সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ইন্টারনেটের দাম আরো কমাতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, দেশে ইন্টারনেটের দাম আরো কমাতে সরকার কাজ করছে। সোমবার (৭ এপ্রিল) বিদেশি বিনিয়োগ আর্কষণের লক্ষ্যে শুরু হওয়া চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তৈয়্যব বলেন, এরইমধ্যে সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে। মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে।
যার মাধ্যমে উন্নত সেবা দেওয়া সম্ভব।

তিনি আরো বলেন, ‘বিনিয়োগ সম্মেলনে স্পষ্ট করে বলতে চাই, বর্তমান সরকার এক মুহূর্তের জন্যও ইন্টারনেট শাটডাউন করবে না। ভবিষ্যতে ইন্টারনেট যাতে কেও বন্ধ করতে না পারে সেজন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।’

স্মার্টফোনের ব্যবহার বাড়াতে দেশীয় হ্যান্ডসেট উৎপাদকদের সরকার শুল্ক সুবিধা দিচ্ছে বলেও জানান আহমেদ তৈয়্যব।
তিনি বলেন, ‘ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা চলছে। এপ্রিলের মধ্যে শেষ হবে। আগামী মে মাসের মধ্যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইন চূড়ান্ত হবে।
‘

শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। এটা বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে। শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে বলেও জানান ফয়েজ আহমদ তৈয়্যব।

শুল্ক ইস্যু নিয়ে হোয়াইট হাউসে আসছে একের পর এক ফোন : ট্রাম্প প্রশাসন

নতুন করে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনার জন্য লাগাতার ফোন আসছে হোয়াইট হাউসে। রয়টার্সের প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে নতুন শুল্ক ঘোষণার পর থেকেই ধস নেমেছে শেয়ারবাজারে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, নতুন করে বাণিজ্য ও শুল্ক নিয়ে আলোচনার জন্য লাগাতার ফোন আসছে হোয়াইট হাউসে।

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন জানিয়েছেন, ইইউ সমানুপাতিক হারে পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত। আগামী সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুল্ক কমানোর আর্জি জানাবেন বলে জানা গেছে।

ট্রাম্প জানিয়েছেন, চীন, ইইউ এবং অন্যান্য দেশের সঙ্গে ‘বিশাল আর্থিক ঘাটতি’ মেটানোর জন্য শুল্ক আরোপই একমাত্র পথ।

তিনি জানান, ‘ইতিমধ্যেই নতুন শুল্ক চালু হয়ে গেছে।
এটি একটি দেখবার মতো সুন্দর জিনিস।’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ের তৈরি ঘাটতি খুব দ্রুত মিটে যাবে বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘কেউ কেউ বুঝতে পারবেন যুক্তরাষ্ট্রের জন্য এই নতুন শুল্ক খুব ভালো জিনিস।’

যুক্তরাষ্ট্রের বাজারে আতঙ্ক

অন্যদিকে, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর থেকেই ধস নেমেছে ওয়ালস্ট্রিটসহ অন্যান্য শেয়ারবাজারে।
রবিবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের সূচক ছিল নিম্নমুখী। স্বভাবতই, সোমবার বাজার খোলার সঙ্গে সঙ্গে ওয়াল স্ট্রিট আরো রক্তক্ষরণ দেখবে বলেই মনে করা হচ্ছে।

লেনদেন শুরু হওয়ার মাত্র ৩০ মিনিটের মধ্যেই ডাও জোন্স তিন দশমিক ৫৬ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক তিন দশমিক ৮৫ শতাংশ নিচে নামতে দেখা যায়।

ট্রাম্পের শুল্ক ঘোষণার পর মাত্র দুই দিনে এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১০ দশমিক পাঁচ শতাংশ পড়েছে। মার্চ ২০২০-র পর এটাই সবচেয়ে বড় পতন।
এর ফলে এসঅ্যান্ডপি বাজার থেকে প্রায় পাঁচ ট্রিলিয়ন মার্কিন ডলার লোকসান করল। অন্যদিকে, ডিসেম্বরে রেকর্ড উচ্চতায় যাওয়ার পর নাসডাক প্রায় ২০ শতাংশ পড়েছে। বৃহস্পতি এবং শুক্রবারে একই সঙ্গে ধস নামতে দেখা গেছে সারা পৃথিবীর শেয়ারবাজারে।

