মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

মধ্যপ্রাচ্যে রণতরী পাঠানোর খবর নাকচ করল ফ্রান্স

ফরাসি নৌবাহিনী মধ্যপ্রাচ্যে ১০টি যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে এমন খবর ছড়িয়ে পড়ার পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে।

বিশ্বের অন্যতম বড় শিপিং রুট হরমুজ প্রণালি চালু রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে ফ্রান্স যুদ্ধজাহাজ পাঠাচ্ছে এমন খবর সামনে এসেছিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠানো হয়নি।

এসময় আরো জানানো হয়, দেশটির রণতরি পূর্ব ভূমধ্যসাগরেই অবস্থান করছে।
ফ্রান্সের অবস্থান অপরিবর্তিত—আত্মরক্ষামূলক ও সুরক্ষামূলক।

বইমেলা শেষ হচ্ছে আজ

অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ রবিবার। শেষদিনে মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকেল ৩টায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। মেলার সমাপনী দিনে প্রতিবেদন উপস্থাপন করবেন ‘অমর একুশে বইমেলা ২০২৬’ এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শুভেচ্ছা বক্তৃতা করবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান।

প্রতিবারের মতো এবারো অমর একুশে বইমেলায় চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার, রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার, সরদার জয়েন উদ্দীন স্মৃতি পুরস্কার এবং শিল্পী কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার প্রদান করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

সংসদ অধিবেশন শুরু সকাল ১১টায়

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ রবিবার (১৫ মার্চ) সকাল ১১টায় আবার শুরু হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হওয়ার পর রাষ্ট্রপতির ভাষণ শেষে অধিবেশন রবিবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, দিনের কার্যসূচিতে প্রশ্নোত্তর পর্ব, জরুরি জন-গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে। প্রশ্নোত্তর পর্বে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নের উত্তর দেওয়া হবে।

সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টায় অধিবেশন বসবে।

শনিবার সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য আটটি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৪৬০টি প্রশ্নসহ মোট ৪৬৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ২৭টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ৯৭টি নোটিশ পাওয়া গেছে।

এর আগে প্রথম অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের নাম প্রস্তাব করলে তা কণ্ঠভোটে গৃহীত হয়।
ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামালের নামও একইভাবে অনুমোদিত হয়। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করান।

উন্নত চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। আজ রবিবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়ার কথা রয়েছে। তাঁর সহধর্মিণী আফরোজা আব্বাস এবং জ্যেষ্ঠ ছেলে মির্জা ইয়াসির আব্বাস তাঁর সঙ্গে যাবেন।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন।

মির্জা আব্বাস বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। গত শুক্রবার মস্তিষ্কে অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গতকাল শনিবার সকালে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। এর রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

এর আগে গত বৃহস্পতিবার ইফতারের পর মাগরিবের নামাজ পড়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। এ তথ্য জানান তাঁর ছেলে ইয়াসির আব্বাস। পরিস্থিতির অবনতি হলে রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়।

ওই পরীক্ষার রিপোর্টে অবস্থার অবনতি বোঝা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়।

গত শুক্রবার মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী দুই দফায় তাঁর অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর সাবেক এই মন্ত্রীকে ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়মিত মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন। গত শুক্রবার দুপুরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তাঁকে দেখে আসেন।

এ ছাড়া স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অনেক জাতীয় নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান।

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় বিমানবন্দরের রাডার ব্যবস্থার একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী বা বিমানবন্দর কর্মী আহত হননি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি বলেন, ‘কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে যা বিমানবন্দরের রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে।’

সূত্র : আল জাজিরা

জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী : আমানউল্লাহ আমান

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ থেকে মানুষকে সুরক্ষিত রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে এবং নিজ নিজ বাসাবাড়ি ও আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে কোথাও মশার বংশবিস্তার না হতে পারে।

শনিবার (১৪ মার্চ) কেরানীগঞ্জ উপজেলা প্রাঙ্গনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা মোতাবেক ডেঙ্গু ও চিকনগুনিয়া রোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক অভিযান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে চলমান এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কোনো এক দিনের কর্মসূচি নয়। এটি একটি ধারাবাহিক কার্যক্রম হিসেবে নিয়মিতভাবে পরিচালিত হবে।

তিনি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিবেশ পরিষ্কার রাখতে এবং ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো বলেন, ডেঙ্গুসহ অন্য মশাবাহিত রোগ প্রতিরোধের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী জনগণকে রক্ষায় প্রতি শনিবার কেরানীগঞ্জের ঢাকা-২ আসনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কাজ করব।

কেরানীগঞ্জের জনগণের উদ্দেশ্যে আমানউল্লাহ আমান বলেন, আপনারা ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার, ডোবা বা বাড়ি ও বাসার ছাদে যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাই সতর্ক থাকবেন। পানির ট্যাংক ঢেকে রাখা এবং প্রতি সপ্তাহে অন্তত একবার বাড়ির ভেতর ও আশপাশ পরিষ্কার রাখারও পরামর্শ দেন। একমাত্র ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর উপায়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়াসহ উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা।

মধ্যপ্রাচ্য সংকট : আজও বাতিল ২৪ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে সাতটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যার প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৭৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আজ শনিবার বাতিল হয়েছে ২৪টি ফ্লাইট।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি এবং ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭ টি, ১২ মার্চ ২৮ টি, ১৩ মার্চ ২৫ টি এবং ১৪ মার্চ শনিবার ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ শনিবারের বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে– কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, ইউএই) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ৪টি কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ৪টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত) ৪টিসহ মোট ২৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া সব মিলিয়ে এ পর্যন্ত সর্বমোট বাতিলকৃত ফ্লাইট সংখ্যা ৪৭৫টি।

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন। নিউইয়র্ক যাওয়ার পথে পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কে অবস্থানকালে ড. খলিলুর রহমান কয়েকটি বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

সাধারণ পরিষদের সভাপতিত্ব পাওয়ার দৌড়ে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবেই এসব বৈঠক অনুষ্ঠিত হবে।
সফরকালে পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এর মাধ্যমে তিনি বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন আরো জোরালো করার চেষ্টা করবেন বলে আশা করা হচ্ছে।

প্রথমবার একসঙ্গে জায়েদ খান-মাহি

চিত্রনায়ক জায়েদ খানের সঞ্চালনায় আলোচিত টক শো ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। এটি তাদের প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত হওয়া।

এই পর্বের মূল আকর্ষণ হবে জায়েদ-মাহির জমজমাট আড্ডা এবং গানের তালে বিশেষ পারফরম্যান্স। এবারই প্রথমবার তারা একসঙ্গে এক মঞ্চে নাচবেন।

আড্ডার ফাঁকে তারা ব্যক্তিগত জীবনের নানা অজানা গল্পও শেয়ার করবেন, যা দর্শকদের জন্য বাড়তি বিনোদন যোগ করবে।
জানা গেছে, পর্বটি সম্প্রচার হবে আজ শুক্রবার রাত ৮টায় ‘ঠিকানা’ প্ল্যাটফর্মে।

যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর সঞ্চালক হিসেবে জায়েদ খানের এই শো ইতিমধ্যেই প্রবাস ও দেশের দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

শ্রমিকদের বেতন-বোনাস ঈদের ছুটির আগেই পরিশোধের নির্দেশ

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সব শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস অবশ্যই ঈদের ছুটির আগেই পরিশোধ করতে হবে।

কোনো অবস্থাতেই যেন শ্রমিকদের প্রাপ্য পাওনা নিয়ে কোনো জটিলতা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) ঢাকায় বেইলি রোডে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সরকারি বাসভবনের অফিস কক্ষে আরএমজি ও নন-আরএমজি সেক্টরে শ্রম অসন্তোষ নিরসনে করণীয় নির্ধারণে উচ্চ পর্যায়ের সভায় শ্রমমন্ত্রী এসব কথা বলেন।

শনিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট সংসদীয় এলাকা ভিত্তিক ঝুঁকিপূর্ণ কারখানার তালিকা তৈরি করে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নিকট প্রদান করা হবে। সংসদ সদস্যরা সরাসরি কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে বকেয়া বেতন ও বোনাস দ্রুত পরিশোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা থাকা সত্ত্বেও ইউসিবিএল, ট্রাস্ট ও প্রিমিয়ার ব্যাংকসহ যেসব ব্যাংক লোন প্রদানে গড়িমসি করছে, তাদের সাথে যোগাযোগ করে দ্রুত ঋণের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

মন্ত্রী আরো উল্লেখ করেন, যেসব শ্রমিক নেতা শ্রমিকদের অহেতুক উত্তেজিত করে শিল্প খাতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন, তাদের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এবং প্রশাসনের সজাগ দৃষ্টি রাখতে অনুরোধ করেন।

পাশাপাশি পলাতক মালিকদের এবং তাদের প্রতিষ্ঠানের একটি তালিকা তৈরি করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এসব কারখানায় যেন কোনো ধরনের গণ্ডগোল বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে সকলকে সচেষ্ট থাকতে হবে।

সবশেষে মন্ত্রী আশ্বস্ত করেন যে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারী যেকোনো সহযোগিতার জন্য সদা প্রস্তুত রয়েছে। তিনি দৃঢ়ভাবে শ্রমিক স্বার্থ রক্ষায় সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।

সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন বলেন, আমরা সরকার গঠনের ১৮০ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে বন্ধ কারখানাগুলো চালু করে ফেলবো। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর কড়া নির্দেশনা রয়েছে কঠোর নজরদারির মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে কাজ করার।

বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ঢাকা ও চট্টগ্রামে চালু আছে ২১২৭টি কারখানা যার ১৯৬৪টি (৯২.৩৪%) কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে এবং ১৫৩৫টি (৭২.১৭%) কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে।

তিনি আরো বলেন, মার্চ মাসের বেতন পরিশোধ করা বাধ্যতামূলক না, যাদের সামর্থ্য আছে তারা দিবে কিন্তু মার্চ মাসের বেতন পরিশোধের জন্য শ্রমিকদের অনেকেই উসকে দিচ্ছে।

বিকেএমইএ-র সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের ৮৩৪ কারখানার মধ্যে ৫১২ টি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে এবং ৬০৪ টি কারখানা ঈদের বোনাস পরিশোধ করেছে। তিনি আরো বলেন, যেহেতু অধিকাংশ কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে আমরা আশা করি কোনো ধরনের শ্রমিক অসন্তোষ তৈরি হবে না।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার বলেন, আপদকালীন ফান্ড করতে পারলে সেই অর্থ দিয়ে শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সমস্যা স্থায়ীভাবে সমাধান করা সম্ভব হবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন, ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন এবং গাজীপুর জেলার সংসদ সদস্যবৃন্দ- মো. মজিবুর রহমান (গাজীপুর-১), এম মনজুরুল করিম রনি (গাজীপুর-২), এস এম রফিকুল ইসলাম (গাজীপুর-৩), এবং ফজলুল হক মিলন (গাজীপুর-৫) সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা।