শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ভারতীয় কোম্পানির সঙ্গে চুক্তি বাতিল করল বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি কোম্পানির সঙ্গে ২ কোটি ১০ লাখ মার্কিন ডলার মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। শুক্রবার (২৩ মে) ভারতের প্রথম সারির একাধিক সংবাদমাধ্যমের খবরে এই চুক্তি বাতিলের তথ্য জানানো হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম বলছে, চুক্তির আওতায় কলকাতা-ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি রুপি) টাগ বোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের।

গত শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্সকে স্থলবেষ্টিত অঞ্চল হিসেবে আখ্যা এবং এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক হিসেবে বাংলাদেশকে অভিহিত করেছিলেন। একই সঙ্গে চীনকে এই অঞ্চল ব্যবহার করে ব্যবসা সম্প্রসারণের প্রস্তাব দেওয়ায় ভারত সরকার তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দিয়েছে।

দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, বাংলাদেশ সরকার কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (জিআরএসই) সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করেছে। এই কোম্পানিটি ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত হয়।

এনডিটিভির তথ্য অনুযায়ী, কোম্পানিটি জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, “আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।”

সংবাদমাধ্যম হিন্দু বিজনেস লাইন বলেছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতা-ভিত্তিক কোম্পানি জিআরএসই বাংলাদেশের কাছ থেকে ৮০০ টন ওজনের টাগ বোটটি তৈরির আদেশ পেয়েছিল।
গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগ বোট কেনার চুক্তিটি হয়েছিল। ২০২৩ সালে ঢাকা ও নয়াদিল্লির প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগ বোটটি ছিল প্রথম বড় কোনও ক্রয়াদেশ।

ভারতীয় এই ঋণের মাধ্যমে বাংলাদেশের অন্য আরও অবকাঠামো তৈরি করা হচ্ছে। যেগুলো সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে শুরু হয়। ইটিভি ভারতের তথ্য অনুযায়ী, গত আট বছরে বাংলাদেশকে ভারত লাইন অব ক্রেডিটের আওতায় ৮ বিলিয়ন ডলার দিয়েছে।

সূত্র: ফার্স্টপোস্ট।

ফের কান উৎসবে বিরক্তের কারণ হলেন উর্বশী, খোয়ালেন সম্মান

এবারের কান উৎসবের লাল গালিচায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিন্তু প্রথম দিন থেকেই তার পোশাক-সাজ নিয়ে একের পর এক সম্মান খুইয়ে আসছেন অভিনেত্রী। তা নিয়ে কটাক্ষ-সমালোচনা পিছু ছাড়েনি তার।

প্রথম দিনে ৪০ কোটির পোশাক পরে লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন যে সেখানকার পাপারাজ্জিরাও পর্যন্ত বিরক্ত হয়ে যান। আবার দিন দুয়েক আগে ছেড়া পোশাক পরে কটাক্ষের মুখে পড়েও শিক্ষা নেননি। এবার সোনা-হিরা খচিত এক ‘বিকিনি’ হাতে নিয়ে হাঁটলেন রেড কার্পেটে!

গত বৃহস্পতিবার কালার্স অফ টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির) স্ক্রিনিংয়ে যান উর্বশী রাউতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। সেখানে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমাণ, সেদিকে ভ্রুক্ষেপই নেই উর্বশীর। তিনি মজে ছিলেন নিজের ছন্দে।

বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা, হিরা দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। আর সেই ব্যাগ হাতেই পাপারাজ্জিদের উদ্দেশে চুমু ছুড়ে যাচ্ছিলেন। আর তা দেখে বিরক্ত হয়ে যান পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা। তিনি এমনভাবে সিঁড়ির পথ আটকে ছবি তুলছিলেন যে সেখান দিয়ে কারও যাতায়াত করার মতো জায়গা ছিল না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত কান-এর কার্পেট থেকে ভাইরাল হতেই চটেছে ভারতীয় নেটিজেনরা।

তাদের অভিযোগ, ‘এই একটা নারীর জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশের মাটিতে।’ আবার কারও মতে, ‘ভারতের ফার্স্ট লেডি যিনি ফ্রেঞ্চ রিভেরাঁয় সম্মান খোয়ালেন।’

সৌদি বাদশার অতিথি হয়ে হজ করবেন একশ দেশের ১ হাজার ৩০০ মুসল্লি

নিজেদের অতিথি হিসেবে ১০০ দেশের ১ হাজার ৩০০ মুসল্লিকে হজ পালনের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ।

দুই পবিত্র মসজিদের অভিভাবক হিসেবে তিনি মুসল্লিদের জন্য এই ব্যবস্থা করতে যাচ্ছেন।

আলাদাভাবে এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবে সৌদি আরব

ফিলিস্তিনের স্বাধীনতা যুদ্ধে শহীদ, বন্দী এবং আহত পরিবারের এক হাজার সদস্যকে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ব্যক্তিগত খরচে হজ করানোর ঘোষণা দিয়েছেন।

সৌদি বার্তা সংস্থা সূত্রে জানা যায়, দেশটির ইসলাম ও দাওয়াহ বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হজ গেস্ট গ্রোগ্রামের অংশ হিসেবে ফিলিস্তিনের শহীদ, আহত ও বন্দি পরিবার থেকে এক হাজার সদস্যকে এই আমন্ত্রণ জানানো হবে।

এক বিবৃতিতে ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আবদুল লতিফ আবদুল আজিজ আলে শায়েখ বলেন, প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনির হজের ব্যবস্থা করা হয়। ফিলিস্তিনিদের আত্মত্যাগের প্রতি সৌদি আরবের সহানুভূতির ধারাবাহিকতায় এবার এক হাজার হজযাত্রীকে আমন্ত্রণ জানানো হবে।

এমন উদ্যোগের প্রশংসা করে ফিলিস্তিনের ধর্ম ও আওকাফ বিষয়ক মন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, সৌদি আরব ফিলিস্তিনিদের নানাভাবে সহযোগিতা করে আসছে। বিশেষত শহীদ, আহত ও বন্দি পরিবারের সদস্যদের হজের আমন্ত্রণের বিষয়টি তাদের মানসিকভাবে সুদৃঢ় করবে। এর মাধ্যমে ফিলিস্তিনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সৌদির স্থায়ী সমর্থন আরো জোড়ালো হবে বলে আশা করেন তিনি।

সূত্র: সৌদি গেজেট

‘তুমি এমন কিছু জিতেছো যা অমূল্য’- মদ্রিচকে নিয়ে এমবাপ্পে

চলতি মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ অধ্যায়ের ইতি টানার ঘোষণা দিয়েছেন লুকা মদ্রিচ। তার বিদায়ে বিশেষ বার্তা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। সামাজিক মাধ্যমে ক্লাব কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘তুমি এমন কিছু জিতেছো যা অমূল্য: বিশ্বের সম্মান এবং প্রশংসা। বকিছুর জন্য ধন্যবাদ, কিংবদন্তি।’

বৃহস্পতিবার (২২ মে) ক্লাব ছাড়ার ঘোষণা দেন মদ্রিচ। ফলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে লা লিগায় রিয়ালের হয়ে তার শেষ ম্যাচ। ক্লাবের হয়ে ১৩ বছরের ক্যারিয়ারে তিনি জিতেছেন ৬টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। লস ব্লাঙ্কো শিবিরে থাকাকালীন ২০১৮ সালে পেয়েছেন ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ডও গড়েছেন ৩৯ বছর বয়সী এ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।

ক্লাব কিংবদন্তির বিদায়ে ইনস্টাগ্রামে শ্রদ্ধা জানিয়ে বিশেষ বার্তায় এমবাপ্পে লেখেন, ‘ভাই, এই মৌসুমে তোমার সাথে খেলার এবং লকার রুম শেয়ার করার সৌভাগ্য আমার হয়েছে। আমি কাছ থেকে দেখেছি মহানতা বলতে আসলে কী বোঝায়… সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন হওয়ার আগে তুমি একজন অসাধারণ মানুষ। তুমি এক দশকেরও বেশি সময় ধরে বিশ্বের সেরা ক্লাবের হয়ে ইতিহাস লিখেছো এবং সবকিছু জিতেছো। কিন্তু তুমি এমন কিছু জিতেছো যা অমূল্য: বিশ্বের সম্মান এবং প্রশংসা। সবকিছুর জন্য ধন্যবাদ, কিংবদন্তি।’

