বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

দলের নিবন্ধন নিয়ে রায়ের পর যা বললেন জামায়াত আমির

আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের যে রায় হাই কোর্ট দিয়েছিল, এক যুগ পর তা বাতিল করে দিয়েছেন। আজ রবিবার দেওয়া রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে এখন নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীকের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে।

এমন রায়ে শুকরিয়া প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধনসংক্রান্ত হাইকোর্টের দেওয়া ন্যায়ভ্রষ্ট রায় আজ প্রধান বিচারপতির নেতৃত্বে চার সদস্যের বেঞ্চ বাতিল ঘোষণা করেছে।

মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করি—আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রক্রিয়া নির্বাচন কমিশনের সঙ্গে সম্পৃক্ত। মহান রবের সাহায্য চাই—আমরা যেন দ্রুতই আমাদের পূর্ণ অধিকার ফিরে পাই।
আমিন।’

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রথমবারের মতো রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনে নির্বাচন কমিশন। সে সময় ৩৮টি দললে নিবন্ধন দেওয়া হয়। এর মধ্যে জামায়াতে ইসলামীও ছিল।
আইন অনুযায়ী শুধু নিবন্ধিত দলগুলোই নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়। নিবন্ধন দেওয়ার পরের বছরই অর্থাৎ ২০০৯ সালে বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফ, সম্মিলিত ইসলামী জোটের প্রেসিডেন্ট মওলানা জিয়াউল হাসানসহ ২৫ জন জামায়াতের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।

নিশো সরি বললে তাণ্ডব-এ থাকবে নাহলে থাকবে না : রায়হান রাফী

২০২৩ সালে অভিনেতা আফরান নিশো ‘সুড়ঙ্গ’ ছবির মাধ্যমে বড়পর্দায় আসেন। ছবির মুক্তি আগে নিশো বিভিন্ন গণমাধ্যমে শাকিব খানকে ইঙ্গিত দিয়ে ‘সো কল্ড হিরো’ এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে কটূ মন্তব্য করেন! অথচ সেই শাকিব খানের ছবিতে সামান্য সময়ের জন্য নিশোকে রাখার চেষ্টা করছেন নির্মাতা রায়হান রাফী। আর সেটাই মানতে নারাজ শাকিব ভক্তরা।

শাকিব খানের সঙ্গে নয় ঠিক শাকিব ভক্তদের সঙ্গে আফরান নিশোর দ্বন্দের শুরুটা তখন থেকেই।
নিশো ওই আচারণ শাকিব ভক্তরা মোটেও ভালোভাবে নেয়নি। এমনকি সাধারণ দর্শকদের কাছে এমন মন্তব্যের পর নাটকের জনপ্রিয় এই অভিনেতা তোপের মুখে পড়েছিলেন। এবার শোনা যাচ্ছে, শাকিব খানের তাণ্ডব সিনেমায় কয়েক সেকেন্ডের একটি ক্যামিও থাকছে নিশোর।

আর এতেই ক্ষিপ্ত শাকিব ভক্তরা।
তাদের দাবি, শাকিবের সিনেমায় নিশোর কোনো ক্যামিও থাকবে না। যদি নিশোকে রাখতে হয়, তাহলে শাকিব খানের কাছে নিশোকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে শোরগোল চলছে। জানা যায়, নিশোর ক্যামিও থাকার বিষয়টি শাকিব নিজেও ইতিবাচকভাবে নেননি।

এসব কারণে অনেক শাকিব ভক্ত ‘তাণ্ডব’ বয়কটের ডাক দিচ্ছে। কেউ কেউ বলছে, শাকিব খানের সিনেমা মুক্তি পেলে ৫ থেকে ৭বার করে ভক্তরা দেখে থাকে। কিন্তু যে অভিনেতা নতুন সিনেমায় এসেই শাকিব খানকে নিয়ে কটাক্ষ করেছেন, তিনি যদি শাকিবের কাছে ক্ষমা না চায় তাহলে ভক্তদের একাধিকবার ‘তাণ্ডব’ দেখার আগ্রহ থাকবে না।

