বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

স্থগিত শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমা!

‘পাঠান’ এবং ‘টাইগার’ সাফল্যের পর স্পাই ইউনিভার্সের দর্শক-অনুরাগীদের ডবল ধামাকা দিতে চেয়েছিলেন যশরাজ ফিল্মসের প্রযোজক আদিত্য চোপড়া। ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় হাজির করবেন পর্দার ‘করণ-অর্জুন’কে। শাহরুখ-সালমানের দ্বৈরথ যে সিনেপর্দা কাঁপিয়ে বক্স অফিসেও দারুণ ব্যবসা দেবে, সে কথা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু এখন শোনা যাচ্ছে, মেগাবাজেটের সিনেমা সিনেমার কাজ স্থগিত হয়ে গেছে!

মাসখানেক আগেই একবার সালমান খান বলেছিলেন, ‘টাইগার ভার্সেস পাঠান’-এর কাজ আপাতত হচ্ছে না।
তার পর থেকে সব চুপ! নেই কোনো আপডেট।

বলিউড গণমাধ্যম সূত্রে খবর, শাহরুখ-সালমান দুই সুপারস্টারের দ্বৈরথ পর্দায় তুলে ধরার জন্য নতুনভাবে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা সংস্থা। এর আগে শোনা গিয়েছিল, ‘করণ-অর্জুন’ দুজনেই রাজি। এমনকি চিত্রনাট্যের চূড়ান্ত খসড়াও নাকি প্রস্তুত।
শুধু দুই খানের ডেট পাওয়ার অপেক্ষা। সেই অনুযায়ীই শাহরুখ-সালমানের ভক্তরা অপেক্ষায় ছিল, কবে ‘টাইগার ভার্সেস পাঠান’ আসবে? যদিও এ প্রসঙ্গে কোনো রকম অফিশিয়াল ঘোষণা দেয়নি যশ রাজ ফিল্মস।

তবে এবার জানা গেল, প্রযোজক আদিত্য চোপড়াই নাকি চাইছেন, নতুন করে এই সিনেমার চিত্রনাট্য সাজাতে। তাই দেরি হচ্ছে।
কারণ আদিত্যর ‘পাখির চোখ’ বর্তমানে হৃতিক রোশনের ‘ধুম ৪’। প্রযোজক নিজেই পরিচালক শ্রীধর রাঘবনের সঙ্গে চিত্রনাট্যের শেষপর্যায়ের কাজে ব্যস্ত। তাই ‘টাইগার ভার্সেস পাঠান’-এর ভবিষ্যৎ নাকি আপাতত অনির্দিষ্ট! অতঃপর কবে যে শাহরুখ-সালমানের দ্বৈরথ পর্দায় দেখা যাবে? সেই উত্তর এখনও অজানা।

প্রসঙ্গত, ৩০ বছর আগে ‘করণ-অর্জুন’ ছবিতে জুটি বাঁধলেও পরবর্তীতে আর একসঙ্গে দেখা যায়নি দুই খানকে। যদিও পরবর্তীতে শাহরুখ-সালমান একে অপরের সিনেমায় ক্যামিও চরিত্রে ধরা দিয়েছেন, তবে প্রযোজক আদিত্য চোপড়া চমকে দেওয়ার মতো পরিকল্পনা করেছিলেন।

আগেই শোনা গিয়েছিল যে, যশ রাজ ফিল্মসের ‘স্পাই ইউনির্ভাস’ তৈরি করতে চলেছেন আদিত্য। যেখানে ‘টাইগার’, ‘কবীর’, ‘পাঠান’দের একসঙ্গে দেখা যাবে।

প্রসঙ্গত, ‘পাঠান’ ছবিতে ১৫ মিনিটের অ্যাকশন সিকোয়েন্সে ক্যামিও চরিত্রে ঝড় তুলেছিলেন সালমান খান। ‘টাইগার’-এর তিন নম্বর ফ্র্যাঞ্চাইজিতে ভাইজানকে বাঁচাতে পাকিস্তানে গিয়েছিলেন শাহরুখ। আরেকটু খোলাসা করে বললে, ‘টাইগার ৩’ ছবির এক দৃশ্যে সালমান খানকে জেল ভেঙে বের করতে দেখা যায় ‘পাঠান’ শাহরুখকে। প্রযোজক আদিত্য চোপড়া নাকি শুধুমাত্র এই দৃশ্যের জন্যই ৩৫ কোটি রুপি খরচ করেছিলেন। আর সেখান থেকেই ‘টাইগার ভার্সেস পাঠান’ ছবির পরিকল্পনার সূত্রপাত।

