রবিবার, অক্টোবর ৪, ২০২৬

জুতা প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন রাশমিকা

ভারতের ‘জাতীয় ক্রাশ’ রাশমিকা মান্দানার সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে নতুন পালক। আন্তর্জাতিক জুতা প্রস্তুতকারক সংস্থা ‘ক্রকস’ এর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অভিনেত্রী।

রূপালি পর্দায় আত্মপ্রকাশের পর থেকেই স্টাইলে ছাপ রাখতে শুরু করেছিলেন রাশমিকা। তার লুকে রয়েছে নতুনত্ব।
যে পোশাকই পরেন না কেন, তা সুন্দরভাবে ক্যারি করতে পারেন। এবার এই আন্তর্জাতিক জুতা প্রস্তুতকারক সংস্থার শুভেচ্ছাদূত হওয়ার পর অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট নিয়ে ফের চর্চা তুঙ্গে।

খবরটি প্রকাশ্যে আসার পর রাশমিকা বলেছেন, ‘এই কোম্পানির জুতা আমার ভীষণ প্রিয়। জুতাগুলোর রং দারুণ।
ওদের কালার প্যালেট ভীষণ সুন্দর। আপনারা জানেন, আমি এ সব বিষয়ে খুব একটা লাজুক নই। কে-পপ হোক, কোরিয়ান খাবার হোক, আমার সব ভালো লাগে। ভারতে আমার অনুরাগীদের কথা ভেবে ভালো লাগছে।

মারা গেছেন মালয়ালাম অভিনেতা বিষ্ণু প্রসাদ

ভারতের মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা বিষ্ণু প্রসাদ মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) গভীর রাতে এর্নাকুলামের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ অবস্থায় মৃত্যু হলো তার।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা বিষ্ণুর লিভার প্রতিস্থাপনের প্রয়োজন ছিল। এ জন্য অভিনেতার পরিবার ও চিকিৎসক প্রস্তুতি নিচ্ছিলেন। এ অবস্থায় গত কয়েকদিন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। নিবিড় পরিচর্যায় থাকার পরও স্বাস্থ্যের অবনতি ঘটে।

দক্ষিণী এই অভিনেতা মৃত্যুকালে দুই মেয়ে অভিরামি ও অনানিকা রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে মালয়ালাম সিনেমা ইন্ডাস্ট্রি এবং সহকর্মী ও ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।

অভিনেতা বিষ্ণুর মৃত্যুর খবর নিশ্চিত করে অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় বলেছেন, প্রিয় সবাই, খুবই দুঃখজনক খবর… বিষ্ণু প্রসাদ মারা গেছেন। গত কয়েকদিন ধরে অসুস্থতার কারণে চিকিৎসাধীন ছিলেন।
সমবেদনা… প্রার্থনা করছি যে তার পরিবার এই শোক কাটিয়ে উঠার যেন শক্তি পায়।

কয়েক দশকের ক্যারিয়ারে দক্ষিণী এই তারকা ‘প্রসাদ কাশী’, ‘কাই এথুম দুরেথু’, ‘রানওয়ে’, ‘মাম্বাঝাকালাম’, ‘লায়ন’, ‘বেন জনসন’, ‘লোকনাথন আইএএস’, ‘পাঠাকা’ ও ‘মারাঠা নাডু’র মতো মালয়ালাম সিনেমায় অভিনয় করেছেন। পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোয় টেলিভিশন সিরিজেওদেখা গেছে এ অভিনেতাকে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ সরকার : যুক্তরাজ্য হাইকমিশনার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধর্মীয় স্বাধীনতা ও আইনি সুরক্ষার নীতির মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। গত বুধবার (৩০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে ব্রিটিশ পার্লামেন্টে অল-পার্টি পার্লামেন্টারি গ্রুপ (এপিপিজি) ফর বাংলাদেশের গুরুত্বপূর্ণ সভায় এসব কথা বলেন হাইকমিশনার। সভায় বাংলাদেশের স্বচ্ছতা ও অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি। সভার আয়োজন করেন এপিপিজির চেয়ারপারসন ও লেবার পার্টির সংসদ সদস্য আপসানা বেগম।

সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ বিষয়ে হাইকমিশনার আবিদা ইসলাম বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বচ্ছতা নিশ্চিত করছে। বাংলাদেশ এখন একটি উন্মুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্র, যেখানে দেশি-বিদেশি সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করতে পারেন। অতীতে ভিসাপ্রাপ্তিতে যেসব প্রতিবন্ধকতা ছিল, বর্তমান সরকার তা দূর করে সহজ ও দ্রুত প্রক্রিয়া চালু করেছে। সভায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘু ইস্যুতে অপপ্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং একমত হন যে এ বিষয়ে বাংলাদেশকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

হাইকমিশনার সভায় সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ তুলে ধরেন এবং জানান, গত জুলাই-আগস্টে সংঘটিত গণ-অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে মানবিক বিপর্যয় ঘটেছে, তার নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অগ্রাধিকার।

সৌদি আরবে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

মদিনায় হজ পালন করতে গিয়ে খলিলুর রহমান (৭০) নামের এক বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এটি চলতি বছরের প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু বলে নিশ্চিত করেছে হজ মিশনের হেল্পডেস্ক।

শুক্রবার (২ মে) হজসংক্রান্ত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) মদিনার স্থানীয় সময় সন্ধ্যায় খলিলুর রহমানের মৃত্যু হয় বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবে বাংলাদেশ হজ মিশনের সংশ্লিষ্ট সূত্র।

২০২৫ সালের (হিজরি ১৪৪৬) পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১৩ হাজার ১৯১ জন হজযাত্রী।
এবারের হজে বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। তাদের মধ্যে পাঁচ হাজার ২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।

তিনটি এয়ারলাইনস—বিমান বাংলাদেশ, সাউদিয়া এবং ফ্লাইনাস—মোট ২৩২টি প্রাক-হজ ফ্লাইটের মাধ্যমে হজযাত্রী পরিবহন করবে। এর মধ্যে বিমান বাংলাদেশ ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৫৩ জন হজযাত্রী পরিবহন করবে।

হজ ফ্লাইট চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন থেকে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিজিতে ২৬ বাংলাদেশি শ্রমিকের কষ্টের কথা শুনলেন প্রধানমন্ত্রী

ফিজির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা দেশটির সেন্ট্রাল ডিভিশনের একটি স্থানীয় সুপারমার্কেটে কর্মরত ২৬ জন বাংলাদেশি শ্রমিকের অভিযোগ সরাসরি শুনেছেন। শ্রমিকরা আবাসস্থল ও খাবার নিয়ে কষ্টের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। তাঁদের অভিযোগের ভিত্তিতে কর্মসংস্থান ও অভিবাসনবিষয়ক মন্ত্রীকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন রাবুকা।

রাবুকা সম্প্রতি ওই শ্রমিকদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন।
শ্রমিকরা তখন তাঁর কাছে অভিযোগ করেন, তাদের বসবাসের পরিবেশ অনুপযুক্ত, পর্যাপ্ত পরিমাণে খাবারের সরবরাহ নেই এবং তাঁদের চাকরির ক্ষেত্রে বিভিন্ন শর্ত লঙ্ঘন করা হয়েছে।

রাবুকা বলেন, কোনো শ্রমিকের এমন অবস্থায় থাকা উচিত নয়, যেখানে তাঁদের মর্যাদার সঙ্গে আপস করতে হয়।

ফিজির প্রধানমন্ত্রী শ্রমিকদের জন্য যা ন্যায্য, তা করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের ফিজির নাগরিকেরাও বিদেশে কাজ করছেন।
আমরা চাই না তাঁরা কোথাও অন্যায় আচরণের শিকার হন বা অবিচারের মুখোমুখি হন। তেমনি ফিজিতে কর্মরত বিদেশি নাগরিকদের প্রতিও আমাদের একই রকম আচরণ করা উচিত।’

অভিযোগকারী কর্মীরা কিছুদিন ধরে ওই সুপারমার্কেটে কর্মরত। তাঁরা অভিযোগ করেছেন, চলমান পরিস্থিতির কারণে তাঁরা ফিজিতে তাঁদের কাজের অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন না।

জরুরি ভিত্তিতে শ্রমিকদের আবাসনব্যবস্থার উন্নতি এবং তাঁদের মৌলিক চাহিদাগুলো নিশ্চিত করার জন্য নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন রাবুকা।

অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দূতাবাসের তথ্যানুযায়ী, ফিজিতে প্রায় পাঁচ হাজার বিদেশি শ্রমিক কাজ করেন। তাদের অর্ধেকের বেশি বাংলাদেশি। এর বাইরে ভারত, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও চীনের শ্রমিক রয়েছে দেশটিতে।

ট্রাম্পের শুল্ক যুদ্ধের জেরে অ্যাপলের খরচ বাড়ছে প্রায় বিলিয়ন ডলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্কনীতির কারণে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের অতিরিক্ত প্রায় ৯০০ মিলিয়ন ডলার ব্যয় বৃদ্ধি পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী টিম কুক। খবর দ্য টেলিগ্রাফের।

বিশ্লেষকদের সঙ্গে এক আলোচনায় বৃহস্পতিবার টিম কুক বলেন, ‘শুল্ক নিয়ে প্রশাসন ভবিষ্যতে কী পদক্ষেপ নেবে তা অনিশ্চিত হওয়ায় বর্তমানে আমরা শুল্কের প্রভাব সুনির্দিষ্টভাবে নির্ধারণ করতে পারছি না। তবে যদি নতুন করে কোনো শুল্ক আরোপ না হয়, তাহলে আমাদের খরচ প্রায় ৯০০ মিলিয়ন ডলার পর্যন্ত বাড়তে পারে।
’

আইফোনসহ প্রতিষ্ঠানটির বহু জনপ্রিয় পণ্যের বড় অংশ চীনে উৎপাদিত হয় এবং সেখান থেকেই বিশ্ববাজারে সরবরাহ করা হয়। তাই চীনের ওপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপের সিদ্ধান্তে সরাসরি প্রভাবিত হয়েছে অ্যাপল।

গত মাসে চীনের ওপর আরোপ করা প্রতিশোধমূলক শুল্ক পণ্যের তালিকা থেকে স্মার্টফোন এবং কম্পিউটারকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এগুলোর ওপর এখনো তথাকথিত ‘ফেন্টানিল শুল্ক’ হিসেবে ২০ শতাংশ শুল্ক আরোপ রয়েছে।

শুল্ক যুদ্ধের নেতিবাচক প্রভাব এড়াতে অ্যাপল ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের বাজারের জন্য আইফোন উৎপাদনের একটি বড় অংশ চীন থেকে ভারতে সরিয়ে নিতে শুরু করেছে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মাঝেও অ্যাপল ২০২৫ সালের প্রথম প্রান্তিকে আশাতীত বিক্রি দেখেছে অ্যাপল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ প্রান্তিকে তাদের মোট বিক্রি দাঁড়িয়েছে ৯৫.৪ বিলিয়ন ডলারে, যা আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি। একই সময়ে মুনাফা হয়েছে ২৪.৮ বিলিয়ন ডলার।
এর মধ্যে ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছাড়িয়ে শুধু আইফোন বিক্রির পরিমাণ ছিল ৪৬.৮ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা মনে করছেন, শুল্কের কারণে ভবিষ্যতে দাম বাড়তে পারে, এই আশঙ্কায় অনেক গ্রাহক আগেভাগেই নতুন আইফোন কিনে নিয়েছেন, যার ফলে বিক্রিতে এই বৃদ্ধি দেখেছে অ্যাপল। তবে অ্যাপলের বিক্রি কিছুটা কমে এসেছে চীনে। ২০২৫ সালের প্রথম তিন মাসে চীনে বিক্রি হয়েছে ১৬ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের বছরের তুলনায় সামান্য কম।

যে কারণে ছবির স্ক্রিপ্ট শুনেই করণকে ফিরিয়ে দিয়েছিলেন শাহরুখ

সম্প্রতি ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেইনমেন্ট সামিট অর্থাৎ ওয়েভস ২০২৫-এ অংশ নিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। সেখানেই তিনি নানান বিষয়ে কথা বলেছেন। নারীদের সম্মান করা থেকে শুরু করে আজকের প্রজন্মের ওপর সামাজিক মাধ্যমের প্রভাব সব কিছু নিয়েই কথা বলেছেন শাহরুখ।

এ সময় কাছের বন্ধু করণ জোহরকে নিয়েও কথা বলেন তিনি।
জানান, কয়েক বছর আগে করণ তার সঙ্গে একটা ছবির জন্য যোগাযোগ করেছিলেন, তবে তিনি সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন। কিন্তু কেন করণকে প্রত্যাখ্যান করেছিলেন, সেকথাও জানিয়েছেন শাহরুখ।

নিজেদের ক্যারিয়ারের শুরু খেকেই খুব ভালো বন্ধু শাহরুখ খান ও করণ জোহর। করণের বহু ছবিতে কাজ করেছেন শাহরুখ।
দুজনে মিলে দর্শকদের বহু ব্লকবাস্টার ছবিও দিয়েছেন। তবে কয়েক বছর আগে করণ জোহর তার কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে এসেছিলেন। শাহরুখ খান সেই ছবি প্রত্যাখ্যান করেন।

কিন্তু বন্ধু করণকে কেন ফিরিয়েছিলেন সেকথা জানিয়ে শাহরুখ খান বলেন, ‘কয়েক বছর আগে, কেজো (করণ জোহর) আমার কাছে একটি ছবির স্ক্রিপ্ট (চিত্রনাট্য) নিয়ে এসেছিল।
যেখানে গোটা ছবিতে আমাকে স্কার্ট পরতে হতো। সেটা শুনেই আমি পিছিয়ে যাই।’

শাহরুখ খান বলেন, ‘আমি ভেবেছিলাম স্কার্ট পরে আমি কোনো সিনেমাতে অভিনয় করতে পারব না। ওকে বলি, আরে ইয়ার আমার এত খারাপ দিনও হয়নি যে স্কার্ট পরে আমায় অভিনয় করতে হবে। আসলে ছবিটিতে পুরনো দিনের কথা উঠে আসত, যখন পুরুষরা স্কার্ট পরতেন।
পুরুষরা স্কার্ট পরতেন ঠিকই, তবে আমার মতো পুরুষ নয়।’

শাহরুখের কথায় সাফাই দিয়ে করণ তখন বলেন, ‘আরে তোমাকে তো নয়, তোমার চরিত্রটা ছবিতে স্কার্ট পরবে।’

উত্তরে ফের বাদশা বলেন, ‘ওই চরিত্রের জন্য তুমি নিজেই স্কার্ট পরে নিজের মতো করে অভিনয় করে নাও, সেটা বরং ভালো হবে। আমি প্যান্টেই ঠিক আছি।’

এদিনের অনুষ্ঠানে শাহরুখ খান ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে চলে আসা ইনসাইডার আর আউটসাইডারের বিতর্ক নিয়েও নিজের মতামত দিয়েছেন। শাহরুখ খান বলেন, ‘যে কোনো বিশ্বে নিজের জায়গা তৈরি করে নেওয়াটা খুব জরুরি। আপনি যদি নিজের জন্য হতাশ হতে থাকেন তাহলে আপনি ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করতে পারবেন না।’

সূত্র : টাইমস অব ইন্ডিয়া ও হিন্দুস্তান টাইমস।

নতুন করে আলোচনার ইঙ্গিত চীন-যুক্তরাষ্ট্রের

চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য সংঘাতের মধ্যে নতুন করে আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছে বেইজিং। শুক্রবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের পাঠানো বাণিজ্য আলোচনার প্রস্তাব মূল্যায়ন করছে। খবর সিএনএনের।

মুখপাত্র বলেন, ‘চীনের সঙ্গে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্র সম্প্রতি সংশ্লিষ্ট পক্ষগুলোর মাধ্যমে একাধিক বার্তা পাঠিয়েছে।
চীন বর্তমানে এই প্রস্তাব মূল্যায়ন করছে।’

তবে চীন স্পষ্ট করেছে যেকোনো আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্রকে কিছু শর্ত পূরণ করতে হবে।

এ বিষয়ে মুখপাত্র বলেন, ‘বাণিজ্য যুদ্ধ একতরফাভাবে যুক্তরাষ্ট্র শুরু করেছে। যদি তারা সত্যিই আলোচনা করতে চায়, তবে তাদের আন্তরিকতা দেখাতে হবে- যার মধ্যে তাদের ভুল সংশোধন করে একতরফা শুল্ক বৃদ্ধি বাতিল করার প্রস্তুতি নেওয়া অন্তর্ভুক্ত।

এই মন্তব্য বাণিজ্য যুদ্ধের জেরে উত্তপ্ত চীন-আমেরিকা সম্পর্কে কিছুটা উন্নতির ইঙ্গিত দিচ্ছে। গত সপ্তাহ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করে আসছিলেন যে তার প্রশাসন চীনের সঙ্গে আলোচনা করছে, তবে চীন প্রতিবারই এই দাবি সরাসরি অস্বীকার করেছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক এখন সংকটের মুখে। গত মাসে ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১৪৫ শতাংশ করেছেন, যার ফলে অনেক চীনা ব্যবসায়ীর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে।
জবাবে চীনও আমেরিকান পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেছে।

ভারতে বিলাসবহুল হোটেলে আগুন, নিহত ৪

ভারতের রাজস্থানের আজমিরে একটি বিলাসবহুল হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কিশোরসহ ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন। আহতদের মধ্যে একজন নারী ফায়ার সার্ভিস কর্মীও আছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার আজমিরের ১৬ নম্বর ওয়ার্ডের জনাকীর্ণ দিগ্নি বাজারে অবস্থিত ওই হোটেলটিতে হঠাৎ আগুন লাগে। আগুন প্রথমে এক তলায় লেগেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে হোটেলের পাঁচ তলায়। স্থানীয়দের সহযোগিতায় বহু মানুষ হোটেল থেকে নীচে নামেন। কিন্তু ধোঁয়ার মধ্যে অনেকেই আটকে পড়েন ভিতরে।
তিন চারতলা থেকে অনেকেই লাফ দেন।

স্থানীয় কাউন্সিলর ভারতী শ্রীবাস্তব জানিয়েছেন, মাত্র ৩০ মিনিটেই আগুন পুরো হোটেলে ছড়িয়ে পড়ে। আগুন লাগার পর নিজেদের বাঁচাতে এক শিশুসহ দুজন ব্যক্তি লাফিয়ে পড়েন এবং তারা গুরুতর আহত হন। এছাড়া আরো চারজন হোটেলে দগ্ধ হয়ে মারা যান।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মোট নয় জনকে হাসপাতালে আনা হয়েছিল। চারজন মারা গেছেন এবং আরো পাঁচজনের অবস্থা গুরুতর। তাদের মধ্যে একজনের শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে এবং বাকিদের ৫০ থেকে ৬০ শতাংশ দগ্ধ। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

গাজায় ইসরায়েলি হামলায় আরো ৩১ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকায় তাদের হামলা অব্যাহত রেখেছে। যার ফলে গত ২৪ ঘণ্টায় নারী ও শিশুসহ কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক।

এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫২ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে।
খবর কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার।

খবরে বলা হয়, বৃহস্পতিবার দিনজুড়ে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া শুক্রবার ভোরেও ভূখণ্ডটির একটি বাড়িতে ইসরায়েলি বোমার আঘাতে ৬ জন প্রাণহানির খবর পাওয়া গেছে বলে চিকিৎসা সূত্র আল জাজিরাকে জানিয়েছে।

এদিকে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) জানিয়েছে যে, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় কোনো ত্রাণ পৌঁছাতে পারছে না।
গাজায় ত্রাণ সরবরাহের জন্য প্রস্তুত ৩ হাজার ট্রাক উপত্যকায় প্রবেশের অপেক্ষায় রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক মাইকেল রায়ান এই পরিস্থিতিকে ‘একটি জঘন্য’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে গাজায় শিশুরা অনাহারে রয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জাতিসংঘের কাছে গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করার আহ্বান জানিয়েছে, যেখানে স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন যে, ৯২ শতাংশ শিশু এবং গর্ভবতী নারী এখন তীব্র অপুষ্টিতে ভুগছেন।

গাজায় আল জাজিরার সংবাদদাতা ইসরায়েলের ৬০ দিনের অবরোধকে বেসামরিক জনগণকে ‘ইচ্ছাকৃতভাবে শ্বাসরোধ’ করা হিসাবে বর্ণনা করেছেন।

পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু বলছে, গাজা উপত্যকায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৪১৮ জনে পৌঁছেছে বলে বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি আক্রমণে আহত হওয়া আরও ৭৭ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৮ হাজার ৯১ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।