রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ফটোগ্রাফারদের ওপর ক্ষিপ্ত সিদ্ধার্থ

খুব শিগগিরই মা হতে যাচ্ছেন কিয়ারা আদভানি। সম্প্রতি অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন স্বামী অভিনেতা সিদ্ধার্থ। গাড়ির ভিতরে ঢিলেঢালা পোশাকে ছিলেন কিয়ারা। সিদ্ধার্থ মালহোত্রার পরনে ছিল প্যান্ট ও টিশার্ট।
স্ত্রীকে নিয়ে হাসপাতাল থেকে বেরোবার সময় রাস্তা আটকে দিলেন ফটোগ্রাফাররা। এই পরিস্থিতিতে গাড়ি থেকে নামতে বাধ্য হলেন সিদ্ধার্থ। কপালে হাত দিয়ে ভিতরে বসে কিয়ারা।

ছবি শিকারিদের দৌরাত্ম্যে নাভিশ্বাস ওঠার অবস্থা তারকাদের।
প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করতে চান ফটোগ্রাফাররা। একটা মুহূর্তে বাদ দেওয়া যাবে না। শরীরচর্চা কেন্দ্র থেকে রেস্তোরাঁ কিংবা হাসপাতাল— কোথাও নিস্তার নেই তারকাদের। নিয়মমাফিক পরীক্ষার জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেতেই তাঁদের ছবি তোলার জন্য একেবারে গাড়ির সামনে এসে পড়েন ছবিশিকারিরা, আটকে দেন পথ।

তাতেই মেজাজ হারান অভিনেতা। গাড়ি থেকে নেমে বলেন, ‘‘চুপ, একদম সরুন এখান থেকে। পিছনে সরুন। ক্যামেরা বন্ধ করুন। মাথা গরম করাবেন না একদম।
’’ আপাতদৃষ্টিতে ঠান্ডা মাথার মানুষ বলেই মনে হয় সিদ্ধার্থকে, মিতভাষী। কিন্তু বুধবার তিনি মেজাজ হারিয়ে ফেললেন ছবিশিকারিদের দৌরাত্ম্যের কারণে।

গত ফেব্রুয়ারি মাসেই সুখবর দিয়েছেন সিদ্ধার্থ ও কিয়ারা, এ বার দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তারকা দম্পতি জানিয়েছিলেন, তাঁদের সংসারে আসতে চলেছে নতুন সদস্য। এই মুহূর্তে নতুন কোনও কাজ হাতে নেননি সিদ্ধার্থ। গোটা সময়টাই স্ত্রী কিয়ারাকে দিতে চান।

জাতীয় নির্বাচনে ইসিকে সহায়তা করতে চায় অস্ট্রেলিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলি।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সুসান রাইলি বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি।
অস্ট্রেলিয়া আশা করে, এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত।

এর আগে বিভিন্ন দেশের কূটনীতিকরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছেন। অনেক দেশ নির্বাচনী সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছে।
ইতিমধ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) নির্বাচন কমিশনকে নির্বাচনী উপকরণ সরবরাহের মাধ্যমে সহায়তা দিচ্ছে।

রণবীর একজন ভালো বাবা, এটাই যথেষ্ট : রাহুল ভাট

বলিউড সুপারস্টার রণবীর কাপুর একজন ভালো বাবা হলেও ভালো অভিনেতা নন। এমনটাই মনে করেন রণবীরের স্ত্রীর বড় ভাই রাহুল ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর কাপুর প্রসঙ্গে এসব কথা বলেন রাহুল।

ফিটনেস বিশেষজ্ঞ রাহুল ভাট যিনি নির্মাতা মহেশ ভাটের প্রথম স্ত্রী কিরণের সন্তান।
সাক্ষাৎকারে তার পরিবার নিয়ে কথা বলার সময় রাহুল আলিয়া ভাট ও তার ভগ্নিপতি রণবীর কাপুরকে নিয়েও মন্তব্য করেন। তিনি রণবীর কাপুরকে একজন চমৎকার বাবা হিসেবে প্রশংসা করেন। তবে স্পষ্টভাবে বলেছেন যে, রণবীরের অভিনয় নিয়ে কোনো আগ্রহ নেই তার।

হিন্দি রাশকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমি রণবীরের কাজ দেখি না, তবে আমি জানি সে তার মেয়ে রাহাকে খুব ভালোবাসে।
ব্যস, বাবা হিসেবে ভালো।’

তিনি আরও বলেন, ‘আমি এটুকুর জন্যই তাকে সম্মান করি। আমি তার অভিনয় সম্পর্কে কিছুই জানি না, আর জানতেও চাই না। কে অভিনেতা, কে ‘অ্যানিম্যাল’, কে কাপুর – এসব আমার কিছু আসে যায় না।
শুধু এটুকুই আমার কাছে গুরুত্বপূর্ণ যে সে একজন ভালো বাবা। সে তার মেয়েকে অনেক ভালোবাসে, আর আমার জন্য সেটাই যথেষ্ট।’

এর পাশাপাশি রণবীর কাপুরের ব্যক্তিত্বের প্রশংসাও করেন রাহুল। জানান, একটি মানুষের চরিত্র মূল্যায়নের মাপকাঠি কখনোই তার আর্থিক সাফল্য হতে পারে না। তার ভগ্নিপতি রণবীর তার সৎবোনের প্রতি সবসময় সম্মানজনক আচরণ করেছেন বলেও জানান রাহুল।

তিনি বলেন, “খ্যাতি, টাকা, সাফল্য — এসব আসবে যাবে, কিন্তু একজন মানুষ হিসেবে রণবীর একজন চমৎকার। তিনি আমার সৎবোনকে সম্মান করেন, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি সবকিছুই গৌণ।”

মহেশ ভাটের পুত্র রাহুল ভাট একজন ফিটনেস ট্রেনার। বলিউডের অনেক তারকাকে প্রশিক্ষণ দিয়েছেন তিনি। ২০১০ সালে বিগ বস ৪-এর প্রতিযোগী ছিলেন রাহুল। ভাট পরিবারের সদস্য হলেও মিডিয়ায় খুব অল্প কথা বলেন রাহুল।

কক্সবাজারে প্রায় ১২ হাজার একর বনভূমি উদ্ধার হচ্ছে : রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বিভিন্ন সংস্থার জন্য বরাদ্দকরা কক্সবাজারের প্রায় ১২ হাজার একর বনভূমি বন বিভাগের কাছে ফেরত দেওয়া হচ্ছে।

তিনি বলেন, কক্সবাজারের নদী, বনভূমি ও সি-বিচ দখল ও দূষণমুক্ত করা হবে। প্রতিবেশগত সংকটাপন্ন এলাকাতে (ইসিএ) অনুমতি ছাড়া কোনো কিছু নির্মাণ করা যাবে না। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো সরকারি বা বেসরকারি নির্মাণ বিবেচনায় নেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার কক্সবাজারের বাকখালী নদীর তীরে পৌরসভার ময়লার ভাগাড় পরিদর্শনের পর সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, বিধি লঙ্ঘিত হলে তা আইনগতভাবে মোকাবিলা করা হবে। সি-বিচ দখল ও দূষণের লাগাম এখনই না টানলে এটি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পত্তিতে পরিণত হবে। এটা হতে দেওয়া হবে না।
বর্তমান সরকার সীমিত সময় বিবেচনায় কয়েকটি কাজ অগ্রাধিকার ভিত্তিতে করছে।

তিনি জানান, কক্সবাজারের ৭০০ একর বনভূমি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এক ব্যক্তি ১৫০ একর বনভূমিতে বিল্ডিং নির্মাণ করছে, সেটিও বন্ধ করা হচ্ছে। ফুটবল একাডেমির জন্য বরাদ্দ ২০ একর জমি ফেরত আনা হচ্ছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর ৫১ একর জমি উদ্ধারে জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। সোনাদিয়া দ্বীপে বেজার জন্য বরাদ্দকৃত জমিও বন বিভাগের আওতায় ফেরত আনার প্রক্রিয়া চলছে।

এসময় আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. নাজমুল আহসান, কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ্উদ্দিন, পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন, চট্টগ্রাম বন সার্কেলের বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক রুবাইয়া আফরোজ। সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

