শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

কুড়িগ্রামে পুলিশ ভ্যানের ধাক্কায় যুবক নিহত

kurigramকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় পুলিশ ভ্যানের ধাক্কায় সোহেল (২২) নামের এক যুবক নিহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, রোববার দুপুর ১২ টার দিকে নাগেশ্বরী-ফুলবাড়ী সড়কের চাঁদের বাজার এলাকায় সড়ক পার হওয়ার সময় ফুলবাড়ী থানার পুলিশের একটি গাড়ি সোহেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই  সোহেল নিহত হন।

নিহত সোহেল ফুলবাড়ী উপজেলা শহরের থানা সংলগ্ন ছবির উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ছেলেটি মানসিক রোগী হওয়ায় পুলিশের গাড়ির সামনে লাফিয়ে পড়লে এ ঘটনা ঘটে।

গুলশান নীরব বাড়িটির দিকেই সবার দৃষ্টি

karjaloyরাজধানীর অভিজাত এলাকা গুলশান-২।দেশের সবাই জানে। ৮৬ নম্বর সড়কটিও সবার কাছে পরিচিত। দেশ-বিদেশের অনেকে ছয় নম্বর বাড়ির কথাও শুনেছে। এক সময় সন্ধ্যা হলেই বাড়তো লোকজনের সমাগম। স্বপ্রণোদিত হয়ে অনেকেই আসতেন এই বাড়িতে। যাকে কেন্দ্র করে আসতেন তিনি থাকতেন না তারপরেও। এখন তিনি রাত-দিন থাকেন, কিন্তু এখন কেউ আসেন না। শুনশান নিরবতাই বিরাজ করছে একসময়ের জমজমাট ওই বাড়িতে।

বাড়িটি একটি দলের নেতার রাজনৈতিক অফিস। এই কার্যালয়ে দুই মাসের বেশি সময় ধরেই আছেন সেই নেতা। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রথম দিকে তাকে এই বাড়িতে অবরুদ্ধ করা হলেও এখন তিনি স্বেচ্ছায় কৌশলগত কারণে অবস্থান করছেন। আরো আছেন দলটির সিনিয়র কয়েকজন নেতা, অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারী, ব্যাক্তিগত নিরাপত্তা সদস্যরা।

তিন জানুয়ারি থেকে এই কার্যালয়টি ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়ে। ১১ ফেব্রুয়ারির পর কার্যালয়ে আসা-যাওয়া ও খাবার প্রবেশে কড়াকড়ি আরোপ করা হলে চলে আসে একধরণের নিরবতা। কিন্তু সার্বক্ষণিকভাবে দায়িত্বের কারনে নিরব হতে পারছেন না সংবাদকর্মী-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মশার কামড় খেয়েও তারা থাকছেন দিন-রাত।

চার মার্চের পর কার্যালয়ের সামনে তেমন কড়াকড়ি নেই, রাস্তার দক্ষিণ-উত্তর পাশের ব্যারিকেডও নেই। কার্যালয়ের ভেতরে চলছে একধরণের নিরবতা। বেশকয়েকদিন ধরেই কেউ আসছেন না খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে। মাঝে মধ্যে পেশাজীবীরা আসলে নেতাকর্মীরা আসেননি। অন্যান্য দিনের মতো শনিবারেও কেউ স্বপ্রণোদিত হয়ে কার্যালয়ের জন্য খাবার নিয়ে আসতেও দেখা যায়নি। কেউ না আসলেও সাংবাদিক-পুলিশ সদস্যরারা আসেন নিয়মিত।

রাজনৈতিক পরিস্থিতি যখন স্বাভাবিক ছিল তখন  দিনের তুলনায় সন্ধ্যা রাতে নেতাকর্মীদের ভিড় জমে উঠতো। দলের প্রধান খালেদা জিয়া মূলত রাতেই এ অফিসে তার দলীয় কার্যক্রম পরিচালনা করতেন। তাকে কেন্দ্র করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসতেন। আসতেন রাজধানীর বিভিন্ন ওয়ার্ড, থানা পর্যায়ের নেতাকর্মীরা। দলের নীতিনির্ধারণী নেতারাও আসতেন। অনেক রাত পর্যন্ত  বৈঠক, রাজনৈতিক আলাপ-আলোচনা হতো। আবার অনেকেই দলীয় প্রধানের সাথে দেখা করতে। এতো জমজমাট থাকার পরেও এখনকার মতো গুরুত্ত্বপূর্ণ হয়ে উঠেনি গুলশানের রাজনৈতিক কার্যালয়টি। সবার দৃষ্টিই যেন এখন ৮৬ নম্বর রোডের গুলশান কার্যালয়ের দিকে।

গত তিন জানুয়ারি থেকে রাজনৈতিক দৃশ্যপট পরিবর্তনের সঙ্গে সঙ্গে এ কার্যালয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওই রাতে খালেদা জিয়াকে বের হতে দেয়া হয়নি। আটকে দেয়া হয়। ব্যবহার করা হয়-ইট-বালুভর্তি ১১টি ট্রাক, রায়ট কার, এপিসি, জলকামান ও পুলিশ ভ্যান। এছাড়াও ৮৬ নম্বর সড়কের দক্ষিণ-উত্তর পাশে কাঁটাতারের ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। তালা লাগানো হয় কার্যালয়ের মূল ফটকসহ অন্য ফটকেও।

পাঁচ জানুয়ারির কর্মসূচি পালনেও আর বের হতে দেয়া হয়নি খালেদা জিয়াকে। ওইদিন বিকেলে কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে তার গাড়ি লক্ষ্য করে পিপার স্প্রে নিক্ষেপ করা হয়। পুলিশি বাধা পেয়ে গেটেই দাঁড়িয়েই সরকার পতন ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা দেন তিনি। প্রায় দুই মাস হলেও এখনো কর্মসূচি চলছে। সঙ্গে সপ্তাহজুড়ে হরতালও রয়েছে।

২৫ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় আদালত খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শুরু নতুন কৌতুহলের। আদালতের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হবে কি না, করলেও কখন করা হবে। একইসঙ্গে ১মার্চ কার্যালয় তল্লাশি করতে পুলিশকে আদালতের নির্দেশ প্রদান নতুন মাত্রা যোগ করে।

এই নিয়ে একদিকে মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হলেও কার্যালয়ের ভিতরে অবস্থানকারীরা রয়েছেন আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে। এর পেছনে একটাই কারণ, কার্যালয়ের নিরাপত্তা সদস্য ছাড়া সবার নামে নাশকতার মামলা রয়েছে। ফলে একদিকে দীর্ঘ্ দুই মাস ধরে স্বেচ্ছা বন্দি আর শরণার্থী শিবিরের মতো থাকা-খাওয়ার সীমাহীন কষ্ট আর নতুন করে গ্রেফতারে আতঙ্কও কাজ করছে। কিন্তু মূল ব্যক্তি অনড়।
অনেক দিন আগে থেকে তার নামের আগে বিশেষণ বসে গেছে-আপসহীন। তার দলের নেতাকর্মীরা বলেন তার কারণেই বিদায় নিতে হয়েছে এরশাদের, মইন উদ্দিন-ফকর উদ্দিনের।

তার দলের প্রস্ত্তুতি এলোমেলো। নেতারা মাঠে নামছেন। কিন্তু তিনি আছেন। অনড়।

আর তার কারণেই সকলের দৃষ্টি গুলশান কার্যালয়ের দিকে।সরকারের, বিরোধী দলের, আন্তর্জাতিক সম্প্রদায়ের, মিডিয়ার, পক্ষের-প্রতিপক্ষের। আসলে সবার।

বিয়ের প্রস্তুতিতে ক্যাটরিনা!

kat rasযতই দিন যাচ্ছে ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের বিয়ের গুঞ্জণ ততটাই বেড়ে চলছে। নতুন করে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রণবীরকে বিয়ে করতে যাচ্ছেন ক্যাটরিনা।