মাল্টিপ্লেক্সে বাড়ছে কমছে ছবির শো, কারো উচ্ছ্বাস কারো অভিযোগের সুর

ঈদুল ফিতরে ছয়টি ছবি মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। সিঙ্গেল স্ক্রিন ছাপিয়ে সিনেমা ব্যবসার প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে মাল্টিপ্লেক্স। আধুনিক সুবিধাসম্পন্ন সেসব প্রেক্ষাগৃহে রমরমা চলছে ঈদের ছবি। মাল্টিপ্লেক্সের দর্শক বাড়ছে ক্রমে।
এ অগ্রগতির নেতৃত্বে স্টার সিনেপ্লেক্স। মাল্টিপ্লেক্স চেইন হিসেবে এরই মধ্যে প্রতিষ্ঠা পেয়েছে তারা। দেশজুড়ে তাদের আটটি শাখা রয়েছে। হল ও পর্দার সংখ্যা বেশি হওয়ার সুবাদে ঈদের সব ছবিই প্রদর্শন করছে তারা।
কিন্তু প্রদর্শনীর সংখ্যা ও সময় নিয়ে আছে অভিযোগ।

দর্শকের অনাগ্রহের কারণে ঈদের তৃতীয় দিনেই ‘অন্তরাত্মা’ নামিয়ে দেওয়া হয়েছে। বাকিগুলো এখনো চলছে। গতকাল স্টার সিনেপ্লেক্সে ‘বরবাদ’-এর শো ছিল ৪০টি, ‘দাগি’র ২৬টি, ‘জংলি’র ৭টি, ‘চক্কর ৩০২’-এর তিনটি ও ‘জ্বীন ৩’-এর দুটি।
এর মধ্যে ‘জংলি’, ‘চক্কর ৩০২’ টিমের অভিযোগ, দর্শকের চাহিদা থাকা সত্ত্বেও তাদের ছবির পর্যাপ্ত প্রদর্শনী দেওয়া হচ্ছে না। দুদিন আগে ‘বরবাদ’ নিয়ে শাকিব খানের ভক্তদের মুখেও একই অভিযোগের সুর শোনা গিয়েছিল। তবে গতকাল শোর সংখ্যা বাড়ানোয় ‘বরবাদ’ শিবিরে আনন্দ বিরাজ করছে।

‘জংলি’ নির্মাতা এম রাহিম বলেন, “আগামীকাল (আজ) পর্যন্ত সব শো হাউসফুল। দর্শক হলে গিয়ে টিকিট পাচ্ছে না।
বাধ্য হয়ে অন্য ছবি দেখছে। এর পরও ‘জংলি’র শো বাড়ানো হচ্ছে না। মিরপুরের সনি ও উত্তরা শাখায় শো ছিল, প্রতিটিই হাউসফুল গেছে। এর পরও এ দুটি শাখায় ‘জংলি’র শো দেওয়া হচ্ছে না। দর্শকদের জন্য ছবি বানিয়ে যদি তাদের দেখাতেই না পারি, তাহলে কী লাভ? চারদিকে দর্শকের আগ্রহ-হাহাকার দেখে নিজেরই খারাপ লাগছে। আমাদের প্রযোজক অভি ভাই সিনেপ্লেক্সের সঙ্গে বারবার কথা বলছেন, তারা আশ্বাস দিচ্ছে। কিন্তু ফলাফল তো দেখছি না।”

এম রাহিমের মতে, এই ঈদে ‘জংলি’ একমাত্র ছবি, যেটা পরিবারের ছোট-বড় সবাই মিলে দেখতে পারছে এবং পছন্দ করছে। বিশেষ করে শিশু-কিশোরদের মন জিতে নিচ্ছে ছবিটি। কিন্তু স্কুল-কলেজ চালু হয়ে গেলে তারা ছবিটি দেখার সুযোগ পাবে না। তাই বিষয়টি আমলে নিয়ে ‘জংলি’র শো ব্যবস্থাপনার আহ্বান জানিয়েছেন রাহিম।

