রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

কথাসাহিত্যিক শওকত ওসমানের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

sowkat osmanখ্যাতিমান কথাসাহিত্যিক শওকত ওসমানের ১৭তম  মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। ১৯৯৮ সালের  আজকের এই দিনে  ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে খ্যাতিমান এই সাহিত্যিক মারা যান। ১৯১৭ সালের ২ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়  জন্মগ্রহণ করেন তিনি। শওকত ওসমানের প্রকৃত নাম শেখ আজিজুর রহমান।

সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী এ কলমশিল্পী লেখনীর মাধ্যমে শোষকের বিরুদ্ধে শোষিতের কথা বলে গেছেন।

তার রচিত ক্রীতদাসের হাসি স্বৈরশাসনের বিরুদ্ধে সর্বকালেই গণজাগরণের এক দিশারি। মুক্তিযুদ্ধ ও ধর্মনিরপেক্ষতার পক্ষে তিনি ছিলেন এক উচ্চকিত কণ্ঠের অধিকারী। নাটক, গল্প, উপন্যাস, প্রবন্ধ, রস-রচনা, রাজনৈতিক লেখা, শিশু-কিশোর সাহিত্য সর্বত্র তিনি উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। তার জননী উপন্যাসটি ইংরেজি ভাষায় অনূদিত হয়ে বিশ্বসাহিত্যে বিশেষ স্থান করে নিয়েছে।

তিনি কলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও পরে সেন্ট জেভিয়ার্স কলেজ ও অর্থনীতি বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।  আইএ (বর্তমানে এইচএসসি) পাস করার পর তিনি কিছুদিন কলকাতা করপোরেশন এবং বাঙ্গীয় সরকারের তথ্য বিভাগে চাকরিও করেন।

স্নাতকোত্তর পাস করার পর ১৯৪১ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে প্রভাষক পদে যোগ দেন। ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ অব কমার্সে যোগ দেন এবং ১৯৫৮ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করে ১৯৭২ খ্রিস্টাব্দে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথমদিকে কিছুকাল তিনি ‘কৃষক’ পত্রিকায় সাংবাদিকতাও করেন।

ক্রীতদাসের হাসি ও জননী ছাড়াও তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রাজা উপাখ্যান, মবিন ও তার কুকুর, জুনু আপা, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী উল্লেখযোগ্য। সাহিত্যকর্মে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শওকত ওসমান আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পদক, একুশে পদক, নাসিরুদ্দিন স্বর্ণপদক, মুক্তধারা পুরস্কার, মাহবুবউল্লাহ ফাউন্ডেশন পদক, ফিলিপস সাহিত্য পুরস্কার, টেনাসিস পুরস্কার ও স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন।

শওকত ওসামান চলে গেছেন না ফেরার দেশে। কিন্তু আমাদের দিয়ে গেছেনে তার বিশাল সৃষ্টিসম্ভার। এই সৃষ্টির মধ্য দিয়ে তিনি প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবেন স্বমহীমায়।

বাংলাদেশে ব্লগারদের মধ্যে আতঙ্ক

blog siteবাংলাদেশে গত এক বছরে তিনজন ব্লগারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির ব্লগারদের মধ্যে।

ইন্টারনেটে বিশেষ করে উদারমনা বিভিন্ন ব্লগে লেখালেখি করেন, এমন বেশ কয়েকজন বিবিসি বাংলাকে বলেছেন, হত্যাকারীদের ধরে বিচার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতায় তাদের মধ্যে নিরাপত্তার ভীতি দিন দিন বাড়ছে। অনেকে লেখালেখি নিয়ে সতর্ক হচ্ছেন।

দুবছর আগে ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন চলার সময় ৮৪ জনের একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দিয়েছিল ইসলামপন্থীদের একটি অংশ।

ওই আন্দোলন চলাকালেই মীরপুরে নিজের বাসার সামনে খুন হন ব্লগার রাজীব হায়দার।

এরপর প্রায় একই কায়দায় গত প্রায় চার মাসের মধ্যে খুন হয়েছেন আরও তিন জন লেখক ও ব্লগার। যার সর্বশেষ উদাহরণ সিলেটের অনন্ত বিজয় দাশ।

এভাবে একের পর পর হত্যাকাণ্ডের আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে।