বিষয়টি নিয়ে চুপ ছিলেন তাণ্ডব নির্মাতা রায়হান রাফী। শনিবার অনলাইনে প্রকাশিত কয়েক সেকেন্ডের অডিও-তে রাফীর মুখে শোনা যায়, নিশো যে অন্যায়টা করছে তাকে সরি বলতে হবে।
সেটা ভাইয়ার (শাকিব খান) কাছে হোক, কিংবা জন সম্মুখে হোক। এটা নিয়া আমার এবং ভাইয়া কারও কোনো দ্বিমত নাই।

উদাহরণ দিয়ে রাফী বলেন, আজকে আমার সাথে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তাকে ফোন দিয়ে আর যেভাবে হোক সরি বলতে হবে। নিশো সরি বললে শাকিব খান যদি চায় কাজ হবে, না চাইলে হবে না। আমি তো এত বোকা ডিরেক্টর না।

‘তাণ্ডব’ সিনেমায় আরও অভিনয় করেছেন সাবিলা নূর, জয়া আহসান, এফএস নাঈম, রোজি সিদ্দিকী, ডাক্তার এজাজসহ অনেকে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে শাকিবের এই সিনেমাটি দেশের সর্বাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে।

গত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি ছিলাম : বাঁধন

দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয়ের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডে দেখা যায় অভিনেত্রীকে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার হয়ে ছিলেন রাজপথে। শেখ হাসিনার সরকার পতনের সময় উঠে এসেছিলেন ব্যাপক আলোচনায়।
তবে অভিনেত্রী দাবি, দেশ নিয়ে যে পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, তা অনেকাংশেই পূরণ হচ্ছে না। সম্প্রতি দেশের রাজনৈতিক অবস্থা ও নির্বাচন নিয়ে বেশ কয়েকবার কথা বলতে দেখা গেছে অভিনেত্রীকে। আজ আবারও নির্বাচন প্রসঙ্গে সোশ্যালি মিডিয়ায় এক পোস্ট দিলেন বাঁধন। যেখানে তিনি জানান, গত সরকারের আমলে দুর্নীতিগ্রস্থ নির্বাচনের স্বাক্ষী ছিলেন তিনিও।

রবিবার (১ জুন) এক ফেসবুক স্ট্যাটাসে বাঁধন জানান, শেখ হাসিনার সরকারের নির্বাচন ছিল দুর্নীতি ও প্রভাব খাটানো নির্বাচন। তিনি বলেন, ‘আমি চাই না, আসন্ন জাতীয় নির্বাচনে আবারও সেই একই রাজনৈতিক কৌশল দেখতে হোক। আমি নিজে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের দুর্নীতি ও কারসাজির সাক্ষী ছিলাম। সত্যি বলতে, এর অংশও ছিলাম।
কারণ আমি তখন প্রচারণায় যুক্ত ছিলাম এবং গত সরকারের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির খুব কাছাকাছি ছিলাম। ফলে, আমি নিজ চোখে দেখেছি কীভাবে সিদ্ধান্তগুলো নেওয়া হতো এবং এই সিস্টেম কীভাবে আপস করতো। ক্ষমতাসীন দল কিভাবে প্রতিটি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, যা ছিল অত্যন্ত অনৈতিক ও অন্যায্য। এটি জনগণের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে, গণতন্ত্রকে দুর্বল করেছে, এবং আমাদের ভবিষ্যতের উপর একটি স্থায়ী ছাপ রেখে গেছে।

অন্তবর্তীকালীন সরকারের প্রতি নিজের প্রত্যাশা রেখে বাঁধন বলেন, ‘এইবার আমি আন্তরিকভাবে আশা করি নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং দায়িত্ববোধের উপর ভিত্তি করে সরকার একটি ভিন্ন পথ বেছে নেবে।
একটি সত্যিকারের নিরপেক্ষ নির্বাচন শুধু জনগণের দাবি নয় — এটি একটি শক্তিশালী উপহার যা বাংলাদেশের মানুষকে দিতে পারে এ সরকার।’

সবশেষে বাঁধন লেখেন, ‘আমরা স্বচ্ছতা প্রাপ্য। আমরা জবাবদিহিতা প্রাপ্য। আমরা এমন একটি ভবিষ্যৎ প্রাপ্য, যা সত্য দিয়ে গঠিত, কারসাজি দিয়ে নয়।’

ইউরেনিয়াম মজুত নিয়ে আইএইএ’র প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলল ইরান

