বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

গণফোরাম সভাপতি মোস্তফা মহসিন মন্টুর মৃত্যু

গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ((ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার বিকেল ৫টা ১০মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।

মোস্তফা মহসিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরায়েলজুড়ে ধ্বংসস্তূপের ছবি

পাল্টাপাল্টি হামলায় ইরান-ইসরায়েলজুড়ে ধ্বংসস্তূপের ছবি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, ক্ষেপণাস্ত্র হামলায় কঙ্কালসার চেহারা নিয়ে কোনো রকমে দাঁড়িয়ে রয়েছে পোড়া, ভাঙাচোরা বাড়ি। কিছু কিছু আবার একেবারে ভেঙে পড়েছে। এটাই বর্তমানে ইসরায়েলের রাজধানী তেল আবিবের বিভিন্ন জনপদের ছবি হয়।

অপরদিকে ইরানের রাজধানী তেহরানের শাহরান এলাকায় তেলের ভান্ডার জ্বলতে থাকার যে ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা দেখে আঁতকে ওঠার মতোই।

ইসরায়েল-ইরানের সংঘর্ষে দুই পক্ষেরই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইসরায়েলের হামলায় ইরানে শনিবার পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলেরও অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে রবিবার পর্যন্ত।
শুধু হতাহতই নয়, একে অপরের ওপর হামলায় দুই পক্ষেরই বহু ঘরবাড়ি, বহুতল ভবন ধ্বংস হয়ে গিয়েছে। কিংবা আধভাঙা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে।

শুক্রবার সকালে ইসরায়েলের হামলার জবাবে শুক্রবার রাত থেকেই তেল আবিবে হামলা চালায় ইরান। তেহরানের একাধিক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে রাজধানী শহরের দক্ষিণে।
সেখানকার তিন এলাকা দ্য কিরইয়া, রমাত গান, রেশন লেজিও এবং ব্যাট ইয়াম ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের হামলায়।

এই এলাকাগুলোর মধ্যে দ্য কিরিয়া ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, এখানেই রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী আইডিএফের সদর দপ্তর। ‌শুক্রবার রাতে এই দপ্তরের খুব কাছেই ইরানের ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে। রমাত গান এবং রেশন লেজিওনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ভেঙে পড়েছে বহুতল আবাসনের একাংশ।
ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের তামরা শহরের একাংশও।

এর আগে শুক্রবার ভোরে ইসরায়েলের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ইরানের। সেই হামলায় নিহত হয়েছেন ইরানের সেনাপ্রধানসহ ২০ সামরিক কমান্ডার। প্রাণ গিয়েছে ছজন পরমাণুবিজ্ঞানীও।

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান রবিবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। একই সঙ্গে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তারা। তবে নতুন এই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে তেহরানের উত্তর-পশ্চিমাঞ্চলে শাহরাক-ই-গারব ও সাদাত আবাদ এলাকায় বিকট আকারে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানান স্থানীয় বাসিন্দারা। সেই সময় ইসরায়েলি হামলা প্রতিহত করার জন্য তেহরানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

অন্যদিকে রাতভর পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছিল ইসরায়েল ও ইরান। এতে উভয় দেশেই বহু মানুষ হতাহত হয়েছে।
শনিবার রাত থেকে এখন পর্যন্ত তেহরানে কমপক্ষে ৮০টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে, সেগুলো মধ্যে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, সামরিক বাহিনীর গবেষণা ও উন্নয়ন ইউনিট ছাড়াও ইরানের পারমাণবিক স্থাপনা রয়েছে বলে দাবি করেছে আইডিএফ।

ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের একটি জ্বালানিকেন্দ্রেও হামলা চালানো হয়েছে, যেটি সামরিক ও পারমাণবিক—উভয় কাজে ব্যবহার হতো।

আইডিএফের দাবি অনুযায়ী, ‘অপারেশন রাইজিং লায়ন’ শুরু হওয়ার পর গত তিন দিনে তারা ইরানের ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তু ও ৭২০টি সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে।

