রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

শিগগির আইসিটি আইন হতে যাচ্ছে : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘অনলাইনে মানুষের মত প্রকাশের স্বাধীনতা এবং অনলাইনে শাস্তিযোগ্য কোনো অপরাধ করলে সেটির শাস্তি নিশ্চিতে সংসদে একটি স্বাক্ষ্য আইন উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এর সঙ্গে আইসিটি আইনও পাশ হবে।’

জন্মহারের চেয়ে ফেসবুক ব্যবহারকারী বেশি : পলক

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রতি ১২ সেকেন্ডে একজন ফেসবুক ব্যবহারকারী বাড়ছে, যা আমাদের জন্মহারের চেয়ে বেশি।’

১১ মাসে এডিপি বাস্তবায়ন ৬৭ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক : চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়িত হয়েছে ৬৭ শতাংশ, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৬ শতাংশ।

রাজধানীতে বিলবোর্ড অপসারণ শুরু

নিজস্ব প্রতিবেদক : পরিচ্ছন্ন ও নিরাপদ নগরী গড়তে রাজধানীর ফুটপাত দখলমুক্ত করার অভিযানের পাশাপাশি অবৈধ ও ঝুঁকিপূর্ণ বিলবোর্ড অপসারণের কাজও শুরু করেছে সিটি করপোরেশন।

সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সিলেট : সিলেটের জৈন্তাপুর উপজেলায় গাছখুড়ি বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক যুবক নিহত হয়েছেন। 

‘স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানে জনগণের আস্থা নেই’

অর্থনৈতিক প্রতিবেদক : দেশে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণ আস্থা রাখতে পারছে না বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

ফিফা ভাইস প্রেসিডেন্ট হতে পারি: ম্যারাডোনা

maradona9সেপ ব্ল্যাটারের জায়গায় কে ফিফা প্রেসিডেন্টের কুর্সিতে বসবেন? জর্ডানের প্রিন্স আলি বিন আল-হুসেন? উত্তরটা এখনও স্পষ্ট নয়। তবে আলি বিন ফিফা প্রেসিডেন্ট হলে দিয়েগো ম্যারাডোনার সমর্থকরা উচ্ছ্বসিত হতে পারেন। ফুটবলের রাজপুত্র স্বয়ং জানিয়ে দিয়েছেন তিনি ফিফার ভাইস প্রেসিডেন্ট হতে চান। আর এ বার আলি বিন যদি ফিফা প্রেসিডেন্ট হন, তার ফিফায় আসার সম্ভাবনা উজ্জ্বল।

আর্জেন্টিনার একটি টিভি চ্যানেলে ম্যারাডোনা বলেছেন, ‘‘প্রিন্স আলি জিতলে আমার সামনে অনেক সুযোগ থাকবে ফিফার ভাইস প্রেসিডেন্ট হওয়ার।’’ ১৯৮৬-র বিশ্বকাপজয়ী ও প্রাক্তন আর্জেন্টেনীয় কোচ ফুটবলের সঙ্গে শেষ যুক্ত ছিলেন তার দেশের প্রিমিয়ার লিগের চতুর্থ ডিভিশন ক্লাব দেপোর্তিভো রিয়েস্ত্রার ‘আধ্যাত্মিক কোচ’ হিসেবে। দীর্ঘদিন ধরেই যিনি ব্ল্যাটারের বিরোধী। সুযোগ পেলেই ব্ল্যাটারকে তুলোধোনা করতে কখনও ছাড়েননি। ব্রাজিল বিশ্বকাপে মেসির সোনার বল পাওয়া নিয়েও ফিফাকে বিঁধেছিলেন ম্যারাডোনা। বলেছিলেন, এটা ফিফার বাণিজ্যিক কৌশল। আর গত মাসে তো ব্ল্যাটারকে তিনি সটান ‘স্বৈরাচারী’ই বলে দেন।

