শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

মহানবীকে (সা.) কটূক্তিকারী জুয়েল পালিয়েছে

juwalইসলাম ধর্মের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তিকারী ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র জুয়েল কুমার শীল ফেনী থেকে পালিয়ে গেছেন।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা হয়েছে।

জুয়েল নোয়াখালী জেলার রামগতি উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের বেছু চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক বিভাগের ষষ্ঠ পর্বের ছাত্র।

মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম পলাশ জানান, জুয়েল কুমার ইসলাম ধর্মের শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। এ অপরাধে তথ্য প্রযুক্তি আইনে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন।

জুয়েলকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ওই পলিটেকনিকের ছাত্র নিশাত চৌধুরী জানান, রাসূলকে (সা.) কটূক্তিকারী জুয়েল পলিটেকনিক থেকে বদলি সনদ নিয়ে সিলেটে চলে গেছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ জানান, জুয়েলকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি জুয়েল মুহাম্মদকে (সা.) ‘লেণ্ডা মোহাম্মদ’ বলে কটূক্তি করে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছে। এর প্রতিবাদে ২৩ জানুয়ারি শহরের কয়েকটি মসজিদে মুসল্লিরা জুয়েলের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেন।

রিজভী গ্রেফতার

rizvi19বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে রিজভীকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র‌্যাবের গণমাধ্যম শাখা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
গত ৩ জানুয়ারি গভীর রাতে ‘অসুস্থ’ রিজভীকে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। কয়েক দিন সেখানে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন। ৭ জানুয়ারি রাতের কোনো একসময় ওই হাসপাতাল থেকে গোপনে সটকে পড়েন তিনি। এরপর রাজধানীর বিভিন্ন বাসা থেকে সংবাদ সম্মেলন ও বিবৃতি পাঠিয়ে বিভিন্ন বক্তব্য ও কর্মসূচি ঘোষণা করছিলেন বিএনপির এই নেতা।

খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

karjaloyবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শুক্রবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ওই কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেসকোর এক লাইনম্যান এসে গুলশান কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এসময় তার সঙ্গে গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই) ছিলেন।

দিদার জানান, কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণ জানতে চাইলে ডেসকোর ওই লাইনম্যান বলেন, ‘আমরা কিছু জানি না। থানার নির্দেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছি’।

যোগাযোগ করা হলে গুলশান থানার কর্তব্যরত এক কর্মকর্তা বলেন, তিনি বিষয়টি জানেন না।

বিএনপির চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানিয়েছে, সাময়িকভাবে জেনারেটর চালু করে কার্যালয়ে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। কার্যালয়ের ভেতরে অবস্থান করছেন খালেদা জিয়া। রয়েছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তাদের দুই মেয়ে, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ। এর বাইরে সেখানে খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তাদলের সদস্য ও কার্যালয়ের কর্মচারীরা রয়েছেন।

হরতাল-অবরোধ প্রত্যাহার না করলে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ ও পানির লাইন কেটে দেওয়ার হুমকি দেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের সমাবেশে এ হুমকি দেওয়া হয়। এরপর মধ্যরাতে ওই কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলো।

ওবামা-রোমান্সে কটাক্ষ চীনের

modi obama25ওবামা-মোদির ‘রোমান্স’ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই৷ দাবি করল চীন৷ চিনের শাসকদল কমিউনিস্ট পার্টি অফ চায়নার পরিচালিত সংবাদপত্র গ্লোবাল টাইমস বুধবার দাবি করেছে, মোদি-ওবামার সম্পর্ককে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই৷ কারণ, এর ফলে দ্বিপাক্ষিক সম্পর্কে বাস্তবিক কোনো উন্নতির লক্ষণ এখনও দেখা যায়নি৷

রাষ্ট্রপ্রধানদের সফরের সময় অনেক প্রতিশ্রুতি ও প্রত্যাশার কথা শোনা যায়৷ কিন্ত্ত সফর শেষে তার বেশির ভাগই উবে যায়৷ ওবামার এ বারের সফরও তার ব্যতিক্রম হবে না৷ ভারত-মার্কিন সহযোগিতার বাস্তবায়নের ক্ষেত্রে বহু বাধা রয়েছে৷ মোদি-ওবামার সখ্য সেই বাধা দূর করার জন্য যথেষ্ট নয়৷