২০১২ সালে টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন মদ্রিচ। সেবার স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কার এক জরিপে মৌসুমের সবচেয়ে বাজে সাইনিংয়ে নাম এসেছিল তার। অথচ রিয়াল মাদ্রিদে তিনি যা অর্জন করেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে ফুটবল ইতিহাসে। স্প্যানিশ জায়ান্টদের হয়ে তিনি ২৮টি ট্রফি জিতেছেন। জুনের ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হবে তার মাদ্রিদ অধ্যায়।

এর আগে মদ্রিচের বিদায়ে বিশেষ বার্তা দিয়েছিলেন সাবেক ও বর্তমান সতীর্থরা। যে বার্তার তালিকায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে টনি ক্রুস, সার্জিও রামোস, করিম বেনজেমারা, জুড বেলিংহ্যাম, ভিনিসিউস জুনিয়র।

ভারতের ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়তে পারেন শামি

জাসপ্রিত বুমরাহর পর বিগত কয়েক বছর ধরে ভারতের সেরা পেসার মোহাম্মদ শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন তিনি। তার মতো একজন পেসারের অভাব সবশেষ বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভালোভাবেই টের পেয়েছে টিম ইন্ডিয়া, যে সিরিজে অজিদের কাছে তারা ৩-১ ব্যবধানে হেরেছিলো।

ভারতের সামনে আরেকটা টেস্ট সিরিজ। জুনে ৫ ম্যাচের দীর্ঘ সিরিজ খেলতে ইংল্যান্ডে পাড়ি জমাবে ম্যান ইন ব্লুরা। লিডসে ২০ জুন প্রথম টেস্ট দিয়ে শুরু হওয়া সফর শেষ হবে আগস্টের প্রথম সপ্তাহে। এই সফরের জন্য শনিবারই (২৪ মে) দল ঘোষণা করার কথা ভারতের।

ইংল্যান্ড সফরের জন্য শামিকে বিবেচনা করছে না টিম ইন্ডিয়া। বোর্ড মনে করছে টেস্টের জন্য শামি পুরোপুরি ফিট নন। গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর তার গোঁড়ালিতে অস্ত্রোপচার হয়েছিলো। দীর্ঘ দিন পর তিনি মাঠে ফিরলেও এখনও পুরো ফিটনেস ফিরে পাননি। ইনজুরি থেকে ফিরে এ বছর জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন তিনি।

শামি সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল খেলছেন। যদিও ২ মের পর আর কোনো ম্যাচ খেলেননি তিনি, যে ৯টি ম্যাচ খেলেছেন, সেখানে পারফরম্যান্সও ভালো নয়। ৫৬.১৭ গড়ে নিয়েছেন মাত্র ৬ উইকেট। ইএসপিএন ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম বোর্ডকে জানিয়েছে প্রতিযোগিতামূলক ক্রিকেটে শামি ফিরলেও এই মূহূর্তে তার লাল বলের ক্রিকেট খেলার মতো আত্মবিশ্বাস হয়নি। কারণ টেস্টে স্রেফ চার ওভার নয়, করতে হবে দিনভর বোলিং।

শামির এমন অবস্থায় বিসিসিআইয়ের বিবেচনায় আছেন প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার, যশ দায়াল, অনশুল কম্বোজ, খলিল আহমেদ, আকাশ দীপ ও হার্শিত রানারা। এদের মধ্যে শেষের দুজন সবশেষ বোর্ডার গাভাস্কার ট্রফিতে খেলেছেন।

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হার্ভার্ডের মামলা

বিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ বাতিল করায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। এতে যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে হোয়াইট হাউসের বিরোধ আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ মে) হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রামের অনুমোদন বাতিল করে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, এখন থেকে আর বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (২৩ মে) বোস্টন ফেডারেল কোর্টে ট্রাম্প সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মামলায় ট্রাম্প প্রশাসনের পদক্ষেপকে সংবিধান ও অন্যান্য আইনের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যায়িত করা হয়েছে। ওই সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয় ও এর সাত হাজারেরও বেশি বিদেশি শিক্ষার্থীর ওপর বিপর্যয়কর প্রভাব পড়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নেয়নি এবং নিয়োগ ও ভর্তি প্রক্রিয়ায় সংস্কার আনেনি। তবে এসব অভিযোগ জোরালোভাবে নাকচ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