মহাকেলেঙ্কারির চাপে ব্ল্যাটার সরে যাওয়ায় এবার নিজেই ম্যারাডোনা বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার সংস্কারের কাজে সাহায্য করতে এগিয়ে এসেছেন। তাই জর্ডানের প্রিন্স আলিকে সমর্থন করছেন তিনি। সে রকমই মনে করা হচ্ছে। পাশাপাশি অবশ্য ব্ল্যাটারের বিরুদ্ধে তোপ দাগাও সমানতালে চলছে আর্জেন্তিনীয় কিংবদন্তির। হঠাৎ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চারদিন পর ব্ল্যাটার সরে দাঁড়ানো প্রসঙ্গে ম্যারাডোনার মন্তব্য, ‘‘এফবিআই আর সুইস পুলিশের ভয় ছিল ব্ল্যাটারের। হাতকড়া পরে ব্ল্যাটারের ফিফা ছাড়ার ভয়ও ছিল। আমি যদি ফিফায় আসি। সব কেলেঙ্কারি মুছে দেব।’’

শুধু ব্ল্যাটারই নন, উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকেও ছাড়েননি ম্যারাডোনা। তিনি বলে দেন, ‘‘আগে ওকে সম্মান করতাম। কিন্তু পরে বুঝতে পারলাম ওর কথার কোনো দাম নেই।’’ এ ছাড়া বলেছেন, পর্তুগালের প্রাক্তন তারকা লুই ফিগোর প্রেসিডেন্ট হওয়ার কোনো সুযোগ নেই।

১১৭ কিলোর মডেল!

model117উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। ওজন ১১৭ কিলোগ্রাম। তিনি টিস হলিডো- আমেরিকার ‘প্লাস সাইজ’ সুপার মডেল। অনুপমের গানের মতো জীবনে তার একটাই স্লোগান, ‘আমাকে আমার মতো থাকতে দাও।’

মডেল মানেই স্লিম-ট্রিম চেহারা হতে হবে- এই ধারণাকে স্ট্রেট ব্যাটে ছক্কা হাঁকিয়েছেন ২৯ বছরের এই মডেল। টিসকে কেউ মোটা বললে তার কিছু যায় আসে না। কারণ মোটা তার কাছে কোনো বিশেষণ নয়। কেবলমাত্র একটি আভিধানিক শব্দ।

তিনি কি জনপ্রিয়?

উত্তর দিচ্ছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে তার প্রোফাইলে লাইক এক মিলিয়ন ছাড়িয়েছে। ইনস্টাগ্রামে যেন ভক্তদের ‘সুনামি’, সংখ্যাটা প্রায় আট লক্ষ। ছোট থেকেই লোকে তাকে মোটা বলে। তিনি তাতে খুশি। তার কথায়, ‘‘বাবাও আমার বেঢপ চেহারা নিয়ে ঠাট্টা করতেন। আমি খেতে ভালোবাসি। চকোলেট আমার ফেভারিট। রোগা হওয়ার জন্য কখনও ডায়েট করিনি। এটা আমার দোষ হতে পারে। সকলেরই কোনও না কোনও দোষ থাকে। তবে, আমার দোষটা সকলে সামনাসামনি দেখতে পায় এটা বেশ ভালো একটা ব্যাপার।’’ হলিডো মনে করেন, জীবন এমনিতেই খুব একঘেয়ে। তাই ডায়েট করে বা না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই।

এ হেন টিসের জীবনেও প্রেম আছে। এই চেহারা নিয়েই খুশি তার প্রেমিক নিক। কিন্তু এই চেহারায় মডেলিং? টিসের কাছে এটাই চ্যালেঞ্জ। “প্রত্যেকেই নিজের মতো করে সুন্দর। সৌন্দর্যকে দেখার দৃষ্টিভঙ্গী বদলানো উচিত আমাদের। সুন্দর বা অসুন্দর- প্রত্যেকেরই নিজের মতো করে জায়গা পাওয়া দরকার। তাই সমাজের কাছে আমার এই চেহারায় মডেলিংটাই চ্যালেঞ্জ।”- জানিয়েছেন সুপারমডেল।

অতএব মোটা বলে মনখারাপ করে ঘরের কোণে লুকিয়ে থাকার দিন শেষ। জীবনে নিজের শর্তে বাঁচার রুট ম্যাপ বাতলে দিলেন টিস হলিডো।

‘নিজে যেচে মোদির সঙ্গে দেখা করে কাঠগড়ায় খালেদা’

modi kkএই শিরোনাম দিয়ে ভারতের কলকাতার আনন্দবাজার পত্রিকা আজ একটি প্রতিবেদন ছেপেছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করার জন্য নিজেই উদ্যোগী হয়ে সময় চেয়েছিলেন খালেদা জিয়া। কিন্তু ক্ষণিকের সেই তার বৈঠকে লাভ কী হলো?

মোদি ফিরে যাওয়ার ২৪ ঘণ্টা পরে বাংলাদেশের সর্বত্র আলাপ-আলোচনায় এখন এটাই প্রধান মুখরোচক বিষয়।

সাধারণ মানুষ তো বটেই, বিএনপি নেতাদের একাংশও মনে করছেন- মোদির সঙ্গে দেখা করতে গিয়ে মুখ পুড়িয়েছেন খালেদা জিয়া, এবং এর জন্য তার একগুঁয়ে মনোভাবই দায়ী। গত সাধারণ নির্বাচনে দলকে অংশগ্রহণ করতে না-দিয়ে বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় এখন কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে বিএনপি। সংসদে কোনো প্রতিনিধি না-থাকায় সফরে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে বিএনপি ও তার নেত্রী খালেদা জিয়ার কূটনৈতিক গুরুত্ব তলানিতে ঠেকেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সেই অসহায় অবস্থাটিই হাটে হাঁড়ি ভাঙা হয়ে গিয়েছে মোদির সঙ্গে দেখা করতে গিয়ে। প্রোটোকল মেনে ভারতের প্রধানমন্ত্রীর কাছে খালেদার আগে সময় পেয়েছেন জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদ, জাসদ-এর হাসানুল হক ইনু এবং ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন। রওশন সংসদে বিরোধী নেত্রী, ইনু ও মেনন হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। সরকারের শরিক হিসেবে সংসদে তাদের বেশ কয়েক জন করে প্রতিনিধি রয়েছেন। তাই খালেদাকে বসিয়ে রেখে তার সামনেই ইনু-মেননদের ডাক পড়ে মোদির সঙ্গে আলোচনার জন্য। সবার শেষে খালেদার জন্য তখন মিনিট দশেক সময় হাতে ছিল মোদির।

সময় পাবেন না বুঝেই নিজের বক্তব্য একটি কাগজে নোট করে নিয়ে গিয়েছিলেন খালেদা। কিন্তু সেগুলির সব ক’টি তিনি পড়েও উঠতে পারেননি বলে কূটনৈতিক সূত্রের খবর। কিন্তু যে ভাবে সরকারের বিরুদ্ধে তিনি বিদেশি রাষ্ট্রপ্রধানের কাছে নালিশ করেছেন, দেশে গণতন্ত্র নেই বলে অভিযোগ করেছেন, তাতেও প্রশ্ন উঠেছে।

বিএনপি নেতা মইন খান অবশ্য যুক্তি দিয়েছেন, ‘‘মোদি নিজে গণতান্ত্রিক মানুষ। গণতান্ত্রিক পথেই তিনি সমাজের সাধারণ স্তর থেকে প্রধানমন্ত্রীর আসনে উঠে এসেছেন। সে জন্যই তার কাছে বাংলাদেশে গণতন্ত্র না-থাকার অভিযোগটি তুলেছেন বিএনপি নেত্রী। এতে অন্যায়ের কিছু নেই।’’ নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন থেকে দুর্নীতি দমন কমিশন- সব সংস্থাকে হাসিনা সরকার কুক্ষিগত করে নিজের হাতিয়ার করেছে বলেও খালেদা মোদির কাছে নালিশ করেছেন।

কূটনৈতিক সূত্রে খবর, শুধু নিজের দেশের সরকারই নয়, দিল্লিতে আগের মনমোহন সরকারের বিরুদ্ধেও খালেদা অনুযোগ করেছেন নরেন্দ্র মোদির কাছে।

মোদির কাছে বিএনপি নেত্রীর অভিযোগ, মনমোহন সরকারের প্রশ্রয়েই ভোটের ‘প্রহসন করে’ শেখ হাসিনা ক্ষমতা দখল করেছেন। তিনি আশা করেন, মোদির সরকার এই নীতি পুনর্বিবেচনা করবে।

কূটনৈতিক সূত্রে খবর, মোদি তাকে পাল্টা প্রশ্ন করেন- কেন তিনি হাসিনার সঙ্গে আলোচনায় বসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন না? জবাবে খালেদা বলেন, তারা বেশ কয়েক বার উদ্যোগ নিয়েও সরকারের আচরণে পিছিয়ে আসেন। মোদি তখন তাকে বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে এড়িয়ে অন্য কোনো পথে হাঁটার সুযোগ সংসদীয় ব্যবস্থায় নেই। আলোচনায় না-বসলে কোনো সমস্যার সমাধানও মেলে না। কূটনীতিকদের ব্যাখ্যা- এই কথা বলে আসলে খালেদাকে সরকারের সঙ্গে আলোচনায় বসার পরামর্শই দিয়েছেন মোদি। নির্বাচন ছাড়া অন্য কোনো পথে ক্ষমতা দখলের চেষ্টা যে ভারত মেনে নেবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন। মনমোহন সরকারের বাংলাদেশ নীতি মেনেই মোদির সরকার চলছে। তাই আগের সরকারের বিরুদ্ধে তোলা খালেদার অভিযোগকেও আমল দেননি মোদি।

বৈঠকে ভারত ও বাংলাদেশের মধ্যে যাত্রী ও পণ্য যোগাযোগের বিষয়টিকে সমর্থন জানিয়েছে মোদির মন পেতে চেয়েছেন খালেদা। কিন্তু বৈঠকের ২৪ ঘণ্টা আগেই সাংবাদিক বৈঠকে তার দলের নেতা হান্নান শাহ এই যোগাযোগ ব্যবস্থার সমালোচনা করে বলেছেন, এটা আদতে ভারতের দাবির কাছে মাথা নুইয়ে করিডরের সুবিধা দেওয়া ছাড়া কিছুই নয়। এর ফলে বাংলাদেশ বিন্দুমাত্র উপকৃত হবে না। ঢাকা কোনো রাজস্বও পাবে না। তার দাবি অনুযায়ী, যা লাভ হবে সবই ভারতের। একই কথা বলে ভারতের সঙ্গে হওয়া সব চুক্তির বিরোধিতা করেছে খালেদা জিয়ার জোটসঙ্গী জামায়াতে ইসলামীও।

পোকামাকড়ের জন্য ‘স্মৃতিসৌধ’

pokamakor sজাপানে মানুষের হাতে অকালমৃত্যুর শিকার হওয়া পোকামাকড়ের জন্য একটি নতুন স্মৃতিসৌধে স্থাপন করা হয়েছে।

স্মৃতিসৌধটিতে আছে একটি বিরাট আকারের পোকার মূর্তি – এবং তার চার দিকে রয়েছে তারের জালের বেষ্টনী।

টোকিওর দক্ষিণে কামাকুরা শহরে কেনচোজি মন্দিরে এই মনুমেন্টটি স্থাপিত হয়েছে।

এই অভিনব ভাবনটি প্রথম আসে প্রাণী বিশেষজ্ঞ তাকেশি ইয়োরোর মাথায়। তিনি বহু বছর ধরেই কীটপতঙ্গ-প্রেমী।

তার আশা, তিনি যে পোকামাকড়গুলো সংগ্রহ করেছেন তাদের আত্মা এই স্থাপনার মধ্যে দিয়ে শান্তি পাবে।

গত বৃহস্পতিবার এই স্মৃতিসৌধের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ৫০ জন অতিথির সমাগম হয়। অনুষ্ঠানে একজন বৌদ্ধ পুরোহিত ধর্মীয় শ্লোক পাঠ করেন।

এধরণের স্মৃতিসৌধের কথা সচরাচর শোনা যায় না ঠিকই, তবে মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যে সিটি অব এন্টারপ্রাইজে একই ধরণের একটি স্মৃতিস্তম্ভ আছে।

তাতে দেখা যায়, একজন মহিলা একটি অতিকায় পতঙ্গ দু হাতে তুলে ধরে আছেন। শহরটির ওয়েবসাইটে দাবি করা হয় এটিই হচ্ছে পৃথিবীর একমাত্র মনুমেন্ট – যার বিষয় ক্ষেতের ফসল খায় এমন পোকামাকড়।

মনে হচ্ছে, জাপানের সৌধটি হবার পর এটি আর ‘একমাত্র’ থাকবে না।– বিবিসি