ভারত-মার্কিন সম্পর্কে উন্নতিকে খাটো করতে এই সংবাদপত্রে আরও লেখা হয়েছে, আমেরিকা ভারতের প্রতি যতই সৌহার্দ্যের মনোভাব দেখাক, বা প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওবামা দ্বিতীয় বার ভারতে অতিথি হোন না কেন, তৃতীয় বিশ্বের প্রতিনিধি হিসেবে নয়াদিল্লিকে ঘনিষ্ঠ বৃত্তের বাইরেই রাখবে ওয়াশিংটন৷

জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো দেশের সঙ্গে আমেরিকার যা সম্পর্ক, মর্যাদায় ভারত কখনওই তার সমকক্ষ হতে পারবে না৷ সিপিসি-র দাবি, ‘ওয়াশিংটন সব সময় ভারতের মতো কৌশলগত ক্ষেত্রে সঙ্গী দেশ এবং জাপান বা দক্ষিণ কোরিয়ার মতো বহু দিনের বন্ধু দেশের মধ্যে একটা সীমারেখা বজায় রাখে৷’

মার্কিন প্রেসিডেন্টের ভারত সফর নিয়ে বেজিং যে খুশি নয়, গত কয়েক দিনে তা বারবারই সামনে এসেছে৷ নিজের কার্যকালে দ্বিতীয় বার ওবামার ভারতে আসার আসল উদ্দেশ্য চীনকে কূটনৈতিক বার্তা দেওয়া, এ কথা গ্লোবাল টাইমস-এ খোলাখুলিই লেখা হয়েছে৷ ঠারেঠোরে একই ইঙ্গিত দিয়েছে আমেরিকাও৷ কিন্ত্ত দক্ষিণ এশিয়ায় নিজের আধিপত্য বজায় রাখতে চীন যে মরিয়া তা বুঝিয়ে দিয়েছে তারাও৷

বিভিন্ন এশীয় শক্তির সঙ্গে আমেরিকা ও ভারতের সম্পর্ক কোন পথে এগোচ্ছে, আপাতত সে দিকে সতর্ক নজর রেখে চলছে বেজিং৷ তীক্ষ্ণ ভাবে জরিপ করা হচ্ছে নয়াদিল্লির সমস্ত কূটনৈতিক পদক্ষেপও৷ ওবামা ফিরে যাওয়ার পর তাই এই সফরের গুরুত্বকে নস্যাত্ করাকেই কূটনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে শুরু করল চীন৷

গণতন্ত্র শুধু সংসদ ভবনে : এরশাদ

ershad29শুধু সংসদ ভবনে গণতন্ত্র আছে, দেশের আর কোথাও গণতন্ত্র নাই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় অনশন শেষে তিনি এ মন্তব্য করেন। দুপুর ১২টা থেকে অনশন শুরু করেন এরশাদ।

তিনি এ সময় সেখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দুই নেত্রীকে না বলুন। দেশে আগুন জ্বলছে। আমরা আগুন নেভাব।

এরশাদ বলেন, আমরা মানুষের মুখে হাসি দেখতে চাই। দেশে শান্তি দেখতে চাই।

নৈরাজ্য ও সহিংসতা বন্ধের দাবিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এ অনশন কর্মসূচি পালন করেন।

এরশাদের সঙ্গে কর্মসূচিতে উপস্থিত ছিলেন- জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির আহ্বায়ক সৈয়দ আবু হোসেন বাবলা ও প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান প্রমুখ।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু কর্মসূচি প্রসঙ্গে বলেন, আমরা শান্তি চাই। দেশে যা চলছে তাকে আন্দোলন বলা যায় না, এটা সন্ত্রাস। আমরা সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ চাই। তাই শান্তির দাবিতে আমাদের নেতা অনশনে বসেছেন।

তরিকুলসহ বিএনপির চার নেতার বাড়িতে বোমা হামলা

jessoreবিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম এবং যশোর বিএনপির শীর্ষস্থানীয় তিন নেতার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে অবস্থিত এসব নেতার বাড়িতে প্রায় একই সময় বোমা হামলার ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের শহরের ঘোপের বাড়ির সীমানা প্রাচীরের ভেতরে রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা পর পর দুটি বোমা ছুড়ে মারে।

