সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের পদত্যাগ

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারে জোটগত বিরোধের মধ্যেই পদত্যাগ করলেন উগ্র-কট্টর ডানপন্থি অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

ইসরায়েলি চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ তার পদ থেকে পদত্যাগ করায় নেতানিয়াহুর ডানপন্থী জোটের মধ্যে উত্তেজনা আরো তীব্র হয়েছে।

পদত্যাগের পর স্মোট্রিচ অবশ্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে তার আসনে ফিরে আসবেন।
সেখানে তিনি তার নেতৃত্বাধীন অতি-ডানপন্থি রিলিজিয়াস জায়োনিজম পার্টির আইন প্রণেতা হিসেবে দায়িত্বপালন করবেন।

আনাদোলু বলছে, নেসেট সদস্য জভি সুক্কোতকে পুনর্বহাল করা নিয়ে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভিরের সঙ্গে বিরোধের মধ্যে অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের এই পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনা ঘটল।

দ্বিতীয় দ্রুততম ৮ হাজারের মাইলফলকে সূর্যকুমার

চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। দলের জয়ের পথে অপরাজিত ৯ বলে ২৭ রানের ইনিংস খেলেন সূর্যকুমার যাদব। আর তাতেই টি-টোয়েন্টি সংস্করণে ৮ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন এই ব্যাটার।

টি-টোয়েন্টিতে বল খেলার দিক থেকে ৮ হাজার ছুঁয়া দ্বিতীয় দ্রুততম ব্যাটসম্যান সুর্যকুমার।
মাইলফলক ছুঁতে তিনি বল খেলেছেন ৫ হাজার ২৫৬টি।

বল খেলার দিক দিয়ে এই মাইলফলক ছুঁয়া দ্রুততম ব্যাটার আন্দ্রে রাসেল। টি-টোয়েন্টিতে ৮ হাজার রান করতে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের লেগেছিল ৪ হাজার ৭৪৯ বল।

ইনিংসের হিসেবে অবশ্য সুর্যকুমার বা রাসেল অনেক পেছনে।
২৮৮ ইনিংস খেলে ৮ হাজার হলো সুর্যকুমারের। স্রেফ ২১৩ ইনিংসেই ৮ হাজার রান করেন ক্রিস গেইল। এ ছাড়া ২১৮ ইনিংস লেগেছে বাবর আজমের। ২৪৩ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম বিরাট কোহলি।
২৪৪ ইনিংস মোহাম্মাদ রিজওয়ানের ও ২৫৪ ইনিংস অ্যারন ফিঞ্চের।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ২৭১ ইনিংসে ৮ হাজার ছুঁয়ে রেকর্ডের আটে আছেন তামিম ইকবাল।

যে কারণে ঈদের নামাজ পড়তে পারেননি ইমরান খান

টানা তৃতীয়বার কারাগার থেকে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি ঈদের নামাজে যোগ দিতে পারেননি। খবর জিও নিউজের।

ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস থেকে শুরু করে তোশাখানা তছরুপের মতো নানা অভিযোগে ১০০টির বেশি মামলা রয়েছে।

ইমরান খান ২০২৩ সালের আগস্ট মাস থেকে কারাবন্দী। আদিয়ালা কারাগারের ভেতরে কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও নিরাপত্তার কারণে তিনি সেখানে যেতে পারেননি।

ইমরান খানের স্ত্রী বুশরা বিবিও কারাবন্দী রয়েছেন। ঈদের নামাজের সময় তাকে কারাকক্ষে থাকতে হয়েছে।
তবে কারাগারের অন্য বন্দী ও কারা কর্মকর্তারা ঈদের নামাজ পড়েছেন।

জানা গেছে, উচ্চ পর্যায়ের বন্দী আছেন যেসব জেলখানায়, সেখানে তিন দিনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে। অতিরিক্ত নিরাপত্তা হিসেবে আদিয়ালা জেলমুখী সব সড়কে চেকপয়েন্ট বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ২০০ কর্মকর্তা।

দায়িত্বরত নিরাপত্তা রক্ষাকারীরা তিন শিফটে দায়িত্ব পালন করছেন। জেলের বাইরে পিটিআই সমর্থকরা যেন বড় রকমের প্রতিবাদ বিক্ষোভ করতে না পারে সে জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তামূলক ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে রিজার্ভ ফোর্সও।

পুতিনের ওপর ‘বিরক্ত’ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি

ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার কয়েক সপ্তাহ চেষ্টা করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যে তিনি রাশিয়ার প্রেসিডন্টে ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’। খবর বিবিসির।

এনবিসি নিউজের এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিশ্বাসকে আক্রমণ করার জন্য তিনি পুতিনের ওপর ক্ষুব্ধ। যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার কাছ থেকে তেল কেনা দেশগুলোর ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

রয়টার্স লিখেছে, জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের সময় থেকেই ট্রাম্প রাশিয়ার প্রতি আরো সমঝোতামূলক অবস্থান নিয়েছিলেন। তিনি তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করতে মধ্যস্থতা করার চেষ্টা শুরু করলে যুক্তরাষ্ট্রের পশ্চিমা মিত্ররা সতর্ক হয়ে উঠেছিল।