ব্লগার রতন কুমার সমাদ্দার বলছেন, “ব্লগে ‘সন্ন্যাসী’ নামে আর ফেসবুকে ‘সন্ন্যাসী রতন’ নামে লেখালেখা করি আমি। বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমি ধর্ম নিয়ে লিখি তখন ইসলামের কথাই বেশি আসে। ফলে প্রতিটি পদক্ষেপ ফেলার আগে আমাকে চারপাশে তাকাতে হয়। কোথায় যাচ্ছি , মানুষ কিভাবে দেখছে।”

নিরাপত্তাহীনতা কি লেখালেখিতে প্রভাব ফেলছে ?- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অভিজিৎ রায় হত্যার পর থেকে সমালোচনামূলক লেখা থেকে প্রায় চলে এসেছি।”

মি. সমাদ্দারের মতো চুরাশি জন ব্লগারের তালিকায় নাম ছিল শুভজিত ভৌমিকের। তিনি জানান নানা ধরনের হুমকির কারণে তার স্বাভাবিক জীবনযাত্রাই বাধাগ্রস্ত হয়ে পড়েছে।

এক্ষেত্রে অনন্ত বিজয় দাশের হত্যাকাণ্ডের পর বিজ্ঞানভিত্তিক লেখা বা মুক্ত চিন্তার সাথে জড়িতদের নিরাপত্তা নিশ্চিত করার উপরই জোর দেন তিনি।

তিনি বলেন, “যেসব জায়গায় বেশি লোক নেই সেখানে যেতে ভয় লাগে। যেখানে নিরাপত্তা ঝুঁকি রয়েছে সেসব জায়গা আমি অ্যাভয়েড করি। ধর্ম বা বিজ্ঞান লেখা থেকে অনেক দিন ধরে বিরত আছি। কারণ এগুলো যারা লিখবেন তারা বাঁচবেন কি-না। যেখানে নিরাপত্তার নিশ্চয়তা নেই সেখানে এগুলো কিভাবে লিখবো?”

এদিকে সিলেটে একুশ তাপাদার নামে অনলাইনে লেখালেখি করেন অনন্ত বিজয় দাশের ঘনিষ্ঠ একজন লেখক বলেন মি. দাশের হত্যাকাণ্ডের পর সেখানে তারা চরমভাবে ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন।

তিনি বলেন, “কোনো বিষয় লিখতে গেলেই মনে হয় সমস্যা হবে। বাংলাদেশের এই পরিস্থিতিতে আমি লিখতে পারবোনা।”

“বিশেষ করে বিজ্ঞান যুক্তি নির্ভর, ধর্ম ও মৌলবাদ বিষয়ে লিখতে পারছিনা।”

চট্টগ্রামের ব্লগার সৃজিতা মিতু মনে করেন পরপর তিনটি খুনের কারণে অনলাইনে বিভিন্ন ভাবে যারা লেখালেখির সাথে জড়িত তার সবাই কম বেশি নিরাপত্তাহীন বোধ করছেন।

কিন্তু তিনি মনে করেন পরিস্থিতি যাই হোক লেখালেখি চালিয়ে যাওয়ার বিকল্প নেই। তিনি বলেন মুক্ত চিন্তা অব্যাহত রাখতে হবে। কলম চালিয়ে যেতে হবে।

সৃজিয়া মিতুর মতো কেউ কেউ মুক্তচিন্তার চর্চা অব্যাহত রাখার কথা বললেও বাস্তবতা হলো বিভিন্ন ভাবে হুমকির শিকার হওয়া ব্লগারদের বেশ কয়েকজন ইতোমধ্যেই দেশ ছেড়েছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা।– বিবিসি।

সৌরভ ইন, রবি শাস্ত্রী আউট

ganguliআগামী ২৪ মে-র রাত থেকে অন্য খাতে বইতে পারে ভারতীয় ক্রিকেট।

সে দিন ইডেনে আইপিএল ফাইনালের রাত। তবে সেই রাতের বাইশ গজ থেকে কোনও ট্রেন্ড তৈরি হচ্ছে না। যা তৈরি হতে পারে বাইশ গজের বাইরে। ম্যাচ শুরুর আগে।

সে দিন আসলে নতুন জমানার ভারতীয় বোর্ড ঘোষণা করবে নতুন জমানার ক্রিকেট কমিটির। যেখানে গাওস্করদের প্রজন্ম নেই, আছে সৌরভ-প্রজন্ম। সেই তিনটি নামই ঘুরেফিরে থাকছে কমিটির জন্য। শচিন। সৌরভ। রাহুল।

