সোমবার, অক্টোবর ৫, ২০২৬

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন তামিম

মৃত্যুর মুখ থেকে ফিরে আসা তামিম ইকবাল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। সব কিছু ঠিক থাকলে আগামী সোমবার সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।

২৪ মার্চ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিম। সাভারের কেপিজে বিশেষায়িত হাসপাতালে হার্টে ব্লক ধরা পড়ার পর তৎক্ষণাৎ রিং পরানো হয়।

দুই দিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। যেখানে দুই দিন ভর্তি থাকার পর শারীরিক অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন তামিম। বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন তিনি।

এবার শারীরিক অবস্থা আরো ভালোভাবে পর্যালোচনার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন তামিম ইকবাল।
শুরুতে থাইল্যান্ড যাওয়ার কথা থাকলেও পরিবারের সিদ্ধান্তে গন্তব্য বদলে যাচ্ছেন সিঙ্গাপুরে। এরই মধ্যে ভিসা ও বিমানের টিকিট চূড়ান্ত করা হয়েছে।

পারিবারিক সূত্র জানিয়েছে, আগামী ৭ এপ্রিল সিঙ্গাপুরের একজন অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করবেন তামিম। সেখানে পরামর্শ নেওয়ার পাশাপাশি পুরো শরীরের পূর্ণাঙ্গ স্বাস্থ্য-পরীক্ষাও করাবেন তিনি।

‘জুলাই বেচে খাওয়া শুরু করেছে অনেকেই’ : সাইয়েদ আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে গুরুতর আহত মো. আশিকুর রহমান হৃদয় (১৭) শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর পরে শনিবার (৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী সাইয়েদ আব্দুল্লাহ নিজের ফেরিফায়েড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস লিখেছেন।

এতে তিনি লিখেছেন, ‘অবশেষে মারাই গেছে হৃদয়। ১৭ বছর বয়সী হৃদয় ঢাকায় শ্রমিকের কাজ করত, গ্রামের বাড়ি ছিল পটুয়াখালীতে।
১৮ জুলাই যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয় হৃদয়। তার মাথার ভেতর তিনটা গুলি ছিল। গত ৫ আগস্ট পরবর্তী সময়ে ঢাকা মেডিক্যালে চিকিৎসা হয় তার, দুইটা গুলি বের করা সম্ভব হলেও আরেকটা বের করা সম্ভব হয়নি সেখানে। দরকার ছিল উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া।
কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। আর গুলি বের করতে না পারায় তাকে এতগুলো মাস জ্বালা যন্ত্রণা নিয়েই থাকতে হয়েছে। থেকেই থেকেই গায়ে প্রচণ্ড জ্বর আসত।

সম্প্রতি শরীরের অবস্থা খুব খারাপ হয়ে উঠলে শুক্রবার দুপুরের দিকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় তাকে।
বিকেল ৪টার দিকে সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করে হৃদয়। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক—এই দোয়া করা ছাড়া আর কী করার আছে এখন!

হৃদয়ের বাবা আনসার হাওলাদার বলেছেন, ‘ছেলের উন্নত চিকিৎসা করাতে পারিনি। নিজের রিকশা ও একটি গরু বিক্রির টাকা দিয়ে যতটুক পেরেছি, ততটুক চেষ্টা করেছি। হৃদয়ের মাথার তিনটি গুলির দুটি বের করেছেন ঢাকা মেডিক্যালের চিকিৎসকরা। আরেকটি গুলি বের করা সম্ভব হয়নি।
বিদেশে চিকিৎসার ব্যবস্থা করা গেলে আমার ছেলে হয়তো বেঁচে থাকত।’ হৃদয়ের বড় ভাই সোহাগ ইসলামও আক্ষেপ নিয়ে জানিয়েছেন তার ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য কেউ এগিয়ে আসেনি। সেটা হলে হয়তো বেঁচে যেত সে।

