বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

ইন্টারকে রুখে দেওয়া ম্যাচে নায়ক সার্জিও রামোস

ফিফা ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে ১-১ গোলের ড্র করেছে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলান। পাসাডেনার রোজ বোল স্টেডিয়ামে ৪০ হাজার দর্শকের সামনে রুদ্ধশ্বাস ম্যাচে মন্টেরের হয়ে গোল করেন অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস, আর ইন্টারকে সমতায় ফেরান আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্তিনেস।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলের লজ্জাজনক হারের পর এই ম্যাচ ছিল ইন্টারের জন্য আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ। কিন্তু বলের দখল ও মাঠের নিয়ন্ত্রণে আধিপত্য রাখলেও গোলের সুযোগ কাজে লাগাতে না পারায় জয় হাতছাড়া হয় তাদের।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইন্টার। অষ্টম মিনিটে বেঞ্জামিন পাভার্ডের শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। ২২ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিলেন মাত্তেও দার্মিয়ান, কিন্তু তিনিও লক্ষ্যভ্রষ্ট শট নেন।

তবে আক্রমণের বিপরীতে গোল পেয়ে যায় মন্তেরেই।
ম্যাচের ২৫ মিনিটে অলিভার তোরেসের কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন ৩৯ বছর বয়সী রামোস। ইন্টার ডিফেন্ডার আচেরবিকে ফাঁকি দিয়ে ছয় গজ বক্স থেকে নিচু হেডে বল পাঠান জালে।

রামোসের এই গোল ছিল ক্লাব বিশ্বকাপে তার চতুর্থ। এর আগে তিনটি গোল করেছিলেন রিয়ালের হয়ে।
এই টুর্নামেন্টে বেশি বয়সে গোল করার রেকর্ডও এখন তার দখলে।

৪২তম মিনিটে সমতায় ফেরে ইন্টার। ২৫ গজ দূর থেকে শট নেওয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে কল্পনাতীত এক চিপ পাস বাড়ান আলবেনিয়ান মিডফিল্ডার ক্রিস্তিয়ান আসলানি। বলের পেছনে দৌড়ে গিয়ে কার্লোস অগাস্তু দারুণভাবে বল বাড়ান মার্তিনেসকে, সহজেই জাল খুঁজে নেন এই আর্জেন্টাইন।

৬৪ মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যেতে পারত মন্তেরেই।

কিন্তু সার্জিও কানালেসের নিচু শটটি পোস্টে লেগে ফিরে আসে। কিছুক্ষণ পরেই মার্তিনেস গোল করলেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ম্যাচের শেষ দিকে মন্তেরের নেলসন ডেওসার সুযোগও ব্যর্থতায় শেষ হয়। শেষ পর্যন্ত উভয় দলকেই একটি পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।

আরো তীব্র হলো রাশমিকা-বিজয়ের প্রেমের গুঞ্জন

দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন যেন থামছেই না। এই দুই জনপ্রিয় তারকা তাদের সম্পর্ক নিয়ে এখনো স্পষ্ট করে কিছু বলেননি, কিন্তু ভক্তরা তাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট, ছুটির গন্তব্যের মিল ও একসঙ্গে দেখা যাওয়া থেকে নানা ইঙ্গিত খুঁজে চলেছেন। সর্বশেষ, মুম্বাই বিমানবন্দরে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এই প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে, তারা বিমানবন্দর ত্যাগ করে একই গাড়িতে উঠছেন।
দুজনই পেছনের আসনে মুখে মাস্ক পরে ছিলেন। যদিও তারা নজর এড়ানোর চেষ্টা করছিলেন, তবে একসঙ্গে গাড়ি শেয়ার করে নেওয়ার বিষয়টি তাদের সম্পর্ক নিয়ে আলোচনাকে আবারও জোরালো করেছে।

গত এক বছরে অনুরাগীরা তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে অনেক মিল খুঁজে পেয়েছেন—একই রকম ভ্যাকেশন লোকেশন, রাশমিকার বিজয়ের বাড়ির বাইরে প্রায়ই দেখা যাওয়া ইত্যাদি। যদিও তারা মুখে কিছুই বলেননি, তবুও ভক্তদের ধারণা, তাদের মধ্যে শুধুই বন্ধুত্বের সম্পর্ক নেই।

