শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বুধবার বেলা চট্টগ্রামের সার্কিট হাউসে এক আয়োজনে হার্ট ফাউন্ডেশন হাসপাতালের ২৩ একর জমির নিবন্ধিত দলিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন তিনি।

এর মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর আন্তর্জাতিক মানের বিশেষায়িত হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রতিষ্ঠার দাবি পূরণ হতে চলেছে। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী এলাকায় নির্মিত হবে।

এর আগে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেছেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফর করছেন।

খরচের কারণে বিয়ে করছেন না সালমান!

তার সমবয়সী সহকর্মীদের অনেকেই সংসার করছেন কিন্তু সেদিক থেকে ৫৯ বছর বয়সী সালমান খান এখনো অবিবাহিত। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা, কেউ আবার মনে করেন দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।

তবে বিয়ে না করার আসল কারণ কী, তা ২০১৮ সালেই প্রকাশ্যে এনেছিলেন অভিনেতা। ২০১৮ সালের টিআইই গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।

বিয়ের প্রসঙ্গ উঠতেই সালমান বললেন, ‘আমার কাছে এত টাকা কই!? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি একজন অবিবাহিত পুরুষ হয়ে রয়ে গেছি।
’

তিনি মজা করে আরও বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যায়নে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’

প্রসঙ্গত, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি।
বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই শোনা যাচ্ছে বলিপাড়ায়।

নগদে প্রশাসক ও নতুন বোর্ড নিয়োগ অবৈধ : আদালত

মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’ পরিচালনায় প্রশাসক ও নতুন বোর্ড নিয়োগকে বেআইনি ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদলত। গত ৭ মে শুনানি শেষে এই রায় দেওয়া হয়। আদেশের অনুলিপি সোমবার হাতে পেয়েছেন বলে জানিয়েছেন আবেদনকারী পক্ষের আইনজীবী।

রায়ে বলা হয়েছে, প্রশাসক নিয়োগ ও নতুন বোর্ড বসিয়ে নগদের ওপর সাময়িক নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা আইনসঙ্গত নয়।
এই রায়ের ফলে ডাক বিভাগের আওতাধীন এই প্রতিষ্ঠানটি এখন থেকে মূল মালিকপক্ষের নিয়ন্ত্রণে এবং বাংলাদেশ ব্যাংকের প্রণীত নীতিমালা অনুযায়ী পরিচালিত হতে পারবে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি হাইকোর্টও এ বিষয়ে করা একটি রিট আবেদন খারিজ করে দেন এবং স্পষ্ট করে দেন যে, প্রশাসক নিয়োগের উদ্যোগ গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্টদের মতে, এই রায় শুধুমাত্র নগদের জন্য নয় বাংলাদেশের ফিনটেক খাতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে এবং বেসরকারি খাতের স্বাধীনতা ও বিনিয়োগ নিরাপত্তা আরও সুদৃঢ় করবে।

ভারতের সঙ্গে সংঘর্ষে নিহত ৪০ বেসামরিক ও ১১ সেনা : পাকিস্তান সেনাবাহিনী

ভারতের সঙ্গে গত সপ্তাহের সংঘর্ষে দেশটির অন্তত ৪০ জন বেসামরিক নাগরিক এবং ১১ জন সেনা সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। নিহত বেসামরিকদের মধ্যে সাতজন নারী ও ১৫ জন শিশু রয়েছে। এ ছাড়া, সংঘর্ষে আহত হয়েছেন আরো ১২১ জন।
এ ঘটনাকে সাম্প্রতিক দশকগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে দেখা হচ্ছে।

পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানিয়েছে, ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে পাকিস্তানের ১১ জন সশস্ত্র বাহিনীর সদস্য ও ৪০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যেকোনো হামলার জবাব দেওয়া হবে ‘দ্রুত, ব্যাপক এবং চূড়ান্তভাবে’।

গত সপ্তাহে ভারত ও পাকিস্তান টানা চার দিন ধরে সংঘর্ষে লিপ্ত ছিল, যা ১৯৯৯ সালের কারগিল যুদ্ধের পর তাদের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক উত্তেজনা হিসেবে চিহ্নিত হয়েছে।
উভয় পক্ষই যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোলাবর্ষণ চালায়। এপ্রিলের ২২ তারিখ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে একটি হামলাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে। তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে।

বুধবার ভারতের পক্ষ থেকে একাধিক পাকিস্তানি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যেগুলোকে তারা ‘সন্ত্রাসবাদী ঘাঁটি’ বলে দাবি করে। জবাবে পাকিস্তান জানায়, তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন পাকিস্তান জানায়, ভারত তাদের তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর পাকিস্তান পাল্টা হামলায় ভারতের বিভিন্ন সামরিক ঘাঁটিতে আঘাত হানে, যার মধ্যে উত্তর ভারতে একটি ক্ষেপণাস্ত্র মজুদকেন্দ্রও ছিল।

এই উত্তেজনার মধ্যেই কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করেছেন, যা তাৎক্ষণিক যুদ্ধের শঙ্কা কিছুটা প্রশমিত করে।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘এই বর্বরোচিত হামলাগুলোতে শহীদ হয়েছেন ৪০ জন বেসামরিক নাগরিক — যাদের মধ্যে রয়েছেন সাত নারী ও ১৫ শিশু। আহত হয়েছেন আরো ১২১ জন, যার মধ্যে ১০ জন নারী ও ২৭ জন শিশু রয়েছেন। মাতৃভূমি রক্ষায় অসাধারণ সাহসিকতার সঙ্গে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর ১১ জন সদস্য এবং আহত হয়েছেন আরো ৭৮ জন।’

নিহত সেনা সদস্যদের মধ্যে ছয়জন ছিলেন নন-কমিশনড অফিসার এবং পাকিস্তান বিমানবাহিনীর এক স্কোয়াড্রন লিডার ও চারজন টেকনিশিয়ানও রয়েছেন।

সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়, ‘এ নিয়ে কোনো বিভ্রান্তি থাকা উচিত নয় — পাকিস্তানের সার্বভৌমত্ব বা ভূখণ্ডে হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার জবাব দেওয়া হবে দ্রুত, সর্বব্যাপী এবং চূড়ান্তভাবে ইনশাআল্লাহ।’

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর উভয় দেশ নিজেদের বিজয় দাবি করেছে। পাকিস্তান জানিয়েছে, শনিবার চালানো প্রতিশোধমূলক অভিযানে তারা ভারতের একাধিক সামরিক স্থাপনায় হামলা চালায় এবং একটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন বুনইয়ানুম-মারসুস’, যার অর্থ আরবি ভাষায় ‘সিসার প্রাচীর’।

এদিকে ভারতও নতুন স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে, যেখানে দাবি করা হয়েছে, পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটির রানওয়ে ও রাডার স্টেশনগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতীয় বিমান হামলায়। উল্লেখ্য, উপমহাদেশের এই দুই চিরবৈরী প্রতিবেশী দেশ ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর কাশ্মীর ইস্যুতে তিনটি যুদ্ধের মধ্যে দুটি লড়েছে। উভয় দেশ পারমাণবিক অস্ত্রে সজ্জিত হওয়ায় এ ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক মহলে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে।

সূত্র : এএফপি, আল-আরাবিয়া

সৌদি আরব পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় আন্তর্জাতিক সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৯ টা ৪৯ মিনিটে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ রিয়াদ বিমানবন্দরে অবতরণ করে।

রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের রয়্যাল টার্মিনালে ট্রাম্পকে স্বাগত জানাতে বিছানো হয় বর্ণাঢ্য বেগুনি কার্পেট। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে অভ্যর্থনা জানান।

ট্রাম্পের ডেপুটি চিফ অফ স্টাফ ড্যান স্কাভিনো ও সফরসঙ্গী সংবাদকর্মীদের বরাতে জানা গেছে, এয়ার ফোর্স ওয়ান-কে সৌদি আরবের এফ-১৫ যুদ্ধবিমানগুলো আকাশে নিরাপত্তা দিয়ে রিয়াদে নিয়ে এসেছে।

রাষ্ট্রীয় সফরের জাঁকজমক ইতোমধ্যেই রিয়াদের রাজপথজুড়ে স্পষ্ট। বিমানবন্দর থেকে শহরের কেন্দ্রে যাওয়ার রাস্তাগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের জাতীয় পতাকায় সজ্জিত করা হয়েছে।

সৌদি আরব সফরে ট্রাম্প মঙ্গলবার (১৩ মে) যুবরাজের সাথে অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেয়ার পাশাপাশি প্রতিনিধিদলের পরিচিতি, সিইওদের সাথে মধ্যাহ্নভোজ, দ্বিপাক্ষিক বৈঠক এবং সৌদি রয়্যাল কোর্টে একটি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে যোগ দেবেন।

ট্রাম্প একটি মার্কিন-সৌদি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেবেন বলে আশা করা হচ্ছে। বিনিয়োগ ফোরামে ট্রাম্পের ঘনিষ্ঠ ধনকুবের স্পেসএক্স ও টেসলার সিইও ইলন মাস্ক যোগ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউসের এক কর্মকর্তা।

এরপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরবের ঐতিহাসিক ও ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ‘দিরইয়াহ’ এবং ‘আত-তুরাইফ’ ঘুরে দেখবেন। দিনশেষে যুবরাজের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন তিনি।

সারা দেশে অনলাইনে এনআইডি সেবা বন্ধ

সারা দেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা কার্যক্রম সাময়িক বন্ধ রয়েছে। আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

সার্ভারে প্রবেশের সময় ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) না আসায় এই সমস্যা দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে ছবি তোলা বায়োমেট্রিক গ্রহণের কার্যক্রম চলমান আছে।

হুমায়ুন কবীর জানান, এনআইডি সার্ভারে লগইন করার জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওয়ান টাইম পাসওয়ার্ডের (ওটিপি) প্রয়োজন হয়। সে ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভার ঢুকতে পারছেন না।

সমস্যার সমাধান হয়ে গেলে দ্রুতই এনআইডির অনলাইন সেবা চালু হবে বলে জানিয়েছেন তিনি।

ক্লাব বিশ্বকাপে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থক নিষিদ্ধ হচ্ছেন

নিশ্চয়ই গ্যালারিতে উপস্থিত থেকে নিজ দেশের ক্লাবকে সমর্থন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তবে নতুন সংস্করণের ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই দুঃসংবাদ শুনল আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি সমর্থক।

স্টেডিয়ামে খেলা দেখতে এসে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর কারণেই তাদের নিষিদ্ধ করার কথা জানিয়েছেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিখ। ‘ট্রিবিউনা সেগুরা’ নামে একটি প্রোগ্রামের মাধ্যমে সহিংস সমর্থকদের তালিকা করা হয়েছে।
তালিকাটি চূড়ান্ত করে গতকাল বুয়েনস এইরেসে যুক্তরাষ্ট্র দূতাবাসকে জমা দেন আর্জেন্টিনার নিরাপত্তামন্ত্রী।

সহিংস সমর্থকদের বিষয়ে বুলরিখ বলেছেন, ‘তালিকায় ১৫ হাজারের বেশি লোক আছেন যারা স্টেডিয়ামে নিষিদ্ধ থাকবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, আর্জেন্টিনার স্টেডিয়ামে অপরাধে জড়ানো লোকরা যেন এই আয়োজনে (ফিফা ক্লাব বিশ্বকাপ) থাকতে না পারে। এই সরকারের শুরু থেকে ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি মানুষকে পর্যবেক্ষণ করেছে ট্রিবিউনা সেগুরা।
এর মধ্যে গ্রেপ্তারি পরোয়ানাসহ ১ হাজার ১৬৬ জনকে চিহ্নিত করেছি আমরা। তাদের স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা দিতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছে।’

আগামী ১৪ জুন যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে ক্লাব বিশ্বকাপ শুরু হবে। শেষ হবে ১৩ জুলাই।
এবার ক্লাব বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৩২ করা হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনার দুটি ক্লাব রয়েছে- বোক জুনিয়র্স ও রিভার প্লেট।

আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য প্রকাশ, যা বলছে বিডা

নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর ব্যক্তিগত তথ্য প্রকাশকে ‘অনিচ্ছাকৃত ভুল’ বলে দাবি করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। এর জন্য দুঃখ প্রকাশ করেছে বিডা কর্তৃপক্ষ।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর ব্যক্তিগত সফর সংক্রান্ত একটি খবর পোস্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

এতে আরো বলা হয়েছে, বিডার এই অফিশিয়াল পেজটি শুধু কর্তৃপক্ষের দাপ্তরিক কার্যক্রম সম্পর্কিত তথ্য প্রচারের জন্য নির্ধারিত।
ওই পোস্টটি আমাদের টিমের একটি অনিচ্ছাকৃত ত্রুটির কারণে প্রকাশিত হয়েছিল।

ভবিষ্যতে আরো সতর্ক থেকে শুধু প্রাসঙ্গিক তথ্যই এই প্ল্যাটফরমে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিডা।

বাংলায় তুর্কি সিরিজ বড়ো ভাই

মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় তুর্কি সিরিজ ‘বড়ো ভাই’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা, রাত ৯টা ও পরদিন সকাল ১১টা ২০ মিনিটে প্রচারিত হচ্ছে এটি। এ ছাড়া সপ্তাহের সব পর্ব একসঙ্গে বিরতিহীনভাবে প্রচারিত হচ্ছে বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে। তুর্কি ভাষায় এর নাম ‘কারদেসলারিম’।
আন্তর্জাতিকভাবে এটি প্রচারিত হচ্ছে ‘মাই ফ্যামিলি’ এবং ‘মাই সিবলিংস’ নামে।

সিরিজটি মূলত চার ভাই-বোন— কাদির, ওমর, আসিয়ে এবং এমেলের সংগ্রামময় জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। একটা সুখী ও সাধারণ জীবন ছিল তাদের; কিন্তু একটি আকস্মিক দুর্ঘটনায় তারা বাবা-মাকে হারায়। এরপর তাদের জীবন কঠিন বাস্তবতার মুখোমুখি হয়।
এক নিদারুণ কষ্ট ও সংগ্রামের দিনগুলো উঠে আসে গল্পে। কখনো তারা সমাজের নিষ্ঠুরতার শিকার হয়, কখনো আবার নতুন বন্ধু এবং সহানুভূতিশীল মানুষদের সহযোগিতা পায়।

তবে তাদের মূল প্রতিপক্ষ হয়ে ওঠে ধনী ও ক্ষমতাবান ব্যক্তিরা, যারা তাদের জীবনে নানা বাধা সৃষ্টি করে। সিরিজের অন্যতম আকর্ষণ হলো ভাই-বোনদের মধ্যকার গভীর ভালোবাসা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ সহায়তা।
পুরো গল্পজুড়ে চার ভাই-বোনের অকৃত্রিম ভালোবাসা এবং প্রতিকূলতার বিরুদ্ধে তাদের ঐক্য আবেগপ্রবণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। পরিবারের ওপর নেমে আসা দুর্ভাগ্যের জন্য দায়ী ব্যক্তিদের মুখোশ উন্মোচন করার এক তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যায় তারা।

অবসরে প্রেমিকা কাইলির বাড়িতেই সময় কাটান টিমোথি

খোলামেলাভাবেই প্রেম করছেন সুপারমডেল কাইলি জেনার আর মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে। হলিউডের দুই জনপ্রিয় তারকা তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাছন্দ্যবোধ করেন। তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই দুজনের কেউই রাখেননি কোনো লুকোচুরি। দুজনের সম্পর্ক এতটা গভীরে যাচ্ছে যে এখন প্রায়ই একসঙ্গেই থাকছেন এ জুটি।
এমনকী কাইলির বাড়িতেই বেশিরভাগ সময় কাটান টিমোথি।

এই দুই তারকার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ‘এলে’ ম্যাগাজিনকে জানিয়েছে, ‘তারা এখন প্রায় একসঙ্গেই থাকছেন। কাজ না থাকলে টিমোথি প্রায়ই কাইলির বাড়িতে থাকেন। তিনি এখন কাইলির জীবনের পুরোপুরি অংশ হয়ে গেছেন।
’
সূত্রটি আরও জানায়, ‘কাইলি সত্যিই খুশি এবং স্বস্তি অনুভব করছে যে তারা অবশেষে জনসমক্ষে নিজেদের একসঙ্গে প্রকাশ করতে পেরেছে। সময়টা উপযুক্ত ছিল এবং কাইলি চাইছিল টিমোথিকে প্রকাশ্যে সমর্থন জানাতে এবং এটা প্রকাশ করতে যে টিমোথিকে নিয়ে কতটা গর্বিত সে।’

সব মিলিয়ে, এই জুটির সম্পর্ক এখন দারুণ যাচ্ছে বলেই জানিয়েছে সেই সূত্র। সূত্রের ভাষায়, “কাইলি গর্বের সঙ্গে টিমোথির পাশে দাঁড়ায়।
কাইলির মতে, এখনই সময় সম্পর্কের এই দিকটা সবার সামনে প্রকাশ করার। তারা এখন খুব ভালো জায়গায় রয়েছে। টিমোথি কাইলিকে আত্মবিশ্বাসী বোধ করায়, আর এটা কাইলির আগের সম্পর্কগুলোর চেয়ে একেবারেই ভিন্ন।”

সূত্রটি এই জুটির দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি। তবে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে এই জুটির ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে, কাইলি জেনার ও অভিনেতা টিমোথি শ্যালামে নিজেদের সম্পর্কে কোনো চাপ নিতে চান না।
তারা ধীরে ধীরে সময়টা উপভোগ করছেন। তবে সবকিছু এতটাই ভালো যাচ্ছে যে, ভবিষ্যতে তারা তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন বলে মনে হচ্ছে।

গত দুই বছর ধরেই প্রকাশ্যে ডেটিং করছেন টিমোথি-কাইলি জুটি। দুজনকে একসঙ্গে পার্টি ও রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই তারকার ভক্ত-অনুরাগীরা তাদের কথিত সম্পর্ক নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সম্প্রতি ইতালির একটি পুরস্কার অনুষ্ঠানে ‘ডুন’ অভিনেতা টিমোথি শ্যালামে যখন সম্মানসূচক পুরস্কার গ্রহণ করেন তখন কাইলি জেনারও তার সঙ্গে লালগালিচায় হেঁটেছেন। বোঝাই যাচ্ছে, দুজনে বেশ গভীর সম্পর্কেই ডুব দিয়েছেন।