মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ড. ইউনূসের

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঈদের নামাজ শেষে যমুনায় প্রবেশ করেন প্রধানমন্ত্রী।

সকাল সোয়া ৯টা থেকে আমন্ত্রিত অতিথিদের জন্য প্রধান ফটক খুলে দেওয়া হয়। এতে রাজনীতিবিদ, কূটনীতিক ও সিনিয়র সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মিলনমেলা ঘটে। এরমধ্যে বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও অংশ নেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের সঙ্গে ফটোসেশনে অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস।

ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ঈদুল ফিতর উপলক্ষে নিজগ্রাম কক্সবাজারের পেকুয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে আজ শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি উপজেলা মাঠ পরিদর্শন করে দ্রুত সংস্কারের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঐক্যবদ্ধভাবে কাজ করলেই দেশকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। সম্প্রতি ভিয়েনায় অনুষ্ঠিত জাতিসংঘের উদ্যোগে ‘গ্লোবাল সামিট অন ফ্রড’-এর প্রসঙ্গ উল্লেখ করে মন্ত্রী বৈশ্বিক প্রতারণা মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।”

এ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনকে সরকারের গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে তুলে ধরে তিনি এর টেকসই সমাধানে আন্তর্জাতিক সহায়তা কামনা করেন। পরে তিনি পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন।

তারেক রহমানকে টেলিফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করে পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফ দুই দেশের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন।

ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) দুই নেতার মধ্যে এ টেলিফোন আলাপের খবর দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।

এক এক্স পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় বলেছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক কথোপকথনের সময় শাহবাজ শরীফ তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানান।

তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে তারেক রহমানকে আশ্বস্ত করেন, সব ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে পাকিস্তান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ।

এক্স পোস্টে বলা হয়, উভয় নেতা দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা মতপার্থক্য ও বিরোধ নিরসনে সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন।

শাহবাজ শরীফের ঈদের শুভেচ্ছার প্রতিউত্তরে তারেক রহমান পাকিস্তানের জনগণের শুভকামনা জানান।

উভয় নেতা আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার অভিন্ন লক্ষ্য অর্জনে আগামী দিনগুলোতে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বলে এক্স পোস্টে বলা হয়।

তেলের দরে বড় পতন, নামল ১০০ ডলারে

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বিশ্ব জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা দেখা দিয়েছিল। এতে গত বৃহস্পতিবার (১৯ মার্চ) ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ১১৯ দশমিক ১৩ ডলার পর্যন্ত উঠে যায়। পরে ইরানের সঙ্গে আলোচনা করে হরমুজ প্রণালি দিয়ে কয়েকটি দেশের জাহাজ চলাচলের পথ উন্মুক্ত হওয়া, তেহরানের তেল ও গ্যাসক্ষেত্রে ইসরাইলের হামলা না করার প্রতিশ্রুতিসহ বিভিন্ন কারণে কমতে থাকে অপরিশোধিত তেলের দাম।

উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোতে হামলার পর আন্তর্জাতিক তেলের এই মানদণ্ডটি গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, যা বিশ্বের অন্যতম প্রধান উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা জাগিয়ে তোলে।

তবে শুক্রবার (২০ মার্চ) জিএমটি ১৬ টা১০মিনিট নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম কমে প্রায় ১০৯ দশমিক ৭৫ ডলারে নেমে আসে, যা আগের দিনের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে ব্রেন্ট ক্রুডের দাম ৫২ শতাংশের বেশি বেড়ে যায়। এই যুদ্ধের কারণে বিশ্ব জ্বালানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ ‘হরমুজ প্রণালি’ বন্ধ হয়ে গেছে।

ইসরাইল দক্ষিণ ইরানের পারস্য উপসাগরীয় উপকূলের আসালুয়ে তেল শোধনাগার এবং দক্ষিণ পার্স প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রের সঙ্গে যুক্ত শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে, যা ওই অঞ্চলে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

নিজেদের তেল শোধনাগার লক্ষ্যবস্তু হওয়ার পর ইরান ঘোষণা করেছে যে, তারা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোতে হামলা চালাবে। একইসঙ্গে ইরান ওই সব তেল স্থাপনা এবং এর আশেপাশের এলাকা খালি করার সতর্কতা জারি করেছে। দিনের সর্বোচ্চ দাম থেকে কিছুটা কমলেও ব্রেন্ট ক্রুড এখনও ১০০ ডলারের ওপরে রয়েছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে, এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহকে আরও অস্থিতিশীল করার ঝুঁকি তৈরি করায় ব্যবসায়ীরা এখনও উচ্চ ভূ-রাজনৈতিক ঝুঁকি বিবেচনা করেই তেলের দাম নির্ধারণ করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি।

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

সারা দেশে আজ মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হচ্ছে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার সূচি নির্ধারিত রয়েছে।

ইতোমধ্যেই শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত সম্পন্ন হয়েছে। এতে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এরপর নির্ধারিত সময়ের ব্যবধানে পরবর্তী জামাতগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