রাশমিকা মান্দানা বর্তমানে আয়ুষ্মান খুরানার বিপরীতে থামা ছবির শুটিংয়ে ব্যস্ত, যা ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে। এই ছবিতে আরো আছেন পরেশ রাওয়াল ও নওয়াজউদ্দিন সিদ্দিকী। এছাড়াও তিনি নাগার্জুনা ও ধানুশের সঙ্গে কুবেরা ছবিতে অভিনয় করছেন এবং পুষ্পা ৩-তে তার জনপ্রিয় চরিত্র শ্রীভল্লী রূপে আবার ফিরছেন।

বিজয় দেবেরাকোন্ডা বর্তমানে গোতম তিন্নানুরি পরিচালিত স্পাই থ্রিলার কিংডম-এর মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন, যা ৪ জুলাই মুক্তি পাবে।
তিনি রবি কিরণ কোলার এসভিসি ৫৯ এবং ব্রিটিশ শাসনামলে ভিত্তিক পিরিয়ড ড্রামা ভিডি১৪-তেও অভিনয় করছেন, যেটির পরিচালক রাহুল সংকৃত্যায়ন।

নির্বাচনের তারিখ হলেই দেশে ফিরবেন তারেক রহমান, গুলশানের বাড়ি প্রস্তুত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে বাধা নেই, সম্প্রতি এমন তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের একান্ত বৈঠকও হয়েছে। এর পর থেকে বিএনপি নেতাকর্মীসহ সবার আগ্রহ কবে দেশে ফিরছেন তারেক রহমান।

বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

দেশে ফিরে মা খালেদা জিয়ার গুলশানের নিজ বাড়িতে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কার করে বাড়িটি বসবাসের উপযোগী করা হয়েছে। গুলশান-২ নম্বরের এভিনিউ রোডের ১৯৬ নম্বর এই বাড়িটি খালেদা জিয়ার ভাড়া বাসভবন ফিরোজার কাছেই।

খালেদা জিয়ার পারিবারিক সূত্র জানায়, দেড় বিঘা জমির ওপর এই ডুপ্লেক্স বাড়িটির নামজারির কাগজ কয়েক দিন আগে অন্তর্বর্তী সরকার তাঁর হাতে তুলে দেন।
বাড়িটি আগে ভাড়ায় ব্যবহার করত মাল্টিন্যাশনাল কম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, ছয় মাস আগে বাড়িটি এই কম্পানি ছেড়ে দিয়েছে। এরপর এটি তারেক রহমানের থাকার উপযোগী করে প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে।

এই বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু কালের কণ্ঠকে বলেন, তারেক রহমান দেশে ফিরলে অবশ্যই তাঁর থাকার মতো উপযুক্ত বাড়িতে থাকবেন।
দেশে ফেরার তারিখ ঘনিয়ে এলে তাঁর বাসস্থানের বিষয়ে দল ও পরিবারের উদ্যোগ দৃশ্যমান হবে।’

১৯৮১ সালের ৩১ মে রাষ্ট্রপতি থাকা অবস্থায় জিয়াউর রহমানের মৃত্যুর পর তাঁর স্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর গুলশান এলাকায় দেড় বিঘা জমির ওপর অবস্থিত এই বাড়ি বরাদ্দ দেওয়া হয়। এর বাইরে ঢাকা সেনানিবাসের ভেতরও আরেকটি বাড়ি খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে বিগত আওয়ামী লীগ সরকার সেনানিবাসের বাড়িটির বরাদ্দ অন্যায়ভাবে বাতিল করে।

দলীয় সূত্রে জানা গেছে, বাড়ির ভেতরটাও অত্যন্ত নান্দনিকভাবে সাজানো হয়েছে।
কয়েক মাস ধরে এই সাজানোর কাজ চলেছে। তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও লন্ডনে যাওয়ার আগে বাড়িটি দেখে গেছেন।