১০ মিনিট হলেও সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে চান জামাল

সাধারণত দলের অধিনায়কের একাদশে জায়গা পাওয়াটা নিশ্চিতই থাকে। কেননা নেতৃত্বের ভার সেই সব খেলোয়াড়কেই দেওয়া হয় যিনি মাঠে থেকে জয়ে অবদান রাখবেন এবং দলকে অনুপ্রাণিত করবেন। হামজা চৌধুরীর ক্ষেত্রেও ব্যতিক্রম ছিল না।

তবে সাম্প্রতিক সময়ে জামালের পারফরম্যান্সে কিছুটা ভাটা পড়েছে।
সঙ্গে বাংলাদেশের অধিনায়কের পজিশনে ভালো বিকল্প থাকায় এই মিডফিল্ডারের এখন একাদশে জায়গা পাওয়া শঙ্কার মুখে। ভারতের বিপক্ষে ম্যাচে যেমন এক মিনিটের জন্যও নামতে পারেননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচটিতে খেলতে না পারলেও সর্বশেষ ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে অবশ্য একাদশেই ছিলেন জামাল। এবার আরেকটি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ যখন সম্মুখে তখন আবারও তার একাদশে জায়গা পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
এই শঙ্কাটা খোদ ৩৩ বছর বয়সী মিডফিল্ডারের মুখ থেকেই শোনা গেছে।

আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে মাঠে নামবে বাংলাদেশ। ঘরের মাঠে নামার আগে জামাল জানিয়েছেন ১০ মিনিট হলেও ম্যাচে খেলতে চান তিনি। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমি খেলতে চাই, এটাই আমার কাজ।
১০ মিনিট হোক আর পুরো ম্যাচ হোক। যদি আমি মাঠে থাকি তাহলে সেরাটা দিব।’

ম্যাচে নামার সুযোগ না পারলেও নিজের দায়িত্বটা পালন করতে চান জামাল। অধিনায়ক হিসেবে দলের বাইরে থেকে সতীর্থদের উৎসাহ দিতে চান তিনি। মিডফিল্ডার বলেছেন, ‘যদি দলের বাইরে থাকি তাহলে মাঠের খেলোয়াড়দের উৎসাহ দেব।
’

শোনা যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে আগামীকাল হামজা চৌধুরীর সঙ্গে মাঝমাঠে জুটি বাঁধতে পারেন সোমিত শোম। এমনটা হলে আগামীকাল বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে কানাডাপ্রবাসী এই মিডফিল্ডারের।

ডিএনসিসিতে ৪৬৬০৮০টি পশু কোরবানি হয়েছে : প্রশাসক

এবার এখন পর্যন্ত ৪ লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। সোমবার (৯ জুন) গুলশানে নগর ভবনে সংবাদ সম্মেলন করে তিনি এ তথ্য জানান।

ডিএনসিসি প্রশাসক বলেন, এবার ঢাকা শহরে গরু কোরবানি হয়েছে তিন লাখ ৫৯ হাজার ৬৭৭টি, ছাগল এক লাখ ৫৪৬টি, ভেড়া চার হাজার ৫১টি, মহিষ এক হাজার ৭৬২টি, অন্যান্য ৪৪টি। এবছর ঢাকায় এখন পর্যন্ত মোট চার লাখ ৬৬ হাজার ৮০টি পশু কোরবানি করা হয়েছে।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আজও কেউ কেউ পশু কোরবানি দেবেন। এজন্য আমাদের বর্জ্য অপসারণ কার্যক্রম সমাপ্ত করছি না। আগামীকাল ও পরশু দিনও বর্জ্য অপসারণের কার্যক্রম চলবে।

