মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬

ভিয়েতনাম থেকে এলো ২৯ হাজার টন চাল

ভিয়েতনাম থেকে ২৯ হাজার টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। চাল নিয়ে এমভি ওবিই জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

শনিবার (২২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, গত ৩১ জানুয়ারি জি টু জি (সরকারের সঙ্গে সরকার) চুক্তির আওতায় এসব চাল কেনা হয়েছে। এটি ভিয়েতনাম থেকে কেনা তৃতীয় চালান।

ভিয়েতনাম থেকে জি টু জি ভিত্তিতে মোট এক লাখ টন চাল আমদানির চুক্তি হয়েছে। এর মধ্যে দুই চালানে মোট ৩০ হাজার ৩০০ টন চাল এরই মধ্যে দেশে পৌঁছেছে।

জাহাজে আনা চালের নমুনা পরীক্ষা শেষে খালাসের কার্যক্রমও শুরু হয়েছে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

লেবাননে ইসরায়েলি হামলায় মৃত ৭, গাজায় প্রাণ গেল আরও ৩৪ ফিলিস্তিনির

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৩৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৪৯ হাজার ৭৫০ জনে পৌঁছেছে।

এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৭ লেবানিজ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

বর্বর এই হামলায় সেখানে কার্যকর থাকা যুদ্ধবিরতি চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রোববার (২৩ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, কথিত রকেট হামলার পর ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে বোমা হামলা চালিয়েছে। এতে ফলে সাতজন নিহত এবং আরও ৪০ জন আহত হয়েছেন। প্রাণঘাতী এই হামলা ও হতাহতের কারণে চার মাস আগে হিজবুল্লাহর সাথে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি বিপন্ন হতে পারে বলে মনে করা হচ্ছে।

মূলত চার মাস আগে যুদ্ধবিরতির পর লেবাননের ওপর এটিই ইসরায়েল সবচেয়ে ভয়াবহ হামলা। ইসরায়েল জানিয়েছে, টায়ার এবং তুলিনে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। কারণ ইসরায়েলি শহর মেটুলা লক্ষ্য করে তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে সেই হামলার দায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্বীকার করেছে।

এছাড়া গাজায় শনিবার ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। যার মধ্যে গাজা সিটিতে হামলায় নিহত পাঁচ শিশুও রয়েছে।

অন্যদিকে ইয়েমেনি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকা ইয়েমেনের ওপর হামলা অব্যাহত রেখেছে। হোদেইদা বিমানবন্দরে তিনটি এবং লোহিত সাগরের আল সালিফ বন্দরে আরেকটি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৪৯ হাজার ৭৪৭ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ১৩ হাজার ২১৩ জন আহত হয়েছেন।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা আপডেট করে বলেছে অবরুদ্ধ এই উপত্যকায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি। কারণ ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।

এমন অবস্থায় গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধের দাবিতে এবং যুদ্ধবিরতি চুক্তিতে ফিরে আসার দাবিতে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবের রাস্তায় নেমে এসেছেন। একইসঙ্গে তারা গাজা ভূখণ্ডে আটক অবশিষ্ট বন্দিদের বাড়িতে ফিরিয়ে আনার দাবিও জানাচ্ছেন।

ইসরায়েলি মিডিয়া অনুসারে, গত শুক্রবার থেকে ইসরায়েলি বিমান বাহিনী গাজা, লেবানন এবং সিরিয়ায় ২০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে।

ক্ষমা চাইলে ইমরান খানের মুক্তি সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান যদি ২০২৩ সালের ৯ মের দাঙ্গার ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চান তবে তার মুক্তি সম্ভব। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ এ কথা বলেছেন।

ওই ঘটনায় দুর্নীতির মামলায় গ্রেপ্তারের পর দেশজুড়ে সামরিক স্থাপনা ভাঙচুর করা হয়েছিল। তৎকালীন পাকিস্তান ডেভেলপমেন্ট মুভমেন্ট (পিডিএম) সরকার এবং বর্তমান সরকার দাঙ্গার জন্য পিটিআইকে দায়ী করেছে।
ওই দাঙ্গার ঘটনার জন্য পিটিআইকে দায়ী করা হলেও তা অস্বীকার করে আসছে দেশটির সাবেক ক্ষমতাসীন দলটি।

