বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ক্যাটরিনা কাইফকে মালদ্বীপের ‘পর্যটন দূত’ ঘোষণা

পর্যটনকেন্দ্র হিসেবে মালদ্বীপের বিশেষ সুনাম রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে ঘুরতে যান, বাদ নেই ভারতের পর্যটকও। তবে গেল বছরে নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর মালদ্বীপের চক্ষুশূল হয়ে উঠেছিল ভারত! এরপর পর্যটক হারানোর ভয়ে ভারতের উপকূলীয় অঞ্চলগুলোকে ‘নর্দমা’ বলে কটূক্তি করে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর মন্ত্রিসভার একাংশ এবং ভারতবিরোধী কথা বলা শুরু করে মালদ্বীপ। ঠিক সে সময়েই নেট দুনিয়ায় ট্রেন্ডিংয়ে চলে আসে ‘বয়কট মালদ্বীপ’।

তবে নড়বড়ে অর্থনৈতিক কাঠামোর জেরে সেই ‘বিদ্বেষ’ খুব বেশি দিন টেকেনি। বিরোধিতার সুর গত বছরই মিত্রতায় বদলে গেছে। এবার পর্যটক টানতে বিশ্বমঞ্চে সেই ভারতীয় তারকামুখের দ্বারস্থই হতে হলো মালদ্বীপকে। দেশটির নতুন পর্যটন দূত (গ্লোবাল ট্যুরিজম অ্যাম্বাসাডর) হিসেবে ঘোষণা করা হলো ক্যাটরিনা কাইফকে।

এক বিবৃতি জারি করে ক্যাটরিনা কাইফ জানিয়েছেন, মালদ্বীপের সৌন্দর্য এবং বিলাসবহুল পর্যটনশিল্পের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি উচ্ছ্বসিত। মালদ্বীপ এমন একটি জায়গা, যেখানে সৌন্দর্য আর শান্তির অপরূপ সহাবস্থান রয়েছে। ‘সানি সাইড অব লাইফ’-এর মুখ হিসেবে নির্বাচিত হতে পেরে আমি সম্মানিত। বিশ্বব্যাপী পর্যটকদের কাছে এখানকার আকর্ষণীয় লোকেশন এবং ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরতে উদগ্রীব হয়ে রয়েছি।

চরম আর্থিক সংকটে ধুঁকতে থাকা মালদ্বীপকে গত বছরই ৩০০০ কোটি টাকা সাহায্যের ঘোষণা করেছে ভারত। সেই সময় থেকেই মুইজ্জুর সুর নরম হয়েছে। গত বছর অক্টোবর মাসে ভারত সফরেও এসেছেন মালদ্বীপ প্রেসিডেন্ট। বিদেশমন্ত্রী জয়শংকর ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন মুইজ্জু। সে সময়েই মোদিকে মালদ্বীপ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, আগামী মাসে জুলাইতে মোদি যাচ্ছেন সেদেশে। ঠিক তার প্রাক্কালেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফকে বিশ্বমঞ্চে মালদ্বীপের পর্যটন দূত হিসেবে ঘোষণাকে ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন বিশিষ্টমহল। অভিনেত্রী অবশ্য মালদ্বীপের পর্যটন দূত হতে পেরে ভীষণই উচ্ছ্বসিত। কী মন্তব্য ক্যাটরিনার?

প্রসঙ্গত ২০২৪ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর থেকে তাল কাটে দিল্লি-মালের দ্বিপক্ষীয় সম্পর্কের। সংঘাত তুঙ্গে ওঠে। মোদিকে নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করেন যুব, তথ্য ও শিল্প মন্ত্রকের দুই মন্ত্রী মালশা শরীফ এবং মরিয়ম শিউনা-সহ আর এক মন্ত্রী আবদুল্লাহ মাহজুম মজিদ। গোটা ভারত জুড়ে শুরু হয় ‘বয়কট মালদ্বীপ’। এই পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে মালদ্বীপের ওপরে। এর পরই ভারতের সঙ্গে দ্বন্দ্ব মেটাতে তৎপর হন মুইজ্জু। এবার বলিউড অভিনেত্রীকে পর্যটন দূত হিসেবে ঘোষণা করলেন মালদ্বীপ প্রেসিডেন্ট।

খুলে নেওয়া হলো লাইফ সাপোর্ট, মারা গেলেন তানিন সুবহা

ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী তানিন সুবহা মারা গেছেন। মঙ্গলবার (১০ জুন) সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছে।

খবরটি নিশ্চিত করেছেন ঢাকাই চলচ্চিত্রের খল অভিনেতা মিশা সওদাগর।

গত ২ জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ধানমণ্ডির একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয় চিত্রনায়িকা তানিন সুবহাকে।