লেবাননে ইসরাইলের নতুন হামলায় নিহত ২০

লেবাননে ইসরাইলি বাহিনীর সবশেষ হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫৭ জন। লেবাননের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা ইউনিট এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবারের এই প্রাণহানির মধ্য দিয়ে গত ২ মার্চ থেকে চালানো ইসরাইলি হামলায় লেবাননে মোট নিহত মানুষের সংখ্যা বেড়ে ১ হাজার ২১ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া ইসরাইলি হামলায় দেশটিতে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৪১। আর বাস্তুচ্যুত ১ লাখ ৩৪ হাজার ৬১৬ জন মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিবন্ধিত হয়েছেন।

সূত্র: আল–জাজিরা।

চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে: মোজতবা খামেনি

পারসিয়ান নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এক বার্তায় ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংঘাতে প্রতিপক্ষ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে।

লিখিত এই বার্তায় তিনি বলেন, অভ্যন্তরীণ ঐক্যই ইরানের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে। ধর্মীয়, সাংস্কৃতিক ও রাজনৈতিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের মানুষ একটি অভিন্ন অবস্থানে এসে দাঁড়িয়েছে, যা প্রতিপক্ষের পরিকল্পনাকে ব্যর্থ করে দিচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, শত্রুপক্ষের ধারণা ছিল—টানা হামলার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে অবস্থান নেবে। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখিয়েছে। বরং এই পরিস্থিতি জনগণের মধ্যে ঐক্য আরও দৃঢ় করেছে।

খামেনি বলেন, যুদ্ধের শুরুতে শীর্ষ নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে ভয় ও অস্থিরতা তৈরি করার কৌশল নেওয়া হয়েছিল। এর মাধ্যমে রাষ্ট্রকে দুর্বল করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল বলে তিনি দাবি করেন।

তবে তার ভাষ্য অনুযায়ী, এই কৌশল উল্টো ফল দিয়েছে। আক্রমণের মুখে দেশের ভেতরে সংহতি বেড়েছে, আর প্রতিপক্ষের ভেতরেই মতপার্থক্য ও বিভাজন স্পষ্ট হয়েছে।

উল্লেখ্য, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণের পর এখনো প্রকাশ্যে উপস্থিত হননি মোজতবা খামেনি; তার এই বার্তাটি লিখিত আকারেই প্রকাশ করা হয়েছে।

একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেন তাঁরা।

ঈদের প্রধান জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে শুরু হয় খুতবা।
পরে মুসল্লিরা দুনিয়া-আখেরাত এবং দেশ-জনগণের উন্নতি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এর আগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নামে। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নামাজ আদায় কর‌তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার মধ্য দি‌য়ে দুই ঘণ্টা আগে থে‌কেই ঈদগাহ ময়দানে প্রবেশ করতে থাকেন মুসল্লিরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে দি‌য়ে দীর্ঘ সারি প্রবেশ করেন তারা।

অন্যদি‌কে মৎস্যভবন, ঢাকা বিশ্ব‌বিদ্যালয় প্রা‌ন্তেও সারিতে দাঁড়ি‌য়ে ঈদগাহ ময়দানে প্রবেশ কর‌তে দেখা যায় মুসল্লিদের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)-এর ব্যবস্থাপনায় ঈদ জামাতের জন্য প্রস্তুত করা হয় জাতীয় ঈদগাহ মাঠ। জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থার পাশাপাশি জাতীয় ঈদগাহ ময়দানে এবারও অতি গুরুত্বপূর্ণ বা ভিআইপি ব্যক্তিদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়।

নারীদের জন্য আলাদা প্রবেশপথ, অযু ও নামাজের সংরক্ষিত ব্যবস্থা ছিল।
এছাড়া পর্যাপ্ত অযুখানাসহ মুসল্লিদের জন্য মেডিকেল টিমের সুবিধা নিশ্চিত করা হয়। সব মিলিয়ে সাড়ে তিন হাজার নারীসহ ঈদগাহ ময়দানে মোট ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়।

ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জামায়াত আমিরের

নিজ নির্বাচনী আসন ঢাকা-১৫-এ ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

‎শনিবার (২১ মার্চ) সকাল ৮টায় মিরপুর ৬০ ফিট সংলগ্ন মনিপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠের ঈদ জামাতে অংশ নেন তিনি।

এসময় তিনি হিংসা-বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে এ সময় আহ্বান জানান। দেশ গঠনে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বানও জানালেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, দুনিয়া ও আখিরাতের জন্য জীবন গঠন করতে হবে। তবেই আল্লাহর সন্তুষ্টি অর্জন সম্ভব।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেছেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর মানুষের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

শুক্রবার এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান। পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে দেওয়া এই বাণীতে প্রধানমন্ত্রী রমজান মাসের শিক্ষা ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলনের ওপর গুরুত্বারোপ করেন।

সরকারপ্রধান বলেন, রমজান মাস সংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা মানুষকে আত্মসংযমী হতে শেখায় এবং অন্যের কষ্ট অনুভব করার মানসিকতা তৈরি করে। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।

তিনি আরও বলেন, রমজানের শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হলেই ঈদের প্রকৃত তাৎপর্য অর্জিত হয়। ঈদ ধনী-গরিব, ছোট-বড় সব ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।

প্রধানমন্ত্রী বলেছেন, এই আনন্দের দিনে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের দায়িত্ব। তিনি জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সংহতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি দেশবাসীকে মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

মহান আল্লাহর কাছে প্রার্থনা করে প্রধানমন্ত্রী বলেন, তিনি যেন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত করেন এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।