ইসরায়েলের দিকে যাওয়া ২ ইরানি ড্রোন ইরাকে ভূপাতিত

ইসলামিক স্টেট (আইএস) বিরোধী আন্তর্জাতিক জোটের সদস্যরা ইরাকের আকাশসীমায় দুটি ইরানি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেগুলো ইসরায়েলের দিকে যাচ্ছিল। দুজন ইরাকি সেনা কর্মকর্তার বরাত দিয়ে এএফপি রবিবার এ তথ্য জানিয়েছে।

এক কর্মকর্তা জানান, ‘আইন আল-আসাদ ঘাঁটিতে অবস্থানরত আন্তর্জাতিক জোট ইসরায়েলগামী দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।’ পশ্চিম ইরাকের এই সামরিক ঘাঁটিতে বিদেশি সেনা মোতায়েন রয়েছে।

নাম না প্রকাশের শর্তে তিনি আরো জানান, শনিবার দিবাগত রাতে এই ড্রোন দুটি গুলি করে নামানো হয়।

এ ছাড়া অন্য এক কর্মকর্তা বলেন, ড্রোনগুলো জোটের প্রতিরক্ষা এলাকার ভেতরে প্রবেশ করেছিল এবং সেখানে থাকা বাহিনীকে যেকোনো সম্ভাব্য হুমকির ক্ষেত্রে পদক্ষেপ নিতে নির্দেশনা দেওয়া আছে।

এদিকে ইসরায়েল শুক্রবার ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক লক্ষ্যবস্তুতে নজিরবিহীন হামলা চালায়। এর পাল্টা জবাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করে।
তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের কয়েকটি ইরাকের ভূমিতে, মূলত মরুভূমি এলাকায় পতিত হয়, যাতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে ইরাকি এক কর্মকর্তা শুক্রবার জানান, জোটের সদস্যরা ওই দিনও একটি ‘বিস্ফোরক ড্রোন’ ভূপাতিত করেছিলেন।

ইরাকের বাগদাদ সরকার তেহরানের ঘনিষ্ঠ মিত্র হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের কৌশলগত অংশীদারি রয়েছে। আইএসবিরোধী জোটের অংশ হিসেবে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ইরাকে মোতায়েন রয়েছে।
বাগদাদ ও ওয়াশিংটন জোটের সেনা প্রত্যাহার নিয়ে একটি সময়সূচি নির্ধারণ হয়েছে। সেই অনুযায়ী, আগামী সেপ্টেম্বরের মধ্যে জোটের সেনারা আইন আল-আসাদসহ ইরাকের কেন্দ্রীয় অংশের ঘাঁটিগুলো ত্যাগ করবে এবং ২০২৬ সালের শেষ নাগাদ তারা উত্তরাঞ্চলের স্বশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকেও সরে যাবে।

এদিকে প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবোল্লাহ রবিবার যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ার করে দিয়ে বলেছে, ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ করলে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাবে। গোষ্ঠীটি এক বিবৃতিতে বলেছে, ‘ইসলামী প্রজাতন্ত্রের অন্যের সামরিক সহায়তার প্রয়োজন নেই, তাদের যথেষ্ট শক্তি ও লোকবল রয়েছে, যাতে তারা (ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন) নেতানিয়াহুকে মাটিতে মিশিয়ে দিতে পারে। আমরা যুক্তরাষ্ট্রের শত্রু বাহিনীর চলাফেরা সতর্কভাবে পর্যবেক্ষণ করছি।
যদি যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হস্তক্ষেপ করে, আমরা সরাসরি ও বিনা দ্বিধায় তাদের স্বার্থ ও ঘাঁটিগুলোর বিরুদ্ধে আঘাত করব।’

দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ হাজি

হজপালন শেষে শনিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২০ হাজার ৫০০ জন হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯২৪ জন আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ৫৭৬ জন রয়েছেন।

রবিবার হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

এতে বলা হয়েছে, এখন পর্যন্ত ৫২টি ফিরতি হজ ফ্লাইটে দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৬ হাজার ২০৭ জন, সৌদি এয়ারলাইন্সের ২০টি ফ্লাইটে ৭ হাজার ৮৭৩ জন ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৬টি ফ্লাইটে ৬ হাজার ৪২০ জন হাজি দেশে ফিরেছেন।

