বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫০৩ জন। তীব্র বিমান ও স্থল হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৫০০। সোমবার (৩ জুন) এক প্রতিবেদনে তথ্যটি জানিয়েছে তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু, সূত্র হিসেবে ব্যবহার করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি।

গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থান থেকে ৫২টি মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে। একই সময়ে আহতদের সংখ্যা ৫ শতাধিক। এই হিসাব অনুযায়ী, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জন মানুষ।

চলতি বছরের ১৮ মার্চ থেকে গাজায় ফের নতুন করে ইসরায়েলি হামলা শুরু হয়। এর পর থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪ হাজার ২০১ ফিলিস্তিনি, আহত হয়েছেন আরও ১২ হাজার ৬৫২ জন। জানুয়ারি মাসে হওয়া যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভেঙেই ইসরায়েল নতুন করে এই হামলা শুরু করে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। নিরাপত্তাহীনতা ও লাগাতার হামলার কারণে উদ্ধারকারীরা সেখানে পৌঁছাতে পারছেন না।

জাতিসংঘ বলছে, গাজার প্রায় ৯০ শতাংশ জনগণ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংস হয়ে গেছে অধিকাংশ অবকাঠামো, যার মধ্যে হাসপাতাল, স্কুল ও বিদ্যুৎকেন্দ্র রয়েছে।

২০২৩ সালের নভেম্বরে গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC)।

এছাড়া দক্ষিণ আফ্রিকার দায়ের করা এক মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (ICJ) গণহত্যার অভিযোগের মুখোমুখি ইসরায়েল।

গাজা সংকট ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে, অথচ কার্যকর যুদ্ধবিরতির কোনো অগ্রগতি নেই—এমনটাই বলছে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা ও পর্যবেক্ষক দল।

প্রায় ১১ বছর পর টি-টোয়েন্টিতে ফিরে অ্যান্ডারসনের রেকর্ড

দীর্ঘ ১০ বছর ২৮২ দিন পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেই নিজের সেরা বোলিং পারফরম্যান্স উপহার দিলেন জেমস অ্যান্ডারসন। ভাইটালিটি ব্লাস্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে নেমে ডারহামের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে নেন ৩ উইকেট। সংক্ষিপ্ত ফরম্যাটে এটিই এখন তার ক্যারিয়ারসেরা বোলিং। এর আগে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩ রানে ৩ উইকেট ছিল তার সেরা।

এই ম্যাচ দিয়ে অ্যান্ডারসন গড়েছেন আরেকটি ব্যতিক্রমধর্মী রেকর্ড—টেস্ট খেলা কোনো বোলারের সবচেয়ে বেশি দিন পর স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরার নজির। এতদিন রেকর্ডটি ছিল ইংল্যান্ডেরই আরেক ক্রিকেটার আমজাদ খানের।

আমজাদ ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর ঘরোয়া টি-টোয়েন্টি থেকে প্রায় ৯ বছর দূরে ছিলেন তিনি। ২০২১ সালে ডেনমার্কের হয়ে ফের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেন এই পেসার।

তবে দীর্ঘ বিরতির রেকর্ডে শীর্ষে আছেন বাহামার অলরাউন্ডার রায়ান টাপিন। ২০০৮ সালে অভিষেকের পর ১৭ বছর ৭৩ দিন টি-টোয়েন্টি না খেলে চলতি বছরের ২০ এপ্রিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ফেরেন জাতীয় দলে।

টেস্ট খেলুড়ে দেশের খেলোয়াড়দের মধ্যে অ্যান্ডারসনের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে নজরকাড়া, যদিও সর্বমোট টি-টোয়েন্টি ফেরার তালিকায় তিনি আছেন ২৯ নম্বরে।

৪১ বছর বয়সী এই ইংলিশ পেসারের এই পারফরম্যান্স আবারও প্রমাণ করল, অভিজ্ঞতা কখনোই পুরনো হয়ে যায় না—বিশেষ করে যদি নাম হয় জেমস অ্যান্ডারসন।