জুলাই নিয়ে ইতোমধ্যে যথেষ্ট চেতনাব্যবসাও হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। জুলাই বেচে খাওয়া শুরু করেছে অনেকেই। কিন্তু কথাটা হলো হৃদয়দের কেন তাহলে ৮ মাস পরও উন্নত চিকিৎসার ব্যবস্থা হলো না? নাকি মুখেমুখেই শুধু জুলাইয়ের চেতনা বিক্রি চলছে কিন্তু সত্যিকার অর্থে যেসব আহত ভাইয়েরা আছেন, তাদেরকে ইগনোর করা হচ্ছে?

হৃদয়ের বাবা আনসার হাওলাদার যেই প্রসঙ্গ তুলেছেন, সেটার উত্তর দেওয়ার কোনো সক্ষমতা আছে জুলাইয়ের আহতের চিকিৎসা দেখভাল করার দায়িত্বশীলদের? জুলাই ফাউন্ডেশন কিংবা সরকারের? অথবা জুলাই নিয়ে যারা সারাক্ষণ চেতনার ব্যবসায় মজে আছে তাদের কারো?

সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে : ইশরাক

অন্তর্বর্তীকালীন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

শনিবার (৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে তিনি লিখেছেন, ‘২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। না হলে যথাসময়ে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব ইনশাআল্লাহ।
’

আরো লিখেছেন, ‘সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে। অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না।’

হাসপাতালে চিকিৎসা নিয়ে আলোচনায় সাবেক উপদেষ্টা নাহিদ

পায়ে আঘাত পেয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন সাবেক তথ্য উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

গত বৃহস্পতিবার (৩ মার্চ) নাহিদ ইসলাম সিলেট পৌঁছান বলে জানা গেছে। পরে তিনি সোবহানীঘাট এলাকার আল হারামাইন হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন।

জানা গেছে, ঈদ উপলক্ষে গত বৃহস্পতিবার ব্যক্তিগত সফরে স্ত্রীকে নিয়ে সিলেট আসেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
ব্যক্তিগত সফর হওয়ায় দলের স্থানীয় নেতাদেরও বিষয়টি জানাননি তিনি। কিন্তু ঢাকায় বিমানে ওঠার আগ মুহূর্তে তাঁর পা মচকে যায়। হাড়ে স্ক্র্যাচ পড়ে যায়। ফলে বিমানে করে সিলেট পৌঁছতে পৌঁছতে তার পা ফুলে তীব্র ব্যথায় শুরু হয়।
এমনকি পা নাড়াতে পারছিলেন না তিনি। পরে সিলেটে থাকা দলের এক নেতা তাকে বিমানবন্দরে রিসিভ করেন। কিন্তু ঈদের ছুটি থাকায় তার চিকিৎসার ব্যবস্থা করা নিয়ে বিপাকে পড়েন ওই নেতা। তিনি কোনো ফিজিশিয়ানকে না পেয়ে সিলেটের এক অর্থোপেডিকস সার্জনের সঙ্গে যোগাযোগ করেন।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, নাহিদ ইসলামের গন্তব্য ছিল শ্রীমঙ্গল। সেখানে যাত্রাপথে ইবনে সিনা হাসপাতাল ও আল হারামাইন হসপিটাল থাকায় এই দুটির একটিতে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। ঈবনে সিনায় লোক সমাগম বেশি হওয়ায় আল হারামাইন হসপিটাল বেছে নেন এনসিপির এই নেতা। এরপর সেখানে গিয়ে চিকিৎসা নিয়ে ২০ মিনিটের মধ্যে তারা হাসপাতাল ছেড়ে শ্রীমঙ্গলের গন্তব্যে রওনা দেন।

এদিকে সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামের আল হারামাইনে চিকিৎসা নেওয়ার খবর জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়।
অনেকে এই হাসপাতালে তার চিকিৎসা নেওয়ার সঙ্গে বিদেশে অর্থপাচারে অভিযুক্ত সিলেটের ব্যবসায়ী মাহতাবুর রহমানের যোগসূত্র খোঁজারও চেষ্টা করেন।

তবে একজন রোগীর চিকিৎসা নেওয়া নিয়ে এ ধরনের কথা দুঃখ ও হতাশাজনক বলে মন্তব্য করেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ।

তিনি কালের কণ্ঠের কাছে মূল ঘটনা তুলে ধরে বলেন, ‘নাহিদ ইসলাম সিলেটের শ্রীমঙ্গলে এসেছিলেন ব্যক্তিগত সফরে। কিন্তু বিমানে ওঠার আগে তার পা মচকে যায়। পরে এক্স-রে করে প্রতিবেদনে দেখা গেছে হাড়ে স্ক্র্যাচ পড়েছে।’

আল হারামাইনে চিকিৎসা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাকে বিমানবন্দরে রিসিভ করার পর দেখি, তিনি পা নাড়াতে পারছেন না। ঈদের ছুটি থাকায় চিকিৎসকও পাওয়া যাচ্ছিল না। পরে অর্থোপেডিকসের সার্জন ডা. চৌধুরী ফয়জুর রব জুবায়েরের সঙ্গে যোগাযোগ করলে তিনি যাত্রাপথ জেনে নিয়ে ইবনে সিনা অথবা আল হারামাইনে যাওয়ার পরামর্শ দেন। পরে লোক সমাগম এড়াতে তিনিই আল হারামাইনে যাওয়ার পরামর্শ দেন। সেখানে তিনি প্লাস্টার করে চলাচলের উপযুক্ত করে দেন। আধ ঘণ্টার কম সময়ের মধ্যে চিকিৎসা নিয়ে নাহিদ ইসলাম সড়কপথে স্ত্রীসহ শ্রীমঙ্গল রওনা হয়ে যান।’

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠক ভালো কিছু নিয়ে আসবে : আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ‘ড. মুহাম্মদ ইউনূস হলেন আন্তর্জাতিক সম্পদ। বিশ্বব্যাপী যে কয়জন ব্যক্তিত্ব রয়েছেন, তার মধ্যে ড. ইউনূস উল্লেখযোগ্য। থাইল্যান্ডে বাংলাদেশ ও ভারতের মধ্যকার যে দ্বিপক্ষীয় আলোচনা হয়েছে, তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রীর মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
তাই বিষয়টি আমি পজিটিভলি দেখি।’

শনিবার (৫ এপ্রিল) বিকেলে ভোলা শহরের উকিলপাড়া এলাকায় তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকা‌লীন সরকার বিপ্লব ও গণ-অভ্যুত্থানের সরকার। এটা জনগ‌ণের ভো‌টের সরকার না হ‌লেও এটি জনগ‌ণের সরকার।
এই সরকার যাতে ব্যর্থ না হয়, সে জন্য প্রথম দিন থেকে এ সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার রয়েছে। আমরা প্রথম দিন থেকেই বলে আসছি সংস্কার প্রয়োজন। তবে আমি মনে করি, বড় সংস্কারগুলো জনগণের প্রতিনিধি যারা, তাদের মাধ্যমেই যেন হয়। আমরা সেভাবেই এ সরকারকে সাহায্য করে যাচ্ছি এবং পাশে আছি।
’
পার্থ ব‌লেন, ‘প্রধান উপ‌দেষ্টা ব‌লে‌ছেন, ডি‌সেম্বর থে‌কে জু‌নের ম‌ধ্যে নির্বাচন হ‌বে। ত‌বে আমি বিশ্বাস ক‌রি, ডি‌সেম্ব‌রের ম‌ধ্যে নির্বাচন হ‌বে। আর প্রয়োজনীয় সংস্কারগু‌লো হ‌বে আর যেগু‌লো হ‌বে না সেগু‌লো জনগ‌ণের নির্বা‌চিত সরকার কর‌বে।’

তিনি আরো বলেন, ‘অন্তর্বর্তীকা‌লীন সরকার কী কী সংস্কার কর‌বে সেগু‌লো আমরা এখনো নি‌শ্চিত হইনি। সংস্কা‌রের ওপর আগামী‌তে অ‌নেক কিছুই নির্ভর ক‌রে।
আগামী‌তে কেমন নির্বাচন হ‌বে। প্রার্থী কারা হ‌বেন বা হ‌তে পার‌বেন।’

এ সময় উপ‌স্থিত ছি‌লেন জাতীয় পা‌র্টির (বি‌জে‌পি) ভোলা জেলার সভাপ‌তি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতা‌সিম বিল্লাহ, জাতীয় স্বেচ্ছা‌সেবক পা‌র্টির কেন্দ্রীয় ক‌মি‌টির ‌সি‌নিয়র যুগ্ন আহ্বায়ক মো. মাকসুদুর রহমান সো‌হেল, যুগ্ম আহ্বায়ক রিফাত হাওলাদার, কেন্দ্রীয় যুব সংহ‌তির সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক মে‌হেদী হাসান হান্নান, ভোলা জেলা ছাত্রসমা‌জের সভাপ‌তি শান্ত ঘোষ প্রমুখ।

এবার আল্লু অর্জুনের নায়িকা হচ্ছেন প্রিয়াঙ্কা!

শাহরুখ খানের ‘জওয়ান’ নির্মাতা অ্যাটলি কুমার এখন তার নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত। তিনি এখন ‘পুষ্পা’ খ্যাত আল্লু অর্জুনের সঙ্গে তার পরবর্তী ছবি ‘এ৬’ তৈরি করছেন। নতুন খবর, এই ছবিতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা চোপড়াকেও।

শোনা যাচ্ছে, বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে সিনেমাটি।
অসাধারণ অ্যাকশনে ভরপুর হতে চলেছে এটি, আর তা একদমই অ্যাটলি স্টাইলে।

পুষ্পার পর আল্লু অর্জুনও তার পুরো সময় এই ছবিতে ব্যয় করছেন। ছবির শুটিং শুরু হওয়ার আগে, অ্যাটলি তার চরিত্রটি নিয়ে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে আলোচনাও করছেন। যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে এই ছবিতে প্রিয়াঙ্কাকে আল্লু অর্জুনের নায়িকা হিসেবে দেখা যাবে।

গুঞ্জন, শাহরুখ খানের ‘জওয়ান’-এর মতো এই ছবিতেও নাকি আল্লু অর্জুনকে দ্বৈত ভূমিকায় দেখা যাবে। সঙ্গে থাকবে দারুণ অ্যাকশন। জানা গেছে, ছবিটি আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাবার কথা রয়েছে।

কাজের সূত্রে, প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে ‘বাহুবলী’ পরিচালক এসএস রাজামৌলির পরবর্তী ছবিতে কাজ করছেন।
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে অভিনেতা মহেশ বাবুকে। ছবির শুটিংয়ের জন্য প্রিয়াঙ্কাকে আমেরিকা থেকে হায়দরাবাদে যেতেও দেখা গিয়েছিল। ছবিটি আগামী বছরের মধ্যে প্রেক্ষাগৃহে আসতে পারে বলে খবর।

‘জংলি’ সিনেমার রিমেক নির্মাণ করতে চায় দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি

এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘জংলি’ সিনেমাটি দর্শকদের মাঝে বেশ প্রশংসিত হচ্ছে। সিনেমাটিতে অভিনেতা সিয়াম আহমেদের লুক দেখে অনেকেই তাকে দক্ষিণ ভারতীয় অভিনেতাদের সঙ্গে তুলনা করেন।