সরকারি অনুদান নিয়ে ‘চক্কর ৩০২’ বানিয়েছেন শরাফ আহমেদ জীবন। ছবিটি দেখার পর সবাই ভূয়সী প্রশংসা করছেন। কিন্তু হল কিংবা প্রদর্শনী—কোনোটাই ঠিকঠাক পাচ্ছে না ছবিটি। জীবন বলেন, “যাঁদের দেখাতে পারছি, তাঁরা ভালো বলছেন। কিন্তু সবার কাছে তো ছবিটা নিয়ে যেতে পারছি না। পর্যাপ্ত হল পাইনি, শো যা পেয়েছি বা পাচ্ছি, সেগুলোর আবার টাইমিং সুবিধাজনক না। আসলে বাস্তবতা অনুযায়ী, প্রেক্ষাগৃহের চেয়ে ছবির সংখ্যা বেশি। আমি যেমন ‘চক্কর ৩০২’ ঈদে মুক্তি দিলাম, অন্যরাও চেয়েছেন তাঁদের ছবি ঈদে দিতে। ফলে একটা চাপ তো তৈরি হয়েছে। আমার ছবিটা হয়তো মসলাদার নয়, প্রচারণাও সেভাবে করা হয়নি। ফলে শুরুতে তেমন হাইপ ছিল না। কিন্তু এখন দর্শকের মুখে মুখে ছবিটার হাইপ তৈরি হচ্ছে, অথচ শো নেই! মাল্টিপ্লেক্সকে আর কী দোষ দেব, তাদের কাছে এটা ব্যবসা। সুতরাং কোন ছবি, কিভাবে, কখন চালাবে, সেটা তারা জানেন। কিন্তু শুরুতে আমার ছবির ২১টি শো ছিল, সেটা এখন ৪-এ চলে এলো! এটা আমি কাকে বলব? এসব আক্ষেপের সঙ্গে আশার কথা বলি, দর্শক ছবি দেখছে। ভালো ছবির দর্শক তৈরি হচ্ছে। এই দর্শকের কথা ভেবে যেন মাল্টিপ্লেক্সগুলো ছবির শো বরাদ্দ দেয়, এটুকুই চাই।”

এসব অভিযোগের বিপরীতে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “ঈদের সব ছবি ভালো যাচ্ছে। প্রায় সাত-আট মাস পর প্রেক্ষাগৃহ জমে উঠেছে। এভাবে মাসখানেক চলবে বলে আশা করছি। ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, এমনকি ‘চক্কর ৩০২’ ছবিটাও দর্শক দেখছে। শোসংখ্যা দিয়ে আসলে ছবি জাজ করা যাবে না। শো বাড়বে, কমবে— এটাই স্বাভাবিক। বড় ছবি কিংবা জনপ্রিয় তারকার ছবির শো বেশি হবে, আবার দর্শকের চাহিদার ওপর নির্ভর করে সেটা বাড়বে-কমবে; এভাবেই চলে। এটা আমাদের বিজনেস পলিসি অনুযায়ী সাজানো হয়। সব কিছু তো খোলাসা করা সম্ভব না। তবে এটুকু বলতে পারি, আমরা সব ছবিকেই সুযোগ দিই। এই যে ‘চক্কর ৩০২’ তুলনামূলক স্বল্প পরিসরের ছবি, কিন্তু ভালো ছবি তো। তাহলে এটাকে কি আমরা শো দেব না? না দিলে তারা উৎসাহ পাবে কিভাবে? ছোট-বড় সব ছবিকেই আমরা শুরু থেকে উৎসাহ দিয়ে আসছি। তবু ইন্ডাস্ট্রির অনেকে আমাদের ওপর নাখোশ। এ নিয়ে আসলে বেশি কিছু বলারও নেই।”