ভয়াবহ দাবানলের কবলে ইসরায়েল

ইসরায়েলে কয়েকটি এলাকায় ভয়াবহ দাবানল শুরু হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বুধবার (২৩ এপ্রিল) আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বিবেচনায় পুলিশ বেশ কয়েকটি কেন্দ্রীয় শহর খালি করে দিয়েছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যইসরায়েলর মোশাভ তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়।
তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেইত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া বেইত শেমেশ এলাকায় আগুন লাগার কারণে পুলিশ মধ্য ইসরায়েল থেকে জেরুজালেমে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ট্র্যাফিক রুট ৩৮ বন্ধ করে দিয়েছে এবং এশতাওল, বেইত মেইর ও মেসিলাত জিওন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে।

ইসরায়েলের জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কর্তৃপক্ষ জানিয়েছে, ১১টি অগ্নিনির্বাপক বিমান এবং সারা দেশ থেকে ১০০ জনের বেশি কর্মী জেরুজালেম পাহাড়ের এশতাওল এলাকায় আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।

ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির একজন মুখপাত্র জানিয়েছেন, আগুন নেভাতে গিয়ে ৯ জন ব্যক্তি আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন দমকলকর্মী এবং দুইজন বেসামরিক নাগরিক। তিনি বলেন, দাবানলের স্থান থেকে জেরুজালেম প্রায় ২৫ কিলোমিটার দূরে। এরপরও জেরুজালেমের আকাশ ধোঁয়ায় আচ্ছন্ন, বাতাসের মানের স্তর হ্রাস পেয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, রেহোভোটের কাছে মহাসড়ক ধরে হেঁটে যাওয়া লোকজনের ভিড়, চারিপাশ ভারি ধোঁয়ায় আচ্ছন্ন। প্রসঙ্গত, এটাই প্রথম নয়, দীর্ঘ ও শুষ্ক গ্রীষ্মকালের কারণেইসরায়েল এর আগেও অনেকবার দাবানল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে।

বক্স অফিসে এগিয়ে ‘কেসারি ২’, ধুঁকে ‍ধুঁকে চলছেন ‘জাট’

শুক্রবার মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন সিনেমা ‘কেসারি : চ্যাপ্টার টু’। দেশাত্মবোধক ঘরানার সিনেমাটি দর্শক প্রশংসার পাশাপাশি বক্স অফিসে আয়ের ধারা কিছুটা ধরে রেখেছে। যদিও আয়ের অঙ্ক বেশ কম, তবে এই মুহুর্তে সানি দেওলের জাটের সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিসের চালকের আসনে অক্ষয়।

মুক্তির প্রথম দিন অক্ষয় কুমার অভিনীত সিনেমাটি ৭ কোটি ৭৫ লাখ টাকা আয় দিয়ে বক্স অফিসে যাত্রা শুরু করে।
বুধবার (২৩ এপ্রিল) মুক্তির পর ষষ্ঠ দিনে বক্স অফিসে অক্ষয় কুমারের সিনেমাটি ৩ কোটি ২০ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবারের তুলনায় আয় কিছুটা কমেছে এদিন। ফলে বর্তমানে কেশরী চ্যাপ্টার ২-এর মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৪২ কোটি ২০ লাখ টাকায়।

এর আগে শনিবারে কেসারি ২-এর আয় ৯.৭৫ কোটি ও রবিবারে এবং রবিবারে আয় বেড়ে হয় ১২ কোটি।
সোমবারে আয়ের কিছুটা পতন হয়। এদিন ৪ কোটি ৫০ লাখ টাকা ঘরে তুলেছে সিনেমাটি। পঞ্চম দিনে আয় করেছে ৫ কোটি টাকা।

করণ সিং ত্যাগীর পরিচালনায় ‘কেসারি : চ্যাপ্টার টু’তে সি. শঙ্করণ নায়ারের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে।
অক্ষয়ের সঙ্গে সিনেমাটিতে আরো আছেন আর মাধবান ও অনন্যা পাণ্ডে। ১৮ এপ্রিল মুক্তি পেয়েছে এটি।

এদিকে মুক্তির দ্বিতীয় সপ্তাহে সানি দেওলের জাটের আয় বেশ কমতির দিকেই। বুধবার সিনেমাটি বক্স অফিসে মাত্র ১ কোটি ৯ লাখ টাকা আয় করতে পেরেছে। বর্তমানে ভারতীয় বক্স অফিসে জাট-এর মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৭৯ কোটি ২২ লাখ টাকা।

