রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ভারতের ক্ষেপণাস্ত্র হামলার উপযুক্ত জবাব পাকিস্তানের: শাহবাজ শরিফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে ‘যুদ্ধের পদক্ষেপ’ উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

শাহবাজ শরিফ বলেন, ভারতের এই হামলার বিরুদ্ধে পাকিস্তানের উপযুক্ত জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে।

‘শত্রুকে কখনোই তার ঘৃণ্য উদ্দেশ্য সফল হতে দেওয়া হবে না’, বলেন তিনি।
তিনি বলেন, পাকিস্তানি জাতির মনোবল দৃঢ়।

এর আগে, কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের বেশ কয়েক জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। জবাবে ভারতীয় দুই বিমান ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী।

বুধবার প্রথম প্রহরে ভারতের হামলার প্রতিশোধ হিসেবে ভারতের দুই বিমান ভূপাতিত করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান সংবাদমাধ্যম দ্য ডন।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান বিমান বাহিনী, সেনাবাহিনী ভারতের কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দিচ্ছে। দেশটির সরকারি টিভি পিটিভি মাইক্রো ব্লগিং সাইট এক্সে নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, ভারতে পাল্টা হামলা চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল বন্দুকধারীদের হামলায় ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ২৬ পর্যটক নিহত হয়। এরপর থেকেই উত্তেজনা বাড়ছিল উভয় দেশের মধ্যে।
এই হামলার জেরে বেশ কিছু চুক্তিও বাতিল করেছে ভারত ও পাকিস্তান। অবশেষে হেলগামে হামলার জেরে দুই সপ্তাহের বেশি পাল্টাপাল্টি পদক্ষেপের পর পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক, বললেন ট্রাম্প

পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে ‘লজ্জাজনক’ বলে অ্যাখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘এটা লজ্জাজনক। আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনেছি।
’

তিনি আরো বলেন, মানুষ অতীতের ওপর ভিত্তি করে জানত যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি, এটি খুব দ্রুত শেষ হবে। খবর দ্য টাইমস অব ইন্ডিয়া।

এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতোমধ্যে এ হামলার বদলা নিতে শুরু করেছে।
খবর ডনের

হামলায় হতাহতের বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরো তথ্য জানানো হবে। এর কিছুক্ষণ পর তিনি পাকিস্তানের জিউ নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তাতে বলেছেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি জানান, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু ও তার বাবা–মা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনী মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

বিবৃতিতে ভারতীয় সশস্ত্র বাহিনী জানায়, ‘অপারেশন সিঁদুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। এই হামলায় সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে। পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার পেছনে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে নয়াদিল্লি অভিযোগ করলেও, তা নাকচ করেছে পাকিস্তান। এরপর থেকে দুই দেশই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে। এতে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮, আহত ৩৫

মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ভারতের এ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্ত‍ঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ৩৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।

রাত ১টার পর পাকিস্তানের এআরউয়াই নিউজকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘এখন থেকে কিছু সময় আগে কাপুরুষ শত্রু ভারত ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকায় সুবহান্নাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফ্ফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে।
’ হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটির এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘এই ঘৃণ্য উসকানি জবাব ছাড়া পার পাবে না।’

ভারতের হামলায় হতাহতের বিষয়ে জানতে চাইলে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরো তথ্য জানানো হবে।
এর কিছুক্ষণ পর তিনি পাকিস্তানের জিউ নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন।

তাতে বলেছেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় এক শিশু নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

তিনি জানান, আহমেদপুরে একটি মসজিদে হামলা হয়েছে। কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে।
সেখানে একটি শিশু ও তার বাবা–মা আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।

কোটলিতেও একটি মসজিদে হামলা হয়েছে। মুজাফ্ফরবাদে একটি সড়কে ক্ষেপণাস্ত্র পড়েছে। তাতে কোনো ক্ষয়ক্ষতির খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাকিস্তানি বাহিনী স্থল ও আকাশপথে এই হামলার জবাব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে ভারত সরকারের এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের ৯টি স্থাপনায় হামলা চালানো হয়েছে।

ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে এই অভিযানে নিশানা করা হয়নি।

বার্সেলোনাকে বিদায় করে ফাইনালে ইন্টার মিলান

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের এটাই কি সেরা সেমিফাইনাল? এই প্রশ্নে বেশিরভাগ ফুটবলপ্রেমী নির্দ্বিধায় ‘হ্যাঁ’ বলার কথা।

এমন বহু বাঁকবদলের সেমিফাইনালে সর্বশেষ কে কবে দেখেছে! সান সিরোতে রোমাঞ্চে ঠাসা, পেন্ডুলামের মতো দুলতে থাকা রুদ্ধশ্বাস সেই লড়াই শেষে হাসি ইন্টার মিলানের, বেদনা বার্সেলোনার।

দুই দলের আরেকটি গোল–উৎসবের ম্যাচ আবারও নির্ধারিত সময়ে ৩–৩ সমতায় অমীমাংসিত থাকল। এরপর অতিরিক্ত সময়ে বাজিমাত করলেন বদলি ডেভিড ফ্রাত্তেসি।
শেষ পর্যন্ত ৪–৩ গোলে এই ম্যাচ জিতে দুই লেগ মিলিয়ে ৭–৬ অগ্রগামিতায় ফাইনালে পৌঁছে গেল ইন্টার, বিদায় ঘণ্টা বাজল বার্সার।

এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে গত সপ্তাহে প্রথম লেগ ৩–৩ গোলে ড্র হওয়ার পরপরই নিশ্চিত হয়েছিল ১০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠতে হলে বার্সেলোনাকে ইতিহাস বদলাতে হবে। কারণ, ইউরোপীয় ক্লাব ফুটবলের শীর্ষ এই প্রতিযোগিতায় ইন্টার মিলান যে নিজেদের মাঠে কখনোই সেমিফাইনালে হারেনি!

সান সিরোয় ইন্টারের সাম্প্রতিক ফর্মও বার্সার কপালে চিন্তার ভাঁজ ফেলার কথা। এই মাঠে চ্যাম্পিয়নস লিগে ৯৭২ দিন অপরাজিত (১৫ ম্যাচের ১২টিতে জয়, ৩টিতে ড্র) থেকে ইয়ামাল–রাফিনিয়াদের বিপক্ষে খেলতে নেমেছিলেন মার্তিনেজ–সোমার–ডামফ্রিসরা।

সেই ধারা ধরে রেখে তিন বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল ইন্টার। আগামী ৩১ মে মিউনিখে শ্রেষ্ঠত্বের মঞ্চে ইতালিয়ান ক্লাবটি পিএসজি অথবা আর্সেনালের মুখোমুখি হবে।

অথচ মঙ্গলবার প্রথমার্ধে লাওতারো মার্তিনেজ ও হাকান চালহানোয়লুর গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ার পরও অবিশ্বাস্যভাবে ফিরে এসেছিল বার্সা। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মধ্যে এরিক গার্সিয়া ও দানি ওলমো গোলে কাতালান ক্লাবটি ম্যাচে সমতা আনে।
৮৮ মিনিটে রাফিনিয়ার গোলে ৩–২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছিল ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখতে চলেছে বার্সা।

কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ডেনজেল ডামফ্রিসের ক্রস থেকে গোল করে বার্সাকে স্তব্ধ করে দেন সেন্টারব্যাক ফ্রান্সেসকো আচেরবি। ৩–৩! শেষ মুহূর্তে ইন্টার সমতায় ফেরায় সান সিরোর টইটম্বুর গ্যালারিও যেন প্রাণ ফিরে পায়।

দুই লেগ মিলিয়ে ৬–৬ সমতায় শেষ হওয়ায় ফাইনালিস্ট নির্ধারণে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে ইরানি স্ট্রাইকার মেহদী তারেমির পাস থেকে দারুণ এক গোলে ইন্টারকে এগিয়ে দেন ‘ক্রাইসিস ম্যান’ হয়ে ওঠা ফ্রাত্তেসি।
শেষ পর্যন্ত ব্যবধানটা ধরে রেখে খুশির জোয়াড়ে ভাসে সিমোন ইনজাগির দল।

এই ফ্রাত্তেসির গোলেই কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে তাদেরই মাঠে হারিয়েছিল ইন্টার। ২৫ বছর বয়সী এই মিডফিল্ডারের আরেকটি মহাগুরুত্বপূর্ণ গোলে বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ফাইনাল খেলতে যাচ্ছে নেরাজ্জুরিরা।

চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চেক ডিজঅনার মামলায় নির্মাতা চয়নিকা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ মো. বুলবুল ইসলামের আদালত এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলার বাদী প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজের জেরার জন্য দিন ধার্য ছিল।
তবে আসামি চয়নিকা চৌধুরী আদালতে হাজির হননি। তারপক্ষে আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। তবে আদালত সময়ের আবেদন নামঞ্জুর করেন।

একই সঙ্গে তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
পাশাপাশি এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেছেন আদালত।

এর আগে ২০১৩ সালের ১৪ মে মামলা করেন প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ। এ মামলার পর ২০১৪ সালে ২ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন চয়নিকা চৌধুরী। ওই বছরের ৭ আগস্ট মামলাটি বিচারের জনু ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।
২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি ঢাকার সপ্তম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

মামলার সূত্রে জানা গেছে, আসামি চয়নিকা চৌধুরীর মাধ্যমে প্রযোজক রাশেদুল ইসলাম রিয়াজ ‘জীবন সুন্দর হোক’ নাটক নির্মাণের প্রস্তুতি নেন। এ জন্য ২০১২ সালের ২৪ আগস্ট তাদের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, চয়নিকাকে দুই লাখ ৩০ হাজার টাকা দেন বাদী। একই সঙ্গে ২০১২ সালের ৩০ অক্টোবর চয়নিকা বাদী রিয়াজকে দুই লাখ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন।
তবে আসামি চুক্তিবদ্ধ হয়েও নাটক নির্মাণ করেননি। আসামি চয়নিকার সঙ্গে যোগাযোগ করলে তিনি নাটক নির্মাণ করতে অপরাগত প্রকাশ করেন। তখন টাকা ফেরত চাইলে তিনি ২০১৩ সালের জানুয়ারি চেক নগদায়ন করতে অনুরোধ করেন। পরবর্তীতে একাধিকবার টাকা নগদায়ন করতে গেলে চেক ডিজঅনার হয়। টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি টাকা ফেরত দেননি। পরবর্তীতে তিনি ঢাকার আদালতে এসে তার বিরুদ্ধে মামলা করেন।

এ টি এম আজহারকে ২ ও ৩ নম্বর চার্জ থেকে খালাস

মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর তৎকালীন সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের আপিল শুনানি হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়।

শুনানি শেষে আদালত সাক্ষ্য-প্রমাণ যাচাই করে এ টি এম আজহারকে ২ ও ৩ নম্বর চার্জ থেকে বেকসুর খালাস দেন। বিষয়টি নিশ্চিত করেছেন এ টি এম আজহারের আইনজীবী শিশির মনির।

তিনি জানান, এ টি এম আজহারকে ২ ও ৩ নম্বর চার্জ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। সাক্ষ্য মিথ্যা প্রমাণিত হয়েছে।

ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল : আদিলুর রহমান

অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘প্রতিটি ভবন হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও দুর্যোগসহনশীল। রাজউককে যথাযথ দায়িত্ব পালন করতে হবে।’

আজ মঙ্গলবার (৬ মে) ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে রাজউক ও জাইকার যৌথ আয়োজনে ‘ভবনসংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ে সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম।

আদিলুর রহমান বলেন, ভবনের নির্মাণ পর্যায়ে তদারকি ও গুণগতমান যাচাইয়ে দক্ষ ও আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যার অভাবে অগ্নিকাণ্ড ও বিপর্যয় ঘটে। এ জন্য ভবনের মালিক, প্রকৌশলী, স্থপতি ও ঠিকাদার সবার সচেতন হতে হবে।

তিনি আরো বলেন, ‘রাজউক ও জাইকা আয়োজিত আজকের সেমিনারে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শক্তিশালী কর্মপন্থা নির্ধারণ করা যাবে।
যা ভবিষ্যতে আমাদের কর্মপরিকল্পনা বাস্তবায়নে দিকনির্দেশক হিসেবে কাজ করবে।’

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম বলেন, ‘স্টেকহোল্ডাররা আইন না মানলে, কঠিন আইন করলেও নিরাপদ নগর নিশ্চিত করা সম্ভব হবে না। আমাদের সমাজে আইন না মানার সংস্কৃতি রয়েছে। প্রভাবশালীদের মাঝে এ প্রবণতার হার বেশি।
এর ফলে অনেক ক্ষেত্রেই রাজউকের কর্মকর্তারা অসহায়। অগ্নিকাণ্ড ও দুর্ঘটনার ক্ষেত্রে রাজউকসহ সংশ্লিষ্টদের দায় এড়ানোর সুযোগ নেই।’

রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘নকশাবহির্ভূত ভবনে রাজউকের অভিযান চলমান আছে। এসব অভিযানকে সাধারণ জনগণ স্বাগত জানাচ্ছে ও তাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে।’

জাইকার প্রতিনিধি কবুতা সেমিনারে ইম্প্রুভমেন্ট অব ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন কোয়ালিটি ফর রেজিলন্স অব প্রাইভেট বিল্ডিং (ডিসিকিউআর) প্রকল্পের রূপরেখা উপস্থাপন করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। স্বাগত বক্তব্য দেন রাজউকের সদস্য (উন্নয়ন) মোহা. হারুন-অর-রশীদ। দিনব্যাপী এ সেমিনারে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, রাজউক, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, রিহ্যাব, স্থপতি, প্রকৌশলী, নগর পরিকল্পনাবিদসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তা এবং প্রতিনিধিরা অংশ নেন।

‘দ্য হিন্দু’র সাংবাদিক নির্যাতনের প্রতিবেদন ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে ভারতীয় দৈনিক দ্য হিন্দুতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গত আট মাসে বাংলাদেশের ৬৪০ জন সাংবাদিককে টার্গেট করেছে। এ দাবিকে ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর হিসেবে প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের সরকার। আজ এক বিবৃতিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানায়।

ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উই ফ্যাক্টস থেকে এক পোস্টে বলা হয়, রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস গ্রুপের (আরআরএজি) বরাতে দ্য হিন্দু প্রকাশিত রিপোর্টে অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের ৬৪০ সাংবাদিককে হয়রানি অভিযোগ অত্যন্ত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা তথ্য।

সেখানে আরো বলা হয়, ‘বাংলাদেশের জনগণ যখন শেখ হাসিনার নেতৃত্বাধীন নিপীড়নমূলক ও দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে দেয়, তখন সরকার ঘনিষ্ঠ সাংবাদিকরা চাপের মুখে পড়েন। তবে তা কোনোভাবেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে করা হয়নি।’

পোস্টে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলা হয়, ‘বরং বিচার প্রক্রিয়া প্রভাবিত করতে আওয়ামী লীগ সরকারের করা কিছু আইন বর্তমানে সংশোধন করা হচ্ছে। কিন্তু সরকার কখনো সাংবাদিকদের টার্গেট করেনি।
’

প্রেস উইং আরো জানায়, ‘নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ও তার প্রেসসচিব, ঢাকায় এএফপির সাবেক ব্যুরো চিফ বহু বছর ধরে মুক্ত গণমাধ্যমের প্রবক্তা হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত।’

বিবৃতিতে আরআরএজি প্রধান সুহাস চাকমাুকে আওয়ামী লীগ ঘেঁষা বলেও আখ্যা দেওয়া হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সংগঠনটি বাংলাদেশ বিষয়ে বারবার মিথ্যা তথ্য ছড়াচ্ছে বলেও অভিযোগ করা হয়। ২০২৪ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম হিল ট্র্যাক্টসে সংঘটিত সহিংসতা নিয়ে অতিরঞ্জিত তথ্য ছড়িয়েছিল আরআরএজি।
দেশীয় গণমাধ্যম তিনটি ঘটনায় ৪ জনের প্রাণহানির কথা নিশ্চিত করে। কিন্তু সংগঠনটি ৯ জন আদিবাসী নিহতের খবর প্রচার করে।

বিবৃতিতে প্রেস উইং জানায়, ‘পরে নিউজ৯ কে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি ফের তুলে ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নেরও আহ্বান জানান সুহাস চাকমা।’ এরপর আরআরএজির তথ্যের ওপর ভিত্তি করে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশি মাইনরিটিস (এইচআরসিবিএম) মৃতের সংখ্যা ৬৭ জন বলে দাবি করে। যদিও পরে তা ডিসমিস ল্যাবের অনুসন্ধানী প্রতিবেদন ‘ফ্রম ফোর টু আ হানড্রেড’-এ ভুল প্রমাণিত হয়।

এই ভুল তথ্যের ওপর ভিত্তি করে জার্মানভিত্তিক ডয়চে ভেলের সাংবাদিক তাসমিয়া আহমেদ একটি প্রতিবেদন প্রকাশ করেন। যেখানে তিনি অধ্যাপক ইউনূসের অধীনে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। কিছুদিন আগে ছাত্র আন্দোলনকারীদেরও ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করেছিলেন এই আওয়ামীপন্থী সাংবাদিক।

প্রেস উইং আরো জানায়, ‘গেল মার্চ মাসে আরআরএজি জাতিসংঘে অভিযোগ করে, অধ্যাপক ইউনূস ধর্মীয় সহিংসতাকে গুরুত্ব দিচ্ছেন না। সঙ্গে ফ্যাক্ট চেকিং সংস্থাগুলোকেও তাদের তথ্য যাচাইয়ের কাজে বাধা দিচ্ছে।’

আরো বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান নিপীড়নের বিপক্ষে। জনগণের সঙ্গে মিলে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রেখে যাওয়া বৈষম্যমূলক নীতির অবসান করে নিরাপদ ও মর্যাদাপূর্ণ সমাজ নির্মাণে কাজ করছে।’

তরুণদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেবে সরকার : আসিফ মাহমুদ

দেশের তরুণদের এআইসহ প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে অন্তর্বর্তী সরকার। তরুণদের দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। সেই লক্ষ্যেই তাদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

আজ মঙ্গলবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
এ সময় সরকার আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

আগামী জুন-জুলাই থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।

যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ দেবে জানিয়ে উপদেষ্টা বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তরুণরা যাতে নিজেদের তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনে প্রশিক্ষণগুলো ডিজাইন করা হবে।

তিনি আরো বলেন, ‘আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব, তখন সবাই সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসবে। প্রয়োজনে টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবে আগ্রহীরা।’

কাল শুরু হচ্ছে শিহাব শাহীনের ফিল্মের শুটিং

গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমার সাফল্যের পর আবারও লাইট-ক্যামেরা-অ্যাকশনে ফিরছেন জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন। তবে এবার বড় পর্দায় নয়, ওটিটি প্ল্যাটফরমের জন্য নির্মাণ করতে যাচ্ছেন রোমান্টিক ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’, যেখানে প্রথমবারের মতো পর্দায় জুটি বাঁধছেন দুই সংগীত তারকা প্রীতম হাসান ও জেফার রহমান।

জানা গেছে, আগামীকাল বুধবার রাজধানী ঢাকাতে শুরু হচ্ছে সিনেমাটির শুটিং, চলবে টানা ৫ দিন। এরপর কক্সবাজারের মনোরম লোকেশনে হবে এর বাকি অংশের দৃশ্যায়ণ।

শিহাব শাহীন বলেন, “‘তুমি আমি শুধু’ একদম রোমান্টিক ঘরানার প্রজেক্ট। নতুন গল্প, নতুন জুটি। প্রীতম এবং জেফার দুজনেই গানের মানুষ। এই দুজনকে নিয়ে একটা নতুন চ্যালেঞ্জ।
দর্শকদের পছন্দ হবে আশা করি।”

এদিকে প্রীতমকে সর্বশেষ দেখা গেছে ‘ঘুমপরী’ ওয়েব ফিল্মে এবং জেফার সর্বশেষ অভিনয় করেছেন শিহাব শাহীনের ‘অ্যালেন স্বপন সিজন ২’তে। অন্যদিকে ‘দাগি’ সিনেমা নির্মাণ করে দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়াচ্ছেন শিহাব শাহীন।

প্রসঙ্গত, আসছে ঈদুল আজহায় মুক্তির লক্ষ্যে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জের জন্য নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি।