বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

এআই শেখার জন্য ছাত্রদের এখনই প্রস্তুতি শুরু করতে হবে : ডেমিস হাসাবিস

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গুগল ডিপমাইন্ডের সিইও, এআই গবেষণার অগ্রপথিক ও নোবেলজয়ী বিজ্ঞানী ডেমিস হাসাবিস ছাত্রদের উদ্দেশে বলেছেন, এআই শেখার জন্য এখনই প্রস্তুতি শুরু করুন। এআই বোঝা এবং ভবিষ্যতকে নেতৃত্ব দিতে এটি খুবই গুরুত্বপূর্ন।

তিনি বলেন, আমি যদি এখন ছাত্র হতাম, তাহলে এখনো এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) শিক্ষাকেই প্রাধান্য দিতাম, যদিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্রুত কর্মবাজার পরিবর্তন করে দিচ্ছে।

এসএক্সএসডব্লিউ লন্ডনে দেওয়া এক ভাষণে হাসাবিস বলেন, এই প্রযুক্তিগুলো কীভাবে তৈরি হয় তা বুঝতে গণিত, পদার্থ ও কম্পিউটার বিজ্ঞানের মৌলিক বিষয়গুলো শেখা এখনো জরুরি।
ছাত্রদের অবশ্যই নতুন এআই টুলগুলো রপ্ত করতে হবে, না হলে তারা ভবিষ্যতে চাকরির বাজারে পিছিয়ে পড়বে।

হাসাবিস ভবিষ্যদ্বাণী করে বলেন, আগামী ৫-১০ বছরের মধ্যে এআই এমন নতুন ও মূল্যবান চাকরির সুযোগ তৈরি করবে, যেগুলো প্রযুক্তি-সচেতন ব্যক্তিদের জন্য সুবিধাজনক হবে। তিনি একে শিল্পবিপ্লবের সঙ্গে তুলনা করে বলেন, তবে এসবের সঙ্গে মানুষ খাপ খাওয়াতে সক্ষম, যদিও অনেকে চাকরি হারানোর ভয় পাচ্ছেন।

তিনি পরামর্শ দিয়ে বলেন, শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করাও জরুরি।
আমি যদি এখন ছাত্র হতাম, তাহলে আমি সব আধুনিক এআই সিস্টেম নিয়ে কাজ করতাম, পরীক্ষা-নিরীক্ষা করতাম—কীভাবে এগুলো সবচেয়ে কার্যকরভাবে ব্যবহার করা যায়।

ডেমিস হাসাবিস মনে করেন, আজকের শিশুরা যেভাবে ইন্টারনেটের সঙ্গে বেড়ে উঠছে, ভবিষ্যতের শিশুরা ‘এআই-নেটিভ’ হবে। এই দক্ষতা চাকরির বাজারে টিকে থাকার জন্য অপরিহার্য হবে।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এবার জি৭ সম্মেলনে মোদিকে আমন্ত্রণ করেনি কানাডা

চলতি মাসে অনুষ্ঠেয় জি৭ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানায়নি কানাডা। এর মধ্য দিয়ে গত ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো সম্মেলনে মোদির যোগদান কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। খবর ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমসের।

কানাডার আয়োজনে আগামী ১৫ থেকে ১৭ জুন পর্যন্ত দেশটির আলবার্টা প্রদেশের কানানাস্কিস রিসোর্টে জি৭ সম্মেলন হওয়ার কথা।
এতে নেতৃত্ব দিচ্ছেন কানাডার নতুন প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

শিল্পোন্নত দেশগুলোর জোট জি৭-এর সদস্য হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা। জোটের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, আইএমএফ, বিশ্বব্যাংক ও জাতিসংঘসহ বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে।

সম্মেলন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ভারত ও কানাডার কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে সম্ভবত মোদিকে আমন্ত্রণ জানানো হয়নি।

খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার সঙ্গে ভারতের সরকারি এজেন্ট জড়িত—২০২৩ সালে কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এমন অভিযোগ তোলার পরে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মারাত্মক অবনতি হয়।

ভারত এই অভিযোগকে অযৌক্তিক আখ্যা দেয়। এরপর দুই দেশ পরস্পরের কূটনীতিকদের বহিষ্কার করে।
কানাডার সর্বশেষ নির্বাচনে কার্নির জয়ের পর দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের আশা জেগেছিল।
তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, পরিস্থিতি এখনো অনুকূলে আসেনি।

এ সম্পর্কে অবগত একজন বলেন, সম্পর্ক পুনর্নির্মাণের জন্য আরো কাজ করতে হবে। সম্পর্ক উন্নয়নের জন্য এখনো কোনো ভিত্তি তৈরি হয়নি।

দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিরোধী দলের প্রার্থী লি জে-মিয়ং

বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী লি জে-মিয়ং দক্ষিণ কোরিয়ার পরবর্তী নেতা হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী পিপল পাওয়ার পার্টির প্রার্থী কিম মুন-সু পরাজয় স্বীকার করে নিয়েছেন।

এক বিবৃতিতে কিম মুন-সু বলেছেন, আমি জনগণের সিদ্ধান্ত সম্মানের সঙ্গে গ্রহণ করছি। লি জে-মিয়ং-কে বিজয়ের জন্য অভিনন্দন।

নির্বাচনে জয়ী হয়ে দেওয়া এক ভাষণে লি জে-মিয়ং প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবেন এবং কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করবেন।

এই নির্বাচনে লি জে-মিয়ং সামরিক শাসনের বিরুদ্ধে একটি গণভোটের মতো প্রচারণা চালিয়েছিলেন এবং সেটিই কাজে লেগেছে।

আজ থেকে ছয় মাস আগে দক্ষিণ কোরিয়ার জনগণ তাদের সাবেক প্রেসিডেন্ট ইউন সক ইয়ল-এর সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে প্রতিহত করেছিল। নির্বাচনের মাধ্যমে এবার জনগণ ইউন সক ইয়লের দলকে শাস্তি দিল এবং বিরোধী দলকে আবার ক্ষমতায় আনল।

সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিয়ং এক সময় রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টিকারী চরিত্র হিসেবে পরিচিত ছিলেন। তিন বছর আগে তিনি নির্বাচনে হেরেছিলেন এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে একাধিক ফৌজদারি অভিযোগ রয়েছে। কিন্তু গত এক মাসে তিনি রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে বহু মানুষকে একত্রিত করতে সক্ষম হয়েছেন। অনেকেই মনে করছেন, এই সংকটকালে শুধু তিনিই পারেন দক্ষিণ কোরিয়াকে সঠিক পথে ফেরাতে।

তবে দেশ পুনর্গঠনের আগে তার সামনে রয়েছে আন্তর্জাতিক অঙ্গনে বেশ কিছু জরুরি চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে কেবল শুল্ক নয়, বরং দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা নিয়েও গুরুতর আলোচনার প্রয়োজন রয়েছে।

উত্তর কোরিয়ার হুমকি থেকে দক্ষিণ কোরিয়াকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র সেখানে হাজার হাজার সেনা মোতায়েন রেখেছে। তবে খবর রয়েছে, ট্রাম্প কিছু সেনা প্রত্যাহারের কথা ভাবছেন।

লি জে-মিয়ং অতীতে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র জোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।
নির্বাচনী প্রচারে এ বিষয়ে তার কণ্ঠ কিছুটা নরম হলেও, তিনি চীনের সঙ্গে সম্পর্ক জোরদারেরও কথা বলেছেন। তাঁর এমন মনোভাব ওয়াশিংটন-সিউল সম্পর্কে টানাপড়েন সৃষ্টি করতে পারে।

বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন হবে : পরিকল্পনা উপদেষ্টা

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত বলে মন্তব্য করে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, এই বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন করা হবে।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন শুরু হয়েছে।

উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‌‌‘অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত বাজেটকে অনেকে গতানুগতিক বলছে।
তবে সামাজিক শিক্ষা, স্বাস্থ্য বাজেট বরাদ্দ বেশি হয়েছে। বাজেট একটা চলমান প্রক্রিয়া।’

তিনি বলেন, ‘উন্নয়ন প্রকল্প সবই আগের সরকারের চলমান প্রকল্পে। আগে অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি।
২০ থেকে ৩০ নতুন প্রকল্প বাকিগুলো পুরাতন প্রকল্প। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় প্রকল্প নেওয়া হচ্ছে, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিচ্ছি। মাঝপথে কোনো প্রকল্প বাদ দেওয়া হবে না। মেগাপ্রকল্প নিতে চাই না।
তবে তিনটা মেগা গুরুত্বপূর্ণ বিবেচনায় খুলনা মোংলা রেললাইন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্প গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রামীণ সড়ক পুল নষ্ট হচ্ছে এগুলো গুরুত্ব দিচ্ছি। জঞ্জাল পরিষ্কার করতে অনেক কষ্ট হচ্ছে। প্রকল্পের পোর্টফলিও করে যাব।’

