শুক্রবার, অক্টোবর ২, ২০২৬

ইস্তাম্বুলে শান্তি আলোচনার আহ্বানে ইউক্রেন সাড়া দেয়নি : মস্কো

আগামী সোমবার ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইউক্রেন এখনো সাড়া দেয়নি বলে রাশিয়া বৃহস্পতিবার জানিয়েছে। ইউক্রেন শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে কি না, তা জানার জন্য তারা অপেক্ষায় আছে। অন্যদিকে আলোচনায় বসার আগে মস্কোকে শান্তি চুক্তি নিয়ে তাদের শর্তাবলি পাঠানোর দাবি জানিয়েছে কিয়েভ।

তিন বছরের সংঘাতের অবসানে সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা কিছুটা গতি পেয়েছে।
তবে মস্কো সাময়িক যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে ইউক্রেনের ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। মস্কো ইউক্রেনকে ২ জুন ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় সরাসরি আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে। সেখানে তারা দীর্ঘমেয়াদি শান্তির শর্তাবলির রূপরেখা দিয়ে একটি ‘স্মারকলিপি’ উপস্থাপন করতে চায়।

অন্যদিকে ইউক্রেন বলেছে, আলোচনায় বসার আগে স্মারকলিপির একটি অনুলিপি তাদের দিতে হবে।
অন্যথায় তারা আলোচনা বসবে না। ক্রেমলিন অবশ্য এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রাশিয়ার শান্তির শর্তাবলি আগেই পাঠাতে কিয়েভের দাবিকে ‘গঠনমূলক নয়’ বলে অভিহিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘আমি যতদূর জানি, এখনো সাড়া মেলেনি। আমাদের ইউক্রেনীয় প্রতিপক্ষের সম্মতির জন্য অপেক্ষা করতে হবে।
’

ইউক্রেন জানিয়েছে, তারা ইতিমধ্যে রাশিয়ার কাছে তাদের শান্তির শর্তাবলি জমা দিয়েছে এবং মস্কোকেও তাদের শর্তাবলি জানাতে বলেছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনকে ইস্তাম্বুলে প্রত্যাশিত বৈঠকের আগে সংলাপের ‘দরজা বন্ধ’ না করার আহ্বান জানিয়েছেন।

এর আগে গত ১৬ মে ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদল প্রথমবারের মতো সরাসরি আলোচনা বসে। সেই আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে উভয় পক্ষ এক হাজার করে বন্দি বিনিময়ে সম্মত হয়, যা সংঘাত শুরুর পর থেকে তাদের সবচেয়ে বড় যুদ্ধবন্দি বিনিময়।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চুক্তির বিষয়ে জোর দিয়ে আসছেন। মস্কোর আপত্তিতে তিনি ক্রমে হতাশ হয়ে পড়ছেন। তিনি বুধবার সতর্ক করে বলেছেন, পুতিন যুদ্ধ বন্ধ করার ব্যাপারে পদক্ষেপ নেবে কি না, তা তিনি দুই সপ্তাহের মধ্যে নির্ধারণ করবেন।

ইউক্রেন রাশিয়ার স্মারকলিপি প্রদানে অস্বীকৃতি জানানোর সমালোচনা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জর্জি টাইখি বৃহস্পতিবার বলেছেন, ইউক্রেনকে স্মারকলিপি দিতে রাশিয়ার ভয় থেকে বোঝা যাচ্ছে, এটি সম্ভবত অবাস্তব আলটিমেটামে ভরপুর।

হামলা অব্যাহত
ইউক্রেনের স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছে, রাশিয়া গতরাতে ৯০টি ড্রোন ছুড়েছে, ফলে অন্তত পাঁচজন নিহত হয়েছে।

দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে একটি ড্রোন হামলায় দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে মাইকোলাইভ অঞ্চলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন খামার শ্রমিক নিহত হয়েছে। এ ছাড়া পুলিশের ২৪ ঘণ্টার হিসাব অনুসারে, পূর্ব দোনেৎস্ক অঞ্চলে গোলাগুলিতে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। রাশিয়ার সীমান্তবর্তী উত্তর-পূর্ব সুমি অঞ্চলে এক বাড়িতে ড্রোন হামলায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন।

ট্রাম্প বুধবার সাংবাদিকদের বলেছেন, আলোচনা প্রক্রিয়া চলাকালে রাশিয়ার বোমাবর্ষণে তিনি ‘খুব হতাশ’, কিন্তু তিনি মস্কোর ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমিরি জেলেনস্কি বলেছেন, রাশিয়া সুমির আশপাশের যুদ্ধক্ষেত্রে ৫০ হাজারের বেশি সেনা জড়ো করেছে। মস্কোর সেনাবাহিনী ইউক্রেনীয় ভূখণ্ডের ভেতরে ‘বাফার জোন’ প্রতিষ্ঠার চেষ্টায় বেশ কয়েকটি বসতি দখল করেছে।

রুশ সেনাবাহিনী বৃহস্পতিবার জানিয়েছে, তারা দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলের তিনটি গ্রাম দখল করেছে এবং ৪৮টি ইউক্রেনীয় ড্রোন প্রতিহত করেছে।

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের বন্দর শহর মারিউপোলে বিমান হামলায় নেতৃত্ব দেওয়া একজন অবসরপ্রাপ্ত রুশ কমান্ডার বৃহস্পতিবার ভোরে দক্ষিণ রাশিয়ার স্ট্যাভ্রোপলে এক বিস্ফোরণে মারা গেছেন। এই ঘটনায় তারা ইউক্রেনীয় পক্ষের জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দেননি।

যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ৩ প্রস্তাব

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্য রপ্তানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর অনেকটাই বিপাকে পড়েছে ঢাকা। যদিও সম্প্রতি আদালত ট্রাম্পের শুল্ক আরোপ স্থগিত করে দিয়েছেন। ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্কারোপের প্রতিক্রিয়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরো বেশি তুলা, তেল ও গ্যাস কেনার প্রস্তাব দিয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিক্কেই এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।
সাক্ষাৎকারটি সংবাদমাধ্যমটির বার্ষিক ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হয়।

ড. ইউনূস বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের প্রতিটি অংশীদারের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চাইছেন। যদি আরো আমেরিকান পণ্য কেনার প্রস্তাব গৃহীত হয়, তাহলে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে অনুরূপ আমদানি কমিয়ে নেবে।’

উদাহরণস্বরূপ ড. ইউনূস বলেন, ‘আমরা মধ্য এশিয়া থেকে প্রচুর তুলা কিনি।
ভারত থেকেও তুলা কিনি। এখন আমরা দেখছি…কেন আমরা যুক্তরাষ্ট্র থেকে কিনব না, যাতে (যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের) বাণিজ্য ঘাটতি অনেক কমে যায়।’

গত জুন মাস পর্যন্ত অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৬ দশমিক ৮ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এবং যুক্তরাষ্ট্র থেকে আড়াই বিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। এই আমদানির মধ্যে ৩৬১ মিলিয়ন ডলারের তুলা ছিল।
প্রধান পোশাক প্রস্তুতকারক দেশ হিসেবে বাংলাদেশ বছরে ৭ দশমিক ৯ বিলিয়ন ডলারের কাঁচা তুলা সংগ্রহ করে। যার কিছু অংশ উজবেকিস্তান ও তুর্কমেনিস্তানের মতো নিকটবর্তী মধ্য এশিয়ার দেশগুলো থেকে আসে। একই অর্থবছরে বাংলাদেশের মোট আমদানির সাড়ে ১২ শতাংশ ছিল তুলা।

ড. ইউনূস বলেন, যদি যুক্তরাষ্ট্রের তুলা উৎপাদকেরা আমাদের খুব ভালো বন্ধু হয়ে ওঠেন, তাহলে তারা হয়তো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে কিছু রাজনৈতিক সুবিধা আদায়ে সহায়ক হতে পারেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমেরিকার কটন বেল্ট (রাজ্যগুলো) তাদের নিজ নিজ প্রতিনিধি হিসেবে কংগ্রেস সদস্য, হাউস (এবং) সিনেটে নির্বাচন করে, তাই তারাও আমাদের সমর্থক হয়ে উঠতে পারেন।

অন্তর্ভুক্তিমূলক ও টেকসই দীর্ঘমেয়াদি যত্ন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান

প্রবীণ জনগোষ্ঠী, প্রতিবন্ধী ব্যক্তি ও দীর্ঘমেয়াদি সহায়তার প্রয়োজন এমন জনগোষ্ঠীর জন্য একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক দীর্ঘমেয়াদী পরিচর্যা (এলটিসি) ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়ে শেষ হয়েছে বাংলাদেশ কেয়ার ফোরামের দুই দিনের সম্মেলন। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও আয়াত এডুকেশন ফাউন্ডেশন আয়োজিত সরকারি উর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সিভিল সোসাইটি প্রতিনিধি, স্বাস্থ্য বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেন।

বৃহস্পতিবার (২৯ মে) রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কেয়ার ফোরাম-২০২৫ সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়াত কেয়ারের চেয়ারপারসন ও আমান গ্রুপের ভাইস চেয়ারপারসন তাহসিন আমান।

অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারি ডা. মো. সায়েদুর রহমান বলেন, বয়স্ক জনসংখ্যা বাড়ছে, তাই আমাদের স্বাস্থ্যব্যবস্থাকে আরো সহজলভ্য, সাশ্রয়ী ও মর্যাদাপূর্ণ করতে হবে।
সেই সাথে সবার মাঝে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। এ জন্য সকলকে একসাথে কাজ করতে হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের বলেন, যত্নশীলতাকে একুশ শতকের দক্ষতা হিসেবে শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে। একইসঙ্গে এ বিষয়ে বেসরকারি খাত ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানকে ভূমিকা রাখতে হবে।

এডিবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আকিরা মাতসুনাগা বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে। এই ফোরামের অভিজ্ঞতা ও সহযোগিতাকে বাস্তব রূপরেখা তৈরিতে প্রয়োগ করতে হবে। বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী যত্ন ব্যবস্থা গড়ে তুলতে এডিবি আন্তরিকভাবে সহায়তা করছে।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন ইউএন উইমেন’র প্রতিনিধি গীতাঞ্জলি সিং, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, অগমেডিক্সের কান্ট্রি ডিরেক্টর রাশেদ নোমান, প্রাণ-আরএফএল’র অর্থ পরিচালক উজমা চৌধুরী, এভারকেয়ার হাসপাতালের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ড. আরিফ মাহমুদ, আয়াত এডুকেশন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুসরাত আমান, এডিবি’র নাশীবা সেলিম প্রমুখ।

আলোচকরা বাংলাদেশ কেয়ার ফোরাম ২০২৫ কে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন, যা পরিচর্যা খাতকে একটি জাতীয় উন্নয়ন অগ্রাধিকারে পরিণত করেছে এবং একটি স্থিতিশীল পরিচর্যা খাত তৈরির ক্ষেত্রে ভিত্তি স্থাপন করেছে। তাই আমাদের সামাজিক ব্যবস্থা যেমন পরিবর্তিত হচ্ছে, তেমনি আমাদের নীতিমালাও পরিবর্তিত হওয়া দরকার। এই বিষয়গুলোকে জরুরি উন্নয়ন অগ্রাধিকার হিসেবে দেখতে হবে।

উল্লেখ্য, গত বুধবার এই সম্মেলনের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। দীর্ঘমেয়াদি কেয়ার (এলটিসি) ব্যবস্থাকে আরো সহনশীল, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই করে গড়ে তোলার লক্ষ্যে এই সম্মেলনের আয়োজন করা হয়।

শ্রীলঙ্কায় সাবেক ২ মন্ত্রীর ২০ ও ২৫ বছরের কারাদণ্ড

শ্রীলঙ্কার আদালত বৃহস্পতিবার দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে সরকারের সাবেক দুই মন্ত্রীকে দুর্নীতির মামলায় যথাক্রমে ২০ ও ২৫ বছরের কারাদণ্ড দিয়েছেন।

এদিন কলম্বোর হাইকোর্ট এক লাখ ৭৭ হাজার মার্কিন ডলারের রাষ্ট্রীয় তহবিল আত্মসাতের অভিযোগে তাদের দোষী সাব্যস্ত করেছেন। তাদের মধ্যে সাবেক ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দ আলুথগামাগেকে ২০ বছর ও সাবেক বাণিজ্যমন্ত্রী অনিল ফার্নান্দোকে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সরকারি অর্থ অপব্যবহারের দায়ে এই দুই ব্যক্তিকে দুই হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।

তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০১৫ সালের নির্বাচনে গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপক্ষেকে পুনর্নির্বাচনে জয়ী করতে সরকারি তহবিলের অর্থ ব্যয় করে সমর্থকদের ১৪ হাজার ক্যারম বোর্ড ও ১১ হাজার ড্রাফ্টস সেট (গুটি খেলার মাধ্যম) প্রদান করেন।

ছয় বছর আগে এই দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়। রাজাপক্ষে ক্ষমতায় থাকাকালে মামলার তেমন অগ্রগতি হয়নি। গত বছর নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই মামলাটি গতি পায়।

আলুথগামাগে ২০২২ সালে একটি চীনা প্রতিষ্ঠানকে কৃষিজমির সার সরবরাহে ৬.০৯ মিলিয়ন ডলার অর্থ প্রদানের অনুমোদন দেন। কিন্তু সেই সার কখনো সরবরাহ করা হয়নি। এই অভিযোগে তিনি পৃথক তদন্তের মুখোমুখি হন। আর আলুথগামাগে ২০২০ সালে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারতের পক্ষে কারচুপি করার অভিযোগ এনে আলোড়ন সৃষ্টি করেন।
পরে এই অভিযোগের তদন্তে সত্যতা পাওয়া যায়নি।

২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্রীড়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী আলুথগামাগে ২০২০ সালের জুনে বলেছিলেন, তিনি সেই সময়ের ‘ম্যাচ ফিক্সিং’ চক্রান্তের বিষয়টি প্রকাশ করতে চাননি। তিনি বলেন, ‘২০১১ সালে আমাদের জেতার কথা ছিল, কিন্তু আমরা ম্যাচটি বিক্রি করে দিয়েছিলাম। আমার মনে হয়, আমি এখন এটি নিয়ে কথা বলতে পারি। আমি সব খেলোয়াড়কে জড়িত করছি না, তবে কিছু অংশ জড়িত ছিল।
’

শ্রীলঙ্কা মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফাইনালে ভারতের বিপক্ষে ছয় উইকেটে হেরেছিল। ভারতীয় ও শ্রীলঙ্কার খেলোয়াড়রা ম্যাচে অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেন।

ঈদের আগে ৪ দিন রাত ১০টা পর্যন্ত ব্যাংক খোলা

ঢাকা ও চট্টগ্রাম পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপ-শাখা ঈদের আগের দিন পর্যন্ত খোলা রাখার নির্দেশ দি‌য়ে‌ছে কেন্দ্রীয় ব্যাংক। ৩ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত রাত ১০টা পর্যন্ত ব্যাংকিং লেনদেন পরিচালনার কথা বলা হ‌য়ে‌ছে। কোরবানির পশু ব্যবসায়ী‌দের ব্যাংকিং লেনদেনের সুবিধার্থে এই নির্দেশনা দি‌য়ে‌ছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় যথাক্রমে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট পরিচালিত হবে।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাট হলো- উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নং সেক্টরসংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, ভাটারা সুতিভোলা খাল সংলগ্ন খালি জায়গা (ভাটারা সুতিভোলা), ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে ১০নং সেক্টর রানাভোলা স্লুইসগেট পর্যন্ত এলাকা, খিলক্ষেত থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের মস্তুল চেকপোস্ট সংলগ্ন পশ্চিম পাড়া এলাকা, মোহাম্মদপুর বছিলাস্থিত ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নং-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা, খিলক্ষেত বনরূপা আবাসিক এলাকা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন খালি জায়গা।

এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাটগুলো হলো- ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি কলেজের পূর্ব পাশ এলাকা, উত্তর শাহজাহানপুর খিলগাঁও রেলগেট বাজারের মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের এলাকা, পোস্তগোলা শ্মশানঘাটের পশ্চিম পার্শ্বে নদীর পাড় এলাকা, দনিয়া কলেজের পূর্ব পার্শ্বে ও সনটেক মহিলা মাদ্রাসার পূর্ব পশ্চিম এলাকা, সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পার্শ্বের খালি জায়গা ও ধোলাইখাল ট্রাক টার্মিনাল, রহমতগঞ্জ ক্লাবসংলগ্ন এলাকা, শ্যামপুর কদমতলী ট্রাক স্ট্যান্ডসংলগ্ন এলাকা, কমলাপুর সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের পূর্ব পাশ এলাকা ও আমুলিয়া আলীগড় মডেল কলেজের উত্তর পূর্ব পাশ এলাকা। আর চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন হাট হলো সাগরিকা।

এ সব হাটে অধিক সংখ্যক ক্রেতা ও ব্যবসায়ীর সমাগম এবং বিপুল পরিমাণ নগদ অর্থের লেনদেন সংঘটিত হওয়ায় ক্রেতা ও ব্যবসায়ী উভয়ের আর্থিক লেনদেনের নিরাপত্তা বিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির পশুর হাট সংলগ্ন বা নিকটবর্তী ব্যাংক শাখা বা উপশাখা এবং সংশ্লিষ্ট পশুর হাটে স্থাপিত অস্থায়ী বুথ ব্যবহার করে কোরবানির পশুর ক্রেতা ও ব্যবসায়ীরা যেন তাদের পশু ক্রয়-বিক্রির অর্থ সহজে লেনদেন করতে পারেন তা নিশ্চিত করতে ব্যাংকিং সহায়তা প্রদান জরুরি।

এ পরিস্থিতিতে আগামী ৩ জুন থেকে ঈদুল আজহার আগের দিন পর্যন্ত ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কোরবানির পশুর হাটের কাছাকাছি ব্যাংক শাখা বা উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় খোলা রাখতে হবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে হবে।

পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে স্বীয় বিবেচনায় অস্থায়ী বুথ স্থাপনের মাধ্যমে অর্থ জমা নেয়া, উত্তোলন ও নতুন হিসাব খোলার ব্যবস্থা গ্রহণ করতে হবে জানিয়ে নির্দেশনায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদেরকে বিশেষ ভাতা দিতে হবে।

ব্যাংক কম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে। যা দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

উল্লেখ্য, এবার ঈদুল আজহা ৭ জুন (শনিবার) উদ্‌যাপিত হবে।

চিঠির জবাবে আদালতে যাওয়ার কথা ভাবছেন ফারুক

বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম দেশে ফেরার পর অস্থিরতা বেড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি)। গতকাল বিসিবির সভাপতি ফারুক আহমেদকে ডেকে নিয়ে আকার-ইঙ্গিতে পদত্যাগের আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এর মধ্যে আজ ফারুকের প্রতি অনাস্থার জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দিয়েছেন বিসিবির ৯ পরিচালকের আটজনই। এই চিঠি হাতে পেয়ে আদালতে যাওয়ার কথা ভাবছেন ফারুক।

ফারুক বলেছেন, ‘দেখি, কী করা যায়। কিছু একটা তো অবশ্যই করব। আমি আমার আইনজীবীর সঙ্গেও কথা বলে রাখছি। প্রয়োজন হলে আমি আইনগত ব্যবস্থা নেব।
’ এই অনাস্থার কিছু এসে যায় না বলেও মন্তব্য করলেন তিনি, ‘অনাস্থার কোনো সুযোগই বিসিবির গঠনতন্ত্রে নেই। তাই অনাস্থায় কিছু এসে যায় না। হয় এই বোর্ড রাখবে, না হয় ভেঙে দেবে।’

যেসব পরিচালক ফারুকের বিরুদ্ধে এনএসসিতে চিঠি দিয়েছেন, তাঁরা নিজেদের অপকর্ম ঢাকতে এমন কাজ করেছেন বলেও মনে করছেন সাবেক এই অধিনায়ক।
ফারুক বললেন, ‘চিঠিটা আমার হাতেও এসেছে। ওরা যেসব অপকর্ম নিজেরা করত, সেগুলোই আমার নামে বসিয়ে দিয়েছে। দেখে আমি হাসতে হাসতে শেষ।’

ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব : তারেক রহমান

আগামী ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘আমরা মনে করি প্রস্তাবিত সংস্কার শেষ করে, যদি তাদের ইনটেশন সঠিক থাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবেন।
তবে ডিসেম্বরের আগেও নির্বাচন দেওয়া সম্ভব।’

এই সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের তারিখ দেয়নি। ফলে রাষ্ট্র ও রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তিনি বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড অনিশ্চিত হয়ে পড়েছে।
দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগ হচ্ছে না। ব্যাবসায়িক সংগঠনগুলো বলছে, শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে। বন্ধের উপক্রম এমন অনেক। তারা সরকারে কাছে তা তুলের ধরার সুযোগ পাচ্ছে না।

অন্তর্বর্তী সরকারের জনগণের সঙ্গে যোগাযোগ নেই অভিযোগ করে তারেক রহমান বলেন, ‘জনগণের সঙ্গে সারাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন ও ফাইল দিয়ে সব সমস্যার সমাধান যদি করা যেত, তবে রাজনীতির প্রয়োজন হতো না।’

গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও পদে পদে বাধাগ্রস্ত হচ্ছে : খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদাত বরণ করেছেন। সেই গণতন্ত্রের নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে।’

খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করেন, ‘খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনরায় প্রতিষ্ঠিত দেখতে পাব।’ এজন্য নেতাকর্মীদের সুশৃঙ্খল হওয়ার আহ্বানও জানান তিনি।

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনাস্থ আইইবি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘প্রতিবছর এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনাবিধুর স্মৃতি নিয়ে। এই দিনে শুধু আমাদের পরিবার নয়, সারা দেশের মানুষ হয়ে পড়েছিল বেদনাক্ত ও অভিভাবকহীন।’

তিনি বলেন, ‘আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ্য নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এ দেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ্য করেছিলেন। সেই চট্টগ্রামেই এক সফল, সৎ, দূরদর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন।’

বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এ দেশে গণতন্ত্র, স্বাধীনতা, সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা ও উন্নয়ন এবং নিজস্ব জাতীয়তাবাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন— সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে।
‘
তিনি আরো বলেন, ‘খুব শিগগিরই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পুনরায় প্রতিষ্ঠিত দেখতে পাব। এই হোক শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আমাদের অঙ্গীকার। এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছে জানাচ্ছি।’

তিনি এ-ও বলেন, ‘মনে রাখবেন, সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সকল সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী প্রমুখ।

আমাকে তো পোস্টারেই জায়গা দেওয়া হতো না : নওশাবা

জনপ্রিয় মডেল-অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। নাটক, টেলিফিল্ম-বিজ্ঞাপনচিত্র থেকে শুরু করে সিনেমায় অভিনয় করেও নজর কেড়েছেন তিনি। ক্যারিয়ারের প্রথমবারের মতো অভিনেত্রী হিসেবে নমিনেশন পেলেন নওশাবা। সম্প্রতি একটি ইভেন্টে গণমাধ্যমের মুখোমুখি হয়ে অভিনেত্রী জানালেন, একটা সময় তাকে পোস্টারেও জায়গা দেওয়া হতো না।

নওশাবা বলেন, ‘আমি কারো হাত ধরে ইন্ড্রাস্ট্রিতে আসিনি। নিজে নিজেই টুকটুক করে এসেছি। আমার একটা জার্নি আছে। তো যখন একটা নমিনেশন হয়, এর আগে তো বেশ কিছু কাজ হয়েছে।
হয়তো বা আমি এমন কোনো ভালো কাজ করিনি যেটা দর্শক কিংবা ইন্ডাস্ট্রির মানুষ মনে করছেন। কিন্তু এটাও আমি জানি, ২০১৮-এর পরে আমাকে তো পোস্টারেই জায়গা দেওয়া হতো না। সো নমিনেশন পাওয়াটা আমি আশাও করিনি।’

ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনকে ‘দুই সপ্তাহ’ সময় বেঁধে দিলেন ট্রাম্প

ইউক্রেন সংকট নিয়ে ক্রেমলিনের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে বুধবার (২৮ মে) সাংবাদিকদের মার্কিন প্রেসিডেন্ট জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সত্যিই যুদ্ধ বন্ধে আগ্রহী কি না, তা স্পষ্ট হবে। তবে পুতিন যুদ্ধ বন্ধ না করলে ভিন্ন পথে হাঁটবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়, এই মন্তব্য এমন সময় এল, যখন রাশিয়া ইউক্রেনে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এখনই বলতে পারছি না (পুতিন শান্তি চায় কি না), তবে দুই সপ্তাহের মধ্যে বুঝতে পারবেন। তখন জানাবো, সে আমাদের শুধু সময়ক্ষেপণ করাচ্ছে কি না। আর যদি তা-ই হয়, তাহলে আমাদের প্রতিক্রিয়াও হবে ভিন্ন।’

সম্প্রতি ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একাধিক পোস্টে রুশ প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘পুতিন পুরোপুরি পাগল হয়ে গেছে’ এবং ‘আগুন নিয়ে খেলছে’।
এছাড়া তিনি বলেন, রাশিয়া এভাবে চললে ভয়াবহ পরিণতি ডেকে আনবে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে ট্রাম্পের হুঁশিয়ারি রাশিয়ার ওপর কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দেহ আছে। কারণ অতীতে ট্রাম্প নানা হুমকি দিলেও বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করেননি।

ট্রাম্প সম্প্রতি আরও বলেন, ‘পুতিনের মধ্যে কিছু একটা পরিবর্তন এসেছে।
’ তবে ক্রেমলিন তার এই মন্তব্যকে ‘অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ’ বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা ইউরি উশাকভ রুশ টিভি চ্যানেল ‘রাশিয়া-১’ কে বলেন, ‘ট্রাম্প প্রকৃত পরিস্থিতি সম্পর্কে যথেষ্ট অবগত নন। ইউক্রেন আমাদের শান্তিপূর্ণ শহরগুলোর ওপর ক্রমাগত সন্ত্রাসী হামলা চালাচ্ছে।’