আনচেলত্তির অধীনে শুরু হলো ব্রাজিল দলের ক্যাম্প

কার্লো আনচেলত্তির অধীনে শুরু হয়েছে ব্রাজিল জাতীয় ফুটবল দলের প্রস্তুতি ক্যাম্প। নতুন কোচের প্রথম ডাকে সাড়া দিয়ে ১৪ জন খেলোয়াড় ইতিমধ্যে যোগ দিয়েছেন এই অনুশীলনে। ইতালিয়ান কোচের সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে নিয়েছেন ভিনিসিউস জুনিয়র, অ্যান্টনি, রিচার্লিসন এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লির মতো তারকারা।

৬ জুন বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তির নতুন যাত্রা শুরু হবে সেলেসাওদের ডাগআউটে। এরপর ১১ জুন ব্রাজিল মুখোমুখি হবে প্যারাগুয়ের।

নেইমার এই স্কোয়াডে নেই। সম্প্রতি ব্রাজিলিয়ান লিগে হাতে বল করে গোল করে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর স্মৃতি জাগালেও, ইনজুরি-প্রবণতা এবং ধারাবাহিকতার অভাবে নতুন কোচের পরিকল্পনায় নেইমার জায়গা পাননি।

ভক্তদের নজর ছিল ক্যাম্পের শুরুতেই ভিনিসিউসের দিকে। নতুন হেয়ারস্টাইলে হাজির হয়ে নিজের আত্মবিশ্বাসের জানান দিয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। ক্লাবের কোচ আনচেলত্তির সঙ্গে গড়ে ওঠা বোঝাপড়া জাতীয় দলে নিয়েও এগিয়ে যেতে চান তিনি।

অন্যদিকে, রিয়াল বেতিসে ধারে গিয়ে ফর্মে ফেরা অ্যান্টনি চান সেই ছন্দ ধরে রাখতে। কোচের সঙ্গে প্রাথমিক আলোচনায় নিজের প্রত্যয় তুলে ধরেছেন এই উইঙ্গার। রিচার্লিসন ও মার্তিনেল্লিরাও নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানিয়ে দিয়েছেন আনচেলত্তিকে।

লাতিন আমেরিকার বাছাইপর্বে সেরা ছয় দলই জায়গা পাবে ২০২৬ বিশ্বকাপে। বর্তমানে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ব্রাজিল, শীর্ষে আছে আর্জেন্টিনা (৩১), দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইকুয়েডর ও উরুগুয়ে। সামনে আরও চারটি ম্যাচ বাকি।

শুধু বিশ্বকাপে জায়গা নিশ্চিত করাই নয়, আনচেলত্তির লক্ষ্য ২০০২ সালের পর ব্রাজিলের বহু কাঙ্ক্ষিত ‘হেক্সা’ ট্রফি ঘরে তোলা। তার অধীনে শুরু হওয়া এই ক্যাম্প, সেই অভিযানের প্রথম পদক্ষেপ।

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশা প্রধান উপদেষ্টার

দূরত্ব ঘুচিয়ে জুলাই সনদে দেশের প্রকৃত ভবিষ্যৎ রচনার আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ জুন) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফার সংলাপের সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

সংলাপে অংশ নেওয়া দলগুলোকে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি সারা দিনে যত মিটিং করি সবচেয়ে বেশি আনন্দ পাই যখন আপনাদের সঙ্গে এ রকম বসার সুযোগ পাই, আলাপ করার সুযোগ পাই। কারণ এখানেই সবাই মিলে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ রচনা করা হচ্ছে।
এটা আমাকে শিহরণ জাগায় যে এ রকম একটা কাজে আমি জড়িত হতে পেরেছি, নিজেকে যুক্ত করতে পেরেছি। আপনাদের কথা শোনার জন্য, এটা কিভাবে আপনারা গাইড করবেন, কোথায় নিয়ে যাবেন।’

