শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

বাতাস গাছের দাম ২৮ লাখ টাকা

TREEকিছুটা দূর থেকে সাধারণ গাছের মতোই মনে হবে। কিন্তু একটু কাছে গেলেই টের পাবেন ঘটনাটা আসলে কি। দূর থেকে দেখতে পাওয়া গাছটি আসলে গাছ নয়, বরংচ ওটা একটা পাওয়ার জেনারেটর। কিন্তু কি এমন গাছ সাদৃশ জেনারেটর যার দাম ২৮ লাখ টাকা! পাঠক, আপনি যদি বাজার থেকে একটা জেনারেটর কেনেন এবং সেই জেনারেটর থেকে বিদ্যুৎ উৎপাদন করতে চান তাহলে আপনাকে কম করেও হলেও বেশ কয়েকটা হ্যাপা পার হতে হবে। প্রথমত প্রচুর তেল পুড়বে, দ্বিতীয়ত জেনারেটরের গগনবিদারী শব্দে কান ঝালাপালা হওয়ার জোগার। তাহলে কোথায় মিলবে এই যন্ত্রনা থেকে মুক্তি।

মানুষের এই যন্ত্রনা লাঘবের জন্যই ফরাসি কোম্পানি ‘নিউউইন্ড’ তৈরি করেছে বাতাস গাছ নামের একটি তিন মিটার উচু জেনারেটর। বিশেষত নগর জীবনের সংকীর্ণ স্থানের কথা চিন্তা করেই এই জেনারেটরটির নকশা করা হয়েছে। কোনো শব্দ ছাড়াই সারাদিন অনায়াসে চলবে এটা এবং প্রায় তিন দশমিক এক কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। তবে এই অল্প পরিমান বিদ্যুৎ দিয়ে তেমন কোনো ভারি কাজ করা না গেলেও একটি ছোটো পরিবারের নিত্যদিনকার বিদ্যুৎ চাহিদা মেটাতে সক্ষম এই জেনারেটর।

নগর জীবনে যেহেতু বেশ জোরে বাতাস সচরাচর বয় না, তাই অল্প বাতাসেও যেন এই বাতাস গাছের ক্ষুদ্র টারবাইনগুলো ঘুরতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। বাতাস গাছের প্রকৌশলী জুলিয়া রেভুজ এবিষয়ে জানান, ‘এই টারবাইনগুলো ঘুরতে খুব অল্প বাতাস দরকার। আর এই অল্প বাতাসেই তিন কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। একটি ঘরকে উষ্ণ রাখতে কিংবা একটা আস্ত ইলেকট্রিক গাড়িকে চার্জ দিতে এই বিদ্যুৎই যথেষ্ট।’

আজ থেকে প্রায় তিন বছর আগে জেরোম মিখুদ লারভিরে নামের এক ব্যক্তি নিজ উদ্যোগে এই প্রতিষ্ঠানটি শুরু করেন। বাতাসের কারণে গাছের পাতায় সৃষ্ট আন্দোলন দেখে তিনি উদ্বুদ্ধ হয়েছিলেন এই যন্ত্র তৈরিতে। কিন্তু বাতাস গাছ তৈরি করার সময় তিনি আগাগোড়াই খেয়াল রেখেছিলেন যেন এই গাছ তৈরি করতে গিয়ে প্রকৃতি বিরুদ্ধ কোনো উপাদানের ব্যবহার না হয়। তাই তিনি প্রকৃতিবান্ধব উপাদান দিয়েই তৈরি করেছেন এই বাতাস গাছ। আগামী মার্চ মাসের ১২ তারিখ প্যারিসের একটি জনপ্রিয় উদ্যানে পরীক্ষামূলক ভাবে এই বাতাস গাছ স্থাপন করা হবে। এখন পর্যন্ত এই পাঁচ টন ওজনের যন্ত্রটির দাম রাখা হয়েছে ৩৫ হাজার ডলার বা ২৮ লাখ টাকা। ২০১৫ সালের মাঝামাঝি আবিস্কৃত ‘বাতাস গাছ’ বাণিজ্যিকভাবে বাজারে বাজারজাতকরণ করা হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

ইতোমধ্যে ফ্রান্স এবং ইউরোপের বেশ কিছু দেশ আগ্রহ দেখিয়েছে এই আবিস্কারের প্রতি। বিশেষ করে আবাসন ব্যবসার সঙ্গে জড়িতরাই এই যন্ত্রটিকে ব্যবহার করতে চাইছেন বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবেলার জন্য। শুরুর দিকে যন্ত্রটির দাম হাতের নাগালের বাইরে থাকলেও, প্রকৌশলীদের দাবি অদূর ভবিষ্যতেই এই যন্ত্রটির কারিগরি উন্নয়নের মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দেয়া হবে। তবে মজার বিষয় হলো, বাতাস গাছের পর প্রতিষ্ঠানটির পরবর্তী প্রকল্প হলো ‘পাওয়ার ফ্লাওয়ার’। যদিও এবিষয়ে এখনও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রে আঘাত হানছে ভয়াবহ তুষারঝড়

ice cooldইতিহাসের ভয়াবহতম তুষারঝড় আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে। ঝড়ে ওইসব এলাকায় ২-৩ ফুট বরফ জমতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর।দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে ১৫শ ফ্লাইট।

আবহাওয়া দপ্তর বলছে, সোমবার শক্তিশালী এক তুষারঝড় নিউ ইংল্যান্ড এবং মিড আটলান্টিক অঞ্চলের অন্তর্গত নয়টি অঙ্গরাজ্যে আঘাত হানবে। রাজ্যগুলো হচ্ছে কনেকটিকাট, মেইন, মাসাচুসেটস, নিউ হাম্পশায়ার, রোদে আইল্যান্ড, ভেরমন্ত, নিউ জার্জি, নিউইয়র্ক এবং পেনসিলভানিয়া। সোমাবার শুরু হওয়া এ ঝড়ের তাণ্ডব চলবে মঙ্গলবার পর্যন্ত।

নিউইয়র্ক শহরের মেয়র বিল ডে ব্লাসিয়ো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন,‘ইতিহাসের ভয়াবহতম ঝড়ের সম্মুখীন হতে যাচ্ছি আমরা। এর আগে শহরে এত বড় ঝড় দেখা যায়নি। তিনি শহরের কর্মব্যস্ত লোকজনকে সোমবার সকাল সকাল ঘরে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন,‘ঝড়কে অবমূল্যায়ন করবেন না।’ তিনি তাদের প্রতি দুর্যোগের মোকাবেলায় প্রয়োগনীয় প্রস্ততি নেয়ারও আহ্বান জানিয়েছেন।

মেয়র ডি ব্লাসিয়ো আরো জানিয়েছেন এর আগে নিউইয়র্কে সবমিলিয়ে দশটি বড় ধরনের তুষারঝড় আঘাত হেনেছিল। এদের মধ্যে ১৮৭২ সালের ঝড়টি ছিল সবচেয়ে ব্যাপক। তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় তুষাড়ঝড় হয়েছে ২০০৬ সালে। তখন নিউইয়র্ক শহরে ২৬ দশমিক ৯ ইঞ্চি বরফ জমেছিল।

বিবিসি জানিয়েছে ঝড়ের পূর্ব প্রস্তুতি হিসেবে শহরের লোকজন ইতিমধ্যেই খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রি মজুদ করতে শুরু করেছেন।

এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার যুক্তরাষ্ট্রে প্রায় ১৭শ ফ্লাইট বাতিল করা হচ্ছে বলে জানা গেছে

সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ

muhitবর্তমানে দেশে আন্দোলনের নামে যা চলছে তা মেনে নেয়ার মতো নয়। সহ্যের সীমা  পেরিয়ে গেলে এটা সবার জন্য মহাবিপদ হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত  আলোচনা সভায়  তিনি এ কথা বলেন।

আন্দোলনের নামে যা হচ্ছে তা আন্দোলন নয় মন্তব্য করে অর্থমন্ত্রী বলেন, ‘এটা প্রতিহিংসা পরায়ণতা, জঘন্য ও অসামাজিক কাজ। স্বাভাবিক চলার পথকে রুদ্ধ করা হয়েছে। মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে। এটাকে দমন না করলে দেশ টিকবে না। সহ্যের সীমা পেরিয়ে গেলে মহাবিপদ হবে। আশা করি বিরোধীদের শুভ বুদ্ধির উদয় হবে।’

তিনি বলেন,‘ কাস্টমস ব্যবস্থাপনা এমন সমন্বয়ের মাধ্যমে করতে হবে যেন ব্যবসায়ীরা সহজেই তাদের কাজ সমাধা করতে পারেন। উত্তম সেবা পেতে পারেন। আবার এমন ব্যবস্থাও নিতে হবে যেনো জঙ্গিবাদীরা সুবিধা না পায়।’

অর্থমন্ত্রী বলেন, ‘বর্তমানে বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতিকে গুরুত্ব দেয়া হচ্ছে। ভবিষ্যতে শুল্ক ব্যবস্থা বন্ধ হয়ে যাবে। কাস্টমস কর্মকর্তাদের কাজ কমে যাবে। তবে সীমান্তে সমন্বয় সাধন করে ব্যবসায়ে সহায়তা বাড়াতে কাস্টমস গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কাস্টমস দিবস নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘সীমান্ত ব্যবস্থাপনায় কাস্টমস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এর গুরুত্ব অপরিসীম। বর্ডার ব্যবস্থাপনা বিজিবি, পুলিশ, কাস্টমস ও ব্যবসায়ীদের সমন্বয়ে হলে ট্রেড ফ্যাসিলিটি বাড়বে।’

অনুষ্ঠানে শুল্ক আদায়ে সহায়তা ও কাস্টমস প্রদানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য স্টকহোল্ডার ও শুল্ক প্রশাসনের কর্মকর্তাসহ ২০ জনকে ডব্লিউসিও এর মেরিট সার্টিফিকেট প্রদান করা হয়।

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমান, এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও এনবিআরের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নয়াপল্টন নয়, কোকোর জানাজা বায়তুল মোকাররমে

kokoআরাফাত রহমান কোকোর জানাজা নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। এছাড়া কোকোর গায়েবানা জানাজা বুধবারের পরিবর্তে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।

সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বরাত দিয়ে দপ্তর সম্পাদক মো. আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

রুহুল কবির রিজভী জানান, আরাফাত রহমান কোকোর নামাজে জানাজা সর্বসাধারণের সুবিধার্থে আগামীকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বাদ আসর অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা শেষে তার লাশ বনানীস্থ আর্মি কবরস্থানে দাফন করা হবে।

নামাজে জানাজা ও লাশ দাফনে অংশগ্রহণের জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন রিজভী আহমেদ।

লক্ষ্মীপুরে ডাকাতকে গুলি করে হত্যা

dakatলক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেত্তপাড়া এলাকায় নাছির বাহিনীর সহযোগী ডাকাত বাহার উদ্দিনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় সুমন নামে আরো একজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার ভোররাতে।

নিহত বাহার উদ্দিনের বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

নিহত বাহার উদ্দিন একই এলাকার আবুল হাসেমের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে নাছির বাহিনীর সন্ত্রাসীরা অন্যত্র ডাকাতি করে চন্দ্রগঞ্জের দেত্তপাড়া এলাকায় ডাকাতির মালামাল  ভাগবাটোয়ারা করে। এ সময় ভাগবাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় বাহার উদ্দিন ও সুমনকে একই গ্রুপের সন্ত্রাসীরা কয়েক রাউন্ড গুলি করে।  এতে বাহার উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। সুমন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। গুলিবিদ্ধ সুমনকে পুলিশের হাত থেকে গ্রেফতার এড়াতে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, ডাকাতির মালামাল ভাগভাটোয়ারা ও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  নিহত বাহার ডাকাত নাছির বাহিনীর সেকেন্ড ইন কমান্ড। তার বিরুদ্ধে সদর থানা, চন্দ্রগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি, হত্যা, চাঁদাবাজিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।

সিরাজগঞ্জে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

cocktel২০-দলীয় জোটের ডাকা ৩৬ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার সকালে শহরের খলিফাপট্টি মোড় এলাকায় পিকেটিং করে বিএনপির নেতাকর্মীরা।

দুপুরে মহরের বড়বাজার এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় ককটেলের আঘাতে আল-আমিন নামে এক যুবক আহত হয়।

হরতাল-অবরোধে জেলা সদর থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যায়নি। অফিস, আদালত, ব্যাংকে স্বাভাবিক কাজকর্ম হয়েছে। বঙ্গবন্ধু সেতু হয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

রোববার রাতে শহরের এসএস রোডে একটি ঝটিকা মিছিল বের হয়। একই সময় সিরাজগঞ্জ সদর উপজেলার চন্দ্রকোনা ব্রীজ এলাকায় দুটি সিএনজি অটোরিকশা, ভদ্রঘাট ইউনিয়নের এসিআই মিল সংলগ্ন শিমুলতলা এলাকায়ি একটি ট্রাক ও তিনটি সিএনজি অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়াও শহরের মিরপুর বিড়লাকুঠি এলাকায় দুটি ককটেলের বিস্ফোরন ঘটানো হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০-দলীয় জোটের ছয় কর্মীকে আটক করা হয়েছে। শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েনসহ র্যাব ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।

ময়মনসিংহ বিভাগ গঠনের কাজ শুরুর নির্দেশ

aknekeময়মনসিংহ বিভাগ গঠনের কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি চূড়ান্ত করতে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) পাঠাতে বলেছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ঢাকাকে ভেঙে ফরিদপুর বা গোপালগঞ্জে কোনো বিভাগ করা যায় কি না, আর চট্টগ্রামকে ভেঙে নোয়াখালী বা কুমিল্লাকে আলাদা বিভাগ করা যায় কি না, এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকাকে ভেঙে তিনটি বিভাগ করার বিষয়ে কথা বলেন।

ময়মনসিংহ বিভাগের কার্যক্রম কবে নাগাদ শুরু হবে জানতে চাইলে তিনি বলেন, ‘যৌক্তিক সময়ের’ মধ্যেই সব কাজ শেষ করা হবে।

এ ছাড়া আজকের সভায় চা আইন-২০১৫ ও চা-শ্রমিক কল্যাণ আইন-২০১৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশের আর্থসমাজিক অগ্রযাত্রা ও সামষ্টিক অর্থনীতির তুলনামূলক চালচিত্র সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।

মানিকছড়ির দুর্গম গ্রামে গোলাগুলি, নিহত ১

cross fireখাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার দুর্গম লাপাইদং পাড়ায় আধিপত্য  বিস্তার নিয়ে  দুইপক্ষের গোলাগুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ‘র এক কর্মী নিহত হয়েছেন। ওই ঘটনায় আরো একজন আহত হয়েছেন বলে জানা গেছে।

খবরটি পুলিশ ও ইউপিডিএফ এর পক্ষ হতে নিশ্চিত করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার দিকে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও ইউপিডিএফ এর সশস্ত্র কর্মীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইউপিডিএফ কর্মী খুন হন। ইউপিডিএফ জানিয়েছে, নিহত কর্মীর নাম উচিমং মারমা ওরফে বাবু।

মানিকছড়ি থানার ওসি সফিকুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনী ও পুলিশ তল্লাসী চালিয়ে একটি মৃতদেহ উদ্বার করেছে। তবে নাম পরিচয় জানা যায়নি।

কোকোর মৃত্যুতে লেবাননে শোক ও দোয়া মাহফিল

kokoমরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোক ও দোয়া মাহফিল করেছে লেবানন বিএনপি ও জামায়াতে ইসলামী।

রোববার লেবাননের রাজধানী বৈরুতের হামরা এলাকা লেবানন বিএনপির সহকারী সাধারণ সম্পাদক কাদের ভূইয়ার বাসভবনে এক দোয়া মাহফিলে কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। কোকোর মৃত্যুতে লেবানন বিএনপিতে শোকের ছায়া নেমে আসে।
সবাই আল্লাহর কাছে দোয়া করেন, তিনি যেন কোকোর কবরের আজাব মাফ করেন এবং তকে যেন বেহেশত নসিব করেন। বেগম খালেদা জিয়া  এবং তারেক রহমানকে যেন আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করেন।

নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির সভাপতি মো. মানিক মোল্লা, প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল গফুর, স্থায়ী কমিটি প্রধান ও সাবেক সভাপতি বিল্লাল হুসেন বেপারী, প্রধান উপদেষ্টা শিপন মোল্লা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মজুমদার, মামুন চৌধুরী, কাশেম, ভাষানী মোল্লা, কলিম , মাহবুবসহ লেবানন বিএনপির সিনিয়র নেতারা।

এদিকে কোকোর আত্মার শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করে বিএনপির প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী লেবানন শাখা।

লেবাননের রাজধানী বৈরুতে হোয়াইট হাউজ হোটেলের আন্ডারগ্রাউন্ড কক্ষে রোববার আসরের নামাজের পরে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রথমে মিলাদ পাড়ন লেবানন জামায়াতে ইসলামীর আমির মাওলানা রফিক। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহসভাপতি মাওলানা আবদুল মতিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি মো. মিলন, প্রচার সম্পাদক শাহ আলম গাজী, বায়তুল মাল সম্পাদক আব্দুল বারিসহ লেবানন শাখা জামায়াতে ইসলামীর নেতারা।

নাশকতাকারীদের ধরতে এবার ডিএমপির পুরস্কার ঘোষণা

dmp assaনাশকতাকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আজ সোমবার ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ব্রিফিংকালে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ ঘোষণা দেন। এর আগে ২১ জানুয়ারি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু সরকারের পক্ষ থেকে জানান, হরতাল-অবরোধের মধ্যে নাশকতা সৃষ্টিকারীদের ধরিয়ে দিলে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে। এরপর ২৪ জানুয়ারি র‌্যাবের পক্ষ থেকেও নাশকতাকারীদের তথ্যের জন্য ১০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আট ধরনের পুরস্কারের ঘোষণা দেয়া হয়। সঙবাদ সম্মেলনে আছাদুজ্জামান মিয়া বলেন, হরতাল-অবরোধের নামে গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ করা সন্ত্রাসী কার্যকলাপ। যারা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদ দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেয়া হবে না। এ সময় তিনি ঘোষণা দেন, ঢাকা মহানগর এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরকালে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে একলাখ টাকা, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপকালে কোনো অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ৫০ হাজার টাকা এবং এসব বিস্ফোরক মজুদের তথ্য দিয়ে অপরাধীকে গ্রেফতারে সহায়তা করলে ২৫ হাজার টাকা পুরস্কার দেবে ডিএমপি। তিনি দাবি করেন, ৫ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ঢাকা মহানগরে ১২টি গাড়ি ভাঙচুর, ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় ৩৬ পুলিশ সদস্য ও দুই আনসার সদস্যসহ ৮৩ জন আহত বা দগ্ধ হয়েছেন। মারা গেছেন পাঁচজন।