ইরান তিন মাসের ব্যবধানে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে বলে দাবি করেছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। দেশটির কাছে ৪০৮ কেজি ইউরেনিয়াম আছে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ইরান বিষয়টি অস্বীকার করে বলেছে, এই প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

পারমাণবিক ইস্যুতে সমঝোতায় আসতে একের পর এক বৈঠক করছে যুক্তরাষ্ট্র ও ইরান। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানের কাছে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না।

অন্যদিকে, ইরানের দাবি, তারা কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রক্রিয়া বন্ধ করবে না। এমন পাল্টাপাল্টি দাবির মধ্যেই, এ ইস্যুতে এক বিস্ফোরক তথ্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক আণবিক সংস্থা বা আইএইএ।

সংস্থাটির এক প্রতিবেদন অনুযায়ী, গেল তিন মাসে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে তেহরান। ফেব্রুয়ারির তুলনায় এখন ইরানের কাছে এই ধরনের ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ৪০৮ কেজি। এ মজুতকে নজীরবিহীন হিসেবে আখ্যা দিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আইএইএ।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখনও এমন তিনটি কেন্দ্রে পরিদর্শনের অনুমতি দিচ্ছে না, যেখানে অতীতে গোপনে পারমাণবিক উপাদান ব্যবহারের অভিযোগ আছে। সংস্থাটি বলছে, বিষয়টি শঙ্কার।

তবে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আইএইএ ইসরাইলের জাল নথির ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেছে। তেহরান দাবি করেছে, তারা সংস্থাকে সম্পূর্ণ সহযোগিতা করেছে এবং অভিযোগগুলো ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

এদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, যুক্তরাষ্ট্রের প্রস্তাবনা নিয়ে ওমানের মধ্যস্থতায় আলোচনা চলছে এবং ইরান নিজেদের জাতীয় স্বার্থ ও অধিকার অনুযায়ী তা মূল্যায়ন করছে।

এই অবস্থায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রতিবেদনকে গুরুতর অভিহিত করে বিশ্ব সম্প্রদায়কে তৎপর হবার আহ্বান জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, এটি মূলত আলোচনায় প্রভাব বিস্তারের একটি দ্বিমুখী কৌশল। ইরান যেমন পরমাণু সমৃদ্ধকরণ বাড়িয়ে চাপ তৈরি করছে, তেমনি যুক্তরাষ্ট্রও নিষেধাজ্ঞা বা জাতিসংঘে বিষয়টি তোলার মতো পদক্ষেপ নিতে পারে।

পিএসজিকে অভিনন্দন জানিয়ে যা বললেন এমবাপ্পে

কপালটা মন্দই বলা চলে কিলিয়ান এমবাপ্পের। লিগ শিরোপাসহ একাধিক ট্রফি জেতালেও পিএসজিকে তাদের সবচেয়ে আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে ব্যর্থ হন তিনি। ব্যর্থ ছিলেন ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ মর্যাদার ট্রফিটি নিজের নামের পাশে বসাতেও। ক্যারিয়ারের সে অপূর্ণতা কাটিয়ে উঠতে গত বছর যোগ দেন রিয়াল মাদ্রিদে।

ভাগ্যের কি নিদারুণ পরিহাস! এমবাপ্পের চলে যাওয়ার মৌসুমেই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতল পিএসজি। তাও আবার টুর্নামেন্টটির ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানে জয়। মিউনিখে শনিবার (৩১ মে) রাতে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি ক্লাবটি।

কাড়ি কাড়ি অর্থ খরচ করে, লিওনেল মেসি, নেইমার জুনিয়র ও এমবাপ্পের মতো বিশ্বের সেরা তিন তারকাকে নিয়ে যা অর্জন করতে পারেনি, সেটা পূরণ হলো উসমান দেম্বেলে, দেইজিরে দোয়েহ, আশরাফ হাকিমিদের নিয়ে।

অন্যদিকে ট্রফিশূন্য এক মৌসুম কাটালো এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল ছিটকে গিয়েছিল কোয়ার্টার ফাইনালেই। তবে রিয়ালের হয়ে প্রথম মৌসুমে ট্রফি না জিতলেও সাবেক ক্লাব পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে উচ্ছ্বসিত এমবাপ্পে। সামাজিক মাধ্যমে এক পোস্টে দিয়েছেন অভিনন্দন বার্তা।