কিন্তু যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে অগ্রগতি আশানুরূপ না হওয়ায় ট্রাম্পের বাড়তে থাকা হতাশার প্রতিফলন ঘটেছে পুতিনকে নিয়ে তার এই তীক্ষ্ণ মন্তব্যে।

ট্রাম্প বলেছেন, যদি আমি ইউক্রেনের রক্তপাত বন্ধে একটি চুক্তি করতে না পারি আর আমার যদি মনে হয় এটা রাশিয়ার দোষ, তাহলে আমি তেলের ওপর দ্বিতীয় পর্যায়ের শুল্ক আরোপ করব, রাশিয়া থেকে আসা সমস্ত তেলের ওপর।

‘এটা হবে, যদি আপনি রাশিয়া থেকে তেল কেনেন, আপনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা করতে পারবেন না। সব তেলে ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে, সব তেলে ২৫ থেকে ৫০ পয়েন্ট শুল্ক।’

রাজধানীতে সুলতানি আমলের ঈদ মিছিল

বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে রাজধানীতে শুরু হয়েছে সুলতানি মোঘল আমলের কায়দায় ঈদ আনন্দ মিছিল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলার মাঠের সামনে থেকে এ আনন্দ মিছিল শুরু হয়।

মিছিলটি আগারগাঁওয়ের প্রধান সড়ক দিয়ে খামারবাড়ি মোড় হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে গিয়ে শেষ হবে।

সরেজমিনে দেখা যায়, ঈদের জামাত শেষ হতেই বেজে ওঠে ব্যান্ডপার্টির বাজনা, বাজতে থাকে সেই মধুর সুর ‘ও মোর রমজানের ওই রোজার শেষে’।
এ সময় হাজার হাজার মানুষ একত্রে ঈদ আনন্দের মেতে ওঠেন।

এ ছাড়া মিছিলের শুরুতে ছিল পাঁচটি ঘোড়ার গাড়ি। মিছিলে থাকছে মোট ১৫টি ঘোড়ার গাড়ি।

মিছিলে অংশ নেওয়া সালমান মাহমুদ বলেন, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে।
খুবই ভালো লাগছে। আমি পুরো মিছিলজুড়েই থাকব।

প্রতিকূলতা সত্ত্বেও ঐক্য অটুট রাখতে হবে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি দেশের সব জায়গায় ঈদের জামাতে যারা শরীক হয়েছেন ও নারী-প্রবাসী শ্রমিকসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ঈদ নৈকট্য ও ভালোবাসার দিন।
আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে স্থায়ীভাবে সেই ঐক্য গড়ে তুলতে চাই।

সেই সঙ্গে একটি ঐক্যবদ্ধ জাতি ও বাধা সত্ত্বেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তিনি।

এ সময় জাতীয় ঈদগাহে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বোর্নমাউথকে হারিয়ে টানা সপ্তমবার সেমিতে সিটি

এফএ কাপ কোয়ার্টার ফাইনালে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে টানা সপ্তমবার সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। সেমিতে আগামী ২৬ এপ্রিল ওয়েম্বলিতে সিটির প্রতিপক্ষ নটিংহাম ফরেস্ট।

বোর্নমাউথের মাঠে ম্যাচের ১৪ মিনিটে আলিং হালান্ড পেনাল্টি মিস করার পর ২১ মিনিটে এভানিলসনের গোলে পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। বিরতি পর্যন্ত সেই ব্যবধানই থাকে।
দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে হালান্ড ও ৬৩ মিনিটে ওমর মারমৌশের গোলে ঠিকই ২–১ গোলের জয় তুলে নেয় সিটি।

স্বস্তির এ জয়েও দুঃসংবাদ পেয়েছে সিটি। বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পেয়ে ৬০ মিনিটে মাঠ থেকে উঠে যান হালান্ড। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও কিছুক্ষণ পর ব্যথায় মাঠে পড়ে যান।
সিটি কোচ গার্দিওলা বাধ্য হয়েই বদলি নামিয়ে তাকে তুলে নেন। ম্যাচে তখন ১–১ গোলের সমতা। প্রথমার্ধে পেনাল্টি মিস করা হালান্ডের চোট কতটা গুরুতর, ম্যাচ শেষে তার হালনাগাদ তথ্য জানাতে পারেননি গার্দিওলা। পেনাল্টি ছাড়াও প্রথমার্ধে গোলের দুটি স্পষ্ট সুযোগ নষ্ট করেন হালান্ড।
তার বদলি হিসেবে নামার তিন মিনিট পরই গোল করেন মিসর ফরোয়ার্ড মারমৌশ।