দলের বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা নিশ্চিত করেছেন, বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসের কাছে একটি নতুন রাজনৈতিক অফিস তাঁর জন্য ভাড়া করা হচ্ছে, যা তারেক রহমান দলের পরবর্তী নির্বাচন সম্পর্কিত কার্যক্রম পরিচালনা করার জন্য ব্যবহার করবেন। ওয়ান-ইলেভেন সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। পরের বছর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তিনি। তখন থেকেই তিনি লন্ডনে অবস্থান করছেন। লন্ডনে থাকাকালে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যাওয়ার পর দলের গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন ‘সিনিয়র ভাইস চেয়ারম্যান’ তারেক রহমান। এরপর সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি।

বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তারেক রহমানের অনুপস্থিতিতে পাঁচ মামলায় তাঁকে সাজা দেওয়া হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে একে একে সাজাপ্রাপ্ত সব মামলায় খালাস পান তিনি। একই প্রক্রিয়ায় অন্য সব মামলা থেকেও মুক্ত হন। বর্তমানে তাঁর বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই বলে কয়েক দিন আগে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও জানিয়েছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই দেশে ফিরবেন।

ইরান-ইসরায়েল সংঘাত: বুধবার সকাল পর্যন্ত যা যা হলো

ইসরায়েল ও ইরানের সরাসরি সংঘর্ষের মাঝেই শুরু হয়েছে নতুন এক যুদ্ধ—‘ডিজিটাল যুদ্ধ’। এই যুদ্ধে মুখোমুখি হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের দৃঢ় প্রতীক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। গত ২৪ ঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে উদ্দেশ করে সরাসরি আক্রমণ করেছেন দুইজনই।

ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় খামেনিকে হুঁশিয়ার করে বলেন, ‘নিঃশর্ত আত্মসমর্পণ করো! আমরা ইরানের আকাশসীমা পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছি।
আমরা জানি তিনি কোথায় লুকিয়ে আছেন। তাকে এখনই হত্যা করা হবে না।’ ট্রাম্প আরো বলেন, ‘আমাদের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে।’ এরপর বলেন, ‘শর্তহীন আত্মসমর্পণ করো!

এই মন্তব্যগুলো সরাসরি যুদ্ধের হুমকি হিসেবে দেখা হচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে।
এরই জবাবে পাল্টা কড়া প্রতিক্রিয়া জানিয়ে খামেনি সামাজিক যোগাযোগমাধ্যম (এক্স)-এ একাধিক ভাষায় ধারাবাহিক পোস্ট দেন। তিনি বলেন, ‘আমরা জায়নিস্টদের সঙ্গে কখনো আপস করবো না। কোনো দয়া দেখানো হবে না।’ একটি পোস্টে তিনি সোজাসুজি লেখেন, ‘যুদ্ধ শুরু হলো।
’

এদিকে আজ সকাল পর্যন্ত সংঘাতের সর্বশেষ পরিস্থিতি

► বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ- ৩৫ বিমান ঘাঁটি ছেড়ে গেছে বলে জানা গেছে। ফলে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের যোগ দেয়ার সম্ভাবনা বেড়েছে।

► ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম বেশ কিছু ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ-এর সদরদপ্তরে আগুন জ্বলছে। ইরানের রেভ্যলুউশনারি গার্ডকে উদ্ধৃত করে সংবাদ সংস্থাটি বলছে, ইরানের ক্ষেপণাস্ত্রে আক্রান্ত মোসাদ।

► গত রাতে ইরানের আরো একজন সিনিয়র সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ। আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী শাদমানি।

► ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সা’র বলেছেন ইরানের সরকার পরিবর্তন করা ইসরায়েলের সামরিক অভিযানের উদ্দেশ্য নয়। তাদের লক্ষ্য ইরানের পরমাণু কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির ব্যাপক ক্ষতিসাধন করা।

► মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান বা এইচআরএএনএ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৫০ জনের বেশি মানুষ নিহত হয়েছে ইরানে। নিহতদের মধ্যে ২২৪ জন বেসামরিক নাগরিক বলেও সংস্থাটি জানিয়েছে।

► জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা বলছে, তারা ইরানের নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ভূগর্ভস্থ অংশে ‘সরাসরি প্রভাব’ পড়ার লক্ষণ দেখতে পাচ্ছে। তবে ইসফাহান পরমাণু কেন্দ্র বা ভূগর্ভস্থ ফর্দো সমৃদ্ধকরণ প্ল্যান্টে কোনো পরিবর্তন তাদের নজরে আসেনি।