গত কয়েক দিনে শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। বরং শারীরিক অবস্থার অবনতি হয়েছে। আগেই তাঁকে ‘ক্লিনিক্যালি ডেড’ ঘোষণা করেন চিকিৎসকেরা। লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল।
এ জন্য সুবহার স্বামীর অনুমতির অপেক্ষায় ছিলেন চিকিৎসকরা। স্বামীর অনুমতি সাপেক্ষে তার লাইফ সাপোর্ট খুলে ফেলা হয় বলে জানিয়েছে অভিনেত্রীর পরিবার।

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ তানিন সুবহা হঠাৎ করেই গত ২ জুন অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর আফতাবনগরের একটি ক্লিনিকে নেওয়া হয় তাকে।
সেখানে প্রাথমিক চিকিৎসার পর বাসায় ফিরলে সন্ধ্যার দিকে ফের অসুস্থ হয়ে পড়েন।

তখন তাৎক্ষণিক বনশ্রীর ফরাজী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখে ধানমণ্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে। তানিন সুবহা ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও সমানভাবে কাজ করে গেছেন।

সর্বস্ব হারিয়ে নিঃস্ব পূজা, দর্শকদের কাছে সাহায্য চাইলেন অভিনেত্রী!

এক সময় হিন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত মুখ ছিলেন পূজা ব্যানার্জি। এরপর নাম লেখান টলিউড সিনেমায়। তাকে দেখা গেছে দেব, সোহমের নায়িকা হিসেবেও। সবচেয়ে কাছের বন্ধু যাকে ভাবেন তার জন্যই এবার বিপদে পড়লেন ‘চ্যালেঞ্জ ২’ অভিনেত্রী ও তার স্বামী কুনাল বর্মা।

অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অনীক ধরসহ অনেকের সঙ্গে গভীর বন্ধুত্ব পূজার। এবার এমনই কোনো এক বন্ধুর দ্বারা প্রতারিত হয়েছেন বলে দাবি করেন অভিনেত্রী। জানিয়েছেন, তিনি একেবারে শূন্য হয়ে গেছেন।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে পূজা জানান, তাদের সব টাকা খোয়া গিয়েছে।
তিন বছর ধরে বন্ধুত্ব ছিল একজনের সঙ্গে। প্রায় পরিবারের মতোই ছিলেন তারা। সেই বন্ধুই প্রতারণা করেছেন।

পূজা জানিয়েছেন, গত ৩-৪ মাস অত্যন্ত কষ্টকর ছিল তাদের জন্য।
আগামীতে কী হবে তা নিয়ে চিন্তায় দম্পতি।

এই দম্পতির কথায়, ‘গত তিন মাস যে কিভাবে কাটিয়েছি, তা আমরাই জানি। জানি না এরপর কী হবে! একেবারে শূন্য থেকে শুরু করতে হবে আমাদের। গত কয়েক মাসে অনেক কেঁদেছি। প্রায় স্তব্ধ হয়ে যাই একটা মোটা অঙ্কের টাকা খোয়া গেছে আমাদের।
সবটা কষ্টার্জিত অর্থ।’

এমন ঘটনার পর দর্শকদের কাছে সাহায্যের আবেদন জানান অভিনেত্রী। এমন সময় তাদের পাশে থাকার অনুরোধ করেন। তাদের কাজ দেখার অনুরোধ করেন পূজার স্বামী কুনালও। যদিও পূজা বা কুনাল কেউই সেই বন্ধুর নাম প্রকাশ্যে আনেননি। কত টাকার প্রতারণা হয়েছে, তাও জানাননি স্পষ্ট করে।

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান ফখরুলের

অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের সময়সূচি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকার বাস্তবতার ভিত্তিতে এই বিষয়টি পুনর্বিবেচনা করবে।’

মঙ্গলবার (১০ জুন) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা এখনো (এপ্রিলের প্রথম দিকে নির্বাচন) নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।
আমরা আশা করি, সরকার এই বিষয়টি বাস্তবতার আলোকে বিবেচনা করবে।’

অন্তর্বর্তী সরকার যে সময়ে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছে, তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

ফখরুল বলেন, ‘আমরা প্রথম দিনই বলেছি যে, এই সময় নির্বাচনের জন্য ভালো নয়। রমজান মাস শেষ হবে, ঈদ হয়ে যাবে, তারপর কয়েক দিন পর নির্বাচন হবে।
একটু ভাবুন, রমজান মাসজুড়ে প্রার্থী এবং রাজনৈতিক কর্মীরা কী ধরনের পরিস্থিতিতে পড়বেন।’

