বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

ইরান সীমা অতিক্রম করেছে : ইসরায়েল

ইরান তার সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি দাবি করেছেন, গতকাল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাকে মূল লক্ষ্যবস্তু করে দেশটির ওপর যে একাধিক হামলা হামলা চালিয়েছে ইসরায়েল, তার জবাবে ইরান ইসরায়েলের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়ে ইরান তার সীমা বা ‘রেড লাইন’ অতিক্রম করেছে। আমরা ইসরায়েলের নাগরিকদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

এর আগে, ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল যে, তারা ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালাতে যাচ্ছে।

ইরানের পাল্টা হামলায় ৩ ইসরায়েলি নিহত

ইসরায়েলি হামলার পাল্টা জবাবে শুক্রবার রাতে এবং শনিবার ভোরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলায় প্রায় ৮০ জন আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে তিনজন মারাত্মকভাবে আহত হয়ে পরে মারা যান। খবর টাইমস অব ইসরায়েলের।

মাগেন ডেভিড অ্যাডম (ইসরায়েলের জরুরি সেবা সংস্থা) জানিয়েছে, ইরানের হামলায় আরো কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বাকিরা হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন। আবার অনেকে চরম মানসিক ট্রমার শিকার হয়েছেন।

ইরানি সংবাদমাধ্যম দাবি করেছে, শুক্রবার রাতে প্রথম দফার হামলায় শত শত ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, প্রকৃত সংখ্যা ১০০-র নিচে ছিল।

রাতভর চারটি ধাপে চালানো এই হামলার প্রতিটিতে বহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে আইডিএফ জানিয়েছে। তবে তারা নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
তেল আবিব এলাকায় বড় বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কয়েকটি জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

আইডিএফ জানিয়েছে, তেল আবিব এলাকায় একটি ভবনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর হোম ফ্রন্ট কমান্ড বাহিনীর সেনারা একজন সাধারণ নাগরিককে উদ্ধার করেন। একটি প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের বড় অংশ উত্তর ইসরায়েলের একটি শহরে পড়ে, এতে ক্ষয়ক্ষতি হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন জানিয়েছেন, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে বা ইসরায়েলের সীমান্তে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়েছে।

তিনি বলেন, কিছু ভবনে সরাসরি আঘাত লেগেছে, আবার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের ভাঙা অংশের কারণে।

একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে ইসরায়েলকে সহায়তা করেছে।

পুলিশের কাছে ভারী মারণাস্ত্র থাকবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না। তিনি বলেন, আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মতো বিশেষায়িত ইউনিটের কাছে থাকবে ভারী অস্ত্র।

শনিবার (১৪ জুন) সকাল ১১টায় রাজধানীতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদর দপ্তর পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর র‍্যাব-১ কার্যালয় পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এপিবিএন, থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়ন কাজ করছে সরকার। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের বিগত ১১ মাসে আইন-শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে। দু-একটি ছোটখাটো ঘটনা ছাড়া এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছেন দেশবাসী।

হলিউড ‘এলোমেলো’ হয়ে গেছে : ডাকোটা জনসন

বিশ্ব চলচ্চিত্রের কেন্দ্রস্থল হলিউড। এখান থেকেই চলচ্চিত্র শিল্প বিস্তৃতি লাভ করেছে পৃথিবীজুড়ে। সেই হলিউডেরই সমালোচনায় সরব অভিনেত্রী ডাকোটা জনসন। ‘ম্যাটেরিয়ালিস্টস’ অভিনেত্রীর মতে, হলিউড ‘এলোমেলো’ হয়ে গেছে।
একই ধরনের ছবির পেছনে ছুটছেন প্রযোজকরা।

হলিউডের প্রযোজকরা ঝুঁকি নিতে চান না কেন? এমন প্রশ্নের জবাবে ডাকোটা বলেন, ‘যখন সৃজনশীল কাজের সিদ্ধান্ত নেয় কোনো কমিটি কিংবা এমন কোনো লোক, যিনি আদতে ছবিই দেখেন না, তখন ঝুঁকি নেওয়া আসলেই কঠিন। আর এটাই অহরহ হচ্ছে। যখন কোনো ছবি ভালো চলে, প্রতিষ্ঠানগুলো বারবার সেই একই ধরনের ছবি বানাতে থাকে।
দর্শক কিন্তু তা চায় না। তারা নতুনত্ব চায়, মৌলিক গল্প-উপস্থাপনার সাক্ষী হতে চায়। আমার মনে হয়, ইন্ডাস্ট্রি কিছুটা এলোমেলো হয়ে গেছে এখন।’

সাম্প্রতিক সময়ে হলিউডের অনেক জনপ্রিয় ছবি-সিরিজের পুনর্নির্মাণ ও সিক্যুয়াল হয়েছে।
মুক্তির অপেক্ষায় আছে আরো অনেক প্রজেক্ট। এর ফলে নতুন মৌলিক গল্পগুলো আরো ঝুঁকিতে পড়ছে বলে মনে করছেন ‘ফিফটি শেডস অব গ্রে’ অভিনেত্রী।

