শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

নকশী কাঁথার মাঠ অবলম্বনে টেলিছবি ‘সোনাই কাহিনী’

sonai kahiniপল্লীকবি জসীম উদদীনের অমর সৃষ্টি নকশী কাঁথার মাঠ অবলম্বনে সৃজনশীল নির্মাতা শাহীন রেজা নির্মাণ করেছেন টেলিছবি ‘সোনাই কাহিনী’। এর নাম ভূমিকায় অভিনয় করেছেন আঞ্জুমান ।

হৃদয় মিডিয়াভিশনের ব্যানারে নির্মিত এ টেলিছবিটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ঈশ্বরদীর পদ্মাপারের মনোরম সব লোকেশনে। টেলিছবিটিতে রুপাই চরিত্রে রুপদান করেছেন তরুণ অভিনেতা জিদান। এ ছাড়াও যারা কাজ করছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য মম আলী, অলকা সরকার, রেবেকা, আসমা খানম, স্বপ্নীল, অপূর্ব, ওয়াজেদ আলী , ডা. আমিন , সাইফুর রশিদ খান , আসমত , আল- আমিন ,শিশুশিল্পী নাঈম ও সিয়া মনি । ক্যামেরায় কাজ করেছেন আসাদ। রুপসজ্জায় রানা এবং আলোক নিয়ন্ত্রনে  মামুন।  পরিচালক এর বিশেষ সহযোগী এম, মোরশেদ, প্রধান সহকারী পরিচালক সীমান্ত সজল এবং নৃত্যে তুহিন হাসান।

আঞ্জুমান বলেন , “সোনাই চরিত্রে অভিনয় করে আমি তৃপ্ত। চরিত্রটিতে মাটির গন্ধ রয়েছে ।”

পয়লা বৈশাখকে টার্গেট করে নির্মিত এ টেলিছবিটির সম্পাদনায় রয়েছেন আলাউদিদন সাজু আর কারিগরি সহযোগিতা দিচ্ছে উইর্জাড মিডিয়া।

গ্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত

grickস্পেনের ন্যাটো সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের পর একটি গ্রিক যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ১০জন নিহত হয়েছে। এদের মধ্যে আটজন ফরাসী ও দুজন গ্রিক সেনাসদস্য।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার দক্ষিণ পূর্বাঞ্চলীয় আলবাসেট নগরীর সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের পর এফ-১৬ যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্ক করে রাখা অন্যান্য বিমানের ওপর বিধ্বস্ত হয়। এতে আরো পাঁচটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বেসরকারি টেলিভিশন চ্যানেল টেলিসিনকোকে দেয়া এক সাক্ষাৎকারে স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজোই বলেন, দুর্ঘটনায় যে ১০ জন প্রাণ হারিয়েছে তাদের মধ্যে দুজন গ্রিক ও বাকি আটজন ফরাসি।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো বলছে, এ ঘটনায় আহত হয়েছে আরো ২১ জন। এদের মধ্যে ১১ জন ইতালির ও ১০ জন ফরাসি। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। তাদেরকে মাদ্রিদ হাসপাতালের বিশেষ ইউনিটে নেয়া হয়েছে।

ফরাসি প্রেসিডেন্টের দপ্তর হতাহতের এ খবর নিশ্চিত করেছে। দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদঁ হতাহত পাইলটদের অঙ্গীকারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

হতাহতরা ইরাক ও আফ্রিকার শাহেল এলাকায় বিমান অভিযানে যোগ দেয়ার প্রস্তুতি হিসেবে ন্যাটোর প্রশিক্ষণ মহড়ায় অংশ নিয়েছিল।

ন্যাটোর সেক্রেটারি জেনারেল জ্যাঁ স্টোলেনবার্গ দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এদিকে দুর্ঘটনার কারণ জানতে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে স্পেনের মন্ত্রণালয়।

গ্রিক এফ ১৬ বিমানটি ইতালির এএমএক্স বিমান, তিনটি ফরাসি বিমান, একটি মিরেজ ২০০০ ও দুটি আলফা বিমানকে আঘাত করে। -এএফপি

সামরিক কবরস্তানে কোকোর দাফনের অনুমতি মিলেনি

kokoবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে বনানী সামরিক কবরস্তানে দাফন করার অনুমতি দেয়নি বাংলাদেশ সেনাবাহিনী। তাকে কোথায় দাফন করা হবে এখনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার বেলা ১২টার দিকে গুলশান কার্যালয়ে কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহীম (বীরপ্রতীক) সাংবাদিকদের বলেন, সাবেক সেনা কর্মকর্তাদের স্ত্রী-সন্তানদের সামরিক কবরস্তানে দাফনের নিয়ম চলে আসছে। সেজন্য আমরা অনুমতি চেয়েছিলাম। কিন্তু অজ্ঞাত কারণে সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি দেয়া হয়নি।

এর আগে কোকোর মরদেহবাহী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ আনা হবে গুলশানের কার্যালয়ে। বাদ আসর বায়তুল মোকাররমে কোকোর জানাজা অনুষ্ঠিত হবে।

‘এক মুসলমান আরেক মুসলমানকে পুড়িয়ে মারে কীভাবে?’

hasina27aপ্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপি-জামায়াত জোট ইসলামের নামে রাজনীতি করে। অথচ তারা একের পর এক নাশকতা করছে, মানুষ পুড়িয়ে মারছে। একজন মুসলমান হয়ে তারা আরেকজন মুসলমানকে কীভাবে পুড়িয়ে মারে? এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহ-২০১৫ এর উদ্বোধনী ভাষণে এসব কথা বলেন তিনি।
পুলিশকে দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় পুলিশই জনগণের প্রধান ভরসা। বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড, হরতাল ও অবরোধের নামে নিরীহ মানুষ হত্যাসহ ঘৃণ্য অপকর্ম প্রতিরোধে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমি এজন্য পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাই।’
এ সময় কর্তব্য পালনে নিহত পুলিশ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী তাদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। এছাড়া পুলিশ বাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
তিন দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৫ শুরু হয়েছে আজ মঙ্গলবার। সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আসেন এবং বর্ণাঢ্য পুলিশ প্যারেডের মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় তিনি প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে পেশাগত দায়িত্ব পালনে প্রশংসনীয় অবদানের জন্য পুলিশ সদস্যদের পদক দেন প্রধানমন্ত্রী। এবার মোট ৮৬ জন পুলিশ সমস্যকে বিভিন্ন পদক দেওয়া হয়।

 

সিরাজগঞ্জে বাসে আগুন

bus fire6বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা লাগাতার অবরোধ কর্মসূচির ২২তম দিন চলছে। অবরোধ চলাকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের ভদ্রঘাটে একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

এ ঘটনায় বাসচালক ও যাত্রীরা দ্রুত নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটি আংশিক পুড়ে গেছে। বাসটি সিরাজগঞ্জ থেকে তাড়াশ যাচ্ছিল।

এ ছাড়া অবরোধ চলাকালে একই সময় সিএনজিচালিত একটি অটোরিকশা ভাংচুরের ঘটনা ঘটে।

সিলেটে দগ্ধ ট্রাকচালকের মৃত্যু

arjentপেট্রলবোমায় দগ্ধ সিলেটের ট্রাকচালক বকুল দেবনাথ (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বকুল দেবনাথ সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার এলাকার রতন মনিনাথের ছেলে।

জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি চলাকালে গত ২৩ জানুয়ারি রাতে সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাকের সড়কে চলন্ত ট্রাকে অজ্ঞাত ব্যক্তিরা পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে দগ্ধ হন চালক বকুল দেবনাথ।

পরে তাকে উদ্ধার করে প্রথমে সিলেট ওসমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বকুল দেবনাথের মুখ, হাত ও বুকসহ শরীরের প্রায় ৩৫ ভাগ পুড়ে যায়।

কোকোর মরদেহ ঢাকায়

kokoসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছেছে। কোকোর মরদেহবাহী মালয়েশিয়ান এয়ারলাইন্সের বিমানটি বাংলাদেশ সময় বেলা পৌনে ১২টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে মরদেহ হস্তান্তর করা হবে। মরদেহ গ্রহণের জন্য বিমানবন্দরে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লাহ আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। বিমানবন্দরে আরো উপস্থিত হন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক এমএ মান্নান, সাংগঠনিক সম্পাদক ফললুল হক মিলন ও চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাছির উদ্দীন।
কোকোর মরদেহ আসা উপলক্ষে বিমানবন্দরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সীমিত করা হয়েছে যানবাহন ও জন চলাচল। বিএনপির উৎসুক নেতাকর্মীরাও বিমানবন্দরে ভিড় করেছেন। বিএনপির কিছু উৎসাহী নেতাকর্মীও জড়ো হন বিমানবন্দরে।
কোকোর মরদেহ সরাসরি গুলশানে নেয়া হবে। সেখানে কেবল পরিবারের সদস্যরা থাকবেন। দলীয় নেতা-কর্মীদের সেখানে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখার পর কোকোর মরদেহ নেয়া হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সেখানে আজ বাদ আসর জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে বলে জানানো হয়েছে।
আরাফাত রহমান গত শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরদিন কুয়ালালামপুরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কোকোর মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে বিএনপি নেতারা

kokoবিএ্নপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ বুঝে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেছেন বিএনপির পাঁচ নেতা।

তারা হলেন- স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আবদুল্লা আল নোমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে তারা বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন। বেলা ১১টার পর থেকে তারা বিমানবন্দরে পৌঁছুতে শুরু করেন।

কোকোর মরদেহবাহী মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটি বেলা সাড়ে ১১টায় শাহজালালে নামবে বলে আশা করা হচ্ছে।

ফেসবুকে নেতানিয়াহুকে আনফ্রেন্ড করলেন ওবামা!

obama netaইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফেসবুক থেকে ‘আনফ্রেন্ড’ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দু’জনের মধ্যে কূটনৈতিক দ্বন্দ্ব বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ওবামা এ কাজ করেছেন বলে খবর দিয়েছে ইসরাইলের গণমাধ্যম।

ঠিক কখন নেতানিয়াহুকে ফেসবুক থেকে ওবামা আনফ্রেন্ড করেছেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে- যখন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার জন বোয়েনারের আমন্ত্রণ গ্রহণ করেছেন তখনই নেতানিয়াহুকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছেন বারাক ওবামা।

একটি সূত্রের বরাত দিয়ে ইরানের প্রেস টিভি জানিয়েছে, মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারের পেইজে ছিলেন নেতানিয়াহু এবং সেখান থেকে তিনি ঘটনাক্রমে ‘কমন ফ্রেন্ড’ বা ‘অভিন্ন বন্ধু’ তালিকায় কে কে আছেন তা দেখার চেষ্টা করেন। সেখানে নেতানিয়াহু দেখেন যে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সাবকে পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এবং ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ফ্যাবিয়াসসহ অনেকেই আছেন কিন্তু ওবামা নেই। তখন তিনি ওবামার পেইেজ যান এবং সেখানে দেখেন যে, ‘অ্যাড ফ্রেন্ড’ দেখা যাচ্ছে। তখন নেতানিয়াহু নিশ্চিত হন যে, বারাক ওবামা তাকে বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছেন।

আগে থেকেই নেতানিয়াহুর সঙ্গে ওবামার সম্পর্কের টানাপড়েন চলছিল; তবে জন বোয়েনার নেতানিয়াহুকে আগামী মার্চে আমেরিকা সফরের দাওয়াত দেয়ার পর তা  এখন অনেক বেড়ে গেছে। আগামী মার্চ মাসে ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে নেতানিয়াহুকে কংগ্রেসে ভাষণ দেয়ার আমন্ত্রণ জানিয়েছেন বোয়েনার। মার্কিন প্রশাসনের সঙ্গে কোনো রকমের আলোচনা ছাড়াই জন বোয়েনারের ওই আমন্ত্রণ গ্রহণ করেছেন নেতানিয়াহু।

এ উদ্যোগকে ভালোভাবে নেয়নি ওবামা প্রশাসন। তারা মনে করছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচি ইস্যুতে প্রেসিডেন্ট বারাক ওবামা যে কূটনৈতিক পদক্ষেপ নিতে যাচ্ছেন তার বিরুদ্ধে রিপাবলিকান দল এবং ইসরাইল মিলে ওবামা প্রশাসনকে তিরস্কার করার উদ্যোগ নিয়েছে। মার্চের সফরের সময় নেতানিয়াহুর সঙ্গে ওবামা দেখা করবেন না বলে এরইমধ্যে নিশ্চিত করেছেন। -আইআরআইবি

রাতে রাজধানীতে দুই বাসে আগুন

bus fire6বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধ চলাকালে সোমবার রাতে রাজধানীতে দুইটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নগরীর পোস্তগোলা ও মধ্য বাড্ডায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশ জানায়, রাত ৯টার দিকে পোস্তগোলার আলম মার্কেটের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

রাত সোয়া ৯টার দিকে মধ্য বাড্ডার প্রগতী সরনিতে অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভেয়ে ফেলেন স্থানীয়রা।