অর্থসচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, অন্যান্য উপদেষ্টা, গভর্নর, অর্থসচিব, এনবিআর চেয়ারম্যানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সব চাকরির নিয়োগে বাধ্যতামূলক হচ্ছে এনআইডি : ইসি

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, সরকারিসহ সব চাকরির নিয়োগের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৩ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, চাকরি প্রাপ্তিতে ব্যবহৃত একাডেমিক তথ্যের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য অমিল থাকার বিষয়টি নজরে এসেছে।

তিনি জানান, এনআইডি আইনে বাধ্যবাধকতা রেখে চাকরি ক্ষেত্রে সব অফিস, প্রতিষ্ঠানসহ সব ক্ষেত্রে এনআইডির তথ্য রাখতে বলা হয়েছে।
যাদের এ সমস্যার কারণে বেতনসহ আনুষঙ্গিক সমস্যা হচ্ছে। সে বিষয়ে দ্রুত সংশোধনীর নির্দেশ দিয়েছে এনআইডি উইং বলেও জানান।

এ ছাড়া আগামী ১৫ জুলাইয়ের মধ্যে নবম দেশ হিসেবে জাপান প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কাজ শুরু হবে বলেও জানান তিনি।

শাহরুখের নতুন সিনেমা ‘কিং’ নিয়ে উন্মাদনা

বলিউডের বাদশা শাহরুখ খান ২০২৩ সালে তিনটি ব্লকবাস্টার সিনেমার মাধ্যমে ফিরেছিলেন বড় পর্দায়। তবে ২০২৪ সালে কোনো সিনেমা মুক্তি না পেলেও, শীঘ্রই তার ‘কিং’ নামক সিনেমা আসছে, যা নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা। জানা যায়, শাহরুখ খান এই সিনেমায় তার মেয়ে সুহানা খানের জন্য একটি বিশেষ সিনেমা তৈরি করছেন, যেখানে একসঙ্গে পর্দায় হাজির হবেন বাবা-মেয়ে। শুরু থেকেই ‘কিং’ সিনেমা ঘিরে এক ধরনের ভক্তদের উন্মাদনা সৃষ্টি হয়েছে।

নতুন খবর হলো, ‘কিং’ সিনেমার পরিচালনায় পরিবর্তন আনা হয়েছে। সুজয় ঘোষকে বাদ দিয়ে ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দকে নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত থেকেই স্পষ্ট যে, সিনেমাটি একটি মারকাটারি অ্যাকশন থ্রিলার হতে যাচ্ছে, যেখানে জমে উঠবে বিশাল পারফরম্যান্স এবং ভয়ংকর স্টান্ট।

তবে এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একটি লুক ভাইরাল হয়েছে। মঙ্গলবার (৩ জুন), চলচ্চিত্র সমালোচক সুমিত কাদেল তার ভেরিফায়েড আইডি থেকে দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে দেখা যাচ্ছে, ছোট চুলে কালো টিশার্ট পরা শাহরুখ, সানগ্লাস পড়া শক্তিশালী পেশিতে এক ঝলক। অন্য একটি ছবিতে, শাহরুখকে চুরুট হাতে ধোঁয়া উড়িয়ে হেঁটে যেতে দেখা যাচ্ছে। সুমিত কাদেল তার পোস্টে লিখেছেন, “ট্রেড মহলে গুঞ্জন শোনা যাচ্ছে যে এটি হয়তো শাহরুখ খানের ‘কিং’ ছবির লুক হতে পারে। তবে আমি নিশ্চিত নই! কারণ আমরা জানি, শাহরুখ তাঁর চুল কতটা ভালোবাসেন। আসলেই কী হবে, তা এখনো জানতে হবে।”

সুমিত কাদেলের পোস্টে শাহরুখের লুক দেখে একদিকে ভক্তরা মুগ্ধ হলেও, অন্যদিকে নেটিজেনরা এটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি বলে মন্তব্য করেছেন। বেশ কিছু মন্তব্যে শাহরুখের নতুন লুককে বাংলাদেশের শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার লুকের সঙ্গে তুলনা করা হয়েছে।

আরেকটি নতুন ভিডিও ক্লিপও ভাইরাল হয়েছে, যেখানে শাহরুখকে সাদা ভেস্ট এবং ডেনিম প্যান্ট পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার শরীরজুড়ে ভয়ংকর ট্যাটু, সাহসী ভঙ্গি এবং সানগ্লাসে তিনি একেবারে রহস্যময় যোদ্ধা মনে হচ্ছেন। ভিডিওতে দেখা গেছে, তিনি হোটেলের লবিতে নিরাপত্তার মধ্যে সাহসী ভঙ্গিতে হাঁটছেন এবং এক হাতে জনতাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সবাই ধরে নিয়েছিলেন, এটি তার আসন্ন সিনেমার লুক। তবে একদিনের মধ্যেই আরেকটি লুক ভাইরাল হওয়ার পর, সিনেমাটির আসল লুক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