এবার জানা গেল, সিনেমাটির রিমেক স্বত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। এমনটাই জানিয়েছেন সিনেমাটির প্রযোজক ও টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি।
কালের কণ্ঠকে তিনি জানান, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির একটি প্রডাকশন হাউস ‘জংলি’ সিনেমাটির রিমেক স্বত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। চলতি সপ্তাহের মধ্যে তাদের সঙ্গে চুক্তিসংক্রান্ত সব কাজ সম্পন্ন হয়ে যাবে বলেও জানিয়েছেন।

জাহিদ হাসান অভি বলেন, ‘আমাদের সিনেমাটির সম্পাদনা বাংলাদেশেই হয়েছে কিন্তু এর কালার গ্রেডিং করা হয়েছে ভারত থেকে। পোস্ট প্রডাকশনের সময় মালয়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রির প্রডাকশন হাউসের কর্তৃপক্ষ ‘জংলি’র রাফ কাট দেখেছে।
সেটা দেখেই তারা সিনেমাটির রিমেক রাইটস নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।’

তিনি আরো বলেন, ‘এটা আমাদের জন্য খুবই আনন্দের সংবাদ। এর আগে আমাদের সিনেমার ডাবিং ভার্সন অন্যান্য দেশে গেলেও এবার তারা ডাবিং নয়, রিমেক রাইটস নিতে চাচ্ছে। এবারই প্রথম কোনো বাংলাদেশি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে।
চলতি সপ্তাহের মধ্যে সব কিছু চূড়ান্ত হয়ে যাবে। এরপর সেই প্রডাকশন হাউস থেকে শুরু করে বিস্তারিত তথ্য দিতে পারব।’

এম রাহিম পরিচালিত ‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ছাড়া আরো অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম এবং রাশেদ মামুন অপু প্রমুখ।

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না : প্রেসসচিব

অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

ব্যাঙ্ককে ইউনূস-মোদির বৈঠকের বিষয় নিয়ে শনিবার (৫ এপ্রিল) দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেসসচিব।

সেই সঙ্গে জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদি।
তাই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেসসচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন, হাসিনার বিচার দেখতে পাবেন তিনি।

প্রেসসচিবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো :

দ্বিপক্ষীয় বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন।
বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন, আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি।

আর যখন অধ্যাপক ড. ইউনূস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন, তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচার দেখব!

এ ছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে, ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়।
বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়!

যেমন অধ্যাপক ড. ইউনূস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, “আমরা ভারতের সঙ্গে ‘সর্বোত্তম সম্পর্ক’ চাই। তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে হতে হবে!”

জনগণের দুঃসময়ে বিলাসিতা, ইরানে এবার ডেপুটি প্রেসিডেন্ট বরখাস্ত

অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার ডেপুটিকে বরখাস্ত করেছেন, যিনি সম্প্রতি ব্যয়বহুল অ্যান্টার্কটিকা সফরে গিয়েছিলেন।

সদ্য বরখাস্ত হওয়া ডেপুটি প্রেসিডেন্ট শাহরাম দাবিরিকে নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, তিনি ও তার স্ত্রী বলে ধারণা করা এক নারী নেদারল্যান্ডসের পতাকাবাহী বিলাসবহুল জাহাজ প্ল্যানসিয়াসের সামনে দাঁড়িয়ে আছেন। ২০০৯ সাল থেকে জাহাজটি অ্যান্টার্কটিকায় বিলাসবহুল ভ্রমণ করিয়ে থাকে। এক এজেন্সির তথ্যানুসারে, আট দিনের এ ধরনের একটি ট্রিপের খরচ জনপ্রতি তিন হাজার ৮৮৫ ইউরো।

সরকারি বার্তা সংস্থা ইরনায় শনিবার প্রকাশিত এক চিঠিতে দাবিরিকে বরখাস্তের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান লেখেন, ‘এমন একটি প্রেক্ষাপটে, যেখানে জনগণের ওপর অর্থনৈতিক চাপ চরমে…সেখানে সরকারি কর্মকর্তাদের ব্যয়বহুল বিনোদনমূলক সফর, তা ব্যক্তিগত খরচেই হোক না কেন, কোনোভাবেই গ্রহণযোগ্য বা সমর্থনযোগ্য নয়।’

৬৪ বছর বয়সী দাবিরি পেশায় একজন চিকিৎসক এবং পেজেশকিয়ানের ঘনিষ্ঠ সহযোগী। গত আগস্টে তিনি ডেপুটি প্রেসিডেন্ট (সংসদবিষয়ক) হিসেবে নিযুক্ত হন।

ছবিটি ছড়িয়ে পড়ার পর প্রেসিডেন্টের অনুগত অনেকেই দাবিরিকে বরখাস্তের দাবি জানান।
পরে দাবিরির দপ্তরের একটি সূত্রের বরাত দিয়ে ইরনা জানায়, তিনি ওই সফরে গিয়েছিলেন সরকারি দায়িত্ব গ্রহণের আগেই। তবে বিতর্কটিকে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের জন্য বড় এক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত বছর নির্বাচনের সময় তিনি দেশের অর্থনীতি চাঙ্গা করা ও জনগণের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এর আগে মার্চের শুরুতে মার্কিন ডলারের বিপরীতে রিয়ালের দরপতন ও মূল্যস্ফীতি বৃদ্ধির প্রেক্ষাপটে অর্থমন্ত্রী আবদুল নাসের হেম্মাতিকে পার্লামেন্ট বরখাস্ত করে।

সূত্র : এএফপি

মনোজ কুমারের শেষযাত্রায় হাজির বলিউড

কিংবদন্তী অভিনেতা মনোজ কুমারের প্রয়াণের খবরে শোকাচ্ছন্ন পুরো বলিউড। শনিবার (৫ এপ্রিল) ভারতের জাতীয় পতাকায় মোড়ানো একটি লাশবাহী গাড়িতে শেষ বিদায় নিলেন বলিউডের ‘ভারত কুমার’।

এদিন রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় ‘ও কৌন থি’, ‘ক্রান্তি’ অভিনেতার। দুপুর ১২টার কিছু আগে জুহুর পবনহংস শ্মশানে তার দাহ সংস্কার সম্পন্ন করা হয়।

শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে তার আগেই সেখানে উপস্থিত হন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন ও তাঁর পুত্র অভিষেক বচ্চন। একইভাবে ছেলে আরবাজ খানকে সাথে নিয়ে উপস্থিত হন সেলিম খানও। শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন মনোজের দীর্ঘ দিনের বন্ধু প্রেম চোপড়াও।

এদিন তিনি বলেন, “প্রথম থেকেই আমরা একসঙ্গে কাজ করেছি।
এক দারুন সফর। ওর সঙ্গে কাজ করে সকলেরই কোন না কোন লাভ হয়েছে। আমারও হয়েছে। আমার সব থেকে ভাল বন্ধু ছিলেন।
”

প্রয়াত অভিনেতার স্ত্রী শশী গোস্বামী এবং পুত্র কুণাল গোস্বামীর সঙ্গে কথা বলেন তারা।মনোজ কুমারের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৩৭ সালে মনোজের জন্ম পাঞ্জাবি ব্রাহ্মণ পরিবারে। পিতৃদত্ত নাম হরিকৃষ্ণ গোস্বামী হলেও ছবির জগতে সে যুগের ধারা মেনে তিনি নিজেকে মনোজ কুমার বলে পরিচয় দিতেন। ১৯৫৭ সালে বলিউডে তার পদার্পণ।
দেশপ্রেমে উদ্বুদ্ধ একের পর এক ছবিতে ছবিতে কাজ করে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। তার ঠোঁটে ‘মেরি দেশ কি ধরতি’ আজও ভারতবাসীর রক্তে দোলা লাগায়।