ফরাসি তারকা লেখেন, ‘মহান দিনটি অবশেষে আসল। দারুণ জয় এবং সেটি পুরো ক্লাবের প্রচেষ্টায়। অভিনন্দন, পিএসজি।’

২০১৭ থেকে ২০২৪; সাত মৌসুমে পিএসজিকে ৬ লিগ শিরোপা, ৪টি কোপা দে ফ্রান্স এবং দুটি কোপা দে লা লিগসহ একাধিক শিরোপা জিতিয়েছেন এমবাপ্পে। নেইমারের সঙ্গে জুটি গড়ে ২০১৯-২০ মৌসুমে পিএসজিকে আকাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের কাছাকাছিও নিয়ে গিয়েছিলেন। কিন্তু ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলের হারে সে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়।

অন্যদিকে অভিনন্দন জানিয়েছেন ট্রান্সফার মার্কেটে রেকর্ড গড়ে ২০১৭ সালে পিএসজিতে পাড়ি দেওয়া নেইমার জুনিয়রও। ২০২৩ সাল পর্যন্ত ক্লাবটিতে ছিলেন এ ব্রাজিলিয়ান উইঙ্গার। ইনস্টাগ্রামে ‘অভিনন্দন পিএসজি’ লিখে পাঁচটি করতালির ইমোজি যোগ করেন তিনি।

গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনাদের গুলি, ১৪ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত একটি বিতর্কিত সংস্থার পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। এসময় অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

রোববার (১ জুন) আল জাজিরার আরবি প্রতিনিধি গাজা থেকে জানিয়েছেন, দক্ষিণ গাজার রাফায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরাইলি সেনারা গুলি চালিয়েছে। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

এদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের জবাব দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। গোষ্ঠীটি বলেছে, আমরা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চাই। যুদ্ধবিরতির জন্য গাজা থেকে সব ইসরাইলি সেনা প্রত্যাহার করতে হবে।

শনিবার (৩১ মে) হামাস এক বিবৃতিতে বলেছে, চুক্তিতে উল্লেখিত নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে তারা ১০ জন জীবিত ইসরাইলি জিম্মি এবং ১৮ জন মৃত জিম্মির মৃতদেহ হস্তান্তরে প্রস্তুত।

বিবৃতিতে বলা হয়, ‘এই প্রস্তাবের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সব ইসরাইল সেনা প্রত্যাহার এবং আমাদের জনগণের জন্য মানবিক সহায়তার অবাধ প্রবাহ নিশ্চিত করা।’

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাবে সরাসরি কোনো সংশোধনীর কথা বলা হয়নি। তবে বিষয়সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, হামাস প্রস্তাবে কিছু সংশোধনের প্রস্তাব দিয়েছে। তা সত্ত্বেও সামগ্রিকভাবে তাদের প্রতিক্রিয়া ইতিবাচক।

হোয়াইট হাউসও জানিয়েছে, প্রস্তাবিত খসড়া সম্পর্কে হামাস তাদের আপত্তিও তুলে ধরেছে। বিস্তারিত প্রতিক্রিয়ায় হামাস তাদের সুপরিচিত শর্তগুলো পুনরাবৃত্তি করেছে: একটি স্থায়ী যুদ্ধবিরতি, গাজা থেকে সম্পূর্ণ ইসরাইলি প্রত্যাহার এবং মানবিক সহায়তার অব্যাহত প্রবাহের নিশ্চয়তা।

তবে যুদ্ধবিরতি নিয়ে হামাসের প্রতিক্রিয়াকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন উইটকফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘হামাসের উচিত আলোচনার ভিত্তি হিসেবে আমাদের উত্থাপিত কাঠামো প্রস্তাব গ্রহণ করা, যাতে আমরা চলতি সপ্তাহেই চুক্তিটি কাজ শুরু করতে পারি।’

সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজারের বেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৮৫ হাজার ১৬৪ হজযাত্রী। সরকারি-বেসরকারি মোট ২১৯টি ফ্লাইটে সৌদিতে পৌঁছান তারা।

রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০৮টি ফ্লাইটে সৌদি পৌঁছান ৪১ হাজার ৯০২ হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৮০টি ফ্লাইটে ৩০ হাজার ৭৮৯ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ৩১টি ফ্লাইটে সৌদি পৌঁছান ১২ হাজার ৪৭৩ হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৫ হাজার ৯১ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৮০ হাজার ৭৩ হজযাত্রী।

চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে ১৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত ২৯ মে মৃত্যুবরণ করেছেন গাজীপুর, মাদারীপুর ও জয়পুরহাটের তিনজন।
তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী।

গত ২৯ এপ্রিল বাংলাদেশ থেকে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ দিন ৩৯৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে যাত্রা করে। আগামী ৩১ মে শেষ হবে এই ফ্লাইট পরিচালনা।
১০ জুন থেকে পুনরায় হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ হবে ১০ জুলাই।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ করতে যাবেন পাঁচ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

নাইজেরিয়ায় বন্যায় মৃত্যু বেড়ে ১৫০

নাইজেরিয়ার নাইজার রাজ্যে চলতি সপ্তাহে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। তিন হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২৫০টিরও বেশি বাড়িঘর এবং দুটি সেতু ভেঙে গেছে। গতকাল শনিবার স্থানীয় দুর্যোগ মোকাবেলা সংস্থার মুখপাত্র এ কথা জানিয়েছেন।
খবর এএফপির।

নাইজার রাজ্য জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম আউদু হুসেইনি জানান, বন্যার কেন্দ্রস্থল মোকওয়া শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আরো কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫০। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেছেন, ‘উদ্ধার অভিযান চলছে।

দুর্যোগ মোকাবেলায় নিরাপত্তা বাহিনী সহায়তা করছে। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রবল বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত মোকওয়ায় ত্রাণসামগ্রী পাঠানো হচ্ছে।’ গত শুক্রবার বন্যায় রাজধানী আবুজা থেকে ৩৫০ কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত মোকওয়া শহরে কয়েকটি ভবন ধসে পড়েছে এবং রাস্তাঘাট ডুবে গেছে।

ইতিহাস গড়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতল পিএসজি

মিউনিখের এ মাঠে খেলা হলেই না কি নতুন কোনো দল চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে। অলিখিত সেই নিয়মই যেন ধরে রাখল ২০২৫। একপেশে এক ম্যাচে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও।

শনিবার (৩১ মে) রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবার ফাইনালে ৫ গোল দিয়েছে পিএসজি। ইন্টার মিলানকে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হয়েছে লা প্যারিসিয়ানরা।
পিএসজি ম্যাচের শুরুতেই কর্তৃত্ব করে খেলতে শুরু করে। ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি।
গোলের সামনে ফাঁকায় দাঁড়ানো সাবেক ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদ ফুলব্যাককে দিয়ে গোল করান তরুণ ডিয়েসারি দুয়ে।

২১ বছর বয়সী নতুন নেইমার খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে ২০ মিনিটে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে ফাইনালে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে দুয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানোর বেঁচে থাকা সামান্য আশা শেষ করে দেন।

বিএনপিকে যমুনায় ডেকেছেন প্রধান উপদেষ্টা

আলোচনার জন্য আগামী ২ জুন বিএনপিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৩১ মে) দুপুরে রাজধানীতে কৃষকদলের আলোচনা সভায় এ তথ্য জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

যারা নির্বাচন চায় না, তারা বিএনপি নেতাদের দেশদ্রোহী ও অন্য দেশের এজেন্ট বলছে। ১৭ বছরের ত্যাগের প্রতিদান দিচ্ছে একটি মহল বলে আক্ষেপ প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।

ফ্যাসিবাদের কুটচালে জাতির মধ্যে একটি গোষ্ঠী বিভেদ সৃষ্টি করছে বলেও অভিযোগ বিএনপির সিনিয়র এই নেতার।

আগামী ২ জুন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আলোচনার জন্য আনুষ্ঠানিকতার কমতি নেই। কিন্তু কাজের কাজ কিছুই নেই তাদের৷’

সংস্কারের নামে কলা ঝুলানো হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে হবে, এটা জনগণের দাবি। ডিসেম্বরের পর নির্বাচন দেওয়ার কোনো কারণ নাই।
’

ডিসেম্বরের পর নির্বাচনের জন্য একটি যুক্তি থাকলেও তা যেন সরকার প্রকাশ করে, সেই দাবি জানিয়েছেন বিএনপির এই নেতা।