সোমবার, নভেম্বর ৩০, ২০২৬

লালমনিরহাটে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশত

lalmoniলালমনিরহাট: জেলার বুড়িমারী রেলরুটে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন। কালীগঞ্জ উপজেলার কাকীনা রেল স্টেশনে শনিবার সকাল পৌনে নয়টায় এ ঘটনা ঘটে।

লালমনিরহাট রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বুড়িমারীগামী ৬৫ নং কমিউটার ও লালমনিরহাটগামী ২৪০৪ নং লোকাল ট্রেনের কাকিনা স্টেশনে ক্রসিং করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাড়াহুড়ো করে নামতে গিয়ে প্রায় অর্ধশত যাত্রী আহত হয়েছেন।

আহতদের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্রেনটির চালক তহিদার রহমান জানান, কাকিনা স্টেশন মাস্টারের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

তিন দিনেও বিজিবি সদস্যকে ছাড়েনি মিয়ানমার

bgb bটেকনাফের নাফ নদী থেকে অপহরণের তিন দিন পরও বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে ফেরত দেয়নি মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। উল্টো তাঁকে হাতকড়া পরিয়ে আটকে রাখার ছবি প্রকাশ করা হয়েছে বিজিপির ফেসবুক পেজে। এ ঘটনাকে অমানবিক উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ই-মেইল ও ফ্যাক্সযোগে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ পাঠানো হয় মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর কাছে। এতে বলা হয়, বিজিবির একজন সদস্যকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন ও হাতকড়া পরিয়ে রাখা আন্তর্জাতিক কোনো আইনের মধ্যেই পড়ে না। বরং এগুলো মানবতাবিরোধী কাজ। এর মাধ্যমে শুধু বিজিবিকেই নয়, বাংলাদেশের ১৬ কোটি মানুষকে অপমান করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইতিমধ্যে এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ও মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে বিজিবির সদস্যকে ফেরত দিতে বলেছে। তিনি বলেন, ‘আমরা আশা করছি, মিয়ানমার শিগগিরই তাঁকে ফেরত দেবে।’

বিজিবির সূত্রে জানা গেছে, নায়েক রাজ্জাকের নেতৃত্বে বিজিবির ছয় সদস্যের একটি দল গত বুধবার সকালে নাফ নদীতে টহল দিচ্ছিল। দলটি বাংলাদেশের জলসীমায় মাদক চোরাচালানি সন্দেহে দুটি নৌকায় তল্লাশি করছিল। এ সময় মিয়ানমারের রইগ্যাদং ক্যাম্পের বিজিপির একটি দল ট্রলারে করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। একপর্যায়ে টহল দলটি বিজিবির নৌযানের কাছে গিয়ে থামে। বিজিপির ট্রলারটিকে বাংলাদেশের জলসীমা ছেড়ে যেতে বলা হলে তারা নায়েক রাজ্জাককে জোর করে ট্রলারে তুলে নেয়। এ সময় বিজিবির অন্য সদস্যরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়।

এতে বিজিবির সিপাহি বিপ্লব কুমার গুলিবিদ্ধ হন। এরপর বিজিপির ট্রলারটি রাজ্জাককে নিয়ে মিয়ানমারের দিকে চলে যায়। বিপ্লবকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজিবি বলছে, আটক রাজ্জাককে ফেরত চেয়ে কয়েক দিন ধরেই যোগাযোগ অব্যাহত রেখেছে বিজিবি। এ বিষয়ে বিজিবি ও বিজিপির মধ্যে বৃহস্পতিবার সকালে টেকনাফ স্থলবন্দরের ডাকবাংলোতে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমার বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি না পাওয়ায় বৈঠক হয়নি। গতকাল আবার যোগাযোগ করা হলে বিজিপি জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া রাজ্জাককে ফেরত দেওয়া সম্ভব নয়।

বিজিবির একজন কর্মকর্তা বলেন, রাজ্জাককে ফেরত না দিয়ে বৃহস্পতিবার রাত ১২টা ৪০ মিনিটে বিজিপির ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করা হয়। একটি ছবিতে দেখা যাচ্ছে, রাজ্জাকের নাক দিয়ে রক্ত বের হচ্ছে আর তাঁর পেছনে বিজিপির একজন সদস্য দাঁড়ানো। দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, রাজ্জাকের সামনে তাঁর অস্ত্র ও অন্যান্য সামগ্রী রেখে তাঁকে আসামির মতো করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। আরেকটি ছবিতে তাঁকে হাতকড়া পরা অবস্থায় দেখা যাচ্ছে।

এই ছবির বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিজিবির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, এসব ছবি বাংলাদেশের নজরে এসেছে। এ ঘটনায় বাংলাদেশ প্রচণ্ড ক্ষুব্ধ। এই ক্ষোভের কথা তাদের জানিয়ে দেওয়া হয়েছে। তবে বিজিবি ও বাংলাদেশ সরকার মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চায়।
রাজ্জাকের বাড়ি নাটোরে। বিজিবির কর্মকর্তারা জানিয়েছেন, বিজিবি ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছে, রাজ্জাক নিরাপদ ও সুস্থ আছেন।

হঠাৎ করে কেন বিজিবির একজন সদস্যকে ধরে নিয়ে গেল—জানতে চাইলে বিজিবির একটি সূত্র জানায়, দেশটির সীমান্তরক্ষী বাহিনী রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো ছাড়াও ইয়াবা ও মানব পাচারে জড়িত। সম্প্রতি বাংলাদেশে ইয়াবাবিরোধী অভিযান জোরদার হওয়ার পর সাগরেই বারবার ইয়াবার চোরাচালান ধরা পড়ছে। নাফ নদীর জাদিমোড়া, যেখান থেকে রাজ্জাককে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকেই কয়েক বছরে ১২ লাখ ইয়াবা আটক করেছে বিজিবি।

রাজ্জাককে ধরে নিয়ে যাওয়া এবং পতাকা বৈঠকে সাড়া না পেয়ে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজিবির সদস্য নায়েক রাজ্জাককে ফিরিয়ে দিতে ও পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত পরিস্থিতি সমাধান করতে রাষ্ট্রদূতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। তবে এরপর ৩৬ ঘণ্টা পেরিয়ে গেলেও কোনো সাড়া দেয়নি বিজিপি।

জানতে চাইলে বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল আনিসুর রহমান জানান, মিয়ানমার সীমান্ত পুলিশের কাছে পতাকা বৈঠকে বসার জন্য দফায় দফায় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তাদের পক্ষ থেকে এখনো সাড়া মেলেনি। তাই কূটনৈতিক তৎপরতার মাধ্যমেও নায়েক রাজ্জাককে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।

এর আগে গত বছরের ২৮ মে বান্দরবানের পাইনছড়ি সীমান্ত এলাকায় বিজিপির সদস্যরা বিনা উসকানিতে বিজিবির সদস্যদের ওপর গুলি চালান। ওই সময় বিজিবির সদস্য নায়েক সুবেদার মিজানুর রহমানকে অপহরণ করে হত্যা করা হয়। দুই দিন পর বিজিবির সদস্যরা মিজানুরের লাশ ফেরত নিতে গেলে উল্টো বিজিপি ওই প্রতিনিধিদলের ওপর আবারও গুলি চালায়। পরে ৩১ মে মিজানুরের লাশ ফেরত দিয়েছিল বিজিপি।

সাভারে যুবলীগ-শ্রমিকলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

savarসাভারের বিরুলিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ ও শ্রমিকলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন। শুক্রবার রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়ার শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে সংঘর্ষে জড়িতরা পুলিশের ব্যবহৃত লেগুনাসহ চারটি গাড়িতে ভাংচুর চালায়। এ ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় শাজাহান নামে একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা মোহসিন মন্ডল ও শ্রমিকলীগ নেতা ইসমাইলের সাথে সংঘর্ষ বাধে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের উপর চড়াও হয় তারা।

এসময় পুলিশের ব্যবহৃত লেগুনাসহ চারটি গাড়িতে ভাংচুর করে তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে শাহজাহান নামে একজনকে গুরুতর আহত অবস্থায় আটক করে পুলিশ। আহতকে পুলিশ প্রহরায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে পুলিশের দাবি শাহজাহান গুলিবিদ্ধ হয় নি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, ঘটনাস্থলে ব্যাপক গোলাগুলি হয়েছে। শাহজাহান গুলিবিদ্ধ হয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় দুইগ্রুপের বিরুদ্ধেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আটক ব্যাক্তিকে পুলিশ প্রহরায় সাভার এনাম মেডিকেলে চিকিৎসা দেয়া হচ্ছে।

মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪, বরখাস্ত ৮ পুলিশ

madokভারতের মুম্বাইতে বিষাক্ত মদ খেয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। গুরুতর অসুস্থ ৩১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।  মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফোড়নবিস এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মুম্বাই শহরতলীর মালওয়ানী এলাকার কিছু মানুষ দেশী মদ কিনে খেয়েছিল। বৃহস্পতিবার সকাল থেকে তাদের বমি, পেটে ব্যাথা, চোখ জ্বালা ইত্যাদি উপসর্গ দেখা দিলে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার দিনই ২০ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার সারা দিনে হাসপাতালে মারা যান আরো ১৩ জন। আর শুক্রবার মারা যান আরও ৮ জন। বাকি ২৩ জনের মৃত্যু হয়েছে আজ শনিবার।

এ ঘটনায় মালওয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রকাশ পাটিলসহ ৮ পুলিশ কর্মীকে বরখাস্ত করা হয়েছে। বিষাক্ত মদ খেয়ে মৃতের ঘটনার তদন্তে পুলিশের ক্রাইম ব্রাঞ্চ এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে। ধৃতরা হলেন, রাজু ল্যাংড়া ওরফে রাজু, হনুমন্তা, ডোনাল্ড  রবার্ট প্যাটেল, গোপাল হারটে, ফ্রান্সিস ডিমেলো এবং সেলিম  মেহবুব শেখ। এদের বিরুদ্ধে মালওয়ানী লক্ষ্মীনগর এলাকায় ভেজাল মদ বিক্রি করার অভিযোগ দায়ের করা হয়েছে।

এলাকার বাসিন্দাদের বক্তব্য, এখন পুলিশের যে দ্রুত তৎপরতা দেখা যাচ্ছে, এটা যদি প্রথম থেকে দেখা যেত তাহলে আজকের মতো পরিস্থিতি সৃষ্টি হতো না। তাদের অভিযোগ, এই এলাকায় অবৈধ ভাটির মদ কোল্ডড্রিঙ্কসের মতো পানের দোকানে এবং অন্যত্র পাওয়া যায়। অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনো ব্যবস্থা নেয় না।

মুম্বাইতে এ নিয়ে দু’বার ভেজাল মদ খেয়ে এত বেশী সংখ্যক মানুষের মৃত্যু হল। এর আগে মুম্বাইতে ২০০৪ সালের ২৩ ডিসেম্বর ভেজাল বা বিষাক্ত মদ খেয়ে ৮৭ জনের মৃত্যু হয়েছিল।

ভারতে স্থানীয়ভাবে তৈরি মদ খেয়ে মাঝেমধ্যেই মৃত্যুর ঘটনা ঘটে থাকে। চলতি বছরের জানুয়ারি মাসে ঘরে তৈরি বিষাক্ত মদপান করার পর উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে ৩১ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৩ সালের অক্টোবর মাসে উত্তর প্রদেশে ঘরে তৈরি বিষাক্ত মদ পান করে ৩৬ জনের বেশি মানুষ মারা যান।

কোটিপতিরা ফুটপাতে

south africaদক্ষিণ আফ্রিকার সবথেকে ধনী এলাকা স্যান্ডটনে বহুজাতিক সংস্থার অফিস, পাঁচতারা হোটেল আর বিলাসবহুল শপিং মলের ছড়াছড়ি। অনেকেই এটিই আফ্রিকার ‘ওয়াল স্ট্রিট ’। কিন্তু গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এলাকার ছবি পালটে গিয়েছে।  ফুটপাথে পাতা হচ্ছে কার্ডবোর্ডের বাক্স৷ হাড় -হিম ঠান্ডায় তারই মধ্যে একে একে ঢুকে পড়লেন প্রায় আড়াইশো জন সিইও৷ পরের বারো ঘণ্টা , খোলা আকাশের তলায় রাত কাটাতে৷

তিন ডিগ্রি সেলসিয়াসে তাদের সম্বল শুধু কম্বল, স্লিপিং ব্যাগ আর হট ওয়াটার বটল৷ খাবার বলতে শুধু স্যুপ আর কফি৷ সেলফোন ব্যবহারে অবশ্য বাধা ছিল না৷ আপত্কালীন ব্যবস্থার জন্য রাখা হয়েছিল স্বাস্থ্যকর্মীদের৷ অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ভোডাকম -এর শীর্ষকর্তা শামিল জুসাব , লনমিন -এর বেন মাগারো , বার্কলেজ আফ্রিকার মারিও র্যা মোস , প্রাইমিডিয়ার টেরি ভোকউইন প্রমুখ৷ ব্যাঙ্ক , শেয়ারবাজার , গাড়ি , প্রযুক্তি , সব ক্ষেত্রের কর্তারাই হাজির ছিলেন৷ শহরের মেয়র পার্কস তাউ -ও এই উদ্যোগে সামিল হন৷

গৃহহীনদের জন্য সচেতনতা বাড়াতে এবং তাদের জন্য অর্থ সংগ্রহ করতে এই অভিনব উদ্যোগ নিয়েছিল ৭০২ সান ইন্টারন্যাশনাল সিইও স্লিপআউট নামে একটি সংস্থা৷ তাদের শর্ত ছিল , প্রত্যেক শীর্ষকর্তাকে অন্তত  ৮২০০ ডলার দান করতে হবে। মোট অর্থসংগ্রহের পরিমাণ হতে হবে ২১ লক্ষ ডলার। এই অর্থ প্রদান করা হবে গার্লস অ্যান্ড বয়েজ টাউন নামে এক বেসরকারি সংস্থাকে৷ এদের ভরসাতেই বেঁচে আছেন দক্ষিণ আফ্রিকার ৩৫ ,০০০ গৃহহীন মানুষ৷ দক্ষিণ আফ্রিকায় এই উদ্যোগ প্রথম হলেও , সংস্থাটি ব্রিটেন , আমেরিকা , কানাডা , অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে একই ভাবে গৃহহীনদের জন্য অর্থ সংগ্রহ করেছে৷

পরের প্রজন্মের চোখের সামনেই ধ্বংস হবে পৃথিবী

worldযে হারে দূষণ এবং গড় তাপমাত্রা বাড়ছে, তাতে পরবর্তী প্রজন্মের চোখের সামনেই ধ্বংস হবে পৃথিবী। এই শতাব্দীর শেষেই সেই দিন ঘনিয়ে আসছে। এমন ভয়ানক তথ্যই জানাচ্ছেন বিজ্ঞানীরা।

গড় তাপমাত্রা অতিরিক্ত হারে বাড়ার জন্যই পৃথিবী মানুষের বাসযোগ্য থাকবে না বলেই মনে করছেন তাঁরা। প্রায় বছর পাঁচেক আগেই এ বিষয়ে সতর্ক করেছিলেন অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞানী ড. ফেনার। তিনি বলেছিলেন, ‘আর এক শতকের মধ্যেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে মানুষ।’ তিনি মারা গিয়েছেন বেশ কিছু দিন আগে। তবে আঁর করা ভবিষ্যদ্বাণীই যে সত্যি হতে চলেছে তেমন আশঙ্কাই করছেন এখনকার বিজ্ঞানীরা।

বৃষ্টিপাতের পরিমাণ ভয়ানক হারে কমবে, বলছে নাসার চিত্র। বাড়বে বন্যা, তাপমাত্রা। মিলবে না খাওয়ার পানি। মাত্র এক শকতকেই হবে এমনটা।

এ মাসের গোড়ার দিকে জার্মানিতে জি-৭ এর বৈঠকের প্রধান বিশয়বস্তুই ছিল বিশ্ব উষ্ণায়ন। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবম বিজ্ঞানীরা এই বৈঠকে গড় তাপমাত্রা কমানোর কোনও নির্দিষ্ট উপায়ের সন্ধান দিতে পারেননি। ২০৩০-এর মধ্যে বিশ্বে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা হবে তার যোগান দিতেই যে পরিমাণ জ্বালানি ব্যবহৃত হবে, আর তা থেকেযে গ্যাস বাযুমণ্ডলে মিশবে, শুধুমাত্র তাতেই চলতি শতকের শেষে বিশ্বের গড় তাপমাত্রা ২.৬ ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দেবে। এটা ধ্বংসের কারণ হিসাবে যথেষ্ট। বৈজ্ঞানিকরা মনে করছেন ২১০০ সালে বিশ্বের গড় তাপমাত্রা ৫ জিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে।

কী হবে এতে? বৈজ্ঞানিকরা জানাচ্ছেন, ২ ডিগ্রি তাপমাত্র বাড়লেই পৃথিবীর জলস্তর এক মিটার পর্যন্ত বেড়ে যাবে। অর্থাত্ সমান্য বন্যায় বিস্তীর্ণ অঞ্চল চলে যাবে জলের নীচে। যদি ৫ ডিগ্রি বাড়ে, তবে? উত্তরটা খুবই সোজা। শুধু মানুষ নয়, বহু প্রজাতির প্রাণীর অস্তিত্ব শেষ হয়ে যেতে বসেছে এই শতকেই।

অনুপ্রবেশকারী?

rohingaমায়ানমারে রোহিঙ্গারা চরম সংকটে৷ খাদ্য নেই৷ ওষুধপত্র নেই৷ কোনো জীবিকা নেই৷ প্রায় অভুক্ত অবস্থায় অসংখ্য রোহিঙ্গা শিশু বৃদ্ধ নরনারী৷ অন্য দিকে, সংখ্যাগরিষ্ঠ একশ্রেণির বর্মীদের রক্তচক্ষু, ধারাবাহিক অত্যাচার, পীড়ন, ধর্ষণ, গণধর্ষণ অব্যাহত৷ শাসককুল অন্ধ বধির৷ সরকার প্রকৃতপক্ষে গোপনে ও প্রকাশ্যে রোহিঙ্গা বিরোধী ক্রিয়াকলাপের সহায়কের ভূমিকায় বলে অভিযোগ৷ সেনা বা পুলিশের কাছে রোহিঙ্গা কিশোরী-যুবতীরা নিরাপত্তা চাইতে গেলে বা ইজ্জত বাঁচাতে আশ্রয়প্রার্থী হলে উল্টে তাদের দ্বারাই ধর্ষিতা হতে হচ্ছে, এমন কথাও শোনা যাচ্ছে প্রায়শই৷ দেশত্যাগ করা ছাড়া তাদের কাছে অন্য কোনো বিকল্প নেই৷ একই সঙ্গে বর্মিরা ও সরকার বার্তা দিচ্ছে, হয় ধর্মান্তরিত হয়ে বৌদ্ধ হও, না হয় অঘোষিত ভাবে ধর্ষণের শিকার হও অথবা দেশ ছেড়ে পালাও৷ ইতিমধ্যে সরকার সীমান্তবর্তী ও উপকূলবর্তী এলাকা থেকে তাদের হটিয়ে শহরের কাছাকাছি সরকারি শিবিরে এনেছে ও আনা হচ্ছে৷ তাদের শিবিরে এনে অমানবিক দুর্দশার মধ্যে রাখা হয়েছে৷ বেদখল হয়ে যাচ্ছে তাদের ফেলে আসা ঘরবাড়ি৷ অথচ এ প্রসঙ্গে মায়নমারের বিশিষ্ট মানবাধিকার কর্মী নোবেলজয়ী আং সান সু কি-র নীরবতা বিস্ময়কর ও লক্ষণীয়৷

পরিস্থিতি বিচিত্র৷ এলাকার বাইরে কারও সঙ্গে যোগাযোগ নিষিদ্ধ৷ দেশের বাইরের কারও কোনো সাহায্য নেওয়াও চলবে না৷ সন্তান দু’টোর বেশি নয়, প্রথমটার থেকে তিন বছর পরে দ্বিতীয় সন্তান, এর মধ্যে গর্ভবতী হলে হয় জেলে যেতে হবে অথবা জোর করে ভ্রূণহত্যা করা হবে৷ এই ফরমানের বিরুদ্ধে বিভিন্ন নারী সংগঠন প্রতিবাদ জানিয়েছে৷ বর্তমানে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকত্বহীন৷ অথচ ১৯৮২ সালের নতুন আইনের পূর্বে তাদের নাগরিকত্ব ছিল৷ ওই সময় থেকেই রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে নাম নথিভুক্ত করাতে চাপ দেওয়া হয়৷ কারণ, তাতে ওদের তাড়ানো সহজ হবে৷ ২০১৪ সালে বর্মা সরকার ‘রোহিঙ্গা’ শব্দ বাতিল করে দেয় এবং রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নথিভুক্ত করে৷ অধিকাংশ রোহিঙ্গার কাছ থেকে সরকারের দেওয়া সাদা কার্ড ফেরত নেওয়া হচ্ছে৷ তাতে নাগরিকদের ঘরবাড়ি জমি-জায়গা ইত্যাদির পূর্ণাঙ্গ বিবরণ থাকে৷ পরিবর্তে দেওয়া হচ্ছে অস্থায়ীভাবে থাকার সবুজ কার্ড৷ ফলে, রোহিঙ্গাদের বাংলাদেশি হিসেবে প্রমাণ করার আর কোনো বাধা থাকল না৷

বর্তমানে কোনো রোহিঙ্গা পুরুষ কাজের জন্যে সীমান্ত পার হয়ে অস্থায়ী ভাবে বাংলাদেশ বা থাইল্যান্ডে গেলে প্রথমত তাকে আর দেশে ঢুকতে হবে না এবং ইতিমধ্যে তার স্ত্রীর সন্তান হলে শিশুটির পিতৃপরিচয় প্রশাসন স্বীকার করবে না৷

পশ্চিম বর্মার রাখাইন রাজ্য হল সাবেক আরাকান আর এই আরাকানের রোহিঙ্গা মুসলিমদের মাতৃভাষা রোহিঙ্গা যা প্রকৃতপক্ষে ইন্দো-আর্য ভাষা গোষ্ঠীর অন্তর্ভুক্ত চট্টগ্রাম ঘেঁষা বাংলা উপভাষা৷ মায়ানমারের বর্মিদের কাছে তথাকথিত বাঙালি মাত্রেই অনুপ্রবেশকারী বাংলাদেশি৷ ওদের আশঙ্কা, রোহিঙ্গা মুসলিমদের জনসংখ্যা দ্রুত হারে বাড়ছে৷ অথচ সর্বশেষ জনগণনায় দেখা গিয়েছে, কয়েক দশক ধরে রোহিঙ্গাদের জনসংখ্যা প্রায় একই আছে৷ রোহিঙ্গা সংখ্যালঘুরা ধর্মীয় প্রতীক হিসেবে ৭৮৬ সংখ্যা ব্যবহার করে৷ বর্মিদের অলীক আশঙ্কা, ৭+৮+৬=২১, অর্থাত্ ২১ শতকে মায়ানমার নাকি সংখ্যালঘু রোহিঙ্গাদের আয়ত্তে চলে যাবে৷ যার কোনো যুক্তিসঙ্গত ভিত্তি নেই৷

মায়নামারের পশ্চিম রাখাইন রাজ্যে প্রায় আট লক্ষ রোহিঙ্গা মুসলিম বসবাস করে৷

২০১২ সালে বর্মি-রোহিঙ্গা দাঙ্গার পর থেকে ১ লক্ষ ৪০ হাজার রোহিঙ্গা মায়নামারের বিভিন্ন শিবিরে আছেন এবং কিছু গোষ্ঠী চোরাই ভাবে অন্য দেশে ছোটো ছোটো দলে উপদলে পালাতে থাকেন৷ অনেকে চরম ঝুঁকি নিয়ে দুর্গম বনাঞ্চলের মধ্যে দিয়ে থাইল্যান্ডে পালাতে গিয়ে সেনাদের হাতে ধরা পড়ে বা মানবপাচারকারীদের খপ্পরে পড়ে মারা পড়েছেন৷ মায়ানমার-থাই সীমান্তের কাছাকাছি ইতিমধ্যে ১৭টি গণকবরের সন্ধান পাওয়া গিয়েছে৷ ১৩৯টি কবরের হদিস মিলেছে৷ কোনো কোনো কবরে একাধিক লাশ৷

মানব পাচারকারীরা দু্র্দশাগ্রস্ত রোহিঙ্গা ও বাংলাদেশি শরণার্থীদের অর্থের বিনিময়ে ছোটোখাটো বা বড়ো যন্ত্রচালিত নৌকা করে আন্দামান সাগরের ওপর দিয়ে থাই, ইন্দোনেশিয়া বা মালয়েশিয়ায় পাচার করতে চেষ্টা করছে৷ আশ্চর্য লাগে, আরাকানের রোহিঙ্গাদের বিষয়ে বাঙালি বুদ্ধিজীবীর কোনো প্রতিক্রিয়া নেই৷ একদা বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে আরাকান রাজসভার মুসলিম কবিদের ঋণ সম্পর্কে আমরা বাঙালিরা কি সমূহ বিস্মৃত? আমরা বাঙালিরা এতটাই আত্মবিস্মৃত যে ওই ভাগ্যহতদের প্রতি একটু উদ্বেগ একটু বেদনা প্রকাশ করতে পারি না?

সাজেদুল হক:  ভারতের পশ্চিমবঙ্গের সাবেক কলেজশিক্ষক

‘জন্মদিনে রাহুলকে শুভেচ্ছা মোদির

rahul modiরাজনীতির আঙিনায় তাদের প্রায়শই দেখা যায় এক অপরকে কটাক্ষ করতে। ‘ভালবেসে’ এক জন অন্য জনকে ‘যুবরাজ’ বলেও ডাকেন। তার সেই প্রিয় যুবরাজের জন্মদিনেই শুভেচ্ছা বার্তা পাঠিয়ে চমকে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর জন্মদিনে  টুইটারে তার দীর্ঘায়ু কামনা করলেন মোদি। উত্তরে তাকে ধন্যবাদ জানিয়েছেন রাহুলও।

অজ্ঞাতবাস কাটিয়ে ফিরে নতুন অবতারে হাজির হয়ে বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে বেশ অস্বস্তিতেই রেখেছেন কংগ্রেসের সহ-সভাপতি। নিশানা করেছেন খোদ প্রধানমন্ত্রীকেও। বিগত কয়েক মাসের সেই  বাক্বিতণ্ডা, বিতর্ককে দূরে সরিয়ে রেখে এ দিন রাহুলকে জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ৪৫-এ পা দিলেন রাহুল। টুইটারে কংগ্রেস সহ-সভাপতিকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করি।” প্রত্যুত্তরে সোশ্যাল মিডিয়াতেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন ডিএমকে সুপ্রিমো করুণানিধিও। টুইটারে রাহুলকে শুভেচ্ছা জানিয়েছেন করুণা-পুত্র স্তালিনও।

বহু বছর বিদেশেই তাকে জন্মদিন উদ্যাপন করতে দেখা গেছে। কিন্তু এ বছর সম্পূর্ণ উল্টো ছবি। এবারের জন্মদিন দিল্লিতেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। সকাল থেকেই কংগ্রেস কর্মী-সমর্থকদের মধ্যে সাজ সাজ রব। প্রায় ৪৫ কেজি ওজনের কেক, ফুল নিয়ে দলে দলে সমর্থকেরা হাজির হন রাহুলের বাসভবনের সামনে। নয়া দিল্লিতে ১২ নম্বর তুঘলক লেনে, রাহুলের বাংলোর সামনে বাজি ফাটিয়ে তারা  কংগ্রেসের সহ-সভাপতির জন্মদিন পালন করেন। ছেলের জন্মদিনে তার সঙ্গে দেখা করতে রাহুলের বাসভবনে যান কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীও।

“যোগা করতেন বলেই প্যাটেলের বদলে নেহেরু প্রধানমন্ত্রী হয়েছেন”

jog bবাবা রামদেব বিশ্বাস করেন, নিয়মিত যোগাসন অভ্যাস করতেন বলেই সর্দার প্যাটেলের বদলে জওহরলাল নেহেরু প্রধানমন্ত্রী হতে পেরেছেন।

ইন্ডিয়া টিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে এই বিস্ফোরক দাবি করেছেন রামদেব। তিনি বলেছেন, “নেহেরুজি দেশের প্রথম প্রধানমন্ত্রী হতে পেরেছেন কারণ তিনি নিয়মিত যোগাভ্যাস করতেন। সুভাষচন্দ্র বসুও কড়া চ্যালেঞ্জ দিয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার আগেই তিনি মারা যান। নেহেরু প্যাটেলকেও টপকে যান কারণ তিনি যোগাভ্যাস করতেন।”
রামদেব দাবি করেছেন, তার এই বক্তব্য একশো শতাংশ সত্যি ও বিশ্বাসযোগ্য। যোগা মানুষের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলে। মানুষকে সুপারম্যান করে তোলে।

কোপা জিততে ক্লাবের সব ট্রফি ফেরত দিতেও রাজি মেসি

messiদেশের হয়ে শততম ম্যাচ খেলার দোরগোড়ায় দাঁড়িয়ে তিনি। কিন্তু আজও দেশের জার্সিতে দারুণ স্মরণীয় মুহূর্ত বলতে কিছু নেই। ২০০৭ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের কাছে হার থেকে ২০১৪ বিশ্বকাপ ট্রফি জার্মানির কাছে রেখে আসা- আলোর চেয়ে অন্ধকারই বেশি। তবে সমর্থকদের আশা, ৪ জুলাই তিনিই দেশে উৎসবের আলো জ্বালবেন। আর্জেন্টিনাকে পনেরোতম কোপা আমেরিকা এনে দেবে তার বাঁ পা। তিনি- লিওনেল মেসি।

আর জামাইকার বিরুদ্ধে কোপার শেষ গ্রুপ ম্যাচের আগে মেসিও জানিয়ে দিলেন, দেশের নায়ক হতে কতটা মরিয়া তিনি। জানিয়ে দিলেন, বার্সেলোনাকে ত্রিমুকুট দেওয়ার চেয়ে আর্জেন্টিনাকে কোপা এনে দেওয়াটা কোনও অংশে কম চ্যালেঞ্জের নয়। ‘‘আগেও বলেছি, আবার বলছি আমি সর্বশক্তি লাগিয়ে দেব কোপা জিততে। দেশের হয়ে একশোটা ম্যাচ খেলা খুব গর্বের ব্যাপার,’’ বলছেন মেসি। কোপা জিততে এতটাই মরিয়া মেসি যে ক্লাবের হয়ে জেতা সমস্ত ট্রফিও ফেরত দিতে রাজি তিনি! মেসি বলছেন, ‘‘কোপা জিততে ক্লাবের সব ট্রফি ফেরত দিতে হলেও আমি রাজি। এখন থেকেই ভাবছি ট্রফি হাতে আমার ছবিটা কেমন হবে। চিলিতে জিতেই ফিরতে চাই।’’

ইতিহাসের এত কাছাকাছি এসেও বিতর্ক পিছু ছাড়ছে না মহাতারকার। প্যারাগুয়েকে ২-০ হারিয়ে বিরতির পরে টানেলে এঞ্জেল দি’মারিয়া এবং মেসি নাকি কোচ জেরার্ডো মার্টিনোর ছক নিয়ে ঠাট্টা করেন। যা ভিডিওয় ধরা পড়ায় তোলপাড় ফুটবলমহলে। আর্জেন্টিনার এক দৈনিক প্রশ্ন তুলেছে, দলের দুই সিনিয়র কী করে কোচকে নিয়ে ঠাট্টা করতে পারেন? যদিও টিমের তরফ থেকে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছিল, শাস্তি হিসাবে হয়তো দুই ফুটবলারকে বসিয়ে রাখা হতে পারে জামাইকা ম্যাচে। তবে মেসিকে বসানোর মতো চরম সিদ্ধান্ত হয়তো নেবেন না মার্টিনো।

চার পয়েন্ট নিয়ে শেষ আট প্রায় নিশ্চিত আর্জেন্টিনার। তবে আত্মতুষ্ট নন মার্টিনো। যিনি উরুগুয়ে ম্যাচে ঝামেলা করে এক ম্যাচ নির্বাসিত। ডাগআউটে থাকতে পারবেন না। প্লেয়ারদের সঙ্গে কথাও বলতে পারবেন না। ম্যাচের আগের দিন পুরোদমে চলল আর্জেন্টিনা অনুশীলন। ওয়ার্ম আপ, ফুটবলারদের ভাগ করে ম্যাচ খেলানো, সব কিছুই হল। জল্পনা মতে, আর্জেন্টিনার প্রথম দলে হয়তো থাকবেন না দি’মারিয়া। বদলি হয়তো এজেকায়েল লাভেজ্জি। সেন্টার ফরোয়ার্ডে আগেরোর সঙ্গে মেসি ও পাস্তোরে।

শেষ বার কোনো বড় টুর্নামেন্টে দু’দল মুখোমুখি হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপে। যে ম্যাচে গ্যাব্রিয়েল বাতিস্তুতার হ্যাটট্রিকে বড় ব্যবধানে জেতে আর্জেন্টিনা। এ বার কোপায় প্রথম দুটো ম্যাচই হেরেছে জামাইকা। তবে রবিবার তারা কোনো অঘটন ঘটাতে পারে কি না, প্রশ্ন সেটাই।