হার্ভার্ডে বর্তমানে প্রায় ৬ হাজার ৮০০ বিদেশি শিক্ষার্থী রয়েছেন, যা ২০২৫ শিক্ষাবর্ষে মোট ভর্তির প্রায় ২৭ শতাংশ। হার্ভার্ড কর্তৃপক্ষ মামলায় বলেছে, ‘কলমের এক খোঁচায় সরকার আমাদের ছাত্রসংখ্যার এক-চতুর্থাংশকে মুছে ফেলতে চেয়েছে। অথচ এই শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ও কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলায় আবেদন জানিয়েছে, আদালত যেন মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের সিদ্ধান্ত স্থগিত করেন। হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালান গারবার এক চিঠিতে বলেছেন, ‘আমরা এই বেআইনি ও অযৌক্তিক পদক্ষেপের তীব্র নিন্দা জানাই। সরকার একের পর এক পদক্ষেপ নিয়ে হার্ভার্ডকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। কারণ আমরা আমাদের একাডেমিক স্বাধীনতা বিসর্জন দিতে রাজি হইনি।’

ট্রাম্প প্রশাসন শুধু হার্ভার্ড নয়, অন্য শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোকেও নিশানায় রেখেছে। তারা দাবি করেছে, এসব প্রতিষ্ঠানকে ফিলিস্তিনপন্থী কর্মীদের দমন ও রক্ষণশীল মতামতের প্রতি বৈষম্য দূর করতে হবে। এছাড়া দেশজুড়ে ডজনখানেক বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ট্রাম্প প্রশাসন। নিউইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানের কাছ থেকে তারা কিছু ছাড়ও আদায় করে নিয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে হোয়াইট হাউস হার্ভার্ডের জন্য বরাদ্দ ২.২ বিলিয়ন ডলারের অর্থায়ন স্থগিত করে এবং প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ববিদ্যালয়টির করছাড় সুবিধা বাতিলেরও হুমকি দেন। এই অর্থায়ন স্থগিতের পরিপ্রেক্ষিতে হার্ভার্ড আগেও একটি মামলা করেছিল, যেখানে তারা ট্রাম্প প্রশাসনের ওই পদক্ষেপ বন্ধের দাবি জানায়।

রিয়াল মাদ্রিদ সমর্থকদের উদ্দেশে আনচেলত্তির খোলা চিঠি

সম্ভাব্য সবকিছু জিতিয়ে দ্বিতীয়বারের মতো রিয়াল মাদ্রিদ ছাড়ছেন কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি, সম্ভবত শেষবারের মতোও। ৬৫ বছর বয়সি কোচ দায়িত্ব নিচ্ছেন ইতিহাসের সবচেয়ে সফলতম ব্রাজিল জাতীয় দলের।

রিয়াল মাদ্রিদ যাত্রা শেষ হওয়ার আগেই আনচেলত্তি ব্রাজিলের সঙ্গে চুক্তি করেছেন। গত ১২ মে তার কোচ হওয়ার গুঞ্জনটি সত্যিতে পরিণত হয়। ২৬ মে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার কথা তার, এরপর জুনে বিশ্বকাপ বাছাই ম্যাচ দিয়ে হবে ডাগআউটে অভিষেক।

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে বিদায় নেওয়ার আগে কার্লো আগামীকাল শেষবারের মতো ডাগআউটে দাঁড়াবেন। কাকতালীয়ভাবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে তার শেষ ম্যাচটা পড়েছে নিজেদের মাঠে। অর্থাৎ গ্যালারি ভরা দর্শকদের সামনে থেকেই বিদায়ের সুযোগ পাচ্ছেন ইতালিয়ান কোচ। তার আগে সমর্থকদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন তিনি।

সময় সংবাদের পাঠকদের জন্য সেই চিঠির অনূদিত অংশ নিচে তুলে দেওয়া হলো-

‘আজ আমরা আবার আলাদা পথে হাঁটছি। দ্বিতীয় দফায় রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে প্রত্যেকটি মুহূর্তই আমি হৃদয়ে ধারণ করি। বছরগুলো ছিলো অবিস্মরণীয়। এই যাত্রা আবেগ, শিরোপা এবং সর্বোপরি দলের প্রতিনিধিত্ব করার গৌরব দিয়ে পূর্ণ।

প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, ক্লাব, খেলোয়াড়, আর আমার কর্মীদের ধন্যবাদ, যারা সব সময় আমাকে তাদের একজন বলে মনে করিয়ে দিয়েছে। একসঙ্গে যা অর্জন করেছি তা মাদ্রিদিজমের স্মৃতিতে চিরকাল থাকবে… কেবল জয়ের জন্যই নয়, আমরা যেভাবে তা অর্জন করেছি তার জন্যও। বার্নাব্যুর জাদুকরী রাতগুলো এরইমধ্যেই ফুটবল ইতিহাস।

এখন একটি নতুন রোমাঞ্চ শুরু হয়েছে। তবে রিয়াল মাদ্রিদের সাথে আমার বন্ধন চিরন্তন। মাদ্রিদিস্তারা, শিগগিরই দেখা হবে! হালা মাদ্রিদ ইয়া নাদা মাস!’

ইইউর বিলাসী পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ ট্রাম্পের

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি বিলাসী পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এদিকে ট্রাম্পের এই পদক্ষেপের পর ইউরোপীয় বিলাসী পণ্যের শেয়ারের দাম অনেকটাই কমে গেছে।

শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ট্রাম্প বলেন, ইইউ’র সঙ্গে বাণিজ্য আলোচনায় কোনো অগ্রগতি হচ্ছে না। তাই আমি আগামী ১ জুন থেকে সরাসরি ৫০ শতাংশ শুল্ক আরোপের সুপারিশ করছি।

ট্রাম্পের এই ঘোষণাকে ইইউর সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধের নতুন মাত্রা হিসেবেই দেখা হচ্ছে। শুরুতে তিনি ইইউ পণ্যে ২০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেন। তবে আলোচনার সুযোগ দিতে তা ১০ শতাংশে নামিয়ে ৮ জুলাই পর্যন্ত সময় দেন। কিন্তু তার আগেই শুল্ক বাড়ানোর ঘোষণা দিলেন তিনি।

ইউরোপে হ্যান্ডব্যাগ, জুতা, ফ্যাশন আইটেম ও শ্যাম্পেনের মতো বিভিন্ন মূল্যবান ও বিলাসী পণ্য উৎপাদিত হয়। এই শিল্প মার্কিন বাজারের উপর অত্যন্ত নির্ভরশীল, যা এই বছর চীনা পণ্যের চাহিদা হ্রাস পাওয়ায় এই খাতের বড় ধরণের প্রবৃদ্ধির আশা করা হচ্ছিল।

ট্রাম্পের ঘোষণার পর এসব পণ্যের শেয়ারদরে বড় পতন দেখা গেছে। মূলধনের দিক থেকে ফ্রান্সের বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানি এলভিএমএইচ ও হারমিসের শেয়ার যথাক্রমে প্রায় ৩ শতাংশ ও ৪ শতাংশ হারে কমেছে।

শুধু ইউরোপ নয়, আমদানি হওয়া অ্যাপলের আইফোনেও বাড়তি শুল্কারোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এক এক্স বার্তায় তিনি বলেন, আমি অনেক আগেই অ্যাপলের সিইও টিম কুককে জানিয়েছি, যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া আইফোনগুলো অবশ্যই দেশেই তৈরি হতে হবে—ভারত বা অন্য কোথাও নয়। তা না হলে অন্তত ২৫ শতাংশ শুল্ক অ্যাপলকে দিতে হবে।

হোয়াইট হাউসে দ্বিতীয়বার ফিরে আসার পর থেকেই বিশ্বজুড়ে একাধিক দেশের ওপর শুল্ক আরোপ ও হুমকি দিয়েছেন ট্রাম্প। তার মতে, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে চাঙা করবে এবং বিদেশি প্রতিযোগিতা থেকে দেশীয় কর্মসংস্থানকে রক্ষা করবে।