ফখরুল আরো বলেন, এখন থেকেই চিন্তিত যে প্রতিদিন ইফতার পার্টি আয়োজন করতে হবে, যা নির্বাচনী ব্যয় বাড়িয়ে দ্বিগুণ করবে।

তিনি রমজান মাসে নির্বাচনী প্রচারণা চালানোর অসুবিধাগুলো তুলে ধরে বলেন, বিশেষত তীব্র গরম এবং বৃষ্টিপাত বা ঝড়ের আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, তীব্র গরমের কারণে নির্বাচনী সমাবেশের জন্য লোকজন জড়ো করা সম্ভব হবে না।
‘কর্মসূচিগুলো রাতের দিকে নিতে হবে।’

তিনি আরো বলেন, অতীতে দুটি বিতর্কিত নির্বাচন ছাড়া বাংলাদেশে প্রায় সব জাতীয় নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।

ফখরুল বলেন, ‘আমাদের দল বলেছে যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, এবং আমরা দৃঢ় বিশ্বাস করি যে এটি একটি বাস্তবসম্মত বিকল্প।’

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিএনপি যেকোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত, কারণ এটি নির্বাচনমুখী দল। তিনি আরও বলেন, ‘আমরা বিপ্লবী দল না, আমরা জনগণের ভোটে ক্ষমতায় আসতে চাই।

সরকার চামড়ার পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে : বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘বিগত ১২ বছরের মধ্যে এবার সবচেয়ে বেশি দামে চামড়া বিক্রি হয়েছে। আগামী বছর আরো দাম বাড়বে। সরকার চামড়ার পুরনো ঐতিহ্য ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। চামড়া সংরক্ষণ না করে পচিয়ে ফেললে সে দায়িত্ব সরকারের নয়।
’

মঙ্গলবার (১০ জুন) বিকেলে জয়পুরহাট শহরের আরাফাতনগর এলাকায় চামড়ার আড়ত ও চামড়ার সংরক্ষণাগার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার বিগত সময়ের সিন্ডিকেট ভাঙার ব্যবস্থা নিয়েছে। সরকার সঠিকভাবে চামড়া সংরক্ষণ করার জন্য বিভিন্ন স্থানে লবণ সহায়তা দিয়েছে। চামড়া পাচার রোধে সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
’

তিনি বলেন, ‘মাদরাসা, এতিমখানাগুলো প্রয়োজনে ৩ মাস চামড়া সংরক্ষণ করতে পারবে।’

বাণিজ্য উপদেষ্টা আরো বলেন, ‘সরকার লবণ দিয়ে চামড়া সংরক্ষণের উদ্যোগ নিয়েছে, যাতে চামড়া নষ্ট না হয় এবং ব্যবসায়ীরা ভালো দাম পান। বাজারে এক দিনে প্রচুর সরবরাহ হলে দামে কিছুটা প্রভাব পড়ে। তবে সংরক্ষণ করে ধীরে ধীরে বিক্রি করলে আরও ভালো দাম পাওয়া সম্ভব।
’

এ সময় উপদেষ্টার সঙ্গে জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী, পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব উপস্থিত ছিলেন।

আইসিসি ‘হল অব ফেমে’ ধোনি-হেইডেন-স্মিথসহ ৭ ক্রিকেটার

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার এক জমকালো অনুষ্ঠানে ক্রিকেটের ইতিহাস গড়া সাতজন কিংবদন্তিকে আইসিসি হল অব ফেমে অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছে। এই বছর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া খেলোয়াড়রা হলেন—ম্যাথু হেইডেন, হাশিম আমলা, মহেন্দ্র সিং ধোনি, গ্রায়েম স্মিথ, ড্যানিয়েল ভেট্টোরি, সানা মীর এবং সারাহ টেলর।

লন্ডনের ঐতিহাসিক অ্যাবে রোড স্টুডিওতে আয়োজিত এ আয়োজনে আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই নবনির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেন।

জয় শাহ বলেন, ‘আইসিসি হল অব ফেমের মাধ্যমে আমরা ক্রিকেটের ইতিহাস গড়া সেরা খেলোয়াড়দের শ্রদ্ধা জানাই, যারা তাদের অসাধারণ ক্যারিয়ারের মাধ্যমে খেলার ঐতিহ্য গড়েছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন।
’

এক নজরে দেখে নেয়া যাক এই ৭ কিংবদন্তির অর্জন

ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া)

টেস্ট: ১০৩ | রান: ৮৬২৫ | গড়: ৫০.৭৩
ওডিআই: ১৬১ | রান: ৬১৩৩ | গড়: ৪৩.৮০
টি-২০আই: ৯ | রান: ৩০৮ | গড়: ৫১.৩৩

