সোমবার, অক্টোবর ৫, ২০২৬

ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না : ভারত

ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলে ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

বুধবার (৯ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর ও বন্দরগুলোতে দীর্ঘ সময় ধরে যানজট তৈরি হয়েছিল। এতে লজিস্টিক বিলম্ব ও উচ্চ ব্যয় আমাদের নিজস্ব রপ্তানিকে বাধাগ্রস্ত করছিল।
অনেক সময় আটকে যাচ্ছিল। তাই ৮ এপ্রিল থেকে এ সুবিধা প্রত্যাহার করা হয়েছে। এই পদক্ষেপগুলো ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল বা ভুটানে বাংলাদেশের রপ্তানির ওপর প্রভাব ফেলবে না।’

এর আগে মঙ্গলবার এই সুবিধা বাতিল করে নোটিশ জারি করে দেশটির সেন্ট্রাল বোর্ড অব ইনডিরেক্ট অ্যান্ড কাস্টমস (সিবিআইসি)।
এর ফলে এখন থেকে ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ।

২০২০ সালের ২৯ জুন ভারত সরকার স্থল শুল্ক স্টেশন ব্যবহার করে বন্দর এবং বিমানবন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেয়। যা মঙ্গলবার বাতিল করা হয়েছে।

এর আগে ভারতের রপ্তানিকারকরা, বিশেষ করে পোশাক খাতের প্রতিবেশী বাংলাদেশকে দেওয়া এই সুবিধা প্রত্যাহারের জন্য নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন।

বাংলাদেশের জন্য এটি বড় ধরনের ধাক্কা বলে দাবি ভারতীয় পক্ষের। কারণ ভারতীয় বন্দর ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে রপ্তানি সহজ ও সাশ্রয়ী ছিল।

গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের (জিটিআরআই) সহ-প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব বলেন, এই পদক্ষেপের ভূ-রাজনৈতিক গুরুত্ব রয়েছে।

ব্রিটেনে প্রথম ইউনিভার্সাল থিম পার্ক তৈরির ঘোষণা

যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারে ইউরোপের প্রথম ইউনিভার্সাল ব্র্যান্ডের থিম পার্ক ও রিসোর্ট নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একে ‘ঐতিহাসিক’ দিন হিসেবে বর্ণনা করেছেন। স্কাই নিউজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, ২০৩১ সালে পার্কটি চালু হলে এটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।
পাশাপাশি এটি হবে ইউরোপের প্রথম ইউনিভার্সাল ব্র্যান্ডের থিম পার্ক ও রিসোর্ট।

সরকার জানিয়েছে, এটি ব্রিটিশ অর্থনীতিতে প্রায় পাঁচ হাজার কোটি পাউন্ড যুক্ত করবে। এ ছাড়া এটি প্রায় ২৮ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে, যার মধ্যে নির্মাণ পর্বে ২০ হাজার ও চালু হওয়ার পর আতিথেয়তা ও সৃজনশীল খাতে আরো আট হাজার জনের কর্মসংস্থান হবে। পুরনো একটি ইটভাটার জায়গায় গড়ে ওঠা এই প্রকল্পে ৫০০ কক্ষবিশিষ্ট হোটেল এবং খুচরা পণ্যের দোকান ও বিনোদনকেন্দ্রও থাকবে।

বেডফোর্ডশায়ারে এদিন এক বক্তৃতায় প্রধানমন্ত্রী স্টারমার বলেন, ‘এ বিনিয়োগ ব্রিটিশ অর্থনীতিতে প্রবৃদ্ধি আনবে এবং স্থানীয় জনগণের জন্য হাজারো কর্মসংস্থান সৃষ্টি করবে।’

তিনি আরো বলেন, ‘এই কর্মসংস্থান যেন প্রয়োজনমাফিক মানুষের হাতে যায়, যা ব্রিটেনকে কাজের জায়গায় পরিণত করার পরিকল্পনার অংশ।’

তবে এই প্রকল্পে সরকার কত পরিমাণ অর্থ ব্যয় করেছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি। চ্যান্সেলর র‍্যাচেল রিভস জানান, ‘আর্থিক বিষয়াদি গোপনীয়।
’

স্কাই নিউজের মার্কিন মূল কম্পানি কমকাস্টের মালিকানাধীন ইউনিভার্সাল জানিয়েছে, বেডফোর্ড শহরের দক্ষিণে ৪৭৬ একরজুড়ে গড়ে ওঠা এই পার্ক ২০৫৫ সালের মধ্যে যুক্তরাজ্যের অর্থনীতিতে পাঁচ হাজার কোটি পাউন্ড অবদান রাখবে এবং চালুর প্রথম বছরেই সাড়ে আট মিলিয়ন দর্শনার্থী আকর্ষণ করবে বলে তারা আশা করছে। তবে এই প্রকল্প এখনো হাউজিং, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইউনিভার্সাল স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করে আতিথেয়তা (হসপিটালিটি) খাতে শিক্ষার্থীদের প্রশিক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে। ইউনিভার্সালের বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘উইকেড’, ‘মিনিয়ন্স’, ‘ওপেনহেইমার’, ‘ব্রিজেট জোনস’, ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ ও ‘জুরাসিক ওয়ার্ল্ড’। এ ছাড়া বর্তমানে ইউনিভার্সালের পাঁচটি থিম পার্ক রয়েছে—ফ্লোরিডার অরল্যান্ডো, হলিউড, জাপান, বেইজিং ও সিঙ্গাপুরে।

স্কাই নিউজ ব্রেকফাস্টে উইলফ্রেড ফ্রস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি এই প্রকল্পকে ‘বৃহৎ চুক্তি’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, ‘এই ঘোষণা এমন এক সময় এলো, যখন বৈশ্বিক অর্থবাজার এক অস্থির সময় পার করছে—এমনটা মানুষের জীবদ্দশায় খুব কমই দেখা গেছে।’

এ ছাড়া সরকার বলেছে, এই থিম পার্কের কর্মীদের প্রায় ৮০ শতাংশ স্থানীয়দের মধ্য থেকে নিয়োগ দেওয়া হবে এবং এটি অক্সফোর্ড-ক্যামব্রিজ করিডরকে সমর্থন দেবে, যা জানুয়ারিতে চ্যান্সেলর পুনরুজ্জীবিত করেন। পাশাপাশি সরকার থিম পার্কটির আশপাশের অবকাঠামোয় ‘বৃহৎ বিনিয়োগের’ প্রতিশ্রুতিও দিয়েছে। যাতে এটি সহজে সংযুক্ত ও প্রবেশযোগ্য হয়।

ঘোষণাটি এসেছে এমন এক সময়, যখন সরকার সম্প্রতি নিকটবর্তী লুটন বিমানবন্দরের সম্প্রসারণে অনুমোদন দিয়েছে। কমকাস্ট করপোরেশনের প্রেসিডেন্ট মাইক ক্যাভানাহ বলেন, ‘যুক্তরাজ্যের কেন্দ্রে এই অবিশ্বাস্য ইউনিভার্সাল থিম পার্ক ও রিসোর্ট গড়ে তোলার পরিকল্পনায় আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এটি আমাদের যুক্তরাষ্ট্রভিত্তিক পার্ক ব্যবসাকে শক্তিশালী করে ইউরোপে আমাদের অবস্থান সম্প্রসারিত করবে।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, চ্যান্সেলর র‍্যাচেল রিভস, বিনিয়োগমন্ত্রী পপি গুস্তাফসন, সংস্কৃতিমন্ত্রী লিসা ন্যান্ডি ও তাদের টিমের নেতৃত্ব ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ—আমরা একসঙ্গে মিলে একটি অসাধারণ গন্তব্য তৈরি করতে যাচ্ছি।’

বড় পরিসরে বর্ষবরণ উদযাপনের উদ্যোগ, শোভাযাত্রায় ফিলিস্তিনের প্রতি সংহতি

বড় পরিসরে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ উদযাপনের উদ্যোগ নিয়েছে সরকার। পাহাড় থেকে সমতলের সব জাতিগোষ্ঠীকে নিয়ে একসঙ্গে নানা অনুষ্ঠান উদযাপনের আয়োজন করা হয়েছে। বুধবার পৃথক দুটি সংবাদ সম্মেলনে এসব আয়োজনের বিস্তারিত তুলে ধরেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি জানিয়েছেন, চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হচ্ছে ‘ব্যান্ড শো’।
এতে পাহাড় ও সমতলের জনপ্রিয় ব্যান্ডদলগুলো অংশ নেবে। পরদিন পহেলা বৈশাখ চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭টি জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে। ২০০ গিটার নিয়ে এতে অংশ নেবে রক মিউজিশিয়ানদের একটি দল। ফিলিস্তিনের নির্যাতিত জনতার প্রতি সংহতি জানিয়ে তারা কণ্ঠে ধারণ করবে আলোচিত স্লোগান ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’।

