শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

দুই ম্যাচ পর আর্জেন্টিনা দলে ফিরেছেন লিওনেল মেসি। দলের অধিনায়ককে নিয়েই ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি।

৩৭ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ড মেসি মার্চ মাসের বাছাই পর্বের ম্যাচগুলোতে চোটের কারণে দলের বাইরে ছিল। তবে তার অনুপস্থিতি খুব একটা ভোগায়নি আর্জেন্টিনাকে।
মেসিকে ছাড়াই উরুগুয়ে ও ব্রাজিলকে হারিয়ে আগাম বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে স্কালোনির দল।

চলতি বছরের ৫ জুন চিলির মাঠে স্বাগতিকদের মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এরপর ১০ জুন বুয়েনস আইরেসে স্বাগতিক হিসেবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

এরপর ১৪ জুন ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন মেসি।
১৪ জুন মায়ামিতে ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষে খেলবে তার ক্লাব ইন্টার মায়ামি।

এদিকে, কোচ লিওনেল স্কালোনি ২৮ সদস্যের দলে আরো ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড আলেহান্দ্রো গারনাচো।

তবে দলে থাকলেও প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও লিয়ান্দ্রো পারেদেস। তিনজনই রয়েছেন নিষেধাজ্ঞার আওতায়।

চোটের কারণে দলে নেই ফরোয়ার্ড পাওলো দিবালা ও ডিফেন্ডার গনসালো মন্তিয়েল। এছাড়া মারকোস আকুনিয়া ও জার্মান পেজ্জেলাকেও বাদ দিয়েছেন কোচ স্কালোনি।

বিচ্ছেদের পর অনুরাগের কাছ থেকে অনেক কিছু পেয়েছি : কাল্কি

বেশ কিছুদিন সম্পর্কে থাকার পর পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী কাল্কি কেকল্যাঁ। সেই দাম্পত্য স্থায়ী হয়নি। তবে অনুরাগের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছেন কাল্কি। বরং বিবাহবিচ্ছেদের পরেই অনুরাগের থেকে অনেক কিছু পেয়েছেন বলে জানান তিনি।

ব্যক্তিগত জীবনের জন্য বার বার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। সাবেক স্বামী অনুরাগ কাশ্যপের মেয়ের বিয়েতে উপস্থিত থেকেও কটাক্ষের শিকার হয়েছিলেন কাল্কি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেসব বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন কাল্কি।

অভিনেত্রী বিশ্বাস করেন, যাদের সঙ্গে সম্পর্ক থাকার, তাদের সঙ্গে ঠিক সম্পর্ক থেকে যায়।
অনুরাগের জন্যই আজ বলিউডে ৩০০-৪০০ মানুষকে চেনেন বলেও জানান কাল্কি। আর সে জন্যই সাবেক স্বামীর কন্যা অর্থাৎ আলিয়া কাশ্যপের বিয়েতে যেতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি।

কাল্কি বলেছেন, অনুরাগের জন্য যে মানুষগুলোকে আমার জীবনে পেয়েছি, তাদের মধ্যে অন্যতম আলিয়া। বিচ্ছেদ থেকে এই সুন্দর জিনিসগুলো আমরা পেয়ে থাকি।
একটা মানুষের জন্য আমরা আরো কত মানুষের সঙ্গে মিশতে পারি। বিচ্ছেদের পরে বেশ কিছুদিন প্রাক্তনের সঙ্গে কথা বন্ধ থাকলেও, একটা সময় পরে সব ঠিক হয়ে যায়।

অনুরাগের সঙ্গে বিচ্ছেদের পর জীবনের নতুন অধ্যায় শুরু করেন কাল্কি। ২০২৪ সালে গাই হার্সবার্গকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের আগে ২০২০ সালে মা হয়েছিলেন তিনি।
বিয়ের আগে মা হওয়ার কারণেও কটাক্ষের শিকার হতে হয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে কাল্কি ও গাই গোয়ায় বাস করেন।

ইলন মাস্ককে সরকারি কাজ থেকে বাদ দেওয়ার দাবি বহু মার্কিন ভোটারের

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নতুন জরিপে দেখা গেছে, দেশটির অর্ধেকের বেশি ভোটার চান যে ইলন মাস্ককে জেলে দেওয়া হোক। কারণ, তিনি ডোনাল্ড ট্রাম্পের তৈরি একটি বিভাগের (ডিওজিই) হয়ে সরকারি অপচয় কমানোর কাজে অংশগ্রহণ করেছেন। রাসমুসেন রিপোর্টস ও হার্টল্যান্ড ইনস্টিটিউটের করা এই জরিপে ৫৪% ভোটার ইলন মাস্ককে জেলে দেওয়ার পক্ষে। জরিপে আরো দেখা যায়, ডেমোক্র্যাট ভোটারদের ৭১% চান মাস্কের জেল হোক।
রিপাবলিকানদের ৫৪% বলেন, জেল দেওয়া ঠিক হবে না। এ ছাড়া স্বতন্ত্র ভোটারদের মধ্যে কেউ পক্ষে, কেউ বিপক্ষে।

কেন এত বিতর্ক?
ইলন মাস্ক ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তৈরি হওয়া (ডিওজিই) নামের এক সরকারি দপ্তরে কাজ করছেন, যার কাজ সরকারি অপচয় কমানো। কিন্তু অনেক ডেমোক্র্যাট মনে করছেন, এটি তাদের রাজনৈতিক বিপদ ডেকে আনবে।
জরিপের একজন গবেষক জানান, ইলন মাস্ক ভালো কিছু করতে চাইলেও, অনেকেই তাকে শাস্তি দিতেই বেশি আগ্রহী, যা দুঃখজনক। সরকারি কাজ থেকে মাস্ককে বাদ দেওয়ার মতও এসেছে। জরিপের ৪৮% ভোটার চান, মাস্ক যেন কোনো সরকারি কাজ না করতে পারেন। ৩৮% এই সিদ্ধান্তের বিরোধিতা করেন।
এদিকে ইলন মাস্কের জনপ্রিয়তা ক্রমশ কমছে দেশটিতে। যা এখন গিয়ে দাঁড়িয়েছে ৪২ শতাংশে।

জরিপে অংশ নেওয়া অনেকেই বলেন, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশে বিভাজন বেড়েছে। এমনকি দেশটিতে রাজনৈতিক সহিংসতা বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে। ইলন মাস্ক সরকারি খরচ কমাতে চাইলেও, রাজনৈতিক কারণে অনেকে তাকে পছন্দ করছেন না।
কেউ তাঁর জেল চান, কেউ চাকরি বন্ধ করতে চান। আবার অনেকে তাকে সমর্থনও করছেন। আমেরিকায় এখন মাস্ক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ইয়ামালের গোলে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

দুই ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লা লিগায় আবারও রাজত্ব কায়েম করল বার্সেলোনা। রোমাঞ্চকর কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ২-০ গোলের জয়ে শিরোপা নিশ্চিত করেছে হান্সি ফ্লিকের দল। ম্যাচের নায়ক ১৭ বছর বয়সী বিস্ময় বালক লামিন ইয়ামাল দুর্দান্ত এক গোল করার পাশাপাশি সতীর্থের গোলেও রেখেছেন অবদান। স্পেনের শীর্ষ লিগে এটি বার্সার ২৮তম শিরোপা।

এক মৌসুম পর রিয়াল মাদ্রিদের কাছ থেকে লা লিগা শিরোপা পুনরুদ্ধার করল বার্সেলোনা। এল ক্লাসিকোর পরই অবশ্য অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো এই মৌসুমের শিরোপা ধরে রাখতে পারছে না মাদ্রিদ।

এস্পানিওলের আরসিডিই স্টেডিয়ামে মাঠে তরুণ দলের উপর ভর করে প্রথমার্ধে অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি বার্সেলোনা।

সপ্তম মিনিটে খেলা কিছুক্ষণ বন্ধ রাখতে হয় এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য।
স্টেডিয়ামের বাইরে সমর্থকদের উপর গাড়ি চালিয়ে দেওয়ায় আহত হন ১৩ জন। তাদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হলেও গুরুতর কেউ নন বলে জানানো হলে পুনরায় শুরু হয় খেলা।

এরপর প্রথমার্ধে একের পর এক সুযোগ হাতছাড়া করে এস্পানিওলের ফরোয়ার্ডরা। সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেনি বার্সার লেভানদোস্কি-ইয়ামালরাও।

