শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

হাইকোর্টে নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতির শপথ বৃহস্পতিবার

high courtসুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতির শপথ আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সোমবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এ্যাডভোকেট আবদুল হামিদ নতুন ভাবে ১০ জনকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। দুই বছরের জন্য এ দশজনকে নিয়োগ দেয়া হয়েছে।

নিয়োগ পাওয়া নতুন বিচারপতিরা হলেন- সুপ্রীম কোর্টের বর্তমান রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, অবসরপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমীর হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো: সেলিম ও মো: সোহরাওয়ার্দী, সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যেতির্ময় নারায়ন দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। এরপর দুই বছর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে।

সৌদি আরবে কর্মী পাঠানোর বিষয়ে সমঝোতা চুক্তি বিকালে

saudi10সৌদি আরবে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ ও সৌদি সরকারের মধ্যে সমঝোতা চুক্তি হচ্ছে। রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় এ চুক্তি সই হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ও সৌদি আরবের পক্ষে দেশটির শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদ চুক্তিতে স্বাক্ষর করবেন।

এরআগে সৌদি আরবে কর্মী নেওয়ার প্রক্রিয়া ঠিক করতে সোমবার সকালে রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে ঢাকায় সফররত সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উপমন্ত্রী আহমেদ এফ আলফাহিদের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর উভয় দেশের টেকনিক্যাল কমিটির সঙ্গেও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেন, সৌদি আরবে গৃহস্থালীর (হাউজ হোল্ড ওয়ার্কার) কাজে প্রতি মাসে বিনা খরচে ১০ হাজার কর্মী যাবে। তাদের সর্বনিম্ন বেতন হবে ১৫শ’ রিয়াল।

গত রবিবার দুপুর ১২টায় ১৬ সদস্যের প্রতিনিধি দল চারদিনের সফরে ঢাকায় আসেন।

প্রসঙ্গত, সৌদি আরব বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার। দেশটিতে ২০ লাখের বেশী বাংলাদেশী কর্মরত রয়েছেন। ২০০৮ সালে বাংলাদেশী শ্রমিক নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি আরব।

সাভারে আড়াই কোটি টাকার ভায়াগ্রা উদ্ধার

vayaggraসাভারে প্রায় আড়াই কোটি টাকার ভায়াগ্রা উদ্ধার করেছে র‌্যাব-৪। সোমবার রাতে কাভার্ড ভ্যান থেকে এগুলো উদ্ধার করা হয়।

র‌্যাব সদর দফতরের আইন ও গণমাধ্যম শাখার উপপরিচালক মেজর রুম্মন মাহমুদ খান জানান, ভায়াগ্রা ছাড়াও বিদেশি বেশ কিছু শাড়িও জব্দ করা হয়েছে।

বিস্তারিত জানাতে দুপুরে র‌্যাব-৪ কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ভারতকে হিন্দুরাষ্ট্র করার এটাই সময়, বললেন মোহন ভাগবত

vagobatফের বিতর্কে জড়ালেন ভারতের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আেরএসএস) নেতা মোহন ভাগবত৷

সোমবার বিতর্ক উসকে দিয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের এই নেতা বলেন, “ভারত একটি হিন্দু রাষ্ট্র৷ ভারতকে এগিয়ে নিয়ে যেতে হলে সব হিন্দুকে একত্র করতে হবে৷ সব হিন্দুর একজোট হওয়ার এটাই উপযুক্ত সময়৷ আমাদের দেশ উন্নত হলে, গোটা বিশ্ব উপকৃত হবে৷”

তিনি বলেন, “আমাদের মধ্যে যাবতীয় উপাদান রয়েছে৷ আমরা যদি পরস্পরের মধ্যে সংঘর্ষে লিপ্ত থাকি, তাহলে সংবিধানও আমাদের রক্ষা করতে পারবে না।”

অতীতের কথা স্মরণ করে ভাগবত বলেন, “নানা প্রতিকূলতা পেরিয়ে গোটা হিন্দু সম্প্রদায়কে একছাতার তলায় আনতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের একাধিক শাখা খুলেছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ার৷ তার সেই স্বপ্ন পূরণের এটাই সঠিক সময়৷ বহু আন্দোলন সংঘর্ষের বিনিময়ে তবেই আজ অনুকূল সময়ের সম্মুখীন হয়েছি আমরা৷ তাই এই সময়টাকেই কাজে লাগাতে হবে৷”

নিরব-টুকুর বিরুদ্ধে পরোয়ানা

tuku nirobযুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফুর ইসলাম নিরব ও ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম তারিক মঈনুল ইসলাম ভূঁইয়া তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সূত্র জানায়, পল্টন থানার একটি মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ ছিল মঙ্গলবার। কিন্তু আদালতে হাজির না হওয়ায় ঢাকা মহানগর হাকিম তারিক মঈনুল ইসলাম ভূঁইয়া জামিন বাতিল করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

অপর আসামি হলেন- ছাত্রদল নেতা আব্দুল মনসুর দীপক।

ফোন করে কেজরিকে শুভেচ্ছা ও চায়ের আমন্ত্রণ মোদির

modi kejriআম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে আগাম শুভেচ্ছা বার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷এদিন সকালে কেজরিওয়ালকে ফোন করেন তিনি৷শুভেচ্ছার পাশাপাশি ‘চায়ে পে চর্চা’তেও তাকে আমন্ত্রণ জানান নমো৷সেই শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন কেজরিওয়াল৷২-৩ দিনের মধ্যে কেজরিওয়াল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন বলেও জানান আপ নেতা ভাগবত মান৷

ভোটের ফল চূড়ান্ত না হলেও, এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে আপ৷একক সংখ্যগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলেছে তারা৷২০১৩ সালে ২৮টি আসন পেয়েছিল আম আদমি পার্টি৷এবার তাদের আসন সংখ্যা ৬৪ হতে পারে।  অন্যদিকে, বিজেপি ভাগ্যে জুটতে পারে মাত্র ৫টি আসন৷

প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে ফিরে গেলেন কাদের সিদ্দিকীর স্ত্রী

kader wপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার সরকারি বাসভবন গণভবনে এসে ফিরে গেলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী। মঙ্গলবার সকাল ১১টায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুয়ায়ী কন্যা পুশি সিদ্দিকীকে সঙ্গে করে তিনি গণভবনের গেটে এসে পৌঁছান। এসময় তার সঙ্গে যুব আন্দোলনের সভাপতি হাবিবুন নবী সোহেল ছিলেন।

তবে প্রধানমন্ত্রী পূর্ব নির্ধারিত জাতীয় অর্থনৈতিক পরিষদের একনেক বৈঠকে যোগ দিতে সকাল সাড়ে নয়টার দিকে বাসভবন থেকে বের হয়ে যান বলে জানান গণভবন কর্মকর্তারা।

তারা আরো জানান, বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সংসদ অধিবেশনে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। তাই পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে আসার অনুরোধ জানান তারা।

এদিকে হাবিবুন নবী সোহেল জানান, গত শনিবার প্রধানমন্ত্রীর দপ্তরের ইমেইল অ্যাড্রেসে তারা একটি আবেদন পাঠিয়েছিলেন। তার ভিত্তিতেই আজ দেখা করতে আসেন।

গণভবনের কর্মকর্তারা নাসরিন সিদ্দিকীকে অভ্যর্থনা কক্ষে বসতে বললেও তিনি বাইরেই দাঁড়িয়ে ছিলেন। প্রায় ১৮ মিনিট অপেক্ষার পর তিনি চলে যান। এসময় সাংবাদিকদের বলেন, পরবর্তীতে চেষ্টা করবো যোগাযোগ করে আসার জন্য।

কলকাতার চলচ্চিত্রে ববি

bobiচিত্রনায়িকা ইয়ামিন হক ববি এবার কাজ করতে যাচ্ছেন কলকাতার চলচ্চিত্রে। চুক্তিবদ্ধ হয়েছেন রংবেরং নামের একটি ছবিতে। শিগগিরই তিনি কলকাতা যাবেন ছবির মহড়ায় অংশ নিতে। তারপরই শুরু হবে ছবির চূড়ান্ত শুটিং।

২০০৮ সালে মুক্তি প্রাপ্ত খোঁজ দ্যা সার্চ ছবির মাধ্যদিয়ে রূপালি পর্দায় অভিষিক্ত হন অভিনেত্রী ববি। আর এখন নিয়মিত কাজ করে যাচ্ছেন ঢাকাই সিনেমায়। এখন পর্যন্ত তার অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা পাঁচটিরও বেশি। মুক্তির অপেক্ষায় রয়েছে তিনটি ছবি।

অভিনয়ের এই পুঁজি নিয়ে এবার তিনি কাজ করতে যাচ্ছেন কলকাতার ছবিতে। সংবাদটি সাম্প্রতিক সময়ে জানা গেলেও ববি ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাস খানেক আগে।

কলকাতার এই ছবিটি পরিচালনা করবেন বিক্রম চোপড়া। ছবির কাজ শুরু করার আগে ববিকে অংশ নিতে হবে রিহার্সেলে। তাই শিগগিরই কলকাতা যাত্রা করবেন তিনি।

রোমান্টিক কমেডি ধাঁচের ছবি হবে ‘রংবেরং’, এমনটিই বললেন ববি। তার বিপরীতে অভিনয় করেবেন কলকাতা এবং বাংলাদেশের শিল্পী।

এদেশে রক্ষা নামের একটি ছবিতে সহপ্রযোজনা করছেন এই অভিনেত্রী। এছাড়াও পিকনিক নামের একটি ভৌতিক ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার।  সূত্র: ইন্ডিপেনডেন্ট

বার্ন ইউনিটে ইইউ প্রতিনিধি দল

euঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে গেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরো মায়াদুরের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলটি মঙ্গলবার সকাল নয়টায় বার্ন ইউনিটে পৌঁছান।

সকাল পৌনে ১১টার দিকে তারা চলে যান। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন ড. পিয়েরো ল্যামবার্ট ও অলিভিয়ার ব্রাউন্ট।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক মো. নুরুল হক তাদের সঙ্গে ছিলেন।

ইউরোপিয়ান প্রতিনিধি দল চলে যাওয়ার পর নুরুল হক  জানান, প্রতিনিধি দলের সবাই বার্ন ইউনিটে ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন। তাদের কষ্ট দেখে ব্যথিত হয়েছেন। এ সময় রোগীদের কোনো সাহায্য প্রয়োজন কিনা তাও জানাতে চান প্রতিনিধি দলের সদস্যরা।

পরে রোগীদের সুষ্ঠুভাবে চিকিৎসা দেয়ায় প্রতিনিধি দলের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।

ত্রিশালে বাসে আগুন

bus fire17ময়মনসিংহের ত্রিশাল উপজেলা সদরে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রাত সোয়া ১২টার দিকে কে বা কারা উপজেলা সদরের ইভা ফিলিং স্টেশনের বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং স্থানীয় লোকজনের সহায়তায় দমকল বাহিনী আসার আগেই আগুন নেভাতে সক্ষম হয়।

তিনি জানান, বাসে কোনো লোক ছিল না। চালক বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে বাড়ি যাওয়ার পর এ ঘটনা ঘটে। আগুনে বাসের সিট পুড়ে গেছে। আগুন নেভানোর সময় কয়েকটি কাঁচ ভেঙে গেছে। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।