বুধবার চৈত্রসংক্রান্তি ও বাংলা বর্ষবরণ ১৪৩২ উপলক্ষে শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনস (বাম্বা) যৌথভাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে। দুপুর সাড়ে ১২টায় জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু জানান, নববর্ষের শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বা যুক্ত হচ্ছে।

এ সময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘ফিলিস্তিনে যা হচ্ছে, এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি শুধু আমাদের দেশের শুভকামনা করি, তাহলে এর চেয়ে স্বার্থপরতা আর কিছু হতে পারে না। ফলে ফিলিস্তিনে যা ঘটছে, এই নববর্ষে তার প্রতিবাদ করে যেন শান্তি ফিরে আসে—এই কামনাটাও আমাদের করতে হবে।
তাহলেই বোঝা যাবে আমরা অন্যের জন্য ভাবছি। আমাদের সংস্কৃতিটা কী, এইটা তারও একটা স্টেটম্যান্ট।’

একই দিন দুপুর আড়াইটায় বাংলা নববর্ষ এবং পাহাড় ও সমতলের জাতিগোষ্ঠীদের বর্ষবরণ উৎসব নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আরেকটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও প্রধান উপদেষ্টার সহকারী প্রেসসচিব সুচিস্মিতা তিথি।

নানা জনগোষ্ঠীর ভেতর এত দিন জিইয়ে রাখা দূরত্ব, সংশয়, অবিশ্বাস দূরে ঠেলে অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতিচর্চার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
বলা হয়, সব জাতিগোষ্ঠীকে নিয়ে এবার একত্রে উৎসব করা হবে।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘আমাদের দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর উৎসবগুলো চৈত্রসংক্রান্তি ঘিরে হয়। আমাদের উৎসবটাও তাই এবার চৈত্রসংক্রান্তি থেকে শুরু হচ্ছে।’

তিনি জানান, চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল শিল্পকলা একাডেমির আয়োজনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে কনসার্ট। বিকাল ৩টা থেকে সেখানে গান গাইবে গারো সম্প্রদায়ের ব্যান্ড এফ মাইনর, মারমা সম্প্রদায়ের লা রং, ত্রিপুরা সম্প্রদায়ের ইমাং, খাসিয়া সম্প্রদায়ের ইউনিটি, চাকমা সম্প্রদায়ের ইনভোকেশন, বাঙালির মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, অ্যাভয়েড রাফা, দলছুট, স্টোনফ্রি।

অন্যদিকে, একই দিনে শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের ১২ জেলায় হবে সাধুমেলা। সন্ধ্যা ৬টা থেকে সেখানে সাধুসঙ্গ ও আধ্যাত্মিক গানের আসর বসবে। একই দিন শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে বসবে চা শ্রমিকদের ফাগুয়া উৎসব। রাজধানীর শিল্পকলা একাডেমিতে ১৩ ও ১৪ এপ্রিল রয়েছে দিনব্যাপী ধামাইল নৃত্য, গান, ভিডিও প্রদর্শনী, সন্ধ্যায় বাউল গান ও সেমিনার।

পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের নববর্ষের শোভাযাত্রায় এবার বাঙালিসহ ২৭টি নৃগোষ্ঠী অংশ নেবে। সবাই নিজের সংস্কৃতি, পোশাক, বাদ্যযন্ত্র নিয়ে হাজির হবেন। এ শোভাযাত্রায় প্রথমবারের মতো যোগ দিচ্ছে রক শিল্পীদের সংগঠন বামবা। রক শিল্পীদের সঙ্গে যোগ দিতে ঢাকা ও ঢাকার আশপাশে থাকা গিটার প্লেয়ারদের তাদের গিটার ও ফিলিস্তিনের পতাকা নিয়ে শোভাযাত্রায় যোগ দেওয়া আহ্বান জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা।