অস্ট্রেলিয়ার বিধ্বংসী ওপেনার হেইডেন তার শক্তিশালী ব্যাটিংয়ের কারণে বিশ্বের সেরা বোলারদের আতঙ্কে পরিণত হয়েছিলেন। ২০০৭ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ২০০৩ ও ২০০৭ বিশ্বকাপ জয়ের পাশাপাশি টেস্টে অজিদের রাজত্বে বড় অবদান ছিল এই কিংবদন্তি ক্রিকেটারের। হল অব ফেইমে জায়গা পেয়ে হেইডেন বলেন, ‘আমার অনেক আদর্শের নাম আছে এই তালিকায়, তাদের পাশে নিজের নাম দেখতে পাওয়া অভাবনীয়।
’

হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)

টেস্ট: ১২৪ | রান: ৯২৮২ | গড়: ৪৬.৬৪
ওডিআই: ১৮১ | রান: ৮১১৩ | গড়: ৪৯.৪৬
টি-২০আই: ৪৪ | রান: ১২৭৭ | গড়: ৩৩.৬০

দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান ছিলেন দলের ভরসার জায়গা। তিনিই দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছিলেন (৩১১*)। আমলা বলেন, ‘এই স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের, বিশেষ করে আমার প্রিয় বন্ধু গ্রায়েম স্মিথের সঙ্গে একই বছর অন্তর্ভুক্তি – এটি বিশেষ অনুভূতি।’

মহেন্দ্র সিং ধোনি (ভারত)

টেস্ট: ৯০ | রান: ৪৮৭৬ | ডিসমিসাল: ২৯৪
ওডিআই: ৩৫০ | রান: ১০৭৭৩ | ডিসমিসাল: ৪৪৪
টি-২০আই: ৯৮ | রান: ১৬১৭ | ডিসমিসাল: ৯১

ভারতের সফলতম অধিনায়ক ধোনি তিনটি আইসিসি শিরোপা (টি২০ বিশ্বকাপ ২০০৭, ওডিআই বিশ্বকাপ ২০১১, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩) জিতে ইতিহাস গড়েছেন।
ধোনি বলেন, ‘এই স্বীকৃতি আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত, যা আমি চিরকাল লালন করব।’

গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা)

টেস্ট: ১১৭ | রান: ৯২৬৫ | গড়: ৪৮.২৫
ওডিআই: ১৯৭ | রান: ৬৯৮৯ | গড়: ৩৭.৯৮
টি-২০আই: ৩৩ | রান: ৯৮২ | গড়: ৩১.৬৭

মাত্র ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পান স্মিথ এবং এক নতুন যুগের সূচনা করেন। তিনি বলেন, ‘এই সম্মান শুধুমাত্র আমার নয়, এটি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটেরও জয়।’

ড্যানিয়েল ভেট্টোরি (নিউজিল্যান্ড)

টেস্ট: ১১৩ | রান: ৪৫৩১ | উইকেট: ৩৬২
ওডিআই: ২৯৫ | রান: ২২৫৩ | উইকেট: ৩০৫
টি-২০আই: ৩৪ | রান: ২০৫ | উইকেট: ৩৮

বিশ্বমানের বাঁহাতি স্পিনার ভেট্টোরি ছিলেন নিউজিল্যান্ডের জন্য অমূল্য সম্পদ। টেস্টে চার হাজারের বেশি রান এবং ৩০০’র বেশি উইকেট পাওয়াদের মধ্যে হাতে গোনা কয়েকজনের একজন তিনি।
হল অব ফেইমে জায়গা পেয়ে তিনি বলেন, ‘এই তালিকায় জায়গা পেয়ে আমি গর্বিত, আবেগাপ্লুত।’

সানা মীর (পাকিস্তান)

ওডিআই: ১২০ | রান: ১৬৩০ | উইকেট: ১৫১
টি-২০আই: ১০৬ | রান: ৮০২ | উইকেট: ৮৯

পাকিস্তানের নারী ক্রিকেটের পথিকৃৎ সানা মীর হলেন প্রথম পাকিস্তানি নারী যিনি এই স্বীকৃতি পেলেন। তিনি বলেন, ‘একসময় স্বপ্ন দেখতাম যেন আমাদের দেশে নারীদের একটি ক্রিকেট দল হয়, সে স্বপ্ন সত্যি হয়েছে।’

সারাহ টেলর (ইংল্যান্ড)