সংস্কার নিয়ে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছিল সংস্কার করার জন্য। আমরা বুঝতে পারছিলাম না কোথা দিয়ে শুরু করি।
প্রথমে আলাপের মধ্যে নানা আলাপ নানা প্রসঙ্গে ঠিক হলো যে আমরা কিছু কমিশন করব, যেগুলো দ্বারা প্রকৃতপক্ষে ভেতরে গিয়ে জিনিসটা তৈরি করবে। এটা দীর্ঘ প্রক্রিয়া। শেষ পর্যন্ত আমরা কমিশন করলাম। প্রথমে ৬টা কমিশন, পরবর্তী সময়ে আরো ৬টা।
তাদের ৯০ দিন সময় দিয়েছিলাম।’

তিনি বলেন, ‘আমরা খুবই আনন্দিত যে তারা করতে পেরেছে। কিছু কমিশন বেশি সময় নিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। কমিশনের রিপোর্ট এলো। এরপর আমরা যে ঐকমত্য গঠন করতে চাচ্ছি, সেটা কিভাবে হবে? সেটা থেকে একটা আইডিয়া এলো যে একটা ঐকমত্য কমিশন বলে আলাদা একটা কমিশন করার।
’

তিনি আরো বলেন, ‘সেটা ফলপ্রসূ হয়েছে, প্রফেসর আলী রিয়াজ যখনই আমার সঙ্গে বৈঠক করেন আমি অত্যন্ত আনন্দিত হই। যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, আনন্দ সহকারে পার্টিসিপেট করেছেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয়েছিল যে হয়তো সবার আগ্রহ হবে না, পাশ কাটিয়ে যাবে বা ভেতরে ঢুকতে চাইবে না। আমি অত্যন্ত আশ্চর্য হয়েছি এবং অত্যন্ত আনন্দিত হয়েছি যে কত গভীরভাবে আপনারা এটাতে গিয়েছেন। শুধু কমিশনের সঙ্গে আলাপ করে না, নিজেদের ভেতরে আলাপ করেছেন এবং আন্তরিকভাবে বুঝে আমাদেরকে বলার চেষ্টা করেছেন, তর্ক করেছেন কমিশনের সঙ্গে। প্রতিবারই যখন প্রফেসর আলী রিয়াজ আমার সঙ্গে কথা বলেন, তিনি খুব উচ্ছ্বসিত হন। এটা আমার হৃদয়ে অনুভূতি তৈরি করে। এ রকম আগ্রহ নিয়ে সবাই যদি আমরা বসি, নিশ্চয়ই একটু ভালো কিছু এর মধ্য থেকে আসবে।’

অন্তর্বর্তী সরকারের প্রধান বলেন, ‘প্রথম পর্ব শেষ হলো। প্রথম পর্বে আমরা যত রিকমেন্ডেশন বা সুপারিশ আছে, কিভাবে আমরা একমত হলাম, কারা কোনটাতে একমত হলো, সব মিলিয়ে শেষ পর্যন্ত আমরা জুলাই সনদ করব এটাই হলো আমাদের লক্ষ্য, যেখানে আমরা সবার ঐকমত্যগুলো তুলে ধরব।’

তিনি বলেন, ‘দ্বিতীয় পর্বে কী হবে, আমি আলী রিয়াজের সঙ্গে আলাপ করছিলাম। অনেকগুলো বিষয় আছে কাছাকাছি এসে গেছি, আরেকটু হলে আমাদের তালিকাতে আরেকটা সুপারিশ যুক্ত হয়, এই সুযোগ যেন আমরা হারিয়ে না ফেলি।’

সর্বশেষ তিনি বলেন, ‘দ্বিতীয় পর্বের আলাপটা হলো, যেটুকু দূরত্ব ছিল সেটাকে ঘুচিয়ে এনে যেন আমাদের জুলাই সনদে বর্তমানে যতগুলো ঐকমত্যের বিষয় আছে, তার মধ্যে যে আরো কিছু যোগ করতে পারি, জাতীয় একটা সনদ হলো। অনেকগুলো বিষয়ে আমরা একমত হতে পেরেছি। জাতি হিসেবে আমরা গর্বিত যে আমরা এ রকম বিভক্তিকরণের প্রক্রিয়ার রাজনীতি সৃষ্টি করিনি। আমরা সৃষ্টি করেছি ঐক্যবদ্ধ হওয়ার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আশা করি আমরা সেই পর্বে ঢুকতে পারব এবং অত্যন্ত চমৎকার একটা জুলাই সনদ তৈরি করতে পারব।