প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, প্রথম দিনে আমরা অনুমান করেছিলাম এবার ২০ হাজার টন কোরবানির পশুর বর্জ্য উৎপন্ন হবে।
আজকে দুপুর দুইটা পর্যন্ত যদি আমরা আমাদের হিসাবে বলি, তা হলে ২০ হাজার ৮৮৯ টন বর্জ উৎপাদিত হয়েছে, যেটা আমরা কালেক্ট করে ল্যান্ডফিলে ডাম্প করতে পেরেছি। অর্থাৎ আমাদের ধারণা থেকে সামান্য কিছু বেশি বর্জ্য উৎপাদন হয়েছে।

যুক্তরাজ্যের উদ্দেশে দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি আজ সোমবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এ তথ্য জানান।

সফরকালে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা।
এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’।

এ ছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি যুক্তরাজ্যের নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউস আয়োজিত এক সংলাপে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার এই সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে।
এর পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়টিতে প্রাধান্য দেবে বাংলাদেশ।

আগামী ১৪ জুন প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

লন্ডনে ড. ইউনূস-তারেক রহমানের বৈঠক হচ্ছে!

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে বিভিন্ন সূত্র বলছে, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক হতে পারে।

বিএনপির চেয়ারপারসন খা‌লেদা জিয়ার সাবেক প্রেস সেক্রেটারি ও রাজনৈতিক বিশ্লেষক মারুফ কামাল খান নি‌জের ফেসবু‌কে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘বিএন‌পির শীর্ষ নেতা তা‌রেক রহমান সৌজন‌্য সাক্ষাৎ কর‌বেন মুহাম্মদ ইউনূসের সঙ্গে।
আমার কাছে এটা সুখবর বলেই মনে হয়। দ্বন্দ্ব যারা চায় তারা মূর্খ, অবিবেচক, স্বার্থান্বেষী কিংবা ক্ষতিকারক বিশেষ উদ্দেশ্যে নিয়োজিত। আমি চাই, জাতীয় স্বার্থে ইউনূস-তারেক মিথস্ক্রিয়া। এই সমঝোতা বাড়ুক, দেশ ও জাতির কল্যাণ হোক।
’

এদিকে চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, প্রধান উপদেষ্টা এবং তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

একে সরকারি সফর বলা হলেও সফরে কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণই সবচেয়ে গুরুত্ব পাচ্ছে বলে অনেকে মনে করছেন। যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে।
যদিও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে একটি দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছে। কিন্তু সেটি কবে কখন হবে, তা আজও চূড়ান্ত হয়নি।

ঢাকায় বিএনপির গুরুত্বপূর্ণ সূত্রগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ড. ইউনূসের তরফ থেকেই এমন একটি বৈঠকের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়েছে। যদিও সরকারের দিক থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। অন্যদিকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই ধরনের কোনো বৈঠক হবে কি না, তা নিয়েও ধোঁয়াশা রয়েছে।

মেট্রো রেল যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে মেট্রো রেলে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের মাস্ক পরার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক মো. জাহিদুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা সংক্রমণ এড়াতে মেট্রো রেলে ভ্রমণকারী সম্মানিত যাত্রীসাধারণকে মাস্ক পরিধান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।’

এরই মধ্যে কোরবানি ঈদ শেষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই বাংলাদেশে যাতে আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয় তার জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে।
এ জন্য দেশে গণতান্ত্রিক চর্চাকে আরো এগিয়ে নিতে হবে।’

আজ সোমবার (৯ জুন) বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি দেশে যত শিগগিরই সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে।
তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবেলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ দলীয় নেতৃবৃন্দ। পরে সালাহউদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানে দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের করব জিয়ারত করেন এবং শহীদ ওয়াসিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