‘ফিফটি শেডস’ দিয়ে বিশ্বজোড়া পরিচিতি পেয়েছেন আমেরিকান অভিনেত্রী ডাকোটা জনসন। অভিনয়ের পাশাপাশি এবার নির্মাণেও হাত দিচ্ছেন ডাকোটা। পূর্ণদৈর্ঘ্য ছবি বানাতে চলেছেন তিনি।
এর আগে শর্টফিল্ম বানিয়েছিলেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে এসে নির্মাণের ঘোষণা করেন ডাকোটা জনসন।

দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ

ফেব্রুয়ারিতে নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য সুসংবাদ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ‘সত্যিকার অর্থেই একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে’ বলেও দাবি করেছেন তিনি।

গতকাল শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রায় দুই ঘণ্টার এ বৈঠক নিয়ে গোটা জাতি উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করছিল। বৈঠকে নির্বাচন ইস্যুতে তারেক রহমানের প্রস্তাব ছিল এপ্রিলে যে নির্বাচন ঘোষণা করা হয়েছে, সেটা উপযুক্ত সময় নয়। সে ক্ষেত্রে গোটা জাতি আনন্দের সঙ্গে লক্ষ করল, প্রধান উপদেষ্টা এটি ফেব্রুয়ারিতে আনতে সম্মত হয়েছেন। এর মাধ্যমে তারেক রহমান আবার প্রমাণ করলেন, বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, তাঁদের মধ্যে নিঃসন্দেহে রাষ্ট্রনায়কোচিত গুণগুলো তাঁর মধ্যে রয়েছে।

তিনি বলেন, আজকে দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনো প্রয়োজনের সময়ে ঐক্যবদ্ধ হতে পারে এবং নেতারা নেতৃত্ব দিতে পারেন। অতীতে যেসব ছোটখাটো কথাবার্তা হয়েছে, সেগুলো ভুলে গিয়ে সামনের দিকে জাতীয় ঐক্যকে আরো দৃঢ় করে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যেন নির্বাচনে সুষ্ঠুভাবে যেতে পারি। জাতির আকাঙ্ক্ষা যেন পূরণ করতে পারি এবং ১৫ বছরে ফ্যাসিস্টদের ধ্বংস করা কাঠামোকে নতুন করে একটা গণতান্ত্রিক কাঠামোতে যেন রূপান্তরিত করতে পারি।

গণতন্ত্র একটি দিনের বিষয় নয় মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘গণতন্ত্র হচ্ছে একটি চর্চার বিষয়।
এটি একটি কালচার, সেই কালচার আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। সারাক্ষণ আমাদের মধ্যে গালাগালি, সোশ্যাল মিডিয়ায় বকাবকি না করে আসুন আমরা সবাই একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে নতুন বাংলাদেশ গঠন করার জন্য এগিয়ে যাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন ও আমাদের নেতা তারেক রহমানের স্বপ্ন, যেসব শহীদ প্রাণ দিয়েছেন তাঁদের স্বপ্ন বাস্তবায়ন করি।’

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা রিয়াজ উদ্দিন নসু প্রমুখ।

ইপিএলের রেকর্ড ভেঙে লিভারপুলে ভিরৎজ

ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) চ্যাম্পিয়ন লিভারপুল এবার দল গোছাচ্ছে আরও শক্তভাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরৎজকে দলে টানতে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডের রেকর্ড ট্রান্সফার ফিতে বায়ার লেভারকুসেনের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছে অল রেডরা।

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে ভিরৎজকে কিনতে লিভারপুলের খরচ হচ্ছে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড। তবে পারফরম্যান্স-ভিত্তিক বোনাস মিলিয়ে এই অঙ্ক গিয়ে দাঁড়াতে পারে ১১ কোটি ৬০ লাখ পাউন্ডে।
এতে নতুন করে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড গড়তে যাচ্ছে অল রেডরা।

এখন পর্যন্ত প্রাথমিক ট্রান্সফার ফি হিসেবে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি, ২০২৩ সালের জানুয়ারিতে এনসো ফের্নান্দেসকে বেনফিকা থেকে দলে নিতে দিয়েছিল ১০ কোটি ৭০ লাখ পাউন্ড। একই বছরের অগাস্টে কাইসেদোকে কিনতে চেলসির সম্ভাব্য মোট ব্যয় ছিল ১১ কোটি ৫০ লাখ পাউন্ড। সেই তুলনায় ভিরৎজকে ঘিরে লিভারপুলের প্রস্তাব তাদের ক্লাব ইতিহাসেরই সর্বোচ্চ ব্যয় হয়ে দাঁড়াবে।

এর আগে ২০২২ সালে দারউইন নুনেসকে কিনতে লিভারপুলের খরচ হয়েছিল ৬ কোটি ৪০ লাখ পাউন্ড (বোনাসসহ ৮ কোটি ৫০ লাখ)। আর ২০১৮ সালে ফন ডাইককে দলে নিতে খরচ করেছিল ৭ কোটি ৫০ লাখ পাউন্ড।