টেস্ট: ১০ | রান: ৩০০ | ডিসমিসাল: ২০
ওডিআই: ১২৬ | রান: ৪০৫৬ | ডিসমিসাল: ১৩৮
টি২০আই: ৯০ | রান: ২১৭৭ | ডিসমিসাল: ৭৪

বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার ব্যাটার সারাহ ছিলেন ইংল্যান্ডের জয়ের গুরুত্বপূর্ণ কুশলী। তিনি বলেন, ‘এই স্বীকৃতি পাওয়া আমার জীবনের অন্যতম বড় গর্বের মুহূর্ত।’

আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই। আমরা অন্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের দায়িত্বও আছে।
সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, জাতিকে পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। তারা যেন সবক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে।
বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক, যেখানে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। এখন তো আরও কঠিন হয়েছে। প্রযুক্তি এমন এক জায়গায় চলে গেছে, টেকনোলজিতে যদি আমরা কোপ-আপ করতে না পারি, তাহলে পিছিয়ে যাব। সারা দেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে, কে দায়ী, সেদিকে না গিয়ে আমি বলতে চাই, সামগ্রিকভাবেই মান কমেছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রকেও একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে, প্রথমত আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তৃতীয়ত, খেলাধুলা করতে হবে। শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে।
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও প্র্যাকটিস করতে হবে।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে, আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। ছাত্রদের কাছ থেকে পড়া বুঝিয়ে ঠিকমতো নেবেন এবং তারা যেন বোঝে, সেই জিনিসটা নিশ্চিত করবেন। জ্ঞানের কোনো বিকল্প থাকতে পারে না।

ইউক্রেনে ব্যাপক ড্রোন বোমা হামলা চালিয়েছে রাশিয়া

রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো। ওডেসার একটি মাতৃসদন হাসপাতালও এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ওডেসার গর্ভনর ওলেহ কিপার টেলিগ্রামে জানিয়েছেন, ড্রোন হামলায় ওডেসার চিকিৎসা কেন্দ্র ও আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৫৯ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত চারজন আহত হয়েছেন।

কিয়েভে হামলার কয়েক ঘণ্টা পর, মঙ্গলবার রাতের কিছু পর থেকেই জরুরি সেবা বিভাগের কর্মীরা রাজধানীর চারটি জেলায় ছুটে যান বলে জানান মেয়র ক্লিটসকো। এই সর্বশেষ হামলাগুলো সোমবার রাশিয়ার ইউক্রেনের ওপর চালানো সবচেয়ে বড় ড্রোন হামলার পরের দিনই হলো। মস্কো দাবি করেছে, এই হামলা ছিল ইউক্রেনের অভ্যন্তরে সম্প্রতি চালানো আক্রমণের প্রতিশোধ।

১ জুন ‘অপারেশন স্পাইডারস ওয়েব’ নামের একটি গোপন ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার অভ্যন্তরে গভীরে থাকা বিমানঘাঁটিগুলোতে আঘাত হানার পর, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন।
ট্রাম্প বলেন, পুতিন তাকে জানিয়েছেন যে রাশিয়া এই হামলার জবাবে “খুব শক্তভাবে” প্রতিক্রিয়া জানাবে।

মঙ্গলবার ভোররাতে হামলার সময় ইউক্রেনের বহু অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল বলে সরকারি বিমান হামলা সতর্কীকরণ মানচিত্রে দেখা যায়। পূর্ব ইউক্রেনের ডোনেৎস্ক, লুহানস্ক ও খারকিভ অঞ্চলগুলোও এই সতর্কতার আওতায় ছিল।

টেলিগ্রামে মেয়র ক্লিটসকো সতর্ক করে বলেন, `আশ্রয়স্থলে থাকুন! রাজধানীতে ব্যাপক আক্রমণ চলমান রয়েছে।
‘ কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো টেলিগ্রামে বলেন, রাজধানীর বিভিন্ন জেলায় একযোগে হামলা চালানো হয়।

তিনি জানান, ভূপাতিত লক্ষ্যবস্তুর ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন ভবনের উপর পড়েছে এবং একটি আবাসিক ভবন ও কয়েকটি গুদামে আগুন ধরে যায়। ওডেসায় গর্ভনর কিপার বলেন, লক্ষ্যবস্তু চিকিৎসা কেন্দ্র ও মাতৃসদন হাসপাতাল থেকে রোগী ও কর্মীরা নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে, যদিও কিছু অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। নিহত ৫৯ বছর বয়সী ব্যক্তির পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

এর আগে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত প্রায় ৪৭৯টি ড্রোন এবং ২০টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়া হয় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তারা ২৭৭টি ড্রোন এবং ১৯টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। মাত্র ১০টি ড্রোন বা ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে। এই হামলায় একজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে, যদিও স্বাধীনভাবে এই তথ্য যাচাই সম্ভব হয়নি।