শেয়ারবাজারে কারসাজি রুখতে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা আসছে

বিগত সরকারের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির ফলে প্রায় ধ্বংসপ্রাপ্ত দেশের পুঁজিবাজারে পুনরায় গতি ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাল্টিন্যাশনাল কম্পানিগুলোতে সরকার শেয়ার কমিয়ে পুঁজিবাজারে অন্তর্ভুক্তকরণ, বেসরকারি খাতের দেশীয় বড় কম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য উৎসাহ প্রদান, বাজারে কারসাজি রুখতে দ্রুততম সময়ের মধ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বাস্তবায়ন, অনিয়মের সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা এবং ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে পুঁজিবাজার থেকে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে তহবিল সংগ্রহের সুযোগ বৃদ্ধি বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

অর্থ উপদেষ্টা ২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট সাত লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের বাজেট প্রস্তাব করেছেন, যা জিডিপির ১২.৭ শতাংশ।
এর মধ্যে পরিচালনসহ অন্যান্য খাতে মোট পাঁচ লাখ ৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২ লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন।

আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য ঠিক করেছে সরকার, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার চিন্তা রয়েছে সরকারের।

শান্তি আলোচনার আগে রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা

ইউক্রেন ও রাশিয়া ইস্তাম্বুলে দ্বিতীয় দফায় সরাসরি শান্তি আলোচনার প্রস্তুতি নেওয়ার মধ্যেই একে অপরের বিরুদ্ধে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইউক্রেনীয় প্রতিনিধিদল সোমবার ইস্তাম্বুলে পৌঁছয়, যদিও সম্প্রতি কিয়েভ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে তারা এই আলোচনায় অংশ নাও নিতে পারে। রাশিয়ার আলোচক দলও এদিন তুরস্কে পৌঁছেছে।

গত মাসে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি, শুধু একটি বন্দি বিনিময়ের বিষয়ে সমঝোতা হয়েছিল।
কিয়েভ অভিযোগ করেছিল, রাশিয়া তখনো অগ্রহণযোগ্য ও অবাস্তব দাবিতে অনড় রয়েছে। এবার যুক্তরাষ্ট্রের চাপের মুখে কিয়েভ ও মস্কো—উভয় পক্ষই শান্তি আলোচনার জন্য নিজ নিজ প্রস্তাবনা উপস্থাপন করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রুশ পক্ষ কিয়েভে প্রস্তাবনা আগেই পাঠাতে অস্বীকৃতি জানালেও প্রেসিডেন্টের উপদেষ্টা ও প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসকে জানিয়েছেন, তারা ইউক্রেনের প্রস্তাবনা হাতে পেয়েছেন। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ইউক্রেন তাদের প্রস্তাবনায় দীর্ঘস্থায়ী শান্তির একটি রূপরেখা দিয়েছে, যেখানে তাদের সামরিক শক্তি সীমিত না রাখার শর্ত রয়েছে এবং রাশিয়ার দখলকৃত কোনো ভূখণ্ডের ওপর সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হয়নি, যা মস্কো দাবি করে আসছে।

এ ছাড়া ইউক্রেনীয় কর্মকর্তারা ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করে চলেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিশ্রুতি ঘিরে অনিশ্চয়তার প্রেক্ষাপটে। রাশিয়ার সঙ্গে আলোচনার আগে ইউক্রেনীয় প্রতিনিধিদল জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে। এ সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিয়াসে যান ন্যাটোর পূর্ব ইউরোপ ও নর্ডিক সদস্য দেশগুলোর সম্মেলনে যোগ দিতে। এই দেশগুলো রুশ আগ্রাসনের বিরুদ্ধে কিয়েভের অন্যতম বড় সমর্থক।

গত সপ্তাহে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, যদি ইউক্রেন ন্যাটো সম্মেলনে উপস্থিত না থাকে, তবে এটি পুতিনের জয় হবে—ইউক্রেনের ওপর নয়, বরং ন্যাটোর ওপর। তিনি যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি হলে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দাবি করে আসছেন, যা মস্কো ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে।

জেলেনস্কি বলেন, ‘প্রথমত, পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি। দ্বিতীয়ত, বন্দিদের মুক্তি। তৃতীয়ত, অপহৃত শিশুদের ফিরিয়ে আনা।
’ তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বানও জানিয়েছেন। তবে ক্রেমলিন বলেছে, এই ধরনের বৈঠক কেবল প্রতিনিধিদের মধ্যে চুক্তির পরই সম্ভব।

রাশিয়া যুদ্ধবিরতি চুক্তিতে সংঘাতের ‘মূল কারণগুলো’ বিবেচনায় নেওয়ার দাবি জানিয়ে আসছে, যার মধ্যে রয়েছে ইউক্রেনের সামরিক শক্তি সীমিত রাখা, ন্যাটোতে যোগ না দেওয়া ও ভূখণ্ডীয় ছাড় দেওয়ার বিষয়টি।

ব্যাপক হামলা অব্যাহত
এদিলে ইস্তাম্বুলে আলোচকরা পৌঁছনোর মধ্যেই দুই দেশই রাতভর ব্যাপক হামলার খবর দিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ১৬২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে ৫৭টি কুরস্ক অঞ্চলে এবং ৩১টি বেলগোরোদ অঞ্চলে ভূপাতিত করা হয়।

এর আগের দিন ইউক্রেন রাশিয়ার মাটিতে অন্যতম বড় হামলা চালায়, যেখানে সাইবেরিয়াসহ বিভিন্ন ঘাঁটিতে বহু কৌশলগত বোমারু বিমান লক্ষ্য করে আঘাত হানা হয়। ইউক্রেন জানায়, রাশিয়া রাতভর ৮০টি ড্রোন হামলা চালিয়েছে, যার মধ্যে ১২টি বিভিন্ন স্থাপনায় আঘাত হানে।

খেরসনের গভর্নর ওলেক্সান্ডার প্রোকুদিন টেলিগ্রামে লিখেছেন, করাবেলনি জেলায় গোলাবর্ষণে ৪০ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচ বছর বয়সী আহত এক শিশু চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছে।

বাজেটে শিক্ষকদের জন্য বড় সুখবর

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের আর্থিক সুরক্ষা ও মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানো হচ্ছে। একই সঙ্গে গ্রাচ্যুইটির সুবিধাও সম্প্রসারিত করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

সোমবার (২ জুন) বিকেলে বাজেট প্রস্তাব ঘোষণায় এ সব তথ্য জানান তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষকদের মানবসম্পদ উন্নয়নকে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস ও গ্রাচ্যুইটির পরিমাণ বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতায় মোট ৬২টি প্রকল্পের মাধ্যমে প্রায় ১ হাজার ৯৫৭ কোটি টাকা ব্যয়ে শিক্ষা অবকাঠামো উন্নয়নসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। চলতি অর্থবছরে মাধ্যমিক পর্যায়ে প্রায় ৫১ লাখ, উচ্চ মাধ্যমিকে ৮ লাখ এবং স্নাতক পর্যায়ে ১ লাখ ৬৫ হাজার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন, ২০২৫-২৬ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪৭ হাজার ৫৬৩ কোটি টাকা, যা আগের বছরের ৪৪ হাজার ১০৮ কোটি টাকার থেকে বাড়ানো হয়েছে।
এর মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আর্থিক সুবিধা বৃদ্ধিতে আরো কাজ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

অর্থ উপদেষ্টা বলেন, শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। শিক্ষকদের প্রণোদনা বাড়ানো এবং প্রশিক্ষণ কার্যক্রম চালু করার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থা আরো উন্নত ও গতিশীল হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের নেতারা

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে ঐকমত্য কমিশনের বৈঠকে অংশ নিতে বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এসেছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদল। বিকেল ৪টার পর থেকে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই বৈঠকে বিএনপি-জামায়াতসহ ২৮টি রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করার কথা রয়েছে।

বিকেল পৌনে ৪টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল প্রবেশ করে। অন্য সদস্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ইসমাইল জবিউল্লাহ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

সূত্র জানিয়েছে, জামায়াতের নায়েব আমির সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের, হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান; এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার; এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ; গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর; জাতীয় গণফ্রন্টের টিপু বিশ্বাস; ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাখাওয়াত হোসেন রাজী, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান; জমিয়তে উলামায়ে ইসলামের মঞ্জুরুল ইসলাম আফেন্দি এবং খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের বৈঠকে অংশ নিয়েছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল রবিবার বিকেলে সংবাদ সম্মেলনে জানান, ‘সংস্কারপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এই সংলাপের মধ্য দিয়ে জুলাই সনদ ঘোষণার চূড়ান্ত পর্যায়ে উপনীত হওয়া যাবে বলে আশা করছি। ধারাবাহিকভাবে দলগুলোর সঙ্গে সংলাপ হবে। আজ ছাড়াও ঈদের আগে-পরে আরো দু-একটি সংলাপ অনুষ্ঠিত হবে।’

কমিশনের প্রথম দফার আলোচনা ২০ মার্চ শুরু হয়ে ১৯ মে শেষ হয়।
প্রথম দফায় মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়।

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ২৫

উত্তর-মধ্য নাইজেরিয়ার বেনুয়ে রাজ্যে সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। জমি নিয়ে দীর্ঘদিনের সহিংস দ্বন্দ্ব ও প্রতিশোধমূলক হামলার জন্য পরিচিত এ অঞ্চলে নতুন করে রক্তপাত হলো।

এপিএফকে সোমবার বেনুয়ে রাজ্যের আপা স্থানীয় সরকার পরিষদের চেয়ারম্যান আদাম ওচেগা জানান, রবিবার আনকপালি এলাকায় এক হামলায় ১৪ জন নিহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘এখনো হুমকি রয়ে গেছে।
’ এই অঞ্চলে ফুলানি জাতিগোষ্ঠীর মুসলিম যাযাবর গবাদিপশু পালকদের সঙ্গে অধিকাংশ খ্রিস্টান কৃষকদের মধ্যে বহু বছর ধরে জমি ও সম্পদ নিয়ে সংঘর্ষ চলছে।

নৃশংসতার পরিসংখ্যান ভয়াবহ

সম্প্রতি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, গত দুই বছরে বেনুয়ে রাজ্যে ৬ হাজার ৮৯৬ জন নিহত হয়েছেন। এই রাজ্য নাইজেরিয়ার তথাকথিত মিডল বেল্ট অঞ্চলের অংশ, যেখানে ধর্মীয়ভাবে বিভক্ত সমাজে জমি সংক্রান্ত দ্বন্দ্ব প্রায়ই সাম্প্রদায়িক সহিংসতায় রূপ নেয়। স্থানীয় পুলিশের এক মুখপাত্র হামলার খবর নিশ্চিত করলেও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানায়নি।

পৃথক হামলায় ১১ জন নিহত

একই দিন রবিবার সন্ধ্যায় বেনুয়ে রাজ্যের গোয়ের ওয়েস্ট এলাকার নাকা গ্রামে আরো একটি হামলা চালানো হয়। এতে ১১ জন নিহত হন বলে জানায় স্থানীয় প্রশাসন। কর্তৃপক্ষের ভাষ্যমতে, হামলাটি সম্ভবত ফুলানি মিলিশিয়াদের দ্বারা সংঘটিত।

