সোমবার, অক্টোবর ৫, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল বেছে নেওয়ায় প্রোটিয়া ক্রিকেটার নিষিদ্ধ

ড্রাফট থেকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি দলে ভিড়িয়েছিল দক্ষিণ আফ্রিকার পেসার করবিন বশকে। কিন্তু আইপিএলের আগমুহূর্তে আরেক পেসার চোটে পড়ায় তাকে হঠাৎ আইপিএলে ডেকে পাঠায় মুম্বাই ইন্ডিয়ান্স। এভাবে চুক্তি ভাঙায় বশকে পিসিবি আইনি নোটিশ পাঠিয়েছিল। এবার প্রোটিয়া এই পেস-অলরাউন্ডারকে এক বছরের জন্য পিএসএলে নিষিদ্ধ করেছে পিসিবি।

কেবল নিষেধাজ্ঞাই নয়, বশকে আর্থিক জরিমানাও করেছে পিএসএল কর্তৃপক্ষ। যদিও তারা জরিমানার অঙ্কটা প্রকাশ করেনি। ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতে অপ্রকাশযোগ্য নীতিমালা থাকায় বিষয়টি গোপন রয়েছে বলে এক সূত্রের বরাতে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন। পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বশ জানিয়েছেন, ‘পিএসএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে আমি লজ্জিত। সে কারণে পাকিস্তান, পেশোয়ার জালমিসহ ক্রিকেট সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

সাম্প্রতিক বছরগুলোয় আন্তর্জাতিক ক্রিকেটমহলে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে পিএসএল। ফলে দেশি-বিদেশি তারকা ক্রিকেটাররাও এই টুর্নামেন্ট খেলতে আগ্রহ দেখিয়ে থাকেন। তবে বিপত্তি বেধেছে পিএসএল শুরুর সময়সূচিতে। প্রায় কাছাকাছি সময়েই পর্দা উঠে ভারতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলেরও। ফলে বিদেশি ক্রিকেটারদের নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মাঝে টানাটানি লেগে যায়। কিন্তু কোনো একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নাম লিখিয়ে ফেলার পর অন্যত্র চুক্তি করার বিরল নজির দেখিয়েছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা বশ।

বিশ্বজুড়ে আরও টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলে আসছেন এই প্রোটিয়া অলরাউন্ডার। এক বছরের নিষেধাজ্ঞা পেলেও তিনি ভবিষ্যতে পাকিস্তানের পিএসএলে খেলার আশা প্রকাশ করেছেন। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার জানান, ‘এটি আমার জন্য কঠিন শিক্ষা। তবে এই অভিজ্ঞতা থেকে আমি শেখার প্রতিশ্রুতি দিচ্ছি।’ এর আগে পাকিস্তানি ক্রিকেট কর্তৃপক্ষকে বশ জানিয়েছিলেন, পিএসএলকে হেয় করার কোনো উদ্দেশ্য ছিল না তার। আর মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়া ছিল এই প্রোটিয়া পেসারের ক্যারিয়ারের জন্য অনেক বড় সিদ্ধান্ত।

এমনিতেই আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের অবস্থান অনেক শক্ত ও দাপুটে। একইসঙ্গে বিশ্বব্যাপী বেশ কয়েকটি টুর্নামেন্টেও তাদের দল আছে। ফলে মুম্বাইয়ের সঙ্গে যুক্ত হওয়া একাধিক টুর্নামেন্ট খেলার পথ খুলে দেবে বশের জন্য। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগেও মুম্বাই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছিলেন এই পেস অলরাউন্ডার। বশ নাম প্রত্যাহার করায়, পেশোয়ার জালমি নতুন করে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার ব্যাটার মিচেল ওয়েনকে দলে ভেড়ায়। পিএসএলেরড্রাফটে তাকে কেউ না নিলেও তিনি নজর কেড়েছেন সর্বশেষ বিগ ব্যাশে। ফাইনালে খেলেন টুর্নামেন্টটির ইতিহাসে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরি।

প্রসঙ্গত, আজ (১১ এপ্রিল) পিএসএলের দশম আসরের পর্দা উঠবে। রাওয়ালপিন্ডিতে উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে। সবমিলিয়ে এই আসরে ৩৪টি ম্যাচ হবে ৪ ভেন্যু– রাওয়ালপিন্ডি, করাচি, মুলতান ও লাহোরে। ১৩ মে রাওয়ালপিন্ডি এবং ১৪ ও ১৬ মে লাহোরে প্লে-অফ ম্যাচের ভেন্যু নির্ধারিত হয়েছে। আর ফাইনাল হবে ১৮ মে, লাহোরে। অন্যদিকে, ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএলের অষ্টাদশ আসর।