কেননা, তিনি নাকি তিনটি ছবির চুক্তি বাতিল করেছেন। প্রডাকশন হাউজ শুটিংয়ের জন্য লম্বা সময় চাইলেও তিনি তা ফিরিয়ে দিচ্ছেন।

একটি সূত্র জানিয়েছে, রণবীরকে খুব শীঘ্র বিয়ে করার জন্যই ক্যাটরিনা চুক্তিবাবদ নেয়া অর্থ ফিরিয়ে দিচ্ছেন। একই কারণেই তিনি নতুন কোনো প্রজেক্টে লম্বা সময় দিতে চাচ্ছেন না।

তাহলে কি সত্যিই ক্যাট-রণবীরের বিযের গুঞ্জণ সত্যি হতে যাচ্ছে? অবশ্য ক্যাটরিনা এখন পর্যন্ত এ বিষিয়ে মুখ খোলেননি। যদিও সম্প্রতি রণবীর শীঘ্রই বিয়ের বিষয়টি নাকোচ করে দিয়েছেন।

তিনি বলেছেন, আমি আমার বর্তমান জীবন নিয়ে খুশি। বিয়ে নিয়ে আমি এখনো সিদ্ধান্ত নিইনি। আমি মনে করি বিয়ে হলো প্রাকৃতিম নিয়ম। আমি সেই ধরণের মানুষ নই যে বলব, আমার বয়স এখন ৩২, এখনই বিয়ে করতে হবে অথবা সময় চলে যাচ্ছে।

বর্তমানে তিনটি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ক্যাটরিনা কাইফ। রণবীর কাপুরের সঙ্গে জগ্গা জাসুস, সাইফ আলী খানের সঙ্গে ফ্যান্টম ও আদিত্য রয় কাপুরের সঙ্গে ফিতুর ছবিতে অভিনয় করেছেন ক্যাটরিনা। সূত্র: ওয়ান ইন্ডিয়া।

বিবি তুমি ব্যর্থ হয়েছ, এবার চলে যাও

israillইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিবর্তন চেয়ে রাজধানী তেলআবিবে সমাবেশ হয়েছে। এ সময় এতে অংশগ্রহণকারীরা নেতানিয়াহুর ডাক নাম উল্লেখ করে স্লোগান দেন ‘বিবি তুমি ব্যর্থ, এবার চলে যাও’।

শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত ওই সমাবেশে নেতৃত্ব দেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান মেয়ার দেগান। সম্প্রতি তিনি নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেন। ইরান ইস্যুতে নেতানিয়াহুর অবস্থানের কারণে ইসরায়েলের ভবিষ্যত ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে অভিযোগ করেন তিনি।

সমাবেশে কত লোক উপস্থিত ছিল সে ব্যাপারে ইসরায়েলি পুলিশ সঠিক তথ্য না দিলেও দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, প্রায় ৩০ হাজার মানুষ ওই সমাবেশে অংশ নিয়েছেন।

শনিবারের সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ‘ইসরায়েল পরিবর্তন চায়’ লেখা ব্যানার ছিল। এ সময় তারা নেতানিয়াহুর ডাক নাম উল্লেখ করে স্লোগান দেন ‘বিবি তুমি ব্যর্থ হয়েছ, এবার চলে যাও’।

আগামী ১৭ মার্চ দেশটিতে জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। সূত্র: আলজাজিরা/সিনহুয়া।

আশুগঞ্জে ট্রলারডুবি, একজনের মৃতদেহ উদ্ধার

trolar mব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ লঞ্চঘাটে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একযাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো কয়েক যাত্রী।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে উপস্থিত উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দলসহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বারেক মিয়া নামে ওই ট্রলারের এক যাত্রী জানান,  ট্রলারটি ভৈরব থেকে ছেড়ে আশুগঞ্জ লঞ্চঘাটে আসার পর ১০-১২ জন যাত্রী একসঙ্গে উঠার চেষ্টা করলে এটি ডুবে যায়। তবে এ সময় বেশিরভাগ যাত্রীই সাঁতরে তীরে উঠে যায়। ট্রলারটি কিশোরগঞ্জের অষ্ট্রগ্রামে যাওয়ার উদ্দেশে ভৈরব থেকে ছেড়ে আসে বলে তিনি জানান।

পরে সকাল সাড়ে ১০টায় অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার ও এক বৃদ্ধকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মজিবুর রহমান চৌধুরী জানান, ডুবুরিদল উদ্ধার অভিযান শুরু করেছে।  এছাড়া উদ্ধার অভিযানে উদ্ধারকারী নৌযান অগ্নি তরণী যোগ দিয়েছে বলে তিনি জানান।

পল্টনে হাতবোমা বিস্ফোরণ ও ব্যাপকহারে গাড়ি ভাঙচুর

cocktel27রাজধানীর পল্টনে হাতবোমা বিস্ফোরণ ও ব্যাপকহারে গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

রোববার বেলা পৌনে ১১ টার দিকে পল্টন মোড়ে এসব বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।

এসময় পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলেও প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে।  রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ির ভাঙ্গা কাচ দেখতে পেয়েছে বলেও জানিয়েছে প্রত্যক্ষ্যদর্শীরা।

শাহবাগ থানায় যোগাযোগ করা হলে তারা জানান এ ঘটনা তাদের জানা নেই।

আফগানদের বিপক্ষে কিউইদের সহজ জয়

afgan qবিশ্বকাপের পুল ‘এ’তে আফগানিস্তানের বিপক্ষে সহজ জয় পেয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আফগানদের বেধে দেয়া ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৬.৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা। তবে এই রান তুলতে তাদের চারটি উইকেট হারাতে হয়।

উদ্বোধনী ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ১৯ বলে ৪২ রান করে মোহাম্মদ নবির বলে বোল্ডআউট হন। এরপর দলীয় ১১১ রানের মাথায় শাপুর জারদানের বলে সলিমুল্লা শেনওয়ারির হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন কেন উইলিয়ামসন। তার ব্যাক্তিগত সংগ্রহ ৩৩ রান। ব্যক্তিগত ৫৭ রান করে রানআউট হন মার্টিন গাপটিল।  সব শেষে দলীয় ১৭৫ রানে ব্যক্তিগত ১৯ রান করে গ্রান্ট এলিয়টও রানআউট হন।

রস টেলর ২৭ ও কোরি অ্যান্ডারসন ও ৩ রানে অপরাজিত ছিলেন।
আফগানিস্তানের পক্ষে মোহাম্মদ নবি ও শাপুর জারদান একটি করে উইকেট নেন।

এই জয়ের ফলে বিশ্বকাপে জয়ের ধারা অব্যহত থাকল বিশ্বকাপ আসরের সহ-আয়োজকদের।

এর আগে নিউজিল্যান্ডের নেপিয়ারে অনুষ্ঠিত এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৭.৪ ওভারেই সবকটি উকেট হারায় আফগানরা। শুরু থেকেই কিউই বোলারদের তোপের মুখে পড়ে তারা।

দলীয় ৫ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ আহমাদি ব্যক্তিগত এক রান করে ট্রেন্ট বোল্টের বলে এলবিডাব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ৬ রানের মাথায় অপর উদ্বোধনী ব্যাটসম্যান উসমান গনি ড্যানিয়েল ভেট্টোরির বলে শূণ্য রানে বোল্ডআউট হন।

এরপর নওরোজ মঙ্গলের সাথে জুটি বেধে প্রতিরোধের চেষ্টা করেন আসগার স্তানিকজাই। কিন্তু তিনিও বোল্টের শিকার হন। দলীয় ২৪ রানের মাথায় ব্যক্তিগত ৯ রান করে মার্টিন গাপটিলের হাতে ধরা পড়ে প্যাভিলনে ফিরে যান। দলীয় ৪৯ রানে ভেট্টোরির দ্বিতীয় শিকার হন নওরোজ মঙ্গল।