► ইরানের ফারস নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইসরায়েলের মেরন বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত।

► ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা ৫০ টির বেশি যুদ্ধবিমান দিয়ে ইরানে হামলা চালিয়েছে।

ইসরায়েলের জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত তিনদিন বন্ধ থাকবে।

► ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বলছে, তারা গত রাতে ইসরায়েলের দিকে ‘হাইপারসনিক’ ক্ষেপণাস্ত্র ফাত্তাহ-১ নিক্ষেপ করেছে।

► ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, ‘ইরান কখনোই জায়নবাদীদের (ইসরায়েল) সঙ্গে আপস করবে না।

সূত্র : বিবিসি

২ বছর পর শান্তর সেঞ্চুরি

প্রথম দেখায় বাজিমাত করলেন নাজমুল হোসেন শান্ত। শ্রীলঙ্কায় টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলেও গলে কখনো খেলেননি তিনি। প্রথমবার খেলতে নামার আগে তাই পাল্লেকেলেতে খেলা দুই টেস্টের স্মৃতি হাতরালেন তিনি।

ওষুধটা বেশ কাজও করল।
গলে খেলতে নেমেই যে দুর্দান্তে এক সেঞ্চুরি হাঁকিয়েছেন শান্ত। সর্বশেষ ২০২৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেন বাংলাদেশের অধিনায়ক। দুই বছরের অপেক্ষাটা ফুরালেন শ্রীলঙ্কানদের বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষেই ২০২১ সালে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন বাঁহাতি ওপেনার।
পাল্লেকেলেতে করা ১৬৩ রানের ইনিংসটি আবার তার ক্যারিয়ারসেরা।

ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির উদযাপনটাও ছিল দেখার মতো। কেননা প্রবাত জয়াসুরিয়ার বলে প্যাডেল করে যখন ছুটছিলেন শান্ত তখন তার থেকে বেশি উচ্ছ্বাস করতে দেখা যায় মুশফিককে। সতীর্থর শেষ হলে অবশ্য নিজের ট্রেডমার্ক উদযাপন করেন শান্তও।
তাতে অবশ্য একটু বিপদের মুখোমুখি পড়তে হয়েছিল তাকে। তবে লাফ দেওয়ায় বেঁচে যান তিনি।

২ রান সম্পন্ন হওয়ার পর সেঞ্চুরি উদযাপন করতে শূন্যে লাফ দেন শান্ত। কিন্তু তার উদযাপন শেষ হওয়ার সময়ই শ্রীলঙ্কার একজন ফিল্ডার থ্রো করলে তার শরীর বরাবর আসে। তা থেকে বাঁচতেই পরে আরেকবার শূন্যে লাফ তিনি।
তা দেখে তিনি ও শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস একচোট হেসেও নেন। পরে সেজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়াও আদায় করেন বাংলাদেশের অধিনায়ক।

শান্তর মতো সেঞ্চুরির পথে আছেন মুশফিকও। প্রতিবেদন লেখা পর্যন্ত ৯২ রানে অপরাজিত আছেন তিনি। অন্যদিকে শান্তর নামের পাশে ১০৪ রান জ্বলজ্বল করছে। সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন ১ ছক্কার বিপরীতে ১১ চারে। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছেদ্য জুটি দাঁড়িয়েছে ২০২ রানে। আর দলীয় স্কোর ৩ উইকেটে ২৪৭।

এস আলমের ২০০ একর জমি জব্দের আদেশ

ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ১৮০ কোটি ৬১ লাখ টাকা মূল্যের ২০০ একর জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, দুদকের উপপরিচালক তাহাসিন মুনাবীল হক এ আবেদন করা হয়।
শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। আবেদনে বলা হয়েছে, মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানিলন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য টিম গঠন করা হয়েছে। সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টরা বিভিন্ন ব্যাংক থেকে নামে বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নিয়ে তা আত্মসাৎপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি ও তার স্বার্থসংশ্লিষ্টদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্থান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর হয়ে গেলে পরবর্তীতে তা উদ্ধার করা দুরূহ হয়ে পড়বে। তাই মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা এসব সম্পদ জব্দের আদেশ দেওয়া প্রয়োজন।

এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত।
গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন আদালত। গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা। গত ২৩ ফেব্রুয়ারি তাদের আট হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত।

গত ১০ মার্চ এস আলমের এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত।
গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেওয়া হয়েছে। একইদিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪ টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। গত ১৭ এপ্রিল এস আলমের এক হাজার ৩৬০ টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। গত ২৩ এপ্রিল তার ৪০৭ কোটি টাকা মূল্যের ১৫৯ একর জমি জব্দের আদেশ দেন আদালত। গত ২৭ এপ্রিল সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ৫৫৯ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের এক হাজার ১৪ বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত।

চট্টগ্রামে ১৩ দিনে ৩৮ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন আরো ১০ জন। এরমধ্যে পুরুষ ৫ জন ও নারী ৫ জন। মঙ্গলবার (১৭ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে প্রথমবার করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গত ১৩ দিনে ৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।
এরমধ্যে গত দুইদিন ১০ জন করে করোনা আক্রান্ত হন।

আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত করোনা সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৮টি হাসপাতাল ও ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে ১০ জনের করোনা শনাক্ত হয়। এই পর্যন্ত মোট আক্রান্তের মধ্যে শিশু ১, পুরুষ ১৮ ও নারী ১৯ জন রয়েছেন।

এর আগে গত সোমবার চট্টগ্রামে শফিউল ইসলাম নামে ৭৫ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা গেছে, যা চট্টগ্রামে চলতিবছর করোনা ক্রান্ত প্রথম মৃত্যু। ওই দিন চট্টগ্রামে ১০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের গত ৪ জুন চট্টগ্রামে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত কয়েকদিনের মধ্যে করোনাভাইরাস আক্রান্ত বেড়েছে।
তবে আক্রান্তদের মধ্যে বেশিরভাগ বাসায় চিকিৎসা নিচ্ছেন।

প্রিয় মানুষ হারালেন প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার পরিবারে ঘটল অঘটন। নিজের খুব কাছের এক আত্মীয়কে হারিয়েছেন তিনি। সুদূর আমেরিকা থেকেই সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রিয়াঙ্কার মর্মস্পর্শী পোস্ট দেখে তার অনুরাগীরাও সমব্যথী হয়েছেন।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘তুমি সব সময় আমাদের মনে থেকে যাবে। এবার শান্তিতে বিশ্রাম নাও রমণ পিশেমশাই। ওম শান্তি।’ রমণ হান্দা সম্পর্কে প্রিয়াঙ্কার ফুফা।
এই শোকবার্তায় প্রিয়াঙ্কা তার ফুফাতো বোন মানারা চোপড়া এবং ফুফু কামিনী চোপড়াকেও ট্যাগ করেছেন।

‘বিগবস ১৭’ খ্যাত মানারা চোপড়ার বাবা রমণ হান্দা সোমবার (১৭ জুন) মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭২ বছর। মানারার পরিবারের পক্ষ থেকেই একটি পোস্টের মাধ্যমে রমণ হান্দার মৃত্যুর খবর প্রকাশ করা হয়।
সেই পোস্টে লেখা হয়, ‘গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের বাবা পরলোক গমন করেছেন। আমাদের পরিবারের শক্তির স্তম্ভ ছিলেন তিনি।’

সোমবার বাবার মৃত্যুর খবর জানতে পেরেই কান্নায় ভেঙে পড়েন মানারা চোপড়া এবং দ্রুত মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন। মুম্বাই বিমানবন্দরে ছবি শিকারিদের ক্যামেরায় তার সেই মুহূর্ত ধরা পড়ে। সেসময় তার সঙ্গে ছিলেন মানারার বোন মিতালি।

প্রসঙ্গত, ‘বিগবস’ অনুষ্ঠানেই জানা গিয়েছিল যে, প্রিয়াঙ্কার সঙ্গে মানারার সম্পর্ক ভালো হলেও পরিণীতি চোপড়ার সঙ্গে তার সম্পর্ক খুব একটা মধুর নয়। এমনকি পরিণীতির সঙ্গে তার চেহারায় মিল রয়েছে বলাতেও আপত্তি জানিয়েছিলেন মানারা। এই শোকের মুহূর্তেও দুই বোনের সম্পর্কের টানাপোড়েন কিছুটা হলেও আলোচনায় এসেছে।

অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা

ঢাকায় ভিসা প্রসেসিং কার্যক্রম ফের শুরু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল মঙ্গলবার (১৭ জুন) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই ধন্যবাদ জানান।

এ সময় হাইকমিশনার বলেন, ‘ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। বর্তমানে ৬৫ হাজারের বেশি বাংলাদেশি অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং অতিরিক্ত ১৪ হাজার শিক্ষার্থী রয়েছে।
’

বৈঠকে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা, নির্বাচন প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য বিস্তার এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার সরকারের সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে বলেন, ‘বিশৃঙ্খল সময়ের পর আমরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, “আমাদের ফোকাস রয়েছে—সাংবিধানিক, বিচারিক ও প্রশাসনিক সংস্কারে। এগুলো একটি শক্তিশালী বাংলাদেশ গড়ার ভিত্তি।
আমরা একটি মসৃণ ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আগামী মাসে আমরা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ তৈরি করব।”

আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়েও কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ‘কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো জনগণ, বিশেষত প্রথমবারের ভোটাররা অবাধে তাদের ভোট দেওয়ার সত্যিকারের সুযোগ পাবেন।’

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি বিশ্বাস করি, এটি একটি উৎসবমুখর ও আশাব্যঞ্জক মুহূর্ত হবে।
’

নির্বাচনী সহায়তার বিষয়ে রাইল জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া ২০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে।

বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের বিষয়ে রাইল বলেন, ‘আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে পৌঁছেছে, যা গত পাঁচ বছরে বার্ষিক গড়ে ১৬ দশমিক ২ শতাংশ হারে বাড়ছে।’

হাইকমিশনার রাইল অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী এবং প্রবাসীদের অবদানের কথাও তুলে ধরেন।

তিনি আরো বলেন, ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস তিন হাজারেরও বেশি বাংলাদেশি অ্যালামনাইদের একটি নেটওয়ার্ক তৈরি করেছে— যারা বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

জবাবে ড. ইউনূস বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বৃত্তির সংখ্যা বাড়াতে অস্ট্রেলিয়াকে উৎসাহিত করার আহ্বান জানান।

রোহিঙ্গা ইস্যু তুলে ধরে অধ্যাপক ইউনূস বাংলাদেশে বসবাসরত ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা বাড়াতে অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানান।

রাইল অস্ট্রেলিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘অস্ট্রেলিয়া সম্প্রতি মূল অংশীদারদের মাধ্যমে অতিরিক্ত ৯ দশমিক ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার মানবিক সহায়তা দিয়েছে এবং এর ফলে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ২০১৭ সাল থেকে বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোট সহায়তা ৫৫৩ দশমিক ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে উন্নিত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘মায়ানমারের পরিস্থিতি অনুকূল হলে নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে রোহিঙ্গা জনগণের প্রত্যাশা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে।’

হাইকমিশনার রাইল বাংলাদেশে তার নতুন পদায়ন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, ‘এখানে আসতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের স্পন্দনশীল সংস্কৃতি এবং গতিশীল রাজনৈতিক দৃশ্যপটের প্রশংসা করে আসছি।’

বৈঠকে সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম উপস্থিত ছিলেন।

মোসাদের অভিযান পরিকল্পনাকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দাকেন্দ্র ও মোসাদের অপারেশন পরিকল্পনাকেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার (১৭ জুন) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি করেছে আইআরজিসি।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছিল, ইসরায়েলের মধ্যাঞ্চলের শহর হার্জলিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। উপকূলীয় শহরটিতে অবস্থিত একটি ‘স্পর্শকাতর’ স্থান নিশানা করা এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

‘স্পর্শকাতর’ স্থান বলতে সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থানের ইঙ্গিত দেয়। খবর আল–জাজিরার।

এদিকে গত রাতে ইরানের আরো একজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। আইডিএফ বলছে, ইরানের সামরিক বাহিনীর ওই কমান্ডারের নাম আলী সাদমানি।
সাদমানি ইরানের ‘ সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার’ এবং সর্বোচ্চ নেতা ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্যতম ঘনিষ্ঠজন।