নিউইয়র্কে হাডসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্ত, ৩ শিশুসহ নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের হাডসন নদীতে পর্যটকদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, স্পেনের পাঁচজন নাগরিকের পাশাপাশি ষষ্ঠ আরোহী ছিলেন পাইলট। শুক্রবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যম বলছে, হেলিকপ্টারে একজন পাইলট ছাড়াও ছিলেন দুই প্রাপ্তবয়স্ক ও তিন শিশু। ওই পাঁচ যাত্রী স্পেন থেকে আমেরিকা ভ্রমণে যাওয়া একই পরিবারের সদস্য ছিলেন। নিউইয়র্ক সিটির লোয়ার ম্যানহাটনের কাছে হাডসন নদীতে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে পর্যটকবাহী ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র সংবাদমাধ্যম এবিসি নিউজকে জানিয়েছে, বিধ্বস্ত হয়ে নদীতে পড়ার আগে ম্যানহাটনের আশপাশের আকাশে প্রায় ১৫ মিনিট উড্ডয়নরত অবস্থায় ছিল হেলিকপ্টারটি। ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি টেইল রোটর বা প্রধান রোটর ব্লেইড ছাড়াই নদীর পানিতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ড্যানি হরবিয়াক নামের এক নারী এবিসি নিউজকে জানান, তিনি অ্যাপার্টমেন্টের জানালা দিয়ে হেলিকপ্টার পড়ার দৃশ্য দেখেছেন। তিনি বলেন, “আমি জোরে পাঁচ থেকে ছয়টি শব্দ শুনেছি, যেগুলো শূন্যে গুলি ছোড়ার মতোই। একইসঙ্গে টুকরাগুলোকে পড়তে দেখেছি।”
এরিক ক্যাম্পোভার্দ নামের আরেক প্রত্যক্ষদর্শী এবিসি নিউজকে বলেন, “আমি হাঁটছিলাম। সে সময় হেলিকপ্টারটি ৪৫ ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে পড়ে যায়।”

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেছেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি আকাশ থেকে উল্টে পড়ে এবং তারপর হাডসন নদীতে পড়ে যায়। কর্মকর্তারা জানিয়েছেন, নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেওয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, হেলিকপ্টারটি প্রায় ১৬ মিনিট ধরে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়।

আবাসিক ভবনে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত ৩৫

গাজা শহরের শুজাইয়াপাড়ায় আবাসিক ভবনগুলোতে একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ৫৫ জন আহত হয়েছেন। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে ৮০ জন নিখোঁজ রয়েছেন।

গাজার শুজাইয়া নামক একটি এলাকার বসতবাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু বোমা বর্ষণ করেছে ইসরায়েল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরায়েলের বোমা হামলার শব্দ থেকেই বোঝা যাচ্ছিল তারা গণহত্যা চালাচ্ছে।
শুজাইয়া হামলার প্রত্যক্ষদর্শীরা বলছেন, ‘আহতদের চিকিৎসায় রক্তদানের জন্য আহ্বান জানিয়েছে হাসপাতালগুলো।’

ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থীশিবির এবং নিকটবর্তী নাবলুসে একটি বড় অভিযান চালিয়েছে। এর আগে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় এক দিনেই কমপক্ষে ৫৮ ফিলিস্তিনি নিহত হয়। এ ছাড়া আহত হয়েছে আরো ২১৩ জন।
পুরো গাজাজুড়েই ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল।

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল গত ১৮ মার্চ থেকে গাজায় বড় আকারের বিমান ও স্থল অভিযান শুরু করেছে। শুধু তাই নয়, ক্রমাগত নিজেদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ করে চলেছে দখলদার ইসরায়েল। এখন পর্যন্ত এই উপত্যকার ৫০ শতাংশ অংশ দখলে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)।

সূত্র : আলজাজিরা

শেখ হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাজধানীর পূর্বাচলে দশ কাঠার প্লট জালিয়াতির ঘটনায় করা মামলায় পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত অভিযোগপত্র আমলে নিয়ে এ আদেশ দেন। এ বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৪ মে দিন ধার্য করা হয়েছে।

শেখ হাসিনা-পুতুল ছাড়াও অপর ১৬ আসামি হলেন— জাতীয় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন, সচিব মো. শহীদ উল্লা খন্দকার, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, কবির আল আসাদ, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), মো. নুরুল ইসলাম, পরিচালক শেখ শাহিনুল ইসলাম, উপপরিচালক মো. হাফিজুর রহমান ও হাবিবুর রহমান, তদন্তপ্রাপ্ত আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন ও সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

এর আগে গত ১২ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া বাদী হয়ে শেখ হাসিনা, পুতুলসহ ১৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে গত ১০ মার্চ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। একই সঙ্গে মামলার অভিযোগপত্রে ১৬ জনকে সাক্ষী করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, ধানমণ্ডি আবাসিক এলাকায় নিজের ও পরিবারের অন্য সদস্যদের মালিকানায় ঢাকা শহরে রাজউকের এখতিয়ারাধীন এলাকায় বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও সেটি গোপন করে পূর্বাচল নতুন শহর আবাসন প্রকল্পে প্লট বরাদ্দ সংক্রান্ত আইন, বিধি ও নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন করে মা শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করেছেন সায়মা ওয়াজেদ পুতুল।
সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকা অবস্থায় তার ওপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে প্রকল্পের বরাদ্দ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত গণকর্মচারীদের প্রভাবিত করেছেন।

ক্ষমতার অপব্যবহার করে আইনসম্মত পারিশ্রমিক না হওয়া সত্ত্বেও, আইনমতে বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পরস্পর যোগসাজশে নিজেরা লাভবান হয়ে ও অন্যকে লাভবান করার উদ্দেশ্যে পূর্বাচল আবাসন প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তার ১৭ নম্বর প্লট সায়মা ওয়াজেদ পুতুলের নামে বরাদ্দ দিয়েছেন। সায়মা ওয়াজেদ পুতুলের প্লটের বাস্তব দখলসহ রেজিস্ট্রি মূলে প্লট গ্রহণ করেন। প্রতারণামূলক অবৈধ পারিতোষিক দেওয়া ও নেওয়া এবং অপরাধজনক বিশ্বাস ভঙ্গ ও বেআইনি অনুগ্রহ প্রদর্শনের মাধ্যমে আসামিরা পরস্পর যোগসাজশে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে দণ্ডযোগ্য অপরাধ করেছেন।

আধা ঘণ্টায় পুঁজিবাজারে লেনদেন ১২৩ কোটি টাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে। আর লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন ছাড়িয়েছে ১২৩ কোটি টাকা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) চলতি সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবসে লেনদেনের প্রথম আধা ঘণ্টায় (সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত) দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৩২ পয়েন্ট বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে বেড়েছে ২৬ পয়েন্ট।

ঢাকা স্টক এক্সচেঞ্জ

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার লেনদেনের প্রথম আধা ঘণ্টায় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩২ দশমিক ১৯ পয়েন্ট ও ডিএসইএস সূচক ৭ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ৫ হাজার ২২৮ দশমিক ২৩ পয়েন্টে ও ১ হাজার ১৭৭ দশমিক ০৬ পয়েন্টে। আর ডিএস-৩০ সূচক ১০ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩২ দশমিক ৪১ পয়েন্টে।

এ সময় ডিএসইতে ৩৬১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৬২টির কোম্পানির শেয়ারের, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি।
এ ছাড়া ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১২৩ কোটি ১ লাখ টাকার শেয়ার।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ২৬ দশমিক ৭৯ পয়েন্ট ও সিএসসিএক্স সূচক ১৫ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৪ হাজার ৫৫৭ দশমিক ১৫ পয়েন্টে ও ৮ হাজার ৮৬৫ দশমিক ২৫ পয়েন্টে।

এ ছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ২৩ পয়েন্ট ও সিএসই-৩০ সূচক ১৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১১২ দশমিক ৯৫ পয়েন্টে ও ১২ হাজার ৭৭ দশমিক ৬৮ পয়েন্টে। আর সিএসআই সূচক বেড়েছে ১ দশমিক ৯২ পয়েন্ট।
সূচক অবস্থান করছে ৯৪৯ দশমিক ৮৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হয়েছে ৫৬ লাখ ৪৫ হাজার টাকার। লেনদেন হওয়া ৪৪ কম্পানির মধ্যে দাম বেড়েছে ২৬টি কম্পানি শেয়ারের, কমেছে ১২টির ও অপরিবর্তিত রয়েছে ৬টির।

মেসি-জাদুতে ঐতিহাসিক জয়, সেমিতে মায়ামি

লিওনেল মেসির জাদু এখনো শেষ হয়নি। তার কিংবদন্তি ক্যারিয়ারের এই পর্যায়েও তিনি মাঠে জাদুকরী ও মহাকাব্যিক মুহূর্ত উপহার দিয়ে যাচ্ছেন।

বুধবার রাতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে লস অ্যাঞ্জেলেস এফসির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিয়ামিকে ৩-২ গোলে জয় এনে দিলেন আর্জেন্টাইন এই সুপারস্টার। প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি এবার ৩-১ গোলে জিতে দুই লেগ মিলিয়ে ৩-২ জিতে সেমিফাইনালের টিকিট কাটে।

প্রথম লেগে ১ গোলে পিছিয়ে থাকা মায়ামির জন্য ঘরের মাঠে জয় ছিল অপরিহার্য। কিন্তু দ্বিতীয় লেগের ৯ মিনিটে আরেকটি গোল খেয়ে বসলে দুই লেগ মিলিয়ে ২-০ গোলে পিছিয়ে পড়ে মেসিরা। পিছিয়ে পড়া মায়ামির হয়ে ৩৫ মিনিটে প্রথম গোলটি করেন মেসি। ৬১ মিনিটেনোয়াহ অ্যালেনের গোলে সমতায় ফেরে মায়ামি।
দুই লেগ মিলিয়ে ২-২ সমতা থাকলেও অ্যাওয়ে গোলের নিয়মের কারণে তখনো কার্যত এগিয়ে ছিল এলএএফসি। এমন সময়েপরে ৬৭তম মিনিটে লুইস সুয়ারেজের হেডে গোল হলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।

৮২তম মিনিটে প্রতিপক্ষের হ্যান্ডবলে পেনাল্টি পেয়ে যায় মায়ামি। মেসি ঠান্ডা মাথায় গোলটি করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেয়।
আর তাতেই প্রথমবার কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে খেলবে ইন্টার মায়ামি।

ম্যাচ জয়ের পর এক প্রতিক্রিয়ার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘মেসি শুধু একজন খেলোয়াড় নন, তিনি এই দলের প্রাণ। ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ এই খেলোয়াড় এখনও প্রতিটি ম্যাচে নতুন রেকর্ড গড়ে চলেছেন। আজ তিনি আবারও প্রমাণ করলেন কেন তিনি সেরা।’

এই জয়ে মেসি ও তার দল এখন আরেকটি ট্রফির থেকে মাত্র তিন ম্যাচ দূরে।
সেমিফাইনালে মায়ামি মুখোমুখি হবে ভ্যানকুভার হোয়াইটক্যাপস বা মেক্সিকোর পুমাসের।

ভিডিও গেম খেলার সময় ‘সাইবার বুলিংয়ের’ শিকার ইলন মাস্ক

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক একটি ভিডিও গেম লাইভস্ট্রিমের সময় বারবার পরাজিত হয়ে এবং অনলাইনে মন্তব্যকারীদের উপহাসের শিকার হয়ে রেগে গেম খেলা বাদ দেন।

দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়, মূলত মাস্ক স্টারলিংকের ইন-ফ্লাইট ওয়াইফাই প্রদর্শনের জন্য তার প্রাইভেট জেট থেকে ‘পাথ অব এক্সাইল ২’ গেমটি খেলে সরাসরি সম্প্রচার করেন। এ সময় তিনি প্রায় ৯০ মিনিট ধরে চুপচাপ খেলার চেষ্টা করছিলেন। কিন্তু তার চরিত্রটি বারবার মারা পড়ছিল; যদিও মাস্কের দাবি ছিল যে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন।

মাস্ক এই গেমটি খেলার সময় গেমের চ্যাট অপশন সবার জন্য খোলা রেখেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই তিনি সাইবার বুলিংয়ের শিকার হন। তার গেম খেলার দক্ষতা ও ব্যক্তিগত বিষয় নিয়ে তীব্র বিদ্রূপ করতে থাকে অনেকে।