‘কিং’-এ শাহরুখ খানের পাশাপাশি তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন। সিনেমাটির মধ্যে আরও রয়েছেন দীপিকা পাডুকোন, রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সির মতো অনেক তারকা। এই সিনেমার প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং সিদ্ধার্থ আনন্দের মারফ্লিক্স পিকচার্স। ‘কিং’ সিনেমাটি আগামী বছর মুক্তি পাবে, তবে এর আসল লুক এবং গল্প নিয়ে আরো অনেক কিছু জানতে হবে অফিসিয়াল ঘোষণার পর।

কোরবানির হাটে হেনস্তার শিকার হলে জানানোর অনুরোধ র‍‍্যাবের

কোরবানির পশুর হাটে হেনস্তার শিকার হলে জানানোর অনুরোধ করেছে এলিট ফোর্স র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)।

মঙ্গলবার (৩ জুন) রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলন করে এ কথা বলেছেন র‍‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এ জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, ‌‘কোরবানির পশুর হাটে আগত মহিলাদের উত্যক্ত/ইভটিজিং, হয়রানি রোধকল্পে মোবাইলকোর্টসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ কোনো ধরনের হেনস্থার শিকার হলে অবশ্যই র‍‍্যাব কন্ট্রোল রুম ও র‍‍্যাব টহল দলকে জানানোর জন্য অনুরোধ করা হলো।
র‍‍্যাব ফোর্সেস কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, ‘ঈদ উপলক্ষে গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে কোনো ধরনের নাশকতার ব্যপারে সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। তার পরেও গোয়েন্দা নজরদারি ও সাইবার জগতে নজরদারি বৃদ্ধির মাধ্যমে নাশকতাকারীদের যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা রোধ করতে সর্বদা প্রস্তুত রয়েছে এ বাহিনী, বলেন তিনি।’

ঈদে ঘুরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে সড়ক, নৌ ও রেলপথে নিরাত্তা ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, টার্মিনালগুলোতে নিয়ন্ত্রণকক্ষ, ওয়াচটাওয়ার স্থাপন করা হয়েছে।

অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানি, চাঁদাবাজি, ছিনতাই রোধে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো অনিময় পাওয়া গেলে মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টিকিট কালোবাজারি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানান এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, চামড়া কেনাবেচায় কিছু সিন্ডিকেট সক্রিয় থাকতে পারে।
এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা অবশ্যই গ্রহণ করা হবে।

শপিংমল ঘিরে র‍‍্যাবের তৎপরতার কথা জানিয়ে সংস্থার আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, যাতে জনগণ উৎসবমুখর পরিবেশে কেনাকাটা করে নিরাপদে বাড়ি ফিরতে পারে। ঈদের ছুটিতে যাওয়া সারাদেশে মানুষের বাসস্থান, কর্মস্থল এবং শপিংমলসহ অন্যান্য স্থানে নজরদারি ও টহল থাকবে।

ইন্তেখাব চৌধুরী বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নজরদারি অব্যাহত রয়েছে। র‍‍্যাবের যে গোয়েন্দা তৎপরতা এবং র‍‍্যাবের পক্ষ থেকে সারা দেশে ১৫টি ব্যাটালিয়নের মাধ্যমে যে নজরদারি; এটি চলমান রয়েছে।

তিনি বলেন, আমরা আমাদের যে স্বাভাবিক কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এ কার্যক্রম চলমান রেখেছি। যদি কোন ধরনের অপতৎপরতা আমাদের নজরে আসে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কাবা প্রাঙ্গণে ঈদের জামাতের সময়সূচি ঘোষণা, নামাজ পড়াবেন শায়খ ড. মাহের

পবিত্র মসজিদুল হারামে ঈদুল আজহার জামাত আগামী শুক্রবার সকাল ৫টা ৫২ মিনিটে অনুষ্ঠিত হবে। এ সময় ঈদের খুতবা ও নামাজ পড়াবেন শায়খ ড. মাহের আল-মুয়াইকলি। তিনি পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব।

মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
খবর সৌদি গেজেটের।

জানা যায়, আগামী ৬ জুন (শুক্রবার) সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৫টা ৫২ মিনিটে পবিত্র মক্কার পবিত্র মসজিদুল হারামে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