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে বিদায় নিয়েছে সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে ৯ ম্যাচ হাতে রেখে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ২২ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পাঁচে সিটি। তাই এই মৌসুমে এফএ কাপ ট্রফিই একমাত্র সুযোগ সিটির।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে তিন ঈদ জামাত, থাকছে বিশেষ খাবার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) ঈদুল ফিতর উপলক্ষে তিনটি জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুটি জামাত কারাগারের স্টাফদের জন্য এবং একটি জামাতে অংশ নেবেন কারাবন্দিরা।

শনিবার (২৯ মার্চ) ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এম মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদের দিন সকাল ৭টা ও ১০টায় কারাগারের স্টাফদের জন্য পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল ৮টায় কারাগারের মাঠে বন্দিদের জন্য আরেকটি জামাতের আয়োজন করা হয়েছে। এ ছাড়া প্রতিবারের মতো এবারও ঈদের দিনে কারাবন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

জেলার মাসুম জানান, সকালে তাদের জন্য থাকবে মুড়ি, পায়েস অথবা সেমাই। দুপুরের খাবারে পরিবেশন করা হবে গরুর মাংস, মুরগির রোস্ট, ডিম, কোমল পানীয়, সালাদ ও পান-সুপারি।
যারা গরুর মাংস খাবেন না, তাদের জন্য খাসির মাংসের ব্যবস্থা রাখা হয়েছে। রাতে থাকবে সাদা ভাতের সঙ্গে রুই মাছ ও আলুর দম।

তিনি জানান, ঈদের দিনে দায়িত্ব পালন করা কারা স্টাফদের জন্য বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়েছে।

বিনোদন ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ

কারা সূত্রে জানা গেছে, ঈদের দ্বিতীয় দিনে বন্দিদের জন্য বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
পাশাপাশি, ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে পাঁচ মিনিট বেশি সময় ধরে বন্দিরা স্বজনদের সঙ্গে মোবাইলে কথা বলতে পারবেন। ঈদের দিন স্বজনরা কারাবন্দিদের সঙ্গে দেখা করতে পারলেও ঈদের দ্বিতীয় দিন বাসা থেকে রান্না করা খাবার নিয়ে আসতে পারবেন। তবে নির্ধারিত নিয়ম মেনে খাবার কারাগারে প্রবেশ করানো যাবে।

সাইবার ট্রাইব্যুনালের ৪১০ মামলা প্রত্যাহার

দেশের আট বিভাগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সাইবার ট্রাইব্যুনালে হওয়া ৪১০টি মামলা প্রত্যাহার করা হয়েছে।

এসংক্রান্ত তথ্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে ঢাকা বিভাগে ২১টি, চট্টগ্রাম বিভাগে ১৩০টি, সিলেট বিভাগে ১০৩, খুলনা বিভাগে ৫৩টি, বরিশাল বিভাগে ৪৮টি, রংপুর বিভাগে ৪০টি, ময়মনসিংহ বিভাগে ১৩টি এবং রাজশাহী বিভাগে দুটি মামলা রয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘সাইবার আইনে মত প্রকাশের অভিযোগে (স্পিচ অফেন্স) যেসব মামলা হয়েছিল সেগুলো প্রত্যাহার করা হচ্ছে।
’

গত ৩ অক্টোবর রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মতবিনিময়সভায় আইন উপদেষ্টা বলেন, “সাইবার আইনে হওয়া ‘স্পিচ অফেন্স’ (মুক্তমত প্রকাশ) সম্পর্কিত মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার।” একই সঙ্গে এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তিনিও আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাৎক্ষণিকভাবে মুক্তি পাবেন বলে জানানো হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এবং সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে গত বছরের আগস্ট পর্যন্ত দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে মোট ৫ হাজার ৮১৮টি মামলা চলমান ছিল। ‘স্পিচ অফেন্স’ সম্পর্কিত ১ হাজার ৩৪০টি মামলা চলমান।
এর মধ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের অধীনে ২৭৯টি, ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে ৭৮৬টি এবং সাইবার নিরাপত্তা আইনের অধীনে ২৭৫টি মামলা চলমান। এসব মামলার মধ্যে ৪৬১টি মামলা তদন্তকারী সংস্থার কাছে তদন্তাধীন এবং ৮৭৯টি মামলা দেশের আটটি সাইবার ট্রাইব্যুনালে বিচারাধীন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ডিজিটাল নিরাপত্তা আইন এবং সাইবার নিরাপত্তা আইনের সুনির্দিষ্ট কিছু ধারা বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার অন্তরায় বাধা। এ নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংশ্লিষ্ট ধারাগুলো বিষয়ে আপত্তি তুললেও বিগত আওয়ামী লীগ সরকার তাতে কোনো রূপ কর্ণপাত করেনি।

ড. ইউনূসকে ৫ বছরের জন্য প্রধানমন্ত্রী চাই : সারজিস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

শনিবার (২৯ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের মতো একজন স্টেটসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে।’

উল্লেখ্য, ড. ইউনূস চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেছেন।
তিনি সেই বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেন। শনিবার সকাল ১০টার দিকে পিকিং বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে সম্মানসূচক এই ডিগ্রি দেওয়া হয়।