যুদ্ধবিরতির আশায় আলোচনা, বাস্তবে বন্দিবিনিময়

এদিকে সোমবার শুরু হয়েছে একটি বন্দি বিনিময় প্রক্রিয়া। রাশিয়া ও ইউক্রেন ২৫ বছরের কম বয়সী যুদ্ধবন্দিদের আবেগঘন স্বদেশ প্রত্যাবর্তনের দৃশ্য বিনিময় করেছে, যা পরিকল্পিত বন্দি বিনিময়ের একটি সিরিজের প্রথম পদক্ষেপ, যা এখন পর্যন্ত যুদ্ধের সবচেয়ে বড় ঘটনা হতে পারে।

এই বিনিময়টি ছিল ২ জুন ইস্তাম্বুলে উভয় পক্ষের মধ্যে সরাসরি আলোচনার ফলাফল, যার ফলে উভয় পক্ষের কমপক্ষে এক হাজার ২০০ যুদ্ধবন্দি বিনিময় এবং ইউক্রেনে রাশিয়ার যুদ্ধে নিহত হাজার হাজার যুদ্ধবন্দির মৃতদেহ দেশে ফিরিয়ে আনার চুক্তিতে পৌঁছায়।

যুদ্ধবিরতির লক্ষ্যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি শান্তি আলোচনা অব্যাহত থাকলেও তা উল্লেখযোগ্য অগ্রগতি দেখাতে পারেনি। তবে সোমবার দুই দেশ আবারও যুদ্ধবন্দি বিনিময় করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, বন্দি বিনিময়ের এই প্রক্রিয়ায় আহত সেনা ও ২৫ বছরের নিচে বয়সের ব্যক্তিরাও রয়েছেন। তিনি বলেন, ‘প্রক্রিয়াটি অত্যন্ত জটিল। প্রতিদিনই প্রায় নতুন করে আলোচনা করতে হয়’। তবে কতজন বন্দি বিনিময় হয়েছে, সে বিষয়ে কোনো পক্ষই নির্দিষ্ট সংখ্যা জানায়নি।

উত্তরের চেরনিহিভ অঞ্চলে বন্দিমুক্তির খবরে হাসপাতালের সামনে জড়ো হন বহু উদ্বিগ্ন স্বজন। ছবি হাতে দাঁড়িয়ে থাকা স্বজনরা আশায় ছিলেন, হয়তো তাদের প্রিয়জনদের কেউ ফিরে আসবেন।

চেরনিহিভের ৩৮ বছর বয়সী তেতিয়ানা লিতভিন জানান, তিনি তার বাবা ও চাচাতো ভাইয়ের খোঁজে এসেছেন—দুজনই গত বছর নিখোঁজ হন। তিনি বলেন, ‘যুদ্ধ হয়তো একদিন শেষ হবে, কিন্তু যাদের স্বজন হারিয়ে গেছে, তাদের কাছে যুদ্ধ কখনোই শেষ হবে না।’ তার চাচাতো ভাই, ২১ বছর বয়সী মাইকোলা দমিত্রুক নিখোঁজ হন যখন তার স্ত্রী গর্ভবতী ছিলেন। তিনি আরো জানান, ‘তার এখন পাঁচ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

রাশিয়ার পাল্টা হামলা ও বিমানঘাঁটি লক্ষ্য

ইউক্রেনের সেনাবাহিনীর বিশেষ বাহিনী রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে দুটি রুশ যুদ্ধবিমানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে। যদিও এই হামলা কীভাবে চালানো হয়েছে, তা প্রকাশ করা হয়নি। রুশ কর্তৃপক্ষ এ নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। কিছু রুশ যুদ্ধবিষয়ক ব্লগার অবশ্য দাবি করেছেন, যুদ্ধবিমানের ক্ষতি হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে তারা পশ্চিম ইউক্রেনের রিভনে অঞ্চলের ডুবনো বিমানঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

মৃতদেহ হস্তান্তরেও জটিলতা

দুই দেশের মধ্যে নিহত সেনাদের দেহ হস্তান্তর নিয়েও মতপার্থক্য তৈরি হয়েছে। রাশিয়া অভিযোগ করেছে, ইউক্রেন তাদের নিহত সেনাদের লাশ গ্রহণে অনীহা দেখিয়েছে। অপরদিকে জেলেনস্কি অভিযোগ করেন, রাশিয়া পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী এক হাজার ইউক্রেনীয় নিহত সেনাদের নামের তালিকা কিয়েভে পাঠায়নি। তিনি রুশ কর্তৃপক্ষকে ‘নোংরা খেলা’ খেলছে বলেও অভিহিত করেন।

তবুও ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, লাশ বিনিময় কার্যক্রম এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে, যদিও এখনো কোনো নির্দিষ্ট পরিকল্পনা চূড়ান্ত হয়নি। ইউক্রেনের গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভ জানান, চলতি সপ্তাহেই লাশ বিনিময় প্রক্রিয়া শুরু হবে।

রাশিয়ার দিকে ইউক্রেনের ড্রোন হামলা অব্যাহত

গত ১ জুন ইউক্রেন রাশিয়ার দূরবর্তী বিমানঘাঁটিতে নজিরবিহীন ড্রোন হামলা চালায়, যা এখন পর্যন্ত সবচেয়ে জটিল ও ব্যাপক আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রবিবার রাতেই সাতটি রুশ অঞ্চলে ৪৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। চুভাশিয়া অঞ্চলের একটি বৈদ্যুতিন যুদ্ধ উপকরণ উৎপাদন কেন্দ্রে দুটি ড্রোন আঘাত করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। এই এলাকা মস্কোর প্রায় ৬০০ কিলোমিটার পূর্বে অবস্থিত।

বেসামরিক ক্ষয়ক্ষতির উদ্বেগ

জাতিসংঘ বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১২ হাজারের বেশি ইউক্রেনীয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যদিও রাশিয়া বরাবরই দাবি করে, তারা কেবলমাত্র সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত করে।

ইউক্রেনের পশ্চিমা মিত্রদের কাছ থেকে বিশেষ করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আরো সহায়তার প্রয়োজন রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তার কারণে কিয়েভ কতটুকু সহায়তা পাবে, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে।

সরাসরি আলোচনায় অগ্রগতি নেই

সম্প্রতি তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত দুই দফা সরাসরি রুশ-ইউক্রেনীয় শান্তি আলোচনায় উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। আলোচনা মূলত বন্দি ও নিহতদের লাশ বিনিময়ের প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ থেকেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগেই জানিয়েছেন, তার শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।

সূত্র : বিবিসি

সর্বোচ্চ আয়ের ইতিহাস গড়লেন মোহনলাল

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু তারকা আছেন, যারা শুধু জনপ্রিয়ই নন, বরং সিনেমাকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। মোহনলাল তেমনই এক নাম। যিনি শুধু দক্ষিণ ভারতের নন, গোটা ভারতীয় চলচ্চিত্র জগতের এক অবিচ্ছেদ্য অংশ। তার অভিনয়শৈলী, স্বাভাবিকতা, সংলাপপ্রকাশের ভঙ্গিমা এবং চরিত্রের সঙ্গে মিশে যাওয়ার দক্ষতা তাকে করে তুলেছে অনন্য।

পাঁচ দশকের ক্যারিয়ারের এই সময় এসে দারুণ সময় কাটাচ্ছেন এ অভিনেতা। বিশেষ করে ২০২৫ সাল তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক হিসেবে প্রমাণিত হয়েছে। এ বছরের অর্ধেক সময়েই তার অভিনীত দুটি সিনেমা রেকর্ড ব্যবসা করেছে বক্স অফিসে। ব্যবসার সঙ্গে গড়েছে ইতিহাসও।

চলতি বছর মোহনলালের ‘এল টু : এমপুরান’ ও ‘থুদারুম’ সিনেমা দুটি বিশ্বব্যাপী আয় করেছে মোট ৫০৫ কোটি টাকা—যা মালয়ালাম ইন্ডাস্ট্রির ইতিহাসে সর্বোচ্চ। এর আগে মালয়ালাম সিনেমায় এক বছরে কোনো অভিনেতার সিনেমা এত আয় করতে পারেনি। গত ২৭ মার্চ মুক্তি পায় এল টু: এমপুরান। মুক্তির ১০ দিনেই সিনেমাটি ছুঁয়ে ফেলে ২৫০ কোটির মাইলফলক।
সব মিলিয়ে সিনেমাটির আয় ২৬৮.০৫ কোটি টাকা। ২০০২ সালে ভারতের গুজরাটে ঘটে যাওয়া এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা, যেটি গুজরাট দাঙ্গা নামে পরিচিত, সেই ঘটনার কিছু অংশ উঠে এসেছে এমপুরান সিনেমায়। এটি ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘লুসিফার’ সিনেমার সিক্যুয়াল। পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ।

সম্প্রতি মুক্তি পায় তার আরেক ব্লকবাস্টার ফিল্ম ‘থুদারুম’।
প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে থুদারুম। থারুন মূর্তি পরিচালিত এই সিনেমার প্রেক্ষাপট প্রতিশোধের হলেও এতে আছে আবেগ, পরিবার আর গভীর মানবিক টানাপড়েন। ঠিক যেমনটা দর্শক দেখতে চায়। গত মাসে মুক্তি পাওয়া সিনেমাটি প্রেক্ষাগৃহে এখনো দর্শক ধরে রেখেছে। ইতিমধ্যে আয় করেছে ২৩৭.৬০ কোটি টাকা। সিনেমা বিশ্লেষকেরা মনে করছেন এই সিনেমার আয় আরো বাড়বে।

টানা দুটি ব্লকবাস্টার হিটের পর মোহনলালের পরবর্তী সিনেমাগুলোর জন্য এখন থেকেই তৈরি হচ্ছে তুমুল প্রত্যাশা। অভিনেতা সেই প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারেন—সেটাই এখন দেখার পালা। তবে ইতিমধ্যেই মালয়ালাম সিনেমার ইতিহাসের এক দারুণ অধ্যায়ের মালিক হয়ে গেছেন মোহনলাল।

হলিউড অভিনেত্রী পিপা স্কট প্রয়াত

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী পিপা স্কট প্রয়াত হয়েছেন। গত ২২ মে সান্তা মনিকায় নিজ বাসভবনে মারা যান এ অভিনেত্রী। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মেয়ে মিরান্ডা টোলম্যান অভিনেত্রীর মৃত্যুর খবরটি দ্য হলিউড রিপোর্টারকে নিশ্চিত করেছেন।
দুই সপ্তাহ আগে মৃত্যু হলেও রবিবার (৮ জুন) অভিনেত্রী পিপ্পা স্কটের মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে এসেছে।

পিপ্পা স্কটের মেয়ে জানিয়েছেন, হার্ট অ্যাটাকে মারা গেছেন তার মা পিপ্পা স্কট। তবে অভিনেত্রীকে হাসপাতালে নেয়া হয়েছিল কিনা বা চিকিৎসাধীন ছিলেন কিনা, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পিপা স্কট একজন প্রশংসিত অভিনেত্রী হিসেবে তাঁর অভিনয় দক্ষতা, সংবেদনশীল চরিত্র উপস্থাপন এবং টেলিভিশন ও চলচ্চিত্রে অবদানের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
১৯৩৪ সালের ১০ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে তারকা দম্পতি লরা স্ট্রাব ও অ্যালান স্কটের ঘরে জন্ম হয় পিপ্পা স্কটের। মা লরা স্ট্রাব ছিলেন একজন মঞ্চ অভিনেত্রী, আর বাবা ছিলেন চিত্রনাট্যকার। যিনি ১৯৪৩ সালে ‘সো প্রাউডলি উই হেইল’ এর চিত্রনাট্যের জন্য অস্কার মনোনীত ছিলেন।

পিপ্পা স্কট র‌্যাডক্লিফ এবং ইউসিএলএ পড়ালেখা করেছেন।
পরে লন্ডনের র‌য়্যাল একাডেমি অব ড্রামাটিক আর্টে প্রশিক্ষণ নেন। ১৯৫৬ সালে জেড হ্যারিসের ‘চাইল্ড অব ফরচুন’-এর মাধ্যমে অভিষেক হয় তার। একই বছর চলচ্চিত্র ক্যারিয়ার শুরু হয়। ‘দ্য সার্চার্স’ এর মাধ্যমে অভিষেক হয় এ মার্কিন তারকার।

এ অভিনেত্রীর অন্যান্য সিনেমার মধ্যে উল্লেখযোগ্য ‘অ্যাজ ইয়ং অ্যাজ উই আর’ (১৯৫৮), ‘মাই সিক্স লাভস’ (১৯৬৩), ‘পেটুলিয়া’ (১৯৬৮), ‘কোল্ড টার্কি’ (১৯৭১) এবং ‘দ্য সাউন্ড অব মার্ডার’ (১৯৮০)।
আর টেলিভিশন শোর মধ্যে অন্যতম ‘দ্য টোয়াইলাইট জোন’, ‘আউটলজ’, ‘ডক্টর কিল্ডার’, ‘দ্য ডিক ভ্যান ডাইক শো’, ‘পেরি ম্যাসন’, ‘দ্য মেরি টাইলার মুর শো’, ‘গানস্মোক’, ‘মিশন: ইম্পসিবল’, ‘দ্য ওয়ালটনস’, ‘কলম্বো’, ‘দ্য স্ট্রিটস অব সান ফ্রান্সিসকো’ এবং ‘জিগস জন’।