রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬

ফোনালাপ নিয়ে আ.লীগ মিথ্যাচার করছে : রিজভী

rizvi26বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারতের জনতা পার্টির (বিজেপি) প্রধান অমিত শাহর ফোনের মাধ্যমে যে কুশালাদি বিনিময় হয়েছে তা নিয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, সরকার মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর গুলশান-১ নম্বরের একটি বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী দেশবাসী ও দলের নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার সহিংসতা করে বিএনপি জোটের ওপর দায় চাপিয়ে দিতে পারে এই জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে- এ বক্তব্য মিথ্যাচার। দেশ অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে না। বরং আওয়ামী লীগ সরকার টেন্ডারবাজি, লুটপাট, দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করে অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।

রিজভী বলেন, সরকার খালেদা জিয়াকে অবরুদ্ধ রেখে মিথ্যাচার করে বলছে, তাকে অবরুদ্ধ করে রাখা হয়নি। আওয়ামী যা বলে তা ঘটনার উল্টোটা।

তিনি অভিযোগ করে বলেন, বিরোধী দলের ন্যায্য দাবি আদায়ের আন্দোলন দমানোর জন্যই প্রশাসনে রদবদল করা হয়েছে।

খালেদা অসুস্থতার ভান করছেন: নাসিম

nasim21স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থতার ভান করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কথা দিচ্ছি, যদি তিনি আসলেই অসুস্থ হয়ে থাকেন। তিনি আমাকে বললে, আমি কথা দিচ্ছি যত ডাক্তার লাগে আমি ডাক্তার পাঠিয়ে তাকে সুস্থ করার ব্যবস্থা করব।”

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, “মনে রাখতে হবে যুদ্ধক্ষেত্রে যখন সেনাবাহিনী প্রধান মাঠে নামে তখন ভাববেন ওই বাহিনীর পতন অনিবার্য। খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি সরকারের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিচ্ছেন। অথচ তার নেতাকর্মীরা তার ডাকে সাড়া না দেয়ায় তিনি (খালেদা) নিজেই এখন মাঠে নেমে আবোল-তাবোল কথাবার্তা বলছেন।”
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, সাম্যবাদী দলের দিলিপ বড়ুয়া, ওয়ার্কাস পার্টির ফজলে হোসেন বাদশা এমপি, জাফর সাজ্জাদ, জাসদের নাজমুল হক প্রধান, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল (অব.) ফারুক খান, সদস্য এস.এম কামাল হোসেন এমপি, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি খায়রুজ্জামান লিটন, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহম্মেদ পলক এমপি, সিরাজগঞ্জ-২ আসনের এমপি প্রফেসর হাবিবে মিল্লাত মুন্নাসহ সিরাজগঞ্জ জেলা, উপজেলা ও পাশ্ববর্তী জেলাসমূহের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবে লুকানো নেতাদের দিয়ে আন্দোলন হবে না: হানিফ

hanifআওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, “আর যা-ই হোক, বিএনপির দ্বারা আন্দোলন হবে না। কারণ নেতারা গ্রেফতারের ভয়ে প্রেস ক্লাবে লুকিয়ে থাকেন। হাসপাতাল থেকে পালিয়ে যান। যে দলের নেতারা গ্রেফতারের ভয়ে পালিয়ে থাকেন, তারা কীভাবে আন্দোলন করবেন?”

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক বর্ধিত সভায় তিনি এসব কথা করেন।
তারেক রহমান সন্ত্রাসী, বিএনপি সন্ত্রাসীদের দল বলে অভিযোগ করে হানিফ বলেন, “হাইকোর্টের রিটের প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব মনের অগোচরে স্বীকার করেছেন তাদের দলের নেতা (তারেক রহমান) ও বিএনপি সন্ত্রাসীর দল।”
হানিফ বলেন, “বুধবার হাইকোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। ওই রায়ে বলা হয়েছে, বিদেশে অবস্থানকারী কোনো ফেরারি আসামির বক্তব্য মিডিয়াতে প্রকাশ করা যাবে না। এই সিদ্ধান্ত যুগোপযোগী। এতে কোনো ফেরারি আসামি বিদেশে বসে দেশের ইতিহাস বিকৃতি করতে পারবে না।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, “৫ জানুয়ারিকে কেন্দ্র করে দেশে যে সহিংসতা করা হচ্ছে, এর দায়ভার বিএনপি ও তাদের নেত্রী বেগম খালেদা জিয়াকেই নিতে হবে।”
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথসহ ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা বর্ধিতসভায় উপস্থিত ছিলেন।