তিনি জানান, পহেলা বৈশাখ বিকেল ৩টা থেকে রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে বৈশাখী কনসার্ট অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির আয়োজনে এতে সহযোগিতা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। কনসার্টের পর সন্ধ্যা ৭টায় থাকবে একটা ড্রোন শো। এর থিম হচ্ছে করা হয়েছে, নতুন বছর, নতুন বাংলাদেশ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ২ হাজার ৬০০ ড্রোন উড়ানো হবে। চীনা দূতাবাসের সহযোগিতায় অনুষ্ঠিতব্য এ আয়োজনে জুলাই অভ্যুত্থান ও নববর্ষকে রাখা হবে কেন্দ্রে।

সংস্কৃতি উপদেষ্টা জানান, নববর্ষে ছায়ানটের অনুষ্ঠানও হচ্ছে, থাকছে সুরের ধারার অনুষ্ঠানও। তবে সুরের ধারার অনুষ্ঠানটি এবার হবে রবীন্দ্রসরোবরে। অন্যদিকে, বিসিকের আয়োজনে পয়লা বৈশাখ থেকে সাত দিন বাংলা একাডেমিতে চলবে বৈশাখী মেলা।

দু-এক বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে : বিডা চেয়ারম্যান

আগামী এক থেকে দুই বছরের মধ্যে দেশে ১৫ হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিন শেষে বিনিয়োগ পরিস্থিতির সর্বশেষ পরিস্থিতি তুলে ধরতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

রাজনৈতিক দলগুলোর মাঝে কর্মসংস্থান ও বিনিয়োগের বিষয়ে মতপার্থক্য থাকা উচিত নয় বলে মন্তব্য করে আশিক চৌধুরী বলেন, ‘যে দলই ক্ষমতায় আসুক, বিনিয়োগের স্বার্থগুলো অপরিবর্তিত রাখতে চায় বিডা। সে লক্ষ্যে সব রাজনৈতিক দলকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।
’

বাংলাদেশে বিনিয়োগে বিদেশিরা আগ্রহ দেখাচ্ছে জানিয়ে তিনি বলেন, ফার্মাসিউটিক্যাল, লাইট ইঞ্জিনিয়ারিং, আইটি খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া বিনিয়োগকারীরা।

বিডার চেয়ারম্যান বলেন, ‘চীনের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে। তাদের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এর মাধ্যমে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে।
’

এ ছাড়া মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কাছে একটি মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের আগ্রহ দেখিয়েছে বৈশ্বিক বন্দর পরিচালনাকারী সংস্থা ডিপি ওয়ার্ল্ড। সংস্থাটিকে সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ।

গাজার আবাসিক ভবনে ইসরায়েলি হামলা, নিহত ২৯

ইসরায়েলের বিমান হামলায় গাজা সিটির পূর্বাংশে একটি বহুতল আবাসিক ভবনে কমপক্ষে ২৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে একটি স্থানীয় হাসপাতাল। হামাস নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে শুজাইয়ার আল-হাওয়াশি মসজিদের কাছে এই হামলা চালানো হয়।

সংস্থাটি আরো জানায়, নিহতদের মধ্যে আটটি শিশু রয়েছে, আহত হয়েছে ৬০ জনের বেশি এবং ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মানুষ আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুজাইয়া থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ধুলামাখা ছোট ছোট শিশুর মরদেহ অসহায় স্বজন ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে বের করে নিয়ে আসছেন।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ‘একজন শীর্ষস্থানীয় হামাস সন্ত্রাসীকে’ লক্ষ্য করে আঘাত হেনেছে, যিনি ওই এলাকায় হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন। তারা আরো দাবি করে, বেসামরিক লোকজনের ক্ষতি কমাতে ‘নির্ভুল অস্ত্র’ ব্যবহারসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল।

এ ছাড়া সেনাবাহিনী হামাসকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে বলেছে, হামাস ইচ্ছাকৃতভাবে সাধারণ জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। হামাসও বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ‘একটি রক্তাক্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে।
’

২৬ বছর বয়সী আয়ুব সালিম এএফপিকে বলেন, যে ভবনটিতে হামলা করা হয়েছে, সেটি ছিল অতি জনাকীর্ণ একটি এলাকা, যেখানে তাঁবু, বাস্তুচ্যুত মানুষ ও ঘরবাড়িতে পূর্ণ ছিল। একাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে এবং সব দিকে তার ধাতব টুকরা ছড়িয়ে পড়ে। ধুলা ও বিশাল ধ্বংসযজ্ঞে এলাকা ঢেকে গিয়েছিল, কিছুই দেখা যাচ্ছিল না, শুধু মানুষের চিৎকার আর আতঙ্ক। এটি নিঃসন্দেহে এক ভয়াবহ হত্যাকাণ্ড।

গত সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনী শুজাইয়া ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর হাজার হাজার মানুষ ওই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। সেনাবাহিনী বলেছিল, তারা ‘সন্ত্রাসী অবকাঠামো ধ্বংসে শক্তি প্রয়োগ করছে।’

হামাস নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার সকালে জানায়, আগের ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। এতে গত ১৮ মার্চ ইসরায়েল ফের হামলা শুরুর পর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮২ জনে।

এ ছাড়া গত তিন সপ্তাহে আরো তিন লাখ ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
জাতিসংঘ বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর নির্দেশ অনুযায়ী গাজার দুই-তৃতীয়াংশ এলাকা এখন ‘নো-গো জোন’ বা খালি করার আওতায় পড়েছে।

এদিকে চলমান মধ্যস্থতার অংশ হিসেবে যুদ্ধবিরতির বিষয়টি পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। ইসরায়েল দাবি করেছে, হামাস যুদ্ধবিরতির প্রথম ধাপ বাড়াতে রাজি না হওয়ায় এবং তাদের হাতে থাকা ৫৯ জন জিম্মির মধ্যে আর কাউকে মুক্তি না দেওয়ায় তারা আবার হামলা শুরু করেছে। ধারণা করা হয়, ওই ৫৯ জনের মধ্যে ২৪ জন জীবিত। আর হামাস অভিযোগ করেছে, ইসরায়েল মূল চুক্তি লঙ্ঘন করেছে। চুক্তির দ্বিতীয় ধাপে জীবিত সব জিম্মিকে মুক্তি দেওয়ার কথা ছিল এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ হওয়ার কথা ছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলের দক্ষিণে নজিরবিহীন হামলা চালালে প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত এবং ২৫১ জন জিম্মি হয়। তার পর থেকেই ইসরায়েল হামাসকে ধ্বংস করতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ যুদ্ধে এখন পর্যন্ত গাজায় ৫০ হাজার ৮৪০ জন নিহত হয়েছে।

অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন

বিশ্বব্যাপী মার্কিন পাল্টা শুল্ক কার্যকর হওয়ার প্রথম দিনে অপরিশোধিত জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

বুধবার ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারে বিক্রি হচ্ছে, যা করোনাকালে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন।

বিশ্লেষক অ্যাশলে কেলি বলছেন, হোয়াইট হাউস চায় তেলের দাম আরো কমে যাক। কারণ এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হবে।

কালিয়াকৈরে চারটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুরের কালিয়াকৈরের খাড়াজোড়া এলাকায় চারটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। বুধবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে আগুন লাগা ওই সব ঝুটের গোডাউনের পাশে গ্যাস সিলিন্ডার কারখানা থাকায় আশপাশের দোকান ও বাড়ির মালিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া অগ্নিকাণ্ডের স্থানটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে থাকায় সড়কে যানবাহন ধীরগতিতে চলছে।

জানা যায়, কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ইমরানের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন মুহূর্তের মধ্যেই পাশের আলতাফ, হাফিজুর ও শাজাহানের গোডাউন আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় ওই চারটি গোডাউনসহ গোডাউনে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।
খবর পেয়ে কালিয়াকৈর ও কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

কম সংস্কার চাইলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার প্রক্রিয়ায় একমত হলে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। তবে যদি বৃহত্তর সংস্কার পথ বেছে নেওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে।

বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা জানান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ব্যারোনেস উইন্টারটন বলেন, ‘আমাদের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে এবং সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি আমাদের জন্য একটি রূপান্তরমূলক সময়। আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুনর্নির্ধারণে মনোনিবেশ করছি।’

ব্যারোনেস উইন্টারটন বর্তমান সংস্কার এজেন্ডার প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থন জানান।
তিনি বাংলাদেশের সাংবিধানিক সংস্কার কর্মসূচির প্রধান আলী রিয়াজের সঙ্গেও বৈঠক করেন।

পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে প্রধান উপদেষ্টা বলেন, ‘যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কার প্রক্রিয়ায় একমত হয়, তবে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। তবে যদি বৃহত্তর সংস্কার পথ বেছে নেওয়া হয়, তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে।’

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

চীনের পাল্টা আঘাত : কাল থেকে যুক্তরাষ্ট্রের পণ্যে ৮৪ শতাংশ শুল্ক

যুক্তরাষ্ট্রে চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা পর বেইজিং বুধবার জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত পণ্যের ওপর শুল্ক ৩৪ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কসংক্রান্ত সর্বশেষ পদক্ষেপ বুধবার কার্যকর হয়, যা বিশ্বের বেশ কয়েকটি প্রধান বাণিজ্যিক অংশীদারের ওপর প্রযোজ্য, যার মধ্যে চীনা পণ্যের ওপর সর্বোচ্চ ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। পরে চীনের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানীকৃত পণ্যের ওপর অতিরিক্ত শুল্কহার ৩৪ থেকে বাড়িয়ে ৮৪ শতাংশ করা হবে।’ এই সিদ্ধান্ত স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টা ১ মিনিট থেকে কার্যকর হবে।

চীন অতীতেও শুল্ক বৃদ্ধির বিরোধিতা করেছে এবং বুধবার জানিয়েছে, তারা তাদের স্বার্থ রক্ষায় ‘দৃঢ় ও জোরালো’ পদক্ষেপ নেবে। তাদের বিবৃতিতে আরো বলা হয়, ‘চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ একের পর এক ভুল সিদ্ধান্ত এবং এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থের চরম লঙ্ঘন।’

ওয়াশিংটনের এই পদক্ষেপ ‘বহুপক্ষীয় নিয়মভিত্তিক বাণিজ্যব্যবস্থাকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে’ বলেও চীনের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পিনপয়েন্ট অ্যাসেট ম্যানেজমেন্টের প্রেসিডেন্ট ও প্রধান অর্থনীতিবিদ ঝিওয়েই ঝাং বলেন, ‘চীন আজ স্পষ্ট বার্তা দিয়েছে, সরকার তাদের বাণিজ্যনীতি নিয়ে অনড় অবস্থানে রয়েছে।
বর্তমান বাণিজ্য সংঘাত থেকে দ্রুত ও সহজ সমাধানের কোনো সম্ভাবনা আমি দেখি না।’

তিনি আরো বলেন, ‘এই সংঘাতের প্রভাব শিগগিরই দুই দেশের অর্থনীতিতে দৃশ্যমান হবে। আন্তর্জাতিক বাণিজ্য ও বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত।’

এ ছাড়া চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক পৃথক বিবৃতিতে জানায়, তারা যুক্তরাষ্ট্রের ছয়টি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে, যার মধ্যে রয়েছে শিল্ড এআই ইনকরপোরেশন ও সিয়েরা নেভাডা করপোরেশন।
বিবৃতিতে বলা হয়, এই প্রতিষ্ঠানগুলো হয় তাইওয়ানে অস্ত্র বিক্রি করেছে, নয়তো দ্বীপটির সঙ্গে ‘সামরিক প্রযুক্তি’ সহযোগিতায় যুক্ত ছিল।

স্কয়ার ফার্মার ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন

বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ লোকাল ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়ন এবং উদ্ভাবনে অসামান্য অবদান রাখায় স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে এই পুরস্কার প্রদান করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস-এর পরিচালক এরিক এস চৌধুরী প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

১৯৫৮ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ছয় দশকের বেশি সময় ধরে দেশীয় বাজার ছাড়াও আন্তর্জাতিক বাজারেও সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। বর্তমানে ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রযুক্তি খাতে বিনিয়োগ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে অপারেশনাল প্রবৃদ্ধি অর্জন করছে এবং দেশের অর্থনীতিতে কার্যকর ভূমিকা রেখে চলেছে। এছাড়াও বিশ্বব্যাপী সম্প্রসারণের অংশ হিসেবে এবং বিশ্বজুড়ে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা বিষয়ক সমাধান প্রদানের প্রতিশ্রুতি জোরদার করতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস কেনিয়াতেও তাদের উপস্থিতি নিশ্চিত করেছে।