বিরতির পর ছন্নছাড়া পারফরম্যান্স থেকে গোছানো খেলা শুরু করে সফরকারীরা। যার ফল পেতেও খুব সময় লাগেনি বার্সার। ম্যাচের ৫৩ মিনিটে ইয়ামালের বাঁ পায়ের বুলেট গতির শট গোলকিপারের নাগালের বাইরে দিয়ে জড়িয়ে যায় জালে।

এরপর ৮০তম মিনিটে ইয়ামালকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন স্বাগতিক ডিফেন্ডার লিয়ান্দ্রো কাবরেরা।

এতে ১০ জনের দলে পরিণত হওয়া এস্পানিওলকে আরো চেপে ধরে বার্সেলোনা।
এরপর যোগ করা সময়ে ইয়ামালের পাস থেকেই ফারমিন লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এতে ২-০ গোলের ব্যবধানে ম্যাচ নিজেদের করে মাঠ ছাড়ে বার্সা।

এই গোলের মাধ্যমে মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৫৩ ম্যাচে ১৭ গোলের পাশাপাশি করলেন ২৫টি অ্যাসিস্ট।

নতুন জার্মান কোচ হানসি ফ্লিকের প্রথম মৌসুমে লা লিগা, কোপা দেল রে এবং স্প্যানিশ সুপার কাপ নিয়ে বার্সা নিশ্চিত করল ‘ঘরোয়া ট্রেবল’। এল ক্লাসিকোর চার ম্যাচেই রিয়াল মাদ্রিদকে হারিয়েছে তারা।

ম্যাচ শেষে ফ্লিক বলেন, ‘আমরা সব সময় ইতিবাচক ছিলাম। জানুয়ারিতে সুপার কাপ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছিল। খেলোয়াড়রা নিজেদের সেরা ফর্মে পৌঁছেছে, অনেকেই উন্নতি করেছে।’

এই জয় বার্সার জন্য এক ইতিহাসও। ২১ শতকে তৃতীয়বারের মতো তারা এস্পানিওলের মাঠেই চ্যাম্পিয়ন হল। ২০২৩ সালেও তারা এখানেই শিরোপা জিতেছিল।

তবে শিরোপা জিতে সেভাবে উদযাপন করতে পারেনি বার্সেলোনা। ২০২৩ সালে উদযাপনের সময় ক্ষুব্ধ এস্পানিওল ভক্তরা মাঠে ঢুকে পড়েছিল। এবারও কিছুটা হাতাহাতি হয় খেলোড়দের মধ্যে।

এই জয়ে লা লিগায় ৩৬ ম্যাচ শেষে ২৭ জয় ও ৪ ড্রয়ে ৮৫ পয়েন্ট হলো বার্সেলোনার। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ।

এক দিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল

চিকিৎসা সূত্র আলজাজিরাকে জানিয়েছে, বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকাজুড়ে ইসরায়েলি হামলার এক ঢেউয়ে কমপক্ষে ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল ১৫ মে ছিল নাকবা বা মহাবিপর্যয় দিবস। হামলাগুলো নাকবা দিবসের ৭৭তম বার্ষিকীতেই সংঘটিত হয়েছে। ৭৭ বছর আগে ফিলিস্তিনেদের ওপর নেমে আসা মহাবিপর্যয়ের দিন।
১৯৪৮ সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠার সময় ফিলিস্তিনের জাতিগত নির্মূল অভিযানকে চিহ্নিত করে এই দিনটি। সেই দুঃসহ স্মৃতির মধ্যেই ইসরায়েলিরা হামলা আরো তীব্র করেছে।

এদিকে বৃহস্পতিবার জাবালিয়া শরণার্থীশিবিরের একটি মেডিক্যাল ক্লিনিকে ইসরায়েলি হামলার প্রত্যক্ষদর্শীরা বলেছেন, আল-তাওবাহ ক্লিনিকের ওপরের তলায় হামলায় রোগীদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। নিহত ১৩ জনের মধ্যে শিশুও ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে এখন দাঁড়িয়েছে কমপক্ষে ৫৩ হাজার। এ ছাড়া আহত হয়েছেন এক লাখ ১৯ হাজার ৯১৯ জন। তবে ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন, ফলে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এদিকে ১৪৩ জনের পরেও গতকাল দিবাগত রাত অর্থাৎ মধ্যরাত থেকে এখন পর্যন্ত ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এ ছাড়া ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় গাজাজুড়ে কমপক্ষে তিনটি হাসপাতালের কার্যক্রম সাময়িক বন্ধ হয়ে গেছে বলে জানা গেছে। বন্ধ হয়ে যাওয়া হাসপাতালগুলোর মধ্যে রয়েছে— জাবালিয়ার আল-আওদা হাসপাতাল, খান ইউনিসের ইন্দোনেশিয়ান হাসপাতাল এবং ইউরোপিয়ান হাসপাতাল।

স্থানীয়রা জানান, আবাসিক এলাকায়ও নির্বিচারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিসের অন্তত ৯টি বাড়িতে কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই হামলা চালানো হয়।

সূত্র : আলজাজিরা

দুঃখ প্রকাশ করে যা বললেন উপদেষ্টা মাহফুজ আলম

‘আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি’—বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা তার পোস্টে বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবিগুলোর ন্যয্যতা বিচার করবে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয়। আরো যুক্ত থাকবে ইউজিসি কর্তৃপক্ষ।
কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও জুলাই গণ-অভ্যুত্থানে জোরালো ভূমিকা রাখা ও সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া জবি শিক্ষার্থীদের দাবির একটি ফলপ্রসূ সমাধানে আসতে আমি ভিসি স্যার ও অন্যদের সঙ্গে বসেছিলাম।’

তিনি বলেন, ‘গত পরশু রাত্রে যখন এসব দাবি নিয়ে জবি থেকে আমাকে জানানো হয়, তখন তাদের আমি গতকাল রাত ৯টায় আমার বাসায় আসার আমন্ত্রণ জানাই। কিন্তু গতকাল সকালে তারা আন্দোলনে নামেন এবং যমুনার কাছাকাছি পৌঁছে যান। কাল দুপুর থেকেই ভিসি স্যারের সঙ্গে আমি নিয়মিত যোগাযোগ করেছিলাম।
শেষ পর্যন্ত রাতে এক ঘণ্টা ধরে তিনটা টকিং পয়েন্ট নির্ধারণ করে আমি ভিসি স্যার ও শিক্ষকদের সঙ্গে কাকরাইল মোড়ে যাই। সেখানে মিডিয়ার লোকজন শিক্ষার্থীদের থেকে ৫০ মিটার দূরে দাঁড়িয়েছিলেন। কিন্তু আমি ভিসি স্যারকে বললাম, আমি শিক্ষার্থীদের সামনে গিয়ে কথা বলব। সেখানে যাওয়ার পর একটা গ্রুপ স্লোগান দেয়।
আমি বিব্রত না হয়ে, নিজের দায়িত্ব পালনে কথা বলা শুরু করি। পূর্বনির্ধারিত টকিং পয়েন্ট অনুযায়ী পুলিশের বাড়াবাড়ি অথবা স্ব-উদ্যোগে উসকানিমূলক কিছু করলে ক্ষমাপ্রার্থনা ও বিভাগীয় তদন্তের কথা বলতে গিয়েছিলাম। তখনই বোতল নিক্ষেপ করেন একজন শিক্ষার্থী। ওই শিক্ষার্থী কেন এবং কার মদদে এ অন্তর্ঘাতমূলক কাজ করলেন, তা আশা করি প্রশাসন দ্রুতই খতিয়ে দেখবে।’

তিনি আরো বলেন, ‘তারপর আমি হতাশা নিয়ে চলে যাচ্ছিলাম।
তখন স্যারদের সঙ্গে আমার হতাশা ও ক্ষুব্ধতা ব্যক্ত করি। স্যাররাও এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হতচকিত হয়ে গিয়েছিলেন। গত এক সপ্তাহব্যাপী সোশ্যাল মিডিয়ায় একটি দলের নিয়মিত আক্রমণ ও হত্যার হুমকির কারণে ন্যায্যভাবেই অনুমান করেছিলাম এটা হুমকিদাতা দলের কাজ হতে পারে। আমার হতাশা ও ক্ষুব্ধতা কাউকে আঘাত করলে আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি।’

