জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটার এলাকা পরিবর্তন করেছেন। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন।
আজ সোমবার বিকেলে এনসিপির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভোটার নিবন্ধন পরিবর্তনে ফরম-১৩ এর মাধ্যমে নির্বাচন কমিশনে আবেদন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাইয়ের পর কমিশন ভোটার এলাকা পরিবর্তনের আবেদন অনুমোদন করে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এক ভোটার এলাকা থেকে অন্য এলাকায় ভোটার নিবন্ধন স্থানান্তরের জন্য ফরম-১৩ এর মাধ্যমে আবেদন করতে হয়।
এনসিপির এক জ্যেষ্ঠ নেতা ডেইলি স্টারকে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী পরবর্তী ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হবেন।
এর আগে ফেব্রুয়ারিতে এনসিপি ডিএসসিসি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এবং ডিএনসিসির জন্য সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে নির্বাচিত করেছিল।
এ বিষয়ে জানতে চাইলে ওই জ্যেষ্ঠ নেতা বলেন, বিষয়টি আমাদের পরবর্তী বৈঠকে আলোচনা করা হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৫৪ হাজার ১২৭ ভোট পান। ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে আসনটিতে জয়ী হন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ছিল ৫ হাজার ২৩৯।
