রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ভারতীয় কোনও বিমানকে পাকিস্তানে প্রবেশ করতে দেওয়া হয়নি

পাকিস্তানের আকাশসীমায় ভারতের কোনও যুদ্ধবিমানকে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক জেনারেল আহমেদ চৌধুরী। এমনকি পাকিস্তানের কোনও বিমানও ভারতের আকাশসীমায় প্রবেশ করেনি। বুধবার মধ্যরাতে ভারতের সামরিক বাহিনীর পাকিস্তানের ৯টি স্থানে হামলার বিষয়ে এই তথ্য জানিয়েছেন তিনি।

ইসলামাবাদে এক প্রেস ব্রিফিংয়ে পাকিস্তানের আইএসপিআরের এই মহাপরিচালক বলেছেন, ভারতীয় কোনও বিমানকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এবং পাকিস্তানের কোনও বিমানও ভারতের আকাশসীমায় যায়নি।

পাকিস্তান সেনাবাহিনী ভারতীয় আগ্রাসনের পূর্ণ প্রতিক্রিয়া জানিয়েছে এবং ‘‘কয়েকটি’’ ভারতীয় সামরিক চৌকি ধ্বংস করা হয়েছে।

জম্মু-কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দুই সপ্তাহ পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী। এই হামলায় ভারতীয় সামরিক বাহিনী মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত।

যদিও পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, ভারতের হামলায় ২৬ জনের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

ভারত-শাসিত কাশ্মিরে ৩টি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে: রয়টার্স

ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার কথা আগেই জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী। তবে ভারতের পক্ষ থেকে এই দাবি নিশ্চিত করা হয়নি।

অবশ্য স্থানীয় সরকারের বেশ কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ভারতের জম্মু ও কাশ্মিরে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বুধবার (৭ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থাটি।

বার্তাসংস্থাটি বলছে, বুধবার ভারতের জম্মু ও কাশ্মির অঞ্চলে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় সরকারের চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে। ভারত সীমান্তের ওপারে পাকিস্তানের ৯টি “সন্ত্রাসী অবকাঠামোতে” আঘাত হানার কথা বলার কয়েক ঘণ্টা পরই এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের একজন সামরিক মুখপাত্র রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তানি সামরিক বাহিনী পাঁচটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে। যদিও ভারত এই দাবি নিশ্চিত করেনি।

এদিকে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।

পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।

এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।

ভারত আগুন নিয়ে খেলছে: হিনা রব্বানি খার

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলাকে ‘আগুন নিয়ে খেলছে ভারত’ বলে অভিহিত করেছেন।

ভারতের হামলাকে তিনি ‘অপ্ররোচিত, অপ্রমাণিত ও স্পষ্টভাবে আন্তর্জাতিক আইনবিরোধী’ বলে উল্লেখ করেছেন পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের বিরুদ্ধে এমন হামলা বিশ্ব শান্তির জন্য অত্যন্ত বিপজ্জনক বলে অভিহিত করেছেন হিনা রব্বানি খার।

তিনি আরও বলেন, ভারত নিজেকে বিচারক ও ফাঁসিদাতা ভাবছে। পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে ক্ষেপণাস্ত্র ছুড়ে পার পেয়ে যাবে তারা এমনটি নয়।

খার দাবি করেন, পাকিস্তান বারবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে ভারতের আক্রমণ সম্পর্কে সতর্ক করেছিল।

খার বর্তমানে কাতারের দোহা বিমানবন্দরে আটকা পড়েছেন। কারণ— ভারত-পাকিস্তান সংঘাতের পর সমস্ত ফ্লাইট বাতিল হয়েছে। তিনি এই পরিস্থিতিকে ‘ভারত সৃষ্ট জটিলতা’ বলে বর্ণনা করেছেন।

পালিয়ে আসা মিয়ানমারের ৩৪ সেনা-বিজিপিকে ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ফলে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনা ও বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) সদস্যসহ ৩৪ জন নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

বুধবার (৭ মে) দুপুরে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের একটি বিশেষ বিমানযোগে তাদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

বাণিজ্য যুদ্ধ নিরসনে শনিবার বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র-চীন

বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা ও বাণিজ্য যুদ্ধ নিরসনের পদক্ষেপ হিসেবে আগামী শনিবার (১০ মে) সুইজারল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও চীনের শীর্ষ কর্মকর্তারা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং প্রধান বাণিজ্য আলোচক জেমিসন গ্রিয়ারের সঙ্গে জেনেভায় বৈঠক করবেন চীনের অর্থনৈতিক নীতিনির্ধারক হে লিফেং।

ওয়াশিংটনের পক্ষ থেকে মঙ্গলবার (৬ মে) রাতে এ বৈঠকের ঘোষণা আসার পরপরই যুক্তরাষ্ট্রের ইকুইটি ইনডেক্স ফিউচারের মূল্য বেড়ে যায়। চীন ও হংকংয়ের শেয়ারবাজারেও বুধবার সকালে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপে উত্তেজনা চরমে পৌঁছায়, যার ফলে পণ্যে আমদানি শুল্ক ১০০ শতাংশ ছাড়িয়ে যায়। এই পরিস্থিতিকে ‘প্রায় বাণিজ্য অবরোধের’ সমতুল্য বলে মন্তব্য করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট।

জেনেভায় অনুষ্ঠেয় আলোচনায় শুল্ক হ্রাস, নির্দিষ্ট পণ্যের উপর শুল্ক এবং যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ বিষয়ক নানা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে রয়টার্স।

বৈঠকের ঘোষণা দেওয়ার পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, ‘আমার মনে হয় এই বৈঠকের মূল লক্ষ্য হবে উত্তেজনা কমানো।
’

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও যুক্তরাষ্ট্রের প্রস্তাবে বৈঠকে বসার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে চীন বলেছে, ‘বিশ্বের প্রত্যাশা, চীনের স্বার্থ এবং যুক্তরাষ্ট্রের শিল্প ও ভোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে চীন আলোচনায় বসতে সম্মত হয়েছে।’

তবে চীন সতর্ক করে দিয়ে বলেছে, ‘প্রাচীন চীনা প্রবাদে আছে, কী বলা হলো তা শোনা জরুরি, কিন্তু কী করা হলো তা দেখা আরও জরুরি। যুক্তরাষ্ট্র যদি একরকম বলে আর অন্যদিকে ভিন্ন কাজ করে বা আলোচনার আড়ালে চাপ সৃষ্টি ও ব্ল্যাকমেইল করে, তাহলে চীন কখনোই তাতে রাজি হবে না।
’

চীনের রফতানি নির্ভর কারখানা খাত এখন বড় ধরনের চাপে রয়েছে। অনেক বিশ্লেষক ২০২৫ সালের জন্য চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে দিয়েছেন। জাপানি বিনিয়োগ ব্যাংক নোমুরা সতর্ক করেছে যে, বাণিজ্য যুদ্ধের ফলে চীনে ১ কোটি ৬০ লাখ মানুষ চাকরি হারানোর ঝুঁকিতে পড়তে পারেন।

চীনের কেন্দ্রীয় ব্যাংক বুধবার নতুন আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে সুদের হার কমানো ও ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ প্রবাহ বাড়ানো। বিশ্লেষকরা এটিকে কৌশলগত ও পরিমিত পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করেছেন।

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

আজীবন সম্মাননা পেতে যাচ্ছেন নজরুলসংগীতশিল্পী ফেরদৌস আরা। আগামী ১৯ মে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-এ তিনি সম্মাননা পাচ্ছেন বলে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।

এই সম্মাননা আগামী দিনের কাজের প্রেরণা জানিয়ে ফেরদৌস আরা বলেন, ‘শুধু সংগীত নিয়ে আমাদের এখানে কোনো আয়োজন হয় না। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক, চলচ্চিত্রের গানসহ সংগীতের বিভিন্ন পুরস্কার দেওয়াটা চ্যানেল আই ২০ বছর ধরে রেখেছে।
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতের নানা শাখার মানুষদের সম্মানিত করার মধ্যদিয়ে সংগীতাঙ্গনের সবাইকে উদ্দীপ্ত ও উজ্জীবিত করে।

যে দেশে সংস্কৃতি ও সংস্কৃতিজনকে প্রতিনিয়ত নানা প্রতিকূলতা মোকাবিলা করে এগিয়ে যেতে হয়, সেখানে এই ধরনের সম্মাননা এই অঙ্গন ও অঙ্গনের মানুষদের এগিয়ে যাওয়ার প্রেরণা। এবার সেই আয়োজনে আমাকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে, এই সম্মাননা আমার কাজের গতি আরও বাড়াবে মনে করছি।’

‘কাপুরুষোচিত’, অপারশেন সিঁদুর প্রসঙ্গে পাকিস্তানি দুই অভিনেত্রীর নিন্দা

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। কাশ্মীর হামলা নিয়ে প্রতিবেশী দুই দেশ পাল্টাপাল্টি নানা পদক্ষেপের পর এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে।
অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে ভারতে।

এদিকে ভারতের এই হামলার প্রভাব পড়েছে দুই দেশের শোবিজ অঙ্গনেও। ভারতীয় তারকারা যেমন নিজের দেশকে বাহবা দিচ্ছেন, তেমনি পাকিস্তানি তারকাগন তীব্র নিন্দা জানিয়েছেন। অভিনেত্রী মাহিরা খান পাকিস্তানি লেখিকা ফাতিমা ভুট্টোর এক সমালোচনামূলক টুইট পুনরায় শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
যেখানে তিনি লেখেন, ‘একেবারে কাপুরুষোচিত! আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন, যেন ভালো বোধ জাগ্রত হয়। আমিন।’

অন্যদিকে, অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি মাত্র শব্দে ভারতের এই হামলার প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, ‘কাপুরুষোচিত।

দুই অভিনেত্রীর পোস্টে পাকিস্তানি অনুরাগীদের মন্তব্যেও দেখা গেছে ক্ষোভের আগুন। অধিকাংশ নেটিজেন যেমন ভারতকে পাল্টা আক্রমনের কথা বলছেন, কেউ আবার বলছেন, যুদ্ধ নয়। শান্তি চায় সাধারন মানুষ। মৃত্যুর মিছিল আর দেখতে চায় না কেউ।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে।
এবার পাল্টাপাল্টি হামলায় গড়িয়েছে দুই দেশের উত্তেজনা। পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত ৮ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। পাকিস্তানের অন্তত ৬টি পৃথক স্থানে সর্বমোট ২৪টি হামলা চালিয়েছে ভারত।

অন্যদিকে পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে তারা ভারত-শাসিত কাশ্মীরের ভিম্বর গলি এলাকায় গোলা নিক্ষেপ করেছে। স্থানীয় বাসিন্দারা বিবিসিকে জানিয়েছেন, ভিম্বর গলির কাছে মেন্ধার অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ ঘটনায় তিন ভারতীয় নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় ২৬ বেসামরিক নিহত

মধ্যরাতে পাকিস্তানে চালানো ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি আরো জানান, এই হামলায় আহত হয়েছেন আরো ৪৬ পাকিস্তানি। খবর ডনের।

এদিকে পাকিস্তানের সামরিক মুখপাত্র জানিয়েছেন, বাহাওয়ালপুরের পূর্ব আহমেদপুরে ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২-৩ বছর বয়সী একটি মেয়ে শিশু ও ৭ জন নারী রয়েছেন।

ওই মুখপাত্র আরো জানান, মুজাফফরাবাদের কাছে বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত হয়েছেন। এখানে দুই শিশু আহত হয়েছে।
এছাড়া কোটলিতে আরেকটি মসজিদে হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। এখানে আহত হয়েছে এক মা ও তার মেয়ে।

আইএসপিআরের মহাপরিচালক পাঞ্জাবের মুরিদকেতে উম্মালকুড়া মসজিদে হামলায় তিন জন নিহত ও একজন আহত হয়েছেন। শিয়ালকোট এবং শকরগড়ের হামলার কোনো হতাহত হয়নি বলে জানান তিনি।

তিনি আরো জানান, নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর গুলিবর্ষণে পাঁচ বছর বয়সী এক শিশুসহ পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তিনি বলেন, দয়া করে ভুলে যাবেন না, ভারত ধর্মীয় উপসানলায়কে লক্ষ্যবস্তু করেছে। এটা সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের দমন ও লক্ষ্যবস্তুতে পরিণত করা মোদীর হিন্দুত্ববাদী সরকারের সংকীর্ণ চিন্তাভাবনাকে প্রতিফলিত করে।

ইন্টার ঝড়ে স্বপ্নভঙ্গ, ফ্লিক বললেন –‘আরো শক্তিশালী হয়ে ফিরব’

শেষ মুহূর্তের ধাক্কায় চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বপ্ন ভেঙে গেছে বার্সেলোনার। সেমিফাইনালের দ্বিতীয় লেগে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলের নাটকীয় হারে মিউনিখের ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। তবে এই হারে হতাশ হলেও দলের পারফরম্যান্সে গর্বিত ফ্লিক বললেন, ‘আমি আমার দল নিয়ে গর্বিত।’

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘আমি হতাশ, তবে দলের পারফরম্যান্স নিয়ে নয়।
তারা সর্বোচ্চ চেষ্টা করেছে এবং দুর্দান্ত খেলেছে। যদিও আমরা বাদ পড়েছি, তবুও আগামী মৌসুমে আবার চেষ্টা করব। আমরা আমাদের সমর্থক ও ক্লাবকে গর্বিত করতে চাই।’

ফ্লিক খেলোয়াড় ও সমর্থকদের উদ্দেশে উৎসাহমূলক বার্তা দিয়ে বলেন, ‘এই অভিজ্ঞতা থেকে আমরা শিখব।
আমরা শিখতে চাই, উন্নতি করতে চাই। আগামী মৌসুমে আমরা আরো শক্তিশালী হয়ে ফিরব।’

তরুণ দল নিয়ে ফ্লিক বলেন, ‘আমাদের দলটি তরুণ, আমাদের আরো পরিণত হতে হবে। রক্ষণসহ বেশ কিছু জায়গায় আমাদের উন্নতি করতে হবে।
তবে আমরা লড়াই চালিয়ে যাব। এই ম্যাচটা শেষ। এখন ঘুরে দাঁড়াতে হবে, সামনে এল ক্লাসিকো আছে। আমি আমার দলকে জাগিয়ে তুলব।’

হারের পরও ইন্টার মিলানকে অভিনন্দন জানান ফ্লিক।
দলটির প্রশংসা করে বার্সা কোচ বলেন, ‘ইন্টার দারুণ দল। তারা একসঙ্গে খেলে, ভালোভাবে রক্ষণ করে এবং দলে দুর্দান্ত স্ট্রাইকার রয়েছে। তাদের মিউনিখে শুভকামনা জানাই।’

রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে ফ্লিক বলেন, ‘আমি রেফারি নিয়ে কথা বলতে চাই না, তবে ৫০-৫০ সিদ্ধান্তগুলো তাদের পক্ষে গেছে। আমাদের এটা মেনে নিতে হবে।’

বার্সেলোনার সামনে এখন ঘুরে দাঁড়ানোর বড় সুযোগ এল ক্লাসিকোতে। রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয় লা লিগা শিরোপার পথে তাদের অনেকটাই এগিয়ে দেবে।

ভারতের দুই বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের

ভারতের দুটি বিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ হিসেবে বিমানগুলো ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

পাকিস্তানের নিরাপত্তা-সংশ্লিষ্ট সূত্রের বরাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, ‘ভারতের আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে পাকিস্তানি বাহিনী। প্রাথমিক তথ্য অনুযায়ী, পাকিস্তান বিমান বাহিনী শত্রুপক্ষের দুটি বিমান ভূপাতিত করেছে।
পাকিস্তান বিমান বাহিনীর সব বিমান নিরাপদে রয়েছে।’

পিটিভির প্রতিবেদনে আরো বলা হয়েছে, ভারতীয় বিমানের পাশাপাশি প্রতিশোধ হিসেবে দেশটির সামরিক বাহিনীর একটি কার্যালয় ধ্বংস করা হয়েছে। তবে ওই কার্যালয়ের অবস্থান সুর্নিদিষ্টভাবে উল্লেখ করেনি সংবাদমাধ্যমটি।

পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে দেশটির সম্প্রচারমাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ধুনদিয়াল সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেডের সদর দপ্তর গুঁড়িয়ে দিয়েছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতেই পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহতের পর দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে এ হামলা হয়।

পাকিস্তানের আন্ত‍ঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে ‘কাপুরুষোচিত’ এ হামলা চালিয়েছে ভারত।