নিজের বক্তব্য স্পষ্ট করে উপদেষ্টা বলেন, ‘আমার বক্তব্য ছিল, এ আক্রমণের ফলে ন্যায্য দাবির আন্দোলন বিতর্কিত হলো। আমি চেয়েছিলাম, জবির আবাসন সমস্যা যেন দ্রুত সমাধান হয়। পরবর্তীতে ৫০ মিটার দূরত্বে আমি আরেকটা সাংবাদিক সম্মেলন করি। আমার অফিশিয়াল বক্তব্য, আন্দোলনের সঙ্গে একাত্মতা, দাবিপূরণের রোডম্যাপ ও পুলিশি হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের আশ্বাস সেখানে আপনারা দেখতে পাবেন।’

জবির শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘জবির শিক্ষার্থীদের আবাসনের দাবি ন্যায্য। আশা করি, বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠান মিলে দ্রুতই একটি যৌক্তিক ও ফলপ্রসূ সমাধানে আসবেন।’

তিনি বলেন, ‘জবি থেকে জুলাই গণ-অভ্যুত্থানে দুজন শিক্ষার্থী ভাই শহীদ হয়েছেন এবং অনেক ভাই-বোন আহত হয়েছেন। জবির ভাই-বোনদের বলব, আপনাদের ন্যায্য দাবি আদায়ের জন্যই আমি গিয়েছিলাম। জুলাই আমাদের মধ্যে ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের আত্মিক বন্ধন তৈরি করেছে। আশা করি, এ বন্ধন কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের জন্য ছিন্ন হবে না। আপনাদের যেকোনো প্রয়োজনে, ঝুঁকিপূর্ণ হলেও আপনারা আমাকে সঙ্গে পাবেন।’

‘পুনশ্চঃ গতকাল রাতে এসেই আমি ডিএমপি কমিশনারকে বলে দিয়েছিলাম, যাতে জোরপূর্বক জবি শিক্ষার্থীদের সরানো না হয়। তাদের ওপর যেন কোনো রকম আক্রমণ না চালানো হয়। সবার সুমতি হোক। ভুল হলে তা থেকে শিক্ষাগ্রহণ করে আমরা এগোতে চাই।’

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন আসিফ নজরুল

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিয়েছেন। আজ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাশুসন ইসমাইল ও মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম চি কেওয়ের সঙ্গে তিনি বৈঠক করেছেন।

বৈঠকে ফলপ্রসূ আলোচনা হয়েছে জানিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন আসিফ নজরুল।

ওই ভিডিওতে তিনি বলেছেন, ‘মালয়েশিয়ার তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এ ছাড়া ট্রেডমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিকভাবে বৈঠক হয়েছে। বৈঠকে কিছু অগ্রগতি সাধিত হয়েছে। মালয়েশিয়ায় যেতে না পারা ১৭ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯২৬ জনের তালিকা চূড়ান্ত করেছে মালয়েশিয়া।
খুব অল্প সময়ের মধ্যে তারা মালয়েশিয়ার কাজ করার সুযোগ পাবেন।

আমরা বিভিন্ন সূত্রে জেনেছি, আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নিতে পারে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, লোক নেওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশ সবার আগে অগ্রাধিকার দেবে। আমরা তাদের কাছে অনুরোধ করেছিলাম, বাংলাদেশ থেকে সব রিক্রুটিং এজেন্সি যাতে লোক পাঠানোর সুযোগ পায়।
তাদের আমরা বিষয়টি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারা অচিরেই বিষয়টি নিয়ে আমাদের জানাবেন।

আমাদের আরেকটি বড় অগ্রগতি যেটা হয়েছে, আমাদের শ্রমিকরা মাল্টিপল এন্ট্রি ভিসা পান না। যাতে মাল্টিপল এন্ট্রি ভিসা পান সে ক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। এ ছাড়া যারা দেশটিতে অবৈধ হয়েছেন তাদের বৈধ করার ব্যাপারে আমি বলেছি।
তারা বলেছেন বৈধকরণ প্রক্রিয়া মাঝেমধ্যে হয়। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের ক্ষেত্রে এটি সম্ভব নয়।

এ ছাড়া সিকিউরিটি গার্ড, কেয়ার গিভার, নার্স নেওয়া যায় কি না কিংবা স্কিল ওয়ার্কার নেওয়া যায় কি না—এ ব্যাপারে তারা আগ্রহ দেখিয়েছেন।

তিনি আরো বলেছেন, প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্ব এবং ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা কাজ করছি।

দিল্লিতে বাংলাদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ পিছিয়ে গেল

দিল্লিতে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর পরিচয়পত্র পেশ করার অনুষ্ঠান একেবারে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৪টার সময় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাতে আনুষ্ঠানিকভাবে তার পরিচয়পত্র (ক্রেডেনশিয়াল) পেশ করার কথা ছিল।

কিন্তু দুপুর ১২টা নাগাদ দিল্লির বাংলাদেশ দূতাবাসকে ওই অনুষ্ঠান স্থগিত করার কথা জানানো হয়। দুই দেশের সরকারের নির্ভরযোগ্য সূত্র এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি মুর্মু হঠাৎ করে জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়াতেই এদিনের অনুষ্ঠান রদ করতে হয়েছে–এটি পরে অন্য কোনো সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

শুধু বাংলাদেশই নয়, আরো কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশও এদিন পিছিয়ে দিতে হয়েছে বলে তিনি জানান।

দেশের জন্য আইপিএল প্লে-অফে খেলবেন না জস বাটলার

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান জস বাটলার গুজরাট টাইটানসের হয়ে ইন্ডিয়ান প্রমিয়ার লিগের (আইপিএল) প্লে-অফ পর্বে অংশ নেবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পাওয়া পাঁচজন খেলোয়াড় এবার খেলছেন আইপিএলে। ভারত ও পাকিস্তানের মধ্যকার রাজনৈতিক উত্তেজনার কারণে আইপিএলের পরিবর্তিত সূচিতে টুর্নামেন্টের প্লে-অফ পর্বের তারিখ ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের সিরিজের সঙ্গে মিলে গেছে।

যুদ্ধবিরতির পর শনিবার থেকে পুনরায় শুরু হচ্ছে আইপিএল। প্লে-অফ শুরু হবে ২৯ মে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ জুন।

বাটলার গুজরাট টাইটানসের হয়ে গ্রুপ পর্বের শেষ পর্যন্ত খেলবেন এবং এরপর দেশে ফিরে ২৯ মে জাতীয় দলের হয়ে প্রথম ওয়ানডে ম্যাচে অংশ নেবেন।

প্লে-অফে জায়গা করে নেওয়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলা অপর দুই ইংলিশ অলরাউন্ডার জ্যাকব বেটেল ও উইল জ্যাকসও বাটলারের মতো সিদ্ধান্ত নেবেন বলে ধারণা করা হচ্ছে।

ইংল্যান্ডের ওয়ানডে দলে থাকা অপর দুই ক্রিকেটার জোফরা আর্চার ও জেমি ওভারটনের আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা প্লে-অফে পৌঁছাতে না পারায় এই মৌসুমে আর ভারতে ফিরছেন না তারা।

আইপিএলের শীর্ষে থাকা গুজরাট টাইটানস তাদের শেষ তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত করবে।

ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ইতোমধ্যে বাটলারের পরিবর্তে শ্রীলঙ্কার ব্যাটার কুশল মেন্ডিসকে দলে ভিড়িয়েছে টাইটানস।

এই মৌসুমে পিএসএলের কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলা এই শ্রীলঙ্কান উইকেটরক্ষক-ব্যাটসম্যান ফ্র্যাঞ্চাইজি বদলে প্রথমবারের মতো আইপিএলে যোগ দিচ্ছেন।

হজ করতে সৌদি পৌঁছলেন ৪৪ হাজার ৭১৮ জন

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১১৫টি ফ্লাইটে সর্বমোট ৪৪ হাজার ৭১৮ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

বৃহস্পতিবার (১৫ মে) হজ ব্যবস্থাপনা পোর্টালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত তিনটি এয়ারলাইনসের ১১২টি ফ্লাইটে ৪৪ হাজার ৭১৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫৫টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৩৯টি, ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৮টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল। সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হবে ৩১ মে।

এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। হজযাত্রীদের দেশে ফেরার ফ্লাইট শেষ হবে ১০ জুলাই।