এদিকে চলতি বছর এখন পর্যন্ত হজে গিয়ে ২৯ বাংলাদেশি মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে ২৫ জন পুরুষ ও নারী চারজন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৯ জন ও আরাফায় ১ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এ দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। আগামী ১০ জুলাই হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট।

ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে চীন: চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি ইসরায়েল ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক ফোনালাপ করেছেন। আলোচনায় তিনি ইরানি ভূখণ্ডে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেছেন এবং একে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে উল্লেখ করেন। একইসঙ্গে তিনি ইরানের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে ফোনে কথা বলার সময় ওয়াং ই বলেন, চীন ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতার ওপর ইসরায়েলের এই হামলার নিন্দা জানাচ্ছে।
তিনি হামলাকে ‘নির্মম’ আখ্যা দিয়ে বলেন, এটি ইরানি কর্মকর্তাদের লক্ষ্য করে পরিচালিত হয়েছে।

ওয়াং ই আরও বলেন, চীন সবসময় ইরানের সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকবে এবং ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলি হামলা ‘একটি বিপজ্জনক দৃষ্টান্ত’ তৈরি করেছে যা গোটা অঞ্চলের জন্য ‘বিপর্যয়কর পরিণতি’ ডেকে আনতে পারে।

অন্যদিকে, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার-এর সঙ্গে ফোনালাপে ওয়াং ই বলেন, ‘ইরানের ওপর ইসরায়েলের বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আন্তর্জাতিক সম্প্রদায় যেখানে এখনো ইরানি পারমাণবিক ইস্যুর রাজনৈতিক সমাধানের চেষ্টা করছে, সেখানে এমন সামরিক হামলা অনভিপ্রেত।
’

ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথ এখনো শেষ হয়নি জানিয়ে তিনি বলেন ‘বলপ্রয়োগ কখনোই দীর্ঘস্থায়ী শান্তি বয়ে আনতে পারে না।’

বাত ইয়ামে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৪, নিখোঁজ অন্তত ৩৫

ইসরায়েলের বাত ইয়াম শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ৪ জন নিহত হওয়ার পাশাপাশি নিখোঁজ অন্তত ৩৫ জন—দেশটির সংবাদমাধ্যম ওয়াইনেটের বরাতে এই তথ্য দিয়েছে আল জাজিরা। তেল আবিবের দক্ষিণে অবস্থিত এই শহরে হামলার পর থেকে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে দেশটির জরুরি পরিষেবা হোম ফ্রন্ট কমান্ড।

ওয়াইনেট-এর প্রতিবেদন অনুযায়ী, হামলায় আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০০ জনে। এর মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে জরুরি সেবাদানকারী সংস্থা মাগেন ডেভিড আদম।

নিহতদের মধ্যে রয়েছে দুইটি শিশু ও দুইজন নারী। নিহত নারীদের বয়স যথাক্রমে ৬৯ ও ৮০ বছর।

এছাড়া, পৃথক এক ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের দক্ষিণের শহর রেহোভোতেও আহত হয়েছেন অন্তত ৩৭ জন। ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইরান-ইসরায়েল সংঘাতে আটকা পড়েছেন ইন্টার মিলান ফরোয়ার্ড

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেহরানে আটকা পড়েছেন ইন্টার মিলানের ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। ফলে ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুতে দলের সঙ্গে থাকতে পারছেন না তিনি। শনিবার (১৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ক্লাবটি।

৩২ বছর বয়সী তারেমি গত সপ্তাহে ইরানের জাতীয় দলের হয়ে খেলতে নিজ দেশে ছিলেন।
বিশ্বকাপ বাছাইপর্বে উত্তর কোরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোলও করেন তিনি। কিন্তু আন্তর্জাতিক দায়িত্ব শেষ করে ফেরার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি।

ইন্টারের এক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেন, ‘তারেমি এখনো তেহরানে আছেন। চলমান সংঘাতের কারণে ফ্লাইট পাওয়া যাচ্ছে না।
’

মঙ্গলবার পাসাডেনার রোজ বোলে মেক্সিকান ক্লাব মোন্তেরের বিপক্ষে ক্লাব বিশ্বকাপ অভিযানের সূচনা করবে ইন্টার। এ ম্যাচ দিয়েই নতুন কোচ ক্রিশিয়ান চিভুর যাত্রা শুরু হচ্ছে। সদ্য বিদায়ী কোচ সিমোনে ইনজাগির জায়গায় দায়িত্ব নিয়েছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর সরে দাঁড়ান ইনজাগি।

ড্রয়ে শুরু ক্লাব বিশ্বকাপ, পেনাল্টি ঠেকিয়ে নায়ক আর্জেন্টাইন গোলরক্ষক

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে জমকালো আয়োজনে পর্দা উঠল ২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপের। আজ ভোরে (১৫ জুন) উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল স্বাগতিক ক্লাব ইন্টার মায়ামি ও আফ্রিকার চ্যাম্পিয়ন আল আহলি। দুই দলের লড়াই জমজমাট হলেও শেষ পর্যন্ত গোলশূন্য সমতায় শেষ হয় ম্যাচটি। আলো ছড়িয়েছেন দুই গোলকিপার—ইন্টার মায়ামির অস্কার উসতারি ও আল-আহলির মোহাম্মদ এল শেনাওয়ি।

প্রথমার্ধের শেষ দিকে (৪৩তম মিনিটে) ঘটে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। মায়ামির খেলোয়াড় তেলাস্কো সেগোভিয়া বক্সে আল আহলির বদলি খেলোয়াড় জিজোকে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। রিপ্লেতে ঘটনাটি কিছুটা বিতর্কিত মনে হলেও রেফারির সিদ্ধান্ত বদলায়নি। স্পট কিক নিতে আসেন অভিজ্ঞ ফরোয়ার্ড ত্রেজেগে।
তিনি ধোঁকা দিতে চেয়েছিলেন আর্জেন্টাইন গোলকিপার অস্কার উসতারিকে। বাঁ দিকে লক্ষ্য করে শট নেন তিনি, কিন্তু অভিজ্ঞ উস্তারি বাঁ দিকে ঝাঁপিয়ে অসাধারণ এক সেভে মায়ামিকে পিছিয়ে পড়া থেকে রক্ষা করেন।

অন্যদিকে লিওনেল মেসি মাঝে মধ্যে হুমকি হয়ে উঠলেও আল আহলির রক্ষণ ভেঙে তার প্রভাব বিস্তার করাটা বেশ কঠিন হয়ে পড়ে। তবে ম্যাচের শেষদিকে ফাফা পিকল্টের হেডে মেসির একটি পাস থেকে গোল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
কিন্তু আল আহলির অধিনায়ক ও গোলরক্ষক মোহাম্মদ এল শেনাওয়ি দারুণ সেভ করে দলকে রক্ষা করেন।

শেষ পর্যন্ত উস্তারি ও এল শেনাওয়ির অসাধারণ গোলকিপিংয়ের কারণে দুই দলই ম্যাচ থেকে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ইন্টার মায়ামি ০, আল আহলি ০। ম্যাচসেরার পুরস্কার উঠেছে উসতারির হাতে।

ইরানের হামলায় ৮ ইসরায়েলি নিহত

ইসরায়েলে রবিবার রাতভর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে একজন শিশু রয়েছে। আহত হয়েছেন আরো ১০০ জনের মতো। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছেন ৩৫ জন। খবর সিএনএন ও টাইমস অব ইসরায়েলের।

খবরে বলা হয়, দেশটির উত্তরের তামরা শহরে শনিবার গভীর রাতে একটি ক্ষেপণাস্ত্র পড়ে চারজন নিহত হন বলে জানিয়েছে পুলিশ। এর আগে ইসরায়েলের জাতীয় জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছিল, একটি আবাসিক ভবনে আঘাত হানায় তিনজন নিহত হয়েছে। এ ছাড়া ৮ বছর বয়সী আরো এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

পুলিশ জানায়, একটি অস্ত্র সরাসরি আঘাত হানার ফলে ৪০ বছর বয়সী দুই নারী, ২০ বছর বয়সী এক নারী এবং ১৩ বছর বয়সী এক কিশোরী নিহত হয়েছেন।
এ ছাড়া একাধিক বাসিন্দা আহত হয়েছেন এবং ৩৫ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

এই হামলাগুলোর ফলে মধ্য ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ১০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।