এর আগের দিন ৫ জুন (বৃহস্পতিবার) পবিত্র আরাফার দিন।
ওইদিন মসজিদে নামিরা থেকে লাখ লাখ হাজির উদ্দেশে খুতবা দেবেন মক্কার পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালেহ বিন হুমাইদ।

গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে কোনো সন্দেহ নেই : ম্যাথিউ মিলার

ইসরায়েল গাজায় ‘যুদ্ধাপরাধ’ করেছে বলে বিশ্বাস করেন সাবেক মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। যদিও বাইডেন প্রশাসনের সময় দায়িত্বে থাকাকালে তিনি এ ধরনের কোনো বক্তব্য প্রকাশ্যে দেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মিলার বলেন, ‘এটা নির্দ্বিধায় সত্য—ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে।’

তিনি আরো বলেন, ‘যখন আপনি বক্তৃতামঞ্চে (পোডিয়ামে) থাকেন, তখন আপনি আপনার ব্যক্তিগত মতামত প্রকাশ করেন না, আপনি যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত ও অবস্থান তুলে ধরেন।
’ এটি বলার পেছনে তার যুক্তি ছিল, তখন তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অফিশিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন, যেখানে ব্যক্তিগত মতামতের স্থান নেই।

নেদারল্যান্ডসের পত্রিকা এনআরসি-এর এক তদন্ত অনুসারে, বিশ্বের অনেক শীর্ষস্থানীয় গণহত্যা বিশ্লেষকরা বিশ্বাস করেন, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড একটি গণহত্যা। কিন্তু মিলার নিজে গাজায় চলমান যুদ্ধে গণহত্যা শব্দটি ব্যবহার করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধ হয়েছে কি হয়নি, এটি আর প্রশ্ন নয়—এটি নিশ্চিতভাবে হয়েছে।
’

মিলার আরো বলেন, ‘প্রায় প্রতিটি বড় সংঘাতে, এমনকি গণতান্ত্রিক দেশগুলোর সেনাবাহিনীর মধ্যেও কিছু সদস্য যুদ্ধাপরাধ করে। পার্থক্য হলো, গণতন্ত্রিক রাষ্ট্রগুলো সেই অপরাধীদের জবাবদিহির আওতায় আনে। কিন্তু ইসরায়েল এখনো তা করেনি।’ তিনি মনে করেন, ইসরায়েলের অনেক সেনা সদস্য যুদ্ধাপরাধ করেছে এবং সেই দায়ভার সরকার পুরোপুরি নেয়নি।

মিলারের এই মন্তব্য এমন একসময়ে এসেছে, যখন ইসরায়েল গাজায় অন্তত ৫৪ হাজার ফিলিস্তিনিকে হত্যা করে ফেলেছে, যাদের মধ্যে বড় অংশ নারী ও শিশু। ২০ লাখ গাজাবাসী এখন অহরহ ক্ষুধার মুখে রয়েছে এবং ঘরবাড়ি থেকে বিতাড়িত হয়েছে।

বাইডেন প্রশাসন কখনোই ইসরায়েলকে যুদ্ধাপরাধে অভিযুক্ত করেনি। বরং মিলার নিজেই যখন মুখপাত্র ছিলেন, তখন তিনি বারবার ইসরায়েলের পক্ষে কথা বলেছেন এবং জাতিসংঘ বা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) অভিযোগগুলো খণ্ডন করেছেন। তিনি এমনকি মানবাধিকার সংগঠনগুলোর যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগকে বিরোধিতামূলক ও ইহুদিবিদ্বেষী হিসেবে চিহ্নিত করেছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনও ইসরায়েলের প্রতি একই ধরনের সমর্থন বজায় রেখেছে, আন্তর্জাতিক মহলের প্রবল সমালোচনা এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও।

মিলারের এই মন্তব্য ইসরায়েলের আন্তর্জাতিক দায়বদ্ধতা ও যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ওয়াশিংটন সরকার তার অবস্থানে কোনো পরিবর্তন আনবে কি না।

সূত্র : আল-আরাবিয়া

প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না : জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এক কোটি ১০ লাখ প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না। রেমিট্যান্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে নির্মম উপহাস। এতে দেশের অর্থনীতি করুণ পরিণতির দিকে যাবে।
এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মঙ্গলবার (৩ মে) রাজধানীর বনানীতে একটি অভিজাত হোটেলে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আদালতের রায় অনুযায়ী জামায়াতের নিবন্ধন ও প্রতীক অফিশিয়ালি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি।
এ জন্য জামায়াত সব ধরনের সহযোগিতা দেবে। কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামায়াত চুপ থাকবে না।