মুক্তির প্রথম সপ্তাহে এটি ৬১ কোটি ৬৫ লাখ টাকা আয় করেছে। দ্বিতীয় শুক্রবার সেই আয়ের পরিমাণ ছিল ৪ কোটি টাকা। শনিবার কিছুটা আয় কমে হয় ৩.৭৫ কোটি টাকা। রবিবার ৫ কোটি টাকা ঘরে তুলেছে জাট। সোমবার দিন ১ কোটি ৮৫ লাখ টাকা আয় করেছে। মঙ্গলবার আয় তুলেছে ১ কোটি ৮৮ লাখ টাকা।

গত ১০ এপ্রিল মুক্তি পেয়েছে জাট। সিনেমাটি পরিচালনা করেছেন গোপী চাঁদ মালিনেনি। মুল ভূমিকায় অভিনয় করেছেন সানি দেওল। আরো রয়েছেন রণদীপ হুদা ও সাইয়মি খের।

কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

কাতারের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৩ এপ্রিল) দেশটির রাজধানী দোহায় ‘কাতার ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ এখন নতুন করে ব্যবসায় ফিরেছে এবং তা বড় পরিসরে। এছাড়া অন্তর্বর্তী সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে নানান পদক্ষেপ নিয়েছে এবং দুর্নীতিমুক্ত ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার প্রতিশ্রুতিতে কাজ করছে।
সেটি পূরণের লক্ষ্যে কাতারের বিনিয়োগকারীদের অংশীদারিত্ব কামনা করেন তিনি।

বক্তব্যে তিনি এক সময়ের অনুপ্রেরণামূলক একটি গল্প তুলে ধরেন— যেখানে কীভাবে বাংলাদেশ নরওয়ের টেলিনরকে দেশে বিনিয়োগে রাজি করিয়েছিল এবং যা পরবর্তীতে কোম্পানিটির সবচেয়ে লাভজনক প্রকল্পে পরিণত হয়। এছাড়াও যদি কখনো বাংলাদেশকে বিনিয়োগের গন্তব্য হিসেবে ভাবেন, তবে এখনই তার জন্য সবচেয়ে উপযুক্ত সময় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা ফওজুল কবির খান জানান, অন্তর্বর্তীকালীন সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন বাংলাদেশের মোট ঋণের পরিমাণ ছিল ৩.২ বিলিয়ন মার্কিন ডলার।
এখন তা কমে দাঁড়িয়েছে ৬০০ মিলিয়নে। এর মধ্যে কাতার এনার্জির বকেয়া ২৫৪ মিলিয়ন ডলার, যা বুধবারের মধ্যে সম্পূর্ণ পরিশোধ হয়েছে।

তিনি জ্বালানি নিরাপত্তা ও উন্নত অবকাঠামোগত পরিকল্পনার কথা তুলে ধরেন, যা কাতারের জন্য সুফল বয়ে আনবে বলে জানান।

অনুষ্ঠানে বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী দেশটির বিনিয়োগকারী এবং প্রবাসী বাংলাদেশিদের সামনে দেশের বিনিয়োগ সুযোগ ও সরকারের গৃহীত সংস্কার কার্যক্রম তুলে ধরেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আর সমাপনী বক্তব্য রাখেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিক ও তার স্ত্রী, সন্তানসহ নিহত ৪৫

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুল ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে টার্গেট করে চালানো হয়েছে এই হামলা। গত ২৪ ঘণ্টারও কম সময়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৫ জন, যাদের মধ্যে রয়েছেন একজন সাংবাদিক, তার স্ত্রী ও সন্তান।

আলজাজিরার লাইভ আপডেটে বলা হয়, বুধবার ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা শুরু হয়।
এতে বহু বাসিন্দা আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আল জাজিরার সংবাদদাতা জানান, গাজা সিটির উত্তরের শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়িতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালায়। এই হামলায় কমপক্ষে ছয়জন নিহত হন, যাদের মধ্যে চারজন শিশু এবং একজন নারী রয়েছেন।

নিহতদের মধ্যে রয়েছেন আল-আকসা রেডিওর সাংবাদিক সাঈদ আবু হাসানাইন।
মধ্য গাজার দেইর এল-বালাহ অঞ্চলে তাঁবুতে অবস্থান করার সময় বোমা হামলায় তিনি, তার স্ত্রী ও কন্যা প্রাণ হারান।