সাধারণত তারকায় ভরা কমিটি বলতে বোঝায় ভার থাকবে, ধার থাকবে না। নিতান্তই আলঙ্কারিক ব্যাপারস্যাপার। কাজ না থাকা। নিছক চাকচিক্য বাড়ানোর জন্য থেকে যাওয়া। ব্যতিক্রম হতে যাচ্ছে এ বারের ক্রিকেট কমিটি। নবীন সদস্যরা যে শর্ত দিয়েছেন, তাঁরা শুধু থাকতে চান না। পারফর্ম করতে চান। আর পারফরম্যান্সের জন্য তাঁদের চাই ক্ষমতা। শূন্যস্থান পূরণ করার জন্য গদিতে বসতে তাঁরা রাজি নন। শোনা যাচ্ছে জগমোহন ডালমিয়ার ভারতীয় বোর্ড সেই শর্ত মেনে নিচ্ছে। তিন সদস্যের কমিটির ওপরই ভারতীয় ক্রিকেট পরিচালনার দায়িত্ব তারা ছেড়ে দিতে চায়। যদি এই পরিকল্পনা অনুযায়ী সত্যি কাজ হয়, তা হলে মহেন্দ্র সিংহ ধোনির নিরঙ্কুশ আধিপত্য যে থাকবে না, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এমনকী কমিটি নিয়োগের ব্যাপারেও ধোনির সঙ্গে কেউ কথা বলার প্রয়োজন মনে করছে না।

কিন্তু তা বলে অধিনায়ক পদ থেকে ধোনি অপসারিত হচ্ছেন না। যে অপসারণের কালো মেঘ ঢেকে ফেলেছে তাঁর টিম ডিরেক্টরকে। ডিরেক্টর পদটাই তুলে দেওয়ার কথা হচ্ছে। সেক্ষেত্রে রবি শাস্ত্রীর অপসারিত হওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না।

ভারতীয় ক্রিকেটমহলে এই মর্মে খবর রটে যাওয়ায়, রীতিমত বিস্ময়ের সৃষ্টি হয়েছে। টিম ধোনিকে ইংল্যান্ড টেস্ট সিরিজের অন্ধকার থেকে টেনে তুলেছিলেন শাস্ত্রী। ইংল্যান্ডের ওয়ান ডে সিরিজ জেতানোর মুখ্য ভূমিকা নেওয়া ছাড়াও বিরাট কোহলির মতো মহাতারকা ব্যাটসম্যানকে ফর্মে ফেরানোর গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া। বিশ্বকাপে সেমিফাইনাল পৌঁছনো- সব কিছুর পিছনেই শাস্ত্রীর দীর্ঘকায় অবয়ব ছিল। তার জমানায়  ভারত ২১ ওয়ান ডে-র মধ্যে ১৭ জিতেছে। আর অস্ট্রেলিয়া বিশ্বকাপে আট ম্যাচ সাত। তবু শাস্ত্রীর বিরুদ্ধে বোর্ড কর্তাদের ক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে রয়েছে। প্রধান অভিযোগ তিনি নারায়ণস্বামী শ্রীনিবাসনের লোক। শাস্ত্রীকে তাই নতুন বোর্ডের মাথারা বিশ্বাস করতে পারছেন না। ব্যতিক্রম শচিব অনুরাগ ঠাকুর। তিনি মনে করেন, শাস্ত্রীর জন্য এখনও কোনও একটা জায়গা রাখা উচিত।

নতুন পরামর্শদাতা কমিটি আরও ব্যতিক্রমী হতে যাচ্ছে এ জন্য যে, একই কাজ তিন জনকে দিয়ে করানো হবে না। দায়িত্ব ভাগ ভাগ করা থাকবে। লক্ষ্য হল, কোথাও যেন ওভারল্যাপিং না হয়।

রাহুল দ্রাবিড়কে যেমন ভাবা হচ্ছে ভারতের অনূর্ধ্ব উনিশ টিম আর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির দায়িত্বভার বহনের জন্য। বর্তমানে এনসিএ স্রেফ ক্রিকেটারদের চোট সারানোর আখড়া। দ্রাবিড়ের কাজ হবে অনেক সুদূরপ্রসারী। সিনিয়র টিমের সঙ্গে জুনিয়র টিমের যোগাযোগ রেখে যাওয়া। বলা যেতে পারে ট্যালেন্ট ডেভলপমেন্ট ম্যানেজার।

শচিন আর দ্রাবিড়ের প্রচুর পার্টনারশিপ দেখেছে ভারতীয় ক্রিকেট। আবার তা দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। শচিনকেও অনুরোধ করা হবে যাতে তিনি মাঝেমধ্যে এনসিএতে সময় দেন। সিনিয়র টিম নিয়ে মতামত দেন। আর চেতেশ্বর পূজারা বা কোহলির মতো কেউ ফর্ম হারালে তাকে যাতে ডেকে বলে দিতে পারেন কোথায় অসুবিধেটা হচ্ছে।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকাটা অনেকটা ভাবা হয়েছে হাই পারফরম্যান্স ম্যানেজারের আদলে যা অস্ট্রেলিয়ান ক্রিকেটে আছে। ভারতীয় ক্রিকেটে কেউ স্বপ্নেও কখনও ভাবেনি। আপাতত সৌরভকে বলা হচ্ছে, টিম ইন্ডিয়ার বিদেশে পারফরম্যান্স উন্নতি করার ব্লু প্রিন্ট তৈরি করো। বিশেষ করে উপমহাদেশের বাইরে। সৌরভের দায়িত্ব হবে টিমের জন্য সার্বিক নির্দেশিকা তৈরি করে দেওয়া। শোনা গেল, উত্তরে সৌরভ বলেছেন যে অনেক কিছু বদলানোর দরকার আছে। যেমন টিম ইন্ডিয়ার কোচ ব্যাটিং স্পেশ্যালিস্ট হলেও আবার ব্যাটিং কোচ রাখে। অথচ কোনো স্পিনিং কোচ রাখে না। যেখানে বেশির ভাগ আমাদের জেতায় স্পিন।

ভারতীয় ক্রিকেট এখন যারা চালাচ্ছেন, সেই ডালমিয়া-মনোহর-অনুরাগরা সৌরভের ক্রিকেটীয় দর্শনকে অসম্ভব সম্মান করেন। তাই কমিটির বাকি দুই সদস্যের তুলনায় আপাতত তিনি বেশি গুরুত্ব পাবেন।

বাংলাদেশ সফর শুরুর আগে এখন কোচ বাছাইয়ের আর সময় নেই বললেই চলে। প্রথম টেস্ট শুরু ১০ জুন, ফতুল্লায়। মে মাসের অর্ধেক হয়ে গেল, কোচের জন্য বিজ্ঞাপণই দেওয়া হয়নি। এই পরিস্থিতিতে সৌরভকে দলের সঙ্গে পাঠানো হতে পারে। তিনি এক রকম ‘সুপার কোচের’ ভূমিকায় থাকবেন।

রবি শাস্ত্রী–তার কী হচ্ছে শেষ পর্যন্ত? কেউ কেউ বলছেন, শাস্ত্রীকে এই কমিটির সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত রাখা উচিত। কোনও একটা দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু বোর্ডে শ্রীনির বিরুদ্ধে পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, শাস্ত্রী তার পছন্দের লোক বলে অপছন্দের তালিকায়। এখনও কিছু চূড়ান্ত নয়। কিন্তু পরিস্থিতির বর্তমান রূপরেখা এটাই।

সৌরভ ইন, শাস্ত্রী আউট।

লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

bsf28লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহতের নাম  অন্তর ইসলাম (২৭)। সে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী রেলওয়ের সান কলোনী পাড়া এলাকার আমিনুরের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয়রা জানায়, ভোরে ভারতের কুচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার টেংরাবান্দা সীমান্তের ৮৪৩ নং মেইন পিলার এলাকা দিয়ে উভয় দেশের একদল গুরু ব্যবসায়ী গরু পারাপার করছিল।

এ সময়  ৬৫ বিএসএফের চায়নাবান্দা ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই অন্তর ইসলাম নিহত হয়। পরে বিএসএফ নিহতের লাশ টেনে হিচড়ে নিয়ে যায়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহম্মদ ফজলুর রহমান হায়াতী জানান, এই হত্যাকান্ডের তীব্র নিন্দা জানানো হয়েছে। লাশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সালাহউদ্দিন রহস্যে যেসব প্রশ্নের উত্তর মিলছে না

salauddin14বুধবার সকালে ভারতে গৌহাটির বিমানবন্দর থেকে গাড়িতে শিলংয়ের দিকে রওনা হওয়ার সময় থেকেই সন্দেহটা দানা বাঁধছিল – পারা যাবে কি সালাউদ্দিন আহমেদের ‘কিডন্যাপিং’ রহস্যের মূলে পৌঁছতে!

মঙ্গলবার থেকেই আন্দাজ করতে পারছিলাম যে মেঘালয় রাজ্যের পুলিশ প্রশাসন মি. আহমেদের ব্যাপারে খুব একটা কথা বলতে চাইছে না।

তাই সেদিকে না গিয়ে প্রথমে টার্গেট করেছিলাম সিভিল হাসপাতালকে।

প্রধান নার্স বা মেট্রনের ঘরে ঢুকলাম – যদি কোনো কথা বার করা যায়।

তারা তো মি. আহমেদ আর তার কিডন্যাপিং – শিলংয়ে হঠাৎ তার আবির্ভূত হওয়া সবকিছু তো ইতিমধ্যেই খবরের কাগজে পড়ে জেনেছেন, তাদের কাছ থেকে আর কি খবর পাওয়া যায় – লক্ষ্য ছিল সেটাই।

কোন্ ডাক্তার চিকিৎসা করছেন, সেটা জানতে পারি? নাহ, “সেটা হাসপাতালের সুপার বলবেন।”

কোন ঘরে আছেন মি. আহমেদ, সেটা দেখা যেতে পারে? সেটা কী হাসপাতাল সুপার বলবেন না পুলিশ সুপার?

পুলিশ সুপারের কাছে গিয়ে যে খুব একটা লাভ নেই, জানি, তাই গেলাম হাসপাতাল সুপারের কাছে।

মি. আহমেদের স্বাস্থ্য কেমন আছে সেটা জানতে চাইলাম, জবাব এল, ‘স্টেবল’ – স্থিতিশীল।
একটা ইন্টারভিউ দেবেন? জবাবে পাওয়া গেল হৃদরোগ বিশেষজ্ঞের নাম, ফোন নম্বর। “ওনার সঙ্গে কথা বলুন”।

কথা হলো ডাক্তার ডি জে গোস্বামীর সঙ্গে। জানালেন, “বুধবার বেশ কিছু পরীক্ষা করিয়েছি। সব রিপোর্ট আসে নি। তবে ইসিজি প্রায় স্বাভাবিক। মি. আহমেদ পুরনো হৃদরোগের কথা বলেছেন। তাই সেদিকেই নজর বেশি দিচ্ছি। কিডনিরও সমস্যা রয়েছে। কিন্তু কথাবার্তায় অসংলগ্ন কিছু লক্ষ্য করি নি। সেরকম হলে তো আমিই মনোরোগ বিশেষজ্ঞ ডাকতাম।”

তবে যে পুলিশ বলল তিনি অসংলগ্ন কথা বলছিলেন – তাই মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল? কে দেবে উত্তর!

এরপরের টার্গেট পোলো গ্রাউন্ড এলাকা। সেখানকার প্যাস্তুর পুলিশ চৌকির কর্মীরাই প্রথম মি. আহমেদকে নিয়ে আসেন।

খুঁজে বার করা গেল কয়েকজনকে – যারা সোমবার সকালে ডিউটিতে ছিলেন।

প্রথমে তো কেউ কথা বলতেই রাজি নন। তারপরে যখন আশ্বস্ত করলাম তাদের নাম প্রকাশ করব না, বা ইন্টারভিউ রেকর্ডও করব না, তখন বলতে শুরু করলেন।

এদের কাছ থেকে টুকরো টুকরো যা পাওয়া গেল, তা হল এরকম:

সোমবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পোলো গ্রাউন্ডের প্রাতভ্রমণকারীরা ফোন করে খবর দেন যে একজন ব্যক্তি উদভ্রান্তের মতো সেখানে ঘুরছেন।

পুলিশ গিয়ে তাকে প্যাস্তুর চৌকিতে নিয়ে আসে। তিনি নিজের পরিচয় দেন সালাউদ্দিন আহমেদ বলে – এটাও বলেন যে তিনি বাংলাদেশের বিএনপি-র নেতা, প্রাক্তন মন্ত্রী। তাকে মুখোশ পরা কয়েকজন ফেলে রেখে গেছে ওই জায়গায়। তার নিজের মুখও ঢাকা ছিল।

তাহলে প্রশ্ন – তার নিজের মুখ ঢাকা থাকলে মুখোশপরা কয়েকজন তাকে সেখানে ফেলে দিয়ে গেছেন তা তিনি দেখলেন কীভাবে?

পুলিশের বক্তব্য তার মোটামুটি পরিষ্কার পোশাক ছিল আর হাতে একটা প্লাস্টিক ব্যাগে আরও এক সেট জামা- প্যান্ট ছিল, তবে কোনো টাকাপয়সা ছিল না। আর কোনও নথিও নেই। গালে প্রায় দিন ১০-১২-র না-কাটা দাড়ি ছিল।

এই অবধি শুনে পুলিশের প্রথমে বিশ্বাসই হয় নি। ভেবেছিলেন প্রলাপ বকছেন। সেজন্যই মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া।

পুলিশ কর্মকর্তার কাছে আমার প্রশ্ন ছিল দুটো।

এক, শিলং শহরে উদভ্রান্তের মতো কাউকে ঘুরতে দেখলেই কি সাধারণ মানুষ পুলিশে খবর দেয় আর পুলিশও চৌকিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে মানসিক হাসপাতালে ভর্তি করায়?

উত্তর এলো, অত ভোরে কেউ উদভ্রান্তের মতো ঘুরছেন, জায়গার নাম জিগ্যেস করছেন – এসব শুনেই পুলিশ গিয়েছিল।

আর দুই, এটা কতটা তারা নিজেরা বিশ্বাস করেন যে একজন বাংলাদেশী নাগরিককে নিয়ে মুখ ঢেকে সীমান্ত পার করে পাহাড়ি রাস্তা দিয়ে প্রায় আশি কিলোমিটার নিয়ে আসা হলো, অথচ কারও চোখে পড়ল না !

এটা পুলিশের বড়কর্তাদেরও জিগ্যেস করেছি। সবারই উত্তর ছিল, “অসম্ভব, অবাস্তব,”!

তাহলে? কীভাবে বাংলাদেশের একজন রাজনীতিবিদ সীমান্ত পেরিয়ে অতটা পাহাড়ি পথ পাড়ি দিয়ে শিলংয়ে পৌঁছলেন?

পুলিশের বড়কর্তারা বলছেন, “হাসপাতালে থাকার জন্য ওনাকে জেরাই তো করতে পারি নি আমরা। কিছুই বোঝা যাচ্ছে না কারা পোলো গ্রাউন্ডে ফেলে গেল। তিনি যেটুকু বলেছেন, সেটা কতটা সত্যি সেটা জানতেও তো দীর্ঘ জেরার দরকার। তারপরে আদালত।”

স্থানীয় দুষ্কৃতিদের মধ্যে যে পুলিশের সোর্স থাকে সেটা জানা কথা। সেখান থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না?

এখনও কিছু পাওয়া যায় নি – উত্তর এক কর্তার।

অতএব.. যে প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছিলাম, সেটা তো পাওয়া গেলই না, কোনো দিশাও দেখা গেল না দিনের শেষে।

দিশা দেখাতে পারেন যিনি, তার কাছে পৌঁছাবার নিয়ম নেই।– বিবিসি।

কানের রেডকার্পেটে তিন বলিউড সুন্দরী

kan13কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে রূপের ঝলকানি ছড়ালেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই, সোনম কাপুর ও ক্যাটরিনা কাইফ। ক্যামেরার ফ্ল্যাশের মধ্য দিয়ে আরও হেঁটে গেলেন মল্লিকা শেরওয়াত ও মালাইকা আরোরা।

কলকাতা ২৪ জানায়, ১৪ বছরের মতো এবারও লরিয়েলের ব্র্যান্ড এ্যাম্বাসাডর হয়ে সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই হাজির হন এই চলচ্চিত্র উৎসবে। প্রথম দিনই তাকে দেখা যায় সোনালি-বাদামী গাউনে।

একই ব্র্যান্ডের প্রতিনিধি হয়ে এসেছেন সোনম ও ক্যাটরিনা। গলায় ভারি কলার নেকলেস, জমকালো জরির কাজের পোশাকে হাজির হন বলিউডের স্টাইল আইকন সোমন।

অন্যদিকে লাল রঙের গাউন পরে পুতুল সেজেই যেন এসেছেন ক্যাটরিনা। এটা ‘চিকনি চামেলি’র প্রথম কানযাত্রা। আমন্ত্রিত অতিথি হিসেবে রেড কার্পেট মাড়িয়েছেন মালাইকা আরোরা, ফ্রিদা পিন্টো ও মল্লিকা শেরওয়াত।

পৃথিবীর অন্যতম প্রাচীন ও প্রভাবশালী চলচ্চিত্র উৎসব কান। ১৯৪৬ সাল থেকে প্রতিবছর এই উৎসব পালিত হয়ে আসছে।

ভেনিস ও বার্লিন চলচ্চিত্র উৎসবের সঙ্গে কানকে মর্যাদাপূর্ণ উৎসবের সম্মান দেওয়া হয়। তাই সব অভিনেত্রীরাই কানের রেড কার্পেটে হাঁটার স্বপ্ন দেখেন।

নেপালের দুর্গতদের সহায়তায় প্রাণ আপ কনসার্ট

concert pran upভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত নেপালের জনগণকে সহায়তা করতে প্রাণ আপ কনসার্ট আয়োজিত হচ্ছে। ২১ মে কলাবাগান মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

বুধবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রাণ বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান।

আনিসুর রহমান জানান, কনসার্টে গান পরিবেশন করবেন এলআরবি, সোলস, ফিডব্যাক, আর্ক, ব্ল্যাক, শূন্য, পেন্টাগনসহ পাওয়ার ভয়েসের সজল ও রেশমী এবং এ সময়ের জনপ্রিয় ব্যান্ড।

সঙবাদ সম্মেলনে জানানো হয়, ২১ মে বেলা তিনটায় কনসার্ট শুরু হবে। ১৪ মে থেকে ঢাকার সব স্বপ্ন আউটলেট থেকে কনসার্টের টিকেট সংগ্রহ করা যাবে। টিকেটের মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। কনসার্টের দিন কলাবাগান মাঠ থেকেও টিকেট সংগ্রহ করা যাবে।

আনিসুর রহমান জানান, টিকেট বিক্রি থেকে পাওয়া অর্থ নেপালের দুর্গতদের সাহায্যার্থে দেয়া হবে। এ কনসার্টের মিডিয়া পার্টনার জাগো নিউজ২৪.কম।

সংবাদ সম্মেলনে প্রাণ বেভারেজ লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার মনিরুল ইসলাম, ই মেকার্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর নাইম আশরাফ ও প্রাণ-এর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনন্তের ভিসা আবেদন প্রত্যাখ্যানের কথা স্বীকার সুইডেনের

ananto bijoyবাংলাদেশের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশের সাম্প্রতিক ভিসার আবেদন প্রত্যাখান করার কথা স্বীকার করেছে সুইডেন।

ব্লগার অনন্ত বিজয় দাশের হত্যার পর সুইডেন সরকার বুধবার একটি বিবৃতি জারি করে বলেছে, তারা অনন্তর ভিসার আবেদন প্রত্যাখান করেছিল, কিন্তু তিনি নিরাপত্তার কারণে সুইডেনে আশ্রয় চেয়ে কোনো আবেদন জানাননি।

এই বিবৃতিতে সুইডেনের সরকার বলেছে, তার হত্যার ঘটনা খুবই মর্মান্তিক।

সুইডিশ সরকার এই বিবৃতিতে জানিয়েছে, অনন্ত আশ্রয়ের আবেদন জানালে তারা তা মূল্যায়ন করে দেখতেন।

সুইডেনে লেখকদের সংগঠন ‘পেন’ মঙ্গলবার তার হত্যাকাণ্ডের পর জানায় অনন্ত দাশের স্টকহোম যাওয়ার জন্য ভিসার আবেদন সুইডেন সরকার প্রত্যাখান না করলে তিনি মঙ্গলবার বাংলাদেশের বদলে সুইডেনে থাকতেন।

পেন  সুইডিশ সরকারের ভিসা প্রত্যাখানের বিষয়টির কড়া সমালোচনা করার পর বুধবার সরকারের দিক থেকে এই বিবৃতি এল।

সিলেটের ব্লগার ও লেখক অনন্ত বিজয় দাশকে মঙ্গলবার ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা।

সিলেট শহরের সুবিদ বাজার এলাকায় নিজের বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল স্থানীয় একটি ব্যাংকে যাওয়ার পথে হামলাকারীরা তাকে কুপিয়ে হত্যা করে।

সুইডেন ও ইউরোপীয় ইউনিয়ন এর আগেও বেশ কয়েকবার বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা, ধর্মাচরণের স্বাধীনতা এবং চিন্তার স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলেছে।

খালেদার আমলে আরও কতো যে নাটক দেখবো!

nasim30সালাহউদ্দিন আহমেদকে তো পাওয়া গেছে। তিনি নাকি এখন ঘুরে বেড়াচ্ছেন। এ নিয়ে কতো যে নাটক হলো। খালেদা জিয়ার আমলে আরও কতো যে নাটক দেখবো, তার কোনো শেষ নেই।

বুধবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটরে) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ কথা বলেন।

এ সময় ৬০০ গরীব রোগীর বিনামূল্যে পা সংযোজন ক্যাম্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদের প্রসঙ্গ তুলে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা শুধু সালাহউদ্দিনকে নিয়ে পড়ে আছে। তারা অলওয়েজ বিজি উইথ সালাহউদ্দিন।

তারা শুধু কে হারিয়ে গেল, কাকে খুঁজে পাওয়া গেল, এসব নিয়েই ব্যস্ত। কিন্তু সালাহউদ্দিনকে তো পাওয়া গেছে। এবার তাকে দেখানো বন্ধ করুন। এখন একটু ভালো ভালো খবর, আশবাদী খবর প্রচার করুন।

নাসিম বলেন, খালেদা জিয়ার আরও কতো যে নাটক দেখতে হবে, তার শেষ নেই। এভাবে চলতে থাকলে তো আসাদুজ্জামান নূরের খানা বন্ধ হয়ে যাবে। কারণ, তার নাটক আর কেউ দেখবে না। এ মন্তব্যের পর উপস্থিত সবাই হাসিতে ফেটে পড়েন।

বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ভারতের মেঘালয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে নিজেই তার স্ত্রীকে মঙ্গলবার ফোনে জানিয়েছেন। গত ১০ মার্চ থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী ডাক্তারদের উদ্দেশ্যে বলেন, আপনারা তো সন্ধ্যায় চেম্বারে বসতেই পারেন। গরীব রোগীদের আরেকটু বেশি সেবা দেওয়ার জন্য বিকেলে আউটডোর খোলা রাখেন। একটু বাড়তি সেবা দেন।

ভারতের ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতির সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে বাংলাদেশ অর্থোপেডিক সমিতি। গত ৭ মে এটি শুরু হয়েছে, যা শেষ হবে ২৪ মে।

নিটরের পরিচালক ডা. ইকবার কাভীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ভারতের ডেপুটি হাইকমিশনার সন্দ্বীপ চট্টপাধ্যায়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক দ্বীন মোহাম্মদ নুরুল হক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, মহাসচিব অধ্যাপক এম. ইকবাল আর্সেলানসহ বাংলাদেশ অর্থোপেডিক সমিতির নেতারা।

৩৪-এ সানি লিওন

sunny291৩৪ তম বছরে পা দিলেন বলিউডের তারকা অভিনেত্রী সানি লিওন।
বুধবার সাবেক এ পর্নো তারকার জন্মদিন। জন্মদিনে স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সময় দিতে পারেননি সানি।
জন্মদিনে স্বামীর সঙ্গে বার্থডে পার্টিটা কাটাতে না পারলেও তা আগাম সেরে নিয়েছেন ইন্দো-কানাডিয়ান এই তারকা অভিনেত্রী। অবশ্য বেশ ব্যস্ততার সঙ্গেই কাটছে সানির জন্মদিনটা।
বলিউডে তিন বছর পার করেছেন সময়ের ব্যস্ত অভিনেত্রী সানি লিওন। প্রায় আধা ডজন সিনেমায় অভিনয়ের পর এখন তার অবস্থান বেশ পাকাপোক্ত।
বেশ কয়েকটি সিনেমায় অভাবনীয় সাফল্যের পরও বলিউডের একাংশ এখনও তাকে পর্নো তারকা হিসেবেই চিহ্নিত করেন। এ বিষয়ে সানির এখনও বেশ আক্ষেপ রয়েছে।
বলিউডের একাধিক সূত্র জানিয়েছে, এতসব সমালোচনা পেছনে ফেলে জন্মদিনে সানি লিওনের শপথ মূল ধারার সিনেমায় অভিনয় করে সমালোচকদের জবাব দেবেন তিনি। সূত্র: জিনিউজ