আজ রাতে প্রচারিত হতে যাওয়া জিও নিউজের ‘জিরগা’ অনুষ্ঠানে সানাউল্লাহ বলেন, ‘খান দেশকে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে ঠেলে দিয়েছেন। তিনি মনে করেছিলেন তার কর্মকাণ্ডের মাধ্যমে বিপ্লব আনতে পারবেন।’

তিনি জোর দিয়ে বলেন, ‘কিন্তু না, বিপ্লবের কোনো সম্ভাবনা নেই।
শুধু রাজনৈতিক সংগ্রামই এখানে বিজয়ের দিকে নিয়ে যাবে।’ ইমরান খানের পদ্ধতির মাধ্যমে সাফল্যের কোনো সম্ভাবনা তিনি উড়িয়ে দিয়েছেন।

৯ মের জন্য ক্ষমা চাইলে কি খানের মুক্তি সম্ভব? জানতে চাইলে সানাউল্লাহ উত্তর দেন, ‘আমি মনে করি, ৯ মে পর্যন্ত যদি তিনি ক্ষমা চান, তাহলে আলোচনা এগিয়ে যেতে পারে অথবা হয়তো আমরা কথা বলতে পারি।’

প্রধানমন্ত্রীর সহযোগী এর আগে মন্তব্য করেছিলেন, আদালত যদি পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে মুক্তি দেন তবে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকারের কোনো আপত্তি থাকবে না।
ইমরান খান বিভিন্ন মামলায় এক বছরেরও বেশি সময় ধরে আদিয়ালা কারাগারে বন্দি।

সানাউল্লাহর মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ রাজনৈতিক তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে যার ফলে আরো রাজনৈতিক মেরুকরণ হতে পারে।

সূত্র : জিও নিউজ

আ. লীগ নিষিদ্ধে সমাবেশের ডাক দিলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সমাবেশের ডাক দিয়েছেন।

শনিবার (২২ মাচ) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ওই সমাবেশের ডাক দেন।

পোস্টে হাসনাত জানান, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল, কার্যক্রম নিষিদ্ধ এবং দ্রুত বিচারের দাবিতে সমাবেশ।

স্থান: শাহবাগ

সময়: ২২শে মার্চ, বিকাল সাড়ে ৩টা

আয়োজনে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ঢাকা মহানগর

র‌্যাব ও এপিবিএনকে জনসেবায় কাজ করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের বিশেষায়িত ইউনিট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) জনসেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ শনিবার (২২ মার্চ) সকালে রাজধানীর উত্তরায় অবস্থিত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হেডকোয়ার্টার পরিদর্শনকালে এ আহ্বান জানান।

পরিদর্শনকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বাহিনী দুইটির কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং অধস্তন ফোর্সদের বাসস্থান, খাবার ও আনুষঙ্গিক সুবিধা নিশ্চিতকরণ ও এ সম্পর্কে যত্নবান হওয়ার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দেন।

এ সময় বাহিনী দুইটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাল্লা দিচ্ছেন দীপিকাকে, সর্বোচ্চ পারিশ্রমিকের তালিকায় কিয়ারা!

অভিনয় দিয়ে নিজেকে বলিউডের প্রথম সারিতে নিয়ে এসেছেন কিয়ারা আদভানি। এখন তিনি পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ। জীবনে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কিয়ারা, মা হতে যাচ্ছেন। এমন সিদ্ধান্তের জন্য সম্প্রতি একটি ছবির কাজ ছেড়ে দিয়েছেন।
ডন ফ্রাঞ্চাইজিতে অভিনয় করার কথা ছিল তার কিন্তু সেই ছবি ছেড়ে দিয়েছেন কিয়ারা।

তাতেও আফসোস নেই অভিনেত্রীর। এবার সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় নাম লেখাতে চলেছেন কিয়ারা। পাল্লা দিতে চলেছেন দীপিকা পাডুকোন, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে!