এরপর দলীয় ৫৯ রানে ভেট্টোরির পরপর দুই বলে মোহাম্মদ নবী ও আফসার জাজাই আউট হন। তবে, সপ্তম উইকেট জুটিতে সামিউল্লাহ সেনওয়ারি আর নজিবুল্লাহ জাদরানের দৃঢ়তায় ঘুরে দাঁড়ানো চেষ্টা করে আফগানিস্তান। এই জুটি ৮৬ রানের পার্টনারশিপ গড়ে। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি তারা। দলীয় ১৪৫ রানের সময় এসে ব্যক্তিগত ৫৬ রান করা নজিবুল্লাহকে ফিরিয়ে দেন অ্যাডাম মিলনে।

ড্যানিয়েল ভেট্টোরির হাতে ধরা পড়েন তিনি। সামিউল্লাহ আউট হন ৫৪ রান করে। হামিদ হাসান করেন ১৬ রান।

নিউজিল্যান্ডের পক্ষে ড্যানিয়েল ভেট্টোরি সর্বোচ্চ ৪ টি ও ট্রেন্ট বোল্ট ৩টি উইকেট নেন। এছাড়া কোরি এন্ডারসন ২টি এবং অ্যাডাম মিলনে ১ উইকেট নেন।

বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউজিল্যান্ডের নেপিয়ারে ম্যাচটি শুরু হয়েছে।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

japaরাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা-এরশাদ) কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে নিচ তলায় অবস্থিত দলের সহযোগী সংগঠন জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কার্যালয়ের চেয়ারসহ বেশ কিছু আসবাব পুড়ে গেছে।

জাপার যুগ্ম দফতর সম্পাদক আবুল হাসান আহমেদ জুয়েল বলেন, রবিবার ভোরে এ ঘটনা ঘটে। ধোঁয়া দেখতে পেয়ে পথচারীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ কারণে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়নি। তবে আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।

জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু বলেন, দুর্বৃত্তরা আমাদের কার্যালয়ে পেট্রোল জাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। পথচারীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।

তিনি জানান, আজ (রবিবার) জাতীয় পার্টির পূর্বনির্ধারিত যৌথসভা রয়েছে। সভা শেষে দলের শীর্ষ নেতারা এ ব্যাপারে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন।

তবে, এ ব্যাপারে পল্টন থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ওয়াহেদ জানান, জাতীয় পর্টির কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ কিংবা অগ্নিকাণ্ডের কোনো তথ্য তার জানা নেই।

রাজধানীতে বিএনপি-জামায়াতের ৮জন গ্রেফতার

arrest28রাজধানীর বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে ৮জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৭জন বিএনপি ও ১ জন জামায়াত শিবিরের কর্মী বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান এক ক্ষুদে বার্তায় গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা দায়ের করা হয়েছে।

পাবনায় সাবেক ইউপি সদস্যকে গলাকেটে হত্যা

marder1পাবনার সাঁথিয়ায় মুকুল হোসেন (৪৮) নামের এক সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় এ ঘটনা ঘটে। রোববার সকাল নয়টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মুকুল উপজেলার নন্দনপুর ইউনিয়নের দ্বারামুধা গ্রামের মৃত নওশের আলী প্রামাণিকের ছেলে।

গত ১০ বছর আগে তিনি একবার মেম্বার (ইউপি সদস্য) নির্বাচিত হয়েছিলেন।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার দিবাগত  রাত এগারোটার দিকে ইসলামী জালসা শোনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান।

রোববার সকালে বাড়ির অদূরে ব্রিজের নিচে তার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে সকাল নয়টায় ঘটনাস্থল থেকে মুকুলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যার পর লাশ ব্রিজের নিচে ফেলে রেখে গেছে দূর্বৃত্তরা। হত্যার কারণ খতিয়ে দেখা ও জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।