একটি বার্তায় যা মাস্কের মাথার পাশে স্ক্রিনে দেখা যায়, লেখা ছিল: ‘তুমি সবসময় অনিরাপদ বোধ করবে এবং তা কখনো দূর হবে না।
’

অন্য একজন ব্যবহারকারী, যিনি নিজেকে একজন রক্ষণশীল প্রভাবশালী হিসেবে পরিচয় দেন এবং দাবি করেন যে তিনি মাস্কের ১৩তম সন্তানের মা। তিনি লেখেন, ‘ইলন। আমি, অ্যাশলি সেন্ট ক্লেয়ার। তোমার সঙ্গে যোগাযোগ করার আর কোনো উপায় ছিল না, তাই আমি পিওই২-এর প্রাথমিক সংস্করণ কিনে নিয়েছি।
অনুগ্রহ করে শিশুসন্তানের খরচ দাও। ধন্যবাদ ইলন।’

আরো এক বার্তায় বলা হয়, ‘মাস্ক যেন ট্রাম্পের সঙ্গে যৌন কার্যকলাপে লিপ্ত হন যাতে প্রেসিডেন্ট হার্ট অ্যাটাকে মারা যান।’

অন্য একটি মন্তব্যে তার বিচ্ছিন্ন কন্যা ভিভিয়ান উইলসন পরিচয় দেওয়া একজন লেখেন, ‘মাস্ক ভিডিও গেমে সত্যিই খারাপ।’

কেউ কেউ তাকে সাহায্য করার চেষ্টা করে বলেন, যেন তিনি ইন-গেম চ্যাট বন্ধ করে দেন যাতে অপমানজনক বার্তা আর না আসে।

তবে খেলার মৌলিক নিয়ন্ত্রণ শেখানোর জন্য নির্ধারিত অংশে ‘বস’ তার চরিত্রটিকে বারবার মেরে ফেলার কারণে মাস্ক তার খেলা বন্ধ করে দেন এবং বলেন যে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। যদিও স্ট্রিমটি তখনও লাইভ অবস্থায় ছিল।

‘পাথ অব এক্সাইল ২’ মাস্কের জনপ্রিয় গেমগুলোর একটি। তবে তিনি বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার যে দাবি করেছেন, তা খুব একটা গ্রহণযোগ্যতা পায়নি, বিশেষ করে যখন শোনা যায় তিনি নিজের গেম চরিত্র উন্নত করতে টাকা দিয়ে অন্যদের সাহায্য নিয়েছেন।

এই গেমটি একটি ফ্যান্টাসি দুনিয়ায় সেট করা একটি রোল-প্লেয়িং অ্যাডভেঞ্চার গেম, যেখানে খেলোয়াড় মিশন সম্পূর্ণ করে ও শত্রুদের পরাজিত করে দক্ষতা অর্জন করে।

গেমটি এখনো পুরোপুরি প্রকাশিত হয়নি, তবে কিছু নির্বাচিত ব্যবহারকারীদের জন্য প্রাথমিক সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

কোস্ট গার্ডের জাটকা সংরক্ষণ অভিযানে জেলেদের হামলা, আহত ১

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার গজারিয়া নদীতে জাটকা সংরক্ষণ অভিযানের সময় জেলেদের হামলায় কোস্ট গার্ডের এক সদস্য আহত হয়েছেন।

গতকাল বুধবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন হিজলা ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত কোস্ট গার্ড সদস্য মনজুরুলকে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ডের বহন করা ফার্স্ট এইড বক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, কোস্ট গার্ড চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অভিযানে একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করা হয়।

মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, ‘বুধবার রাত ৯টার দিকে গজারিয়া নদীর মাঝেরচর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশনের (হিজলা) কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ, মোহাম্মদ মহসিন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম ও হিজলার নৌ পুলিশের সদস্যরা যৌথভাবে জাটকা‌বি‌রোধী অভিযানে নামেন। অভিযান চলাকালীন মাঝেরচর এলাকায় পৌঁছলে আকস্মিকভাবে প্রায় ৫০ জন জেলের একটি সংঘবদ্ধ দল ক‌য়েক‌টি ট্রলার নিয়ে এসে আভিযানিক দলের ওপর অতর্কিত হামলা চালায়।’

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আরো বলেন, ‘হামলাকারীরা অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের লক্ষ্য করে লাঠি, বাঁশ, ইট ও পাথর দিয়ে আক্রমণ চালায়।
হামলায় কোস্ট গার্ডের সদস্য এম মনজুরুল আঘাতপ্রাপ্ত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্টাফ অফিসারের (অপারেশনস) অনুমতি নিয়ে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরবর্তী সময়ে আভিযানিক দলের সদস্যরা একটি অবৈধ পাইজাল এবং একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার জব্দ করেন।
’

হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়ে তিনি বলেন, ‘এ ঘটনার ব্যাপারে স্থানীয় প্রশাসন জানিয়েছে, জাটকা সংরক্ষণে জিরো টলারেন্স নীতির বাস্তবায়নে কোনো ধরনের সন্ত্রাসী বা চক্রের হুমকি প্রশ্রয় দেওয়া হবে না। অবৈধভাবে মাছ আহরণে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানানোয় বিমানবাহিনীর ৯৭০ কর্মীকে বহিষ্কারের হুমকি ইসরায়েলের

গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবি জানানোয় পাইলট, কর্মকর্তা এবং সৈনিকসহ বিমানবাহিনীর ৯৭০ জন কর্মীকে বহিষ্কারের হুমকি দিয়েছেন ইসরায়েলি বিমানবাহিনীর কমান্ডাররা।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে মিডল ইস্ট মনিটর জানায়, যদি গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে স্বাক্ষর করা চিঠি থেকে বিমানবাহিনীর সদস্যরা নিজেদের নাম প্রত্যাহার না করেন, তবে তাদের বরখাস্ত করা হবে বলে হুমকি দেন কমান্ডাররা।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানায়, প্রায় ৯৭০ জন বিমানবাহিনীর সদস্য, যাদের কিছু সক্রিয় রিজার্ভ সার্ভিসে রয়েছেন, যুদ্ধের বিরোধিতা করে চিঠিতে স্বাক্ষর করেছেন, যদিও কেউই সেবা দিতে অস্বীকৃতি জানাননি।

গত কয়েক দিনে বিমানবাহিনীর ঊর্ধ্বতন নেতারা রিজার্ভ সদস্যদের ব্যক্তিগতভাবে ফোন করে চিঠিতে সমর্থন প্রত্যাহারের আহ্বান জানান।
হারেৎজের তথ্য অনুযায়ী, কমান্ডাররা জানিয়েছেন, তারা যদি এতে রাজি না হন, তবে বরখাস্তের মুখোমুখি হবেন।

এই হুমকির পর মাত্র ২৫ জন তাদের স্বাক্ষর প্রত্যাহার করেছেন, অপরদিকে আরো আটজন নতুন করে স্বাক্ষর যোগ করার অনুরোধ করেছেন।

চিঠির স্বাক্ষরকারীরা, যাদের মধ্যে বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা ও পাইলটরা রয়েছেন; তারা দাবি করেছেন যে ‘গাজায় যুদ্ধ নিরাপত্তার জন্য নয়, বরং রাজনৈতিক স্বার্থে পরিচালিত হচ্ছে।’

ইসরায়েলের বিরোধী দল বহুদিন ধরেই বলে আসছে যে গাজায় যুদ্ধ আসলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ক্ষমতায় থাকার কৌশল, এর সঙ্গে ইসরায়েলের নিরাপত্তার কোনো সম্পর্ক নেই।

কয়েক দিন আগে বিমানবাহিনী প্রধান মেজর জেনারেল টোমার বার চিঠির শীর্ষ স্বাক্ষরকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। হারেৎজের মতে, বৈঠকে রিজার্ভ কর্মকর্তারা টোমার বারের হুমকির তীব্র সমালোচনা করেন, একে আইনি ও নৈতিক সীমা লঙ্ঘন এবং রাজনৈতিক মত প্রকাশের অধিকারের লঙ্ঘন বলে উল্লেখ করেন।

বার পাল্টা জবাবে বলেন, এটি কোনো শাস্তির বিষয় নয়, বরং ‘যারা চিঠিতে স্বাক্ষর করে দাবি করে যে যুদ্ধ পুনরায় আরম্ভ করা মূলত রাজনৈতিক এবং বন্দিমুক্তির সম্ভাবনা ক্ষতিগ্রস্ত করছে, তারা রিজার্ভ দায়িত্ব পালনের যোগ্য নন।’

তিনি আরো বলেন, যুদ্ধাবস্থায় চিঠিতে স্বাক্ষর দেওয়া অবৈধ এবং ভবিষ্যতে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

গত ১৯ মার্চ সেনাবাহিনীর দুজন রিজার্ভ সদস্য, যাদের মধ্যে একজন গোয়েন্দা এবং অপরজন বিমানবাহিনীর, তাদের গাজায় যুদ্ধে অংশগ্রহণে অস্বীকৃতির জন্য বরখাস্ত করা হয়েছে। তাদের মধ্যে একজন সরকারি মন্ত্রী ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন বলে পত্রিকাটি জানায়।

১৮ মার্চ থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ফের প্রাণঘাতী হামলা শুরু করে। এতে এখন পর্যন্ত প্রায় ১,৫০০ জন নিহত এবং ৩,৭০০ জন আহত হয়েছেন। এর ফলে জানুয়ারিতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়।

নাইটক্লাবের ছাদ ধসে গায়ক রুবি পেরেজসহ নিহত ১৮৪

ডমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে নাইট ক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৮৪ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার প্রহরে জেট সেট নাইট ক্লাবে জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় রুবি পেরেজ নিজেও মারা গেছেন। খবর এএফপি ও এপির।

খবরে বলা হয়, স্থানীয় সময় রাত ১২টা ৪৪ মিনিটে দুর্ঘটনা যখন ঘটে তখন ক্লাবে ৫০০ থেকে ১ হাজার জন লোক ছিল। ক্লাবটিতে ৭০০ জন বসার এবং প্রায় ১ হাজার জন দাঁড়িয়ে থাকার ক্ষমতা রয়েছে। নাইট ক্লাবটির ছাদ কীভাবে ধসে পড়ল সেটি এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।
নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধসে পড়া ছাদের নিচে আটকে পড়া অনেকেই হয়তো এখনো জীবিত আছেন বলে আশা প্রকাশ করেছেন সান্তো ডোমিঙ্গোর জরুরি সাড়াদান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইট ক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হতো।
অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ ও বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন।

নাইট ক্লাবের ভেতরের ভিডিওতে দেখা যায়, লোকজন মঞ্চের সামনে টেবিলে বসে আছেন এবং পেছনে কিছু লোক রুবি পেরেজের গানের তালে তালে নাচছেন।

এদিকে রুবি পেরেজের মেয়ে জুলিনকা পেরেজ স্থানীয় মিডিয়াকে জানান যে তার বাবাকে ধ্বংসাবশেষের নিচে জীবিত পাওয়া গিয়েছিল। তারা তাকে গান গাইতে শুনেছিলেন। তার ভাষ্য, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার সময় তার বাবা গান গাইতে শুরু করেছিলেন যাতে উদ্ধারকারীরা তাকে শুনতে পান।
দুর্ভাগ্যবশত, তিনি বেঁচে ফিরতে পারেননি। ​

এই মর্মান্তিক দুর্ঘটনায় রুবি পেরেজের মৃত্যুকে ডোমিনিকান রিপাবলিকের সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি বলে মনে করা হচ্ছে। যুবক বয়সে বেসবল খেলোয়াড় হতে চেয়েছিলেন রুবি, তবে একটি গাড়ি দুর্ঘটনায় তার বাম পায়ে ক্ষতি হওয়ায় তিনি সংগীতের দিকে মনোযোগ দেন।

১৯৮৭ সালে তিনি একজন সলো শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন এবং বুসকানডো তুস বেসোস, ডামে ভেনেনো, এনামোরাদো দে এয়া, হাজমে অলভিদারলা, সোবরেভিভিরে, তু বাস আ ভোলার, ইপোক্রেসিয়া, এল পেরো আঝেনো, আসী নো তে আমারান জামাস এবং টোন্টো কোরাজন-এর মতো হিট গানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন।

তার অ্যালবাম ‘রুবি পেরেজ’ ট্রপিক্যাল চার্টে ১৫ নম্বরে অবস্থান করেছিল এবং তার গান ‘লাভ হার’ লাতিন চার্টে ২৯ নম্বরে ছিল। তিনি ‘অর্কেস্ট্রা অব দ্য ইয়ার’ এবং ‘মেরেঙ্গে অব দ্য ইয়ার’ বিভাগে ‘ক্যাসান্দ্রা অ্যাওয়ার্ডস’ অর্জন করেন।