এবার তাকে দেখা যাবে দক্ষিণী তারকা যশের বিপরীতে।
ছবির নাম ‘টক্সিক’। জানা গেছে, ছবিটির জন্য ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন কিয়ারা। এই ছবির মাধ্যমেই কন্নড় চলচ্চিত্র জগতে পা রাখছেন তিনি।

তবে কিয়ারার আগে এই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন।
তিনিই এখন ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া নায়িকা।

‘কল্কি ২৮৯৮ এডি’ ছবির জন্য ২০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন দীপিকা। সেই জায়গায় কিয়ারা ‘টক্সিক’র জন্য পারিশ্রমিক চেয়েছেন ১৫ কোটি।

প্রিয়াঙ্কা চোপড়াকেও এবার দেখা যাবে দক্ষিণী ছবিতে। এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে তিনি নাকি ৩০ কোটি রুপি পারিশ্রমিক নেবেন।

প্রসঙ্গত, ‘টক্সিক’ ছাড়া হৃতিক রোশনের সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতেও দেখা যাবে কিয়ারা আদভানিকে।

এবার হিলারি-হ্যারিসের বিরুদ্ধে যে ব্যবস্থা নিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন। শনিবার (২২ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন হিলারি ক্লিনটন। এছাড়া গত নির্বাচনে কমলা হ্যারিসও ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন।
ট্রাম্প দুই মেয়াদে এই দুই প্রার্থীকে পরাজিত।

শুক্রবার স্থানীয় সময় রাতে কেন্দ্রীয় সংস্থাগুলোকে পাঠানো এক স্মারকে ট্রাম্প বলেন, জাতীয় নিরাপত্তার স্বার্থে উল্লিখিত ব্যক্তিবর্গের রাষ্ট্রীয় গোপন তথ্যে প্রবেশাধিকার থাকা উচিত বলে আমি মনে করি না।

তবে ছাড়পত্র বাতিলের মারাত্মক বা তাৎক্ষণিক প্রভাব না থাকলেও ওয়াশিংটনে রাজনৈতিক টানাপোড়েনের একটি চিত্র ফুটে ওঠে। এসব ঘটনা প্রমাণ করছে, ট্রাম্প তার প্রতিদ্বন্দ্বীর ওপর শোধ নিতে পিছপা হন না।
এর আগে ট্রাম্প সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টরা সাধারণত কিছু সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পান, যে কারণে তাদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া হয়। এটা সাধারণ রীতি, যা অনেক দিন ধরে চলে আসছে।
কিন্তু ২০২১ সালে ক্ষমতায় বসে বাইডেন সেসময় সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।

এরই প্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসে ট্রাম্প ওই ঘটনার প্রতিশোধ নেন।

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন।

শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দেন কমিশন প্রধান কামাল আহমেদসহ অন্যান্য সদস্যরা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘সংস্কার প্রস্তাবের মধ্যে যেগুলো এখনি বাস্তবায়ন করা সম্ভব সেগুলো আমরা দ্রুত বাস্তবায়ন করে ফেলতে চাই। সে জন্য আমি চাইব, সংস্কার কমিশন আশু করণীয় বা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা যায় এমন সুপারিশগুলো দ্রুত আলাদাভাবে আমাদের কাছে পেশ করুক।
’

জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম সংস্কার কমিশনের এই কাজকে অমূল্য হিসেবে অভিহিত করে এই প্রতিবেদন যেন বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীসহ অন্যান্য মানুষ পড়তে পারে সে লক্ষ্যে কাজ করার পরামর্শ দেন তিনি।

দেশীয় টেলিভিশন চ্যানেলগুলো একটি নির্দিষ্ট স্যাটেলাইট ব্যবহারে বাধ্য বলে বিদেশ থেকে বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেখা যায় না, কমিশনের পক্ষ থেকে এমন তথ্য পাওয়ার পর

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো যাতে বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা এবং আগ্রহী বিদেশিরা দেখতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিবে সরকার।’

গত বছরের ১৮ নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠনের জন্য সিদ্ধান্ত নেয় সরকার। কমিশনের অন্য সদস্যরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীন, দ্য ফিন্যানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটকো) প্রতিনিধি, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সচিব আখতার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

কলকাতায় হাজির শাহরুখ, মাতবেন আইপিএল উন্মাদনায়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ আর শহরে থাকবেন না কিং খান! এটা আবার হয় নাকি? ম্যাচের এক দিন আগেই, গতকাল কলকাতায় পৌঁছে গেলেন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান।

