টি-হিরোর চরিত্রে অভিনয় করবেন, তবে এটি শুধুমাত্র সাধারণ ভিলেন চরিত্র নয়। এই সিনেমাটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে তাকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দেখা যাবে।’

সোমবার (১৭ মার্চ) সিনেমা বিশ্লেষক সুমিত কাদেলও একটি পোস্টে জানিয়েছেন, দুজনের একসঙ্গে কাজ করার গুঞ্জন বেশ জোরালো হচ্ছে।
গ্রামীন গল্পে একটি রাজনৈতিক অ্যাকশন ড্রামায় একসঙ্গে কাজ করতে পারেন শাহরুখ-সুকুমার জুটি।

এছাড়াও টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনেও উঠে এসেছে এই তথ্য। যেখানে জানানো হয়েছে যে এই দুই মেগাস্টারের যুগলবন্দি হলেও সেটার জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। কারণ ইতোমধ্যে রামচরণের সঙ্গে একটি সিনেমা ও ‘পুষ্পা ৩’ নির্মাণ নিয়ে ব্যস্ত সুকুমার। শাহরুখ খানও ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘দ্য কিং’ নিয়ে।
তাই দুজনের একসঙ্গে কাজ করাটা অনেক সময়ের ব্যাপার।

শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই তাকে ভিলেন চরিত্রে দেখেছেন। ‘ডর’, ‘বাজিগর’-এর রহস্যময় ও দুর্দান্ত পারফরম্যান্স আজও কালজয়ী হয়ে রয়েছে। এরপর শাহরুখ অবশ্য রোমান্টিক নায়ক হিসেবেই নিজেকে আবর্তিত করেছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নেগেটিভ রোলের সাফল্য আজও মাইলফলক হয়ে রয়েছে এ অভিনেতার জন্য। তাই আরো একবার নেগেটিভ চরিত্রে তাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। যদিও এখন পর্যন্ত সিনেমাটির কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি। সুকুমার কিংবা শাহরুখের পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা। তবে এই গুঞ্জনকে একেবারেই এড়িয়ে যেতে নারাজ শাহরুখ ভক্তরা। পুষ্পা’খ্যাত পরিচালকের সঙ্গে শাহরুখ খানের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন সবাই।