গোয়ের ওয়েস্টের স্থানীয় সরকার চেয়ারম্যান অরমিন ভিক্টর বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১১টি মৃতদেহ উদ্ধার করেছি এবং পাঁচজন আহত হয়েছেন।
’ মাত্র এক মাস আগেই ৪৪ জন নিহত হয়েছিলেন একই এলাকায়। ভিক্টর ওই হামলার পেছনে ‘সমন্বিত হামলা পরিকল্পনার’ জন্য ফুলানি পশুপালকদের দায়ী করেন।

জমি নিয়ে মরণপণ প্রতিযোগিতা

অন্যদিকে, ফুলানি যাযাবর গোষ্ঠীগুলো অভিযোগ করছে, তাদেরও কৃষকদের হাতে প্রাণ হারাতে হচ্ছে, জমি দখল ও গবাদিপশু বিষ খাওয়ানোর মতো ঘটনার শিকার হতে হচ্ছে।

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জলবায়ু পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধির কারণে জমির ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে। এতে চাষি ও যাযাবর পশুপালকদের মধ্যে বিরোধ আরো ঘনীভূত হয়েছে।
বেনুয়ে রাজ্য এ ধরনের সহিংসতার অন্যতম হটস্পট। কৃষকরা অভিযোগ করেন, পশুপালকরা তাদের খামারের জমি গবাদিপশু চরিয়ে নষ্ট করে দিচ্ছেন।

নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন সহিংসতা ছড়ায়, তখন দুর্বল পুলিশি তৎপরতা প্রায়ই বিচারহীন প্রতিশোধমূলক হামলার পথ করে দেয়, যা প্রায়ই জাতিগত বা ধর্মীয় বিভাজনের ভিত্তিতে ঘটে। শুধুমাত্র গত এপ্রিল মাসেই বেনুয়ে ও পার্শ্ববর্তী প্লাটু রাজ্যে ১৫০ জনের বেশি নিহত হন বিভিন্ন সংঘর্ষে।

ধর্মীয় বিভাজন ও জমি দখল করে জটিলতা আরো বেড়েছে

প্লাটু রাজ্যে গত কয়েক দশকে স্থানীয় আদিবাসী ও বহিরাগতদের মধ্যে জমি ও রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে কট্টরপন্থী মুসলিম ও খ্রিস্টান ধর্মীয় নেতাদের প্রভাব, যা বিভাজনকে আরো ঘনীভূত করেছে। নাইজেরিয়ার মিডল বেল্ট অঞ্চলে জমি এখন শুধু অর্থনৈতিক সম্পদ নয়—এটি ধর্মীয়, রাজনৈতিক ও জাতিগত উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

বেনুয়ে রাজ্যে সাম্প্রতিক হামলা এবং দীর্ঘমেয়াদী সহিংসতা দেখিয়ে দিচ্ছে, নাইজেরিয়ায় জমি নিয়ে দ্বন্দ্ব কেবল অর্থনৈতিক নয়—এটি ধর্ম, পরিচয় এবং বেঁচে থাকার লড়াইয়ের রূপ নিয়েছে। রাষ্ট্রযন্ত্রের দুর্বলতা ও আইনের কার্যকারিতা না থাকায়, এই সংকট আরো গভীর হয়ে উঠছে।

সূত্র : এএফপি

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা

২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা, যা জিডিপির ৯ শতাংশ।

সোমবার (২ জুন) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ উত্থাপিত ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট প্রস্তাবে এ তথ্য জানা যায়।

তিনি বলেন, রাজস্ব আহরণ বৃদ্ধির লক্ষ্যে কর অব্যাহতি যৌক্তিকীকরণসহ মধ্যমেয়াদে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রম অব্যাহত রয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে জনবল বাড়ানো হয়েছে।

এছাড়া কর অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে কমিয়ে আনা, কর জাল সম্প্রসারণ, বিভিন্ন পণ্য ও পরিষেবায় যথাসম্ভব একই হারে ভ্যাট নির্ধারণ করার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হলো।