কলকাতা বিমানবন্দরে কিং খান পৌঁছতেই চারদিকে ভক্তদের চিৎকার। তিনিও নিরাশ করেননি। ভক্তদের দিকে ফ্লাইং কিস দেন।
হাতও নাড়েন। গাড়িতে দাঁড়িয়ে ভক্তদের ভালোবাসায় ভরিয়ে দেন।

শাহরুখ বেশির ভাগ ম্যাচেই থাকার চেষ্টা করেন। তবে এবার প্রথম ম্যাচেই থাকছেন।
এবার শুরুতেই ইডেনে কেকেআর বনাম আরসিবির ম্যাচ।

তবে বহু প্রতীক্ষার ১৮তম আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বৃষ্টির জন্য আটকে রয়েছে বলে জানা গেছে। পরিস্থিতি মোকাবেলায় তৈরি রয়েছে সিএবি এবং কেকেআর কর্তৃপক্ষ।

জানা গেছে, অনুষ্ঠানসূচি অনুযায়ী সন্ধ্যা ৬.১১-তে মাঠে ঢুকবেন শাহরুখ খান।
অনুষ্ঠান সঞ্চালনা করবেন তিনি, বক্তব্য রাখবেন ২ মিনিট। এর পর ৬.১৩ মিনিটে মঞ্চে উঠবেন শ্রেয়া ঘোষাল। এরপর ৬.৩০ মিনিটে মঞ্চে আসবেন বলিউড তারকা দিশা পাটানি। তারপর পারফর্ম করবেন কর্ণ আউজলা। উদ্বোধনী ম্যাচের দুই অধিনায়ক মাঠে প্রবেশ করবেন।

এর আগে গত মৌসুমে কেকেআর ও আরসিবি ম্যাচ শেষে বিরাট কোহলিকে নিয়ে ঝুমে জো পাঠান গানে নেচেছিলেন শাহরুখ। এবারও তেমনই দৃশ্যের অপক্ষা।

বিচ্ছেদের পরও ছায়াসঙ্গী সুস্মিতার প্রাক্তন!

বিচ্ছেদ মানেই দূরত্ব বৃদ্ধি নয়, বন্ধুত্ব বজায় রেখেও যে চলা যেতে পারে, তা প্রমাণ করেছেন সুস্মিতা সেন এবং রহমান শল। বছর তিনেক আগেই বিচ্ছেদের পরেও যেন প্রাক্তন বিশ্ব সুন্দরীর ছায়াসঙ্গী রহমান।

সম্প্রতি দুজনকে একটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে। রহমানের মন্তব্যে বি টাউনে দানা বেঁধেছে নয়া জল্পনা।

রহমান বলেন, আমরা বন্ধু হিসাবে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। খুবই উপভোগ করেছি।

সম্পর্ক নিয়ে জল্পনায় কার্যত ইতি টেনে রহমান বলেন, আমি এখন সিঙ্গেল। কিন্তু অতীতে আমার সঙ্গে বড়মাপের এক মানুষের নাম জড়িয়েছিল।
তাই অনেকেই মনে করেন আমি এখনও তার সঙ্গেই আছি।

এর পর কিছুটা আক্ষেপের সুরে তিনি বলেন, সুস্মিতার সঙ্গে সাক্ষাতে মডেলিংয়ে কিছুটা ক্ষতি হয়। বিনোদন দুনিয়ার অনেকেই মনে করেছিলেন, অভিনয়, মডেলিং থেকে হয়তো মন ঘুরে গেছে আমার।

তবে সুস্মিতার সঙ্গে সম্পর্কে থাকাকালীন তার ভালোই দিন কেটেছে সেকথা স্বীকারও করে নেন রহমান।

২০১৮ সালে রহমানের সঙ্গে পথচলা শুরু সুস্মিতার। এর পর ২০২১ সালে বিচ্ছেদ ঘোষণা করেন তারা। কিন্তু একে-অপরের থেকে দূরে সরে যাননি। বরং বন্ধুত্ব বজায় রেখেছিলেন সুস্মিতা-রহমান। সেই বন্ধুকে নিয়ে বি টাউনের ইতিউতি দেখা যায় রহমান শলকে।
কখনও বা নায়িকার সফরসঙ্গী তিনি। আবার কখনও প্রাক্তন বিশ্ব সুন্দরীকে নিয়ে হাসপাতালে যেতেও দেখা গেছে রহমানকে।