দেরিতে লবণ দেওয়ায় চামড়া নষ্ট হয়েছে : শিল্প উপদেষ্টা

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, দেরিতে লবণ দেওয়ার কারণে চামড়া নষ্ট হয়েছে। ফলে কাঙ্ক্ষিত দর পায়নি। সোমবার (৯ জুন) সাভারের চামড়া শিল্পনগরী পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, আমরা চেয়েছিলাম চামড়ার সংগ্রহটা যেন এবার ভালোভাবে হয়।
যে মূল্য আমরা নির্ধারণ করেছি সে অনুযায়ী যেন পায়। কিছু জায়গায় চামড়াতে লবণ লাগাতে গ্যাপ হওয়ার কারণে কিংবা সঠিকভাবে লবণ না লাগানোয় চামড়া নষ্ট হয়েছে।

আদিলুর রহমান খান বলেন, আমরা ৩০ হাজার মেট্রিক টন লবণ দিয়েছিলাম। সরকার তৎপর ছিল বলেই এ বছর খুব কম সংখ্যক চামড়া নষ্ট হয়েছে।

তিনি বলেন, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে চামড়ার যে ব্যবস্থাপনা সেটা খুব সুষ্ঠুভাবে হয়েছে গতকাল পর্যন্ত। আমাদের এ সংগ্রহতে কিন্তু গত বছর বিঘ্নিত ঘটেছিল ট্র্যাফিক জ্যামসহ বিভিন্ন কারণে এ ছাড়া আমরা সঠিকভাবে লবণ দিতে পেরেছি। এর কারণে এই চামড়াগুলো বাঁচানো সম্ভব হয়েছে।

তিনি আরো বলেন, সাভারের শিল্পনগরীতে তিন লাখ ৭৮ হাজার চামড়া সংগ্রহ করা হয়েছে।
এর বাইরে ঢাকায় সাত লাখ ৫০ হাজার চামড়া বিভিন্ন জায়গায় রয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যে ঢুকবে। বাকি চামড়া আসতে আসতে ঢাকায় আসছে। ১০ দিন পরে দেশের বিভিন্ন স্থান থেকে ঢাকায় চামড়া আসা শুরু হবে।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ চামড়া শিল্প নগরী ট্যানারির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেরালায় সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে আগুন

ভারতের দক্ষিণ উপকূলের কাছে সোমবার সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার বোঝাই একটি জাহাজে আগুন লেগেছে। খবর পেয়ে উদ্ধার অভিযানে কোস্ট গার্ডের বিমান ও একটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

কোস্ট গার্ডের বিমান থেকে তোলা ছবিতে দেখা যায়, জাহাজটি থেকে ঘন কালো ধোঁয়া উড়ছে এবং একটি শক্তিশালী বিস্ফোরণের কারণে কিছু কনটেইনার উড়ে গেছে বলে মনে হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সিঙ্গাপুরের পতাকাবাহী কনটেইনার জাহাজ এমভি ওয়ান হাই ৫০৩-এ অগ্নিকাণ্ড হয়েছে। ক্ষতিগ্রস্ত জাহাজটির সাহায্যে একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে।

বিবৃতিতে আরো জানানো হয়, ৮৭৯ ফুট লম্বা এই জাহাজটি কেরালার বেপোর বন্দরের ৭৮ নটিক্যাল মাইল দূরে আগুনে আক্রান্ত হয়।

উদ্ধার কার্যক্রম সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তবে এনডিটিভি নৌবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাতে জানিয়েছে, জাহাজটির ২২ জন ক্রুর মধ্যে ১৮ জন জাহাজ ছেড়ে বেরিয়ে এসেছেন।

গত মাসে কেরালা উপকূলে বিপজ্জনক পণ্য বোঝাই লাইবেরিয়ার পতাকাবাহী একটি কনটেইনার জাহাজ ডুবে যায়। সে সময় ভারতীয় নৌবাহিনী ২৪ জন ক্রুকে নিরাপদে উদ্ধার করে।

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। তাদের রেমিট্যান্সযোদ্ধা বলবেন আর নাগরিকত্বের প্রথম অধিকার ভোট দিতে দেবেন না, এটা হবে না। তারা যেন দেশ কিংবা বিদেশে থেকে স্বচ্ছ এবং স্বাচ্ছন্দ্যভাবে ভোট দিতে পারেন।’

আজ সোমবার দুপুর ১২টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলা জামায়াতের আয়োজনে বড়লেখা বাজারে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘গত সাড়ে ১৫ বছর যারা জাতির ওপর জুলুম করল, এখনো তারা তা অব্যাহত রেখেছে। মাঝেমধ্যে তারা মাথা উঁচু করে, বিভিন্ন কথাবার্তা বলে, তছনছ করে দাও এসব বলে। এগুলোর মাধ্যমে জাতিকে অস্থির করতে চায়, আড়াই বছরের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত খুন করল, এত কিছুর পর তারা অনুশোচনা করে না, জাতির কাছে মাফ চাইবে না, যা করেছে জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট তার পরও লজ্জিত হয়নি, এগুলোর জন্য তাদের অনুতপ্ত হওয়া উচিত। সেগুলো না করে তারা জাতিকে অস্থির করতে চায়।

জামায়াত আমির যুবকদের উদ্দেশে বলেন, ‘আমি যুবকদের ধন্যবাদ জানাতে চাই, তোমাদের নেতৃত্বের হাত ধরে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। সাড়ে ১৫ বছর জালিমের জাঁতাকলে অতিষ্ঠ হয়েছি, প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, ফ্যাসিবাদীদের আমরা বিদায় করতে পারিনি। যুবকরাই সফল হয়েছো। আমরা বিশৃঙ্খল বাংলাদেশ দেখতে চাই না, মানবিক বাংলাদেশ দেখে যেতে চাই।
আগামী দিনে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে তোমরাই আরো সাহসী ভূমিকা রাখবে।’

তিনি বলেন, ‘সাড়ে ১৫ বছর তোমরা ভোট দিতে পারোনি। এখনো যাদের বয়স হয়নি। কিন্তু ভোটের আগে যাদের বয়স হয়ে যাবে। সরকারের কাছে অনুরোধ, এই যুবকরাই লড়াই করে অধিকার ফিরিয়ে এনেছে।
যাদের বয়স নির্বাচনের সিডিউলের আগে ১৮ বছর হয়ে যাবে তাদের ভোটাধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।’

জামায়াত প্রধান বলেন, ‘এবারের ভোটে কোনো কালো শক্তি তাদের হাত দিতে আসে, তাহলে জুলাইতে যেভাবে কালো শক্তিদের বিতাড়িত করা হয়েছে সেভাবে এখনো মোকাবেলা করবে। এবারের ভোটের লড়াইয়ে যুবকদের নেতৃত্বে হবে।’

নির্বাচন নিয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার কথায় আস্থা রাখতে চাই। তিনি ইতিমধ্যে বলেছেন এপ্রিলের মধ্যখানে নির্বাচন দেবেন। তিনি যেন জাতিকে দেওয়া তার ওয়াদা রক্ষা করেন। আমরা বলেছিলাম নির্বাচন রমজানের আগে হলে ভালো হয়। একান্ত কোনো কারণে নির্বাচন পেছালে সেটি অবশ্যই এপ্রিল মাস অতিক্রম করা উচিত নয়। এই নির্বাচন যাতে সুষ্ঠু হয়, জনগণ যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

শিক্ষাব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। এই শিক্ষা নৈতিক চরিত্রের অধিকারী বানায় না। শিক্ষা অর্জনের পর ফাইল নিয়ে ঘুরতে ঘুরতে চাকরি পাওয়া যায় না। এই শিক্ষাব্যবস্থাকে বদলে দিতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে প্রথমে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনবে। শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। শিক্ষা অর্জন করার পর নিজেই চাকরি করবে চয়েজ করবে। শিক্ষা অর্জন করে একজন লোকও বেকার থাকবে না।’

বড়লেখা উপজেলা জামায়াতের আমির এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল বাছিতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান প্রমুখ।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষ আমিরে জামায়াত বড়লেখা উপজেলায় ঈদের দিন কোরবানির গোস্ত বিতরণ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের নিহত দুই ভাইয়ের বাড়িতে গিয়ে তাদের বাবা আলাউদ্দিন আলাই মিয়াকে সান্ত্বনা দেন। এ সময় উপস্থিত সকলকে নিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন তিনি।