সাত মাসের বেশি সময় ধরে চলছে রক্তক্ষয়ী সংঘাত

২০২৩ সালের ৭ অক্টোবর গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে অভ্যুত্থানমূলক হামলা চালায়। এতে প্রায় ১ হাজার ২০০ ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওই হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
যদিও চলতি বছরের ১৯ জানুয়ারি থেকে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, তবে ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের হামলা শুরু করে।

মানবাধিকার সংস্থাগুলোর হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় প্রাণ হারিয়েছেন ৫১ হাজারেরও বেশি মানুষ। নিহতদের বড় একটি অংশই নারী ও শিশু। গাজায় চলমান এই সহিংসতা ও মানবিক বিপর্যয় নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। আন্তর্জাতিক সংস্থাগুলো অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানালেও এখন পর্যন্ত পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে না।

গুলেরের গোলে শিরোপার লড়াই জমিয়ে রাখল রিয়াল

লা লিগায় শিরোপার লড়াইয়ে আবারও উত্তেজনা ছড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। তরুণ তারকা আর্দা গুলেরের একমাত্র গোলে গেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়ে বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান চারে নামিয়ে এনেছে লস ব্লাঙ্কোরা।

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর চাপের মুখে পড়া রিয়াল মাদ্রিদের জন্য ম্যাচটি ছিল প্রমাণের মঞ্চ। কার্লো আনচেলত্তির দল চাপ সামলে নিয়ন্ত্রিত পারফরম্যান্সে তুলে নেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট।

ম্যাচের ২১তম মিনিটে গুলেরের জোরালো শট গেতাফের গোলরক্ষক সোরিয়ার হাত ছুঁয়ে জালে জড়িয়ে যায়। ম্যাচে রিয়াল একাধিক সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেনি। দ্বিতীয়ার্ধে গেতাফেও কয়েকবার আক্রমণে ওঠে, কিন্তু থিবো কোর্তোয়ার দুর্দান্ত সেভে তারা গোল বঞ্চিত হয়।

আসন্ন কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে রিয়াল মাদ্রিদের একাদশে ছয়টি পরিবর্তন আনেন কোচ কার্লো আনচেলত্তি।
কার্ড নিষেধাজ্ঞার কারণে কিলিয়ান এমবাপ্পে আগে থেকেই অনুপস্থিত ছিলেন। এদিন বেঞ্চে রাখা হয় জুড বেলিংহাম ও রদ্রিগোকেও। এছাড়াও একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ লুকা মড্রিচ, অ্যান্তোনিও রুডিগার ও এদুয়ার্দো কামাভিঙ্গার। তাদের জায়গায় শুরু থেকে মাঠে নামেন তিন তরুণ প্রতিভা—এন্ড্রিক, আর্দা গুলের ও ব্রাহিম দিয়াজ।

ম্যাচের ৭৭তম মিনিটে হঠাৎ করেই খেলা কিছুক্ষণের জন্য থেমে যায়। রেফারি দুই দলের ম্যানেজার ও এক পুলিশ কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন। তার আগে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার চুয়োমেনি রেফারির দৃষ্টি আকর্ষণ করে কিছু অভিযোগ তোলেন। এরপর স্টেডিয়ামে ঘোষণা দিয়ে দর্শকদের বর্ণবাদী মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

শেষ পর্যন্ত আর্দা গুলেরের একমাত্র গোলে রিয়াল মাদ্রিদ মাঠ ছাড়ে স্বস্তির জয় নিয়ে।
এই জয়ে লিগের শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে তাদের ব্যবধান এখন মাত্র চার পয়েন্ট, বাকি আছে পাঁচটি ম্যাচ। সামনে ১১ মে এল ক্লাসিকো –যা শিরোপার ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। এর আগে সেভিয়ার মাঠে আগামী শনিবার কোপা দেল রে’র ফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা।

ম্যাচ শেষে মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি বলেন, ‘আজকের লক্ষ্য ছিল তিন পয়েন্ট নিশ্চিত করা, আর সেটা আমরা করতে পেরেছি।প্রথমার্ধে দল দারুণ খেলেছে। তবে দ্বিতীয়ার্ধে একটু ভুগতে হয়েছে, কারণ গেতাফে তখন আমাদের উপর বেশি চাপ সৃষ্টি করে। ফলে বলের নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।’