ভিরৎজকে পাওয়ার দৌড়ে ছিল ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখও। তবে মনে করা হচ্ছে জার্মান এই মিডফিল্ডারের পছন্দ ছিল লিভারপুল।

মাত্র ১৭ বছর বয়সে বায়ার লেভারকুসেনের মূল দলে অভিষেক হয় ভিরৎজের। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৯৭ ম্যাচে করেছেন ৫৭ গোল। ২০২৩-২৪ মৌসুমে লেভারকুজেনের প্রথম বুন্ডেসলিগা শিরোপা জয়ে রেখেছেন বড় ভূমিকা, হয়েছেন মৌসুমের সেরা খেলোয়াড়।

জার্মান জাতীয় দলেরও গুরুত্বপূর্ণ সদস্য তিনি। ২০২১ সালে আন্তর্জাতিক অভিষেকের পর এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে মাঠে নেমেছেন ৩১ বার, গোল করেছেন ৭টি।

হজ করে দেশে ফিরলেন ১৬ হাজার ৪৬৯ হাজি

হজপালন শেষে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৮৮ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৪ হাজার ৩৮১ জন রয়েছেন।

শনিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১২টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৯৯৯ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ২৭ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও নারী তিনজন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন ও আরাফায় ১ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা শতভাগ নিরাপদ নয় : আইডিএফ

ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থা শতভাগ নিরাপদ নয়। এ কারণে নিজ দেশের জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

বিবিসির খবরে বলা হয়, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। কারণ, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

এক্সে প্রকাশিত এক পোস্টে আইডিএফ জানায়, ইসরায়েলি বিমানবাহিনী ‘প্রয়োজন অনুযায়ী হুমকি দমন করতে প্রতিরোধ ও পাল্টা আক্রমণের কাজ করছে। তারপরও প্রতিরক্ষাব্যবস্থা যেহেতু শতভাগ নিরাপদ নয়, তাই জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে চলতে হবে।

পরবর্তী আরেকটি পোস্টে জানানো হয়, জনগণ আশ্রয়কেন্দ্র থেকে বের হতে পারে, তবে কাছাকাছি অবস্থান করাই নিরাপদ হবে।

ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান হলেন যিনি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান কমান্ডার হিসেবে মেজর জেনারেল আমির হাতেমিকে নিয়োগ দিয়েছেন সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ প্রধান ও ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনী।

জেনারেল হাতেমি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ইরানের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগ সংক্রান্ত আনুষ্ঠানিক আদেশে আয়াতুল্লাহ খামেনী জেনারেল হাতেমির ‘নিষ্ঠা, দক্ষতা ও অভিজ্ঞতা’-কে ভিত্তি হিসেবে উল্লেখ করেন এবং তার নেতৃত্বে সেনাবাহিনীতে ‘একটি রূপান্তরমূলক ও বিপ্লবী দৃষ্টিভঙ্গির’ আহ্বান জানান।

আদেশে বলা হয়েছে, সেনাবাহিনীর বিপুল সংখ্যক দক্ষ ও আস্থাশীল সদস্য এবং পবিত্র প্রতিরোধযুদ্ধসহ পূর্ববর্তী অভিজ্ঞতার আলোকে আপনার নেতৃত্বে যুদ্ধ প্রস্তুতি জোরদার, আধ্যাত্মিক ও আদর্শিক ভিত্তি আরো মজবুত করা, সদস্যদের কল্যাণ উন্নয়ন এবং সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার সঙ্গে সমন্বয় বৃদ্ধির কার্যক্রম আরো গতিশীল হবে বলে প্রত্যাশা করছি।

এছাড়াও আয়াতুল্লাহ খামেনী সদ্য পদত্যাগকারী প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার সততা ও মূল্যবান প্রচেষ্টার প্রশংসা করেছেন।

জেনারেল মোহাম্মদ হোসেইন বাঘেরি নিহতের পর আয়াতুল্লাহ খামেনী মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভিকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন।

ইসরায়েলের হামলায় ৭৮ ইরানি নিহত

ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৮ জন ইরানি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৩২০ জন। নিহতদের মধ্যে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারাও রয়েছেন।

জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি সাঈদ ইরাওয়ানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ তথ্য জানান। খবর ইরনার।

বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান এবং অন্যান্য শহরে একাধিক হামলা চালায়। এই হামলাগুলো শুধু সামরিক স্থাপনা নয়, বরং আবাসিক ভবনগুলোকেও লক্ষ্য করে চালানো হয়, যা পরিস্থিতিকে আরো মারাত্মক তোলে।

এই হামলার লক্ষ্যবস্তু ছিলেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি এই হামলায় নিহত হন।

এদিনই ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নতুন সামরিক নেতৃত্ব নিয়োগ দেন। ইসরায়েলের এই হামলার জবাবে শুক্রবারই ইরান পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে।