শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিং ৩ ফরমেটেই শীর্ষে সাকিব

sakib27টি-টোয়েন্টি ও টেস্টের পর এবার ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংকেও শীর্ষস্থান দখল করেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ইতিহাসের প্রথম কোনো ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন সাকিব।

সোমবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ র‌্যাংকিংয়ের ফলাফল ঘোষণা করেন। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটেই সেরা অলরাউন্ডারের আসন সাকিবের দখলে।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তথ্য অনুযায়ী, ৪০৩ পয়েন্ট নিয়ে সাকিব পেছনে ফেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজকে। হাফিজের রেটিং পয়েন্ট ৩৯৭। এরপরেই রয়েছে দুই শ্রীলঙ্কান অ্যাঞ্জেলে ম্যাথুস ও দিলশান। ম্যাথিউসের রেটিং ৩৯৫। পঞ্চম স্থানে রয়েছেন পাকিস্তানির শহীদ আফ্রিদি।
২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাকিবের।

বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেট আসর বিগব্যাশে খেলার কারণে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন সাকিব আল হাসান। সেখানে বসেই বাংলাদেশ প্রমীলা ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুনকে আন্তর্জাতিক ক্রিকেটের টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলার ও অলরাউন্ডার হওয়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন সাকিব।

নোয়াখালীতে পত্রিকাবাহী গাড়িতে অগ্নিসংযোগ

buspবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে নোয়াখালীর সেনবাগের সেবারহাট বাজারে একটি পত্রিকাবাহী গাড়িতে অগ্নিসংযোগ ও পণ্যবাহী ৬টি গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধরা।

মঙ্গলবার ভোরে সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী মহাসড়কের সেবারহাট পূর্ব বাজারের প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে বিক্ষুব্ধরা গাড়িগুলো ভাংচুর ও পত্রিকাবাহী একটি গাড়িতে আগুন দেয়। এতে ২ জন আহত হন।

জানা যায়, চট্টগ্রাম থেকে প্রথম আলোর পত্রিকাবাহী মাইক্রোবাস নোযাখালী জেলা শহর মাইজদীতে পত্রিকা বিলি করে আবার চট্টগ্রামে ফেরার সময় বিক্ষুব্ধরা চালক ইসমাইল ও সুপারভাইজার কাশেমকে মারধর করে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটিতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে মাইক্রো বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

এদিকে সেনবাগের সেবারহাট এলাকায় ভোর থেকে সকাল পর্যন্ত ৬টি পণ্যবাহী ট্রাক ভাংচুর করা হয়।

শ্রীলঙ্কায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস

popএশিয়া সফরের শুরুতে দক্ষিণ এশীয় দেশ শ্রীলঙ্কায় পৌঁছেছেন পোপ ফ্রান্সিস। বিপুল সংখ্যক মানুষ কলম্বোর সড়কের পাশে দাঁড়িয়ে পোপকে স্বাগত জানিয়েছেন। সেখান থেকে তার ফিলিপিন্স যাওয়ার কথা রয়েছে।

২০০৯ সালে চার দশকের গৃহযুদ্ধের অবসানের পর পোপের এটাই প্রথম শ্রীলঙ্কা সফর।

দেশটির নতুন প্রেসিডেন্ট ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের সমাপ্তির অঙ্গীকার করেছেন।

দক্ষিণ কোরিয়া সফরের ৫ মাসের মাথায় পোপের এ সফরকে এশিয়ায় নতুন অনুসারীদের মন জয় এবং এ অঞ্চলের ক্যাথলিক সমপ্রদায়ের প্রতি সমর্থনের উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

সীমান্তে তৃতীয় বর্ডার হাট চালু হচ্ছে আজ

borderবাংলাদেশ-ভারত সীমান্তে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে আরো একটি বর্ডার হাট বা সীমান্ত বাজার। কিন্তু এর আগে চালু হওয়া বর্ডার হাটের ব্যবসায়ীরা বলেছেন, এ ধরনের হাটে বাংলাদেশের চেয়ে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি লাভবান হচ্ছে। কারণ, তাদের আনা পণ্যগুলো হাটে বাংলাদেশি ক্রেতাদের কাছে বেশি বিক্রি হয়।

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় আজ চালু হতে যাচ্ছে এ ধরনের তৃতীয় বর্ডার হাট। ফেনী জেলার ছাগলনাইয়া ও ভারতে দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর সীমান্তে চালু হতে যাচ্ছে এই হাট।

এ রকম আরো কয়েকটি হাটের নির্মাণ কাজ চলছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৩ বছর আগে চালু হয় বাংলাদেশের সুনামগঞ্জে তেমনি একটি বর্ডার হাট।

এই সীমান্তে হাটে কি ধরনের ব্যবসা-বাণিজ্য হয়?- এমন প্রশ্নের জবাবে সুনামগঞ্জের বর্ডার হাটের একজন নিয়মিত ব্যবসায়ী আব্দুল মালেক বলেন, আমরা প্লাস্টিক সামগ্রী, মেলামাইন তরকারি লুঙ্গি গামছা শাড়ি এসব বিক্রি হয়। আমি নিজে মেলামাইন সামগ্রী বিক্রি করি।

তিনি জানান, বর্ডার হাটের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায় এবং তা চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত। তবে এ বাজারে যেতে ক্রেতা ও ব্যবসায়ী উভয়েরই এক ধরনের অনুমতি পত্র বা বিশেষ পাস এর দরকার হয়।

বাংলাদেশের দিক থেকে এ বাজারে ব্যবসা করবে এমন ২৫ জন ব্যবসায়ীকে আর ক্রেতা কার্ড দেয়া হয়েছে প্রায় ১ হাজার ৫০০ জনকে। এটি ভারতের দিক থেকেও প্রায় একই ধরনের।

কতো ধরনের পণ্য নেয়া যায়, কোনো তালিকা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, তেমনিভাবে ব্যবসায়ীদের কোনো তালিকা দেয়নি কর্তৃপক্ষ কিন্তু অনুমোদিত পণ্যগুলোর জন্য প্রত্যেকটা দোকানদার প্রায় দেড় লাখ থেকে আড়াই লাখ টাকার পর্যন্ত মালামাল নিয়ে থাকেন। তবে একজন ক্রেতা সর্বোচ্চ ৮ হাজার টাকার দ্রব্য কিনতে পারে।

আব্দুল মালেক জানান মাছ, মুরগী, ডিম, মাংস এসব জাতীয় জিনিস বাজারে ক্রয়-বিক্রয়ের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

এই বাজারে ব্যবসায় লাভ কেমন জানতে চাইলে তিনি বলেন, প্রতি হাজারে পঞ্চাশ টাকার মতো লাভ হয়। তাই এটা নির্ভর করে বাজারের ওপর। এখন আশানুরূপ লাভ হচ্ছে না কারণ দাম কমিয়ে বিক্রি করতে হয়।

সীমান্তে এ বাজারগুলো জমছে কেমন কিংবা মানুষের আগ্রহ আছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি জানান সীমান্ত হাট জমজমাট হয় মোটামুটি। তবে ভারতের লোকজন বা ব্যবসায়ীদেরই লাভ বা ব্যবসা বেশি হয়। কারণ তাদের আনা পণ্যগুলোই বাংলাদেশের মানুষ বেশি ক্রয় করে।

বিএনপি নেতা হাবিব আটক

habiburবিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাত ১২টার দিকে রাজধানীর তেজগাঁও চ্যানেল টুয়েন্টিফোর কার্যালয়ের সমানে থেকে তাকে আটক করা হয়।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে: ভারতীয় মুখপাত্র

akbar uddinভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন বলেছেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরকার হস্তক্ষেপ করবে না। বাংলাদেশের জনগণই তাদেরে ভাগ্য নির্ধারণ করবে।

সোমবার নয়াদিল্লিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অচলাবস্থায় ভারতীয় সরকার কোনো হস্তক্ষেপ করবে কি না এমন এক প্রশ্নের জবাবে বাংলাদেশের জনগণই স্থির করবেন, সেখানে কোন ধরনের সরকার তারা চান। ভারত সরকারের বরাবরের নীতি হলো বাংলাদেশের নির্বাচিত সরকার এবং সেখানকার জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ বিষয়ে ভারত সরকারের কিছুই করার নেই। নিকট প্রতিবেশী হিসেবে আমরা কেবল শান্তিপূর্ণ, স্থিতিশীল ও নিরাপদ বাংলাদেশ দেখতে চাই।

এয়ারএশিয়া বিমানের ভয়েজ রেকর্ডার উদ্ধার

airashiyaইন্দোনেশিয়ার জাভা সাগরে ডুবে যাওয়া এয়ারএশিয়া বিমানের ককপিটের ভয়েজ রেকর্ডার (সিভিআর) উদ্ধার করেছেন ডুবুরিরা। মঙ্গলবার উদ্ধার করার পর যন্ত্রটি নৌবাহিনীর একটি জাহাজে নিয়ে যাওয়া হয়েছে বলে একজন কর্মকর্তা জানান। গত মাসে ১৬২ জন যাত্রী নিয়ে ওই বিমানটি নিখোঁজ হয়।

এর আগে সোমবার ফ্লাইট ডেটা রেকর্ডারটি উদ্ধার করতে সক্ষম হন ডুবুরিরা। তখন তারা ককপিট ভয়েস রেকর্ডারের সন্ধান পাওয়ার কথা জানিয়েছিলেন। যদিও জলের তলা থেকে সেটি তখন তোলা সম্ভব হয়নি।

ফ্লাইট ডেটা রেকর্ডার এবং ককপিট ভয়েজ রেকর্ডারকে একসঙ্গে ‘ব্ল্যাক বঙ’ বলা হয়। ব্ল্যাক বঙের দুঅংশই উদ্ধার সম্ভব হওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কারণ জানা যাবে বলে আশা করা হচ্ছে।

ডেটা রেকর্ডারে সাধারণত বিমানটির গতি, কতো উচ্চতায় উড়েছিল এমনসহ যাবতীয় টেকনিক্যাল তথ্য সংরক্ষিত থাকে।

অন্যদিকে ভয়েজ রেকর্ডারে বিমানের ককপিটে থাকা পাইলটদের কথোপকথন রেকর্ড হয়ে থাকে।

ভয়েজ রেকর্ডার উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা দ্রুতই দেয়া হবে বলে আশা করা হচ্ছে।

বিবিসি জানিয়েছে, রেকর্ডারটি উদ্ধারের পর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নেয়া হচ্ছে, যেখানে এভিয়েশন বিশেষজ্ঞরা বিশ্লেষণ করবেন।

গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সারাবায়া থেকে ১৬২ জন যাত্রী নিয়ে এয়ার এশিয়ার সিঙ্গাপুরগামী বিমানটি নিখোঁজ হয়। বিমানটিকে শেষপর্যন্ত জাভা সাগরে খুঁজে পাওয়া গেলেও এর ধ্বংসাবশেষ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধারকর্মীরা বেশ কিছু যাত্রীর মরদেহ উদ্ধার করেছেন। তবে তারা মনে করছেন, বেশিরভাগ যাত্রীর দেহাবশেষ এখনো বিমানের ফিউজেলাজে আটকা পড়ে আছে।

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২

chadpur  mapচাঁদপুরের মেঘনার মোহনায় বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পারাবত-৯-এর সঙ্গে ঢাকাগামী এমভি সুন্দরবন-৮ লঞ্চের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহানা বেগম (৬৫) ও শাকিল (৬)। শাহানা চাঁদপুর জেনারেল হাসপাতালে ও শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

আহত যাত্রীরা হলেন রূপা (২৭), ডালিয়া (৩৮), শিউলি (৩৫),জেরিন (৯), জাহাঙ্গীর (৩৬), রাব্বি (১১), মনোয়ারা (৫০), সুরাইয়া (২৮), ওয়াহিদ (২৭) ও মোস্তফা কামাল (৩৫)। তাঁরা সবাই সুন্দরবন লঞ্চের যাত্রী। তাদের বাড়ি বরিশালের বিভিন্ন উপজেলায়।

আহত ব্যক্তিদের প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লঞ্চের যাত্রী শাকিল মারা গেছে।

চাঁদপুর নৌ-পুলিশের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) মনির জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে বরিশাল থেকে সুন্দরবন-৮ লঞ্চটি ঢাকার উদ্দেশে রওনা হয়। লঞ্চটি চাঁদপুর এলাকায় মেঘনার মোহনা অতিক্রম করার সময় ঢাকা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা এমভি পারাবত-৯ লঞ্চের সঙ্গে এটির সংঘর্ষ হয়। এতে সুন্দরবন-৮ লঞ্চের ডান পাশের চারটি কেবিন দুমড়ে-মুচড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।

আমেরিকা মিলিটারির টুইটার ও ইউটিউব হ্যাক

usa twitterআমেরিকার সেন্ট্রাল মিলিটারি কমান্ড বা সেন্টকম -এর টুইটার ও ইউটিউব একাউন্ট হ্যাক করা হয়েছে। ইসলামিক স্টেট বা আইএস এর হয়ে সাইবার খিলাফত নামের একটি সংগঠন এই কাজ করেছে বলে দাবী করছে সংগঠনটি।

এই ঘটনাকে মার্কিন সাইবার জগতে চালানো একটি ধ্বংসাত্মক কর্ম হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
সেন্টকম-এর টুইটার ফিডে ঢুকে হ্যাকাররা লিখেছে: মার্কিন সৈন্যদল, আমরা আসছি, এবারে নিজেদের সামলাও।

‘অবৈধ’ সরকারের নির্যাতন ভয়াবহ: রিজভী

rizvi26সারাদেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জোর জবরদখলকৃত রাষ্ট্রীয় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য অবৈধ সরকারের জুলুম নির্যাতনের মাত্রা এখন ভয়াবহ আকার ধারণ করেছে। ”

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ এবং জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা লিংকনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গ্রেফতারকৃত বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, বিএনপির সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলাল আহমেদ এবং জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা লিংকনসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তির জোর দাবি জানান রুহুল কবির রিজভী।