বাণিজ্যযুদ্ধ অবসানের আভাস যুক্তরাষ্ট্র-চীনের

চীন ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক কিছু মন্তব্যে দুই দেশের শুল্কযুদ্ধ ও বাণিজ্যযুদ্ধ অবসানের আভাস পাওয়া গেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। গতকাল বুধবার এএফপির প্রতিবেদনে এ বিষয়টি উল্লেখ করা হয়।

চীন গতকাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার দুয়ার খোলা। এর এক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের পণ্য আমদানিতে আরোপিত শুল্ক ‘উল্লেখযোগ্য হারে’ কমানোর দিকে ইঙ্গিত দেন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বেইজিংয়ের এক দৈনিক সংবাদ সম্মেলনে গতকাল বলেন, ‘চীন আরো আগেই উল্লেখ করেছে যে শুল্কযুদ্ধ ও বাণিজ্যযুদ্ধে কেউ জয়ী হয় না। (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আলোচনার দরজা খোলা আছে।’

এর আগে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘শুল্ক আরোপের উদ্যোগ সব দেশের স্বার্থ পরিপন্থী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে শি মন্তব্য করেন, বাণিজ্যযুদ্ধ সব দেশের বৈধ অধিকার ও স্বার্থকে ক্ষুণ্ন করে, বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থার ক্ষতি করে এবং সার্বিকভাবে বৈশ্বিক অর্থনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করে।
’

এমন সময় শি এই মন্তব্য করলেন যখন বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনৈতিক ক্ষমতাসম্পন্ন দেশের মধ্যে সব ধরনের সম্পর্ক কার্যত স্থবিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বেইজিং-ওয়াশিংটন সাম্প্রতিক সময়ে একে অন্যের রপ্তানি পণ্যের ওপর শাস্তিমূলক ও অযৌক্তিক শুল্ক আরোপ করেছে।

চীন থেকে আসা বেশির ভাগ পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। অন্যদিকে চীনও মার্কিন পণ্য আমদানিতে ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে।
দুই পরাশক্তির এই বাণিজ্যযুদ্ধে বৈশ্বিক অর্থনৈতিক মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে গত মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৫ সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৩.৩ শতাংশ থেকে কমিয়ে ২.৮ শতাংশ করেছে। তবে গতকাল ট্রাম্প এবং তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ইতিবাচক বক্তব্যের পর বৈশ্বিক পুঁজিবাজারে খানিকটা স্বস্তি ফিরে এসেছে। ট্রাম্প এবং তাঁর কর্মকর্তাদের বক্তব্যে শিগগিরই বেইজিং-ওয়াশিংটন বাণিজ্যচুক্তির আভাস পেয়েছেন বিশ্লেষকরা।

গত মঙ্গলবার বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়।
তিনি আশা করছেন, উভয় পক্ষ শিগগিরই বাণিজ্যচুক্তি করবে।

বেসেন্টের মন্তব্যের পর ট্রাম্প স্বীকার করেন, চীনের আমদানি পণ্যে আরোপ করা শুল্ক ‘অনেক বেশি’ এবং শিগগিরই ‘এটা উল্লেখযোগ্য আকারে কমে আসবে’। তখন (শুল্ক) বর্তমান হারের ধারেকাছেও থাকবে না বলে যোগ করেন ট্রাম্প। ট্রাম্প আরো বলেন, ‘তবে এই শুল্ক একেবারে শূন্যতেও নেমে আসবে না। পরিশেষে তাদের চুক্তিতে আসতেই হবে, কারণ চুক্তি না করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা ব্যবসা করতে পারবে না।’

এদিকে সংবাদ সম্মেলনে ট্রাম্প আরো জানান, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েলকে বরখাস্ত করারও কোনো পরিকল্পনা নেই তাঁর। তবে তিনি চান জেরোম পাওয়েল সুদ হার কমিয়ে দিক। গত সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে জেরোম পাওয়েলকে ‘মিস্টার টু লেট’ অভিহিত করে পোস্ট দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি জানান, মার্কিন অর্থনীতি চাঙ্গা করতে এখনই সুদহার কমানো উচিত।

ট্রাম্পের এই মন্তব্যের পর ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো বেড়ে যায়। একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের সময় বেসেন্টের এই মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো চাঙ্গা হয়। এ ছাড়া গতকাল এশিয়ার প্রধান স্টক এক্সচেঞ্জগুলোও ছিল ঊর্ধ্বমুখী।