তরিকুল ইসলামের স্ত্রী অধ্যাপক নার্গিস বেগম জানান, ঘটনার সময় তিনিসহ কেয়ারটেকার বাড়িতে ছিলেন। বিকট শব্দে বোমা দুটি বিস্ফোরিত হয়।

এর পর রাত একটার দিকে দুটি বোমা নিক্ষেপ করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর উপশহর ডি ব্লকের বাড়িতে। তিনি জানান, বোমা দুটি তার ঘরের জানালায় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে জানালার কাচ ভেঙে যায়। পর্দার কিছু অংশ পুড়ে যায়।

এর পর উপশহর এলাকায় জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক ও যশোর চেম্বারের সাবেক সভাপতি মিজানুর রহমান খানের ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘গাঙচিল’-এ পেট্রোলবোমা হামলা করে দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটিতে আগুন ধরে যায়। পরে আশপাশের লোকেরা এসে আগুন নেভায়। একই সময় উপশহর মানসী সিনেমা হলের সামনে আরও দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

যশোর জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম রেজা দুলু জানান, দুর্বুত্তরা গভীর রাতে তার কারবালা এলাকায় বাড়িতেও শক্তিশালী দুটি বোমা নিক্ষেপ করে।

গভীর রাতে এভাবে একের পর এক বোমা বিস্ফোরণে গোটা শহর কেঁপে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। কী ঘটেছে তা জানতে বহু মানুষ গণমাধ্যম, পুলিশসহ বিভিন্ন স্থানে খোঁজ-খবর নিতে থাকেন।

এ ব্যাপারে যশোর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বলেন, “বোমা বিস্ফোরণের খবর শুনেছি। কিন্তু বিস্তারিত জানি না।”

উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান চৌধুরী বলেন, “বিষয়টি শুনেছি। বিস্তারিত জানি না।”

যশোর পুলিশের মুখপাত্র ও সদর সার্কেলের সিনিয়র এএসপি রেশমা শারমিন বলেন, “এ ধরনের খবর আমাদের কাছে আসেনি। এখন শুনলাম খোঁজ নিয়ে দেখব।”

উপশহর এলাকাবাসী জানান, বুধবার বোমা বিস্ফোরণের আগে পরে কয়েকটি মোটরসাইকেলে বেশ কিছু যুবককে মুখবাঁধা অবস্থায় এলাকায় মহড়া দিতে দেখা গেছে।

প্রসঙ্গত, পর পর গাড়ি পোড়ানো, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম, যশোর বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ ২০ দলীয় জোটের কয়েকশ নেতাকর্মীর নামে একাধিক মামলা হয়েছে। এ কারণে জোটের শীর্ষ সব নেতা প্রায় দুই সপ্তাহ ধরে আত্মগোপনে রয়েছেন।

সেদ্ধ ডিম পুনরায় কাঁচা ডিম!

egg29ডিম আগে না মুরগি আগে, এ নিয়ে ‘ফিচেল’ তর্ক হয়েই থাকে। তবে মুরগির সেদ্ধ ডিম নিয়ে এহেন ‘ম্যাজিক’ বিজ্ঞানের দ্বারাই সম্ভব! একটি আস্ত সেদ্ধ ডিমকে ফের আগের অবস্থায় ফেরানোর কেরামতিও বের করে ফেলল মানুষ। হ্যাঁ, সেদ্ধ ডিমকে উচ্চপ্রযুক্তির সাহায্যে পুনরায় কাঁচা অবস্থায় ফেরানোর উপায় আবিস্কার করলেন অস্ট্রেলিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী।

সম্প্রতি ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ পত্রিকায় প্রকাশিত হয়েছে সেদ্ধ ডিমকে কাঁচা ডিমে রূপান্তরিত করার বিষয়ে গবেষণালব্ধ ফল। বেশ কয়েক বছর ধরেই এ বিষয়ে গবেষণা চলছিল। এবং শেষ পর্যন্ত সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।

কী ভাবে এটা সম্ভব?

গবেষকদলের প্রধান গ্রেগরি ওয়েইস জানিয়েছেন, সেদ্ধ করার পর মুরগির ডিমের সব প্রোটিন একত্রিত হয়ে কুসুমের উপর সাদা আস্তরণের সৃষ্টি করে। এই প্রক্রিয়ার ফলে সকলের ধারণা ছিল, সেদ্ধ ডিমকে কোনও ভাবেই আগের অবস্থায় ফেরানো সম্ভব নয়। কিন্তু বিজ্ঞানীরা নিরলস প্রচেষ্টায় একটি উচ্চপ্রযুক্তির মেশিন তৈরি করেছেন। ‘ভর্টেক্স ফ্লুইড ডিভাইস’ নামক ওই মেশিনের সাহায্যে সেদ্ধ ডিমের সাদা অংশ থেকে সমস্ত প্রোটিনকে আলাদা করা যাচ্ছে। এবং সেদ্ধ ডিম একেবারে আগের অবস্থা অর্থাত্ কাঁচা অবস্থায় রূপান্তরিত হয়ে যাচ্ছে। এরপর ডিমটিকে ফের সেদ্ধ করা বা ভাজা যাবে।

গ্রেগরির কথায়, ‘হ্যাঁ, সেদ্ধ ডিমকে আগের অবস্থায় ফেরানোর উপায় আমরা আবিস্কার করে ফেলেছি। এই প্রক্রিয়াকে আরও উন্নত করে ক্যান্সারের চিকিত্‍‌সায় ব্যবহার করার চেষ্টা করছি।’

ঢাবির বাসে আগুন

du logoঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হলের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, কার্জন হলের সামনে বিআরটিসির ওই বাসটি দাঁড়িয়ে ছিল। দোতলা ওই বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ওই ঘটনায়  কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ইবোলা ভাইরাসের ধরণ পাল্টাচ্ছে

ebolaaপশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা মহামারী প্রতিরোধে কর্মরত বিজ্ঞানীরা বলেছেন, গত বছর মার্চে প্রথম ইবোলা সনাক্ত হওয়ার পর থেকে এখন ভাইরাসের ধরন অনেকখানি পাল্টে গেছে।

প্যারিসের পাস্তুর ইনস্টিটিউটের গবেষকরা এই ভাইরাসের সংক্রমণ রোধে কয়েক’শ রক্তের নমুনা পরীক্ষা করে দেখছেন।
তারা এখন বের করার চেষ্টা করছেন, ইবোলা আরও সংক্রামক হয়ে উঠছে কিনা এবং রোগটির পরীক্ষা প্রক্রিয়ায় তারা কোনো প্রভাব ফেলতে পারবেন কিনা।

সেইসাথে সম্ভাব্য টিকাসহ বিভিন্ন ওষুধের ক্ষেত্রে রোগটির প্রতিক্রিয়া কি হয়, তাও গবেষণা করে দেখছেন তারা।

পশ্চিম আফ্রিকায় ইবোলা মহামারী শুরু হওয়ার পর থেকে সেনেগাল, গিনি এবং লাইবেরিয়ায় এ পর্যন্ত আট হাজারেরও বেশি লোক এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।-বিবিসি

খালেদা ডাইনি: মায়া

mayaঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, “বেগম খালেদা জিয়া মানুষ নন, ডাইনি।”

বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মায়া বলেন, “মানুষের রক্ত ছাড়া তার ঘুম হয় না। তার সম্পর্কে কী বলব? হরতাল-অবরোধের নামে পেট্রল বোমা মেরে নির্বিচারে মায়ের বুক খালি করছেন তিনি। দেশের মানুষ আশা করেছিল তার স্নেহের ছোট ছেলের মৃত্যুতে হরতাল-অবরোধ প্রত্যাহার করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, তিনি তা প্রত্যাহার করেননি। তিনি অবরোধ অব্যাহত রেখেছেন।”

মায়া বলেন, “যারা আইনের শাসনে বিশ্বাস করে না, তাদের সাথে কোনো সংলাপ বা সমঝোতা হতে পারে না।”

সংগঠনের সভাপতি আবদুল হক সবুজের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সহদফতর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।