শুল্ক হলো একটি অভ্যন্তরীণ কর যা আমদানিকৃত পণ্যের ওপর আরোপ করা হয় এবং এটি পণ্যের মূল্যের অনুপাতে নির্ধারিত হয়। এই কর আমদানিকারক প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হয়।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির বাজারে প্রবেশে শুল্ক বেড়ে যাওয়ায় ইউরোপসহ বিভিন্ন দেশের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ট্রাম্প বলেছেন, যেসব পণ্য যুক্তরাষ্ট্রেই তৈরি বা উৎপাদিত, সেগুলোর ওপর কোনো শুল্ক আরোপ করা হবে না।

দ্রুততম ওয়ানডে ফিফটির বিশ্ব রেকর্ডে নাম তুললেন ফোর্ডে

এবি ডি ভিলিয়ার্স দুনিয়ার সেরা মারকুটে ব্যাটারদের একজন- ব্যাপারটা কে না জানে! এক দশক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ওয়ানডেতে তাণ্ডব চালিয়েছিলেন। জোহানেসবার্গে সেদিন মাত্র ৪৪ বলে ১৪৯ রানের ধ্বংসলীলার ইনিংস খেলার পথে ১৬ বলে ফিফটি করেছিলেন তিনি।

১৯ বছর আগের সনাৎ জয়াসুরিয়ার করা ১৭ বলের রেকর্ড ভেঙে ২০১৫ সালে ডি ভিলিয়ার্সেরটিই হয়ে যায় ওয়ানডের দ্রততম ফিফটি। আজ সেই রেকর্ডে নাম তুললেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথু ফোর্ডে, যিনি কি না মূলত একজন বোলার। বোলার হওয়ায় বেড়ে যাচ্ছে ফোর্ডের রেকর্ডের গুরুত্ব।

ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজ আজ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এই ম্যাচেই ১৬ বলে ফিফটি করেছেন ফোর্ডে। ১৯ বলে ২ চার ও ৮ ছয়ে ৫৮ রান করে থামেন তিনি, স্ট্রাইকরেট ৩০৫.২৬। এবি ডি ভিলিয়ার্সও সেদিন তিনশর বেশি স্ট্রাইকে ১৪৯ রান করেছিলেন।

ফোর্ডের বিশ্ব রেকর্ড করার দিন সেঞ্চুরি পেয়েছেন তার সতীর্থ ক্যাসি কার্টি। ১০৯ বলে ১০২ রান করেন তিনি। তাতে আয়ারল্যান্ডের সামনেও পড়েছে বিশাল টার্গেট। ৮ উইকেটে ৩৫২ রান করেছে ক্যারিবীয়রা।

ম্যাচটি বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে।

ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচে জিতলে তিন ম্যাচের সিরিজে সমতা আসবে। প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড ১২৪ রানে জিতেছিলো। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মে।

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ

মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, এ বছর আমিরাতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৬ জুন।

শুক্রবার (২৩ মে) স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ সম্ভাব্য তারিখ জানানো হয়।

আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সায়েন্সেসের সদস্য ইব্রাহিম আল জারওয়ান বলেন, আগামী বুধবার (২৮ মে) হতে পারে জিলহজ মাসের প্রথম দিন। এর অর্থ হলো, তাদের গণনার ভিত্তিতে ধারণা করা যায় ঈদুল আজহা হবে ৬ জুন (শুক্রবার)।

আরবি ভাষার সংবাদপত্র এমারাত আল ইয়ুমকে দেয়া এক সাক্ষাৎকারে জারওয়ান বলেন, সংযুক্ত আরব আমিরাতে ২৭ মে মঙ্গলবার সকাল ৭টা বেজে ২ মিনিটে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাবে। সূর্যাস্তের সময় চাঁদ দিগন্তের ওপরে থাকবে এবং প্রায় ৩৮ মিনিট ধরে সেখানে থাকবে। ফলে চাঁদ দৃশ্যমান হবে।

যদিও এই সম্ভাব্য তারিখ জ্যোতির্বিদ্যার পূর্বাভাসের ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। তবে ইসলামি শরিয়াহ অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করে থাকেন।