ঈদ উৎসবে পর্যাপ্ত বাংলা ছবি থাকার পরও হলিউডের ছবি চালানো হচ্ছে। এ নিয়েও রয়েছে অনেকের অভিযোগ। বিষয়টি নিয়ে মেসবাহর ব্যাখ্যা, “দেখুন, আমরা দর্শকের কথা ভেবে শো রাখি। বাংলার পাশাপাশি বিদেশি ছবির মাধ্যমেই তো সিনেপ্লেক্সের দর্শক তৈরি হয়েছে। তাহলে যারা হলিউডের ছবি দেখতে চায়, তাদের কথা ভাবব না? সে জন্য অল্প কিছু শো রাখি। আবার দর্শকের সমাগম না হলে ঘুরেফিরে বাংলা ছবিকেই সেটা বরাদ্দ দিই। গত বছর ‘তুফান’-এর দাপটে হলিউডের ছবিও তো টিকতে পারেনি। এবারও তা-ই হচ্ছে। যেহেতু এটা একটা ব্যাবসায়িক প্রতিষ্ঠান, আমরা গ্রাহকের জন্য সব অপশন খোলা রাখতে চেষ্টা করি।”

এদিকে ঢাকার আরেকটি মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাসে চলছে পাঁচটি ছবি। সেখানেও বেশির ভাগ শো ‘বরবাদ’-এর দখলে। প্রতিষ্ঠানটির কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, “খুব ভালো যাচ্ছে ছবিগুলো। বিশেষ করে ‘বরবাদ’ দারুণ চলছে। এ জন্য এই ছবির শো বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সাতটি শো চলছে। আর ‘দাগি’র চারটি, ‘জংলি’ ও ‘চক্কর ৩০২’-এর দুটি করে শো চালানো হচ্ছে। দর্শকের আগ্রহের ওপর নির্ভর করে নিয়মিত শো বাড়ানো-কমানো হয়।”

মাল্টিপ্লেক্স হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ব্লকবাস্টার সিনেমাসও। গতকাল এই প্রেক্ষাগৃহে ‘বরবাদ’-এর প্রদর্শনী ছিল ১০টি। এ ছাড়া ‘দাগি’র পাঁচটি, ‘জংলি’র তিনটি ও ‘চক্কর ৩০২’-এর তিনটি প্রদর্শনী হয়েছিল।

ইউক্রেনের অনেক শহরে রুশ হামলা

রবিবার কিয়েভসহ অনেক শহরে রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাশিয়ার অভিযোগ, ইউক্রেনও ড্রোন হামলা চালিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসচিকো জানিয়েছেন, ‘রাশিয়া মিসাইল হামলা চালিয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম চালু আছে।
সবাই যেন ঘরের ভেতরে থাকে।’ তিনি জানিয়েছেন, ‘কিছু বাড়ি ও গাড়িতে আগুন লেগেছে। তবে সেই বাড়িতে কেউ বসবাস করে না।’

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শনিবার সন্ধ্যা থেকে মস্কো ইউক্রেনের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে।
উত্তরে চের্নিহিভ অঞ্চলে তারা হামলা করেছে। দক্ষিণের শহর মাইকোলাইভে রাশিয়া ড্রোন হামলা করে। এতে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর ক্রিভি রিয়া আক্রান্ত হয়।
সেখানে ১৮ জন মারা গেছেন। জেলেনস্কি বলেছেন, এই হামলা নিয়ে মার্কিন মনোভাবে তিনি হতাশ ও অবাক।

ইউক্রেনের ড্রোন ধ্বংসের দাবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা রবিবার রাতে ইউক্রেনের ১১টি ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোনগুলো কুরস্ক, বেলগোরোদ, রস্তভ অঞ্চলে পাঠানো হয়েছিল বলে দাবি করা হয়েছে। রাশিয়ার দাবি, ড্রোন আক্রমণে কোনো ক্ষতি হয়নি।

রাশিয়া দাবি করেছে, তারা পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে দুটি গ্রাম দখল করে নিয়েছে।

জেলেনস্কির প্রতিক্রিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া সম্পূর্ণ নিঃশর্ত যুদ্ধবিরতিতে রাজি নয়। সেটা নিয়ে আমেরিকার প্রতিক্রিয়ায় তিনি হতাশ।

জেলেনস্কি জানিয়েছেন, ‘ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রস্তাবে রাজি। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন এখনো রাজি হননি। আমরা এখনো আমেরিকার প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি। এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি।’

জেলেনস্কি জানিয়েছেন, তারা ইউরোপের প্রতিক্রিয়ায় অপেক্ষায় আছেন। এ ছাড়া বিশ্বের যে দেশগুলো শান্তি চায়, তারাও তাদের প্রতিক্রিয়া জানাক বলে তিনি দাবি করেছেন। তিনি বলেছেন, রাশিয়ার ওপর সব ধরনের চাপ দিয়ে যেতে হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ বলেছেন, ‘রাশিয়া যদি যুদ্ধবিরতিতে রাজি না হয় বা কালক্ষেপণ করতে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেছেন, ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতি প্রয়োজন। রাশিয়া সমানে বেসামরিক মানুষ ও শিশুদের ওপর হামলা করে যাবে- এটা হতে পারে না। ম্যাখোঁ বলেছেন, রাশিয়া আবারও তাদের আক্রমণ তীব্র করেছে। বেসামরিকদের নিয়ে তাদের কোনো চিন্তা নেই। ক্রিভি রিয়াতে রাশিয়ার হামলায় ৯ জন শিশু মারা গেছে । তার মধ্যে তিন বছর বয়সী একটি শিশুও রয়েছে।

আজ থেকে ব্যাংক লেনদেন ১০-৪টা

ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি শেষে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস আজ রবিবার খুলছে। আজ থেকে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি ফিরবে আগের অবস্থায়। ফলে ব্যাংক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকের ৪টা পর্যন্ত। তবে অফিস সূচি থাকবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
বাকি সময় লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনা হবে।

রমজানে ব্যাংকে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছিল বাংলাদেশ ব্যাংক। রোজার মাসে ব্যাংকে লেনদেন হয় সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। রমজানে ব্যাংকের অফিস সূচি ছিল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এর মধ্যে বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামায়ের বিরতি ছিল।

ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্কের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশে বিক্ষোভ হয়েছে। শনিবার জার্মানির বার্লিন ও ফ্রাঙ্কফুর্ট, ফ্রান্সের প্যারিস এবং যুক্তরাজ্যের লন্ডনে একত্র হন বিক্ষোভকারীরা। খবর এএফপি ও দ্য গার্ডিয়ানের।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাপক হারে কর্মী ছাঁটাই এবং প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতার যথেচ্ছ ব্যবহারের অভিযোগসহ বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এ বিক্ষোভ হয়।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে একদিনে এটিই সবচেয়ে বড় বিক্ষোভ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াশিংটনের মেঘাচ্ছন্ন আকাশ এবং হালকা বৃষ্টির মধ্যেও হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। ওয়াশিংটনের ন্যাশনাল মলে ট্রাম্পবিরোধী প্রতিবাদে অংশ নেয় বেশ কিছু সংগঠন। ওয়াশিংটন ছাড়াও নিউইয়র্কে ট্রাম্পবিরোধী বিক্ষোভে অংশ নেয় অসংখ্য মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ শুল্কনীতির আড়ালে ট্রাম্প প্রশাসন তাদের কর্তৃত্ববাদী রূপের বাস্তবায়ন করার চেষ্টা করছে। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন বিজ্ঞানী, শিল্পী, শিক্ষক, এমনকি সাধারণ গৃহিণীও। তাদের মতে, এই শুল্কনীতি শুধু আন্তর্জাতিক সম্পর্ক নয়, খাদ্য, প্রযুক্তি ও জ্বালানির দামকেও প্রভাবিত করছে।

শনিবারের এই বিক্ষোভের নাম দেয়া হয়েছে ‘হ্যান্ডস অফ’।
এর একটি অর্থ হতে পারে,‘আমাদের নিজের মতো চলতে দাও’। এসব বিক্ষোভে ১৫০টির মতো গোষ্ঠী অংশ নিয়েছে।

ট্রাম্পবিরোধী এ বিক্ষোভের জোয়ার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্য ছাড়াও কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, মেক্সিকো ও পর্তুগালেও ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের লন্ডনে ব্যানার হাতে জড়ো হয়েছেন প্রায় ২০০ প্রতিবাদকারী, যাদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের নাগরিক। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন শুল্কনীতি, যা বিশ্ব বাণিজ্যের ওপর একতরফা হস্তক্ষেপ বলে মনে করছেন তারা।

সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান

সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
পাশাপাশি দুই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়াও, সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন।

সফর শেষে আগামী ১২ এপ্রিল সেনাপ্রধান বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আমরা সারা বিশ্বের সরকার নই যে মানবিক সহায়তা দেব : রুবিও

বিশ্বজুড়ে মানবিক সহায়তার বেশির ভাগ দেওয়ার ভার যুক্তরাষ্ট্র আর বহন করবে না জানিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, আমরা সারা বিশ্বের সরকার নই যে মানবিক সহায়তা দেব; অন্যরা যেমন দেয় তেমনই দেব, যথাসাধ্য দেব। আমাদের অন্য প্রয়োজনও রয়েছে, সেগুলোর সঙ্গে ভারসাম্য রাখতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র আর আগের মতো বিশ্বজুড়ে মানবিক সহায়তার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশের ভার একা বহন করতে পারবে না। এ কাজে চীন, ভারতের মতো বিশ্বের অন্য ধনী দেশগুলোকেও এগিয়ে আসতে হবে।

ভূমিকম্পবিধ্বস্ত মায়ানমারে যুক্তরাষ্ট্র পর্যাপ্ত ত্রাণ পাঠায়নি বলে সমালোচনার মধ্যে গত শুক্রবার রুবিও এসব কথা বলেন। খবর এএফপির।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শুরুতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ৯০ দিনের জন্য সব রকম বিদেশি সাহায্য স্থগিত ঘোষণা করেন। ফলে বিশ্বব্যাপী জরুরি খাদ্য ও চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াসহ বিদেশে যুক্তরাষ্ট্রের সাহায্য পৌঁছানোর দায়িত্বে থাকা প্রধান সংস্থা ইউএসএআইডির বহু কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ধনকুবের ইলন মাস্কের নেতৃত্বে ফেডারেল সরকার ছোট করার যে চেষ্টা চলছে, তাতে ইউএসএআইডি কার্যত ভেঙে পড়েছে।

জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে জরুরি বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে অংশ নিয়েছেন অর্থ উপদেষ্টা, বাণিজ্য উপদেষ্টা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিডার নির্বাহী চেয়ারম্যান।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি শুরু হয়েছে।

জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক ইস্যুতে এই সভা করছেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আমাদের রেসপন্স কী হবে, আমরা মার্কিন প্রশাসনকে কী লিখব, এ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘তবে আমি এটুকু বলতে পারি, আজকের বৈঠকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে।’

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের আমদানি পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর তার এ ঘোষণা অনুযায়ী, বাংলাদেশি পণ্যে শুল্ক বাড়িয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। যেখানে এত দিন বাংলাদেশি পণ্যে গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে, কমবে না : প্রেসসচিব

বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘আমরা এমন কিছু করব, যার ফলে বর্তমানে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে যে পরিমাণ রপ্তানি করে তার চেয়ে বাড়বে। আমি এটা বলে দিতে পারি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরো বাড়বে, কমবে না। বৈঠকে এই সিদ্ধান্তই আসবে। এই ব্যবস্থাই নেওয়া হচ্ছে।
’

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন শুল্কহার নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক ডেকেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে আমাদের রেসপন্স কী হবে, আমরা মার্কিন প্রশাসনকে কী লিখব, এ নিয়ে বৈঠকে আলোচনা করা হবে।’

তিনি বলেন, ‘তবে আমি এটুকু বলতে পারি, আজকের বৈঠকে খুব ইতিবাচক কিছু সিদ্ধান্ত আসবে।
বর্তমান সরকার খুবই ব্যবসাবান্ধব, খুবই এক্সপোর্টবান্ধব।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেসসচিব বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের খুবই ভালো বন্ধু। এ বিষয় নিয়েই আজকের বৈঠকে আলোচনা করব। আজকের বৈঠকের পর এমন কিছু সিদ্ধান্ত আসবে, আপনার নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের রপ্তানি যুক্তরাষ্ট্রে আরো বাড়বে, কমবে না।