রাজধানীর বাড্ডায় শিবিরের সড়ক অবরোধ, অগ্নিসংযোগ

shibir8বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালে অবরোধের তৃতীয় দিনে রাজধানীতে সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করেছে ছাত্রশিবির।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে অবরোধরে সমর্থনে বাড্ডা নতুন বাজার এলাকায় মিছিল বের করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। এ সময় কয়েকটি গাড়ি ভাংচুর ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

শাখা সভাপতি আনিসুর রহমান বিশ্বাসের নেতৃত্বে মিছিল ও রাস্তা অবরোধ করে শিবির। এ সময় রাস্তায় অগ্নিসংযোগ করে এবং ইটপাটকেল ফেলে প্রায় আধা ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে শিবির কর্মীরা।

অবরোধে অন্যদের মধ্যে ঢাকা মহানগরী উত্তর দফতর সম্পাদক জামিল মাহমুদ, অর্থ সম্পাদক আশিকুর রহমান আসিফ, ফাউন্ডেশন সম্পাদক ইফতেখারুল ইসলাম শাকিলসহ অন্যান্য মহানগরী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজধানীার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, ভাংচুর

bus30বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকে লাগাতার অবরোধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ভাংচুরের ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার অবরোধের তৃতীয় দিনেও দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে।

রাজধানীর মতিঝিলে ২টি এবং বনশ্রী এলাকায় ১টি, লাল বাগে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধরা।

দুপুর পৌনে ২টার দিকে মতিঝিল থানা গলিতে একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় দিবানিশি পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় বাসের চালক ও সহকারী স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ছাড়া দুপুরে রাজধানীর বনশ্রী এলাকায় রবরব পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়।

লালবাগ থানার এসআই জাহিদ সমকাল জানান, দুপুর সোয়া ২টার দিকে নিউমার্কেট এলাকার নীলক্ষেত মোড়ে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

অবরোধের চলাকালে গত দুইদিন দিনের বেলায় রাজধানী ঢাকা শান্ত থাকলেও সন্ধ্যার পর শুরু হয় সহিংসতা।

বুধবার সন্ধ্যার পর এক ঘণ্টার ব্যবধানে সাতটি গাড়ি এবং পরে আরও একটি গাড়িতে আগুন দেওয়া হয়। এতে পুরো নগরে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ইটিভি চেয়ারম্যানের রিমান্ড ও জামিন নামঞ্জুর

etv aপর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আব্দুস সালামের রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে একই সঙ্গে আদালত ৫ কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

বৃহস্পতিবার ডিবি পুলিশের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মেহের নিগর সুচনা এই আদেশ দেন।

আজ বৃহস্পতিবার ৭ দিনের রিমান্ড শুনানির দিন ধার্য ছিল। মামলা সুষ্ঠু তদন্তের জন্য তদন্তকারী কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আব্দুস সালামের আইনজীবী এডভোকেট সাইদুর রহমান জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

সোমবার রাত সাড়ে ৩টার দিকে কারওয়ান বাজার ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে আব্দুস সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাকে পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার দেখানো হয়।

মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কোন উদ্দেশে পর্নোগ্রাফি ছবি প্রচার ও মামলা সুষ্ঠু তদন্তের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত কর্মকর্তা (আইও) ডিবি পুলিশের পরিদর্শক শাহ মোহাম্মদ ইলিয়াস জামান আকন।

ওইদিন মামলার প্রয়োজনীয় নথি না থাকায় রিমান্ড শুনানির জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।

বাংলাদেশের সংবিধান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান: প্রধানমন্ত্রী

hasina8রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সংবিধান বিশ্বের সর্বশ্রেষ্ঠ সংবিধান। এখানে জনগণের মৌলিক অধিকার সম্পর্কে বলা আছে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনৈতিক সমিতির সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী মূল্যস্ফীতি কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর তাগিদ দিয়ে বলেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সবসময় বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করতে চায়।

তিনি বলেন, আমারা ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করতে চাই।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের মাথাপিছু আয় আমরা ১১৯০ ডলারে বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। অনেক ঝামেলার মধ্যেও আমাদের অর্থনীতির চাকা এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আমি নিরেট বাংলা সাহিত্যের ছাত্রী। আমি অথর্নীতির কিছুই বুঝি না। শুধু বুঝি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, তাদের দারিদ্র বিমোচন।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলন নয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

অবরোধ চলবে : রিজভী আহমেদ

rizvi26নির্দলীয় সরকারের অধীনে সবার অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি মেনে না নেয়া পর্যন্ত অবরোধ চলবে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

বৃহস্পতিবার সকালে বারিধারার একটি বাসায় সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে চলমান অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় জমায়েত বিশ্ব ইজতেমা। ইজতেমা উপলক্ষে বিএনপির অবরোধ কর্মসূচি স্থগিত করা হবে কিনা? এমন প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, সারাদেশে সরকারের দমন-পীড়ন অব্যাহত রয়েছে। বুধবারও ৩ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। প্রতিদিন তাদের নিষ্ঠুর নির্যাতনে সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীরা আহত হচ্ছে।

তিনি বলেন, এ রকম পরিস্থিতিতে আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, যতোক্ষণ পর্যন্ত আমাদের ওপর দমন-পীড়ন বন্ধ করা না হবে, যতোক্ষণ পর্যন্ত আমাদের সমাবেশের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না দেয়া হবে, যতোক্ষণ পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের দাবি মেনে না নেয়া হচ্ছে, ততোক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।

সরকারের বিরুদ্ধে বিএনপিকে কর্মসূচি পালনে বাধা দেয়ার অভিযোগ করে রিজভী বলেন, সরকার বিরোধী দলকে শান্তিপূর্ণ সমাবেশ করতে দিচ্ছে না।

দমন নীতির মাধ্যমে সরকার জনগণের গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, হরতাল-অবরোধ এসব গণতান্ত্রিক কর্মসূচি। এসব কর্মসূচিতে তারা (সরকার) বাধা দিচ্ছে। নেতাকর্মীদের ওপর গ্রেফতার নির্যাতন চালানো হচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। দেশব্যাপী নেতাকর্মীদের নামে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি এসব অত্যাচার নির্যাতন বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

অবিলম্বে গুলশানের কার্যালয়ের সামনে থেকে পুলিশ সরিয়ে নিয়ে বিএনপি নেত্রীর  স্বাভাবিক চলাচল নিশ্চিত করার দাবি জানান তিনি।

চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন রিজভী আহমেদ

rizvi7চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার রাতে তিনি রাজধানীর এ্যাপোলো হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন।

তবে তিনি বর্তমানে কোথায় আছেন তা জানা যায়নি। যোগাযোগের জন্য তার ব্যক্তিগত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে দায়িত্বকরত এক পুলিশ কর্মকর্তা জানান, চিকিৎসা শেষ হলে রিজভী আহমেদ চলে যেতেই পারেন। কারণ পুলিশের কাছে আটক বা গ্রেফতার ছিলেন না।

প্রসঙ্গত, এর আগে গত শনিবার রাতে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে গোয়েন্দা পুলিশ তাকে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে নিয়ে যায়। সেখানে তিনি পুলিশ প্রহরায় চিকিৎসাধীন ছিলেন।

সারাদেশে অবরোধের দ্বিতীয় দিন চলছে

oborod7সংঘর্ষ, মিছিল সড়কে ব্যারিকেড সৃষ্টির মাধ্যমে সারাদেশে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। বুধবার রাজধানীসহ সারাদেশে অবরোধের সমর্থনে বিএনপি ও জামায়াত-শিবির নেতাকর্মীরা মিছিল, সড়কে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ করার খবর পাওয়া গেছে।

৫ জানুয়ারিকে কেন্দ্র করে সমাবেশ করতে না দেয়া, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করা ও নির্যাতন গ্রেফতারের প্রতিবাদে সোমবার সন্ধ্যায় বেগম খালেদা জিয়া লাগাতার অবরোধের ডাক দেন। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ অবরোধ কর্মসূচি চলবে বলে ঘোষণা দেয়া হয়।

এদিকে অবরোধের প্রথম দিনই মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় প্রেসক্লাব থেকে বেরিয়ে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ আটক করে।

মির্জা আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে রংপুর বিভাগে চলছে সকাল-সন্ধ্যা হরতাল। এ ছাড়া গ্রেফতারের নিন্দা করে খালেদা জিয়া এক বিবৃতিতে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বিবৃতিতে খালেদা জিয়া অভিযোগ করেন, সরকার গ্রেফতারের মহোৎসবে মেতে উঠেছে।

অবরোধের প্রথমদিন অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সহিংসতার ঘটনা ঘটে। কয়েকটি স্থানে যানবাহনে অগ্নিসংযোগের খবরও পাওয়া গেছে। বিক্ষিপ্ত সহিংসতা হয়েছে চাঁদপুর, চট্টগ্রাম ও সিলেটসহ কয়েকটি জায়গায়।

রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বাসে ও প্রাইভেটকারে আগুন দেয়া হয়। শহরে কিছু যানবাহন চলাচল করলেও দূরপাল্লার বাস চলেনি বলে পরিবহন মালিকরা জানিয়েছেন।